মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন তিনি।
পরদিন শুক্রবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তিনি আনুষ্ঠানিক বৈঠক করবেন।

পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, চীন সরকারের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে সরকারি দ্বিপক্ষীয় সফরে যাবেন। বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করছি।
তার মধ্যে রয়েছে মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সহযোগিতা, গণমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা। এ ছাড়া অর্থনৈতিক, বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি সম্পর্কিত ঘোষণা আসতে পারে।

আনন্দমেলায় রুনা লায়লা

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’।এবারের ‘আনন্দমেলা’র উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকা— এসব আয়োজনেই সেজেছে অনুষ্ঠানটি।

এবারের আয়োজনে থাকছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।
‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ শিরোনামের বিখ্যাত গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ইমরান ও কনার কণ্ঠে থাকছে ডুয়েট গান। এছাড়াও অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করেছেন সালমা, ঐশি ও গামছা পলাশ।

জনপ্রিয় নয়টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী।
বিভিন্ন হাস্য-রসাত্মক ঘটনা নিয়ে থাকছে কয়েকটি নাটিকা। আরো থাকছে শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা।

এছাড়াও অনুষ্ঠানটিতে কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তার দল। মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।

সালমানের ব্লকবাস্টার প্রত্যাবর্তনের অপেক্ষায় ভক্তরা

ট্রেলারেই সালমান খান বুঝিয়ে দিয়েছিলেন যে এবার বক্স অফিসের খেলা ঘুরতে চলেছে! কখনো অ্যাকশন লুকে, আবার কখনো রোমান্টিক হিরোর বেশে তাকে দেখে ব্যাপক উচ্ছ্বসিত ভাইজান ভক্তরা। এবার অগ্রিম বুকিংয়েও ঝড় তুলে দিল তার ‘সিকান্দার’।

মঙ্গলবার সিনেমাটির অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। আর ঘণ্টাখানেকের মধ্যেই ৪০ হাজার টিকিট শেষ।
শুধুমাত্র হিন্দি ভাষার ২ডি ভার্সনের টিকিটই যা বিক্রি হয়েছে, তাতে ১.১৩ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ‘সিকান্দার’।

অন্যদিকে ব্লক বুকিংয়ের হিসেব ঘেঁটে বলিউডের সংবাদ মাধ্যম বলছে, অগ্রিম বুকিংয়েই ‘সিকান্দার’ ৫ কোটি রুপির বেশি আয় করেছে। ভারতের প্রায় ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে ছবিটির।

সিনেবাণিজ্য বিশ্লেষকদের রিপোর্ট অনুসারে, সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে।
২১.৮৪ লক্ষ টিকিট হু হু করে বেরিয়ে গিয়েছে রাজধানীতে। দ্বিতীয়স্থানে ২০.৩৯ লক্ষ টিকিট বিক্রি করে মহারাষ্ট্র। তাদের অনুমান, প্রথম দিনেই ৫০ কোটির গণ্ডি পেরোবে সালমান খানের ‘সিকান্দার’। এদিকে ঝড়ের গতিতে টিকিট বিক্রি দেখে ভাইজান ভক্তদের ভবিষ্যদ্বাণী, ‘ব্লকবাস্টার হবেই’।

রবিবার তিন মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের ‘সিকান্দার’ ট্রেলারে খেলা দেখিয়েছেন ভাইজান। একদম অ্যাকশন প্যাকড ঝলক। সঙ্গে ভাইজানের নিজস্ব ভঙ্গিতে দুরন্ত সংলাপ। নাচে, গানে, অ্যাকশনে, ড্রামায় ভরপুর ট্রেলার থেকে চোখ ফেরানো দায়। অনেকদিন পর সালমানকে আবার দেখা গেল পুরনো মেজাজে।

বলিউডের আট-নয়ের দশকের অ্যাকশন ঘরানার ছবির ফ্লেভার নিয়ে হাজির ‘সিকান্দার’। এদিকে অভিনেতাকে আরও একবার লার্জার দ্যান লাইফ অবতারে দেখে দারুণ খুশি ভক্তরা।

ঈদ উপলক্ষ্যে আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অতঃপর এবারের ইদে অনুরাগীদের জন্য সালমানের ‘ইদি’ যে ‘সিকান্দার’-ই হতে চলেছে, তা বেশ বোঝা যাচ্ছে। এবার সালমানের ব্লকবাস্টার প্রত্যাবর্তনের অপেক্ষা মাত্র!

