শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

সশস্ত্র বাহিনীর জন্য আমরা সবই করব: প্রধানমন্ত্রী

hasina24প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, “দেশের সশস্ত্র বাহিনীকে এ আদর্শ সামনে রেখে এগিয়ে যেতে হবে।” তিনি বলেন, “সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও কল্যাণের জন্য যা যা করার দরকার, আমরা সবই করব ইনশা আল্লাহ।”

প্রধানমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ। বিশ্ব শান্তি রক্ষা এবং সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্স্পুষ্ট। এ আদর্শকে সামনে রেখে আমাদের সশস্ত্র বাহিনীকে এগিয়ে যেতে হবে।”

তিনি মঙ্গলবার সকালে মিরপুর ক্যান্টনমেন্টে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ২০১৪-’১৫ কোর্সে স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে ভাষণকালে একথা বলেন।

অনুষ্ঠানে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক স্বাগত বক্তৃতা দেন।

মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সশস্ত্র বাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূর্ত প্রতীক হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, “সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও কল্যাণের জন্য যা যা করার দরকার আমরা সবই করব, ইনশা আল্লাহ্।”

তিনি বলেন, “১৯৯৬ সালে তার প্রথম সরকারের মেয়াদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের ডিফেন্স পলিসির অনুসরণে সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নে অনেকগুলো ইউনিট প্রতিষ্ঠিত হয়।”

প্রধানমন্ত্রী বলেন, তার সদ্য সমাপ্ত বিগত সরকারের মেয়াদে ফোর্সেস গোল ২০৩০’র আওতায় সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে বহু উল্লেখযোগ্য কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এবারও সরকার গঠনের পর উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সম্পদ সীমিত। আর এ সীমিত সম্পদ দিয়েই আমরা একটি যুগোপযোগী, দক্ষ ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে উন্নত প্রশিক্ষণ ও অনুশীলনের ওপর বেশি গুরুত্ব দিতে হবে।”

বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে দেশের প্রত্যক প্রতিষ্ঠান উন্নত ও আধুনিক হবে, এ আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের মূল লক্ষ্য হচ্ছে জাতীয় জীবনের সকল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ বিশ্বের সকল দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। আমাদের পররাষ্ট্র নীতির মূলমত্র হচ্ছে- সমমর্যাদার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব-কারো সঙ্গে বৈরিতা নয়।”

তিনি বলেন, “মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সুমহান দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যগণ প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাক মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্থ-সামাজিক উন্নয়ন ও অন্যান্য জাতিগঠনমূলক কাজে প্রশংসনীয় অবদান রাখছেন।”

শেখ হাসিনা বলেন, “শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা ও সুনাম অর্জন করেছেন। তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষা, গণতন্ত্রে উত্তরণ, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাপনাসহ পুনর্গঠন কার্যক্রমে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রাখছেন। তাদের সাফল্যে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থায় নতুন নতুন পরিবর্তনের ফলে সশস্ত্র বাহিনীর ভূমিকা ও দায়িত্বে নতুন মাত্রা ও বহুমাত্রিকতা যোগ হয়েছে।” সময়ের এ চাহিদা পূরণে স্টাফ কলেজের প্রশিক্ষণ কার্যক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় গুরুত্বারোপের কথা উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।”

তিনি তার ১৯৯৬-২০০১ মেয়াদের সরকারের আমলে ন্যাশনাল ডিফেন্স কলেজ, এমআইএসটি ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজসহ অনেক প্রতিষ্ঠান স্থাপনের কথা উল্লেখ করে বলেন, সময়ের পরিক্রমণে আমাদের সশস্ত্র বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ আন্তর্জাতিক পরিমণ্ডলে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রধানমন্ত্রী ২০২১ সালের আগে বাংলাদেশকে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শিক্ষা খাতে তার সরকারের ব্যাপক সাফল্যের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “বর্তমান সরকার বিশ্বে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “আমরা কারো কাছে ভিক্ষা করতে চাই না। আমরা বাংলাদেশকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলে নতুন প্রজন্মের জন্য উন্নত ও সুন্দর জীবন নিশ্চিত করতে চাই।”

শেষ হাসিনা সফলভাবে কোর্স সম্পন্নের জন্য স্নাতক ডিগ্রি অর্জনকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, পিএসসি ডিগ্রি সশস্ত্র বাহিনীর যেকোনো অফিসারের জন্যই গৌরবের বিষয়।

এর আগে প্রধানমন্ত্রী ২০১৪-২০১৫ কোর্সের স্নাতক ডিগ্রিপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন।

এই কোর্সে মোট ২১৪ কর্মকর্তা স্নাতক ডিগ্রি লাভ করেন। এরমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ১২০, নৌবহিনী ২৩ ও বিমান বাহিনীর ১৯ জন এবং চীন, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, কোরিয়া, সৌদি আরব, সিয়েরা লিয়ন, শ্রীলংকা, তানজানিয়া, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাম্বিয়ার ৫২ জন কর্মকর্তা রয়েছেন।

মার্চে মুক্তি পাচ্ছে বিন্দুর এই তো প্রেম

binduদীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিন্দু অভিনীত এই তো প্রেম ছবিটি। অতি সম্প্রতি ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। আসছে মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

এ প্রসঙ্গে বিন্দু বললেন,এই ছবিটির জন্য প্রায় পাঁচ বছর ধরে অপেক্ষা করছি। মাঝে ভেবেছিলাম, ছবিটি বুঝি আর আলোর মুখ দেখবে না। কিন্তু সেন্সর ছাড়পত্র পাওয়ায় এর মুক্তির বিষয়টি অনেকটা নিশ্চিত হয়েছে।

আশা করি, কিছুদিনের মধ্যেই দেশের অবস্থা স্বাভাবিক হবে। যতটুকু জেনেছি আপাতত মার্চের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

শাহিন কবির প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন সোহেল আরমান। এই ছবিতে বিন্দুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে ছবিটি মুক্তির যাবতীয় প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহ থেকেই বিলবোর্ড, পোস্টার ও ব্যানার তৈরি শুরু হবে।

উল্লেখ্য,২০০৯ সালে `এই তো প্রেম` ছবিটির শুটিং শুরু হয়েছিল। মাঝে দীর্ঘদিন এর কাজ আটকে ছিল। কিছুদিন আগে এর ডাবিংসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে।

মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবিতে দেশপ্রেমের পাশাপাশি রোমান্টিকতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। অন্যদিকে, গত বছর অক্টোবরে বিয়ের পর বিন্দু অভিনয় থেকে দূরে রয়েছেন। আগামীতে তিনি অভিনয় নাও করতে পারেন। যদি তা-ই হয়, তাহলে এটাই হবে তার অভিনীত সর্বশেষ ছবি।

শঙ্কামুক্ত মুশফিকুর রহিম

mushi24ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে চোট পেলেও কোনো শঙ্কা নেই উইকেটক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে।

মঙ্গলবার বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, মুশফিক এখন শঙ্কামুক্ত। এক্সরে করে আঙুলে কোনো চিড় ধরা পড়েনি।

এর আগে মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। এক্সরে করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মুশফিক। ৭১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।

১০৫ রানের জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করা বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচটি।

সরকার ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত

khokaমাহমুদুর রহমান মান্নার সঙ্গে কথোপকথনকে স্বাভাবিক রাজনৈতিক আলাপ দাবি করে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, এই আলাপকে ঘিরে পলায়নপর অবৈধ সরকারের মন্ত্রী ও এমপিরা ঘোলা পানিতে মাছ শিকারের নির্লজ্জ অপচেষ্টায় লিপ্ত।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই মিথ্যা অভিযোগের ধুয়া তুলে মাহমুদুর রহমান মান্নাকে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে অজ্ঞাত স্থানে বন্দি করে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এক বিবৃতিতে খোকা বলেন, তীব্র জনরোষের ভয়ে আতঙ্কিত সরকার স্বউদ্যোগে নানারকম বায়বীয় অভিযোগ সৃষ্টি করে চলমান আন্দোলন লড়াইকে দমনের নীল নকশা বাস্তবায়নের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, মাহমুদুর রহমান মান্না একজন খ্যাতিমান ব্যক্তিত্ব এবং সুপরিচিত রাজনীতিবিদ। তার সাথে আমার সাম্প্রতিক টেলিফোন কথোপকথনের বিষয়টি চলমান আন্দোলনের গতি-প্রকৃতি ও কর্মকৌশল নিয়ে অতি স্বাভাবিক আলোচনা।

এখানে সরকারের প্রচার সন্ত্রাসীদের ভাষায় লাশ ফেলে দেয়ার কোন কথা হয়নি। বিবৃতিতে খোকা মাহমুদুর রহমান মান্নাসহ সব রাজবন্দির মুক্তি ও জবরদখল ভুমিকা থেকে সরকারকে সরে আসার আহবান জানান।

যদি বাঁচতে চান তাহলে সংলাপে বসুন : শওকত মাহমুদ

showkatপ্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সংলাপের দাবি জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেছেন, দেশে সংকট তৈরি হয়ে গেছে। যদি বাঁচতে চান, তাহলে বিরোধী দলের সঙ্গে সংলাপে বসুন।

জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে মঙ্গলবার দুপুরে তিনি এ সব কথা বলেন। শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সংলাপের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহের দাবি জানিয়ে শওকত মাহমুদ বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে আমরা ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্টের মাধ্যমে খালেদা জিয়ার কাছে খাবার পাঠানোর দাবি জানাচ্ছি।

সাদেক হোসেন খোকা ও মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার টেপ বাজিয়ে শোনানো হচ্ছে এখন। একদিন এ গোয়েন্দা সংস্থা-ই আপনাদের আগুনে পুড়িয়ে মারা আর ক্রসফায়ারের নির্দেশের টেপ প্রদান করবে।

শওকত মাহমুদ বলেন, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুদুকের মামলা দেওয়া হলো। কারণ তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন যে, ‘সততায় আমার সঙ্গে পারবেন না।’ তিনি গণজাগরণ মঞ্চের তথাকথিত অপসংস্কৃতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থা থেকে ফোন দিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোন নিউজ দেওয়া যাবে আর দেওয়া যাবে না তা ঠিক করা হচ্ছে। আজ গণমাধ্যম মালিকরা ভয়ে কম্পমান যে, যদি তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

বেশ কয়েকটি গণমাধ্যম সরকারের দলদাস হিসেবে কাজ করছে বলেও এ সময় শওকত মাহমুদ মন্তব্য করেন।

প্রতিবাদ সমাবেশে বিএফইউজে ও ডিইউজের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক পরিস্থিতির উন্নতি চায় বিশ্বব্যাংক

dixonবাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। একই সঙ্গে বেসরকারি খাতে দীর্ঘ মেয়াদি সুবিধাও দিতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন এ মন্তব্য করেন।

এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের অ্যানেট ডিক্সন বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বিষয়ে গভর্নরের সঙ্গে আলোচনা হয়েছে। কথা হয়েছে বেসরকারিখাতের অর্থায়ন প্রসঙ্গেও।

এছাড়া সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তারা বলেছেন-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। ফলে তা অর্থনীতিতে প্রভাব ফেলবে না,—বলেন তিনি।

অ্যানেট ডিক্সন বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে যেতে হলে দ্রুতই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। সঙ্গে দিতে হবে বেসরকারিখাতে দীর্ঘ মেয়াদি সুবিধাও।

বিআরটিসির দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা

obaidull28বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করতে সফল হয়েছেন চেয়ারম্যানের এমন দাবির পরপরই বক্তৃতা দিতে উঠে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিসিকে একটি চক্র দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে অচিরেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুর ১টায় বিআরটিসির জোয়ার সাহারা ডিপোতে শ্রমিক কর্মকর্তা-কমচারীদের সঙ্গে আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বিআরটিসিকে ঘিরে এখনও দুর্নীতির একটি চক্র সক্রিয় রয়েছে। এদের বিরুদ্ধে তদন্ত চলছে। এদের বিরুদ্ধে তদন্ত করতে আজই মন্ত্রণালয়ের সচিবকে বলে এসেছি।

আমার কাছে কিছু সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অচিরেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, বলেন ওবায়দুল কাদের।

সভায় উপস্থিত বিআরটিসি চেয়ারম্যানের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনি নিজেকে অনেস্ট (সৎ) এ দাবি করতে পারেন না। আপনার সততার প্রভাব যদি সংস্থার অন্যান্যদের মধ্যে না পড়ে আপনাকে আমি অনেস্ট বলবো না।

মন্ত্রীর বক্তব্যের আগেই বক্তৃতায় বিআরটিসি চেয়ারম্যান মিজানুর রহমান দাবি করেন, অর্থ অপচয়, দুর্নীতি ও খারাপ কাজ বিতাড়িত করতে তিনি অনেক ক্ষেত্রে সফল হয়েছেন।

তবে বক্তৃতায় এসে মন্ত্রী নিজেকে তৃণমূল থেকে আসা রাজনীতিক উল্লেখ করে বলেন, বিআরটিসির কারা কী করেন, কোন ডিপোতে বসে বসে কী হয়, তার সব খবর জানি। আমার কাছে রাস্তা থেকে খবর চলে আসে। অতিরিক্ত ভাড়া নিলেও খবর আসে, মানুষকে হয়রানি করলেও খবর আসে।

এ সময় মন্ত্রী জানান, নামে-বেনামে লিজ নিয়ে কিছু লোক বিআরটিসিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত ও কঠিন ব্যবস্থা ব্যবস্থা নিতে চেয়ারম্যানকে নির্দেশ দেন মন্ত্রী।

চলতি অর্থবছর প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ হবে : গভর্নর

atiurrরাজনৈতিক অস্থিরতার মধ্যও চলতি অর্থবছর (২০১৪-১৫) শেষে জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশের উপরে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

মঙ্গলবার হোটেল পূর্বানীতে আইএফআইসি ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশে নতুন আর্থিক সেবা ‘আইএফআইসি কৃষি-শিল্প’ চালু উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকটি।

গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকগুলোর যে সম্পদ রয়েছে তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮০ শতাংশের সমান। ২০০৯ সালে এটি ছিল ৫৯ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরে ব্যাংকগুলো ২০ শতাংশের উপরে সম্পদ অর্জন করেছে। বর্তমানে মোট জনসংখ্যার ৮০ শতাংশ কোনো না কোনোভাবে ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত।

আতিউর  রহমান বলেন, গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে ‘কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্যে মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কীম’ নামে ২০০১ সালে এক’শ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল চালু করা হয়। ২০১২ সালের ডিসেম্বরে তা বাড়িয়ে দুই’শ কোটি এবং ২০১৩’র জুলাই মাসে চার’শ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, ‘আইএফআইসি ব্যাংক যদি এ ঋণ বিতরণের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছে পুনঃঅর্থায়ন সুবিধা চায়, তাহলে সেটি ইতিবাচক ভাবে বিবেচনা করা হবে। বাংলাদেশ ব্যাংক কৃষি ও এসএমই খাতের উদ্যোক্তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ দুটি খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্ভাবনের সমর্থনে বিশেষ অগ্রাধিকার দিয়ে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।’

এসএমই খাতের নারীদের বিশেষ সুবিধা দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলের ১৫ শতাংশ বরাদ্দ রেখে বাংলাদেশ ব্যাংক ‘নারী উদ্যোক্তা তহবিল’ গঠন করেছে। নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা দিতে গঠন করা হয়েছে নারী উদ্যোক্তা ইউনিট। নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে।’

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ আলম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিরডাপের মহাপরিচালক ড. সেসেপ ইফেন্দি, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমারসহ আইএফআইসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন কৃষি শিল্প ও নারী উদ্যোক্তারা।

নবম বর্ষে পদার্পন করলো সিসিমপুর

cicimpurনবম বর্ষে পা দিল বাংলা ভাষায় নির্মিত জনপ্রিয় শিশুতোষ শিক্ষা ও বিনোদন মুলক অনুষ্ঠান সিসিমপুর। ‘আট পেরিয়ে নয়, হেসে-খেলে শিখছি মোরা করব ভুবন জয়’ স্লোগান নিয়ে সিসিমপুর শুরু করেছে তাদের নবম সিজন।

‘চলছে গাড়ি সিসিমপুরে’ এ টাইটেল ট্র্যাক নিয়ে যাত্রা শুরু করা জনপ্রিয় শিশুতোষ শিক্ষামূলক টিভি অনুষ্ঠান সিসিমপুরের গাড়ি নবম বর্ষে পা দিল। তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সোমবার জাঁকজমকর্পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সিজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সিসিমপুর।

এবার জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি, শিকুর পাশাপাশি নতুন মুখ হিসেবে দেখা যাবে এলমো, রায়া আর খেপুকে।

সোমবার বিকাল ৫টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সিসিমপুরের নবম বর্ষপূর্তির অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। উদ্বোধনী অনুষ্ঠানটি আরটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুযেলস্কি ও সিসেমি ওয়ার্কশপের ভাইস প্রেসিডেন্ট শারি রোজেনফেল্ড, আরটিভির ভাইস প্রেসিডেন্ট মো. জসিমউদ্দীন, আরটিভির সিইও আশিক রহমান, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আনোয়ার হোসেন।

‘আট পেরিয়ে নয়, হেসে-খেলে শিখছি মোরা করব ভুবন জয়’ স্লোগান নিয়ে সিসিমপুর শুরু করেছে তাদের নবম সিজন। ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় নবম বর্ষে থাকছে নতুন নতুন পর্ব আর জনসচেতনতামূলক বিজ্ঞাপন। গল্পগুলোর বিষয়বস্তু হিসেবে থাকছে জীববৈচিত্র্য, পুষ্টিকর খাবার, খাদ্য নিরাপত্তা, পানিজনিত বিপদ থেকে নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর অভ্যাস, ভূমিকম্প বিষয়ক নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন প্রভৃতি।

এ ছাড়া প্রাক-প্রাথমিক, ১ম ও ২য় শ্রেণীর ১৫ হাজার শিশুকে বাংলা পঠন ও জীবন দক্ষতা উন্নয়নের জন্য স্কুলভিত্তিক একটি প্রকল্প পরিচালনা করছে সিসিমপুর।

আমিরাতের বিপক্ষে ‘ফেবারিট’ আয়ারল্যান্ড

আইসিসি সহযোগী চারটি দেশ এবার বিশ্বকাপ খেলছে।  শুধু আয়ারল্যান্ড ছাড়া বাকি তিন দলের কেউই জয় পায়নি ঠিকই। তবে চারটি দলই প্রতিপক্ষকে কঠিন সময় উপহার দিতে পেরেছে। বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরার কাজটা ভালোভাবেই করছে দলগুলো।

বুধবার ব্রিসবেনে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও আরব আমিরাত। বিশ্বকাপে আইসিসি সহযোগী দুই দেশের দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

চার দলের মধ্যে আয়ারল্যান্ড বাকিদের চেযে কিছুটা এগিয়ে। আইরিশরা বেশিরভাগই পেশাদার ক্রিকেটার। সেটা আবার ইংলিশ কাউন্টি ক্রিকেটের কারণে।সে তুলনায় আরব আমিরাত পিছিয়ে আছে। প্রায় ২০ বছর বিশ্বকাপে ফিরে এসেছে দলটি। নিজেদের দ্বিতীয় আসর খেলছে তারা। কিন্তু এখনও বিশ্বকাপে কোনো ম্যাচ জিতেনি দলটি। আমিরাত বহুজাতিক দল। প্রায় সব ক্রিকেটারই উপমহাদেশের বিভিন্ন দেশের বংশোদ্ভূত।

ব্রিসবেনের গ্যাবায় কিছুদিন আগে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এখন পরিস্থিতি পাল্টেছে। রোদ রয়েছে। পেস, বাউন্স সবই থাকবে গ্যাবার উইকেটে। তাই গ্যাবায় আমিরাতের চেয়ে এগিয়ে থাকবে আইরিশরা। পরিষ্কারভাবেই ম্যাচের ফেবারিট দল আয়ারল্যান্ড। বিশ্ববিখ্যাত গ্যাবার উইকেটে দুদলের এটিই প্রথম ম্যাচ। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডে ম্যাচে দুদলের প্রথম সাক্ষাতও বুধবারই হবে।

আয়ারল্যান্ড উইনিং কম্বিনেশনটাই ধরে রাখতে চাইবে। অ্যালেক্স কুস্যাক ও ক্রেইগ ইয়াং একাদশে ফেরার আশায় আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়টা তাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা খুলে দিয়েছে। তাই বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় চায় অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের দল। তিনি বলেছেন, “যেভাবে চারটি দল (আইসিসি সহযোগী) এখন পর্যন্ত টুর্নামেন্টে পারফর্ম করেছে এটা দারুণ বিষয়। আমাদের সেটা চালিয়ে যেতে হবে। শুধু আমাদের জন্য নয় বাকি সবার জন্যই।”

আরব আমিরাতের ক্রিকেটার খুররাম খান জানিয়েছেন, আগের ম্যাচের ভুলগুলো শুধরে মাঠে ফিরতে চায় তার দল। ভুলের পরিমাণ করলে আমিরাত ভালো করবে বলে আশা খুররামের।