রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

হাইকোর্টে বোমাসদৃশ বস্তু উদ্ধার

high courtহাইকোর্টের ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এতে আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার বিকাল তিনটার দিকে হাইকোর্টের এনএক্স ভবনের নয় নম্বর বিচারকক্ষ থেকে এই বস্তুটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটার পরে আদালত বিরতিতে গেলে একটি বইয়ের ভেতর বোমাসদৃশ বস্তুটির সন্ধান পান আইনজীবীরা। পরে হাইকোর্টের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়। বিকাল তিনটার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে ওই বস্তুটি বিচার কক্ষ থেকে নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে খোলা জায়গায়  রাখে। বোমাসদৃশ বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করছে পুলিশ।

সিরাজগঞ্জে বিএনপির হরতালে আটক ১৪

sirajganj mapপুলিশ ও আওয়ামী লীগের হামলায় দলীয় নেতাকর্মী আহত ও জেলা কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি অবরোধ ও হরতাল চলাকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া ঝিকিড়া কবরস্থানের কাছে একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধ কারীরা।

অপরদিকে এনায়েতপুর কেজির মোড়ে দুটি ও সৈয়দপুরে একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। এদিকে সিরাজগঞ্জ শহরে হরতাল চলাকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সকাল থেকে হরতালের সমর্থনে কোন পিকেটারকে দেখা না গেলেও জেলার বেলকুচি উপজেলার কান্দাপাড়া, সুবর্নসারা সহ কয়েকটি এলাকা সহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে বিএনপি ও জামায়াতের নেতকর্মীরা। তবে জেলা শহরে রিকসা, অটোরিকসা, সিএনজি চলাচল করলেও কোনো ভারী যানবাহন চলতে দেখা যায়নি। দোকানপাট গুলোও ছিল বন্ধ। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন সহ বিজিবি, র্যা ব ও পুলিশ টহল জোরদার ছিল।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, রোববার সকালে উপজেলার ঝিকিড়া কবরস্থনের কাছে অবরোধকারীরা দুটি সিএনজি অটোরিসার গতিরোধ করে। পরে তারা তাতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্র্রণে আনে। সন্ত্রাসীদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

এদিকে সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সিরাজগঞ্জে হরতাল চলাকালে নাশকতা চেষ্টা করার সময় বিএনপি-জামায়াতের ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রোববার অবরোধের সমর্থনে বিএনপি মিছিল করার চেষ্টা কালে পুলিশ ও আওয়ামী লীগের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। সেখান থেকে বিএনপির সাত জনকে আটক করে পুলিশ। পরে জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রেলের নিরাপত্তায় আনসার নিয়োগ : রেলমন্ত্রী

mojibol11রেল স্থাপনা, যাত্রীদের নিরাপত্তা ও রেল চলাচল অব্যাহত রাখতে রেলপথে আনসার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, যতরকম ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হোক, যত ক্রাইসিসই আসুক আমরা সকল ট্রেন নিয়মিত চালিয়ে যাবো।

এক আন্তঃমন্ত্রণালয় সভার মাঝামাঝি সময়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। রেলভবনে রবিবার রেল স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, যাত্রী ও মালামাল পরিবহনে নিরাপত্তা এবং স্বাভাবিক রেল যোগাযোগ অব্যাহত রাখতে এ সভার আয়োজন করা হয়।

রেলমন্ত্রী বলেন, রেল পুলিশের সঙ্গে আনসার নিয়োগ দেওয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া ট্রেন ছাড়ার আগে নিরাপত্তা ব্যবস্থা দেখতে টহল কার পাঠানোর বিষয়টি বিদ্যমান আছে। এটা আরও জোরদার করা হবে।

২০১৯ এর আগে সংলাপ বা সমঝোতা নয়: তোফায়েল

tafayelআগামী ২০১৯ সালের সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে কোনো সংলাপ বা সমঝোতা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।

সচিবালয়ে রবিবার বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কিত আন্ত.মন্ত্রণালয় সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির অবরোধতো হচ্ছে না। অবরোধের নামে গুপ্তহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। সরকার সব ধরনের নাশকতামুলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করেবে।

অপহরণের ভয় নেই, নেই সেন্সরশিপ : শ্রীলঙ্কা

ronilশ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, সাংবাদিকদের অপহরণের ভয় করতে হবে না এবং তারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারবেন। এ ছাড়া দেশটির ইন্টারনেটের ওপর যে সেন্সরশিপ বলবত আছে তাও প্রত্যাহার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির থেকে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের একনায়কসুলভ শাসনের অবসান ঘটানোর প্রতিশ্রুতি ব্যক্ত করার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের স্বাধীনভাবে খবর প্রকাশের বিষয় নিশ্চিত করেন রনিল বিক্রমাসিংহে।

বৃহস্পতিবারের প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা ৫২.২৮ ভাগ ভোটে অপ্রত্যাশিত বিজয় লাভ করেন রাজাপাকসে সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী সিরিসেনা।

৬৩ বছরের প্রবীণ রাজনীতিবিদ সিরিসেনা আনুষ্ঠানিক শপথ নেয়ার পর বলেন, দেশটিতে মিডিয়াকে আর হুমকি দেয়া বা কোনো ওয়েবসাইট ব্লক করা হবে না।

এ ছাড়া শ্রীলঙ্কার খ্যাতনামা নিহত সাংবাদিক লাসন্সথা বিক্রমাতুঙ্গের হত্যার তদন্ত করা হবে। রাজপাকসের প্রচ- সমালোচক হিসেবে পরিচিত বিক্রমাতুঙ্গেকে ২০০৯ সালে রাজধানী কলম্বোয় গুলি করে হত্যা করা হয়েছিল।

এদিকে নিহত সাংবাদিকের ভাই এ পরিপ্রেক্ষিতে বলেন, এ হত্যাকা-ের বিষয় তদন্ত শুরুর মাধ্যমে সংবাদ মাধ্যমকে হুমকি দেয়া হবে না বলে নতুন সরকার নিজ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এর চেয়ে ভালোভাবে এ প্রতিশ্রুতি ব্যক্তের অবকাশ ছিল না বলেও জানান তিনি।

রাজধানীতে বাস-ট্রাক সংঘর্ষে ২ নারী পুলিশ নিহত

fokirapulরাজধানীর ফকিরাপুল এলাকায় একটি পুলিশবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২ নারী পুলিশ সদস্য নিহত এবং ৭ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচরের গোলাম মোস্তফার মেয়ে আকলিমা খাতুন এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর গ্রামের বুলু মিয়ার মেয়ে মুনিয়া আক্তার। রবিবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফকিরাপুল মোড়ে পুলিশ সদস্যদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই দুই নারী পুলিশ সদস্য মুনিরা ও আকলিমা মারা যান এবং জিয়াসমিন, সীমা, শাহানাজ, আলফা, ফরিদা, সোহাদা, সালমা আহত হন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই কনস্টেবল।

সোমবার হরতাল

hortal29বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার ঢাকা বিভাগে হরতালের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার ঢাকা বিভাগে এই হরতাল কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী।

তিনি জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নির্দেশে আগামীকাল সোমবার ঢাকা বিভাগের প্রতিটি জেলায় হরতাল পালিত হবে।

এদিকে হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান আবদুস সাত্তার।

সরকারের পতন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে : রিজভী

rizviসরকারের পতন না হওয়া পর্যন্ত  অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের অব্যাহতভাবে অবরোধ কর্মসূচি সফল করার জন্য আহবান জানিয়েছেন।

রবিবার গুলশানে একটি বাসায় গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ক্ষমতাসীন দলের একজন উচ্চ পর্যায়ের নেতা বলেছেন, বিশ্ব ইজতেমার মধ্যে অবরোধ কর্মসূচি দিয়ে নাকি ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের কথা শুনে বিস্মিত হতে হয়। যারা হেফাজতের সমাবেশে কোরআন মুখস্ত পড়া ছেলেদের নির্বিচারে হত্যা করেছে, যাদের গণজাগরণ মঞ্চের একজন ব্লগার রাসুল (সা.) বিরুদ্ধে কটুক্তি করে, যাদের দলের একজন মহানবী (সা.), তাবলীগ জামাত সম্পর্কে বাজে কথা বলার পরও তাকে কারাগারে জামাই আদরে রাখা হয়ে তারা আজ ইসলামের সেবক সেজেছে। রিজভী বলেন, প্রবাদ আছে- সাড়ে ৭শ ইদুর খেয়ে বিড়াল চলে তীর্থে। আওয়ামী লীগের অবস্থাটা হয়েছে তেমন। এরা বক ধার্মিক সেজেছে। এরা ভন্ড, প্রতারক। তারা মিথ্যা অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে আমাদের সর্তক থাকতে হবে।

এফবিবিসিআই সভাপতি কাজী আকরামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এফবিবিসিআইয়ের প্রেসিডেন্ট বলেছেন, অবরোধ ও হরতাল বন্ধে আইন প্রণয়ন করা উচিৎ। শুধু মাত্র নির্দেশিত হয়ে কথা বলা উচিৎ নয়। উনি তো গুপ্ত হত্যা, গুম,খুন বন্ধের কথা বলেননি। উনাদের উচিৎ এমন একটি উদ্যোগ নেয়া- যাতে দেশে স্থিতিশীল, শান্তি বজায় থাকে। বর্তমান সংকট থেকে উত্তরণে নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন উদ্যোগ নেয়া হয়।

সাভারে যাত্রীবাহী বাসে আগুন

savarসাভারের  জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেইটে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সকাল ছয়টায় এ ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন  করে মহাসড়ক থেকে বাসটি উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

দুটি টিভি চ্যানেল, একটি অনলাইন নিউজ পোর্টাল ও মারুফ কামাল

khaleda omitদুটি টিভি চ্যানেল ও একটি অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে কথা বলেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ টেলিফোনে কথা বলেছেন। ওই তিনটি মিডিয়াই দাবি করেছে, তাদের অমিত শাহ বলেছেন তিনি খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেননি।

এই তিনটি মিডিয়া হলো চ্যানেল ২৪, একাত্তর টিভি ও বিডিনিউজ২৪ ডটকম। তিনটির মধ্যে দুটি মিডিয়া আওয়ামী লীগ সরকারের কড়া সমর্থক। অন্যটিও আওয়ামী লীগপন্থী বলেই পরিচিত।

নিউজটি প্রথম ব্রেক করে চ্যানেল ২৪।এর প্রায় সঙ্গে সঙ্গে ব্রেক করে একাত্তর টিভি। দুটো চ্যানেলই স্ক্রলে ব্রেকিং নিউজ হিসেবে সংবাদটি প্রচার করে।সন্ধ্যা ৭টার খবরে দুটো চ্যানেলে এটি ছিল লিড নিউজ। বিডিনিউজ২৪ ডটকম আরো পরে নিউজটি দেয়।

চ্যানেল ২৪-এ সম্প্রচারিত নিউজটি ছিল এরকম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে টেলিফোনে কোন কথা হয়নি, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ-এর। টেলিফোনে যোগাযোগ করা হলে চ্যানেল টোয়েন্টিফোরকে এ কথা নিশ্চিত করেছেন, অমিত শাহ নিজেই। তিনি বলেছেন, ইট ইজ আ রিউমার।

হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে বিজেপি প্রধান অমিত শাহ। আর তা শুরু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে কথিত টেলিফোন আলাপের জের ধরে।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তার প্রেস সচিব মারুফ কামাল সংবাদ সম্মেলনে দাবি করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ কথা বলেছেন বেগম জিয়ার সাথে। খোজ নিয়েছেন তার শারীরিক অবস্থার।

শুক্রবার এ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ দাবি করে অমিত শাহ সাথে বেগম খালেদা জিয়ার টেলিফোন আলাপের বিষয়টি সঠিক নয়।

তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে আবারো দাবি করা হয় কথা হয়েছে অমিত শাহ সাথে।

আর এ নিয়ে যখন চারিদিকে ধুম্রজাল তখন  চ্যানেল টুয়েন্টিফোরের পক্ষ থেকে যোগাযোগ করা হয় অমিত শাহর সাথে। ফোনালাপের বিষয় জানতে চাইলে এক কথায় না বলেন তিনি।

চ্যানেল 24: হ্যালো।
অমিত শাহ: হ্যালো।
চ্যানেল 24: স্যার, মাই নেম ইজ মোর্শেদ হাসিব, আই এম কলিং ফ্রম ঢাকা বাংলাদেশ, ওয়ার্কি ফর এ চ্যানেল 24।
অমিত শাহ: হ্যা, বলিয়ে।
চ্যানেল 24: স্যার হ্যামনে সুনা, দ্যাট ইউ কলড বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া টু এনকয়ারি এবাউট হার হেল্থ অ্যান্ড হার সিচুয়েশন।
অমিত শাহ: নো নো নো নো। নো এনি কল ফর আওয়ার সাইড, নো কল। টোটালি রিউমার, টোটালি রিউমার। হু পাবলিসিং ?
চ্যানেল 24: বিএনপি বিএনপি পাবলিসিং।
অমিত শাহ: নো নো, টোটালি রিউমার।

এরপর বিজেপি প্রধানের ব্যাক্তিগত সচিবও চ্যানেল টুয়েন্টিফোরকে জানান, টেলিফোন আলাপের বিষয়টি সত্য নয়।

একাত্তর টিভি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা হয়নি ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ’র। টেলিফোনে অমিত শাহ’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একাত্তর টেলিভিশনকে এ কথা জানিয়েছেন বলে দাবি করেছে চ্যানেলটি।

সন্ধ্যা সাতটায় একাত্তর টিভির প্রতিবেদনে বলা হয়, তাদের বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা অমিত শাহ’র ব্যক্তিগত মোবাইল ফোনে কথা বলেছেন।

একাত্তর জানায়, অমিত শাহ’র ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরটি রুপা সংগ্রহ করেন বিজেপির অন্যতম মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর কাছ থেকে। প্রায় ২০ ঘণ্টার চেষ্টার পর একাত্তর টেলিভিশনের প্রতিনিধি অমিত শাহকে টেলিফোনে পান বলে দাবি করে একাত্তর টিভি।

একাত্তর টেলিভিশন তাদের প্রতিবেদনে অমিত শাহ’র সঙ্গে আলাপের রেকর্ড শোনায়। সেখানে মাত্র দু’টি বাক্য শোনা গেছে। এর মধ্যে একটি হলো- “দিস ইজ অ্যা ফেইক নিউজ।”

বিডিনিউজ২৪-এর নিউজটি এরকম
অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলার খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন ভারতে ক্ষমতাসীন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ।

বিএনপির দাবি নিয়ে প্রশ্ন ওঠার পর সে বিষয়ে জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক সুবীর ভৌমিক টেলিফোন করলে তিনি বলেন, “আরে ভাই, ম্যায়নে তো উনহে কল নেহি কিয়া, ইয়ে সব বাকোয়াজ খবর কিউ ছাপতে হ্যায়। (আমি তো উনাকে ফোন করিনি, এসব ভুয়া খবর কেন আসে)।”

গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেন যে বুধবার রাতে খালেদা জিয়াকে টেলিফোন করে তার খোঁজ-খবর নিয়েছিলেন অমিত শাহ।

এর সত্যতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা প্রশ্ন তোলার পর শনিবার বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেল অমিত শাহকে টেলিফোন করলে তিনি টেলিফোন করার বিষয়টি উড়িয়ে দেন।

“দিজ ইস টোটালি রিউমার,” চ্যানেল টোয়েন্টিফোরকে বলেন অমিত শাহ। একাত্তর টেলিভিশনকে তিনি বলেন, “দিস ইজ এ ফেক নিউজ।”

আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি তাদের দাবিতে অনড় থেকে বলে আসছে, অমিত শাহ ফোন করেছিলেন এবং তা নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন।

অমিত শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যায়নে দুসরে বাংলাদেশ মিডিয়াকো ভি ইয়ে বোলা হ্যায়, বাত করেঙ্গা তো কিউ ডিনাই করেঙ্গে, পার আগার নেহি কিয়া তো খবর নেহি আনা চাহিয়ে। (আমি বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমকেও এটাই বলেছি, কথা বললে অস্বীকার করব কেন, কিন্তু যখন কথাই বলিনি, তখন তো খবর হওয়া ঠিক নয়।)”

অমিত শাহর কথিত টেলিফোন নিয়ে আলোচনার মধ্যে বিজেপির পশ্চিমবঙ্গের একাধিক নেতা খবরটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র যশদীপ ভৌমিক বলেন, “অমিত শাহজি কেন ফোন করতে যাবেন? বাংলাদেশের যা ঘটছে তা তো একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়।”

এদিকে অমিত শাহের টেলিফোন নিয়ে আলোচনার মধ্যে অবরুদ্ধ খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের একটি বিবৃতি প্রকাশ হয়েছিল যুক্তরাজ্যের একটি সংবাদপত্রে, যা ভুয়া বলে ধরা পড়ে।

যুক্তরাজ্যের সংবাদপত্রটি তাদের প্রতিবেদনটি প্রত্যাহার করে জানিয়েছে, খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের এক সহকারী তাদের এই বিবৃতিটি পাঠিয়েছিলেন।

পরে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বিবৃতি পাঠিয়ে খালেদাকে নিয়ে কোনো বিবৃতি দেওয়ার খবর অস্বীকার করেন।

মারুফ কামালের ব্যাখ্যা
এসব সংবাদ প্রচারের পর বিএনপির মধ্যে তোলপাড় শুরু হয়। বিএনপির পক্ষ থেকে আবারও দাবি করা হয়েছে যে, অমিত শাহের সাথে খালেদা জিয়ার টেলিফোনে কথা হয়েছে। চেয়ারপার্সনের প্রেসসচিব মারুফ কামাল খান শনিবার রাতে এক বিবৃতিতে এই দাবি করেন।

তিনি বলেন, “গত ৭ জানুয়ারি রাতে আমার উপস্থিতিতেই খালেদা জিয়ার সাথে অমিত শাহের সৌজন্যমূলক আলাপ হয়েছে। এই তথ্য শতভাগ সঠিক।”

তবে টেলিভিশনে বিজেপি প্রধানের যে বক্তব্য প্রচার করা হচ্ছে, তা আসলেই অমিত শাহের কণ্ঠ কি না- তা নিয়ে প্রশ্ন তুলতে চাই না বলেও উল্লেখ করেন মারুফ কামাল।

তিনি বলেন, “বর্তমানে নির্বাচনী প্রচার অভিযান আর দলের সদস্য সংগ্রহের কাজে গুরুতরভাবে ব্যস্ত অমিত শাহের পক্ষে ঢাকার কোনো সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সুযোগ ছিল না।”

মারুফ কামাল দাবি করেন, “দেশের বিরাজমান অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সকলের নজর অন্যদিকে ফেরাবার উদ্দেশ্যে একটি সহজ বিষয়কে জটিল করে তোলা হচ্ছে। ”

কিভাবে হবে বিতর্কের সমাধান
বিষয়টি নিয়ে দেশের রাজনীতিতে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। তিনটি মিডিয়ার খরব যে বিএনপি বিশ্বাস করছে না- তা মারুফ কামাল খানের বিবৃতি্তেই স্পষ্ট। এখন ভারতের বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা বিবৃতি দিলেই কেবল এই বিতর্কের অবসান ঘটবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।