ইসরায়েলি সেনার হাত থেকে মুক্ত হলেন ফিলিস্তিনি নির্মাতা

এ বছর অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর সহ-নির্মাতা হামদান বল্লালকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। গত সোমবার (২৪ মার্চ) ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সুসিয়া গ্রামের সশস্ত্র বসতি স্থাপনকারী দখলদাররা হামদান বল্লালকে আক্রমণ করে এবং একপর্যায়ে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে তুলে দেয়। তবে আটকের ২৪ ঘণ্টার মধ্যেই মুক্তি দেওয়া হয় এ নির্মাতাকে।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই তথ্যচিত্রের আরেক সহপরিচালক জুবাল আব্রাহাম লিখেছেন, ‘সারা রাত হাতকড়া পরিয়ে সামরিক ঘাঁটিতে মারধরের পর অবশেষে হামদান বল্লালকে মুক্তি দেওয়া হয়েছে।
তিনি নিজ বাড়িতে পরিবারের কাছে ফিরে যাবেন।’

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তাদের সাংবাদিকরাও বল্লাল ও আরো দুই ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি কিরিয়াত আরবাতের পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসতে দেখেছেন।

মুক্তির পর বল্লাল এপি-কে জানান, তাকে একটি সেনাঘাঁটিতে আটকে রাখা হয়েছিল এবং একটি বরফশীতল এসির নিচে ঘুমাতে বাধ্য করা হয়েছিল। তিনি এপিকে আরো বলেন, ‘২৪ ঘণ্টা আমার চোখ বেঁধে রাখা হয়েছিল।
সারা রাত আমি ঠাণ্ডায় কাঁপছিলাম। একটা ঘরে রাখা হয়েছিল। কিন্তু সেখানে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমাকে নিয়ে সেনাদের হাসাহাসি করতে শুনেছি।
’

হামদান বল্লালসহ ওই তিন ব্যক্তির আইনজীবী লিয়া সেমেল বলেছেন, আক্রমণের শিকার হওয়ার পর তাদের যৎসামান্য চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল। গ্রেপ্তারের পর কয়েক ঘণ্টা পর্যন্ত ওই আইনজীবীকে তাঁদের কাছে যেতে দেওয়া হয়নি। তিনি এর আগে বলেছিলেন, ওই তিনজনের বিরুদ্ধে এক তরুণ বসতি স্থাপনকারীর ওপর পাথর ছুড়ে মারার অভিযোগ আনা হয়েছিল। তবে তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

চলতি বছরের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা তথ্যচিত্র বিভাগে জয়ী হয় ‘নো আদার ল্যান্ড’।
অধিকৃত পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার ধ্বংসের চিত্র তুলে ধরা হয়েছে তাতে। গাজায় চলমান ঘটনাপ্রবাহ নিয়ে চারজন ফিলিস্তিনি এবং ইসরায়েলি আন্দোলনকর্মী ওই তথ্যচিত্রটি বানিয়েছেন। তাঁদেরই একজন হামদান।

গাজায় ইসরায়েলি হামলায় মা ও ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় মা ও তার ৬ মাস বয়সী ছেলে নিহত হয়েছেন। গাজায় তাদের অবিরাম বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ ভোর থেকে কমপক্ষে ১১ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে, যাদের মধ্যে ছয় মাস বয়সী সেই শিশুটিও রয়েছে।

এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করছে দখলদার ইসরায়েলি বাহিনী। এলাকাটি দ্রুত খালি না করলে হামলা করা হবে বলেও ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ দিয়েছে দখলদার বাহিনী।

ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিখাই আদরায়ে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, জাবালিয়া এলাকায় বসবাসকারী গাজার সব নাগরিকের জন্য হামলার আগের চূড়ান্ত সতর্কবার্তা এটি। তিনি ফিলিস্তিনিদের দক্ষিণের ‘পরিচিত আশ্রয়কেন্দ্রগুলোতে’ চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এ নিয়ে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু।

এদিকে গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি বৃদ্ধির বিষয়ে অক্সফাম উদ্বেগ প্রকাশ করেছে। দাতব্য সংস্থাটি ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।

