শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

পুলিশ পাহাড়ায় থাকা বাস-ট্রাকে হামলা

borishalmapবরিশালে পুলিশের পাহাড়ায় থাকা বাস ও ট্রাকে হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা। হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলে যাত্রীবাহী ১টি বাস ও ২টি ট্রাকের সামনের গ্লাস ভেঙ্গে গেছে।

বুধবার রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, বুধবার রাত সোয়া ১০টার দিকে পুলিশ প্রটেকশনে থাকা গাড়ির বহরে কিছু লোক পেছনের দিক থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ হামলাকারীদের ধাওয়া করলে তারা পাশের কৃষি জমির ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।

 

‘জনগণকে শ্বাস নিতে দিন’

satrodolজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০১ জন সাবেক ছাত্রদল নেতা এক বিবৃতিতে বলেছেন, ”রাষ্ট্রীয় তথা আওয়ামী সন্ত্রাসের হাত থেকে গণতন্ত্রকে উদ্ধার করে জনগণকে মুক্ত বাতাসে শ্বাস নিতে দিন। সন্তান এবং অসংখ্য নেতাকর্মী হারানো বাকরুদ্ধ এক মা বেগম খালেদা জিয়াকে ন্যূনতম নাগরিক সেবাসমূহ থেকে বঞ্চিত করে, অর্বাচিন এক মামলাবাজের মামলায় বেগম জিয়াকে হুকুমের আসামি করে এবং ক্রসফায়ারের নামে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, জুলুম এবং মামলা-হামলা করে আওয়ামী লীগ জনগণকে বাকশালের সেই পুরোনো ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে- যা থেকে সমগ্র বাংলাদেশ মুক্তি চায়।”

বুধবার এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন।

বিবৃতিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে নতুন নির্বাচনের দাবি করা হয়, অন্যথায় অচিরেই আগত গনঅভ্যুত্থানের মাধ্যমে পতনের পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়।

বিবৃতিদাতা নেতারা হলেন- আশরাফ উদ্দিন খান, মো: আজগর হোসেন, রাশেদুল হাসান মাসুম, আমিনুল হক আলম, মাসুদ হাসান লিটন, সাব্বির হোসাইন,  মো: আশরাফুল আলম জুয়েল, ড: মো: আহসানুল হক, ড. মোঃ মোস্তফা কামাল পাশা,ওয়ালিদ খান,  আব্দুর রহমান বাবুল, জাহেদুল আলম হিটো, সাবিনা ইয়াসমীন, মাকসুদা আক্তার শিল্পী এবং শওকত আলী টুটুল প্রমুখ।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৯৩ রানে অলআউট বাংলাদেশ

bdcricketঅস্ট্রেলিয়া একাদশের সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ জাতীয় দল। মুশফিক-সাকিবরা গুটিয়ে যায় ১৯৩ রানে।

বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের হয়ে এদিন নাসির হোসেন সর্বোচ্চ ৫২ রান করেন।

জয়ের জন্য ১৯৪ রান নিয়ে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্য ন্ত অস্ট্রেলিয়া একাদশের সংগহ ১ উইকেটে ৬৯ রান।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় টাইগাররা।

প্রসঙ্গত, বিশ্বকাপের আগে আগামী ৯ ও ১২ ফেব্রুয়ারি পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি-সাকিবরা।

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৬

arrest28রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় যৌথবাহিনীর অভিযানে ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫১ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী; বাকী ২৫ জন বিএনপির নেতাকর্মী।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে হরতাল-অবরোধ চলাকালে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার আসামী হিসেবে এই ৭৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতদের যথাযথ আইন প্রক্রিয়ার মাধ্যমে রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

 

