মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন গাজী জসীম উদ্দিন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জসীম উদ্দিন। সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডি জানায়, গতকাল রবিবার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।

এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।

আদালতের আদেশ অগ্রাহ্য করেই ভেনিজুয়েলানদের তাড়ালেন ট্রাম্প

আদালতের আদেশ অগ্রাহ্য করে ভেনেজুয়েলান অপরাধচক্রের অভিযুক্ত সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল আদালতের সাময়িক স্থগিতাদেশের পরও দুই শতাধিক ভেনেজুয়েলানকে নিয়ে এল সালভাদরে পাঠালো যুক্তরাষ্ট্র। যুদ্ধকালীন আইন ব্যবহার করেই তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

হোয়াইট হাউজের নজিরবিহীন এক বিবৃতিতে দাবি করা হয়, প্রেসিডেন্টের কাজে বাঁধা দেওয়ার অধিকার বিচার বিভাগের নেই।

বিচারক জেমস বোসবার্গি এই আদেশ দিয়েছিলেন। বহিঃশত্রু আইনের আওতায় এই আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহৃত হয়। ভেনেজুয়েলান অপরাধচক্র ত্রেন দে আরাহুয়ার দুই শতাধিক অভিযুক্ত সদস্যকে এই আদেশের পর বের করে দেয় ট্রাম্প প্রশাসন। যারা অপহরণ, চাঁদাবাজি এবং চুক্তি হত্যার সঙ্গে জড়িত ভেনেজুয়েলার একটি গ্যাং।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কিন ভূখণ্ড থেকে বহিষ্কৃত বিদেশি সন্ত্রাসী বহনকারী উড়োজাহাজের গতিবিধি নিয়ন্ত্রণ করার কোনো অধিকার একজন বিচারকের নেই।’

তিনি বলেন, আদালতের কোনো আইনি ভিত্তি নেই এবং একজন প্রেসিডেন্ট কীভাবে বৈদেশিক বিষয় পরিচালনা করবেন তার ওপর সাধারণত ফেডারেল আদালতের কোনো এখতিয়ার নেই। এই ঘটনার মধ্য দিয়ে মার্কিন সাংবিধানিক ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য ও বিচারবিভাগের স্বাধীনতার প্রতি প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালেন ট্রাম্প।

স্বাধীনতাবাদী ক্যাটো ইনস্টিটিউটের হোমল্যান্ড সিকিউরিটি এবং নাগরিক স্বাধীনতা বিষয়ক আইন বিশেষজ্ঞ প্যাট্রিক এডিংটন বলেন, ‘যাই বলুক না কেন, হোয়াইট হাউস প্রকাশ্য বিচারকের আদেশ অগ্রাহ্য করেছে।
’

তিনি আরো বলেন, ‘এটি সীমাহীন এবং অবশ্যই নজিরবিহীন।’ এ ছাড়া মার্কিন সরকারের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য উপেক্ষা করার এমন নজির গৃহযুদ্ধের পর আর দেখা যায়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলান এই অপরাধীদের এল সালভাদরে পৌঁছার খবর নিশ্চিত করেছেন এবং প্রেসিডেন্ট বুকেলের প্রশংসা করেছেন।

তার প্রশাসন আদালতের আদেশ লঙ্ঘন করেছে কি না, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে এটা বলতে পারি যে, এরা খারাপ লোক ছিল।’

সূত্র : রয়টার্স

ওমরাহ করতে মক্কায় ক্যান্সার আক্রান্ত হিনা

স্তন ক্যান্সারের তৃতীয় ধাপে লড়ছেন হিনা খান। চলছে কেমোথেরাপি। তবুও অদম্য মনের জোর। মানসিক শক্তি এতটুকুও টলেনি তার।
তাই অসুস্থ শরীরেও মক্কায় অভিনেত্রী।

পবিত্র রমজান মাসে ওমরাহ করার ছবি শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে কমপক্ষে ২০টি ছবি শেয়ার করেছেন হিনা খান। লেখেন, “আলহামদুলিল্লাহ, ওমরাহ ২০২৫।
আল্লাহ ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাকরুদ্ধ। আল্লাহ।”