তারা বলেছে, ফিলিস্তিনে নাগরিকদের জন্য দুর্ভিক্ষের ঝুঁকি বেড়ে গেছে। খাদ্য নিরাপত্তা ও জীবিকা নির্বাহের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো ঝুঁকিতে রয়েছে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত পানি সরবরাহের অবকাঠামোর প্রয়োজনীয় মেরামতের কাজ ইসরায়েলের নতুন করে সামরিক আক্রমণের করণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ফিলিস্তিনের জন্য অক্সফামের নীতি প্রধান বুশরা খালিদী বলেন, ‘গত ৫৩৫ দিন ধরে ইসরায়েল পরিকল্পিতভাবে জীবন রক্ষাকারী সাহায্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে গাজার জনগণকে শাস্তি দিচ্ছে। খাদ্য, পানি, জ্বালানি এবং বিদ্যুৎ থেকে বঞ্চিত করা একটি যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই তাদের নীরবতা, নিষ্ক্রিয়তা এবং সহযোগিতার মাধ্যমে এটিকে সম্ভব করে তুলছে বলে তিনি অভিযোগ করেন।

সূত্র : আলজাজিরা

রাফিনিয়ার হুঙ্কারকে স্রেফ উড়িয়ে দিল আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে রোমারিও টিভি’তে ব্রাজিলিয়ান ফরোযার্ড রাফিনিয়া বলেছিলেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি।
আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’

কিন্তু মাঠে নামার নামার পর দেখা গেল উল্টো ব্রাজিলকে গুড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী দলকে স্রেফ গুঁড়িয়ে, উড়িয়ে, নাস্তানাবুদ করে স্রেফ দর্শক বানিয়ে রাখল ব্রাজিলকে। রাফিনিয়া-ভিনিসিয়ুসদের নিয়ে ছেলেখেলা করে ৪-১ গোলে জিতেছে আলভারেজ-ডি পলরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলছেন, রাফিনিয়া অপরিণামদর্শী হয়ে হুংকার না ছাড়লে আর্জেন্টাইনরা এভাবে জ্বলে উঠতেন না! কিন্তু আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে এমন কিছু উড়িয়ে দিয়েছেন। রাফিনিয়ার কথায় তেতে উঠে আর্জেন্টিনা ব্রাজিলকে চার গোল দেয়নি, এটাই বোঝালেন স্কালোনি। তবে এসব যে বলতে নেই কিংবা তেমন ওজনদার খেলোয়াড় হওয়ার পর বলা উচিত—সেটাও পরোক্ষভাবে রাফিনিয়াকে বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ, ‘এটা ব্রাজিল-আর্জেন্টিনা, এই ম্যাচ নিয়ে এমন সব কথা বলার দরকার নেই। আমরা সে জন্য এভাবে খেলিনি।
আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি। কারণ, আমি জানি সে ইচ্ছা করে এটা বলেনি; সে তার দলের হয়ে বলেছে।’

ম্যাচের পর আলভারেজের কণ্ঠে ছিল রাফিনিয়ার কথার জবাব দেওয়ার তৃপ্তি। ‘আমরা মাটিতে পা রেখেই নিজেদের কাজটা করেছি এবং দারুণ একটি ম্যাচ খেললাম। ওদেরকে দারুণ প্রদর্শনী দেখিয়ে দিলাম।
৪-১ ব্যবধানের ঐতিহাসিক জয়। আমরা এতে দারুণ গর্বিত।’

আর্জেন্টিনার কাছে হেরে চাকরি হারানোর শঙ্কায় আছেন ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র। তাকে ছাঁটাইয়ের দাবি উঠেছে ব্রাজিলে। দোরিভালও স্কালোনির কৌশলের কাছে পর্যুদস্ত হওয়াটা স্বীকার করে ম্যাচ শেষে বলেছেন, ‘প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে, তাতে স্বীকার করতেই হবে, আমাদের পর্যুদস্ত করে তারা যোগ্যতর দল হিসেবেই জিতেছে। এই হার তাৎপর্যপূর্ণ। তবে সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারব।’

ব্রাজিলের ডিফেন্ডার মারকিনিওসবলেছেন, ‘এটা শুধু কোচের ভুল নয়, খেলোয়াড়দেরও। আজ যা ঘটেছে, তা যেন আর না ঘটে।’

মার্কিন সামরিক চ্যাট গ্রুপ থেকে ফাঁস হওয়া ৫ তথ্য

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সিগন্যাল অ্যাপে একটি গ্রুপ চ্যাটে সামরিক অভিযান নিয়ে আলোচনা করছিলেন, তবে ভুলবশত সেই গ্রুপে একজন সাংবাদিককেও যুক্ত করে ফেলেন। ট্রাম্প প্রশাসনের কেন্দ্রবিন্দুতে থাকা এই গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি ওয়াশিংটন ডিসি এখনও হজম করার চেষ্টা করছে। এই ভুলের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনার গোপন তথ্য ফাঁস হয়েছে।

সাধারণত এ ধরনের গোপন সামরিক আলোচনা কেবল নির্দিষ্ট সরকারি কর্মকর্তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
সাংবাদিক জেফরি গোল্ডবার্গ প্রথমে ভেবেছিলেন, এটি কোনো ভুয়া গ্রুপ। কিন্তু গ্রুপে সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে দেখে তিনি সন্দিহান হয়ে ওঠেন। পরে, যখন ইয়েমেনে হামলার খবর প্রকাশ্যে আসে, তখন তিনি নিশ্চিত হন যে, সেই গ্রুপটি আসল।

সিগন্যাল প্ল্যাটফর্মের ওই গ্রুপে ভুলবশত যুক্ত হন আটলান্টিক ম্যাগাজিনের জেফ্রি গোল্ডবার্গ।
যেখানে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ছাড়াও ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও ছিলেন। আলোচনার বিষয় ছিল ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ওপর আক্রমণ।

সাংবাদিক গোল্ডবার্গ বলেছেন, ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ওপর বোমা হামলার দুই ঘন্টা আগেই তিনি হামলার গোপন সামরিক পরিকল্পনা সম্পর্কে ওই গ্রুপ থেকে জানতে পেরেছিলেন। যার মধ্যে অস্ত্র প্যাকেজ, লক্ষ্যবস্তু এবং সময় সম্পর্কে বলা হয়েছিল।

ট্রাম্পের চিন্তাভাবনা নিয়ে ভ্যান্সের প্রশ্ন

সামরিক পদক্ষেপ সম্পর্কে গোল্ডবার্গ প্রতিবেদন করেছেন, জেডি ভ্যান্স নামের অ্যাকাউন্টটি লিখেছেন, ‘আমি মনে করি আমরা ভুল করছি।’

ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘সুয়েজ খালে জাহাজ আক্রমণকারী হুতি বাহিনীকে লক্ষ্যবস্তু করা আমেরিকার চেয়ে ইউরোপীদের স্বার্থ বেশি জড়িত। কারণ ইউরোপ খালের মধ্য দিয়ে বেশি বাণিজ্য পরিচালনা করে।’

ভ্যান্স আরো যোগ করেছেন, তার বস সম্ভবত জানেন না যে, মার্কিন পদক্ষেপ কীভাবে ইউরোপকে সাহায্য করতে পারে। তিনি বলেন, ‘তার বার্তার সঙ্গে ইউরোপ এখন কতটা অসঙ্গতিপূর্ণ, আমি নিশ্চিত নই যে প্রেসিডেন্ট বিষয়টি জানেন কি না।
তেলের দামে মাঝারি থেকে আরো বাড়ার ঝুঁকি রয়েছে।’

গোল্ডবার্গের মতে ভাইস প্রেসিডেন্ট আরো জানান, তিনি ঐকমত্যকে সমর্থন জানাবেন তবে এক মাস বিলম্বিত করতে হলে ভালো। গোল্ডবার্গ তার প্রতিবেদনে জানিয়েছেন, জেডি ভ্যান্সের মুখপাত্র পরে তাকে একটি বিবৃতি পাঠিয়েছিলেন যেখানে উল্লেখ করা হয়েছে, ‘ট্রাম্প এবং ভ্যান্স এই বিষয়ে পরবর্তীকালে আলোচনা করেছেন এবং সম্পূর্ণ একমত’।

ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প তার ইউরোপীয় ন্যাটো মিত্রদের সমালোচনা করেছেন। তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং জোর দিয়েছিলেন, ইউরোপকে তাদের নিজস্ব স্বার্থ রক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।

ইউরোপকে দোষারোপ

হুতিদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কেন সামরিক হামলা চালাতে পারে এবং কেন করা উচিত, তা নিয়ে বিতর্ক ভ্যান্সকে খুব একটা প্রভাবিত করেনি। তিনি প্রতিরক্ষা সচিবকে বলেন, ‘আপনি যদি মনে করেন আমাদের এটা করা উচিত, তাহলে শুরু করুন। তবে আমি আবারও ইউরোপকে ছাড় দেওয়ার বিষয়টি ঘৃণা করছি।’

হেগসেথ প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘অন্যদের উদারতার সুযোগ নিয়ে এর বিনিময়ে কিছু না দেওয়া ইউরোপ সম্পর্কে আপনার ঘৃণা সঠিক, আমি একমত। এটা দুঃখজনক।’

পিচ

‘এসএম’ নামে পরিচিত একজন গ্রুপ সদস্যও বলেন, ‘এই হামলার পর মিসর এবং ইউরোপকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট করে বলা উচিত, ‘আমরা এর বিনিময়ে কী আশা করি’। তিনি জিজ্ঞাসা করেন, ‘ইউরোপ যদি বিনিময়ে কিছু দিতে রাজি না হয়, তাহলে কী?’

ওই ব্যবহারকারী আরো বলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে নৌচলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করে, তাহলে এর বিনিময়ে এখানে আরো কিছু অর্থনৈতিক লাভ অর্জন করা প্রয়োজন।’

হামলার পরের অবস্থা

সাংবাদিক গোল্ডবার্গের মতে, মার্কিন জাতীয় নিরাপত্তা প্রধান হামলার পর তিনটি ইমোজি পোস্ট করেছেন। একটি মুষ্টি, একটি আমেরিকান পতাকা এবং এরপর আগুন।

মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ পাঁচটি ইমোজি দিয়ে এই হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। গোল্ডবার্গ বলেছেন, তিনি দুটি হাতের প্রার্থনা, একটি বাঁকানো বাইসেপ এবং দুটি আমেরিকান পতাকার ইমোজি দিয়েছেন।’

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস এই হামলার সমর্থনে বার্তা দিয়েছেন। ভ্যান্স হামলার আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন, ‘আমি বিজয়ের জন্য প্রার্থনা করব।’ গোল্ডবার্গের প্রতিবেদন অনুসারে, অন্য আরো দুই সদস্য প্রার্থনার ইমোজি যোগ করেছেন।

বাইডেনকে দোষারোপ

ভ্যান্সের উদ্বেগের প্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষা সচিব লিখেছেন, ভাইস প্রেসিডেন্ট আমি আপনার উদ্বেগ বুঝতে পারছি এবং আপনার উত্থাপনকে সম্পূর্ণ সমর্থন করছি। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যার বেশিরভাগই কীভাবে কার্যকর হবে তা বোঝা কঠিন (অর্থনীতি, ইউক্রেন শান্তি, গাজা, ইত্যাদি)।

তিনি বলেন, ‘আমি মনে করি বার্তা পাঠানো কঠিন হতে যাচ্ছে, যাই হোক না কেন হুতিদের কারণে আমাদের নিম্নলিখিত বিষয়গুলোতে মনোনিবেশ করতে হবে: ১) বাইডেন ব্যর্থ হয়েছেন এবং ২) ইরান অর্থায়ন করেছে।’

ট্রাম্প প্রশাসন ধারাবাহিকভাবে জো বাইডেনকে ইরানের প্রতি অতিরিক্ত নম্র থাকার জন্য দোষারোপ করে আসছে।

আলোচনায় ওয়াল্টজ

গোল্ডবার্গ বলেছেন, গত ১১ মার্চ মাইকেল ওয়াল্টজ নামে একটি অ্যাকাউন্ট থেকে তিনি সিগন্যাল মেসেজিং প্ল্যাটফর্মে একটি অযাচিত আমন্ত্রণ পেয়েছিলেন। এর দুই দিন পর তাকে ইয়েমেন সম্পর্কে গ্রুপ চ্যাটে যুক্ত করা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প এই গ্রুপের অংশ ছিলেন না, তবে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা ছিলেন।

গোল্ডবার্গ প্রথমে ভেবেছিলেন এটি কোনো প্রতারণা চক্র কিন্তু শীঘ্রই বুঝতে পেরেছিলেন, না এটা আসলে সত্যি, ভুয়া নয়। পুরো ঘটনায় দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওপর চাপ তৈরি করছে। হাউস এবং সিনেটের ডেমোক্র্যাটরা জরুরি তদন্তের দাবি জানিয়েছেন।

সোমবার পুরো ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, তিনি কিছুই জানেন না, তবে তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের পাশে দাঁড়িয়েছেন। প্রতিরক্ষা সচিবও বলেছেন, কোনো গোপন তথ্য প্রকাশ করা হয়নি। তিনি সাংবাদিকদের বলেন, ‘কেউ যুদ্ধ পরিকল্পনা নিয়ে বার্তা দেননি গ্রুপে।’

সূত্র : বিবিসি

যে রেকর্ডে রোহিত-কার্তিককে পেছনে ফেলে শীর্ষে ম্যাক্সওয়েল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লজ্জার এক রেকর্ড গড়েছেন টুর্নামেন্টটির ইতিহাসে অন্যতম সফল ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। অজি এই অলরাউন্ডার এখন আইপিএলে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়া ব্যাটার।

গতকাল মঙ্গলবার পাঞ্জাব কিংসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমে নিজের খেলা প্রথম বলেই সাই কিশোরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ম্যাক্সওয়েল। ফলে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় তাকে।

এ নিয়ে আইপিএলে ১৯তম বার ডাক খেলেন ম্যাক্সওয়েল, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন রোহিত শর্মা এবং দীনেশ কার্তিককে। ভারতীয় দুই ব্যাটারের ১৮ বার করে ডাকের রেকর্ড আছে। শূন্য রানে আউট হওয়ার তালিকায় এই তিন জনের পরেই রয়েছেন পীযূষ চাওলা ও সুনীল নারিন।
দুজন ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। রশিদ খান ও মনদীপ সিংহ ১৫ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন মানিশ পান্ডে ও অম্বাতি রাইডু।

আইপিএলের গত আসর একেবারেই ভালো যায়নি ম্যাক্সওয়েলের।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন তিনি। ফলে বেঙ্গালুরু ছেড়ে দেয় তাকে। এবার নিলামে ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাকে কেনে পাঞ্জাব। নতুন দলের হয়েও শুরুটা ভালো হলো না ম্যাক্সওয়েলের।

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : মস্কো

জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটি একটি রাশিয়ান স্থাপনা ছিল এবং এর নিয়ন্ত্রণ ইউক্রেন বা অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা অসম্ভব। গতকাল মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে। মন্ত্রণালয় আরো বলেছে, যৌথভাবে কেন্দ্রটি পরিচালনা করা গ্রহণযোগ্য নয় কারণ স্টেশনের ভৌত এবং পারমাণবিক নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করা অসম্ভব হবে।

এতে বলা হয়েছে, জাপোরিঝিয়া অঞ্চলটি আংশিকভাবে রাশিয়ান বাহিনী নিয়ন্ত্রিত করে।
এটি ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি, যে অঞ্চলটি ইউক্রেনে মস্কো পূর্ণ মাত্রার আক্রমণের সাত মাস পরে অনুষ্ঠিত গণভোটের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। এরপর প্রেসিডেন্টের একটি ডিক্রি আনুষ্ঠানিকভাবে স্টেশনটিকে রাশিয়ার সম্পত্তিতে যোগ করেছিল।

পশ্চিমা দেশগুলো এই গণভোটকে প্রতারণা বলে উড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার পারমাণবিক খাতে স্টেশনটি ফিরিয়ে আনা একটি সাফল্য।
জাপোরিঝিয়া প্ল্যান্টটি ইউক্রেন বা অন্য কোনও দেশের নিয়ন্ত্রণে হস্তান্তর করা অসম্ভব।’

আগ্রাসনের শুরুতে রাশিয়ান বাহিনী স্টেশনটি দখল করে নেয় এবং তারপর থেকে প্রতিটি পক্ষই নিয়মিতভাবে অন্য পক্ষকে এই প্লান্টে আক্রমণ চালানোর অভিযোগ করে আসছে। ছয়টি চুল্লিসহ ইউরোপের বৃহত্তম এই প্ল্যান্টে আক্রমণের ফলে নিরাপত্তার হুমকিতে পড়ছে।

যদিও প্ল্যান্টটি এখন বিদ্যুৎ উৎপাদন না করলেও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা সেখানে পর্যবেক্ষক মোতায়েন করেছে।
যেমনটি তারা সকল ইউক্রেনীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে করে থাকে।

ইউক্রেন স্টেশনটিকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে এবং ২০২২ সালে রাশিয়ার এই অধিগ্রহণকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই মাসে তার ইউক্রেনীয় প্রতিপক্ষ ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। কথোপকথনের সময় তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় সহায়তা করতে পারে অথবা এর মালিকানা পেতে পারে।

জেলেনস্কি বলেছেন, বিদ্যুৎ কেন্দ্রগুলো ইউক্রেনীয় জনগণের।
তিনি আরো জানান, তিনি এবং ট্রাম্প বিদ্যুৎ কেন্দ্রে সম্ভাব্য মার্কিন বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন।

সূত্র : রয়টার্স

স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানান।
পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শন বইতে স্বাক্ষর করেন।