শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

বার্ন ইউনিটকে আ.লীগের প্রচারকেন্দ্র বানিয়েছে সরকার : ড্যাব

dab5ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটকে সরকার ও আওয়ামী লীগের প্রচারকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

ড্যাব কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পক্ষে- সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক এবং মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার দেয়া যুক্ত বিবৃতিতে তারা এ অভিযোগ করেন।

চিকিৎসক নেতারা বলেন, আমরা সকল গুম খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, জ্বালাও পোড়াও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে আলাপ-আলোচনার মাধ্যমে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে দেশে শান্তি, শৃংখলা, আইনের শাসন, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি।

৫ জানুয়ারি তথাকথিত ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অধিষ্ঠিত অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ জনগণের উপর অন্যায় অত্যাচার, গুম খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মিথ্যা মামলায় গণগ্রেফতার বাণিজ্যে মেতে উঠেছে। তারই অংশ হিসেবে সরকার সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য মালিক ও সম্পাদকদের নিয়ে দফায় দফায় মিটিং করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি, মিথ্যা মামলা, গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। যাতে করে সকল মিডিয়া সরকারের নির্দেশ মত সংবাদ পরিবেশন করেন। দেশের সঠিক সংবাদ জানার অধিকার এদেশের সাধারণ জনগণের আছে। জনসাধারণকে সঠিক সংবাদ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে সরকারের কঠোর সমালোচনা করেন ড্যাব নেতারা।

বিবৃতিতে বেসরকারি টিভি চ্যানেল এসোসিয়েশন এটকো সভাপতি, এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী, একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানসহ সকল মিডিয়া কর্মকর্তা, কর্মচারী, সম্পাদক, চেয়ারম্যানসহ সংবাদকর্মী ও সকল সাংবাদিকের মিথ্যা মামলায় গ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এছাড়া সকল বন্ধ মিডিয়া খুলে দেয়ার দাবিসহ অনতিবিলম্বে সকল সংবাদ মাধ্যমের কর্মকর্তা ও কর্মচারী, সম্পাদক, চেয়ারম্যানসহ সকল বিরোধীদলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

নারীদের সৌন্দর্য চর্চা শয়তানের কাজ: আইএস

is5নারীর ভূমিকা নিয়ে ইসলামিক স্টেট যোদ্ধাদের মনোভাব কি ধরনের, তার একটি রূপরেখা অনলাইনে প্রকাশ করেছে সিরিয়া এবং ইরাকে সংগঠনটির সমর্থকরা।

বৃটেনের উগ্রপন্থা-বিরোধী একজন চিন্তাবিদ এটি ইংরেজিতে অনুবাদ করেছেন।

তাতে বলা হয়েছে, আইএস মনে করে, নারীদের সৌন্দর্য চর্চা শয়তানের কাজ।

আইএস এর সমর্থকরা ওই লেখাটিতে বলতে চেয়েছেন যে, নারীর সমতা অর্জনে পশ্চিমা মডেল ব্যর্থ হয়েছে।

তাদের মতে, নারীদের শিক্ষিত হতে হবে, বিশেষ করে ধর্মীয় বিষয়ে। তবে তা সাত বছর থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। এরপর তাদের বিয়ে দিতে হবে এবং নিজেদের সবার সামনে থেকে আড়াল করে ফেলতে হবে।

নথিতে আরও বলা হয়েছে, ফ্যাশন-বুটিক এবং সৌন্দর্য চর্চার যেসব পার্লার বা দোকানপাট রয়েছে তা হচ্ছে শয়তানের কাজ।

বিবিসির একজন সংবাদদাতা জানান, উপসাগরীয় আরব দেশ, বিশেষত সৌদি আরবের নারীদের আইএস সংগঠনে নিয়োগের ব্যাপারে আকৃষ্ট করার লক্ষ্যেই মূলত এই নথিটি প্রকাশ করা হয়েছে।– বিবিসি।

