বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী

mohoshinnনিজের বেফাঁস মন্তব্যের জন্য সিলেট প্রেস ক্লাবে এসে ক্ষমা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সিলেট প্রেস ক্লাবে এসে তিনি সাংবাদিকদের কাছে ক্ষমা চান।

সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। অনুষ্ঠানে সিলেটের সিনিয়র সাংবাদিকরা ও বিভিন্ন প্রতিনিধিত্বশীল জাতীয়, স্থানীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “‘আমার বক্তব্যের জন্য আপনারা মনোক্ষুণ্ণ হলে নিজগুণে আমাকে ক্ষমা করে দেবেন। আমি নিজেও এক সময় বাংলাদেশ টাইমসের সাংবাদিক ছিলাম। কাজেই সাংবাদিকদের সঙ্গে আমার বরাবরই সখ্যতা ছিল।”

প্রসঙ্গত, গত ৯ আগস্ট সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগীয় আদিবাসী দিবস উদযাপন কমিটির এক আলোচনা সভায় মন্ত্রী সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে গালি দিয়ে তোপের মুখে পড়েন। মন্ত্রীর এ ধরনের মন্তব্যের পর উপস্থিত সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করেন।

নোবেল বিক্রি করতে হলো বিজয়ীকে

watsonমানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে। অনেক কিছুর কারণ জানা যায়, অনেক কিছুর যায় না। সেরকমি এক ঘটনা ঘটেছে ডিএনএর আবিষ্কারক বিজ্ঞানী জেমস ওয়াটসনের ক্ষেত্রে। আবিষ্কারের জন্য পাওয়া নোবেল পুরস্কারের মেডেলটি গত সপ্তাহে নিলামে বিক্রি করে দিয়েছেন তিনি। নিজের জীবদ্দশায় নোবেল পুরস্কার বিক্রির ঘটনা এটাই প্রথম।

সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াটসন বলেন, “জীবনটা এখন এমন হয়ে গেছে যে, নিজেকে আর নিজের জায়গায় ভাবতে পারছি না।”

ওয়াটসনের এই মেডেলটি ৪.৮ মিলিয়ন ডলারে কিনে নিয়েছেন রাশিয়ার ধনাঢ্য শিল্পপতি আলিশার উসমানব। তবে মেডেলটি ফিরিয়ে দেবেন বলে জানিয়েছে রাশিয়ান এ শিল্পপতি।

তিনি বলেন, “আমার কাছে এটা খুব খারাপ লেগেছে যে, বিজ্ঞানী ওয়াটসন তার মেডেলটি বিক্রি করতে বাধ্য হয়েছেন।”

ডিএনএ আবিষ্কারের জন্য ১৯৬২ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পান জেমস ওয়াটসন, মাওরিস উইলকিনস এবং ফ্রান্সিস ক্রিক। এসময় প্রত্যেককে আলাদাভাবে গোল্ড মেডেল দেয়া হয়।

মেডেল বিক্রির প্রসঙ্গে ওয়াটসন জানান, “আমি এর অর্থের একটা অংশ দাতব্য সংস্থা  ও বৈজ্ঞানিক গবেষণায় দেবার পরিকল্পনা নিয়েছি।”

শিল্পপতি আলিশার উসমানব বলেন, “কোন নামকরা বিজ্ঞানী যখন তার পুরস্কার বিক্রি করে দেবার মতো অবস্থায় পৌঁছে যান সেটা অপ্রত্যাশিত। ওয়াটসন পৃথিবীর একজন নামকরা জীববিজ্ঞানী। ডিএনএ আবিষ্কারের জন্য পাওয়া পুরস্কারটার মালিকানা কেবলি তার।”-বিবিসি।

মোবাইলফোন এত সস্তা!

mobile bনিজের পুরনো কিংবা ভেঙে যাওয়া মোবাইলটা যখন আপনি ফেলে দেন ময়লার ঝুড়িতে, তারপর কী হয় জানেন? রান্না ঘরের জিনিসপত্রের বিনিময়ে যখন তা বদল করে নেন। কিংবা মোবাইলটি চুরি হওয়ার পর কী ঘটে এর খবর কি রাখেন?

