শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

বিএনপি জামায়াতের সংস্কৃতি মেনে নিয়েছে

kamrul23খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে না যাওয়ায় প্রমাণ হয়- বিএনপি জামায়াতের সংস্কৃতি মেনে নিয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার আয়োজিত মানববন্ধনে তিনি এ সব কথা বলেন। খালেদার রোষানলে পুড়ছে মানুষ, পুড়ছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

কামরুল ইসলাম বলেন, জামায়াতকে অনুসরণ করে ঘরের মধ্যে দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ দিবসের কার্যক্রম শেষ করেছে বিএনপি। জামায়ত কখনও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে না। খালেদা জিয়া জামায়াতের আচার-অনুষ্টান অনুরসরণ করতে শুরু করেছে।

চলমান সঙ্কট নিরসনে যারা সংলাপের কথা বলেন তাদের উদ্দেশে কামরুল বলেন, সব সময়ই কিছু জ্ঞানপাপী ও বুদ্ধিজীবী থাকে। ১৯৭১ সালেও কিছু বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারই ধরাবাহিকতায় এখনও কিছু সুশীল বাবু সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করছে। তবে তারা সংখ্যায় খুব নগণ্য।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির এই কার্যক্রম কোনো রাজনৈতিক সঙ্কট নয়, এটি সন্ত্রাস। তারা কোনো রাজনৈতিক কথা বলে না। আমরা কোনো রাজনৈতিক কথা বললে পাল্টা জবাব আসে না, তাই কথা বলতেও ভালো লাগে না।

চলমান সহিংসতা বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর উন্নত দেশের মতো বাংলাদেশেও সন্ত্রাস দমন করা হবে বলেও জানান তিনি।

সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, শাহ আলম মুরাদ প্রমুখ।

বোমার আঘাতে বেরিয়ে গেলো কলেজছাত্রীর নাড়িভুড়ি

kobinazrulরাজধানীর পুরান ঢাকার লক্ষীবাজারে বোমার আঘাতে কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। তার নাম শারমিন সুলতানা (২০)।

রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি মিছিল থেকে তার ওপর বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি তার পেটের এক পাশে আঘাত হানে। এতে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রাপুর থানার ডিউডটি অফিসার এসআই আনিসুর রহমান জানান, বেলা ১১টার দিকে একটি মিছিল থেকে তার ওপর বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি তার পেটে লাগে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ওসি ঘটনাস্থলে রয়েছেন বলে জাননিয়েছেন ওই ডিউটি অফিসার।

আল আমিনের পরিবর্তে শফিউল!

shofiul22কী এমন করেছিলেন আল-আমিন হোসেন, যে তাকে বহিষ্কারই করতে হবে? শুধু জানা গেছে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফিরিয়ে আনা হবে দেশে।

আল আমিনের বহিষ্কারাদেশের খবর প্রচার হয়ে পড়ার পর পরই জ্বল্পনা-কল্পনা শুরু হয়, কেন? কি দোষ করেছেন তিনি? তাহলে তার পরিবর্তে কাকে নেয়া হচ্ছে দলে?

তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, আল আমিনের পরিবর্তে নেয়া হতে পারে আরেক মিডিয়াম পেসার শফিউল ইসলামকে। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের বাইরে যে দু’জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন শফিউল ইসলাম। ছিলেন ৩০ জনের প্রাথমিক দলেও।

গত বিশ্বকাপেও খেলেছিলেন শফিউল। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি দারুন ব্যাটিংও করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে যে ম্যাচে জিতেছিল বাংলাদেশ, ওই ম্যাচে শেষ দিকে শফিউলের কারণেই এসেছিল দুর্দান্ত ওই জয়টি।

২০১০ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর শফিউল খেলেছেন মোট ৫২টি ওয়ানডে। উইকেট নিয়েছেন ৫৮টি। সেরা ২১ রানে ৪ উইকেট এবং চার উইকেট নিয়েছেন মোট ৪ বার।

অপরদিকে অস্ট্রেলিয়ায় থাকা দলীয় একটি সূত্র থেকে জানা গেছে, আল আমিনের দলীয় শৃঙ্খলা বিরোধী অপরাধ ছিল অনেক। বেশকিছু অভিযোগ আনা হয় তার বিপক্ষে। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর থেকেই বেপরোয়া চলাফেরা করছিলেন আল আমিন। সময় মতো হোটেলে না ফেরা, অধিক রাত করে ফেরা, ম্যানেজমেন্টের কথা না শোনা, সিনিয়রদের সঙ্গে অশোভন আচরণও রয়েছে অভিযোগগুলোর মধ্যে। আর সে কারণেই হয়তো তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে সেরা একাদশে ছিলেন না আল-আমিন হোসেন।

মমতার ঢাকা সফর শেষে রাজ্যের পাওনা শূন্যই: আনন্দবাজার

momta18মমতার ঢাকা সফর শেষে রাজ্যের পাওনা শূন্যই এই শিরোনাম দিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা আজ খবর ছেপেছে।

আনন্দবাজার লিখেছে, গত তিন দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে বাহ্যিক উচ্ছাস, আন্তরিকতা এবং সৌজন্যের কোনো অভাব ছিল না। শনিবারের বৈঠকেও দিদি শেখ হাসিনা তার বাসস্থান ‘গণভবনে’ ঢালাও আপ্যায়ন করলেন তার ছোট বোন মমতাকে।

গত কাল মাঝরাতে ঐতিহাসিক শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর পর যে ভাবে প্রোটোকলের তোয়াক্কা না করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছু’টে গিয়েছিলেন একে অপরের দিকে, আজ গোটা দিন সেই সুর বেজে গিয়েছে মমতার ফিরতি বিমান ধরা পর্যন্ত।

কিন্তু, এ সবের পরেও একটি প্রশ্ন বড় হয়ে উঠেছে, সরকারি অর্থে পাত্র-মিত্র-অমাত্য নিয়ে মমতার এই ঢাকা সফরে রাজ্য কী পেল?

পত্রিকাটি লিখেছে, শুক্রবার ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সারনের বাড়িতে চা-চক্রের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী-সহ প্রতিনিধি দলের খোশগল্প ও গানবাজনা অথবা দুপুরের বৈঠকি আড্ডায় মনভরানো বিচিত্রানুষ্ঠান হলেও, রাজ্যের পাওনার ঘরে কিন্তু বলার মতো কিছুই নেই।

তবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যৌথ উদ্যোগে সিনেমা তৈরি নিয়ে আজ বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী অভিনেতা প্রসেনজিৎ ও পরিচালক গৌতম ঘোষ।

দুই বাংলার মধ্যে যৌথ উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ, কালকাতায় বাংলাদেশি ছবির উৎসব-সহ বিভিন্ন বিষয় নিয়ে খুব শীঘ্রই উদ্যোগ শুরু হবে শুরু হবে বলে জানিয়েছেন প্রসেনজিৎ। কিন্তু এই আলোচনার বিষয়টিও নতুন নয়। বছর তিনেক ধরেই চলছে। কিন্তু বাংলাদেশের কিছু প্রভাবশালী প্রযোজকের বাধায় কিছুই এগোচ্ছে না।

আনন্দবাজার জানাচ্ছে, শনিবার বিকেলে দু’দেশের বণিকসভার সদস্যদের নিয়ে একটি বৈঠক হল। তাতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ থেকে শুরু করে উপস্থিত ছিলেন দু’পক্ষের বহু বাণিজ্য কর্তা। কিন্তু গোটা আলোচনাটিই ভারত-বাংলাদেশ মৈত্রী এবং তিস্তা-ছিটমহলের দাবিদাওয়ার চড়াতেই গিয়ে ঠেকলো।

কোনও নির্দিষ্ট বিনিয়োগ সম্ভাবনা তৈরি হল না। দু’দেশের বিমানবন্দরে পারস্পরিক দোকান করার মত কিছু অকিঞ্চিৎকর মৌখিক প্রস্তাব মুখ্যমন্ত্রী দিলেও, তা নিয়ে কোনো সিদ্ধান্ত হল না।

প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বিমানে ওঠার আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে তৃণমূল-জামাত যোগাযোগ নিয়ে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে ঢাকার মন জয় করতেই তার এই সফর।

বাংলাদেশের নেতৃত্ব তাদের আচার ব্যবহারে সন্দেহের কোনো বহিঃপ্রকাশ অবশ্যই দেখাননি। শনিবারও প্রোটোকল বহির্ভূত ভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বিদায় দিতে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

দাঁড়িয়ে থেকেছেন যত ক্ষণ না গাড়ি ছাড়ে। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে বলেছেন, পরের বার এসে হোটেলে নয়, তার বাড়িতেই যেন আতিথ্য নেন মমতা।

তিস্তা নিয়ে আলোচনা প্রক্রিয়া শুরুর কথা বলে এসেছেন মমতা। তিনি হয়তো ভাবছেন, এই আলোচনা প্রক্রিয়া শুরু হলে তার দলের বিরুদ্ধে ওঠা জামাত যোগের অভিযোগ নিয়ে খোঁচাখুঁচি করা হয়তো বন্ধ করবে ঢাকা। সেটা হবে কি না, তা অবশ্য ভবিষ্যৎই বলতে পারে।

কুড়িগ্রামে সাংবাদিকের গায়ে মদ ঢেলে নির্যাতন

kurigramরৌমারী থানা পুলিশের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যসহ নানা দুর্নীতির খবর প্রকাশ করায় পুলিশ ক্ষিপ্ত হয়ে রৌমারী থেকে প্রকাশিত মাসিক উত্তর চিত্র পত্রিকার বার্তা সম্পাদক রফিকুল ইসলাম সাজুকে সাজানো মামলায় আটক করা হয়েছে। পরে পুলিশ তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে শরীরে মদ ঢেলে দিয়ে শারীরিক নির্যাতন করে প্রকাশ্য উপজেলা সদরে ঘুরিয়েছে। ন্যাককারজনক এ ঘটনায় সাংবাদিকসহ সচেতন মহলে তোলপাড় শুরু হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ইসলামি ব্যাংকের নিচতলায় মাসিক উত্তর চিত্র পত্রিকার কার্যালয়ে সাজু পত্রিকার কাজ করছিলেন। এ সময় রৌমারী থানার এসআই জিয়াউল হকের নেতৃত্বে চারজন পুলিশ তার কার্যালয়ে ঢুকে গালিগালাজ শুরু করে। এ সময় পুলিশের হাতে থাকা ব্যাগ থেকে একটি মদের বোতল বের করে তার শরীরে ঢেলে দিয়ে দুহাতে হ্যান্ডকাপ লাগিয়ে টেনে হিচড়ে বের করে। এ ঘটনার সময় বাজারের বিপুল সংখ্যক লোক সেখানে জড়ো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগে থেকে সেখানে দাড়িয়ে থাকা ক্ষিপ্ত ওসি সোহরাব হোসেন তাকে চড়থাপ্পড় ও লাথি মারতে মারতে প্রকাশ্য বাজারে ঘোরান।

উপস্থিত লোকজন আটকের কারণ জানতে চাইলে ওসি তাদের বলেন, “মদ পান করায় তাকে গ্রেফতার করা হয়েছে।”

পুলিশ রাত দেড়টার দিকে গ্রেফতারকৃত সাংবাদিককে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে। সেখানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নান এর দফতরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেয়ার চেষ্টা করে।

ম্যাজিস্ট্রেট অপরাধের বিষয় জানতে চাইলে আটক সাংবাদিক নিজেকে নিরাপরাধ বলে দাবি করেন। এ সময় ক্ষিপ্ত ওসি বিচারকের সামনেই তার ওপর নির্যাতন চালিয়ে দোষ স্বীকার করার চেষ্টা করেন। কিন্তু বিচারক মদপানের কোনো প্রমাণ না পাওয়ায় তাকে কোনো সাজা না দিয়ে ফেরৎ পাঠান।

এরপর পুলিশ মদ পানের সাজানো মামলা দিয়ে শনিবার তাকে কুড়িগ্রাম জেল হাজাতে পাঠায়।

আটক সাজু ও স্থানীয় একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তলাগোয়া রৌমারী থানা এলাকায় ওসি শামিমের নেতৃত্বে ব্যাপক দুর্নীতি হয়। এসব দুর্নীতির খবর একাধিক সংবাদপত্রে প্রকাশিত হলে ওসি শামিমের বদলি হয়। তখন থেকে খবর প্রকাশের জন্য পুলিশ মূলত সাজুকেই দায়ী করে আসছিল। এরই জের হিসেবে সাজুকে গ্রেফতার করে হয়রানিমূলক মামলা দিয়েছে।

এ প্রসঙ্গে বর্তমান ওসি সোহরাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মদ খাওয়া অবস্থায় ওই সাংবাদিককে আটক করা হয়েছে।”

শারীরিক নির্যাতনের ব্যাপারে প্রশ্ন করা ওসি বলেন, “পুলিশী কাজে বাঁধা দেয়ায় তাকে  দুএকটি চড়থাপ্পড় মারা হয়েছে।

রৌমারী থেকে প্রকাশিত মাসিক উত্তর চিত্র পত্রিকার বার্তা সম্পাদক রফিকুল ইসলাম সাজুকে অন্যায়ভাবে আটক ও নির্যাতনের প্রতিবাদে রৌমারী ও রাজীবপুর উপজেলার সাংবাদিক সমাজ বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। রৌমারী প্রেস ক্লাব ও রাজীবপুর প্রেস ক্লাব এর উদ্যোগে প্রতিবাদ সভা করে ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের ওই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ।

শনিবার রৌমারী প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু। বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক কুদ্দুস বিশ্বাস, সাংবাদিক এসএম সাদিক হোসেন, নুরুল আমিন, আশরাফুজ্জামান, আনিচুর রহমান, শফিকুল ইসলাম, আমির হোসেন, সহিজল ইসলাম, জিতেন চন্দ্রদাস, মুক্তার হোসেন।

বক্তরা রৌমারী থানার ওসি সোহরাব হোসেন, এসআই জিয়াউল ইসলাম ও এএসআই ফারুক হোসেনের শাস্তি দাবি করেন।

সাংবাদিক রফিকুল ইসলাম সাজুকে নিঃশর্ত ভাবে মুক্তির দাবিতে আগামী ২৪ ফেব্রুয়ারি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।

দক্ষিণ আফ্রিকাকে ৩০৮ রানের চ্যালেঞ্জ ভারতের

india22অস্ট্রেলিয়ার মেলবোর্নে দক্ষিণ আফ্রিকাকে ৩০৮ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩০৭ রান করেছে মহেন্দ্র  সিং ধোনির দল।

দলীয় ৯ রানে উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাকে (রান আউট) হারিয়ে কিছুটা চাপে পড়া ভারত শিখর ধাওয়ান আর বিরাট কোহলির কাঁধে ভর দিয়ে এগিয়ে যায় স্বাচ্ছন্দে। দ্বিতীয় উইকেটে কোহলি-ধাওয়ান ১২৭ রানের জুটি গড়েন।  কোহলি ৪৬ রান করে ইমরান তাহিরের শিকার হন।

সেঞ্চুরি পূর্ণ করা ধাওয়ান এরপর অজিঙ্কা রেহানেকে নিয়ে আরো এক সফল জুটি গড়ে তোলেন। দলীয় ২৬১ রানের সময় পারনেলের বলে আমলার হাতে বন্দী হন ধাওয়ান (১৩৭)। অন্যান্যের মধ্যে  রেহানে ৭৯, রায়না ৬, ধোনি ১৮, জাদেজা ২ রান করেন। আর  অশ্বিন ৫ ও সামি ৪ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে মরকেল দুটি এবং তাহির, পারনেল ওস্টইন একটি করে উইকেট নেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হয়। টসে জিতে ব্যাট করতে নামে ভারত।

হারল বার্সা, ম্যাঞ্চেস্টার

mesiহেরে গেলেন মেসিরা-রুনিরাও৷ স্প্যানিশ লিগ জেতার ব্যাপারে বড় ধাক্কা খেল বার্সিলোনা৷ স্বাভাবিকভাবেই বিরাট সুবিধা হলো রিয়েল মাদ্রিদের৷ শনিবার নিজেদের মাঠে মালাগার কাছে ০-১ ব্যবধানে হারল বার্সা৷ একেবারে শুরুতে ৭ মিনিটে হুয়ানমির গোলে এগোয় মালাগা৷ এরপর সারাক্ষণ ধরে মেসি, নেইমার, সুয়ারেজরা গোল শোধ করতে পারেননি৷ ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে রিয়েল শীর্ষে৷ এক ম্যাচ বেশি খেলে বার্সিলোনা এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্হানে৷

ইংলিশ প্রিমিয়ার লিগে রুনির ম্যাঞ্চেস্টার ১-২ ব্যবধানে হারল সোয়ানসির কাছে৷ হেরেরার গোলে এগোয় ম্যাঞ্চেস্টার৷ কি এবং গোমিসের গোলে জেতে সোয়ানসি৷

‘হিসাবি’ জামায়াত, কৌশলে কাজ হচ্ছে না

jamat22জোটের চলমান আন্দোলনে সহিংসতার দায় যাতে এককভাবে দলের ওপর না আসে, সে জন্য মাঠে কিছুটা ‘সাবধানী’ বা ‘হিসাবি’ অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী। এ কারণে এবারের আন্দোলনে দলের নেতা-কর্মীদের বিএনপির অবস্থান দেখে মাঠে নামার পরামর্শ দেওয়া হয় বলে জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে। অনেকের মতে, সে জন্যই তাদের তৎপরতা ২০১৩ সালের মতো ‘সর্বাত্মক’ নয়।

দলটির উচ্চপর্যায়ের দায়িত্বশীল নেতারা বলছেন, অতীতে সহিংসতার জন্য দেশি ও আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার কথা মনে রেখে এবারের আন্দোলনে মাঠে ‘হিসাবি’ অবস্থান নেওয়া হয়। এ কৌশলের অংশ হিসেবেই দলের নেতা-কর্মীরা বিএনপির সঙ্গে মাঠে তৎপর থাকলেও চলমান আন্দোলনে আগের মতো গা লাগাচ্ছেন না।
২০১৩ সালে দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ফাঁসির রায় ও একজনের সাজা কার্যকরের পর জামায়াত-শিবির সারা দেশে হরতালের কর্মসূচি দিয়ে সহিংসতা চালায়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এতে দলটি আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

ওই সূত্র জানায়, ৫ জানুয়ারি ‘একতরফা’ সংসদ নির্বাচনের বার্ষিকী থেকে নতুন করে আন্দোলন শুরুর পর এবার মাঠে ‘সাবধানী’ ভূমিকায় থাকার সিদ্ধান্ত নেন জামায়াতের নীতিনির্ধারকেরা। এ জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকও করা হয়। সেই বৈঠকের সিদ্ধান্তের আলোকে দলের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের আগে বিএনপির অবস্থান দেখে তারপর মাঠে নামতে কেন্দ্র থেকে নির্দেশনা পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান ‘গা বাঁচিয়ে আন্দোলনের’ তথ্য সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমরা যা করি, আন্তরিকতার সঙ্গে করি। হাফডান বা লোক দেখানোর কাজ আমাদের নেই।’

নতুন নির্বাচনের জন্য সংলাপ ও সমঝোতার দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ-হরতাল চলছে গত ৬ জানুয়ারি থেকে। দেড় মাসের টানা আন্দোলনের এ পর্যায়ে এসে দলটির নীতিনির্ধারকেরা মনে করছেন, এই ‘সাবধানী’ অবস্থান তেমন কাজে আসেনি। এটি আন্তর্জাতিক গোষ্ঠীরও দৃষ্টি কুড়াতে সমর্থ হয়নি; বরং এই ‘সাবধানী’ ভূমিকাকে সন্দেহের চোখে দেখছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। আবার ‘সাবধানী’ অবস্থানের কারণে সরকারের কাছ থেকে কোনো রকম ছাড় পাওয়া গেছে, তা-ও না।

জামায়াতের নেতাদের মূল্যায়ন হচ্ছে, দেড় মাসের আন্দোলনে বিএনপির চেয়ে সারা দেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বেশি গুম-খুন ও নির্যাতনের শিকার হচ্ছেন। এতে অনেকটা নীরবে দলের শক্তি ক্ষয় হচ্ছে। এ কারণে দলের নেতা-কর্মীদের একটি অংশ, বিশেষ করে ছাত্রশিবিরের কাছে কেন্দ্রের ‘সাবধানী’ অবস্থানের নির্দেশনা মাঠপর্যায়ে ভালো গুরুত্ব পায়নি। এ অবস্থায় কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি অংশ কর্মসূচিতে সহিংসতায় জড়িয়ে পড়ছে।

জামায়াতের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, বিএনপি বা সরকারের প্রতিক্রিয়ার চেয়ে দলের নীতিনির্ধারকেরা বেশি চিন্তিত জামায়াত সম্পর্কে আন্তর্জাতিক প্রভাবশালী মহলের নেতিবাচক মনোভাব নিয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস সম্পাদকীয় লিখে এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার পরামর্শ দিয়েছে। এক বছর আগে, অর্থাৎ গত বছরের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের পরপরই ইউরোপীয় পার্লামেন্ট বিএনপিকে জামায়াত ও হেফাজতে ইসলাম থেকে দূরত্ব বজায় রাখার প্রস্তাব করেছিল।

জামায়াত আইসিজির এ বক্তব্যকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘দুঃখজনক’ বলে এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু বিএনপি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। দলটির স্থায়ী কমিটি ও দলীয় চেয়ারপারসনের তিন সদস্যের সঙ্গে কথা বললে তাঁরা জানান, বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে নতুন কোনো ভাবনা নেই। তাঁরা এও বলেন, এ বক্তব্য আওয়ামী লীগের।
নিউইয়র্ক টাইমস ও আইসিজির বক্তব্য সম্পর্কে জানতে চাইলে জামায়াতের নেতা মুজিবুর রহমান বলেন, ‘যারা জামায়াতের আদর্শিক রাজনীতিকে পছন্দ করে না, তারাই বিভিন্নভাবে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে বলছে। কিন্তু বিএনপি জামায়াতকে ছেড়ে দিচ্ছে বলে আমার মনে হয়নি।’

জামায়াতের দায়িত্বশীল দুজন নেতা জানান, বিএনপির সঙ্গে সম্পর্ক টেনে নেওয়া নিয়ে দলের ভেতরে নানা ধরনের মূল্যায়ন আছে। দলের নেতা-কর্মীদের বড় একটি অংশ মনে করছে, জামায়াতের ওপর যে দুর্যোগ চলছে, তা বিএনপির সঙ্গে থাকা এবং দলের নীতিনির্ধারকদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে। এখন বিএনপি যদি জামায়াতকে ছেড়েও দেয়, তাতে দলটির খুব লাভ-ক্ষতি নেই। তবে বৈরী পরিস্থিতির কারণেই এসব মূল্যায়ন সামনে আনা হচ্ছে না।

২০-দলীয় জোটের একাধিক শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা প্রথম আলোকে বলেন, সরকার জামায়াতকে একটি সহিংস দল হিসেবে আন্তর্জাতিক মহলের একটি অংশকে বোঝাতে সমর্থ হয়েছে। যেহেতু দেশি ও আন্তর্জাতিকভাবে জামায়াত-বিএনপি সম্পর্ক একটি নেতিবাচক অবস্থানে এসে দাঁড়িয়েছে, সে ক্ষেত্রে বিএনপি সলাপরামর্শের ভিত্তিতে জামায়াতকে দূরে রাখার একটা কৌশল নিতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক ২০ দলের একজন শীর্ষ নেতা ও সাবেক সেনা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশ্বাস করি, জামায়াত গণতান্ত্রিক পথে আছে। এর পরও পৃথিবীর ভুল ভাঙতে আমি জোটের প্রধান হলে জামায়াতকে আপাতত তালাকই দিতাম।’ অবশ্য জোটের আরেক শরিক দল ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী মনে করেন, আপাতত এ কৌশল নেওয়া হলে জোটে আস্থাহীনতা দেখা দেবে।