পেট্রলবোমায় ট্রাক চালক দগ্ধ: ফেসবুকে ‘দায় স্বীকার’ ছাত্রলীগের

ligরাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ফেসবুকের অফিসিয়াল পেজে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের দায় স্বীকার করে পোস্ট দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই পোস্ট দেয়া হয়। এর প্রায় ৪০ মিনিট পর আবার ওই পোস্টটি ডিলিট করা হয়েছে। তবে ছাত্রলীগের দাবি, ‘একজন এডমিনের ব্যক্তিগত এ্যাকাউন্ট হ্যাক’ করে কেউ ওই পোস্ট করেছে।
প্রসঙ্গত, গত বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকাগামী মালবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায় এবং ট্রাক চালক দগ্ধ হয়েছে। এছাড়া গত ৩ থেকে ৪ দিন ধরে রাবির আবাসিক হলসহ ক্যাম্পাসের ভিতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে এসব ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নি। এ বিষয়ে ছাত্রলীগের একটি গোপন সূত্র জানিয়েছে, ‘ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের স্বার্থে বিভিন্ন সময় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।’
সূত্র জানায়, ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট’ নামে একটি ফেসবুক পেজে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে একটি পোস্ট আপডেট করা হয়। ওই পোস্টে উল্লেখ করা হয়, “চিন্তা কর মামা কি ব্রেইন। পেট্রল বোমা ককটেল মারছি আমরা আর দোষ হচ্চে বিএনপি ছাত্রদল জামায়াত শিবীর এর। একেই বলে পলিটিক্স।” প্রায় সাড়ে ৮ হাজার লাইকের ওই ফ্যান পেজে এই পোস্ট দেয়ার ১২ মিনিটের মাথায় ১২ টি লাইক পড়ে। প্রায় ৪০ মিনিট পর ওই পোস্ট ডিলিট করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা রাবি ছাত্রলীগের নামে খোলা ওই পেজটি ছাত্রলীগের অফিসিয়াল পেজ বলে স্বীকার করেছেন। তবে এ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল দাবি করে তিনি বলেন, ‘পেজের এ্যাডমিন ছাত্রলীগের দু’জন কর্মীর সঙ্গে পরে এ বিষয়ে আমার কথা হয়েছে। একজন  এ্যাডমিনের ব্যক্তিগত একাউন্ট হ্যাক হওয়ায় তার একাউন্ট থেকে ওই পোস্ট দেয়া হয়েছে। এ ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনের নিকট মৌখিকভাবে জানিয়েছি।’

ডায়াবেটিসের ম্যাজিক পিল

pilডায়াবেটিসের একটি ম্যাজিক পিল আবিষ্কার করে ফেলেছেন গবেষকরা। তারা বলছেন, প্রতিদিন নিয়মিত পিলটি সেবনে শারীরিক গঠন পুনর্বিন্যস্ত হয়ে টাইপ-১ ও টাইপ-২ উভয় ধরনের ডায়াবেটিস রোগ সেরে যায়। সাধারণত মানুষের অন্ত্র বা নাড়িভুঁড়িতে থাকা একটি উপাদান থেকে এ প্রোবায়োটিক পিলটি আবিষ্কার করেছেন নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, পিলটি ডায়াবেটিস রোগীর অগ্ন্যাশয় থেকে ব্লাড সুগার অন্ত্রে স্থানান্তর করে। সাধারণত সুস্থ মানুষের অগ্ন্যাশয় ইনসুলিনকে পরিশোধন করে গ্গ্নুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে। কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অগ্ন্যাশয় হয় কোনো ইনসুলিন উৎপাদনই করে না কিংবা যে পরিমাণ উৎপাদন করে, তা হরমোনের জন্য যথেষ্ট নয়। কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, প্রোবায়োটিক ম্যাজিক পিলের চিকিৎসা রক্তে গ্গ্নুকোজ লেভেল ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। তাদের মতে, এই পিলের উচ্চতর ডোজ উভয় ধরনের ডায়াবেটিস নিরাময়ে সক্ষম। মানুষের অন্ত্রের নির্যাস থেকে তৈরি এই নতুন ম্যাজিক পিলে রয়েছে জীবন্ত ব্যাকটেরিয়া। কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক দল আশা করছে, তাদের তৈরি করা পিলটি মানুষের শারীরিক বিন্যাস পাল্টে দিয়ে টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস নিরাময়ের পথ উন্মোচন করবে। গবেষক দলের প্রধান অধ্যাপক জন মার্চ বলেন, তাদের আবিষ্কারটি ‘নীতিগতভাবে প্রমাণিত’ হয়েছে। তিনি বলেন, ‘এখন এটা মানুষের মাঝে ভালোভাবে কাজ করলেই কেল্লা ফতে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য মানুষকে আর অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে না।’

