শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে, দাবি বিএনপির

bnp logoবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, “অজস্র নির্যাতনের শৃঙ্খল ভেঙে এই আন্দোলন এখন চূড়ান্ত পরিণতির দিকে অগ্রসরমান। এই আন্দোলন গণতন্ত্র মুক্তি ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন। অত্যন্ত সংযম ও সাহসিকতার সঙ্গে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত করার কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে বিজয় সুনিশ্চিত করার কোনো বিকল্প নেই। ব্যাপক ভিত্তিক সামাজিক পরিবর্তনে বৃহৎ জাতীয় স্পৃহা পূরণে আজ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধ।”

বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সকল গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, পেট্রলবোমার নাশকতা, সকল মানবাধিকার লঙ্ঘনসহ সহিংসতায় জড়িতদের শনাক্ত ও বিচার করা হোক। আমরা বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষ থেকে চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের সকল পর্যায়ে ২০ দলীয় জোটের নেতা-কর্মী ও দেশবাসীকে শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে এসেছি। শাসক শ্রেণীই গণআন্দোলনকে কলুষিত করে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড হিসেবে রুপদানের কুৎসিত অপচেষ্টা অব্যাহত রেখেছে।”

সালাহ উদ্দিন বলেন, “দমন-পীড়ণের নোংরা অজুহাত সৃষ্টির কু-মানসেই সরকারি সন্ত্রাসীরা পেট্রলবোমাসহ সকল নাশকতা চালিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সারাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী পেট্রলবোমা, আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ ধরা পড়লেও সরকারি নির্দেশে তাদের ছেড়ে দেয়া হয়েছে।”

তিনি বলেন, “বিএনপিসহ ২০ দলীয় জোটের অসংখ্য নেতা-কর্মীকে বাসা থেকে গ্রেফতার করে পেট্রলবোমাবাজ সাজানো হচ্ছে; নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থায় জঘন্য কায়দায় স্বীকারোক্তি আদায় করা হচ্ছে।”

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে বিচার বহির্ভূত হত্যা, গণহত্যা, জোরপূর্বক অপহরণ ও বিভিন্ন কায়দায় আন্দোলনকারীদের হত্যাকে জায়েজ করার জন্যই-নাশকতার এই নীল নকশার বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু শাসকশ্রেণীর মনে রাখা উচিৎ-রাষ্ট্রীয় শ্বেতসন্ত্রাস, গণহত্যা ও সহিংসতার বিভৎস পরিবেশ তৈরি করেও জনগণের ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক আন্দোলন নস্যাৎ করা যাবে না। জনগণের প্রবল শক্তির কাছে নতি স্বীকার করা ছাড়া অবৈধ সরকারের কোনো গত্যন্তর থাকবে না।”

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, বাক-ব্যক্তি ও গণমাধ্যমসহ বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠাই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গড়ে উঠা এই আন্দোলনের মূলমন্ত্র। এই আন্দোলনের বিজয় অর্জনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জাতীয় আকাঙ্খা পূরণ করা সম্ভব, অন্যথায় একদলীয় রাষ্ট্রব্যবস্থার কবলে নিপতিত হবে দেশ ও জাতি। প্রকৃত অর্থে ক্ষমতা চিরস্থায়ীকরণের আওয়ামী উগ্র বাসনাই চলমান রাজনৈতিক সংকটের মূল কারণ।”

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্তির পক্ষে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তই জাতীয় জীবনে দুর্যোগের উৎপত্তি। অতএব, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে রাজনৈতিক সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যেই বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত জনগণের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।”

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “গণতন্ত্র মুক্তির দাবিতে চলমান অবরোধ-হরতাল কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালনের জন্য আমি আবারো বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার পক্ষে বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সংগ্রামী দেশবাসীকে আহবান জানাচ্ছি।”

১১ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, প্রতিবাদে মানববন্ধন

chuyadangaচুয়াডাঙ্গায় ১১ জন এসএসসি পরীক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কারের প্রতিবাদে রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা।

আলমডাঙ্গার খাসকররা, সপ্তগ্রাম ও বটিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন গড়ে তোলে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়

শুক্রবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সীগঞ্জ একাডেমি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছিল। একটি কক্ষে পরীক্ষার্থীর তুলানায় কম প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এতে এক প্রশ্নপত্রে দুজনকে পরীক্ষা দেয়ার সুবিধার জন্য ওই কক্ষে দায়িত্বরত শিক্ষকরাই পরীক্ষার্থীদের এক আসন থেকে অন্য আসনে বসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম কক্ষ পরিদর্শনে আসলে বিষয়টি তার নজরে আসে। এ সময়  আসন বদল করে বসার অভিযোগে কক্ষের ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ ঘটনায় দুই শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোদুই মাসের কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত। বহিষ্কৃত ১১ শিক্ষার্থীর মধ্যে সাতজন  খাসকররা, তিনজন সপ্তগ্রাম ও একজন বটিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