আপনার ব্যবহার করা জিনিসটাই তার পরবর্তী নতুন মালিকের হাতে শোভা পাচ্ছে! আপনি যদি রাজধানী দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনের ফুটপাতে একবার হাঁটতে যান তাহলে পেয়ে যেতে পারেন ফেলে দেয়া মোবাইলটি। নোকিয়া, স্যামসাং, এইচটিসি, সনি, মাইক্রোম্যাক্স, সিম্পনি এমনকি আইফোনের জম-জমাট ব্যবসা চলে সেখানে। কোনো ধরনের প্রশিক্ষণ না থাকলেও হকাররা ভাঙা কিংবা পুরোনো মোবাইলের যন্ত্রাংশ এক মোবাইল থেকে অন্য মোবাইলে ঢুকিয়ে সচল করে  বিক্রি করছে।

ফুটপাতের অর্ধ-কিলোমিটার এলাকাজুড়ে তাদের এই বাণিজ্যের পসরা। কেবল মোবাইল নয় চাইলেই পেতে পারেন, ব্যাটারি, চার্জার, হ্যাডফোন, মোবাইল কভার এবং মোবাইল কেসও।

হকাররা জানান, যে কেউ চাইলে সেখানে তার মোবাইল কিংবা অন্য কোনো জিনিসপত্র সেখানে বিক্রি করতে পারবেন। চুরি করা মোবাইলের একটা বিশাল সংগ্রহও এখানে রয়েছে।

কম দামের এসব মোবাইলের পসরা স্বল্প আয়ের মানুষদের সহজে আকৃষ্ট করে। ১০০ টাকা থেকে শুরু কিরে মান অনুযায়ী বিভিন্ন দামের মোবাইল মিলবে সেখানে। কিছু স্মার্ট ফোনও পাবেন সেখানে তবে সেগুলোর দাম বেশি।

ব্যবসায়ীরা জানান, বেগম বাজারের ইলেকট্রনিকস বর্জ্যের সমাহার থেকে তারা অধিকাংশ পুরনো মোবাইল কিনেন।বিভিন্ন উৎস থেকে বেগম বাজারের ব্যবসায়ীরা এ পুরোনো মোবাইল পেয়ে থাকেন। যেমন-রান্নাঘরের জিনিসপত্রের বিনিময়ে তারা পুরোনো মোবাইল কিনেন।

পুরান ঢাকার মোবাইল ব্যবসায়ী ইউনূস বলেন, “আমরা পুরাতন মোবাইলফোন কেনার ক্ষেত্রে তা সচল আছে কিনা দেখি।”

এক বছর আগে মুন্সীগঞ্জ থেকে এ ব্যবসা শুরু করেন ইউনূস। তিনি বলেন, “পুরনো ও ভাঙা মোবাইলের ডিসপ্লে, ব্যাটারি, মাইক, স্পিকার পুনরায় অন্য মোবাইলে ব্যবহার করা যায়। কিছু ক্ষেত্রে আমার এক মোবাইলের যন্ত্রাংশ অপর মোবাইলে বসিয়ে তা বিক্রি করার উপযোগী করে তুলি।”

প্রশিক্ষণের কোনো অভিজ্ঞতা নেই জানিয়ে ইউনূস বলেন, “কিছু ক্ষেত্রে এক মোবাইলের যন্ত্রাংশ অন্য মোবাইলে বসালেই তা ঠিক হয়ে যায়।” ভালো মোবাইলের যন্ত্রাংশ নিমতলি এলাকায় বিক্রি করা হয় বলেও জানান তিনি।

