শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

‘সঙ্কট নিরসনে মানুষ হত্যার নির্দেশ দিয়েছে সরকার’

khushiমানবাধিকারকর্মী খুশি কবির বলেছেন, “বিচার বিভাগের ওপর সরকারের আস্থা নেই। সারাদেশে সহিংসতা চলছে। সাধারণ মানুষের জীবন বিপন্ন। সরকার সঙ্কট নিরসনে পদক্ষেপের নামে মানুষ হত্যার নির্দেশ দিয়েছে। প্রতিদিন ট্রাকের নিচে চাপা দিয়ে, কথিত বন্দুক যুদ্ধসহ নানা পদ্ধতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষ হত্যা করছে।”

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খুশি কবির বলেন, “তারা সহিংসতা সৃষ্টিকারী। যদি তারা সত্যিই নাশকতায় অভিযুক্ত হন, তবে সরকারের উচিত তাদের দ্রুত বিচার আইনের আওতায় বিচারের ব্যবস্থা করা। বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে সরকার প্রমাণ করছে বিচার বিভাগের ওপর তাদের আস্থা নেই।”

খুশি কবির বলেন, “গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের নানা কর্মসূচি থাকবে। তবে এ কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে মারা, নাশকতা করে জনজীবন বিপর্যস্ত করা ঠিক নয়। এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করা উচিত। এ ধরনের কর্মসূচির ক্ষেত্রে যারা নির্দেশনা দিচ্ছেন, তাদেরও আইনের আওতায় আনতে হবে।”

লিখিত বক্তব্যে জাহানারা নূরী বলেন, “গত এক মাসে এ পর্যন্ত সহস্রাধিক মানুষ পেট্রোল বোমার শিকার হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৫০ জনের, ৮১ জন বার্ণ ইউনিটে চিকিৎসা গ্রহণ করছেন। এদের কয়েকজন এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন।”

সংবাদ সম্মেলনে সহিংসতা নিরসনে সরকারের প্রতি পাঁচ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে রয়েছে অবিলম্বে হত্যা ও ধংসের অপরাজনীতি বন্ধ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ততের ক্ষতিপূরণ দেয়া, সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা।

‘সন্ত্রাস প্রতিরোধে জনতা’র ব্যানারে সংবাদ সম্মেলনে মানবাধিকারকর্মী মেঘনা গুহ ঠাকুরতা, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, পারভেজ আলম, মাহফুজা হক প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাহানারা নূরী।

এনটিভি চেয়ারম্যানের মুক্তির দাবি

ntv mএনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে।

যশোর প্রেস ক্লাবের সামনে শনিবার সকাল ১১টায় এ কর্মসূচির আয়োজন করে এনটিভি দর্শক ফোরাম, যশোর।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন- বিএফইউজের সদস্য আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক এম আইয়ুব।

আনোয়ারুল কবির নান্টু বলেন, “দেশে চলমান সহিংসতা দমনে সরকার একদিকে সংবাদমাধ্যমের সহযোগিতা চাইছে, অন্যদিকে মিডিয়া ব্যক্তিদের গ্রেফতার করছে। এ দ্বৈতনীতি অবিলম্বে ত্যাগ করতে হবে। না হলে নির্যাতিত সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ হয়ে পেশাগত মূল দায়িত্ব পালন শুরু করলে সরকারেরই বিপর্যয় ঘটবে।”

তিনি মোসাদ্দেক আলী, আবদুস সালাম, মাহমুদুর রহমানের মুক্তি এবং তরিকুল ইসলাম, শওকত মাহমুদসহ সব সাংবাদিকের মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করেন।

জেইউজে সভাপতি নূর ইসলাম বলেন, “সরকার পরম সহিষ্ণুতায় বিশ্বাসী নয়। সে কারণে মোসাদ্দেক আলী, একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে।”

তিনি গ্রেফতার সব মিডিয়া ব্যক্তিত্বের মুক্তি দাবি করেন।

জেইউজের সাধারণ সম্পাদক এম আইয়ুব বলেন, “একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য মিডিয়ার ওপর নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে।”