শিক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অর্থদন্ডের ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে ওই তিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকৃন্দ। তারা বহিষ্কার আদেশ প্রত্যাহার ও দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন।

‘অবরোধ-হরতালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম চলবে’

ugcবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলেছে,দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম চলবে।

রোববার দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা করে এ কথা বলেছেন ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব উদ্যোগে শিক্ষাকার্যক্রম চালাবেন। সেশনজট দূর করবেন।’

রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা রাখার ইচ্ছা প্রকাশ করে আজাদ চৌধুরী বলেন, যদি পেট্রলবোমা মেরে, বোমা মেরে শিক্ষাকার্যক্রম ধ্বংস করা যায়; তাহলে বাংলাদেশ আফগানিস্তান, সিরিয়া বা ইরাকের মতো হবে।

সভায় উপস্থিত উপাচার্যরা হরতাল-অবরোধে ক্লাস ও পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে কয়েকজন উপাচার্য বলেছেন, হরতালের দিনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালু রাখা যায় না। এ জন্য ক্লাসের সমস্যা হচ্ছে। কিছু বিশ্ববিদ্যালয় এখন শুক্র ও শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সভায় জানানো হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সব সময় আলোর সঙ্গে অন্ধকারের দ্বন্দ্ব থাকবেই। এটা নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, হরতাল-অবরোধেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতভাগ ক্লাস-পরীক্ষা হচ্ছে। তবে এ অবস্থায় একটু ঝুঁকি তো থেকেই যায়। হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা নেওয়ার কৃতিত্ব শিক্ষক ও শিক্ষার্থীদের দিয়ে তিনি আরও বলেন, এখন শিক্ষার্থীরা আর সেশনজটে পড়তে চায় না।

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ জানান, তাঁদের বিশ্ববিদ্যালয়ে এখন আর কোনো ক্লাস কামাই দেওয়া হয় না। কোনো ক্লাস কামাই গেলে অতিরিক্ত ক্লাস করে তা পুষিয়ে নেওয়া হয়।

সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক হরতাল নিষিদ্ধের প্রস্তাব দেন। এ ছাড়া সভায় আরও কয়েকজন উপাচার্য বক্তব্য দেন।

ভাবিকে ধর্ষণ-হত্যার অভিযোগে দেবরের ফাঁসি

court260ভাবিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দেবর আলমগীরকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার ঢাকার পঞ্চম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ রায় ঘোষণা করেন।

এছাড়া দেবর আলমগীরেরসহ অপর দুই বন্ধু রিপন ও রাহিদ হাসান মিলনকে ১৪ বছর করে কারাদণ্ড ও ২০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো একবছর কারাদণ্ড দেয়া হয়েছে।

আসামি আলমগীর ও রিপনকে রায় ঘোষণার সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামি রাহিদ হাসান মিলন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

রায়ের বিবরণ থেকে জানা যায়, সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করতো দেবর আলমগীর। এতে ব্যর্থ হয়ে ২০০৬ সালের ১৪ জুলাই বাসা থেকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে ঢাকার দোহার থানার জয়পাড়া এলাকা থেকে ভিকটিমকে অপহরণ করে আসামি আলমগীর ও তার দুই বন্ধু।

এরপর ভিকটিমকে একটি ডিজেলচালিত ইঞ্জিন নৌকায় নিয়ে অপর দুই বন্ধুর সহায়তায় ধর্ষণ করার পর হত্যা করে আলমগীর।

এরপর তার পেট কেটে ও গলায় রশিতে ইট বেঁধে ইছামতী নদীতে ফেলে দেয়।
ঘটনার চার দিন পর ২০০৬ সালের ১৭ জুলাই ঢাকার নবাবগঞ্জ এলাকার ভিকটিমের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের মা আলমগীরকে আসামি করে দোহার থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০০৬ সালের ৩ অক্টোবর তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন দোহার থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন।

রায় ঘোষণার আগে চার্জশিটের ২২ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।

বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন ডালমিয়া!

dalmiyaভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি আবারও ফিরছেন জগমোহন ডালমিয়া। এক যুগের বেশি সময় পর বিসিসিআইয়ের সভাপতি হতে যাচ্ছেন তিনি। আসন্ন বিসিসিআইয়ের নির্বাচনে দুটি পক্ষ তৈরি হয়েছে। মজার বিষয়, দুই পক্ষই নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে ডালমিয়ার নাম বলছে। তাই সুবিধাজনক অবস্থানে আছেনি তিনি। এবং সভাপতি পদে সময়ের সেরা প্রার্থী তিনি।

বিসিসিআইয়ের নির্বাচনে দুই পক্ষের একটির নেতৃত্ব দিচ্ছেন এন শ্রীনিবাসন। বিসিসিআইয়ের সাবেক এই সভাপতিকে সরে দাড়াতে হচ্ছে এবার। আরেক পক্ষে আছেন বিসিসিআই ও আইসিসির সাবেক সভাপতি শারদ পাওয়ার।

শ্রীনিবাসন ও শারদ পাওয়ারের সমর্থন পাচ্ছেন বিসিসিআই ও আইসিসির সাবেক সভাপতি ডালমিয়া। সোমবার চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের  নির্বাচন।

ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি ডালমিয়া বিসিসিআই নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন। নিজের এসোসিয়েশন, ন্যাশনাল ক্রিকেট ক্লাব কলকাতা এবং আরও পূর্ব অঞ্চলের এসোসিয়েশনের সমর্থন পেয়েছেন তিনি।   সবকিছু ঠিক থাকলে, দুই পক্ষেরই সমর্থন পাওয়া ডালমিয়া আবারও তিন বছর মেয়াদে বিসিসিআইয়ের সভাপতি হতে যাচ্ছেন। সূত্র: ক্রিকইনফো

ট্রাকচাপায় বগুড়ায় বাবা-ছেলে নিহত

bogra mapবগুড়ায় ইটভাটার মাটি বহনকারী ট্রাকের নিচে চাপা পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামের মাঠে রোববার ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অন্তবালা গ্রামের আবু তাহের (৩৫) ও তার ছেলে রিয়াদ (৮)। আহত হয় আবু তাহেরের আরেক ছেলে হৃদয় (৯)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ১১টার দিকে পাশের জমি থেকে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আবু তাহেরের জমিতে গিয়ে আবু তাহের ও তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবু তাহের ও রিয়াদ মারা যায়।

পার্বতীপুরে মাদ্রাসার পাশে ছাত্রের লাশ, শিক্ষক আটক

dinajpurপার্বতীপুরে সুন্দরপীর নুরানী হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসার পাশ থেকে এক আবাসিক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে মাদ্রাসার আবাসিক শিক্ষক এমদাদুল হক রিমনকে।

রোববার দুপুরে সোহানুর রহমান সোহান (১৪) নামে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। সোহাগ উপজেলার বাঘাচোড়া রহমত নগর গ্রামের আবু সাঈদের ছেলে।
মাদ্রাসার ছাত্ররা জানায়, প্রতিদিনের শনিবার এশার নামাজের পর রাত ১০টার দিকে অন্যান্য ছাত্রদের সাথে সোহাগ ঘুমিয়ে পড়ে। পরে রাত সাড়ে তিনটার দিকে ছাত্ররা ঘুম থেকে উঠে পড়তে বসে। এ সময় সোহাগকে দেখতে না পেয়ে তারা আবাসিক শিক্ষক এমদাদুল হক রিমনকে সাথে নিয়ে সোহাগকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল পৌনে ৬টার দিকে মাদ্রাসার পেছনের ডোবার মধ্যে সোহাগের লাশ পড়ে থাকতে দেখে তারা।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, ‘মৃতের গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে সোহানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’
তিনি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোহাগের চাচা আবু সায়েম থানায় হত্যা মামলা করেছে।

 

কমলনগরে ৩ গাড়িতে আগুন

trak fire1বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের পাশাপাশি হরতালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি ট্রাক ও দুইটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার দুপুর ১ টার দিকে রামগতি লক্ষ্মীপুর সড়কের কমলনগরের হাফেজিয়া মাদ্রাসা ও হাজিরহাট দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। এরা হলেন আরিফ হোসেন, মাইনউদ্দিন।
প্রত্যক্ষদর্শীদরে বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে লক্ষ্মীপুর থেকে যাত্রীবাহী একটি লেগুনা রামগতি যাচ্ছিল। হাফেজিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছলে যাত্রী নামিয়ে লেগুনায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে ওই এলাকায় ইটবাহী একটি ট্রাকেও আগুন দেয়া হয় এবং একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।
এছাড়া, প্রায় কাছাকাছি সময়ে কমলনগরের হাজিরহাট দক্ষিণ বাজার এলাকায় আরেকটি লেগুনায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
কমলনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা জানান, এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

যৌনপল্লী থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

lashরাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর একটি ঘর থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ।

মৃত তরুণীর নাম সুমি আক্তার (২৮)। পুলিশ ও স্থানীয়রা জানান, সুমি যৌনকর্মী হিসেবে কাজ করতেন। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার নীমপাড়া এলাকায়।
শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়া যৌনপল্লীতে সুমির ভাড়া করা ঘর থেকেই সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে যৌনপল্লীর সাথী বাড়িওয়ালীর ভাড়াটিয়া সুমির ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা ঘরের চালার নিচ দিয়ে ভেতরে উঁকি দেন। এসময় সুমিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
গোয়ালন্দঘাট থানার এসআই ডিএম নাজমুল হুদা বলেন, ‘ময়না তদন্তের জন্য মরদেহটি রোববার মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে কারণ জানা যাবে।’

 

পদ্মা সেতুর মূল কাজ শুরু, গরু-খাসি-মোরগ উৎসর্গ

padma b1দুটি গরু,খাসি ও মোরগ উৎসর্গ দিয়ে বহু প্রতিক্ষীত পদ্মা সেতুর ট্রায়াল পাইল স্থাপনে এ্যাংকর পাইলের কাজ শুরু হয়েছে। রোববার সকালে ভারি যান্ত্রপাতি ব্যবহার করে বিশাল ক্রেনের মাধ্যমে এই এ্যাংকর পাইল স্থাপন করা হচ্ছে। এর মধ্য দিয়েই মূল সেতু তৈরির প্রাথমিক কাজ শুরু হলো।

ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রীজ কোম্পানির শুরুর ক্ষণটিকে তাদের রীতি অনুযায়ী দু’টি কালো ষাড় গরু, দু’টি খাসি ও দু’টি মোরগ পদ্মা নদীতে উৎসর্গ করে। এ লক্ষে এগুলো জবাই করে বিশেষ কৌশলে রক্তগুলো সরাসরি পদ্মায় ভাসিয়ে দেয়া হয়।

চীনের রীতি অনুয়ায়ী কাজের সফলতা ও দুর্ঘটনা রোধে এই পশু উৎসর্গ করা হয়। ষাড়ের সামনের দু’রান অর্থ্যাৎ দু’ গরুর চারটি রান পদ্মা নদীতে উৎসর্গ করে ছেড়ে দেয়া হয়। বাকি মাংস প্রকল্পে কর্মরতদের মাঝে বিতরণ করা হয়।

রোববার সকাল নয়টার দিকে এগুলো উৎসর্গ করার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কাজ শুরু হয়। এ সময় এ্যাংকর পাইলের কাজের চারিদিকে একের পর এক আতশবাজি ফুটতে থাকলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট প্রায় সকলেই অংশ নেন। দুই নম্বর পিলারের কাছে নদীতে এই এ্যাংকর পাইল স্থাপন শুরু হয়েছে। এরপরই ২০ মার্চ থেকে ট্রায়াল পাইল স্থাপন করা শুরু হবে।

মূল পাইলের হ্যামারটি পরিদর্শন এবং এটি পরিচালনের কৌশল রপ্ত করতে ১৫ মার্চ একটি কারিগরি টিম জার্মানি যাবে। এই টিম সেখানে অন্তত দুই সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ এবং হাতে কলমে খুঁটিনাটি সব বিষয়ে অবগত হবে। এরপরই এপ্রিলে এটি জার্মানি থেকে পাঠানো হবে মাওয়ায়। এছাড়া মাওয়ার কন্সট্রাকসন ইয়ার্ডের পাশের বিশাল ওয়ার্কসপে মূল পাইল তৈরীর প্রস্তুতি চলছে।

এদিকে মাওয়া রেস্ট হাউস ভাঙ্গা শুরু হয়েছে। মূল সেতুর সংযোগ সেতু নির্মাণের জন্য আলোচিত এই রেস্ট হাউস অপসারণ করা হচ্ছে। এটি স্থানান্তর হচ্ছে পার্শ্ববর্তী শ্রীনগরের দোগাছির সার্ভিস এরিয়া-১ এলাকায়। প্রথম থেকেই পদ্মা সেতু সংকান্ত সব কাজ পরিচালিত এবং ভিআইপিদের সভা ও ব্রিফিং হয়েছে এই রেস্ট হাউসেই।

হরতাল অবরোধের মধ্যেও পদ্মা সেতুর সব চলছে শিডিউল অনুযায়ী। কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, চার বছরের জন্য ঘোষিত নির্ধারিত শিডিউল অনুযায়ী যথাসময়ে বা আগে পদ্মা বহুমুখী সেতুর কাজ সম্পন্ন হবে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটি যথাযথভাবে এগিয়ে চলার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী সবধরনের সহযোগিতা প্রদান করবে।