মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

পুলিশি তৎপরতায় রাজধানীতে চাঁদাবাজি অনেকাংশে কমেছে : ডিএমপি কমিশনার

রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে দাবি করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশি তৎপরতায় ছিনতাই ও চাঁদাবাজির মতো ঘটনা অনেকাংশে কমে গেছে। সবার সহযোগিতা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

সোমবার (২৪ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখা, ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায় এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। পুলিশের নেওয়া পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়েও নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি হতে হবে।

তিনি বলেন, যেকোনো আইনের মূল লক্ষ্য হলো একটি প্রভাব তৈরি করা যেন মানুষ বুঝতে পারে যে আইন লঙ্ঘন করলেই শাস্তির মুখোমুখি হতে হবে। সড়কে কেউ যদি উল্টো পথে গাড়ি চালায়, কিংবা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক-শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিকেএমইএ, বিজিএমইএ, জিএমপি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা ও সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, স্বার্থান্বেষী মহল দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পতিত স্বৈরাচারকে ফিরে আনার অপতৎপরতা শুরু করেছে। এমন অবস্থায় দেশবাসীকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকতে হবে। শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

জামায়াত আমির বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসককোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসন মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে।
স্বাধীনতার ৫৪ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি হিসাব করলে দেখা যায় বহু প্রত্যাশা এখনো পূরণ হয়নি।

তিনি বলেন, গত জুলাইয়ের ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে এবং শান্তিতে-স্বস্তিতে চলাফেরা করতে পারছে।
পতিত সরকারের দোসররা এবং দেশের কতিপয় স্বার্থান্বেষী মহল বিদেশি আধিপত্যবাদী শক্তির সহায়তায় ছাত্র-জনতার এই গণ-আন্দোলনকে ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা এবং ওই সব জনতাকে, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। আমরা আরো স্মরণ করছি গত জুলাইয়ের গণ-আন্দোলনের সব শহীদদের এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের। আমরা সব শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

জরুরি অবস্থা জারি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

দেশে যেকোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা বলেন তিনি।

গতকাল রবিবার রাতে যেকোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘বিষয়টি গুজব।
এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই।’

নাসিমুল গনি বলেন, ‘সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীর সর্বত্র পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। আসন্ন ঈদের ছুটির সময়ও দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না।

১৫ লাখ ই-রিটার্নের ১০ লাখই শূন্য : এনবিআর চেয়ারম্যান

চলতি করবর্ষে ১৫ লাখ ই-রিটার্নের মধ্যে ১০ লাখ করদাতারই করযোগ্য আয় নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অর্থাৎ ১০ লাখ করদাতা তাদের আয়কর বিবরণীতে যে বার্ষিক আয় দেখিয়েছেন, তার বিপরীতে কোনো কর তাদের দিতে হয়নি।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ তথ্য দেন তিনি।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তি করদাতাদের কর ছাড়ের সীমা সাড়ে তিন লাখ পাঁচ লাখ টাকা করার প্রস্তাব করেন।
তার জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, দাবিটা অযৌক্তিক না হলেও তাতে কিছু সমস্যা আছে।

তিনি বলেন, ধরেন এখন ডিজিটালি রিটার্ন সাবমিশন হওয়ায় সব তথ্যগুলো আমার হাতে চলে আসছে। আজকে দেখলাম ১৫ লাখ ১৫ হাজার (রিটার্ন জমা) হইছে। প্রতিদিন কিন্তু ২-৩ হাজার করে রিটার্ন পাচ্ছি এখন।
আমাদের অনলাইন রিটার্ন এখনও চালু আছে। অনলাইন রিটার্ন বন্ধ নাই, আবার অনেকে রিভাইজড রিটার্ন দিতে পারছেন অনলাইনে, এটা একটা বড় সুবিধা হয়েছে। সেখানে দেখলাম ১৫ লাখ রিটার্নের মধ্যে ১০ লাখ রিটার্নই জমা পড়েছে সাড়ে তিন লাখ টাকার নিচে। এরা এক টাকাও ট্যাক্স দেয় নাই।
এটা কিন্তু পেপার রিটার্নের ক্ষেত্রেও একই চিত্র। মফস্বলে যান এই চিত্রই দেখবেন।

এখন করমুক্ত আয়সীমা বাড়িয়ে চার লাখ টাকা করলে শূন্য রিটার্নের সংখ্যা আরো এক লাখ বেড়ে যাবে বলে ধারণা এনবিআর চেয়ারম্যানের।