জয়দেবপুর রেল স্টেশনে তুরাগ ট্রেনের বগিতে আগুন, আটক এক

train fireগাজীপুরের জয়দেবপুর জংশনে বৃহস্পতিবার সকালে তুরাগ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির দুটি সিট পুড়ে যায়।  গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই জংশনের নিজস্ব ব্যবস্থায় ও যাত্রীদের সহায়তার আগুন নেভানো হয়।  তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় রেল স্টেশনের কর্মচারীরা একজনকে আটক করেছে।  তুরাগ ট্রেনের যাত্রীরা জানান, ঢাকা-গাজীপুর রুটের তুরাগ ট্রেনটি ঢাকা থেকে সকাল সাড়ে ছয়টার দিকে জয়দেবপুর জংশনে এসে থামে। এর পরপরই হঠাৎ করে ট্রেনের পেছন দিক থেকে দ্বিতীয় বগিতে আগুন দেখা যায়। তাৎক্ষণিকভাবে জংশনের নিজস্ব ব্যবস্থায় এবং যাত্রীরা মিলে আগুন নিভিয়ে ফেলে। জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই দাদন মিয়া জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তার নাম মমিন (২৫)। সে গাজীপুর জেলা শহরের জোড়পুকুরপাড় এলাকার নূরুন্নবীর ছেলে।  গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, জংশনের নিজস্ব ব্যবস্থায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে ট্রেনের দুটি সিট পুড়ে গেছে।

চট্টগ্রামে ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

eyaba23চট্টগ্রাম বন্দর থেকে ১৫ লাখ পিস ইয়াবা আটক করেছে নৌ বাহিনী। সংশ্লিষ্টরা বলছেন, এটাই দেশের ইতিহাসে আটক করা ইয়াবার সবচেয়ে বড় চালান।

বুধবার গভীর রাতে নৌ বাহিনীর এন্টি স্মাগলিং ইউনিট বহির্নোঙ্গরে একটি মাছ ধরার নৌকা থেকে এসব ইয়াবা আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
নৌ বাহিনীর মিডিয়া উইংয়ের কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে নিয়মিত টহলে ছিলেন এন্টি স্মাগলিং ইউনিট দলের সদস্যরা। এফবি রাজিব নামে ইঞ্জিনচালিত একটি মাছ ধরার নৌকাকে সন্দেহ হওয়ায় থামার নির্দেশ দেন তারা। এ সময় নৌকার লোকজন দ্রুত তীরে ভিড়িয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। নৌ বাহিনীর সদস্যরা নৌকা তল্লাশি করে বিশেষ কায়দায় প্যাকেটভর্তি ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
নৌ কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৩ কোটি টাকা। এই বিপুল পরিমান ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

 

মিরসরাইয়ে চলছে গণ গ্রেফতার

mirshorai5‘আমার স্বামী নওশা মিয়া ইট ভাটা কাজ শেষে বাজারে আসে চাল কিনতে। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও স্বামী ঘরে না ফেরায় খোঁজ করতে থাকি। পরে খবর পাই মিরসরাই থানা পুলিশ তাকে আটক করে নিয়ে এসেছে। আমার স্বামীর কোনো দোষ নেই। তিনি ইটভাটায় দিন মজুরি কাজ করেন’- কথাগুলো বলছিলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার নওশা মিয়া ইটভাটার শ্রমিক আবু তাহেরের স্ত্রী বিবি ফাতেমা।

উপজেলার জামালের দোকান থেকে মঙ্গলবার বিকেলে আবু তাহেরকে আটক করে মিরসরাই থানা পুলিশ। হাইতকান্দি ইউনিয়নে মহালংকা জগদ্বিশপুর গ্রামে যুবলীগকর্মী মহিউদ্দিনের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। শুধু আবু তাহের নয়; এ সময় বিভিন্ন গ্রাম থেকে আরো ২৩ জনকে আটক করে মিরসরাই থানা পুলিশ।

বুধবার মিরসরাই থানায় গিয়ে দেখা যায়, জেলে তিল ধারণের ঠাঁই নেই। থানার সামনে যেন মেলা বসেছে। আটককৃতদের আত্মীয়-স্বজনের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে থানার গেইটে তালা লাগিয়ে দেয়া হয়।

জানা গেছে, যাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে তাদের অনেকে দিন মজুর। তবে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার গিয়ে তদবির করে কয়েকজনকে ছাড়িয়ে নিয়ে এলেও নিরীহ ব্যক্তিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

নিরীহ আবু তাহেরের স্ত্রী বিবি ফাতেমা আরো জানান, তার স্বামী নিরপরাধ। তিনি কোনো রাজনীতি করেন না। ইটভাটায় কাজ করেন। প্রতিবশির কাছ থেকে টাকা নিয়ে স্বামীকে দেখতে থানায় এসেছেন। তিন ছেলে মেয়ে নিয়ে এখন তাকে না খেয়ে থাকতে হবে।

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী জানান, পুলিশ কিছু লোককে আটক করেছে। তবে নিরপরাধ ব্যক্তিদের ছাড়িয়ে আনতে তিনি সুপারিশ করেছেন।

মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই যশমন্ত মজুমদার বলেন, “হাইতকান্দিতে যুবলীগ-কর্মীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন ২৩ জনকে আটক করে চট্টগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।”

মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

cross fieeরাজধানীর মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান মিরপুর থানার এসআই মোক্তারুজ্জামান।

এ প্রতিবেদন তৈরি করা পরযন্ত নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স ২২ বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়,  সেনপাড়া পর্বতা এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুঁড়ায় আত্মরক্ষার্থে এ যুবকের উদ্দেশে গুলি ছুঁড়ে পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওই যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয় বলে ঢাককা মেডিকেকল কলেজ হাসপাতাল সূত্র জানায়।

বগুড়ায় পেট্রলবোমায় চালক নিহত

bogra mapবগুড়ায় পেট্রলবোমায় শহীদুল ইসলাম (৩৮) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। পানবোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালালে এ ঘটনা ঘটে।

এতে একজন নিহত ও আহত হয়েছেন দুজন। দগ্ধ চালক ও হেলপারকে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর তেলিপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল সরকার (৪০) বগুড়ার শিবগঞ্জ থানার বনতেঘড়ি গ্রামের আফজাল সরকারের ছেলে।
এদিকে এ ঘটনার পর যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে দুর্বৃত্তরা একটি পানবোঝাই ট্রাকে পেট্রোবোমা নিক্ষেপ করলে ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বাসকে ধাক্কা দিলে পাশে থাকা আরো তিনটি বাসে আগুন ধরে যায়।
এ সময় পানবোঝাই ওই ট্রাকে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পান ব্যবসায়ী মারা যান।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ ট্রাক চালক মামুন (৪৬) ও হেলপার ইমরানকে (৪০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) শাহ আলম জানান, এ ঘটনার পরপরই যৌথ বাহিনী শহরে অভিযান শুরু করে। অভিযানে এ পর্যন্ত ছাত্রশিবির সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে।

ক্রিকেট দিয়েই জীবনে ফিরতে চাইছে আফগানিস্তান

ভারতে বেশ কয়েক বছর পড়াশোনা করার সুবাদে ক্রিকেটের সঙ্গে পরিচয় হয়েছে বেশ ভালোই। হায়দরাবাদে মাঝেমাঝেই বন্ধুদের সঙ্গে ক্রিকেটে মেতে উঠতাম। আমার দেশে ক্রিকেট কার্যত সদ্যজাত শিশু। ২০০১ সালে আফগানিস্তানে ক্রিকেটের জন্ম। প্রতিবেশী দেশ পাকিস্তান থেকেই আমাদের দেশে ক্রিকেটের আবির্ভাব। আর কয়েক বাকি বিশ্বকাপের। ভাবলে রোমাঞ্চ হচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে বাকি তাবড় তাবড় দেশগুলির সঙ্গে লড়তে নামছে আমার দেশও। শক্তির নিরিখে আমরা ক্ষুদ্র হতে পারি। কিন্তু ক্রিকেটের লড়াইয়ে যে কাউকে বিনা যুদ্ধে মাটি ছাড়বো না আমরা, সেকথা বলতে পারি বুকে হাত রেখে।