শিমুল নামের অপর এক হকার জানান, “মোবাইল কিংবা অন্য যেকোনো জিনিস কেনার আগে ক্রেতারা তা চেক করে নেবার সুযোগ পান। তবে বিক্রির ক্ষেত্রে কোনো গ্যারান্টির সুযোগ দেয়া হয় না।”

তিনি বলেন, “দুটি মোবাইল ৩০০ টাকা করে বিক্রি করা হয়েছে। আর তাতে প্রতিটিতে গড়ে লাভ ৭৫ টাকা।”

শিমুলের কয়েক ফুট ব্যবধানে কিছু ভুয়া স্মার্ট ফোন নিয়ে বসতে দেখা যায় আনোয়ার হোসেন নামের আরেক হকারকে। কী দামে বিক্রি হচ্ছে জানতে চাইলে বলেন, “আইফোন ৮,০০০ এবং এইচটিসি ৭,৫০০ টাকা। এগুলো চাইনিজ সেট। খুচরা বাজার থেকে এগুলো কিনে আনা হয়েছে।”

কিছুক্ষণ দামাদামির পর ২০০০ টাকায় একটি মোবাইল কিনেন এক কাস্টমার। তিনি জানান, “মোবাইলটিতে তার পছন্দের ফিচারগুলো রয়েছে।”

কেবল ফোন কিংবা অন্যান্য যন্ত্রাংশই নয় এছাড়া আরো পসরা সাজিয়ে বসেছেন তিনি। নতুন ও পুরাতন ভিসিডি প্লেয়ার, ক্যাসেট প্লেয়ার, ক্যামেরা, রেডিও, ছোট টেলিভিশন, কম্পিউটার যন্ত্রাংশ, ইস্ত্রি, টেবিল পাখা, লাইটসহ বিভিন্ন জিনিষ বিক্রি হচ্ছে সেখানে। ক্যাসেট প্লেয়ার ১৫০ থেকে ৫০০ টাকা, স্পিকার ৪০০ থেকে ৬০০ টাকা, ছোট পাখা ২০০ টাকা, টেবিল পাখা ৮০০ থেকে ১০০০ টাকা, ব্লেন্ডার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

স্ত্রীকে সঙ্গে নিয়ে আসা আব্দুস সাত্তার দামাদামি করে একটি ক্যাসেট প্ল্যায়ার কিনলেন ১০০ টাকায়। দামাদামিতে সাত্তারকে খুশিই মনে হল। তিনি বলেন, “ক্যাসেট প্ল্যায়ারটি ভাঙা হলেও তা রেডিও হিসেবে ব্যবহার করা যাবে। একটা নতুন রেডিও কিনতে গেলে আমার অন্তত ১০০০ টাকা খরচ করতে হবে।”

নাম না প্রকাশের শর্তে আরেক বিক্রেতা জানান, “আমি ৩৫০ টাকায় ব্লেন্ডার, ৪০০ টাকায় রির্চাজেভল লাইট এবং ২০০ টাকায় পাখা কিনেছি। আর তাতে লাভ করেছি ৪০০ টাকা।”

এ ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন প্রায় ২০০ হকার। ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ব্যবসা করার জন্য ভাড়া হিসেবে ৭০ টাকা এবং বিদ্যুতের জন্য ২০ টাকা করে গুনতে হয়।”

তাদেরই একজন বলেন, “প্রশাসনের এক লোক এসে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যান।” তবে নিজের নাম প্রকাশ করতে চাননি ওই ব্যবসায়ী।–ডেইলি স্টার।

তুহিন মালিকের বিরুদ্ধে সমন

tuhin malikবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার নিয়ে কটূক্তি করার মামলায় সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিককে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে ছাত্রলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম রব্বানীর দায়ের করা মামলায় এ সমন জারি করা হয়।

সমনে আসামিকে আগামী ১৩ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ সমন জার করেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একই ব্যক্তি ঢাকার সিএমএম ড. তুহিন মালিকের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেন।

মানহানি মামলায় বাদী অভিযোগ করেন, গত ৩০ নভেম্বর ইস্ট লন্ডনের ওয়াটারলিলি গার্ডেন অডিটোরিয়ামে এক বক্তব্যে ড. তুহিন মালিক বলেছেন, ‘তারা যেভাবে সংবিধানটাকে তাদের নির্বাচনী মেনিফেস্টো এবং দলীয় মেনিফেস্টোতে তৈরি করেছে এবং সেখানে যেভাবে নাস্তিকবাদিতা এবং ধর্মহীনতার বিষয় জুড়ে দেয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে, এর তিনভাগের একভাগ অংশ প্রায় ৫২টির মতো অনুচ্ছেদ, স্পেশাল অনুচ্ছেদ, সবচেয়ে ইমপোর্ট্যান্ট অনুচ্ছেদ কিয়ামত পর্যন্ত, বাংলাদেশ যতোদিন থাকবে কেউ সংশোধন করতে পারবে না। আইন করা হয়েছে, ৭ ক অনুচ্ছেদে বলে দেয়া হয়েছে, যদি কেউ এমনটা করে কিংবা করার চেষ্টা করে কিংবা সহায়তা করে, প্রত্যেকের মৃত্যুদণ্ডতুল্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে। মানে ফাঁসি হয়ে যাবে! তা হলে কী হবে? তা হলে কী হবে? মুজিবের কাহিনী, তার পরিবারের গানা-বাজনা, এইগুলোকে যে বাতিল করতে চাইবে তাদেরও ফাঁসি হবে। তা হলে সংবিধান পরিবর্তন, যতোদিন পৃথিবী আছে হবে না। আল হামদুলিল্লাহ। আল্লাহ যা চান মানুষ সেটা হয়তো বুঝে না। একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল! কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা-কিচ্ছুই থাকবে না, ইনশাল্লাহ!’

এই বক্তব্যের কারণে বাদী গোলাম রাব্বানী ক্ষুব্ধ হয়ে মানহানি মামলাটি দায়ের করেন।

বিজয় দিবসে অফনেট ভিডিও কল সুবিধা চালু করছে রবি

robiবিজয় দিবস থেকে নিজ অপারেটরের বাইরেও অন্য অপারেটরে ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে মোবাইল অপারেটর রবি আজিয়েটা। অফনেট কল সুবিধা চালু করতে ইতিমধ্যেই এয়ারটেলের সঙ্গে একটি চুক্তি করেছে অপারেটরটি। একইসঙ্গে সেবা চালুর অনুমোদন চেয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সংশ্লিষ্ট শাখায় আবেদনও করা হয়েছে।

জানা গেছে, অনুমোদন পেয়ে আগামী ১৬ ডিসেম্বর থেকে রবি ও এয়ারটেল একযোগে পরস্পর গ্রাহকদের মধ্যে ভিডিও কল সুবিধা চালু করে তাদের উচ্চ গতির থ্রিজি নেটওয়ার্ক সুবিধার প্রমাণ দেবে।

প্রসঙ্গত, থ্রিজি সেবা চালু হলেও বর্তমানে কলদাতা ও কলগ্রহণকারী একই অপারেটরের গ্রাহক (অননেট) ছাড়া ভিডিও কলের সুযোগ পাচ্ছেন না। ভিন্ন অপারেটরের গ্রাহক হলে নিজেদের মধ্যে (অফনেট) ভিডিও কল করা থেকে বঞ্চিত হচ্ছেন মোবাইলফোন গ্রাহকরা।

গ্রাহকদের এই সীমাবদ্ধতা দূর করতে অফনেটে অথাৎ অন্য অপারেটরের মধ্যে ভিডিও কল চালুর চেষ্টা করেছে বেশ কয়েকটি মোবাইল ফোন অপারেটর।

এমপি রানাকে গ্রেফতারে বাধা নেই

mp ranaমুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি  টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে গ্রেফতার করতে আইনি কোনো বাধা নেই।

