শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

বইমেলায় প্রবেশ নিষেধ

toslimaইস্কুলের লাইব্রেরিতে খুব কম গল্পের বই-ই বাকি ছিল, যেগুলো পড়া হয়নি আমার। পাবলিক লাইব্রেরি থেকেও বই নিয়ে আসতাম। ইস্কুলে যাওয়ার রিকশাভাড়া বাঁচিয়ে ঝালমুড়ি নয়, আইসক্রিম নয়, চুড়ি-ফিতে নয়, বই কিনতাম। গাঙ্গিনার পাড়ে ছিল দুটো নির্জন বইয়ের দোকান। টাকা জমিয়ে ওই দুটো দোকানেই ছুটে যেতাম। বইপোকা বলে খুব দুর্নাম ছিল। রাত জেগে বই পড়া তো ছিলই। পাঠ্যবই দিয়ে গল্পের বই আড়াল করে বছরের পর বছর পড়েছি। ধরা পড়ে বাবা মা-র হাতে প্রচুর চড়-থাপ্পড়, কিল-ঘুসি খেয়েছি। কে রুখবে আমাকে! বিকেলে ছাদে চলে যেতাম বই নিয়ে। সন্ধে নামত, বই থেকে চোখ সরত না, খুব ঘোরের মধ্যে থাকলে হয়তো বোঝা যায় না যে অন্ধকার থেকেও সময় সময় আলো ঠিকরে বেরোয়।

মাঝে মাঝে ভাবি, আমার অমন বই পড়ার অভ্যেসটা কোত্থেকে হয়েছিল? বাড়িতে তো গল্পের বই পড়ার খুব বেশি চল ছিল না। বাবা ডাক্তারি বই পড়তেন। মা কোরান-হাদিস পড়তেন। দাদারা বইয়ের চেয়ে ম্যাগাজিন-ট্যাগাজিন বেশি পড়তেন। অভ্যেসটা সম্ভবত নানির বাড়ি থেকে এসেছে। ও-বাড়িতে সাত-আট বছর বয়স পর্যন্ত ছিলাম। তখনই দেখেছি, নানির ঘরে বিকেল হলেই বই পড়ার আসর বসে। মেজ খালা বা ছোট খালা পড়েন, বড় মামা, মেজ মামা, মা, নানি, নানির পড়শিরা শোনেন। ধর্মের বই নয়। গল্প-উপন্যাস। কোনও দিন প্রেমের গল্প, কোনও দিন রহস্য উপন্যাস।

পড়ার অভ্যেসই আমাকে লেখার অভ্যেস দিয়েছে। ইস্কুলের বড় ক্লাসে উঠে রাফ খাতাগুলোকে লেখার খাতা বানিয়ে ফেলি, প্রচুর গল্প-কবিতা লিখি। ও-সব খাতা ইস্কুলে নিয়ে গেলে কাড়াকাড়ি পড়ে যায়। মেয়েরা গোগ্রাসে আমার লেখা পড়ে। বাড়িতে নিয়ে যায় পড়তে, এক জন ফেরত দিলে আর এক জন নেয়। মফস্সলের লিট্ল ম্যাগাজিনে, এমনকী ঢাকার বড় পত্রিকাতেও বেরোতে থাকে লেখা। এক সময় কবিতাপত্র সম্পাদনা আর প্রকাশনা দুটোই করতে শুরু করি। সবে তখন ১৭ বছর বয়স আমার। ইস্কুল-কলেজের বাইরে কোথাও যাওয়া নিষেধ। তখনও বাড়িতে বাবা বা দাদাদের বন্ধুরা এলে পরদার আড়ালে চলে যেতে হয়। বাইরে শৃঙ্খল, ভেতরে অদম্য কৌতূহল। তত দিনে ধর্ম থেকে, কুসংস্কার থেকে, অসংখ্য নারীবিরোধী প্রথা থেকে একা-একাই নিজেকে মুক্ত করেছি। উৎসব বলতে যদি কিছুর প্রতি আমার টান, সে ইদ নয়, পুজো নয়, বড়দিন নয়— বইমেলা।