ডায়াবেটিস একটি জটিল রোগ। এ রোগে আক্রান্তদের রক্তে থাকে প্রচুর পরিমাণ গ্গ্নুকোজ। কারণ, তাদের দেহ ওই গ্গ্নুকোজ যথাযথভাবে কাজে লাগাতে সক্ষম নয়। আর ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির অগ্ন্যাশয় হয় ইনসুলিন উৎপাদনে একেবারেই অক্ষম কিংবা পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন করতে পারে না। এমনকি উৎপাদিত ইনসুলিন যথাযথ কাজে লাগাতেও অক্ষম তাদের দেহ। অথচ দেহের জন্য ইনসুলিন অতীব গুরুত্বপূর্ণ। সাধারণত এটা দেহকোষের তালা খুলে দেয়, যাতে কোষে গ্গ্নুকোজ প্রবেশ করে শক্তি জোগাতে পারে। আর ডায়াবেটিস রোগীদের দেহ গ্গ্নুকোজকে জ্বালানি হিসেবে কাজে লাগাতে অক্ষম, যে কারণে তাদের দেহে গ্গ্নুকোজের মাত্রা প্রতিনিয়ত বাড়তেই থাকে।
অধ্যাপক মার্চের নেতৃত্বাধীন গবেষক দল হিউম্যান প্রোবায়োটিক নামে একটি ল্যাকটোব্যাকিলাস ছাঁকনি তৈরি করেছে, যা সাধারণত মানুষের অন্ত্র বা নাড়িভুঁড়িতে বিদ্যমান। এ প্রোবায়োটিক পেপটাইড নামের একটি হরমোনকে পরিশোধন করে। দেহে খাবার প্রবেশ করলে পেপটাইড হরমোন তা থেকে ইনসুলিন তৈরি করে। গবেষক দল প্রথমে প্রোবায়োটিক পিলটি ডায়াবেটিসে আক্রান্ত ইঁদুরের ওপর ৯০ দিন পর্যন্ত প্রয়োগ করে। এ সময় তারা ডায়াবেটিসে আক্রান্ত অন্য ইঁদুরের গ্গ্নুকোজ লেভেলের সঙ্গে পিল প্রয়োগ করা ইঁদুরের গ্গ্নুকোজের তুলনা করে দেখেন। এতে দেখা যায়, পিল প্রয়োগ করা ইঁদুরগুলোর গ্গ্নুকোজের মাত্রা অন্য ইঁদুরগুলোর চেয়ে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে।
এর পর আরেকটি পরীক্ষার ফল আরও চমকপ্রদ। বিজ্ঞানীরা দেখতে পান, ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের অন্ত্রের উচ্চভাগ এমন একটি কোষে পরিণত হয়েছে, যা অগ্ন্যাশয়ের কোষের মতো কাজ করছে। আর সুস্থ মানুষের অগ্ন্যাশয়ের কোষ ইনসুলিন পরিশোধন করে গ্গ্নুকোজের মাত্রায় ভারসাম্য রক্ষা করে।
সম্প্রতি ডায়াবেটিস জার্নালে এই গবেষণা নিবন্ধটি প্রকাশ হয়েছে। অধ্যাপক মার্চ আরও বলেন, প্রোবায়োটিক পিল প্রয়োগের পর ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের দেহে গ্গ্নুকোজ সুস্থ ইঁদুরের দেহের গ্গ্নুকোজের সমপর্যায়ে নেমে আসে। তিনি জানান, এখন তাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে প্রোবায়োটিক পিলের উচ্চতর ডোজের পরীক্ষা চালানো। যেন এটা প্রমাণ করা যায় যে, ওষুধটি উভয় ধরনের ডায়াবেটিস নিরাময়ে সক্ষম। আর এ পরীক্ষা সফল হলে এটাকে পূর্ণাঙ্গ পিল হিসেবে ঘোষণা দিয়ে ডায়াবেটিস রোগীদের সেবনের জন্য বাজারজাত করা হবে। প্রতিদিন সকালে তারা ওষুধটি সেবন করবেন। এর মাধ্যমে মুখে হাসি ফুটবে বিশ্বের কোটি কোটি ডায়াবেটিস রোগীর। চিকিৎসাবিজ্ঞানে হবে নবদিগন্তের উন্মোচন।

সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীকে পদক্ষেপ নিতে হবে- চরমোনাই পীর

chormonaiদেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপের কার্যকরী পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন,দেশের সকল প্রকার দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে। তাকেই সঙ্কট নিরসনে সংলাপের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি থেকে বিএনপি জোটকে সরে আসার আহবান জানান। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন। ‘জনমনে শান্তি ও স্বস্বি ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান রাজনৈতিক সঙ্কট ও সহিংসতা নিরসনে অবিলম্বে উদ্যোগ গ্রহণের দাবিতে’ এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। এ সময সংগঠনের নেতাকর্মীরা সাদা পতাকা হতে রাজধানীর বিভিন্ন স্পটে অবস্থান নেয়। বড় দুই দলকে হুঁশিয়ার করে রেজাউল করীম বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য মানুষের বুকে গুলি চালাবে আর আমরা নীরব হয়ে সেটা দেখব তা হতে পারে না। অন্যদিকে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার জন্য পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করবে সেটাও বাংলার মানুষ সহ্য করবে না। লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করা মানুষ কখনোই মেনে নেবে না। তিনি বলেন, এই রাজনৈতিক সঙ্কট নিরসনে প্রেসিডেন্টকে ব্যবস্থা নিতে ইসলামী আন্দোলন আহ্বান জানিয়েছিল, কিন্তু তিনি দায়িত্ব পালন করেননি। তাই শান্তির দাবিতে ইসলামী আন্দোলন রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে। শিগিগিরই এই সঙ্কট সমাধানে সরকার উদ্যোগ গ্রহণ না করলে আগামী ৮ই ফেব্রুয়ারি জেলায় জেলায় এবং ১৩উ ফেব্রুয়ারি থানা পর্যায়ে সাদা পতাকা হাতে মানববন্ধন করা হবে। এর পরেও সমাধান না হলে সারা দেশ থেকে সাদা পতাকা হাতে নিয়ে সাধারণ জনগণ রাজধানীতে সমবেত হয়ে এর কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেন চরমোনাই পীর। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লা আলমাদানী, মহানগর আমীর মাওলঅনা এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

যাত্রাবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত একজন কাঁচামাল ব্যবসায়ী

cross fireরাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবকের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। মুজাহিদুল ইসলাম (৩৩) নামে ওই যুবক এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন বলে দাবি পরিবারের। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে মুজাহিদুলের লাশ শনাক্ত করেন তার ছোট ভাই জাহিদুল ইসলাম। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। জাহিদুল বলেছেন, নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ২৬শে জানুয়ারি রাজধানীর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তাদের বাড়ি লক্ষ্মীপুর। দুই বছর আগে সিঙ্গাপুর গিয়েছিলেন মুজাহিদুল। দুই মাস কাজ করে দেশে ফিরে আসেন। পরে কারওয়ান বাজারের কাঁচামালের ব্যবসা করতেন তিনি। ওই দিন ঘটনার পরে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১০-এর টহল দলকে লক্ষ্য করে পেট্রলবোমা ও গুলি ছোড়ে। এ সময় র‌্যাবের সদস্যরা গুলি ছুড়লে দুই যুবক আহত হন। পরে তাদের  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে র‌্যাব। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও নিহত দুজনের কাছ থেকে কিছু ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন র‌্যাব কর্মকর্তারা।

বাঁশি বাজালেন মন্ত্রীরা

bashiবাঁশি ও গাড়ির হর্ণ বাজিয়ে সহিংসতার প্রতিবাদ করেছে বিভিন্ন সংগঠন ও পরিবহন শ্রমিকরা। এতে অংশ নিয়েছেন সরকারের মন্ত্রীরাও। সচিবালয়ের ফটকে কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বাঁশি বাজিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। সারাদেশে একযোগে রেল, সড়ক ও নৌ-পথে চলাচলকারী সব ধরনের যানবাহনে এক মিনিট হর্ন বাজিয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হওয়ার কথা থাকলেও কাওরান বাজার, মানিকমিয়া এভিনিউ, মহাখালি, মতিঝিলসহ কয়েকটি এলাকার রাস্তায় এ ধরনের কোন কর্মসূচি চোখে পড়েনি। বেলা পৌনে একটা থেকে পনের মিনিটের এ কর্মসূচি ঘোষণা করেছিলেন শ্রমিক নেতা ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