ওই ছবির অ্যালবামে ছিল একটি মিরর সেলফিও।
হিনা ওই ছবির ক্যাপশনে লেখেন, “ওমরাহর জন্য সব প্রস্তুতি শেষ।” চুলের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। আবার একটি ছবি শেয়ার করে হিনা লেখেন, “শান্তি।”

ছোটপর্দায় ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলেতে হ্যায়’ দিয়ে যাত্রা শুরু হিনা খানের। নিজের অভিনয় দক্ষতায় অনুরাগীদের ড্রয়িংরুমে পৌঁছে যান।
তারপর ‘খাতরো কি খিলাড়ি সিজন ৮’ এবং ‘বিগ বস ১১’-এ যোগ দেন।

হঠাৎ গত বছরের জুনে সবাইকে দুঃসংবাদ দেন অভিনেত্রী। গুঞ্জনে সিলমোহর দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে জানান, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। তৃতীয় স্টেজে আছেন তিনি। তবে তিনি যে মানসিকভাবে যথেষ্ট শক্ত রয়েছেন, তা-ও পোস্টে উল্লেখ করেন। তারপর থেকে বরাবরই শারীরিক পরিস্থিতির আপডেট নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

প্রাক্তনের শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা!

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে বেশ সামলে নিয়েছেন সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে নিজের বিয়ের পোশাকটি রূপান্তরিত করেন সামান্থা। এমনকী বাগদানের সময় নাগার দেওয়া আংটিটিকে লকেট হিসাবে ব্যবহার করছেন তিনি।

এবার প্রাক্তন স্বামীর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তার হাতের ট্যাটুটির দেখা মেলেনি।

একসময় নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে থাকাকালীন এই ট্যাটু করিয়েছিলেন সামান্থা। অবশ্যই নাগার হাতের ট্যাটুর সঙ্গে মিলিয়ে নিজের হাতে ট্যাটুটি আঁকিয়েছিলেন অভিনেত্রী।
দু’জনের সম্পর্ক শেষ হওয়ার পরও সামান্থার হাতে সেই ট্যাটু ছিল। যা নিয়ে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হন অভিনেত্রী।

তবে সম্প্রতি প্রকাশিত ছবিতে সামান্থার হাতে সেই ট্যাটু দেখা যায়নি। ফলে নেটিজেনদের অনুমান, অভিনেত্রী অবশেষে নাগার ট্যাটুর অনুকরণে বানানো ট্যাটুটি মুছে ফেলেছেন।

যদিও এখনও পর্যন্ত ওই একই ট্যাটু নাগার হাতে রয়েছে। কিন্তু প্রাক্তনকে ভুলে নতুন করে জীবন শুরু করতে আরও একধাপ এগিয়ে গেলেন সামান্থা। তার এই সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন অনুরাগীরা।

১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

ঢাকায় ওআইসিভুক্ত ১৯টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকে যোগ দিয়েছেন চার কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা। কমিশনের পক্ষ থেকেও বরাবরই জানানো হচ্ছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর। বৈঠক শেষে উভয়পক্ষই ব্রিফ করার কথা রয়েছে।

আমার প্রেমিকা ক্যাটরিনার চেয়েও সুন্দরী : আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৬০ বছর পূর্ণ করেছেন। আর নিজের ৬০তম জন্মদিনে নতুন প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সবাইকে বিস্মিত করে দেন আমির খান। তার প্রেমিকার নাম গৌরী স্প্রাট।

আমিরের জন্মদিনে এক ঘরোয়া সেলিব্রেশনের আয়োজন করে মুম্বাইয়ের পাপারাৎসি পরিবার।

আর সেখানেই নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দেন আমির। যদিও পাপারাৎসিকে তিনি অনুরোধ জানান, যেন প্রেমিকার ছবি তোলা না হয়। কী করেন আমিরের প্রেমিকা?

