শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

রাজধানীর আগারগাঁওয়ে বস্তিতে আগুন

fire25রাজধানীর আগারগাঁওয়ে বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশনের পাশের বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, অগ্নিকান্ডের খবর পেয়ে হেডকোয়ার্টার, মিরপুর, তেজগাঁও এবং মোহাম্মদপুর ফায়ার সার্ভিস থেকে ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১৪৬ বাস মালিককে প্রধানমন্ত্রীর অনুদান

shajahan hasinaহরতাল-অবরোধ চলাকালে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪৬ জন বাস মালিককে ৪ কোটি ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষতিগ্রস্ত বাস মালিকদের হাতে এই অনুদানের চেক তুলে দেন তিনি।

প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত ১৫৬টি গাড়ির জন্য দেড় লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়া হয়।

এ সময় পরবর্তী পর্যায়ে, অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

খালেদার গ্রেফতারের আদেশ গুলশান, ক্যান্টনমেন্ট ও রমনা থানায়

khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কপি গুলশান,ক্যান্টনমেন্ট ও রমনা থানায় পাঠানো হয়েছে। বকশীবাজারে অবস্থিত বিশেষ আদালতের সহকারী তাজুল ইসলাম বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

কিন্তু গুলশান থানার এস আই সুলতানা জানান, বিষয়টি তিনি শুনেছেন। কপিটি থানা এসে পৌছেনি।
এর আগে, বুধবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল ও সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতে বুধবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার আবেদন নামঞ্জুর ও জামিন বাতিল করে এ আদেশ দেন।

প্রধানমন্ত্রীর পিএস সাজ্জাদুল হাসান

প্রধানমন্ত্রীর নতুন একান্ত সচিব-১ (পিএস) নিয়োগ পেলেন সিলেট বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ আব্দুল মালেককে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়।

নেত্রকোনার মোহনগঞ্জের কর্মকর্তা সাজ্জাদুল ১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। গত বছরের ২ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব সাজ্জাদুল হাসানকে সিলেটের বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছিল।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

khaleda22জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন ও সময় আবেদন বাতিল করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার সকালে ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার এ আদেশ জারি করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল। এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া মঙ্গলবার সাংবাদিকদের জানান, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় এবং হরতাল-অবরোধে নিরাপত্তাজনিত কারণে বিএনপির চেয়ারপারসন আদালতে হাজির হতে পারবেন না।

বুধবার খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত তা নাকচ করেন। খালেদা জিয়া হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে মামলার বিচারকাজ চলছে। গত বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে এ দুই মামলায় অভিযোগ গঠন করেন আদালত। গত ২২ সেপ্টেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সর্বশেষ তিনি গত ডিসেম্বরে আদালতে হাজির হয়েছিলেন।

নারায়ণগঞ্জে বাসে আগুন, দগ্ধ ২

narayonganj mapনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আসিয়ান ট্রান্সপোর্টের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- বাসের হেলপার শাকিল (১৮) ও ইয়াসিন (২০)।

মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে রূপগঞ্জ উপজেলার ভুলতার গাউসিয়া মার্কেট সংলগ্ন বিসমিল্লাহ পেট্রলপাম্পের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হেলার শাকিল ও অন্য গাড়ির হেলপার ইয়াসিন বাসে ঘুমাতে যান। রাত সাড়ে তিনটার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা শাকিল ও ইয়াসিন দগ্ধ হন।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে।খুব অল্প সময়ের মধ্যে পুরো বাসটি পুড়ে যায়।
বুধবার সকাল ছয়টার দিকে দগ্ধ শাকিল ও ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শাকিলের অবস্থা আশঙ্কাজনক।আগুনে শাকিলের প্রায় সারা শরীর এবং ইয়াসিনের মুখ ও হাত পুড়ে গেছে।