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মিডিয়ার ওপর থেকে সব ধরনের নিয়ন্ত্রণ প্রত্যাহারের দাবি জানান তিনি।
মানববন্ধনে দর্শক ফোরামের আহ্বায়ক মির্জা বদরুজ্জামান টুনুসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়ার কর্মীরা অংশ নেন।

বিচারবহির্ভূত হত্যা-গুম বন্ধের আহ্বান এইচআরডব্লিউ’র

hrw7আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, “বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত সহিংসতা ও অন্যান্য নির্যাতনের ঘটনা অবসানের কোনো লক্ষণ নেই। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের উচিত সকলের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা এবং বিচারবহির্ভূত ও জোরপূর্বক গুম এবং গ্রেফতার বন্ধের বিষয়টি নিশ্চিত করা।”

শনিবার আমেরিকার নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “একই সঙ্গে সমর্থকরা যাতে বেআইনিভাবে সহিংসতার আশ্রয় না নেয়, তা নিশ্চিতে সব রাজনৈতিক দলের স্পষ্ট বিবৃতি দেয়া উচিত। সহিংসতা বন্ধে সব পক্ষকে সহযোগিতার হাত বাড়াতে হবে।”

এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, “সহিংস অপরাধের ধারাবাহিকতা বন্ধে ও সব ধরনের অপরাধ কর্মকাণ্ডের জন্য দায়ীদের খুঁজে বের করে তাদের গ্রেফতার ও বিচার নিশ্চিতে সব পক্ষের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত।”

অ্যাডামস বলেন, “বিরোধী দলের কয়েকজন সদস্যের সহিংস অপরাধ কর্মকাণ্ড- সরকার পক্ষের হত্যাকাণ্ড-, জখম ও অনৈতিক গ্রেফতারের ঘটনাসমূহকে ন্যায্যতা প্রদান করে না। গত মাসে দেশজুড়ে প্রায় ৬০ জন নিহত হয়েছেন, শ’ শ’ মানুষ আহত হয়েছেন ও হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।”

বিবৃতিতে বলা হয়, “সমর্থকরা যাতে বেআইনিভাবে সহিংসতার আশ্রয় না নেয়, তা নিশ্চিতে সব রাজনৈতিক দলের নেতাদের উচিত স্পষ্ট বিবৃতি দেয়া।”

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

road accident2সিলেটের ওসমানীনগরের গুরুন্দা সড়কের মুখে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও ১৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- পথচারী আজর আলী (৫৫) ও মোহাম্মদ সায়েস্তা মিয়া (৩৫)।
সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) গোপাল চক্রবর্তী জানান, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে যায়। এতে দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন। ফায়ার সার্ভিস সিলেট-১ এর সহকারী পরিচালক শহিদুর রহমান জানান, দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।

জীবননগরে ২ বাসে আগুন, পৌর বিএনপির সভাপতি আটক

arrestবিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধ চলাকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় শনিবার সকালে নাশকতায় জড়িত থাকার অভিযোগে পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিরকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসষ্ট্যন্ড সংলগ্ন শাহজাহান কবিরের বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা চিত্রা পরিবহন ও রিফাত পরিবহনের দুটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  এতে যশোর রুটের রিফাত পরিবহন সম্পূর্ণরুপে এবং ঢাকা রুটের চিত্রা পরিবহন আংশিক পুড়ে যায়। পরে খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিরকে আটক করা হয়।

দিল্লির বিধানসভার ভোটগ্রহণ চলছে

kezriভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
স্থানীয় সময় শনিবার সকাল ৮টা থেকে ১২ হাজার ৮৩টি ভোটকেন্দ্রে ভোটাগ্রহণ শুরু হয়েছে, চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

৭০ আসনে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল ও ক্ষমতাসীন বিজেপির প্রার্থী কিরণ বেদীসহ ৬৭৩ প্রার্থী। যাদের মধ্যে রয়েছে ৬৩ জন নারী।