রানাকে হয়রানি বা গ্রেফতার না করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

ফলে তাকে গ্রেফতারে এখন কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আমানুর রহমান খান রানাকে আসামি করে অভিযোগপত্র দেয়া হতে পারে-সংবাদমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশের পর এমপি রানা হাইকোর্টের একটি রিট আবেদন করেন। ওই রিটের শুনানি গ্রহণ করে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রানাকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দেন।

হাইকোর্টের দেয়া এ আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ আজ এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ।  এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

road accident2হবিগঞ্জ সদর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাক চালক আবু বকর (৪২) এবং হেলপার রাকিব হাসান রনি (১৮)। তাদের উভয়ের বাড়ি চুয়াডাঙ্গার সিঅ্যান্ডবি এলাকায়।

বুধবার ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ভোরে ঘন কুয়াশার কারণে একটি ট্রাক মহাসড়কের সুতাং এলাকায় দাঁড়ানো ছিল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পেছনের ট্রাকটির চালক আবু বকর এবং হেলপার রনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

লন্ডনের অভিজাত হাসপাতালে বাঘের দন্ত চিকিৎসা

tigerrবাঘের মুখোমুখি হতে বড় সাহসের দরকার। তার চেয়েও বেশি সাহস লাগে তার মুখগহ্বরে হাত ঢুকিয়ে দাঁতের চিকিৎসা করতে। তবে লন্ডনের হারলে স্ট্রীটের এক অভিজাত হাসপাতালের ডেন্টাল সার্জন নির্ঝঞ্চাটেই কাজটা সম্পন্ন করেছেন।

কেন্টের এক বন্যপ্রাণী পার্কের সুমাত্রান বাঘ ‘আমীর’কে সমপ্রতি অচেতন করে নিয়ে আসা হয় লন্ডনের এই হাসপাতালে।

৯ বছর বয়সী আমীরের একটি দাঁত ভেঙ্গে গিয়েছিল। এ থেকে নানা রকম জটিলতা হতে পারে ভেবে শল্য চিকিৎসার সিদ্ধান্ত নেন পার্কের কর্মকর্তারা। হারলে স্ট্রীটের নামকরা ডেন্টাল সার্জন পিটার কের্টেসজ এই অপারেশন করেন।

বিশেষজ্ঞরা বলেন, বাঘের দাঁতের চিকিৎসা খুবই জটিল। কারণ মানুষের দাঁতের তুলনায় বাঘের দাঁতের শেকড় প্রায় ৬ গুণ বেশি দীর্ঘ।

বাঘটি এখন দ্রুত সুস্থ হয়ে উঠছে। তবে তারপরও আগামী কয়েক সপ্তাহের জন্য এটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিএনপি জরুরি সংবাদ সম্মেলন

bnp logoবিএনপি বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। দুপুর ১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নওগাঁয় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা, আটক ৮

marder1নওগাঁর পত্নীতলা উপজেলায় নাজিম উদ্দীন (৫৮) নামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৮ জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের উষ্টি গ্রামে এই হত্যাকা-ের ঘটনাটি ঘটে।

বুধবার সকালে খবর পেয়ে পুলিশ মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের লাশটি উদ্ধার করেছে। নাজিম উদ্দিন উষ্টি গ্রামের বাসিন্দা।

পত্নীতলা থানার পরিদর্শক (ওসি) আব্দুর রফিক জানান, রাত সাড়ে ১০টার দিকে নাজিম উদ্দিনকে বাড়ি থেকে তার কয়েকজন পরিচিত ব্যক্তি ডেকে নিয়ে যায়। এরপর তারা পাশের একটি ফাঁকা জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

তিনি জানান, বুধবার সকালে খবর পেয়ে মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৮ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় দিতে পারেনি পুলিশ।

ধারনা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকা-ের ঘটানো ঘটতে পারে। তবে এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানান তিনি।