মান্নাকে আজ আদালতে নেওয়া হবে

mannaa24নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে তুলে নিয়ে যাওয়ার ২১ ঘণ্টা পর থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব সদস্যরা তাকে গুলশান থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় মান্না ছাড়াও অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়েছে।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আটকের পর থেকে ২১ ঘণ্টা তাকে কোথায় রাখা হয়েছিল, সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।

পুলিশ জানায়, মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩১ ধারায় মামলা করা হয়েছে। এসআই সোহেল রানা মামলাটির বাদী। মামলায় গতকাল সন্ধ্যায় মান্নাকে গ্রেফতার দেখানো হয়। থানায় হস্তান্তরের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার তাকে আদালতে নেওয়া হবে।
গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বনানীর একটি বাসা থেকে মান্নাকে তুলে নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা পুলিশের পরিচয়ে একটি দল তাকে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরিবারের লোকজন গতকাল দিনভর খোঁজ করেও জানতে পারেননি, তিনি কোথায় ছিলেন, কেমন ছিলেন।

দিনভর মান্নার খোঁজ পাওয়া না গেলেও রাত সাড়ে ১০টার দিকে আভাস পাওয়া যায় যে তাকে রাতের যেকোনো সময় থানায় হস্তান্তর করা হবে। শেষ পর্যন্ত রাত সাড়ে ১২টার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে পুলিশের রমনা, মতিঝিল ও গুলশান বিভাগের ১১ থানায় মান্নার বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা, লাশ ফেলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে ইন্ধন জোগানোর অভিযোগে পুলিশ ২৪টি সাধারণ ডায়েরি (জিডি) করে। আর পরিবারের পক্ষ থেকে মান্নাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার কথা উল্লেখ করে তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বনানী থানায় একটি জিডি করা হয়।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে মান্নার কথোপকথন নিয়ে গত সোমবার আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর রাত সাড়ে তিনটার দিকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ডিবি কার্যালয়ে মান্না

mannaa24নাগরিক ঐকের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে সেখানে নেয়া হয়।

ব্যাব প্রথম জানায় মান্নাকে গ্রেফতার করা হয়েছে। এরপর বলা হয়, গুলশান থানায় হস্তান্তর করেছে র‌্যাব।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, মান্নাকে র‌্যাব আটক করেছিল। রাত ১২টার পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের গুলশান জোনের এসি নুরুল আলম জানান, মান্নার বিরুদ্ধে যে জিডি আছে তার সঙ্গে রাষ্ট্রদ্রোহ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার গভীর রাতে মান্নাকে বনানীতে তার এক আত্মীয়ের বাসা থেকে আটক করে সাদা পোশাকধারী ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা’। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর দায় নেননি। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কতটা গরম সহ্য করতে পারেন একজন খেলোয়াড়?

katar fকাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল গরমের কারণে জুন-জুলাই মাস থেকে সরিয়ে নিয়ে নভেম্বর ডিসেম্বরে করার সুপারিশ করেছে ফিফার এক কমিটি।

কাতারে বছরের ওই সময়টায় তাপমাত্র ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। ওই গরমে ফুটবল খেলা বেশির ভাগ দেশের খেলোয়াড়ের পক্ষেই সম্ভব নয়।

কাতারের আয়োজকরা বলেছিলেন তারা পুরো স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত করার ব্যবস্থা করবেন – যাতে তাপমাত্র কোনো সমস্যা না হয়। কিন্তু সে তো মাঠের ভেতরে। মাঠের বাইরে দর্শকরা সমবেত হবেন কিভাবে?

তাহলে প্রশ্ন হচ্ছে, কাতারের গরমে সত্যি কি ফুটবল খেলা সম্ভব? একজন খেলোয়াড় কতটা গরম সহ্য করতে পারেন? কতটা গরম পড়লে খেলাধুলা অসম্ভব হয়ে পড়ে? ইতিহাস কি বলে?

ফুটবল: যুক্তরাষ্ট্রের ১৯৯৪ সালের বিশ্বকাপ
সত্যি কথা হচ্ছে বিশ্বকাপ ফুটবলও যে প্রচন্ড গরমের মধ্যে হয় নি তা নয়। যেমন মেক্সিকোতে ১৯৮৬ সালে, এবং জার্মানিতে ২০০৬ সালে বিশ্বকাপের সময়ও তীব্র গরম পড়েছিল।

কিন্তু সবচেয়ে বেশি গরম পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালের বিশ্বকাপের সময়।

ফ্লোরিডার অরল্যান্ডোতে যেদিন আয়ারল্যান্ড আর মেক্সিকোর খেলা হচ্ছে , তখন স্টেডিয়ামে তাপমাত্রা উঠেছিল ১১৬ ডিগ্রি ফারেনহাইট বা ৪৬ ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালের কাতারের চাইতে কম কিছু নয়।

আয়ারল্যান্ডের গোলকিপার এ্যালান কেলি বলেছিলেন, “আমি জানিনা ওই রকম গরমের মধ্যে কিভাবে ফুটবল খেলা হতে পারে। আমি বেঞ্চে বসেই অস্বস্তি বোধ করছিলাম। আর যারা মাঠে খেলছিল তাদের কেমন লাগছিল আমি জানি না।”

সেবার ফিফা খেলোয়াড়দের পানি খাবার বিরতিও নিষিদ্ধ করে দিয়েছিল।

ফলে আয়ারল্যান্ড অনুশীলনও করেছিল পানি না খেয়ে ফুটবল খেলার। কিন্তু তার পরও মেক্সিকোর সাথে পেরে ওঠে নি। কারণ মেক্সিকানরা এমন গরমে খেলতে অভ্যস্ত।

টেনিস: ২০১৪ অস্ট্রেলিয়ান ওপেন
মেলবোর্নে ২০১৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের সময় পর পর চারদিন তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। ওই এলাকায় নাকি ১০০ বছরেও এমন তাপপ্রবাহ হয়নি। প্রচন্ড গরমের মধ্যে খেলতে গিয়ে বহু খেলোয়াড়ই সেবার খেলার মধ্যে বমি করেছিলেন। কারো কারো জুতোর রাবারের সোল গলে গিয়েছিল।

ইয়ারোস্লাভা শেভদোভাকে নিতে হয়েছিল জরুরি চিকিৎসা। জেলেনা জানকোভিচ, আর স্লোয়ান স্টিফেন্সের পিঠ পুড়ে গিয়ে গিয়েছিল।

কানাডিয়ান খেলোয়াড় ফ্রাংক ডানসেভিচ দেড় সেট খেলার পরই সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। ক্রোয়াশিয়ার ইভান ডোডিগের মনে হচ্ছিল তিনি বোধহয় মারা যাচ্ছেন।

পরের বছর আয়োজকরা অন্তত একটি কোর্টের ওপর ছাদ লাগিয়েছিলেন, বেশি গরম পড়লে খেলা বন্ধ রাখার নতুন নিয়মও করা হয়েছিল।

ফরমূলা ওয়ান: ডালাস গ্রাঁ প্রি
বাহরাইন আর আবুধাবিতে ২০০৪ ও ২০০৫ সালেও প্রচস্ড গরমের মধ্যে ফরমুলা ওয়ান কার রেসিং হয়েছে।

তবে সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা হয় ১৯৮৪ সালে ডালাসের ফরমূলা ওয়ানের সময়। ৪০ ডিগ্রিরও বেশি তাপমাত্রায় রেসিং ট্র্যাকটাই গলে যেতে শুরু করে।

কয়েকটি কোয়ালিফাইং ল্যাপের পর কংক্রিটের আস্তরণ ভেঙে যেতে শুরু করে। রাতে রাতে মেরামত করে রেস চালানো হয়।