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আমিরের প্রেমিকার নাম গৌরী স্প্রাট। তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান।
তার বাবা তামিল-ব্রিটিশ। মা পাঞ্জাবি-আইরিশ। যদিও নিজেকে ভারতীয় বলতেই পছন্দ করেন গৌরী। আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেই যুক্ত গৌরী।
প্রায় দেড় বছর ধরে প্রেম করছেন আমির ও গৌরী। লন্ডন থেকে পড়াশোনা করেছেন। তুতো বোনের মাধ্যমেই এই গৌরীর সঙ্গে আলাপ হয় আমিরের। সেটাও ২৫ বছর আগে।

জানা গেছে, গৌরী মুম্বাইয়ে অভিনেতার সঙ্গে একত্রে বাস করছেন।
গৌরীর এক পুত্রসন্তানও রয়েছে বলে জানা গেছে। যার বয়স ছয় বছর। আমির নিজেই জানিয়েছেন, প্রেমিকার জন্য নতুন করে গানের প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন তিনি। মিস্টার পারফেকশনিস্টের কথায় ও আচরণে স্পষ্ট, তিনি এখন গৌরী স্প্রাটের প্রেমে নিমজ্জিত।

শুধু তাই নয়, অভিনেতার কথায়, ‘আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের চেয়েও সুন্দরী। ওর সঙ্গে থাকলেই মনে হয়, আমি যেন ঘরেই আছি।’ আমির বলেছেন, ‘এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই গৌরীর সঙ্গে দেখা।’

গৌরীও জানিয়েছেন, কেন আমিরকে তার পছন্দ। তিনি বলেছেন, ‘একজন ভদ্র, নরম মনের যত্নশীল মানুষকে চাইতাম আমি। আমি তেমনই একজন।’

পরিবারের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন আমির। প্রথম পক্ষের সন্তান জুনাইদ ও ইরার সঙ্গেও দেখা হয়েছে তার। দুই সন্তানই নাকি গৌরীকে নিয়ে খুব খুশি।

২০২১ সালে আমির খান ও কিরণ রাও বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। কিরণের আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। এই সুপারস্টারের দুই সংসারে তিন ছেলেমেয়ে রয়েছে। যাদের মধ্যে এরই মধ্যে বড় ছেলে জুনাইদ খানের বলিউডে অভিষেক হয়েছে। মেয়ে ইরা খানের বিয়ে হয়েছে গত বছর। এবার আবারও নতুন করে জীবন সাজাতে যাচ্ছেন আমির।

যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প। আগামীকাল মঙ্গলবার তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। এ সময় সরাসরি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনা করবেন ট্রাম্প।

ফ্লোরিডা থেকে ওয়াশিংটন এলাকায় ফিরে আসার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলব।

তিনি আরো বলেন, ‘আমরা দেখতে চাই যে আমরা এই যুদ্ধের অবসান ঘটাতে পারি কি না। হয়তো আমরা পারব, হয়তো আমরা পারব না, তবে আমার মনে হয় আমাদের খুব ভালো সুযোগ আছে।’

ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেন কর্তৃক গৃহীত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য পুতিনের সমর্থন অর্জনের চেষ্টা করছেন। কিন্তু উভয় পক্ষ এ সাপ্তাহের শেষে ভারি বিমান হামলা চালিয়েছে এবং রাশিয়া পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের মাসব্যাপী অবস্থান থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার কাছাকাছি চলে গেছে।

ছাড় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা ভূমি নিয়ে কথা বলব। আমরা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলব। আমি মনে করি ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই ইতিমধ্যেই এর অনেক কিছু নিয়ে আলোচনা করেছে। নির্দিষ্ট সম্পদ ভাগ করে নেওয়া নিয়ে আমরা ইতিমধ্যেই এটি নিয়ে কথা বলছি।
’

সূত্র: রয়টার্স

প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে জিতল বার্সেলোনা

৭১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে বার্সেলোনা। সেখান থেকে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর নতুন এক গল্প লিখেছেন লামিনে ইয়ামাল-ফেরান তরেসরা। ৭২ মিনিটে লভানদোস্কি ব্যবধান কমানোর ৬ মিনিট পর ফেরান তরেসের গোলে সমতা। আর যোগ করা সময়ে আরো দুই গোল করে অবিশ্বাস্য এক জয় তুলে নিল হান্সি ফ্লিকের দল।

অ্যাতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিটানোয় ৪-২ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেন ফেরান তরেস, একটি করে গোল লেভানদোস্কি ও ইয়ামালের। এ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সা।

