শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

পোড়া লাশের ওপর পাড়া দিয়ে ক্ষমতার স্বপ্ন কেন: প্রধানমন্ত্রী

hasinaবিএনপি নেত্রীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ক্ষমতায় ছিল, হয়তো আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তা জনগণের পোড়া লাশের ওপর পাড়া দিয়ে কেন?” ক্ষমতায় যেতে হলে গণতান্ত্রিক উপায়েই যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, “বিরোধী নেত্রী মনে হয় উন্মাদ হয়ে গেছেন। তা না হলে বাড়ি ছেড়ে অফিসে বসে কী আন্দোলন ঘটাচ্ছেন?”

‘মানুষ মারার এ আন্দোলনে’ বিএনপি জোটের অর্জন নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “এক মাসে তাদের অর্জন কী? মানুষ পুড়িয়ে তারা কী পেল?”

জোবায়ের হত্যা মামলার রায় আজ

zubayerজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জোবায়ের আহমেদ হত্যা মামলার রায় রবিবার দেয়া হবে। দীর্ঘ তিন বছর পর এ রায় দেয়া হচ্ছে। ৪ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারির দিন ধার্য করেন।

২৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার ৪ ফেব্রুয়ারির দিন ধার্য ছিল। কিন্তু ৪ ফেব্রুয়ারি হরতাল ও অবরোধের কারণে আসামীদের কাশিমপুর কারাগার থেকে হাজির করতে না পারায় রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

গত ৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও ২৮ জানুয়ারি আসামীপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট তাসলিমা ইয়াছমিন দিপা এবং আসামীপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও অ্যাডেভোকেট জামান উদ্দিন আহম্মেদ।

২৮ জানুয়ারি জামিনে থাকা সাত আসামীর জামিন বাতিল করে কারাগারে পাঠান আদালত। আসামীরা হলেন- মো. নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কু-ু অভি, মো. মাহমুদুল হাসান মাসুদ, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম ও কামরুজ্জামান সোহাগ।

২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জোবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করে। পরের দিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জোবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ঘটনার পরের দিন আশুলিয়া থানায় ১৩ জনকে আসামী করে মামলা করে। গত বছরের ৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪।

বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী গ্রেফতার

arrest28রাজধানীতে নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে ১৩ জন বিএনপির ও ১০ জামায়াত-শিবিরের নেতাকর্মী।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, পেট্রোলবোমা-ককটেল নিক্ষেপসহ বিভিন্ন ধরণের নাশকতায় জড়িত থাকার অভিযোগে এদের গ্রেফতার করা হয়।

 

আগারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ শিবির নেতা নিহত

cross fieeরাজধানীর আগারগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জসিম উদ্দিন নামে এক শিবির নেতা নিহত হয়েছেন। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, নিহত জসিম ছাত্রশিবিরের নেতা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

ডিএমপি’র তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহিদ আলম জানান, শনিবার শ্যামলীতে পুলিশ সার্জেন্টের ওপর ককটেল হামলার অভিযোগে জসিমসহ চারজনকে আটক করা হয়। রোববার ভোররাতে ডিবি ও পুলিশের একটি যৌথ টিম তালতলা ডাম্পিং স্টেশনের কাছে আটকৃতদের নিয়ে অভিযানে গেলে দুর্বত্তরা তাদের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে জসিম মারা যান।

ওয়ার্নারের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

warnerত্রিদেশীয় সিরিজে ভারত-ইংল্যান্ডের বিপক্ষে যেই অস্ট্রেলিয়াকে দেখা গেল বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচেও ভারতের বিপক্ষে অসিদের সেই ‘দুর্দান্ত’ প্রতিরূপ খুঁজে পাওয়া  গেল। রোববার অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ভারত বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হয়।

টসে জিতে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্য-ন্ত ২৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮১ রান। অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

৮১ বলে সেঞ্চুরি করার পথে ওয়ার্নার ১৩টি চার ও দুটি ছক্কা মেরেছেন। সর্বশেষ ওয়ার্নার ১০০ ও জর্জ বেইলি ৩০ রান নিয়ে ব্যাট করছেন।

ভারতের হয়ে উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি ও মোহিত শর্মা একটি করে উইকেট লাভ করেন।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন ব্যর্থ হয়েছেন ‘দুর্দান্ত’ ফর্মে থাকা স্টিভেন স্মিথ। মাত্র ১ রান করে উমেশ যাদবের বলে টাইমিংয়ের হেরফেরের কারণে সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।

এছাড়া অ্যারন ফিঞ্চ ২০ ও শেন ওয়াটসন ২২ রান করে ফিরে গেলেও এখনো ক্রিজে রয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ধোনির ভারত।

দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে

weather8ঢাকাসহ সারাদেশে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার সকালে অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
এছাড়া উল্লেখিত সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

গাজীপুরে দুই গাড়িতে আগুন

gazipur mapগাজীপুরে একটি পণ্যবাহী কভার্ডভ্যান ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোর সোয়া পাঁচটার দিকে শ্রীপুর উপজেলার আশকোনা মোড় এলাকায় এবং আগের রাতে তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়িতে দুটিতে আগুন দেয়া হয়।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানিয়েছেন, আগুনে ট্রাকটির ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে এবং কভার্ড ভ্যান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তাশাররফ বলেন, “ভোরের দিকে আশকোনা মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পণ্যবাহী কভার্ড ভ্যানের চাকায় পেট্রোল ঢেলে আগুন দেয় হরতালকারীরা। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ভ্যানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।”

এদিকে শনিবার রাত সাড়ে আটটার দিকে রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ‘প্যারাডাইস ক্যাবল কারখানার’ সামনে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

মুক্ত হলেও বিশ্বকাপে থাকছেন না আজমল

ajmalআইসিসি-র পরীক্ষায় উত্তীর্ণ তিনি। কিন্তু বোলিং অ্যাকশন শুধরে ফেললেও আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের হয়ে বল হাতে দেখা যাবে না তারকা অফ স্পিনার সাঈদ আজমলকে। তা সে মিসবাহ-উল-হকদের দলের বোলিং দুর্বলতা নিয়ে যতই আলোচনা থাক।

পাকিস্তান বোর্ডের তরফে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে, অ্যাকশন নিয়ে সমস্যা মিটে গেলেও বিশ্বের এক নম্বর স্পিনারকে বিশ্বকাপের দলে ঢোকাতে উদ্যোগী হবে না তারা। পাক বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, “আজমলের ছাড়পত্র পাওয়া আমাদের কাছে বিরাট সুখবর। কিন্তু ও সবে পরীক্ষার প্রথম ধাপ পেরিয়েছে। জাতীয় দলে খেলার আগে ওর ফিটনেস এবং অ্যাকশনের আরও কয়েকটা ব্যাপার দেখে নেওয়া এখনও বাকি। ওকে বিশ্বকাপে খেলানোর চেষ্টা করব না আমরা।”

পাক সংবাদমাধ্যমে অবশ্য অন্য খবর। একটি পাকিস্তানি দৈনিকের দাবি, টিম ম্যানেজমেন্টই নাকি আজমলকে চায় না। স্পিনারকে দলের প্রয়োজন নেই বলে বোর্ড কর্তাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

cross fieeযশোরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, শনিবার রাতে একাধিক হত্যা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি রাজুকে আটকের পর ভোররাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় র্যাব সদস্যরা। ভোর পাঁচটার দিকে শহরতলীর মড়লিতে যশোর-খুলনা মহাড়কের পাশে ইমাম পেট্রল পাম্পের বিপরীতে একটি ইটভাটার কাছে পৌঁছালেই রাজুর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলি বিনিময়কালে পালাতে গিয়ে নিজের সহযোগীদের গুলিতে রাজু আহত হন। রাজুকে উদ্ধার করে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সারাদেশে ২০ দলীয় জোটের ৭২ ঘন্টার হরতাল চলছে

hortal5সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘন্টার হরতাল চলছে। রবিবার সকাল ৬টা থেকে এ হরতাল কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই দেশব্যাপী ৭২ ঘন্টার এ হরতালের ডাক দেয় বিএনপি জোট।

শুক্রবার ২০ দলের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে গত সপ্তাহেও টানা পাঁচদিন হরতাল পালন করে বিএনপি জোট।

এদিকে হরতাল-অবরোধকে ঘিরে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ টহল টিম নামানো হয়েছে। দেশের অন্যান্য নগর মহানগর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। হরতাল-অবরোধের সমর্থনে মিছিল-পিকেটিং ঠেকাতে সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা চোখে পড়ার মতো।

এছাড়া শনিবার সকাল থেকে থেকে রাজধানীসহ সারা দেশে ২৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আরো ৫৫ প্লাটুন বিজিবি।

সকালে হরতালে রাজধানীতে সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল কিছুটা বাড়লেও পরিবহনলোতে যাত্রী সংখ্যা খুবই কম। এছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল নেই বললেই চলে।

ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ের পর সেগুলো ছাড়ছে। তবে গাবতলি, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। একইভাবে দূরপাল্লার কোন যান ঢাকায় প্রবেশ করেনি।

দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু ও আহত করা এবং বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার ও নতুন নির্বাচনের দাবিতে দেশব্যাপী এ কর্মসূচি ঘোষণা করা হয়।