 

চট্টগ্রামে রিকশাচালকের লাশ উদ্ধার

marderচট্টগ্রামে আজিজ (৩২) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, বুধবার রাতে রিকশা চালানোর কথা বলে আজিজ বাড়ি থেকে বের হন। পরে সকালে বাড়িতে না ফিরলে তার স্ত্রী থানায় অবহিত করেন। পরে সকাল ১০টার দিকে কল্পলোক আবাসিক এলাকার ভেতরে মসজিদের পাশে একটি ফাঁকা প্লট থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আজিজের ঘাড় ও বুকের দুইপাশে ছুরিকাঘাত করা হয়েছে। তার ধারনা রিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে।
আজিজের বাড়ি কক্সবাজার জেলায়। তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী। তারা বাকলিয়া থানার তুলাতলি জাইল্যাপাড়া এলাকায় থাকেন।

 

দুর্নীতির ৩ মামলা থেকে শেখ হাসিনাসহ ২৭ জনকে অব্যাহতি

hasina1নভোথিয়েটার দুর্নীতির তিনটি মামলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস বৃহস্পতিবার এ আদেশ দেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ তাদের বিরুদ্ধে মামলাগুলোর অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত চূড়ান্ত প্রতিবেদনের শুনানী শেষে তাদের অব্যাহতি দেন।
দুদক সূত্র জানায়, ২০০২ সালের ২৭শে মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট একনেক সদস্যদের বিরুদ্ধে তেজগাঁও থানায় তিনটি মামলা করে তৎকালীন (বর্তমানে বিলুপ্ত) দুর্নীতি দমন ব্যুরো।
আসামিদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও শিক্ষামন্ত্রী এ এইচ এস কে সাদেক মারা গেছেন। অন্যদের মধ্যে তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী ও ড. মহীউদ্দীন খান আলমগীর উচ্চ আদালত থেকে অব্যাহতি পেয়েছেন বলে জানা গেছে।

‘লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আন্দোলন, যেকোন পরিণতির জন্য তৈরি আছি’

khaledaaবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। তিনি সবাইকে এ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, আমি পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই, মানুষের জীবন নিয়ে অপরাজনীতি আমরা করি না। হত্যা ও লাশের রাজনীতির সঙ্গে আমাদের কোন সম্পর্ক  নেই। এমন হীন ও নৃশংস অপরাজনীতি আমরা কখনও করব না। এখন যারা ক্ষমতা আঁকড়ে আছে, তারাই অতীতে আন্দোলনের নামে যাত্রীবাহী বাসে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে ডজন খানেক মানুষ পুড়িয়ে মেরেছে। লগি-বৈঠার তা-বে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে। লাগাতার হরতালে এসএসসি পরীক্ষা তিন মাস পর্যন্ত পেছাতে বাধ্য করেছে। তিনি আরও বলেন করেন, অতীতের ধারাবাহিকতায় নিরপরাধ মানুষকে নৃশংস পন্থায় হত্যাকা- চালানো হচ্ছে। এর দায় চাপিয়ে আন্দোলনের বিরুদ্ধে প্রচার মাধ্যমে অপপ্রচার ও বিরোধী দলকে এ সুযোগে দমন করার অপরাজনীতি ব্যর্থ হবে। বাংলাদেশের মানুষ এত বোকা নেই। বিএনপির চেয়ারপারসন বলেন, তার ছোট ছেলের মৃত্যুতে তিনি শোকাবহ অবস্থার মধ্যে রয়েছেন। এ বিপর্যয়ের ধকল কাটিয়ে ওঠার আগেই তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়েছে। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে সর্বমুখী চাপ ও অনিরাপদ পরিস্থিতি তৈরি করে তারা আমাকে জনগণ ও নেতা-কর্মী থেকে বিচ্ছিন্ন করতে সচেষ্ট। কিন্তু আমি সবাইকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন অনৈতিক চাপ বা ভীতির মুখে আমি নত হব না, ইনশা আল্লাহ। যেকোন পরিস্থিতি বা পরিণতির জন্য আমি তৈরি আছি।