শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

কমলগঞ্জে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

marderকমলগঞ্জে এক নৈশপ্রহরীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  তার নাম সুফিয়ান মিয়া (৪০)।

শনিবার ভোর পাঁচটার দিকে পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার বাজারে পাহারা দেন সুফিয়ান।  ভোরে একটি ঘরের চালার সঙ্গে তার লাশ ঝুলতে দেখা যায়।  গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল সকাল নয়টায় লাশটি উদ্ধার করে।

সুফিয়ানের স্ত্রী সাহানা বেগম অভিযোগ করেন, সুদের টাকা ফেরত না পেলে সুফিয়ানকে প্রাণনাশের হুমকি দিয়েছিল সুদীরা। গ্রামবাসীর ধারণা, নিহত নৈশপ্রহরী সুদের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন।

সুফিয়ানের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, মেডিকেল রিপোর্ট ও তদন্ত ছাড়া  কোনো কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।

অভিজিৎ হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের নিন্দা, তদন্তের প্রস্তাব

uk5বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ জন্য তদন্তসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাবও দিয়েছে দেশটি।

শুক্রবার ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকি তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তীব্র ভাষায় অভিজিৎ রায়ের নিষ্ঠুর হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে; এই হামলা শুধু নৃশংসই নয়, চরম কাপুরুষোচিতও। অভিজিৎ একজন সাংবাদিক, মানবতাবাদী, একজনের স্বামী এবং অনেকের বন্ধু ছিলেন। তার স্বজন ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

নির্মম হামলায় আমরা তাকে হারিয়েছি। এটা শুধু একটি ব্যক্তির ওপর হামলায় নয়, বাংলাদেশের সংবিধানে দেওয়া সর্বজনীন মৌলিক অধিকার এবং মুক্তমত, বুদ্ধিবৃত্তি, ধর্মীয় চর্চা ও দেশের প্রশংসনীয় ঐতিহ্যের প্রতি কাপুরুষোচিত আক্রমণও বটে।

কারা ও কোন উদ্দেশ্যে ওই হত্যাকাণ্ড হতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেন সাকি বলেন, আমাদের কাছে এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য নেই। অবশ্যই, এ হত্যাকাণ্ডের ব্যাপারে যে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া দরকার, তা আমরা দেব।

যদি এ ব্যাপারে তদন্তের জন্য আমাদের কাছে সাহায্য চাওয়া হয় তা দিতে আমরা প্রস্তুত রয়েছি। আমরা তার (অভিজিৎ) সমন্ধে জানি। কিন্তু এ হত্যাকাণ্ডের উদ্দেশ্যের ব্যাপারে বর্ণনা করার মতো কোনো কিছু আমাদের কাছে নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় অভিজিৎ রায় নিহত হন। এ ঘটনায় দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে। ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ এই হত্যাকাণ্ডে ইতিমধ্যে নিন্দা জানিয়েছে।

জন কেরির সফর পাল্টে দেবে সব হিসাব!

roni28বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ মনে হয় গলতে শুরু করেছে। নতুন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের নিয়োগ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের খবরে ঢাকার কূটনৈতিক মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বার্নিকাটের পূর্বসূরি ড্যান ডব্লিউ মজীনার সময় বাংলাদেশ-মার্কিন সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছে। সেই শীতল সম্পর্কের মূলে বেশির ভাগ লোক ড. মুহাম্মদ ইউনূস ইস্যুকে বড় করে দেখলেও পর্দার অন্তরালে ভূতাত্তি্বক রাজনীতির আরও অনেক বিষয় জড়িত ছিল।

প্রথাগতভাবে মার্কিন মুলুকের ডেমোক্রেটিক দলের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের সম্পর্ক ভালো বলে সবাই ধারণা করেন। অন্যদিকে রিপাবলিকানদের সঙ্গে রয়েছে বিএনপির সখ্য। কাকতালীয় ব্যাপার কিনা জানি না। ১৯৯১ সাল থেকে বাংলাদেশে যখন যে দল ক্ষমতায় ছিল তখন মার্কিন মুলুক এবং ভারতেও তাদের মিত্ররা ক্ষমতায় ছিলেন। ঐতিহ্যের সেই ধারাবাহিকতায় ওবামা সরকারের সঙ্গে প্রথম থেকেই আওয়ামী লীগ সরকারের পারস্পরিক সম্পর্ক থাকবে চমৎকার- এই ধারণার পুরোপুরি উল্টোটিই ঘটেছে ২০০৯ থেকে ২০১৪ সালের শেষ দিন পর্যন্ত।

২০১৫ সালে এসে পরিস্থিতি প্রতিকূল থেকে অনুকূলে আসতে শুরু করে নতুন রাষ্ট্রদূত নিয়োগের পর থেকে। অতি সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে এলেন সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নিমন্ত্রণে। ওয়াশিংটনে দ্বিপক্ষীয় বৈঠকের বাইরে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই সফরের দুটো উল্লেখযোগ্য বিষয় আমি লক্ষ্য করছি। প্রথমত, জন কেরি বাংলাদেশ সফরের আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গে তা সানন্দে গ্রহণ করেছেন। দ্বিতীয়ত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত এক বছরের মধ্যে এই প্রথম যথেষ্ট ভাব ও গাম্ভীর্যের সঙ্গে যুক্তরাষ্ট্র সফর নিয়ে মেপে মেপে কথা বলেছেন। সমালোচনা করা যায় কিংবা সন্দেহ করা যায় এমন একটি বাক্যও পররাষ্ট্রমন্ত্রীর মুখে উচ্চারিত হয়নি।

এখন প্রশ্ন হলো, জন কেরি হঠাৎ করেই বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করে আগ্রহসহকারে বাংলাদেশে আসার জন্য তোড়জোড় শুরু করলেন কেন। ২০১৪ সালের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা তো প্রথম দিন থেকেই বর্তমান সরকারের কড়া সমালোচনা করে আসছিলেন। তারা ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনকে কোনো মানদণ্ডেই গ্রহণ করতে রাজি নয়। সমঝোতার ভিত্তিতে নতুন একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা প্রকাশ্যে-অপ্রকাশ্যে বার বার চাপ প্রয়োগ করে আসছিলেন। এ দেশে বসবাসরত পশ্চিমা লবির লোকজন আশা করত, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা জাতিসংঘের মাধ্যমে নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে দেবে। এদিকে গত প্রায় দুই মাস ধরে দেশে হরতাল-অবরোধের নামে চলছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হত্যা, অগি্নসংযোগ, অরাজকতা। ফলে সরকারি হিসাবে এযাবৎকালে ক্ষতির পরিমাণ ১ লাখ ২০ হাজার কোটি টাকা। বাস্তবে ক্ষতির পরিমাণ আরও বেশি। এ অবস্থায় পশ্চিমের এদেশীয় মিত্ররা আশা করেছিলেন মার্কিন মুলুক থেকে ভয়াবহ কোনো বার্তা আসবে। কিন্তু সেটা না হয়ে উল্টো মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সরকারের সঙ্গে নতুন করে ভাব করতে যাচ্ছে। কূটনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যুক্তরাষ্ট্রের হঠাৎ এই বায়ু পরিবর্তনে ভারি আশ্চর্য হয়ে নানা কার্যকারণের হিসাব মেলানোর চেষ্টা করেছেন। অনেকে আশ্চর্য হলেও জন কেরির আসন্ন বাংলাদেশ সফরের খবরে আমি কিন্তু আশ্চর্য হইনি। সাম্প্রতিককালের মার্কিন অর্থনীতি, আগামীর প্রেসিডেন্ট নির্বাচন, রাশিয়ার সঙ্গে নতুন করে বিরোধ এবং মধ্যপ্রাচ্যে সীমাহীন গণ্ডগোল ও আইএসের উত্থানের কারণে যুক্তরাষ্ট্র তার বিরোধের অনেকগুলো দরজা খুব দ্রুত বন্ধ করতে চাচ্ছে। তারা ইতিমধ্যে কিউবার সঙ্গে প্রায় ৬০ বছরের দীর্ঘ বিরোধের নিষ্পত্তি করতে চাচ্ছে এমনকি কিউবার যে দ্বীপগুলো বিশেষ করে গুয়ানতামো বের মতো বিতর্কিত স্থানগুলোর দখল পর্যন্ত হস্তান্তর করতে চাচ্ছে। প্রতিবেশী মেঙ্েিকা এবং ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে। ইরানের সঙ্গে চলে আসা দীর্ঘ ৩৫ বছরের বিরোধও নিষ্পত্তির দ্বারপ্রান্তে। খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণুর ব্যবহার-সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন করতে যাচ্ছে।

এশিয়াতে যুক্তরাষ্ট্রের অতি পুরনো এবং পরীক্ষিত বন্ধু হলো পাকিস্তান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে সেই ১৯৫০ সাল থেকে। অনেকবার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে পাকিস্তানের রাজনীতিতে বহুবার সরকার পরিবর্তন হয়েছে কিন্তু মার্কিন মদদ থাকার কারণে সেনাবাহিনীর গায়ে নূ্যনতম কাঁটার আচড় লাগেনি। অন্যদিকে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন- সেনাবাহিনীর অকুণ্ঠ সমর্থন ও প্রভাবের কারণে মার্কিন নীতি সবসময়ই একই রকম ছিল এবং আছে। দক্ষিণ-পূর্ব এশিয়াতে ভারত এবং মিয়ানমারের সঙ্গে মার্কিন সম্পর্ক ভালো ছিল না। কিন্তু সাম্প্রতিককালে এই দুটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র চমৎকার একটি সম্পর্ক গড়ে তুলেছে। এ অবস্থায় পুরো এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে গত ৫-৬ বছরে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সরকারিভাবে খারাপ ছিল না- এমনকি রাশিয়ার সঙ্গেও নয়। ইউক্রেন, সিরিয়া এবং ইরান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে মারাত্দক উত্তেজনা, কূটনৈতিক বাহাস এবং মতদ্বৈধতা সত্ত্বেও দেশ দুটির পররাষ্ট্রনীতি, ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য আন্তঃমহাদেশীয় সম্পর্ক আছে ঠিক আগের মতো।

এ কথা সত্য যে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সবসময়ই গণতন্ত্র এবং মানবাধিকারের ব্যাপারে উচ্চকণ্ঠ থাকে। কিন্তু তাদের যেখানে স্বার্থ আছে সেখানে ওসবের কিছুই দরকার পড়ে না। এমনকি তাদের বন্ধুরা মারাত্দক কোনো অপরাধ করলেও তারা চোখ বুজে থাকে। সাদ্দাম যখন কুর্দি বিদ্রোহীদের ওপর গ্যাস প্রয়োগ করেছিলেন তখন যুক্তরাষ্ট্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি। অন্যদিকে, ভারত ও পাকিস্তান যখন প্রায় একই সঙ্গে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাল তখনো তারা মৃদুকণ্ঠে স্বল্পকালীন প্রতিবাদ জানাল। সৌদি আরব, মিসর, সিরিয়া, কুয়েত, জর্ডান এবং লিবিয়াতে তাদের একেক রকম নীতি। আফ্রিকার ব্যাপারে তারা তেমন একটা মাথা ঘামায় না। যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সেখানকার মাতুব্বরি দিয়ে তারা আফ্রিকার ব্যাপারে নাকে তেল দিয়ে ঘুমায়। অন্যদিকে তারা সবসময়ই শক্তের ভক্ত এবং নরমের জমের নীতিতে অটুট থেকেছে। রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, ভেনেজুয়েলা, কিউবা এবং ইরানের ব্যাপারে বহুবার রণহুঙ্কার ছুড়েছে কিন্তু একটা বুলেট তো দূরের কথা একটা গুলতিও ছোড়েনি। বাংলাদেশের মানুষের দরিদ্রতা, মনমানসিকতা, অভ্যাস এবং ক্ষুদ্র পরিসরের অর্থনীতির জন্য দেশটিকে প্রথম থেকেই যুক্তরাষ্ট্র তাচ্ছিল্য করে আসছিল। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতৃত্বের বহুবিধ দুর্বলতা, অযোগ্যতা এবং সীমাহীন নতজানু নীতির কারণে যুক্তরাষ্ট্র গাঙ্গীয় উপত্যকার এই বৃহত্তম দ্বীপ তথা দুনিয়ার সবচেয়ে বড় বদ্বীপ। সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের দেশ, সবচেয়ে বড় বাঘ ও মিঠা পানির দেশ, সবচেয়ে বড় সমুদ্র সৈকত, পেশিবহুল মানুষ, স্বল্পভূমিতে, স্বল্প আশঙ্কাসম্পন্ন সুখী মনের বৃহত্তম জনগোষ্ঠী এবং সবচেয়ে সুন্দরতম আবহাওয়া ও জীববৈচিত্র্যের প্রকৃতিপ্রদত্ত সম্পদকে দৃষ্টিসীমায় আনেনি।

যুক্তরাষ্ট্র তার চিরায়ত স্বভাব বা অভ্যাস মতে বাংলাদেশকে সবসময় নিয়ন্ত্রণ এবং প্রভাবিত করতে চেয়েছে দূর থেকে হুমকি-ধমকি প্রদানের মাধ্যমে। গত ছয়টি বছরে তাদের শত ক্রোধ, হুমকি-ধমকি, প্রভাব-প্রতিপত্তি এবং দেশ-বিদেশের নানামুখী চাপ ও তাপ প্রয়োগের পরও ক্ষমতাসীন সরকারকে একটুও নতজানু তো দূরের কথা ভয়ও দেখানো যায়নি। অধিকন্তু, সরকার পরিস্থিতি যেভাবে সামাল দিয়েছে তাতে ঢাকায় মার্কিন দূতাবাস, ওয়াশিংটনের পররাষ্ট্র দফতর এমনকি হোয়াইট হাউস পর্যন্ত বার বার আশ্চর্য হয়ে গেছে। বাংলাদেশের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত মার্কিন কর্তারা একাধিকবার আক্ষেপ করে বলেছেন, এমন বিরূপ পরিস্থিতিতে তারা কোনো দেশে কোনো কালে পড়েননি।

বাংলাদেশ সরকারের সঙ্গে গত ছয় বছর ধরে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি এবং মার্কিন মুলুকের আগামীর প্রেসিডেন্ট নির্বাচনকে যদি হিসাবের মধ্যে ধরা হয় তাহলে জন কেরির সম্ভাব্য বা আসন্ন বাংলাদেশ সফর এক সুদূরপ্রসারী বার্তা বহন করছে। কূটনীতিবিদরা মনে করছেন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কটি নির্ভরতা, বিশ্বাসযোগ্যতা এবং পারস্পরিক সম্পর্কের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে চায়। তারা বাংলাদেশকে তাদের কৌশলগত অংশীদার হিসেবে পেতে চায় ঠিক জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো। তারা ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের সব বাধা অতিক্রম করে সম্পর্কটি এমন একটি মানদণ্ডে উন্নীত করতে চায় যেখান থেকে একে অপরের কাছে অনেক বেশি চাওয়া যায়, পাওয়া যায় এবং আসা করা যায়।

যুক্তরাষ্ট্র জানে যে, আগামী ১০ বছরে তাদের সঙ্গে পাকিস্তান-আফগানিস্তানের বিরূপ সম্পর্ক হবে? তারা এও জানে যে, ভারতের সঙ্গে সম্পর্কটি হবে সমতার ভিত্তিতে। অন্যদিকে আগামী ৫০ বছরে তাদের জন্য জলে, স্থলে অন্তরীক্ষে সবচেয়ে বড় সমস্যা হবে চীন-রাশিয়া এবং উত্তর কোরিয়া, সে অবস্থায় ভারত মহাসাগরে তাদের দরকার একটু নিরাপদ আশ্রয় এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিপদ-আপদকালীন পা রাখার একটু জায়গা, যা কিনা বাংলাদেশ ছাড়া অন্য কোথাও সম্ভব নয়। আমি নিশ্চিত কেরি এবং তার সফরসঙ্গীরা একটি পরিবর্তিত মনমানসিকতা এবং ভিন্নমাত্রিক নতুন দৃষ্টিভঙ্গি নিয়েই বাংলাদেশে আসছেন। আমাদের কর্তাব্যক্তিরা যদি পেশাগত দক্ষতা, আন্তরিকতা এবং সৌজন্যবোধ দ্বারা কেরিকে বরণ করে নিতে পারেন তাহলে আগামীর রাজনীতির সব হিসাব-নিকাশ পাল্টে যাবে।

লেখক :

Golam Maula Rony

রোববার থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত হরতাল

hortal30বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট চলমান অবরোধের মধ্যে আগামী ১ মার্চ রোববার সকাল ৬টা থেকে ৪ মার্চ বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ফের ৭২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে।

শুক্রবারা বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে ফের জঙ্গী আস্তানার সন্ধান, আটক ৩

ctg28চট্টগ্রামের হালিশহরে বিপুল বিস্ফোরক ও অস্ত্রসহ জঙ্গী আস্তানার সন্ধান পেয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিস্ফোরক, বোমা, অস্ত্র ও বোমা তৈরির সরজ্ঞামসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

আটক ৩ জন ‘জঙ্গী’ সংগঠনের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালীতে জঙ্গী আস্তানায় অভিযানের ধারাবাহিকতায় হালিশহর এলাকায় শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়।

এ সময় র‌্যাব ১৫০ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ৭৬টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা, ২৪টি অস্ত্র ও বোমা তৈরির সরজ্ঞাম উদ্ধার করে। আটক করা হয় ৩ জনকে।

ম্যাককালামের ২১ বলে ফিফটি

অকল্যান্ডে অস্ট্রেলিয়ার দেওয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করছে  স্বাগতিক নিউজিল্যান্ড। ৮.১ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৭৯ রান।
অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও ঝড়ো গতিতে ব্যাটিং শুরু করে। তবে ৪০ রানের মাথায় মিচেল স্টার্কের বলে ১১ রান করে ফিরে যান মার্টিন গাপটিল।
একপাশে স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান ব্রেন্ডন ম্যাককালাম। ২১ বলে ফিফটি করেই অবশ্য কিউই অধিনায়ক ফিরেছেন প্যাট কামিন্সের শিকার হয়ে।
১ রান পর ৭৯ রানের মাথায় স্টার্কের বলে বোল্ড হয়ে গেছেন রস টেলরও।
খেলায় এখন মধ্যাহ্ন বিরতি চলছে।
এর আগে কিউইদের পেস আর স্পিনের সমন্বিত আক্রমণে মাত্র ১৫১ রানেই অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ট্রেন্ট বোল্ট ২৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।
ভেট্টরি ও সউদির শিকার ২ উইকেট করে।  অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন উইকেট কিপার ব্রাড হাডিন।

ঢাকা বার নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল জয়ী

barঢাকা আইনজীবী সমিতির ২০১৫-১৬ মেয়াদের নিবাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। অন্যদিকে ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের।

ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে শুক্রবার রাত আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা বারের সাবেক সভাপতি এস এম আলতাফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে সম্পাদকীয় ১০টি পদের মধ্যে নীল প্যানেল ৮টিতে এবং সদস্য ১৫টি পদের মধ্যে ১২টিতে জয়লাভ করে।

সভাপতি পদে নীল প্যানেলের এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ৪৫৬২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের এ্যাডভোকেট সাইদুর রহমান মানিক পেয়েছেন ৪৩৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের এ্যাডভোকেট ওমর ফারুক ৪৬৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের এ্যাডভোকেট আয়ুবুর রহমান পেয়েছেন ৪০৫৭ ভোট।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সাদা প্যানেলের মোশাররফ হোসেন ৪৪৭৩ ও নীল প্যানেলের আফরোজা বেগম শেলী পেয়েছেন ৪৪৫০ ভোট।

সহ-সভাপতি পদে নীল প্যানেলে হারুন রশিদ খান ৪৫৭৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের তারিক হোসেন পেয়েছেন ৪২৬৩ ভোট।

ট্রেজারার পদে সাদা প্যানেলের মকবুল হোসেন পেয়েছেন ৪৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের আবু বক্কর সিদ্দিকী পেয়েছেন ৪৪১২ ভোট।

সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের হাফিজুর রহমান হাফিজ পেয়েছেন ৪৪২৪ ভোট ও সাদা প্যানেলের আব্দুস সালাম খান পেয়েছেন ৪২৯৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের তাহেরুল ইসলাম তৌহিদ ৪৮১৬ পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের শাহাদাৎ হোসেন ভূঁইয়া পেয়েছেন ৪০১৩ ভোট।

লাইব্রেরি সম্পাদক পদে নীল প্যানেলের মাজেদুর রহমান মামুন পেয়েছেন ৪৮৯২ ভোট ও সাদা প্যানেলের আলী আহমেদ পেয়েছেন ৩৯৪৮ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে নীল প্যানেলের আকলিমা আক্তার আলো ৪৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ পেয়েছেন ৪২৮৫ ভোট।

দফতর সম্পাদক পদে নীল প্যানেলের শেখ আলাউদ্দিন ৪৬৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আব্দুল হাই মামুন পেয়েছেন ৩৯৩১ ভোট।

১৫টি সদস্য পদের মধ্যে ১২টি পদে নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হন। জয়ীরা হলেন- ফাতিমা ইয়াসমিন, রেহানা পারভীন, শাহনাজ পারভীন জোসনা, মিজানুর রহমান মিজান, মজিবর রহমান, মোস্তফা কামাল, শাহ আলম, মোহাম্মাদ কামাল হোসেন, মোহাম্মাদ বিল্লাল হোসেন, মোহাম্মাদ আব্দুল হান্নান খন্দকার, মোহাম্মাদ আবুল কাশেম ও শফিকুল ইসলাম।

অন্যদিকে বাকি তিনটি সদস্য পদে সাদা প্যানেল জয়ী হয়। সাদা প্যানেলের জয়ীরা হলেন- ফাতেমাতুজ জহুরা মনি, লিলিয়া আক্তার লিলি ও তপো গোপাল ঘোষ।

এ নির্বাচনে মোট তিনটি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ সমর্থিত সাদা, বিএনপি-জামায়াত সমর্থিত নীল এবং দলনিরপেক্ষ সবুজ প্যানেলের ব্যানারে প্রার্থীরা নির্বাচনে অংশ নেন।

২৫ ও ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে মাঝে এক ঘণ্টার বিরতি দিয়ে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চলে।

এবারের নির্বাচনে মোট ১৫ হাজার ৩৭২ ভোটারের মধ্যে ৯ হাজার ৯২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে প্রথম দিনে ৩ হাজার ৯১১ জন এবং দ্বিতীয় দিনে ৫ হাজার ১৮১ জন ভোট দেন।

এ নির্বাচনে ২৫টি পদে মোট ৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১০টি সম্পাদকীয় পদের বিপরীতে ২৬ জন এবং ১৫টি সদস্য পদের বিপরীতে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বারের সাবেক সভাপতি এস এম আলতাফ হোসেন। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন- এ্যাডভোকেট রেজাউল করিম হিরন, এ্যাডভোকেট হাজী মো. মোহসীন, এ্যাডভোকেট আহমদ উল্লাহ আমান, এ্যাডভোকেট মাহমুদ হোসেন জাহাঙ্গীর, মো. শামসুজ্জামান ও মো. মতিউর রহমান ভূঁইয়া।

গত ২০১৪ ও ২০১৫ বর্ষের নির্বাচনে সভাপতি ও সম্পাদকীয় পদে ১০টিসহ বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল ১৯টি পদে জয়লাভ করে।। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ২৫টি পদের বিপরীতে মাত্র ৬টি সদস্য পদ পায়।

‘তোরা আমার ছেলের আদর্শ কেড়ে নিতে পারিসনি’

ojoyযুক্তরাষ্ট্র প্রবাসী লেখক অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যার পরপরই তার বাবা অধ্যাপক অজয় রায়কে ফোনে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে বলা হয়, ‘তোর ছেলের পরিণতি দেখেছিস। তুইও ভালো হয়ে যা।’ অভিজিৎকে কাপুরুষের মতো হত্যার পর দুর্বৃত্তদের হুমকিতে ভীত না হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক পাল্টা জবাব দেন, ‘তোরা আমার ছেলেকে খুন করেছিস; কিন্তু ছেলের আদর্শ ও সৃষ্টি কেড়ে নিতে পারিসনি।’ এর পরই অজয় রায় মোবাইল ফোনের লাইন কেটে দেন। নিহত অভিজিৎ রায়ের ছোট ভাই অরিজিৎ রায়ের স্ত্রী কেয়া বর্মণ গতকাল শুক্রবার বিকেলে সমকালকে এ তথ্য জানান। কেয়া বর্মণ সমকালকে বলেন, অভিজিতের ওপর হামলার কিছু সময় পরই বাবাকেও অচেনা নম্বর থেকে হুমকি দেওয়া হয়। ফোনে তিনিও পাল্টা জবাব দিয়েছেন। এর আগেও বিভিন্ন সময় অভিজিৎকে কখনও মোবাইল ফোনে আবার কখনও ই-মেইলে হুমকি দেওয়া হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে হুমকি দেওয়া হয়েছিল। গত বছর অভিজিৎ ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছিলেন বলে জানান কেয়া বর্মণ।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম সমকালকে বলেন, অজয় রায়কে হুমকি দেওয়ার বিষয়টি জেনেছি। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে ইঙ্গিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে অজয় রায় বলেন, এরাই বাসে আগুন দেয়, পেট্রোল বোমা হামলা চালায়। একজন হতভাগ্য পিতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।

শিক্ষাবিদ অজয় রায় বলেন, তার ছেলেকে হত্যায় জড়িত যারা, তাদের সবার তথ্য রয়েছে পুলিশের কাছে। তাদের ধরতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগার কথা নয়। এ জন্য প্রয়োজন সরকারের সহযোগিতা।আক্ষেপ করে তিনি বলেন, অভিজিৎকে দেশে আসতে বারণ করেছিলাম। বলেছিলাম, বাংলাদেশের পরিস্থিতি এখন তোমার জন্য সুখকর নয়। কিন্তু সে তার মাকে দেখতে এবং এবারের বইমেলায় তার দুটি বই প্রকাশিত হওয়ায় দেশে আসে।অভিজিতের ছোট ভাইয়ের স্ত্রী কেয়া বর্মণ আরও জানান, ২০১২ সালের ফেব্রুয়ারিতে অভিজিৎ দেশে এসেছিলেন। এবার বইমেলা উপলক্ষে আবার দেশে আসেন। তবে এবার দেশে ফেরার পর তাকে হুমকি দেওয়া হয়েছিল কি-না, তা তার জানা নেই।

 

পুরানা পল্টনের স্বদেশ টাওয়ারে আগুন, নিহত ১

fire pরাজধানীর পুরানা পল্টনের স্বদেশ টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই ভবনের চতুর্থ তলার লেফড করপোরেশন কোম্পানির পিওন ছিলেন।

আজ শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পর চতুর্থ তলায় থাকা আনোয়ার হোসেন তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

লেফড করপোরেশনের অ্যাডমিন অফিসার বদরুজ্জামান জানান, আনোয়ার হোসেন রাতে চতুর্থ তলায় ছিলেন। আগুন লাগার পর তিনি সিড়ি দিয়ে নামার চেষ্টা করেন। তবে সিড়ি ঘরের তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিবিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ফায়ার সদর দফতরের পরিদর্শক মো. জহির জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন।

সেখানে আগুনের ধোঁয়ায় চার জন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অসুস্থদের মধ্য থেকে আনোয়ার হোসেনের মৃত্যু ঘটে।

হয়রানির অভিযোগ: ঢাকায় সব ফ্লাইট স্থগিত করল পিআইএ

piaপাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআইএ আজ শুক্রবার থেকে মার্চের ১০ তারিখ পর্যন্ত ঢাকায় সব বিমান চলাচল স্থগিত রাখার ঘোষণা করেছে।
বাংলাদেশের নিরাপত্তা বাহিনী পিআইএ’এর যাত্রী এবং ক্রুদেরকে হয়রানি করার প্রতিবাদে এ পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করেছে বিমান। পিআইএ মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস নিউজ সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।

এ মুখপাত্র বলেন, পিআইএ আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত ঢাকার সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে। যাত্রী ও ক্রুদের হয়রানির প্রতিবাদে এ পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করে এ মুখপাত্র আরো বলেন, হয়রানি বন্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত এ পদক্ষেপ অব্যাহত থাকবে।

এদিকে, গতকাল পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাসিম আসলাম বলেন, পিআইএ’র যাত্রী ও ক্রুদের হয়রানি করার বিষয়টি স্পষ্ট করার জন্য তাদের পক্ষ থেকে ইসলামাবাদের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।পিআইএ সূত্র থেকে বলা হয়েছে, গত দু’মাস ধরে বাংলাদেশী নিরাপত্তা কর্মকর্তারা পিআইএ’র যাত্রী ও ক্রুদের হয়রানি করছে। বুধবার নিরাপত্তা তল্লাসির কারণে পিআইএ’র ফ্লাইট পিকে-২৬৬ ঢাকা থেকে ছাড়তে তিন ঘণ্টা বিলম্ব হয়েছে।

বাংলাদেশের নিরাপত্তা বাহিনী পিআইএ স্টেশন ম্যানেজার আলী আব্বাসকে আটক করেছিল এবং তাকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে। এ ছাড়া, জাল মুদ্রা পাচারের অভিযোগে ঢাকায় পিআইএ’র কর্মকর্তাদের বাসভবনে তল্লাশি চালানো হয়েছে।