ঢাকায় বিশাল বইমেলা হয়। কেবল শুনেছিই, দেখা হয়নি। স্বপ্ন ছিল একুশে ফেব্রুয়ারি ভোরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি…’ গাইতে গাইতে ঢাকার রাস্তায় খালি পায়ে হাঁটার, শহিদ মিনারে ফুল দেওয়ার, বইমেলা ঘুরে ঘুরে বই কেনার। স্বপ্ন, আশ্চর্য, এক দিন সত্যি হয়। আমার ছোট খালা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। আমার কান্নাকাটিতে একদিন তিনি আমাকে ঢাকায় নিয়ে গেলেন। মা-র অনুমতি নেওয়া হয়েছিল, বাবার অনুমতি চাইনি। কারণ, চাইতে গেলে তিনি পায়ের টেংরি ভেঙে আমাকে ঘরে বসিয়ে রাখবেন। লেখাপড়া বাদ দিয়ে ঢাকা শহরে ‘ফুর্তি’ করতে যাওয়ার অনুমতি তিনি পৃথিবী উলটে গেলেও দেবেন না। ফিরে আসার পর বাবার হাতে সন্ধিবেতের মার খেয়েছিলাম। সেই মার আমার পিঠের চামড়া তুলে নিয়েছিল, কিন্তু অনুশোচনা দেয়নি। সেই থেকে যা-কিছুই ঘটুক, চড়-থাপ্পড়, সন্ধিবেত, চাবুক— পরোয়া করিনি। যেখানেই থাকি, যত দূরেই থাকি, ঢাকার বইমেলায় ছুটে-ছুটে গেছি। এ বইমেলা কোনও কালেই ঠিক বইমেলা ছিল না আমার কাছে, ছিল প্রাণের মেলা। একটি মাস আসবে বলে বছরের এগারো মাস অপেক্ষা করেছি। সারা বছরের বই এক মাসেই কিনেছি। বাবা গজরাতেন, ‘মেডিকালে পড়ছ, কোথায় চোখে সর্ষের তেল ঢেলে সারা রাত মেডিকালের বই পড়বে, তা নয়তো ‘আউট বই’-এর নেশায় ঢাকায় গেছ। এই ‘আউট বই’ই তোমার মেডিকালের পড়ার বারোটা বাজাবে, এ জন্মে তোমার আর ডাক্তারি পাশ হবে না।’

বাবার ভবিষ্যদ্বাণী ঠিক ছিল না। আমি নির্বিঘ্নে ডাক্তারি পাশ করেছি। ডাক্তারির ফাঁকে ফাঁকে লেখালেখি করতাম। এক সময় আমার বই বেরোনো শুরু হল। কবিতার বই, প্রবন্ধের বই, গল্প-উপন্যাস। সে-সব বই বইমেলার স্টলে স্টলে বিক্রি হতে লাগল। লাইনে দাঁড়িয়ে মানুষ আমার বই কিনত। পাঠকেরা ভিড় করত আমার সঙ্গে একটুখানি কথা বলার জন্য, বইয়ে সই নেওয়ার জন্য। অনেক লেখক-কবির সঙ্গে দেখা হত, মত বিনিময় হত। বইমেলায় যে দিকে দু’চোখ যেত, দেখতাম শুধু বই আর বইয়ের পাঠক। বই দেখতে, বই কিনতে, বই পড়তে মানুষ উপচে পড়ছে। অন্ধকার কবন্ধের যুগে এর চেয়ে চমৎকার দৃশ্য আর কী হতে পারে! এক জন লেখকের জন্য এ যদি বেহেশ্ত না হয়, বেহেশ্ত তবে কোথায়?

আমার লেখা শুরু থেকেই কেবল লেখার জন্য লেখা ছিল না। নারীর ওপর ধর্ম আর পুরুষতন্ত্রের অত্যাচারের বিরুদ্ধে অনড় দাঁড়িয়ে যা লেখার লিখেছি। মুক্তচিন্তকরা আমাকে ভালবেসেছেন। কিন্তু আমার পথ রোধ করে দাঁড়িয়েছে মৌলবাদী গোষ্ঠী। বইমেলায় আমাকে আক্রমণ করেছে, আমার বই পুড়িয়েছে। রাস্তায় লক্ষ লোক আমার ফাঁসি চেয়ে মিছিল করেছে। আমার মাথার দাম ঘোষণা করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার কোথায় বাক্স্বাধীনতার পক্ষে দাঁড়াবে, তা নয়, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছি— এই অভিযোগে আমার বিরুদ্ধে মামলা ঠুকেছে, গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বাধ্য করেছে দেশ ছাড়তে। আমাকে নিষিদ্ধ করেছে।

ইউরোপের নির্বাসিত জীবনে অনেক বইমেলায় গিয়েছি, কিন্তু মন ভরেনি। মন পড়ে থাকত বাংলার বইমেলায়। ২০ বছর আগের কথা। ভারতের ভিসা চেয়েছি, কিন্তু ভিসা দেওয়া হয়নি। ছ’বছর পর যখন ভিসা দেওয়া হল, আর দেরি করিনি, ছুটে গিয়েছি কলকাতার বইমেলায়। পৃথিবীর যেখানেই থাকি, যত ব্যস্ততাই থাকুক, সব ফেলে, সব ঠেলে প্রতি বছর বইমেলায় গিয়েছি। মেলায় ঘুরে বেড়িয়েছি, নতুন বইয়ের গন্ধ শুঁকেছি, বই কিনেছি, পড়েছি, বাঙালি পাঠকের সঙ্গে আড্ডা দিয়েছি, বাঙালি কবির কবিতা পড়া শুনেছি। বাংলা বইমেলা আমাকে আমার হারিয়ে যাওয়া দেশ দিত। যে ভাষা আমার মায়ের ভাষা, যে ভাষা আমার ভাষা, যে ভাষায় আমি বই লিখি, ভাবি, স্বপ্ন দেখি— সে ভাষার কাছে গিয়ে, সে ভাষার বইমেলায় গিয়ে আমার নির্বাসনের দুঃখ-যন্ত্রণা অনেকটাই আমি ভুলে গিয়েছিলাম।

এক সময় ভাষার টানে কলকাতায় বাস করতে শুরু করি। কলকাতার সঙ্গে আমার সম্পর্ক অনেক কালের। ছোটবেলা থেকেই কলকাতার সাহিত্য পড়ি। আমার কবিতাপত্র ‘সেঁজুতি’-তে কলকাতার অনেক কবিই লিখতেন। আমিও লিখতাম তাঁদের কাগজে। বড় ভালবেসেছিলাম কলকাতাকে, অথচ বছর তিন পার হতেই কলকাতা ঠিক ঢাকার মতোই আচরণ করল। আমাকে গৃহবন্দি করে রাখল চার মাস। তার পর গোটা রাজ্য থেকেই ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিল। আমার অপরাধ, আমাকে মৌলবাদীরা পছন্দ করে না। আমাকে পছন্দ না করার অনেকগুলি কারণ আছে। আমি নারীকে দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে বেরিয়ে আসতে বলি, নারীবিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলি, নারীর সমানাধিকারের কথা বলি। আমাকে ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল শক্তির সহ্য হয় না। কিন্তু দেখলাম সরকারেরও সহ্য হয় না, বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও হয় না। আমাকে ব্রাত্য করল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে প্রবেশ পৃথিবীর সবার জন্য অবারিত হলেও আমার জন্য নয়। শুধু আমি মানুষটা নই, আমার নামটাই, কারও, কোনও ব্যক্তির বা কোনও গোষ্ঠীর সইছে না আজকাল। নামটা শুনেই তারা ভয় পায়, কেটে পড়ে, এড়িয়ে যায়, মুখ ফেরায়, প্রসঙ্গ পালটায়।

মুখ্যমন্ত্রী এই সে দিন কলকাতা বইমেলায় আমার বইয়ের উদ্বোধন বিঘ্নিত করেছেন, টিভিতে আমার মেগাসিরিয়াল প্রচারের আগেই প্রশাসনের হুমকিতে কেঁচে গেছে। এ সব অন্যায় মুখ বুজে দেখে গেছে কলকাতা।

বাংলাদেশের বইমেলায় আমি নিষিদ্ধ আজ ২০ বছরেরও বেশি। পশ্চিমবঙ্গে নিষিদ্ধ আট বছর। এক জন বাঙালি লেখক— যে বহু বার পুরস্কৃত হয়েছে, বাংলা ভাষায় ৪০টিরও বেশি বই লিখেছে, সে বইগুলোর অধিকাংশই পাঠকপ্রিয়তা পেয়েছে— বাংলা ভাষার মূলভূমিতে বাংলা বইয়ের মেলায় তার প্রবেশের কোনও অধিকার নেই। আমি মানুষ খুন করিনি, কারও কোনও অনিষ্ট করিনি। নিঃসঙ্কোচে বলতে পারি, আমার লেখা পড়ে অনেক স্ত্রী-পুরুষই সচেতন হয়েছে, তাদের ধর্মান্ধতা আর কুসংস্কার দূর করেছে, তারা বিজ্ঞানমনস্ক হয়েছে, উদার আর সহিষ্ণু হয়েছে। অথচ আমার মতপ্রকাশের অধিকারের বিরুদ্ধে দুই বাংলাই আজ সমান সরব। তবে কি আমার এ-ই দোষ যে, আমি সত্য কথা বলেছি? এমন কিছু সত্য আছে, যে সত্য বলতে হয় না, লোকে বলে না। বলে না, কিন্তু আমি বলেছি?

স্রোতের বিরুদ্ধে গেলে বাক্স্বাধীনতা হরণ করা হয়, বই নিষিদ্ধ করা হয়, বইমেলায় প্রবেশ বারণ করা হয়, লেখালেখি বন্ধ করে দেওয়া হয়, গৃহবন্দি করা হয়, নির্বাসন দেওয়া হয়। বাংলা থেকে আমার নির্বাসন হয়ে গেছে। যত দিন বাঁচি, এইটুকু বুঝেছি, বাংলার বাইরে আমাকে বাস করতে হবে। বাংলায় পা দেওয়ার কোনও অধিকারই আমার নেই।

ছোটবেলায় বইমেলা দেখার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আজও ফিরে ফিরে আসে। বইমেলায় না-যেতে-পারার কষ্ট পৃথিবীর সর্বসুখ দিয়েও আমি সামান্য কমাতে পারি না। একটু না-হয় অন্য রকম আমি। না-হয় একটু অন্য রকমই। অন্য রকমের কি অধিকার নেই এই সমাজে বাস করার! সবাই কি আর আপস করে? সবাই কি আর হিসেব করে কথা বলে? কেউ কেউ তো থাকে সংসারে— যারা মিথ্যেকে মানে না, অন্যায়ের সঙ্গে, যা হয় হোক, আপস করে না!

৭২ ঘণ্টার হরতাল চলছে

hortal26রোববার ভোর থেকে শুরু হয়েছে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল। লাগাতার অবরোধের মধ্যে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার ভোর ৬ টা পর্যন্ত।
শুক্রবার বিকালে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৭২ ঘন্টার হরতাল আহ্বান করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় উড়িয়ে দেয়া ও তাকে গ্রেপ্তারে আওয়ামী লীগ নেতাদের হুমকিসহ বিরোধী মত দমনে সরকারের ভূমিকার প্রতিবাদে ২০দলীয় জোট এ হরতাল পালন করছে।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন

karjaloyসাড়ে ১৯ ঘণ্টা পর খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার  দিকে বিদ্যুৎ পুনঃস্থাপন করা হয়।ডেসকোর যেসব মাঠপর্যায়ের কর্মীরা লাইন কেটে দিয়েছেন তারাই আবার সংযোগ দিয়ে যান।

শুক্রবার রাত ২টা ৪৫ মিনিটে খালেদা জিয়া গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। শনিবার সারাদিন এই বিষয়টি ছিল টক অব দ্য কান্ট্রি।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর একে একে খালেদার অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেট, ডিশ সংযোগ এবং মোবাইল ফোন বন্ধ করে দেয়া হয়।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর রাতে খালেদা জিয়া এক ঘণ্টা অন্ধকারে কাটান। সকালে জেনারেটর চালু করা হয়।

শনিবার বিকালের দিকে গুলশান অফিস হয়ে ওঠে গ্রেফতারের ফাঁদ। দলীয় নেতাকর্মীদের যারাই গিয়েছেন, তাদেরই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাত ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ছয় সদস্য।

রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ। তিনি সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে।

কেন সরকার খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল, কেনইবা আবার সংযোগ দেয়া হলো সে সম্পর্কে সরকারের পক্ষ থেকে কেউ মুখ খোলেননি। তবে শুক্রবার এক সমাবেশে আওয়ামী লীগের নেতা ও নৌপরিবহণ মন্ত্রী মো: শাজাহান বলেছিলেন, হরতাল অবরোধ প্রত্যাহার না করা হলে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ, পানি, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। শনিবারও বাগেরহাটে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার নয়, শ্রমিকরাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। তিনি আরো বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে খাবার পাঠানো হলে তা শ্রমিকরা কেড়ে নেবে।

অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা জিতলেন সেরেনা

sherenaঅস্ট্রেলিয়া ওপেনে নারী এককের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। রাশিয়ান তারকা মারিয়া শারাপোভাকে হারিয়ে তিনি এই শিরোপা জিতেন।

শনিবার মেলবোর্নে ফাইনালে শারাপোভাকে ৬-৩, ৭-৬ সেটে হারান আমেরিকার এই তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনে এটা সেরেনার ষষ্ঠ শিরোপা এবং ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম।
এর আগে সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ ছিলেন স্বদেশী ম্যাডিসন কেস।
আর শারাপোভার প্রতিপক্ষ ছিল তার স্বদেশী একতেরিনা মাকারোভা। তাকে ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে ফাইনালে উঠেন শারাপোভা।

 

রিজভীকে ডিবিতে হস্তান্তর

rizvi31গভীর রাতে রাজধানীর একটি বাসা থেকে ধরে নেয়ার পর শনিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বাড্ডা থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ তাকে গোয়েন্দাদের (ডিবি) কাছে হস্তান্তর করে।

এর আগে শনিবার বিকেল ৪টার রিজভীকে ব্যার-১ বাড্ডা থানায় হস্তান্তর করার পরপরই পুলিশ তাকে গোয়েন্দাদের হাতে তোলে দেয়।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জলিল জানান, গত ২৬ জানুয়ারি বাড্ডা এলাকায় একটি গাড়ি পোড়ানো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা বিএনপির এ নেতাকে র‍্যাব-১ শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বারিধারার একটি বাড়ি থেকে আটক করে।

উল্লেখ্য, এর আগে গত ৪ ডিসেম্বর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই রাতেই তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তবে দু’দিন পরেই তিনি সেখান থেকে পালিয়ে আত্মগোপন করেন। এরপর উত্তরার কোনো এক বাসা থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছিলেন তিনি।

ইয়াবার নৌকা আটক

eyaba23চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেলের সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবাসহ নৌকার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৬৬ লাখ টাকা।

আজ শনিবার   ভোরে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় বলে এক সংবাদ  বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তবে এ ঘটনায়় কাউকে আটক করা সম্ভব হয়়নি বলেও জানানো হয়।
বাংলাদেশ নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেলের কমান্ডার এম আতিকুর রহমান, (জি), পিএসসি বিএন এর নের্তৃত্বে একটি টহলদল চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর ও তৎসংলগ্ন এলাকায় টহল প্রদানকালে উক্ত বোটটির গতিবিধি সন্দেহজনক হলে নৌবাহিনীর টহল দলের সদস্যরা বোটটিকে ধাওয়া করে।
এ সময়় টহলদলের উপস্থিতি টের পেয়ে মাঝিরা বোটটি তীরবর্তী অঞ্চলে রেখে পালিয়ে যায়়। পরবর্তীতে বোটে তল্লাশী চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাসহ উদ্ধারকৃত নৌকাটিকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেলের সদস্যদের দ্বারা পরিচালিত নিয়মিত এ অভিযানের ফলে চট্টগ্রামের বহিঃনোঙ্গরসহ আশেপাশের এলাকাগুলোতে অবৈধ চোরাচালান অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খালেদার কার্যালয় ঘেরাও করে খাদ্য বন্ধের হুমকি নৌমন্ত্রীর

shajahan14শুধু বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগই বন্ধ নয়, প্রয়োজনে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। শনিবার দুপুরে মাদারীপুরে ডা. মোজাম্মেল হক খান ও কাজী আনোয়ার হোসেন সড়কের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নৌ মন্ত্রী আরো বলেন, যে সকল বিএনপি নেতাকর্মীরা তার জন্য খাবার নিয়ে যাবে, ঘেরাওকারীরা সেই খাবার ছিনিয়ে নিয়ে নিজেরা ভাগ করে খাবে। এসময় মন্ত্রী জানান, এমন কর্মসূচি হাতে নেয়া হচ্ছে যে ১০ দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ মন্ত্রী জানান, সরকার নয় খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছে শ্রমিকরা। নৌ মন্ত্রী আরো বলেন, এসএসসি পরীক্ষা নির্বিঘœ করতে প্রয়োজনে আমরা রাস্তায় পাহাড়া দেব। এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, আপনারা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের তালিকা তৈরি করুন। গণআদালতে তাদের বিচার করা হবে। সড়ক উদ্বোধন শেষে সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজেবুল আহসান প্রমুখ।

মির্জা ফখরুলের মা হাসপাতালে

united hospitalবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল সোয়া ৩টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ৮০ বছর বয়সী আমিনা বনানীর ডিওএইচএসে মেয়ের বাসায় ছিলেন। দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মির্জা ফখরুল ইসলাম কারাগারে বন্দি আছেন। পল্টন এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ফখরুলকে গত ৭ই জানুয়ারি প্রেসক্লাব থেকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জে বাসে আগুন

bus fire31নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতার ঢাকা-সিলেট মহাসড়কে গ্লোরী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এসময় স্থানীয়দের সহযোগিতা বাসের চালক আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এতে বাসের ৮টি আসন পুড়ে গেলেও কেউ আহত হয়নি।

‘সন্তু লারমার সঙ্গে সংলাপ হলে খালেদা কেন নয়?’

bcwপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, “পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আপনি সন্তু লারমার সঙ্গে সংলাপ করতে পারেন কিন্তু দেশের শান্তির জন্য খালেদা জিয়ার সঙ্গে সংলাপে বসতে সমস্যা কোথায়?” একইসঙ্গে তিনি বিএনপিকেও তাদের অবস্থান থেকে সরে এসে সংলাপের পথে আসার আহ্বান জানান।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গুড গভর্নেন্স ফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে জাতীয় সংলাপ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বি চৌধুরী বলেন, “এ সরকারের সঙ্গে সংলাপ একটি দুরহ ব্যাপার। একমাত্র জনগণ ফুঁসে উঠলেই সংলাপ হতে পারে।”

তিনি বলেন, “সরকার বলছে সংলাপের প্রয়োজন নেই। সরকারই যদি সংলাপের প্রয়োজন অনুভব না করে তাহলে তো সংলাপ সম্ভব নয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে এ যুদ্ধে জয় আসবে না।”

সেমিনারে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ, ইন্টারনেট বিচ্ছিন্ন করেও সরকার আন্দোলন দমন করতে পারছে না।”

দুই নেত্রীর উদ্দেশে তিনি বলেন, “চলমান সংকট থেকে উত্তরণের জন্য সংলাপের বিকল্প নেই। সংলাপ না করলে কঠিন পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন।”

মান্না বলেন, “সংলাপে সমস্যার সমাধান না করলে এমন এক শক্তি ক্ষমতায় আসবে যা আপনারা কেউ পছন্দ করবেন না। কিন্তু জনতা তাদেরকে স্বাগত জানাবে। কিন্তু এটা আমাদের কাম্য নয়। আমরা চাই সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান হোক।”

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সুপ্রিমকোর্টের সাবেক রেজিস্টার ইকতেদার আহমদ। আয়োজক সংগঠনের সভাপতি বিচারপতি সিকদার মকবুল হকের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী, আমাদের অর্থনীতি সম্পাদক নাইমুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকমল বড়ুয়া প্রমুখ।