এ নির্বাচনে মোট ভোটার এক কোটি ৩৩ লাখ। নির্বাচন ঘিরে দিল্লি জুড়ে ৫৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য ও আধা সামরিক বাহিনীর সদস্যসহ ৬৪ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে  আগামী মঙ্গলবার।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বহুল আলোচিত এই নির্বাচনে লড়াই হবে মূলত প্রধান দুই প্রতিদ্বন্দ্বি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কিরণ বেদী ও আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে।
এ দুই প্রার্থীই ভারতের সাবেক সরকারি কর্মকর্তা ও দুর্নীতি বিরোধী অভিযানের নেতা আন্না হাজারের সাথে সক্রিয় ছিলেন। দু’জনেই  র‌্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত।
১৬ বছর ধরে দিল্লির ক্ষমতার বাইরে থাকা বিজেপি লড়াইয়ে টিকে থাকতে কিরণ বেদিকে  মনোনয়ন দেয়।
প্রচারণার সময় উভয় প্রার্থীই সুশাসন, দুর্নীতিমুক্ত ও নারীদের জন্য নিরাপদ দিল্লি গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
দিল্লির নির্বাচন নিয়ে নানা জরিপ এএপিকে এগিয়ে রেখেছে। ৬টি জরিপের ফলাফল একত্র করে এনডিটিভির করা এক জরিপের ফলে জানানো হয়, এএপি ৩৬টি আসন পেতে পারে। বিজেপি ও তাদের সহযোগী আকালি দল পেতে পারে ৩০টি আসন। তবে ২০১৩ সালের আগে দীর্ঘ ১৫ বছর ধরে দিল্লিতে ক্ষমতায় থাকা কংগ্রেস পাবে মাত্র ৪টি।
এর আগে ২০১৩ সালে ডিসেম্বরে দিল্লিতে সর্বশেষ বিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নিবার্চনে বিজেপি সর্বাধিক আসন পেলেও প্রয়োজনীয আসনের চেয়ে কম পাওয়ায় সরকার গঠন করতে পারেনি। ফলে এ নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আম আদমি পার্টি কংগ্রেসকে সাথে নিয়ে সরকার গঠন করে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সে সময় মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু বিরোধী দলের বিরোধীতায় দুর্নীতি বিরোধী একটি বিল পাস করতে ব্যর্থ হওয়ায় ক্ষমতা গ্রহণের ৪৯ দিন পর ১৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন তিনি। খবর: এনডিটিভি, বিবিসি

 

সোহাগ-আজমলের বোলিং নিষেধাজ্ঞা উঠল

shohag ajmalবাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজীর আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

একই সঙ্গে পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমলের বোলিং নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছে আইসিসি।
ফলে তারা দু’জনেই এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বল করতে পারবেন।
শনিবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে তাদের দেওয়া পরীক্ষায় দেখা গেছে, দুই স্পিনারেরই বল করার ক্ষেত্রে কনুই আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির কম বাঁকে।
তবে ভবিষ্যতে সোহাগ গাজী ও সাঈদ আজমলের কোনো বল নিয়ে সন্দেহ হলে সে বিষয়ে অভিযোগ জানানোর জন্য মাঠে দায়িত্বরত আম্পায়ারদের পূর্ণ স্বাধীনতা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত বছরের আগস্টে বাংলাদেশের ওয়েস্টইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ররা।
একই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়।
পরে আজমল গত বছরের ২৫ আগস্ট ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে এবং সোহাগ একই বছরের ১৯ সেপ্টেম্বর কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন।
তবে পরীক্ষা দু’জনই পাশ করতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বল করার ওপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি।
এরপর যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া শেষে দু’জনই গত ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে শ্রীরামচন্দ্র ইউনিভার্সিটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন।

 