জোটের নেতাদের একটি অংশের মত হচ্ছে, সরকার তার রাজনৈতিক কৌশলগত কারণে শুরু থেকেই জামায়াতকে বিএনপির কাছ থেকে ছোটাতে চাইছে। বিষয়টি এখন অনেকটাই প্রকাশ্য। এ অবস্থায় জোটের অন্যতম শক্তি হিসেবে জামায়াতকে ছেড়ে দেওয়া হবে সরকারের কাছে রাজনৈতিক আত্মসমর্পণ।- প্রথম আলো

হরতাল-অবরোধ প্রত্যাহারের গুলশানে পেশাজীবীদের মানববন্ধন

ima22হরতাল-অবরোধ প্রত্যাহার ও চলমান সহিংসতা বন্ধের দাবিতে গুলশানে মানববন্ধন করেছেন আওয়ামী লীগপন্থী বেশ কয়েকটি পেশাজীবী সংগঠন। এতে  প্রকৌশলী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, লেখক, শিল্পীসহ রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও অংশ নেন।

রোববার বেলা ১১টায় গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে বনানী রোডে তারা এ মানববন্ধন করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হরতাল-অবরোধ ও এসব কর্মসূচির নামে সহিংসতা বন্ধের দাবি জানান। সহিংসতার জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করে এসব ঘটনার শাস্তিও দাবি করেন তারা।

একই সঙ্গে তারা সহিংসতা বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় মানববন্ধনে অংশ নিয়ে বলেন, “আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট যা করছে, এটা কোনো স্বাধীন দেশে চলতে পারে না। এটা আন্দোলন নয়, সন্ত্রাস। অবিলম্বে এসব বন্ধ করতে হবে।”

সংসদ সদস্য ও অভিনেত্রী তারানা হালিম বলেন, “সহিংসতার বিপক্ষে মানুষকে ঐক্যবদ্ধ করতে আমরা রাজপথে নেমে এসেছি। ইতিমধ্যে সাধারণ মানুষ সহিংসতাকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং অনেককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে।”

বাংলাদেশে ওপেন ডেটা ডে পালিত

open detaবিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে ওপেন ডেটা ডে। শনিবার ঢাকায় ওপেন নলেজ বাংলাদেশের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওপেন নলেজের উদ্যোগে চলতি বছর অ্যাপ্লিকেশন লেখা, ডেটা বিশ্লেষণ এবং ডেটার ভিজ্যুয়ালাইজেশন করার মাধ্যমে সর্বশেষ ডেটা অ্যানালাইসিসের কাজটি ওপেন ডেটা দিবসে করা হয়।  নির্দিষ্ট শহরে এ কাজটি করেছেন ওপেন নলেজের স্বেচ্ছাসেবকরা।

এরই অংশ হিসেবে ঢাকার বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) কার্যালয়ে দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা ও আড্ডার আয়োজন করা হয়। এতে ওপেন ডেটার নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিডিওএসএনের যুগ্ম সম্পাদক ও গুগল ডেভলপার গ্রুপ বাংলার ব্যবস্থাপক জাবেদ মোর্শেদ চৌধুরী ও ওপেন নলেজ বাংলাদেশের অ্যাম্বাসেডর নুরুন্নবী চৌধুরী হাছিব।

আলোচনায় ওপেন ডেটা কী, কীভাবে কাজ করে, বাংলাদেশে ওপেন  ডেটার অবস্থান কী ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ওপেন ডেটা নিয়ে কাজ করতে আগ্রহীদেরও ওপেন নলেজের বিভিন্ন ধরনের টুলসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

আয়োজন উপলক্ষে নুরুন্নবী চৌধুরী হাছিব বলেন, “চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ওপেন ডেটা ডে পালিত হচ্ছে। বাংলাদেশেও ওপেন ডেটার বিষয়গুলো ছড়িয়ে দিতে আমরা দিবসটি পালন করেছি এবং ওপেন ডেটা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি।”

দিবসটি পালন উপলক্ষে কেক কাটা হয়। আলোচনায় অংশ নেন মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক বায়েজিদ ভূঁইয়া জুয়েল, বিডিওএসএনের অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদসহ অনেকে।