তৃতীয় স্থান পাওয়া নাইজেল ম্যানসেল রেস শেষে গরমে অজ্ঞান হয়ে পড়েছিলেন।

এথেন্স: ২০০৪ অলিম্পিকস
সে বছর এথেন্স অলিম্পিকসের সময়ও তীব্র গরম পড়েছিল।

সেবার ম্যারাথনে সম্ভাব্য জয়ীদের মধ্যে এক নম্বরে যার নাম ছিল তিনি ব্রিটেনের পলা র্যাডক্লিফ।

এর আগে তিনি দুবার বিশ্বরেকর্ড ভাঙলেও এথেন্সের গরমে তিনি কাবু হয়ে পড়েন। এতটাই যে তিনি পুরো ২৬ মাইল দৌড়াতেও পারেন নি।

২২ মাইলেল মাথায় তাকে থেমে যেতে হয় – যা তখন ছিল এক বিরাট আপসেট।– বিবিসি

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচার হচ্ছে না: অ্যামনেস্টি

amnesty25লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ব্যাপকভাবে নির্যাতন ও অত্যাচার চলছে। কিন্তু এসব নির্যাতনের ঘটনার বিচার হচ্ছে না।

মঙ্গলবার অ্যামনেস্টি বিশ্বের ১৬০টি দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেছে এই প্রতিবেদনে। এই প্রতিবেদনটি মূলত ২০১৪ সালের মানবাধিকার পরিস্থিতির বিশ্লেষণ। তবে এর পাশাপাশি ২০১৩ সালের মানবাধিকার-সংশ্লিষ্ট কিছু বিষয়ও প্রতিবেদনটিতে আলোচিত হয়েছে।

গুম, মতপ্রকাশের স্বাধীনতা, নারী ও মেয়েদের ওপর নির্যাতন, অত্যাচার ও অন্যান্য নির্যাতন, শ্রমিক অধিকার এবং মৃত্যুদণ্ড-এই ছয়টি বিষয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয় প্রতিবেদনটিতে।

প্রতিবেদনে বলা হয়, সঠিক সংখ্যা জানা না গেলেও বাংলাদেশে আনুমানিক ৮০টির বেশি গুমের ঘটনা ঘটেছে। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে গুম হওয়া ২০ জনের পরিচয় মিলেছে। এর মধ্যে নয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ছয়জন কয়েক সপ্তাহ বা মাসের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। বাকি পাঁচজনের কোনো খবর মেলেনি।

২০১৪ সালের এপ্রিল মাসে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার কথা উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। এ ঘটনায় জড়িত অভিযোগে আটক র্যাবের ১৭ সদস্যকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়াকে স্বাগত জানানো হয় প্রতিবেদনে। বলা হয়, ২০০৪ সালে র্যাব গঠনের পর এমন উদ্যোগ এই প্রথম। তবে সরকার এসব কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে পারে- এমন আশঙ্কাও আছে।

অ্যামনেস্টির প্রতিবেদনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার সমালোচনা করে বলা হয়, এটি মতপ্রকাশের স্বাধীনতাকে প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত করেছে। সরকারের সমালোচনা করায় বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী, সাংবাদিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর হুমকির মুখে পড়েছেন বলে তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে পুলিশের হেফাজতে অন্তত নয়জনের মৃত্যুর ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের হেফাজতে রেখে পুলিশি নির্যাতন বন্ধ হয়নি। পেটানো, ঝুলিয়ে রাখা, বৈদ্যুতিক শক দেওয়া-এসব নানা ধরনের নির্যাতন চালানো হয়।

প্রতিবেদনের ‘শ্রমিক অধিকার’ শিরোনামের অংশে বলা হয়, কারখানা এবং অন্যান্য জায়গায় নিরাপত্তার মান বেশ খারাপ। নারীর প্রতি সহিংসতা ২০১৪ সালে বাংলাদেশের মানবাধিকারের একটা অন্যতম উদ্বেগের বিষয় ছিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। নারী ও মেয়েরা পারিবারিক সহিংসতা, অ্যাসিড-সন্ত্রাস এবং পাচারের শিকার হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।