হরতাল প্রত্যাহারের আহ্বান শিক্ষামন্ত্রীর

nahid26চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার কথা বিবেচনা করে বিএনপিকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার সকালে চট্টগ্রামে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শন করে বিএনপিকে উদ্দেশ্য করে সাংবাদিকদের কাছে এ আহ্বান জানান তিনি। পরে মন্ত্রী চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন।
শিক্ষামন্ত্রী বলেন,  আন্দোলনের নামে বিরোধী দল বিএনপি যা করছে তা আসলে আন্দোলন নয়। এটি পৈশাচিক।
তিনি বলেন, আজ (শনিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় আছে তার আগেই যেন বিবোধী দল হরতাল প্রত্যাহার করে। বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, পরীক্ষার দিন তারা যেন হরতাল প্রত্যাহার করে।
শিক্ষামন্ত্রী জানান, রোববার পরীক্ষা নেওয়া হবে কীনা সে বিষয়ে শনিবার বিকেলে সিদ্ধান্ত হবে।
প্রসঙ্গত, গত ২রা ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতালের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এ হিসেবে পরীক্ষা শুরু হয় ৬ ফেব্রুয়ারি শুক্রবার।
পূর্বঘোষিত তারিখ অনুযায়ী রোববার এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল রোববার থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকে রেখেছে। যাতে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

রোববার থেকে ৭২ ঘণ্টা হরতাল

20 dolদুই দিন বিরতি দিয়ে রোববার থেকে আবার হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা হরতাল চলবে বলে শুক্রবার রাত নয়টায় এক বিবৃতিতে জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালা্হ উদ্দিন আহমেদ।

বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে পঙ্গু ও আহত করা, গণগ্রেফতার, বিচারব্যবস্থা ও গণমাধ্যমে হস্তক্ষেপের প্রতিবাদ এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সব রাজবন্দীর মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।

বিএনপি ও ২০ দলীয় জোটের সব  নেতাকর্মী ও গণতন্ত্রকামী জনগণকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান সালাহ উদ্দিন আহমেদ।

২০ দলের ৫ জানুয়ারির সমাবেশ সামনে রেখে সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করলে ৩ তারিখ থেকে দেশজুড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে ২০ দল। এই অবরোধের মধ্যেই গত রোববার থেকে ১০৮ ঘণ্টার হরতাল পালন করে তারা। শুক্র ও শনিবার ছুটির দিন বাদ দিয়ে আবার রোববার থেকে ৭২ ঘণ্টার হরতালের ফাঁদে পড়ল দেশ।

হরতাল আহ্বানসংবলিত বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গদি দখলকারী অবৈধ সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত হয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য গণহত্যা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র হত্যাকারী নব্য বাকশালের রূপকার শেখ হাসিনার একক কর্তৃত্বে ও নেতৃত্বে ভয়াবহ দুর্নীতি, দুঃশাসন, অত্যাচার-নির্যাতনে দেশের মানুষের আজ নাভিশ্বাস উঠেছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী সন্ত্রাসী এবং দলীয়করণকৃত আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের লুটপাটের বিচরণভূমিতে পরিণত হয়েছে প্রিয় স্বাধীন মাতৃভুমি।”

এই অবস্থা থেকে দেশের সব গণতন্ত্রকামী মানুষ মুক্তি চায় উল্লেখ করে সালাহ উদ্দিন বলেন, “তারা চায় মুক্ত স্বাধীন পরিবেশ, যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরার ও সমাবেশের অধিকার, আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা।  সেটা অর্জন করা যেতে পারে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল জনগণতান্ত্রিক সংসদ ও সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে।”

ক্ষমতাসীন দলকে গণতন্ত্র হত্যাকারী হিসেবে অভিহিত করে বিবৃতিতে অভিযোগ করা হয়, “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য ১৯৯৫-৯৬ সালে এই আওয়ামী লীগের নেতৃত্বে জ্বালাও-পোড়াও আন্দোলন হয়। নৈরাজ্য সৃষ্টি, রাস্তায় সরকারি কর্মকর্তাদের দিগম্বর করা, রাষ্ট্রীয় এবং জনগণের সহায়-সম্পদ বিনষ্ট করে তারা সহিংস আন্দোলন করেছিল। তাদের আন্দোলনের নামে নৈরাজ্যের কারণে তখন এসএসসি পরীক্ষা প্রায় তিন মাস পেছাতে হয়েছিল। সেই ইতিহাস দেশের জনগণ এখনো ভোলেনি।”