গত দুই দশকে অনেক রক্তপাত দেখেছি আমরা। এখনও অব্যহত রক্তপাত। রাতের বেলা কান পাতলে নিস্তব্ধতার মাঝেমাঝেই দূরে গোলাগুলির আওয়াজও শোনা যায়। সঙ্গে রয়েছে রাজনৈতিক অস্থিরতা। তিন মাস হয়েছে নতুন সরকার হয়েছে। কিন্তু এখনও তৈরি হয়নি মন্ত্রিসভা। সরকারি কাজকর্ম শিকায়। কিন্তু এত রক্তপাত, হানাহানি, সমস্যার মধ্যেও হারিয়ে যায়নি আমাদের স্বপ্ন। সুস্থ, শান্তিপূর্ণ জীবনের স্বপ্ন দেখি আমরা। দেশে নানা সমস্যা। তারমধ্যে ক্রিকেট যেন কিছুটা অক্সিজেন। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি আমরা। যখন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলাম আমরা, তখন গোটা দেশের যারা ক্রিকেট সম্পর্কে খোঁজখবর রাখে, আমাদের মতো তরুণ প্রজন্ম দারুণভাবে উদ্বেল হয়েছিল। বিশ্বকাপে আমাদের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো তাবড় তাবড় ক্রিকেট শক্তি। তাদের বিরুদ্ধে আমরা নেহাতই শিশু। কিন্তু ভুললে চলবে না আমরা কিন্তু গত এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে নজর কেড়েছিলাম। গোটা দেশসহ কাবুলে এখন প্রচণ্ড ঠাণ্ডা। তাপমাত্রা সবসময়ই থাকছে শূন্যের কাছাকাছি। কিন্তু ক্রিকেট উত্তাপ ছড়াচ্ছে তার মধ্যেই। কাবুলের একটি ইনডোর আকাদেমিতে চলছে জাতীয় দলের প্রস্তুতি। প্রবল ঠাণ্ডায় শুধু নেটে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ের অনুশীলনেই শেষ নয় আফগানদের বিশ্বকাপের প্রস্তুতি। শরীর গরম রাখতে ক্রিকেটীয় আভিধানিক অনুশীলনের পাশাপাশি করতে হচ্ছে শাটল রান এবং ভারত্তোলনও। বিশ্বকাপের প্রস্তুতির জন্য কয়েকদিন আগেই দল গিয়েছিল দুবাইয়ে। সেখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। জাতীয় দলের বেশ কয়েকজন পেশাদার ক্রিকেটার। বাকিরা আংশিক সময়ের জন্য খেলেন। আমাদের দলের বৈশিষ্ট্য হলো, টি-২০ ঘরানার আক্রমণাত্মক ব্যাটিং এবং জোরে বোলিং, যা অস্ট্রেলিয়ার মাটিতে চমক তৈরি করতেই পারে।

গত বিশ্বকাপের সময় ভারতে ছিলাম। দেখেছি কিভাবে নানা বয়সের অজস্র মানুষ ক্রিকেটের নেশায় বুঁদ হয়ে যান। আমাদের এখানেও কিন্তু ক্রিকেট নিয়ে উন্মাদনা নেহাত কম নয়। জালালাবাদের যে গ্রামে আমি থাকি, সেখানে তো বটেই, আফগানিস্তানের শহরে-গ্রামের পাড়ায় পাড়ায় কিন্তু অনেকেই সময় পেলে ক্রিকেট ব্যাট আর বল হাতে নেমে পড়ছেন। দেশের পূর্ব এবং দক্ষিণাংশেই ক্রিকেট নিয়ে উন্মাদনা চোখে পড়ে সবচেয়ে বেশি। আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার হামিদ হাসান। অধিনায়ক মুহম্মদ নবিও বেশ জনপ্রিয়। গত দু’বছর ধরে দেশের ঘরোয়া লিগ চালু হয়েছে। সিক্সার লিগ। সেখান থেকেও অনেক নতুন ক্রিকেটার উঠে আসছে। বিশ্বকাপে আমরা কেমন খেলবো তা নিয়ে অনেকেরই হয়তো আগ্রহ থাকবে না। কিন্তু একথা বলতে পারি, যুদ্ধদীর্ণ দেশের তিন কোটিরও বেশি মানুষের কাছে বিশ্বকাপ ক্রিকেট কিন্তু নিছক টিভির সামনে বসে গলা ফাটানোর বিনোদন নয়। নতুন করে জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার একটা বাড়তি রসদও। জিতি বা হারি, বড় কথা নয়। দৈনন্দীন জীবনের লড়াইটা জারি থাকবে বাইশ গজেও। আমাদের হারানোর কিছু নেই। কিন্তু ছোঁয়ার জন্য রয়েছে এক আকাশ সমান স্বপ্ন।

(ধ্বংসস্তূপ থেকে ক্রিকেটের মহামঞ্চে। বিশ্বকাপে অভিষেক ঘটতে চলেছে আফগানিস্তানের। আমেরিকান সামরিকবাহিনীর চাপে নাভিশ্বাস উঠতে থাকা যুদ্ধদীর্ণ দেশবাসী ফিনিক্স পাখির মতোই আকাশ ছুঁতে চাইছেন ক্রিকেটকে আঁকড়ে। ক্রিকেট কিভাবে লড়াইয়ের রসদ জোগাচ্ছে আফগানিস্তানবাসীকে, তা নিয়ে কলম ধরলেন জালালাবাদের বাসিন্দা লেখক। পঠনসূত্রে ভারতে ছিলেন বেশ কয়েক বছর। ক্রিকেটকে ঘিরে কিভাবে জীবনের স্বপ্ন দেখছেন আফগানরা, তুলে ধরলেন সেকথা।)