হুলিয়ান আলভারেজের গোলে প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে বার্সা।
৭০ মিনিটে আবারও বার্সার জালে বল পাঠান আলেকজান্দার সরলোথ। ২-০ গোলে পিছিয়ে পড়ে পরাজয় যখন চোখ রাঙাচ্ছিল বার্সার দিকে, তখনই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। ৭২ থেকে ৭৮—ছয় মিনিটের মধ্যে শোধ করল দুই গোল। ৭২তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান কমান লেভানদোস্কি।
৭৮তম মিনিটে স্কোরলাইন ২-২ করেন বদলি নামা স্প্যানিশ ফরোয়ার্ড তরেস। আর যোগ করা সময়ে আরো দুই গোলে বার্সা লেখে ঘুরে দাঁড়ানোর নতুন এক গল্প। এই রূপকথার গল্প লেখার কৃতিত্বটা দিতে হবে ইয়ামাল ও তরেসকে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বার্সেলোনাকে উল্লাসে ভাসান ইয়ামাল। আর যোগ করা সময়ের অষ্টম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তরেস।

এই মৌসুমে অ্যাতলেতিকোর বিপক্ষে আগের দুবারের দেখায় ঘরের মাঠে জিততে ব্যর্থ হয়েছিল বার্সেলোনা। তৃতীয় দেখায় এবার জয় তুলে নিল ফ্লিকের দল।

দুর্দান্ত এই জয়ের পর ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘আমরা যেভাবে খেলেছি, আমাদের আত্মবিশ্বাস যেমনটা ছিল সেটা সত্যিই দেখার মতো ছিল। আমরা ট্রফি জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

ইয়েমেনে নিহত বেড়ে ৫৩, হুতি-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারি

হুতিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। যুক্তরাষ্ট্রকেও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে হুতি। নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং দুই নারীও রয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, হুতিদের লাগাতার হামলা বন্ধ না হলে তারা সামরিক অভিযান চালিয়ে যাবে। হুতিরাও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোর ওপর আক্রমণ অব্যাহত রাখবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি গতকাল রবিবার এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মার্কিন হামলায় ৫৩ জন নিহত হয়েছে এবং ৯৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ হুতি নেতারাও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে হুতি বিদ্রোহীরা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা শনিবার হুতিদের লক্ষ্যবস্তুতে ‘ব্যাপক এবং শক্তিশালী’ বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরে চলাচলরত জাহাজে হুতিদের হামলাকে এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুতি নেতা রয়েছেন, কিন্তু গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেনি।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুতিদের সন্ত্রাসী আখ্যায়িত করে বলেন, তোমাদের সময় শেষ, আজ থেকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে। যদি তোমরা এটা না করো তাহলে তোমাদের ওপর নরকের বৃষ্টি নেমে আসবে। যা আগে কখনো দেখোনি।

হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তাদের যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতেও হামলা চালাবে।

লোহিত সাগরে যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বাণিজ্যিক জাহাজে হামলার পরিপ্রেক্ষিতে কড়া জবাব দিতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, জাহাজে হামলা বন্ধ না হলে ‘ভয়ংকর পরিণতি’ ঘটতে পারে। ইরান সমর্থিত হুতিরা ২০২৩ সালের শেষ দিক থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে।

তাদের দাবি, গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে।

সূত্র : রয়টার্স

ট্রেনে ঈদ যাত্রা : ২৭ মার্চের টিকিট মিলছে আজ

ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার (১৪ মার্চ) থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার চতুর্থ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন আগামী ২৭ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
দুপুর ২টায় মিলবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।

এবারের ঈদ যাত্রায় টিকিটের ১০০ শতাংশ বিক্রি অনলাইনে হবে। পূর্ব এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের সুবিধার্থে আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ মার্চ মিলবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ পাওয়া যাবে ২৭ মার্চের টিকিট।
এ ছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে। এ ছাড়া চাঁদ দেখার ওপর ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

ঈদ যাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া বিগত বছরগুলোতে ঈদ যাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাত বাংলাদেশ রেলওয়ে।
কিন্তু এবার সেটি কমিয়ে পাঁচ জোড়া করা হয়েছে।