তিনি বলেন, কোয়ালিটি ট্যাক্সপেয়ারের সংখ্যা খুবই কম। এখন যদি আমরা এই সিলিংটাকে একটু বাড়িয়ে দিই, আমরা আলোচনা করব, দেব না এটা বলছি না।
শুধু এতটুকু বলছি, আরো বড় একটা গ্রুপ যারা মিনিমাম কর দিত, তারাও ওই যে জিরো ট্যাক্সে চলে যাবে। এইটা হল অসুবিধা।

ব্যাংকে আমানতের ওপর আবগারি শুল্ক থাকায় অনেকে ব্যাংক টাকা রাখতে চাইছেন না–এমন তথ্য দিয়ে ইআরএফ সভাপতি বলেন, এরকম অবস্থায় ৫/১০ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক প্রত্যাহার এবং মুনাফার ওপর কর কমানো যেতে পারে।

এর উত্তরে এনবিআর চেয়ারম্যান আসছে বাজেটে ‘রিলিফ’ দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, অনেকেই বলে, লোন নিলাম ব্যবসার জন্য আর ব্যাংক টাকা কেটে নিয়ে গেল।

কেনিয়ায় সামরিক ঘাটিতে হামলা, ৬ পুলিশ নিহত

সোমালিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব কেনিয়ার একটি ঘাঁটিতে হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই হামলার দায় কেউ স্বীকার না করলেও হামলার ধরণ দেখে এটি আল শাবাব জঙ্গি গোষ্ঠীদেরকে সন্দেহ করছে দেশটির কর্তৃপক্ষ।

রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে গারিসা কাউন্টির একটি পুলিশ ফাঁড়িতে হামলার এ ঘটনাটি ঘটে। খবর বিবিসির।

গারিসা কাউন্টি কমিশনার মোহাম্মদ মওয়াবুদজো বলেছেন, সোমালিভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের অভিযানের ধরণ অনুসরণ করে এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় অফিসাররা যখন তাদের সকালের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। নিহত ছয় কর্মকর্তা ছাড়াও আরো চারজন আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল-শাবাব প্রায়শই কেনিয়ার সামরিক এবং বেসামরিক জনগোষ্ঠী উভয়কেই লক্ষ্য করে সীমান্ত পার হয়ে এসে হামলা চালায়।

গণমাধ্যমের কাছে পাঠানো পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার আল কায়েদার মিত্র গোষ্ঠী আল শাবাবের সন্দেহভাজন যোদ্ধারা হামলাটি চালিয়েছে। ওই গোষ্ঠীটির হামলাকারীরা ভোরে রিজার্ভ পুলিশের একটি ফাঁড়িতে হামলা চালায়। তারা ফাঁড়িটি আক্রমণ করতে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে।

এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে : মেয়র ইমামোলুর স্ত্রী

ইস্তাম্বুলের মেয়র ইমামোলুর স্ত্রী যোগ দিয়েছেন বিক্ষোভে। গতকাল রবিবার তিনি বিক্ষোভে যোগ দেন। তার দাবি, এরদোয়ান আর খুব বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। হাজার হাজার মানুষ নেমে এসেছেন তুরস্কের রাস্তায়।
প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভ করছেন তারা।

ইমামোলুর স্ত্রী দিলেক কায়া ইমামোলু হাজার হাজার মানুষের উদ্দেশে বলেছেন, ‘এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে। এবার তিনি হারবেন।’ তার বক্তব্য, একরেমকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের জনগণের সঙ্গে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। এর দায়িত্ব এরদোয়ানকে নিতে হবে।

উল্লেখ্য, একরেম ইমামোলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঘোরতর বিরোধী। ইস্তাম্বুলে তিনি মেয়র হিসেবে এরদোয়ানের বিরুদ্ধে লড়াই করছিলেন।
অভিযোগ, সে কারণেই অন্যায়ভাবে তাকে জেলে ভরা হয়েছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত এক দশকের মধ্যে এমন বিশাল বিক্ষোভ দেখেনি তুরস্কবাসী। দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে। প্রথমে তাকে আটক করা হয়। পরে গ্রেপ্তার করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।
আদালতের নির্দেশে তাকে মারমারা জেলে নিয়ে যাওয়া হয়েছে।

ইমামোলুর গ্রেপ্তারের পরেই ইস্তাম্বুলে শুরু হয়েছে বিক্ষোভ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। গত পাঁচ দিন ধরে তারা রাজপথ দখল করে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ দমনে এরই মধ্যে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। একপর্যায়ে তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে জল কামান ও পিপার স্প্রে ব্যবহার করেন। এ সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় তুরস্কের ইস্তাম্বুলের সিটি হল এলাকা।

ইমামোলুর পাশে ফ্রান্স

রবিবার রাতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘যেভাবে ইমামোলু এবং তার সহকারীদের গ্রেপ্তার করা হয়েছে, তা গণতন্ত্রের ওপর আঘাত।’ ওই বিবৃতিতে বলা হয়েছে, গত ২০ বছর ধরে এরদোয়ান তুরস্কে শাসন করছেন। তিনি বিরোধী স্বরকে সম্মান দেওয়ার শপথ নিয়েছিলেন। কিন্তু বাস্তবে সে কাজ তিনি করছেন না।

ফ্রান্সের বক্তব্য, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হিসেবে ফ্রান্স মনে করে, বিরোধী রাজনীতি গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। এই ভাবনাকে সম্মান করলেই একমাত্র তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক বজায় রাখা সম্ভব।

এরদোয়ানবিরোধী ভোট

ইমামোলুর সমর্থকেরা দেশজুড়ে এক প্রতীকী ভোটের ব্যবস্থা করেছিলেন। বিভিন্ন শহরে তারা ব্যালট বাক্স বসিয়েছিলেন। বিরোধীদল সিএইচপির সমর্থক নন, এমন মানুষদেরও ওই প্রতীকী ভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল বলে দাবি করা হয়েছে।

সিএইচপি জানিয়েছে, প্রায় দেড় কোটি মানুষ এই ভোটে অংশ নিয়েছিলেন। কোনো কোনো অঞ্চলে এতই ভিড় হয়েছিল যে, ভোটের সময় সাড়ে তিন ঘণ্টা বাড়িয়ে দিতে হয়। দেড় কোটি মানুষের মধ্যে এক কোটি ৩০ লাখ মানুষ ইমামোগলুর সমর্থনে ভোট দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

২০১৯ সালে ইমামোগলু প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত বছর তিনি পুনর্নির্বাচিত হন। প্রতীকী ভোটের ফলাফল জানার পর তিনি জেল থেকেই এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দেশের মানুষ এরদোয়ানকে একটি বার্তা দিয়েছে। অনেক হয়েছে, আর না।’

সূত্র : ডয়চে ভেলে, বিবিসি

কানাডায় ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি মোকাবেলার অঙ্গীকার করেছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জায়গায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা কার্নিকে বেছে নিয়েছিল কানাডার মধ্যপন্থী লিবারেল পার্টি। যদিও তিনি কখনো দেশটির জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

আগামী অক্টোবরে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সেই নির্বাচন কয়েক মাস এগিয়ে আনার মধ্য দিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, ট্রাম্পের ক্রমাগত হুমকি এবং বাণিজ্য যুদ্ধই হবে তাঁর প্রচারণার মূল বিষয়।

গতকাল রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কার্নি বলেন, ‘আমি গভর্নর জেনারেলকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার এবং আগামী ২৮ এপ্রিল নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছি। তিনি সম্মতি দিয়েছেন।
’

কার্নি আরো বলেন, ‘ট্রাম্প আমাদের বিভক্ত করতে চান, যাতে আমেরিকা আমাদের মালিক হতে পারে। আমরা তা হতে দেব না। প্রেসিডেন্ট ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্যিক পদক্ষেপ এবং সার্বভৌমত্বের প্রতি তাঁর হুমকির কারণে আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি। আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত একটি শক্তিশালী অর্থনীতি এবং আরো নিরাপদ কানাডা গড়ে তোলা।
’

এক দশক ক্ষমতায় থাকা লিবারেল সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। কিন্তু দেশপ্রেমের ঢেউ তুলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মুখিয়ে আছেন কার্নি।

কানাডার নির্বাচনে সাধারণত জীবনযাত্রার ব্যয় এবং অভিবাসনের মতো অভ্যন্তরীণ বিষয় প্রাধান্য পেয়ে থাকে। তবে এবার তালিকার শীর্ষে রয়েছে—কে ট্রাম্পকে ভালোভাবে মোকাবেলা করতে পারবেন।

ব্যাপক সমালোচনার মুখে ট্রুডো ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

এরপর বিরোধী দল কনজারভেটিভ পার্টির পিয়েরে পইলিভর আলোচনায় চলে আসেন। কয়েক সপ্তাহ আগেও জনমত জরিপে এগিয়ে ছিলেন তিনি। তবে লিবারেলদের ক্ষমতা নেওয়ার পর সেই ব্যবধান ঘুচিয়ে এনেছেন কার্নি।
সিবিসি নিউজ পোল ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত লিবারেল পার্টি ৩৭.৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়েছিল। অন্যদিকে কনজারভেটিভদের প্রতি সমর্থন ছিল ৩৭.১ শতাংশ ভোটারের।

জগমিত সিংয়ের নেতৃত্বাধীন বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টির প্রতি ১১.৬ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে।

দলগুলো কানাডার আইনসভার নিম্নকক্ষ হাউস অব কমনসের ৩৪৩টি আসনে লড়াই করবে। যে দল সবচেয়ে বেশি আসন পাবে তাদেরই সাধারণত সরকার গঠন করতে বলা হয়। আর ওই দলের নেতাই প্রধানমন্ত্রী হয়ে থাকেন।

এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

গত কয়েক মাসে ঢাকায় গান পরিবেশন করেছেন পাকিস্তানি শিল্পী রাহাত ফাতেহ আলী খান, আতিফ আসলাম থেকে শুরু করে ব্যান্ড ‘কাভিশ’। সামনে ১১ এপ্রিল ঢাকায় গান শোনাবেন মুস্তাফা জাহিদ, ২ মে শোনাবেন আজমত আলী। এবার জানা গেল, পাকিস্তানের বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আইমা বেগ প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসবেন।

ইয়ামাহা মিউজিকের আয়োজনে ১২ এপ্রিল ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি।
কনসার্টের ভেন্যু রাজধানীর সেনা প্রাঙ্গণ। বিষয়টি ইয়ামাহা মিউজিকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, কনসার্টটি নিয়ে এরই মধ্যে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। শিগগিরই অনলাইনে টিকিট ছাড়া হবে।

আইমা বেগ ১৯৯৫ সালে লাহোরে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা কেটেছে ওমানে। লাহোর বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র বিষয়ে পড়েছেন। প্রথমে ২০১৪ সালে সাউন্ডক্লাউডে কয়েকটি গান প্রকাশ করেন আইমা।
এর পর থেকে তিনি সামাজিক মাধ্যমে খ্যাতি অর্জন করেন। খানিকটা পরিচিতি পাওয়ার পর ‘দুনিয়া নিউজ’ চ্যানেলের কমেডি অনুষ্ঠান ‘মাজাক রাত’ অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি কমেডিয়ানদের সঙ্গে কাজ করেন তিনি।

২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাক করেন আইমা বেগ। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় গান গেয়ে পাদপ্রদীপের আলোয় আসেন। এর মধ্যে ‘কালাবাজ দিল’ সিনেমায় গান গেয়ে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান।
তার আরেকটি জনপ্রিয় গান ‘ইশক আতীশ’ রাশিয়ান একটি টেলিভিশন ধারাবাহিকে বাজানো হয়। গানটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। কোক স্টুডিও পাকিস্তানের তিনটি সিজনেও গেয়েছেন আইমা।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পোপ ফ্রান্সিস

প্রাণঘাতী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে ভ্যাটিকানে নিজ বাসভবনে ফিরেছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় রবিবার (২৩ মার্চ) রোমের জেমিলি হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

হাসপাতালের বারান্দা থেকে সকলের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। সেই সময় তিনি একটি হুইলচেয়ারে বসেছিলেন।
তবে তার চিকিৎসক সার্জিও আলফিয়েরি বলেছেন, তাকে সুস্থ হতে এখনো ‘কমপক্ষে দুই মাস’ সময় লাগবে।

ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সি পোপ হাসপাতালে ভর্তি হন। এরপর প্রায় এক মাস ধরে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

তবে এর মাঝেও তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আর্জেন্টাইন এই ধর্মগুরু ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

এবার ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। এর আগে গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে দখলদার ইসরায়েল। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

গতকাল রবিবার (২৩ মার্চ) উপত্যকাটির বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তালিকায় আছেন নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমও। চলমান যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে।

গতকাল রবিবার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
ওই হামলায় ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়েছে।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী ‘সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।’

তিনি বলেন, ইসমাইল বারহুম ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। তিনি কয়েক দিন আগে নিহত সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন।