শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

নেশাগ্রস্ত ছেলের জন্য আর্তনাদ করছেন খালেদা: মুক্তিযুদ্ধমন্ত্রী

mozammelবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ মোজাম্মেল হক বলেছেন, “নেশাগ্রস্ত, মানি লন্ডারিংয়ের দায়ে অভিযুক্ত কোকোর জন্য তার মা খালেদা জিয়া আজ আর্তনাদ করছেন। অন্যদিকে তিনি যে অরোধ-হরতালের নামে মানুষগুলো পুড়িয়ে মারছেন সেই সন্তানদের মায়ের আর্তনাদ কে শুনে?”

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বোমা মেরে মানুষ হত্যা ও খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি বন্ধের দাবিতে’ এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

অবরোধের মূল কারণ উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, “খালেদা ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না। তিনি (খালেদা) পাকিস্তান দালাল হয়ে বাংলাদেশকে পাকিস্তান হিসেবে সৃষ্টি করতেই এই অবরোধ দিচ্ছেন। মানুষ হত্যা তার নেশায় পরিণত হয়েছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “আপনাদের কাছে আমার আহ্বান, নাশকতাকারীদের দেখামাত্রই যেন গুলি করা হয়।”

নাশকতায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের গায়েবানা জানাজা আগামী শুক্রবার সারাদেশে জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে বলেও জানান মন্ত্রী।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ করিম, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

পুকুর থেকে ঘরজামাইয়ের লাশ উদ্ধার

nator map2নাটোরের বাগাতিপাড়ায় শ্বশুর বাড়ীর পাশের পুকুর থেকে চাঁন প্রামানিক নামে এক ঘর জামাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে বাগাতিপাড়ার মাধববাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চাঁন প্রামানিক নাটোর সদর উপজেলার জয়নগর গ্রামের সফদার প্রামানিকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার জয়নগর গ্রামের সফদার প্রামানিকের ছেলের সাথে বাগাতিপাড়া উপজেলার মাধববাড়ী গ্রামের আক্কাস আলীর মেয়ে আঞ্জুয়ারার দ্বিতীয় বিয়ে হয়। প্রথম স্ত্রী’র সাথে বনিবনা না হওয়ায় দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করছিল সে। এনিয়ে দুই পরিবারের মাঝে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছিল। গতকাল রাতে চাঁন প্রামানিক তার ছোট স্ত্রী আঞ্জুয়ারার বাড়ীতেই ছিল। সকালে বাড়ীর পাশের একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

উল্লেখ্য , স্ত্রী আঞ্জুয়ারার বিরুদ্ধে তার প্রথম স্বামীকে হত্যার অভিযোগে একটি মামলা আদালতে বিচারাধীন আছে বলে জানা গেছে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, প্রথম স্ত্রীর অভিযোগ থাকায় মৃতদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা  হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অবরোধেও চলবে এএসসি পরীক্ষা

nahid30অবরোধের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আপনাদের আল্লাহর দোহাই, খোদার দোহাই, মানবতার দোহাই আমাদের ছেলে-মেয়েদের নির্বিঘ্নে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দিন।”

বুধবার সকালে সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আগামী ২ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এতে ১৪ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা অবরোধ কর্মসূচি ফেব্রুয়ারিতেও অব্যাহত থাকবে বলে আভাস পাওয়া গেছে। এ নিয়ে উদ্বিগ্ন সবচেয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

cross fieeরাজশাহীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি নাম নুরুল ইসলাম (৫০)। পুলিশের দাবি, তিনি জামায়াত-শিবিরের একজন দুর্ধর্ষ ক্যাডার।
বুধরাত ভোররাত পৌনে ৪টার দিকে নগরীর আশরাফের মোড় এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মারা যান তিনি।
এর আগে মঙ্গলবার রাতে নগরীর সাহেববাজার এলাকার একটি ছাপাখানা থেকে তাকে আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের ডেপুটি কমিশনার তানভির হায়দার চৌধুরী জানান, ‘নুরুল ইসলামের অন্য নাম টাকু শাহীন। জামায়াত-শিবিরের দুর্ধর্ষ ক্যাডার সে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ৮ মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে তার নামে। আটকের পর তাকে নিয়ে আশরাফের মোড় এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকায় থাকা জামায়াত-শিবিরের ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও জবাবে গুলি চালায়। তখন পালানোর উদ্দেশ্যে দৌড় দিলে গুলিবিদ্ধ হয়ে নুরুল ইসলাম। মারা যান। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ বিষয়ে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন ডেকেছে পুলিশ।

 

বাসে আগুন নিয়ে পালানোর সময় কিশোর আটক

arrestরাজধানীর পল্লবীর কালশিতে বাসে পেট্রল দিয়ে আগুন দেয়ার সময় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাত ১১টার দিকে গাবতলী থেকে আবদুল্লাহপুরগামী প্রজাপতি নামে একটি বাসে যাত্রীবেশে ওঠে নাইম। বাসটি কালশি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বাস থেকে নেমে দু’টি পেট্রল বোমা নিক্ষেপ করে সে।

কিন্তু বোমা দু’টি বাসের গায়ে লেগে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয় জনতা এবং কর্তব্যরত পুলিশ নাইমকে ধরে ফেলে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

খালেদার গ্যাটকো দুর্নীতি মামলা হাইকোর্টের কার্যতালিকায়

khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলা সচল করতে হাইকোর্টে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি আজকের কার্যতালিকায় এসেছে।

বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে বুধবারের কার্যতালিকতায় ১৬ নম্বরে রয়েছে মামলাটি।

২০০৮ সালে গ্যাটকো দুর্নীতি মামলায় দায়ের করা খালেদা জিয়ার রিটের পূর্ণাঙ্গ শুনানির জন্য মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মামলাটি কেন বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। একই সঙ্গে মামলাটির কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করা হয়। পরে সময়ে সময়ে ওই স্থগিতাদেশ বাড়ানো হয়।

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

cross fieeসাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এক ব্যক্তি।

নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৮)। তালা উপজেলার পাটকেলঘাটা থানার নওয়াকাটি গ্রামের বাবর আলী ছেলে তিনি। মঙ্গলবার বিকালে নওয়াকাটি থেকে পুলিশ তাকে আটক করে।
পুলিশের দাবি, রফিকুল স্থানীয় ডাকাতদলের সর্দার। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে ১২টি মামলা রয়েছে।
বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের ওবায়তলা নামক স্থানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন রফিকুল।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে আটকের পর রাতে রফিকুলকে নিয়ে অভিযান চালায় পুলিশ। ওবায়তলা নামক স্থানে অস্ত্র উদ্ধার করতে গেলে রফিকুলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় রফিকুল। আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রফিকুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওসি আরো জানান, এ ঘটনায় আহত হয়েছেন পাটকেলঘাটা থানার কনস্টেবল আজিবুর রহমান ও কবির হোসেন। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।  ঘটনার পর ঘটনাস্থল থেকে ১টি শার্টারগানসহ ২টি অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা চায় পুলিশ

policeeeদেশের প্রতি জেলায় এসপির তত্ত্বাবধানে দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট চায় পুলিশ। কমান্ডিং অফিসার হিসেবে এসপি তাদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। চলমান সহিংসতা দ্রুত দমনে পুলিশ এই সুযোগ দাবি করেছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে সকল জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এ দাবি করা হয়। বৈঠক সূত্রে এ খবর জানা গেছে।

বৈঠকে আরও বেশ কিছু দাবি তোলা হয়। এগুলো হলো_ জেলায় পুলিশ সুপারকে আইন-সংক্রান্ত কমিটির সভাপতি করা, বিভাগীয় পর্যায়ে এপিসি (আর্মড পার্সোনেল ক্যারিয়ার) দেওয়া, পুলিশ ও র‌্যাবে জনবল বাড়ানো, রাজধানীর চারপাশে আরও চারটি মিনি পুলিশ লাইন্স নির্মাণ ও বিভাগীয় পর্যায়ে পুলিশের কাছে মোবাইল ট্র্যাকিং যন্ত্র সরবরাহ করা ইত্যাদি।

পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, পুলিশের দ্রুত জনবল সংকট দূর করতে হবে। জনবল বাড়ানোর সঙ্গে সঙ্গে সমন্বিতভাবে লজিস্টিক সাপোর্টের দরকার। তদন্তের জন্য আরও আধুনিক সরঞ্জাম দরকার। বছিলা, যাত্রাবাড়ী, উত্তরা ও ডেমরায় আরও চারটি পুলিশ লাইন্স তৈরি হলে এসব এলাকায় অপরাধ দমন সহজ হবে। পুলিশের আবাসন ও যানবাহন সংকট দূর করার দাবি জানিয়ে তিনি বলেন, মাত্র দুই ভাগ পুলিশ এখন আবাসন সুবিধা পাচ্ছেন। র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এসপিবিএনের মতো অন্যান্য ইউনিটে ‘ফ্রেশ মানি’ দেওয়ার দাবি করেন আইজিপি।

কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম জোরদার করাসহ হয়রানি পুরোপুরি বন্ধ করতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দেন আইজিপি। অহেতুক মামলার তদন্ত কার্যক্রম বিলম্ব না করার পরামর্শ দেন তিনি। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশের শূন্য পদে দ্রুত লোক নিয়োগ দিতে হবে।সভায় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, র‌্যাবের জনবল ও যানবাহন সংকট রয়েছে। এছাড়া পুলিশ থেকে যারা র‌্যাবে যান তারা অধিকাংশ জুনিয়র সদস্য। তারা কাজ শিখে র‌্যাব থেকে চলে যান। ফলে সমস্যা হয়। র‌্যাবপ্রধানের পদ গ্রেড-১-এ উন্নীত করার দাবি করেন তিনি।নরসিংদীর এসপি আমেনা বেগম বলেছেন, দেশের সব থানায় নারী ভুক্তভোগীদের জন্য পৃথক ডেস্ক খোলা যেতে পারে। সাতক্ষীরার এসপি চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, বর্তমান বাস্তবতায় ভ্রাম্যমাণ আদালতের পরিধি বাড়ানো জরুরি। প্রতি জেলায় এসপির কমান্ডে দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার দাবি সমর্থন করেন তিনি।

তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, পুলিশের চিকিৎসা সুবিধা বাড়াতে হবে। উন্নত চিকিৎসার জন্য পুলিশের নিজেদের একটি অত্যাধুনিক হাসপাতাল এখন সময়ের দাবি।বৈঠকে হাইওয়ে পুলিশের জন্য প্যাট্রোল গাড়ির সুবিধা বাড়ানো, যে কোনো মন্ত্রণালয় থেকে দেওয়া চিঠিতে পুলিশ অধিদপ্তরের বদলে পুলিশ হেডকোয়ার্টার্স লেখা, সকল পুলিশ সদস্যের ঝুঁকিভাতা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের স্থায়ী আবাসন সংকট দূর করা, যে সব পুলিশ সদস্যের মোটরসাইকেল নেই তাদের ব্যাংক ঋণের মাধ্যমে তা সরবরাহ করা, সারাদেশের পুলিশ সদস্যদের ইন্টারনেট সুবিধায় আনা, রাজশাহীতে সহিংসতায় আহত এক পুলিশ সদস্যের কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের তালিকা এসবিতে পাঠানো, পুলিশের তদন্তে হাইটেক প্রযুক্তি, পুলিশের যাচাই-বাছাই ছাড়া পাসপোর্ট সরবরাহ না করা, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের নিয়ে সম্মেলন করার কথা বলা হয়।

পুলিশের বক্তব্য শোনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশ নিবিড়ভাবে কাজ করছে। বিদেশেও তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। দ্রুত পুলিশের জনবল, আবাসন, যানবাহন সংকট দূর করার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। তিনি জানান, র‌্যাবকেও শক্তিশালী করা হচ্ছে। পুলিশের জন্য যা খরচ তা রাষ্ট্রের বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী এসব বিষয়ে আন্তরিক।

‘আমেরিকাকে বিশ্বাস করি না, তাদের সঙ্গে কথাও বলিনি’

fidelফিদেল ক্যাস্ত্রো আমেরিকাকে বিশ্বাস করেন না এবং তিনি তাদের সঙ্গে কথাও বলেননি। একটি চিঠিতে বিপ্লবী নেতা (৮৮) এ কথা বলেন। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে চিঠিটি পাঠ করা হয়। চিঠিটি তার লেখা বলে উল্লেখ করা হয়।

আমেরিকা ও কিউবার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে হাভানায় দু’দেশের মধ্যে যুগান্তকারী আলোচনা অনুষ্ঠানের এক সপ্তাহ পর এ চিঠির কথা প্রকাশ করা হলো। এতে বলা হয়, ‘তবে এই চিঠি যে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাখান, তা নয়।’ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো গত ১৭ ডিসেম্বর স্নায়ুযুদ্ধের সময়কার দুটি প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাজ করার কথা ঘোষণা করেন । ১৯৬১ সালে দু’ দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়।

পোপ ফ্রান্সিস দুই নেতার মধ্যে গোপন আলোচনায় মধ্যস্থতার মূল ভূমিকা পালন করেন। এর পর ডিসেম্বরের ঘোষণা আসে।

১৯৫৯ সালের বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ত্রো তার ভাই রাউল ও পুরানো শত্রুর মধ্যে দাতাঁতের বিষয়ে প্রকাশ্যে কোন মন্তব্য না করায় পর্যবেক্ষকরা বিস্ময় প্রকাশ করেছেন।

ওবামা হাভানার ওপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন এবং কিছু ক্ষেত্রে ভ্রমন ও বাণিজ্যিক বিধিনিষেধ শিথিল করতে নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছেন।

উল্লেখ্য, স্বাস্থ্যগত সমস্যার কারণে ২০০৬ সালে ফিদেল ক্যাস্ত্রো তার ভাইয়ের কাছে ক্ষমতা ছেড়ে দেন।

র‌্যালিতে ধীরে হাঁটায় ছাত্রকে মারধর ছাত্রলীগের

ruরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের র‌্যালিতে ধীরে হেটে পেছনে পড়ায় এক ছাত্রকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ্ হলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুজ্জামান হোসেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। হল সূত্রে জানা যায়, টানা হরতাল-অবরোধে দীর্ঘদিন ক্যাম্পাসে বন্ধ থাকা ক্লাস পরীক্ষা চালুর দাবিতে মঙ্গলবার মানববন্ধন করে ছাত্রলীগ। এ মানববন্ধনে যোগ দেয়ার জন্য ছাত্রলীগের নেতৃত্বে মাদার বখশ্ হলের শিক্ষার্থীদের নিয়ে এক র‌্যালি বের করা হয়। ওই র‌্যালীতে পেছনের দিকে থাকায় ছাত্রলীগের মাদার বখশ্ হল শাখার কর্মী আরাফাত ও রায়হান হলের আবাসিক শিক্ষার্থী নুরুজ্জামানকে দ্রুত সামনে যেতে বলেন। এ সময় শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনি ধীরে হাঁটছিলেন। মানববন্ধন শেষে হলে ফিরে আসলে বেলা দেড়টার দিকে ছাত্রলীগ কর্মী এরশাদুর রহমান ওরফে রিফাত, আরাফাত ও রায়হানসহ আরও কয়েকজন নুরুজ্জামানের ২২৩ নম্বর কক্ষে যান। এ সময় তারা তাদের কথা না শোনার অভিযোগে নুরুজ্জামানকে মারধর করেন। নুরুজ্জামান বলেন, এ ঘটনা কাউকে জানালে পরে অবস্থা আরও খারাপ হবে বলেও রিফাত তাকে হুমকি দিয়েছেন। তবে এরশাদুর রহমান রিফাত এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। মাদার বশ্খ হলের প্রাধ্যক্ষ মো. শেরেজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।