বিবৃতিতে বলা হয়, “বর্তমানে নতুন বাকশাল কায়েম করার জন্য শেখ হাসিনাই সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন।  করলেন একতরফা প্রহসনের নির্বাচন। নিবন্ধিত ৪২টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপিসহ ৩৭টি গণতান্ত্রিক দল সেই নির্বাচন বর্জন করলো। আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সমর্থিত কয়েকটি এতিম সংগঠন মিলেমিশে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ শতাংশ ভোটের সরকার গঠন করলো। সেই সংসদে সরকার ও বিরোধী দল এক ও অভিন্ন। মূলত দেশের রাজনৈতিক সংকট এখানেই।”  আইনশৃঙ্খলা সংকটের নামে তাকে পাশ কাটানোর অপচেষ্টা জাতিকে ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত করবে বলে বিবৃতিতে হুঁশিযার করা হয়।

বর্তমান সরকার বাংলাদেশকে একটি  বধ্যভূমিতে পরিণত করেছে অভিযোগ করে সালাহ উদ্দিন বলেন, “আন্দোলনকারী ২০ দলীয় জোটের নেতাকর্মীদের প্রতিদিন ক্রসফায়ারে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। গুলিবিদ্ধ করে চিরতরে পঙ্গু বানানোর অমানবিক নিষ্ঠুরতা গাণিতিক হারে বাড়ছে। বেওয়ারিশ লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। বেওয়ারিশ নামে বিরোধীদলীয় অসংখ্য নেতাকর্মীর লাশ দাফন করা হচ্ছে। গণগ্রেফতারের কারণে উপচে পড়া অবস্থা দেশের কারাগারগুলোর।”

‘ক্রসফায়ারে’ শিবির ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর হতাহত করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বলা হয়, “গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের তথ্য সম্পাদক শাহাবুদ্দিন, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত নেতা শহীদুল ইসলাম এবং চৌদ্দগ্রাম শিবির সভাপতি শাহাব পাটোয়ারীকে ক্রসফায়ারে হত্যা  করা হয়েছে। গুলিবিদ্ধ করে চিরতরে পঙ্গু করা হয়েছে সাতক্ষীরা পৌর ছাত্রদল সভাপতি আবদুল মজিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা হাবিবুর রহমান, মফিজুর রহমানসহ বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে।”

“অথচ আমার দেখতে পাচ্ছি চৌদ্দগ্রাম ট্র্যাজেডির মূল হোতা এবং পেট্রলবোমাসহ আটক যুবলীগ নেতা মানিক ও বাবুলকে রেলমন্ত্রীর নির্দেশে ছেড়ে দেয়া হয়েছে। পত্রিকার খবরে প্রকাশ-নারায়ণগঞ্জের রুপগঞ্জে বোমা বানাতে গিয়ে আহত হয়েছে ছাত্রলীগের চার কর্মী যথাক্রমে রহমত উল্লাহ, শাহীন মিয়া, কবির ও রাসেল। তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিপূর্বে বঙ্গবন্ধু এভিন্যুতে গত ১০ জানুয়ারী বোমা বিস্ফোরণের সময় এক ছাত্রলীগ কর্মী সাদিককে আটক করার পর পুলিশ ছেড়ে দিয়েছে। এভাবে রাজশাহী, ঢাকা, নারায়ণগঞ্জ, মাগুরা, খুলনা, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অনেক নেতা-নেতা-কর্মী পেট্রোল বোমাবাজী, ককটেল ফাটানো এবং বোমা তৈরীর সময় হাতে নাতে ধরা পড়লেও উপরের নির্দেশে পুলিশ তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়।”

বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, “মাগুরা জেলা ছাত্রলীগের ধর্ম সম্পাদক সাজ্জাদ মোল্লা, ছাত্রলীগ নেতা লিমন ও রানা ঢাকা-খুলনা মহাসড়কে গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের সময় ধরা পড়ে। মাগুরা পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাদের গ্রেফতার না করে উপরের নির্দেশে ছেড়ে দেয়া হয়। এই জাতীয় বহু ঘটনা জনগণের দৃষ্টিতে আসার আগেই পুলিশ সরকারি নির্দেশে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। আমরা এ সব তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারি।”

‘গণতন্ত্র মুক্তি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার  আন্দোলন কলুষিত করতে সরকার  অপচেষ্টা চালিয়েই যাবে্’- এমন আশঙ্কা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, “আমরা  পরিষ্কার ভাষায় বলতে চাই, যাত্রাবাড়ী ও চৌদ্দগ্রাম ট্র্যাজেডির মূল পরিকল্পনাকারী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বাস্তবায়নকারী তার মন্ত্রী ও নেতা-কর্মীরা।  আমরা এই জঘন্য অমানবিক ও নিষ্ঠুর কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের আহ্বান জানাই।” বিএনপি ও ২০ দলীয় জোট শান্তিপূর্ণ উপায়ে জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বলে সরকারকে সতর্ক করা হয়।

রোববার থেকে আবার হরতাল আহ্বানের কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়, “দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে অসংখ্য নেতা-কর্মীকে পঙ্গু ও আহত করা, দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে; জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃরুদ্ধারের দাবিতে; বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে; সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে; জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতাও সব রাজবন্দীর মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি রোববার সকাল ছয়টা থেকে ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল ছয়টা পর্যন্ত চলমান অব্যাহত অবরোধ কর্মসূচির পাশাপাশি ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে। বিএনপি ও ২০ দলীয় জোটের সকলব নেতাকর্মী ও গণতন্ত্রকামী সংগ্রামী জনগণকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ”

ঝালকাঠিতে যাত্রীবাহী বাসে পেট্টলবোমা, শিবির সভাপতিসহ আটক ৯

jhalakthiঝালকাঠি- ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুরের বলাইবাড়ি নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী বাসে পেট্টলবোমা হামলা চালানোর সময় এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পেট্টলবোমা উদ্ধার করেছে।

আটককৃত তাজউদ্দিন আহম্মেদ রাজাপুর উপজেলা শিবিরের সভাপতি। পরে রাতে অভিযোন চালিয়ে এ ঘটনায় আরো আটজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাত দশটার দিকে  মঠবাড়িয়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের বাসটি পুলিশ প্রহরায় খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুরের বলাইবাড়ি অতিক্রম করছিল। এ সময় শিবির সভাপতি ওই বাসের ওপর পেট্টলবোমা নিক্ষেপের চেষ্টা করে। এ সময় বাসের চালক হামলাকারীকে চাপা দেয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এ সময় শিবির সভাপতি তাজ উদ্দীন বাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়।  পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতাবস্থায় উপজেলা শিবির সভাপতি তাজউদ্দিনকে আটক করে হাসপাতালে প্রেরণ করে। তবে এই ঘটনায় বাসের যাত্রীদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

ঝালকাঠি সিনিয়ার সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন ও রাজাপুর থানার ওসি (অপারেশন) এজেডএম মাসুদুজ্জামান জানান, ঈগল পরিবহনে  পেট্টবোমা মারার সময় গুরুতর আহতাবস্থায় তাজ উদ্দীনকে আটক করা হয়। তাকে আটক করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর হওয়ায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে কৌশলে গাড়ি চালিয়ে পেট্রলবোমা থেকে যাত্রীদের রক্ষা করায় ঈগল পরিবহনের চালককে রাজাপুর থানায় এনে রাত ১২টার দিকে ঝালকাঠী পুলিশ সুপার মজিদ আলী পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেন।