শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

শাহজালালে ৩২৬ কার্টন অবৈধ সিগারেট জব্দ, আটক ১

airport sহযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

আজ শনিবার সকালে শুল্ক গোয়েন্দা বিভাগ সিগারেটগুলো উদ্ধার করে। এ সময় বেলায়েত হোসেন (৫০) নামে একজনকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান আটকের বিষয়টি  নিশ্চিত করেন।

তিনি জানান, অবৈধ সিগারেটের মধ্যে রয়েছে ইএসএসই গোল্ড, ইএসএসই স্লিম ও বেনসন ব্রান্ডের অবৈধ বিদেশি সিগারেট।

বেলাল হোসেন পাকিস্তান থেকে এ সিগারেট বহন করে নিয়ে এসেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মইনুল খান।

বাংলাদেশ–ভারত কোয়ার্টার ফাইনাল!

fan pollম্যাচ চলার সময় আইসিসি ওয়েবসাইটের একটি নিয়মিত আয়োজন ‘ফ্যান পোল’। এর অংশ হিসেবে আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময় একটি প্রশ্ন ছিল—কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে পারে কে? তিনটি দলের নাম রয়েছে উত্তরে—অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ড।
সবচেয়ে বেশি ভোট পড়েছে কোন দলের পক্ষে জানেন? বাংলাদেশ। প্রায় ৮৪ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ৪৪ শতাংশ জানিয়েছেন, শেষ আটে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া বেছে নিয়েছেন ৩০ শতাংশ আর ইংল্যান্ড ২৬ শতাংশ অংশগ্রহণকারী।
‘এ’ গ্রুপের প্রতিটি দলই খেলেছে চার ম্যাচ। এ অবস্থায় পয়েন্ট টেবিলটা বাংলাদেশের জন্য বেশ স্বস্তিদায়ক। ৪ ম্যাচে ২ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৫, একই অবস্থা অস্ট্রেলিয়ার। আর ইংল্যান্ডের ৪ ম্যাচে ১ জয়ের বিপরীতে ৩ হারে পয়েন্ট ২। নিয়ম অনুযায়ী, শেষ আটে ‘বি’ গ্রুপের শীর্ষ দলের সঙ্গে লড়াই হবে ‘এ’ গ্রুপের চার নম্বর দলের।
এ মুহূর্তের হিসাব অনুযায়ী, ‘বি’ গ্রুপের শীর্ষে থাকার সম্ভাবনা ভারতের। কথা হলো, ‘এ’ গ্রুপের চারে থাকবে কোন দল? অস্ট্রেলিয়ার পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা-স্কটল্যান্ডের বিপক্ষে। সাম্প্রতিক ফর্ম আর স্বাগতিক হওয়ায় ক্লার্কের দলের চারে থাকার সম্ভাবনা কমই। এ জায়গাটা নিয়ে মূল লড়াই বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যেই। ৯ মার্চ ইংলিশদের হারিয়ে দিতে পারলেই বাংলাদেশের শেষ আট নিশ্চিত। তবে ম্যাচ মাঠে গড়ানোর আগে আইসিসির ওয়েবসাইট ব্যবহারকারীদের ভোটে এরই মধ্যে জিতে গিয়েছে বাংলাদেশ! কারণ, প্রায় অর্ধেক ভোটদাতাই কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশকে প্রত্যাশা করেছে।
এবার আরেকটি জরিপের কথা জানা যেতে পারে। প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘খেলার ভোটে’ কদিন আগে প্রশ্ন করা হয়েছিল,‘বাংলাদেশও যেতে পারে শেষ আটে, কিউই কিংবদন্তি রিচার্ড হ্যাডলির মন্তব্যের সঙ্গে কি একমত?’ উত্তরে ‘হ্যাঁ’ বলেছেন ৮৫.১৮% , ‘না’ বলেছেন, ১৩.৯৭% আর ‘মন্তব্য নেই’ ০.৮৪% পাঠকের। ভোট দিয়েছেন ২৯৬৩ জন। এর মধ্যে ‘হ্যাঁ’ বলেছেন ২৫২৪ জন, ‘না’ ৪১৪ আর মন্তব্য নেই ২৫ পাঠকের।
পাঠকের ক্রিকেটীয় জ্ঞানে বলছে, শেষ আটে যাওয়ার দারুণ সম্ভাবনা বাংলাদেশের। এখন বাকিটা মাঠে করে দেখানো পালা মাশরাফিদের।

গণভোট হলে সব সঙ্কটের সমাধান হবে : রফিক-উল হক

rafiq7মধ্যবর্তী নির্বাচন হবে কি না সে বিষয়ে জনমত যাচাই করতে গণভোটের দাবি জানিয়েছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক পেশাজীবী সমাবেশে তিনি এ দাবি জানান। বিএনপিপন্থী বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এর আয়োজন করে।

রফিক-উল হক বলেন, যেহেতু ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে কথা উঠেছে। একপক্ষ দ্রুত নির্বাচনের দাবি করেছেন আবার সরকারের চেলারা বলছে ২০১৯ সালের আগে নির্বাচন নয়।

তাই নির্বাচন হবে কি না সে বিষয়ে জনমত যাচাই করতে রেফারেন্ডামের (গণভোট) আয়োজন করা হোক। এর মাধ্যমে সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা.এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

অন্যদের মধ্যে ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা.আজিজুল ইসলাম ও সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

কুমিল্লায় ২৫টি পেট্রলবোমা উদ্বার

pettrol bomaকুমিল্লার বালুতুপা এলাকা থেকে ২৫টি পেট্রলবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার রাত ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুতুপার একটি নির্মাণাধীন বাড়ির পাশের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় পেট্রলবোমাগুলো উদ্ধার করেছে বিজিবির একটি বিশেষ টহল দল।

১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোখলেছুর রহমান পেট্রলবোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কূটনীতিকদের ফর্মূলায় জাতীয় সরকার ?

khaleda70বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তোরণের উপায় হিসেবে বিদেশি কূটনীতিকরা তিনটি বিকল্প ফর্মূলা উপস্থাপন করেছেন। তারমধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের প্রস্তাবটি এখন সক্রিয়ভাবে এগুচ্ছে বলে জানা গেছে, যদিও সরকারের তরফ থেকে এর কোনোটির পক্ষেই যথাযথ সাড়া নেই।

প্রস্তাবিত এই জাতীয় সরকারের অধীনেই নির্বাচনের আয়োজন করার কথা বলা হচ্ছে। এ সরকারের প্রধান করা হবে রাষ্ট্রপতিকে। তার নেতৃত্বেই বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ এ ধরনের যে কোনো উদ্যোগেরই বিপক্ষে। বরং জাতিসংঘসহ বিদেশি কূটনীতিকদের এমন ব্যাপক তৎপরতায় সরকার বিব্রত ও বিরক্ত বলা যায়। তারপরও বিদেশিরা বসে নেই। তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

আওয়ামী লীগের কোনো কোনো লবি থেকে ইনফরমাল আলোচনায় মধ্যবর্তী নির্বাচনের জন্য আগামী বছরের জানুয়ারি পর্যন্ত সময় চাওয়া হলেও বিদেশিরা তাতে রাজি নয় বলে জানা গেছে। তারা এই জুনের মধ্যেই বর্তমান রাজনৈতিক সংকটের চূড়ান্ত মীমাংসা অর্থাৎ নির্বাচন চেয়েছেন। তবে জুনের মধ্যে নির্বাচন দিতে বর্তমান আওয়ামী লীগ সরকার মোটেই মানসিকভাবে প্রস্তুত নয়।

আর এ কারণে সরকার প্রকাশ্যে আপাতত বিদেশিদের এড়িয়ে চলার নীতি গ্রহণ করেছে। কিন্তু, বর্তমান প্রেক্ষাপটে তাদেরকে কতটা এড়িয়ে চলা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, ইতিমধ্যেই সরকারের সমর্থক বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে হতাশা স্পষ্ট হয়ে উঠেছে।

জানা গেছে, কূটনীতিকরা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে যে তিনটি ফর্মূলায়  নিয়ে আলোচনা করেছেন, তা হলো- (এক) শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে সবগুলো দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন এক জাতীয় সরকারের অধীন নির্বাচন। (দুই) রাষ্ট্রপতির অধীনে সবগুলো দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের অধীনে নির্বাচন। (তিন) আন্দোলনের নামে যে সহিংসতা হচ্ছে তা বন্ধ করে সংলাপ শুরুর পরিবেশ তৈরীর নিশ্চয়তা।

পর্যবেক্ষক মহলের মতে, টানা দু’মাসের নজিরবিহীন হরতাল-অবরোধ দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে, তেমনি সরকারকেও বেশ কাবু করে ফেলেছে। বিএনপি-জামায়াতের আন্দোলনকে আইএস, জঙ্গি, চরমপন্থি প্রভৃতি নামে আখ্যা দেওয়ার চেষ্টা করা হলেও সেইসব প্রচেষ্টা বিদেশিদের কাছে সেভাবে ‘হালে পানি’ পায়নি।

এর জবাব হিসেবে বিদেশিরা বরং বলেছেন সংলাপে বসার জন্য- যেটির ঘোর বিরোধী আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ নেতারা মনে করেন, সংলাপে বসা মানেই এ মুহূর্তে নির্বাচন দেওয়া, যা তাদের জন্য অসম্ভব।

তবে জানা গেছে, প্রস্তাবিত এই তিনটি ফর্মূলার কোনোটির ব্যাপারেই আওয়ামী লীগ এখন পর্যন্ত প্রকাশ্যে ইতিবাচক সাড়া না দিলেও ভেতরে ভেতরে সরকারের মধ্যে চরম টেনশন ঢুকেছে। ফলে সরকারের কেউ কেউ এর একটা সম্মানজনক সমাধানের কথাও ভাবছিলেন।

কিন্তু, সরকারের মধ্যে কারো কারো এখনো ‘ইগো’ সমস্যা প্রকটভাবে কাজ করায় সেই ভাবনা এগুচ্ছে না। তাছাড়া ‘সম্মানজনক ও নিরাপদ’ এক্সিট এ মুহূর্তে আদৌ তাদের জন্য আছে কিনা এ নিয়েও তারা সন্দিহান।

সংশ্লিষ্ট সূত্র মতে, জাতীয় সরকারের ধারণাটি বেশ পুরনো হলেও এ সময়ে সেটিই একমাত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে। যেহেতু আওয়ামী লীগের বিরোধিতার কারণে তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে একটি জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তাতে সংবিধান সংশোধনেরও প্রয়োজন রয়েছে। বিদেশিরাও তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে জাতীয় সরকার নিয়ে ভাবছেন।

এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও এ ফর্মূলার পক্ষে ইতিবাচক সাড়া দিয়েছেন। খালেদা জিয়া ইতিবাচক মনোভাব দেখানোর পর সংকট সমাধানে কূটনীতিকরা এই ফর্মুলা নিয়েই এগুচ্ছেন বলে জানা গেছে।

সূত্র : শীর্ষ নিউজ

আহত ব্যক্তির সাহায্যে কেন মানুষ এগিয়ে আসে না?

ovijit7লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড স্তম্ভিত করেছে অনেককেই। তবে সেইসাথে সমালোচনা চলছে আরেকটি বিষয় নিয়েও।

মি. রায় যখন মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিলেন তখন তার স্ত্রীর চিৎকারেও সাহায্য করার জন্য দীর্ঘসময় যাবত কেউ এগিয়ে আসেনি।
বিভিন্ন সময়ে এধরণের হামলা বা দুর্ঘটনায় উপস্থিত মানুষের নির্লিপ্ততা দেখা যায়। কিন্তু এই নিষ্ক্রিয়তার কারণ কি?

এটি কি শুধুই নিজেকে ঝামেলা থেকে রক্ষা করার জন্য, নাকি মানবিক মূল্যবোধের অবক্ষয়?

২৬ ফেব্রুয়ারি রাতে সোহরাওয়ার্দি উদ্যানের পাশে ফুটপাতে হামলার শিকার হন অভিজিৎ রায়।

হামলাকারীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যাবার পর, সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে মি. রায়ের দেহ। আর তার পাশে তার স্ত্রী রাফিদা আহমেদ চিৎকার করতে থাকেন সাহায্যের জন্য।

এসময় সোহরাওয়ার্দি উদ্যানের ভেতর থেকে চিৎকার শোনেন ফটোসাংবাদিক জীবন আহমেদ। তিনি ভেতর থেকে উদ্যানের মূল ফটক দিয়ে বেরিয়ে যখন ঘটনাস্থলে পৌছান তখন পেরিয়ে গেছে প্রায় আরো ১০ মিনিট। কিন্তু তখনো সেখানে উপস্থিত প্রায় শতাধিক মানুষের মাঝে কেউই আহতদের সাহায্যে এগিয়ে আসেনি।

জীবন আহমেদ যখন নিজেই একটি অটোরিক্সা ঠিক করে যখন মি. রায়ের স্ত্রীকে সাথে নিয়ে তিনি হাসপাতালে যাবার চেষ্টা করেন, তখন কয়েকজন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। কিন্তু এর আগে কেউ সাহস করে এগিয়ে আসেননি।

জীবন আহমেদ বলছিলেন, পেশাগত দায়িত্বের কারণে তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু মানবিক কারণে তিনি এগিয়ে গিয়েছিলেন আহত ব্যক্তির সাহায্যের জন্য।

তিনি বলেন, “আমার বিবেকটা তখন পারছিল না দাড়িয়ে থাকতে। সবার মধ্যেই তো একটা মনুষ্যত্ববোধ কাজ করে। সে ব্লগার না কি তা আমি তখনো জানি না। সে আমার ভাই বা বোনও হতে পারতো। আমি দেখলাম তাকে সাহায্য করা প্রয়োজন। এজন্যেই তাকে উঠিয়েছি।”

এধরণের ঘটনায় অনেক ক্ষেত্রেই দেখা যায়, আহতদের সাহায্যের জন্য কেউ এগিয়ে আসতে চায় না। অনেকেই বলেন, নিজেরা পরবর্তীতে ভোগান্তিতে পড়তে চান না বলেই তারা এসব বিষয় এড়িয়ে চলেন।

তবে ভোগান্তিতে যে একেবারেই পড়তে হয় না তাও নয়।

২০০৪ সালের ফেব্রুয়ারিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়েই কুপিয়ে আহত করা হয় অধ্যাপক হুমায়ুন আজাদকে, তখন সেখানে এগিয়ে গিয়েছিলেন শরিফুল হাসান। বর্তমানে প্রথম আলোর সাংবাদিক শরিফুল হাসান তখন ছিলেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।

তিনি বলছিলেন, নৈতিক কারণে তখন তিনি এগিয়ে যাওয়া থেকে বিরত থাকতে পারেননি। কিন্তু পরে তাকে এনিয়ে তাকে ভোগান্তিও পোহাতে হয়েছে। এমনকি হুমায়ুন আজাদকে উদ্ধারের সময় তার একটি ছবিকে কেন্দ্র করে তাকেই অনেকে অভিযুক্তও করতে চেয়েছিলেন। তাকে গ্রেপ্তারেরও একটি নির্দেশ ছিল বলে পুলিশ কর্মকর্তারা পরে তাকে জানিয়েছিলেন।

“এই ঘটনায় সিআইডির কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ে আমার সাথে কথা বলেন। পরে সিআইডি অফিসে গিয়ে আমি স্টেটমেন্ট দিই। এরপর থেকে ১১ বছর ধরে চলছে। সেই মামলার ২ নম্বর সাক্ষী আমি। প্রায় কোর্টে গিয়ে সাক্ষী দিতে হয়, কোর্টে গিয়ে দাড়িয়ে থাকতে হয়। হয়তো এসব ভোগান্তির চিন্তা করেই অনেকে এগিয়ে আসে না।” বলেন মি. হাসান।

যদিও মি. হাসান বলছেন যে, ঝামেলা পোহাতে হলেও সেমুহুর্তে তিনি যা করেছেন সেটি ঠিক ছিল বলেই তিনি মনে করেন। একইভাবে জীবন আহমেদও এখন ভবিষ্যৎ ভোগান্তি নিয়ে কিছুটা চিন্তিত হলেও, যা করেছেন তা নিয়ে তার কোন আক্ষেপ নেই।

কিন্তু কোনো ব্যক্তি যদি হামলার শিকার হয়ে কিংবা দুর্ঘটনায় পড়ে আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন, এসব ক্ষেত্রে অধিকাংশ মানুষকেই দেখা যায়, দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে কিংবা উপেক্ষা করে চলে যেতে।

যদিও ঢাকার রাস্তায় কয়েকজন মানুষের কাছে এধরণের ঘটনায় তাদের প্রতিক্রিয়া কি হবে জানতে চাইলে, অধিকাংশ মানুষই বলেন, তারা সাহায্য করতে এগিয়ে যেতে চান।

একজন পথচারী মি. সৈকত বলেন,”আমি একবার একজনকে আমার গাড়িতে হাসপাতালে পৌঁছে দিয়েছিলাম। কিন্তু তারপর আমার জরুরি কাজে আমি ফিরে আসতে পারিনি, বরং আমাকে আদালতে একরকম প্রমাণ করতে হয়েছে যে কাজটার জন্য আমি দায়ী কিনা।”

তবে বিপদে মানুষকে সাহায্য করার মতো মানবিক একটি কাজ করে কি একজন সাহায্যকারীরই সমস্যায় পড়ার কথা? সিনিয়র আইনজীবী শাহদিন মালিক বলছিলেন, এই সমস্যাটি আইন বা নিয়মের নয়, বরং এটি তৈরি হয় আইনের অপব্যবহারের কারণে।

“লোকের একটা ভয় থাকে যে, হামলার ঘটনা হলে পুলিশ হয়তো কাউকে না পেয়ে তাকেই অপরাধী করে দিতে পারে। এধরণের ব্যাবহারিক অপপ্রয়োগগুলো হয় বলেই আমার ধারণা লোকজন নিজেদের যতদূর সম্ভব দুরে বাঁচিয়ে রাখতে চায়।” বলেন মি. মালিক।

কোনো হামলার ঘটনা বা দুর্ঘটনায় সাধারণ মানুষের এগিয়ে যাওয়াটা যদিও অনেকটা ঐচ্ছিক, তবে একাজটি যাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ প্রায়সময়ই ওঠে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সময়ও রাস্তার উল্টো পাশেই পুলিশের একটি ট্রাক অবস্থান করছিল। আর হুমায়ুন আজাদের ঘটনায়ও কাছে পুলিশ থাকা সত্ত্বেও তারা প্রথমে এগিয়ে আসেনি। উদ্ধারকারীরা অনুরোধ করার পরই পুলিশ কিছুটা তৎপর হয়।

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলছিলেন, এসমস্ত ক্ষেত্রে অপরাধ প্রতিহত করাটা পুলিশের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু তারা যদি সেটা না করে, তার পেছনে মূলত সংশ্লিষ্ট পুলিশের মনোভাবকেই দায়ী মনে করছেন মি. হুদা।

তিনি বলেন “অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তির বিচ্যুতি হয় বলেই আমার অভিজ্ঞতা। এধরণের ঘটনায় তার মধ্যে যদি ইতস্তত ভাব থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ্যাকশন না নেয়াটাও একটি বড় ব্যত্যয়। আর অন্যটি হতে পারে সংস্থাগতভাবে যদি তার ঠিকভাবে ব্রিফ না থাকে। তবে অপরাধ ঘটার সম্ভাবনা থাকলে তাকে এ্যাকশন নিতেই হবে। ”

মি. হুদা বলছেন, মারাত্মক ধরণের অপরাধ ঘটতে দেখলে সেখানে সাধারণ মানুষেরও অধিকার আছে তাতে বাঁধা দেবার। তবে মামলা-মোকদ্দমায় জড়িয়ে যাবার ভয়ে সাধারণ মানুষও অনেকসময় বাধা দেন না বা ঘটনার পর আক্রান্তকে সাহায্য করতে এগিয়ে আসেন না।

“কোর্ট-কাচারি থেকে সাধারণত মানুষ দুরে থাকতে চায়। হয়তো কোথাও বেশি এবং কোথাও কম। তবে মানুষের মধ্যে সচেতনতা বাড়লে মানুষ এসব আইনি প্রক্রিয়ায় অংশ নিতে দ্বিধা-দ্বন্দ্বে থাকবে না। ” মন্তব্য করেন মি. মালিক।

শাহদিন মালিক মনে করছেন, এসব ক্ষেত্রে ভোগান্তি বা হয়রানির ভয় যেমন মানুষের মাঝে কাজ করে, তেমনি নৈতিকভাবেও অনেকে এগিয়ে যাবার তাগিদ অনুভব করেন না।

“নৈতিক কারণেই আমরা সাহায্য করতে এগিয়ে যাই। কিন্তু এখন আমাদের ভালো-মন্দের ধারণাগুলি এতটাই গুলিয়ে গেছে যে আমরা নৈতিকতার তাগিদে সাহায্য করতে এগিয়ে যাচ্ছি না। বরং ব্যবহারিক অসুবিধার কথা চিন্তা করে সাহায্য করা থেকে বিরত থাকছি।”

তবে অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে যদি আক্রান্ত কারো সাহায্যে অন্যরা এগিয়ে না আসেন, তার ফলাফল আরো বেশি গুরুতর হতে পারে। কারণ, বাংলাদেশে এম্বুলেন্স বা অন্যান্য জরুরি সেবা পাওয়া অতটা সহজ নয়। কোন নির্দিষ্ট টেলিফোন নম্বরে ফোন করলে দ্রুত সেবা পাওয়া যাবে এমন কোন নিশ্চয়তায়ও নেই। যেকারণে অনেকসময় দেখা যায় শুধুমাত্র দ্রুত চিকিৎসার অভাবেই সড়ক দুর্ঘটনাকবলিত বা আক্রমণের শিকার কোন ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না।

সাধারণ মানুষদের অনেকেই বলছেন, তারা চান এসব ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে । “ভালো-মন্দের ধারণাগুলি আমাদের এতটাই গুলিয়ে গেছে যে ঐ নৈতিকতার তাগিদে আমরা সাহায্য করতে যাচ্ছি না। বরং ব্যাবহারিক সমস্যার কথা চিন্তা করে আমরা সাহায্য করা থেকে বিরত থাকছি।”

বিশ্লেষকরাও মনে করেন, সাহায্য করার পর যদি তারা হয়রানির শিকার হবেন না এই নিশ্চয়তা যদি দেয়া যায়, তাহলে হয়তো অবস্থার অনেকটাই পরিবর্তন হতে পারে।– বিবিসি

নোয়াখালীতে ভূমি অফিসে পেট্রলবোমা হামলা

noyakhaliনোয়াখালীতে ভূমি অফিসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।

শনিবার ভোররাতে সদর উপজেলার মাইজদী বাজারের উত্তর পাশে অবস্থিত উপজেলা ভূমি অফিসে এ হামলার চালায় দুর্বৃত্তরা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।

৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল

nahid30চলতি মার্চ মাসের মধ্যেই এসএসসি পরীক্ষা শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, আগামী ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হবে।

আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে বার বার এসএসসি পরীক্ষা বিঘ্নিত হওয়ায় পরিপ্রেক্ষিতে তিনি এ আশা প্রকাশ করলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

পদার্থ বিজ্ঞান পরীক্ষ‍ার প্রশ্নপত্রে যে দুই/একটি ভুল ছিল, তা শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করবে বলেও মনে করেন তিনি।

শিক্ষামন্ত্রী এ সময় বিএনপির প্রতি ফের হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান জানান।

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে বলেও জানান  তিনি।

যশোরে মার্কেটে আগুন, ১৮ দোকান ভস্মীভূত

fire tযশোরের বৃহৎ তৈরি পোশাকের বাজার কালেক্টরেট মার্কেটে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে মার্কেটের ১৮টি দোকান ভস্মীভূত হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার সানাউল্লাহ জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কালেক্টরেট মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে যশোর, ঝিকরগাছা ও মনিরামপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, এ মুহূর্তে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে এটা জানা যাবে।

কালেক্টরেট মার্কেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, নৈশপ্রহরী দিলীপ ও আতিয়ার তাকে ফোনে জানান মার্কেটের ২ নম্বর গলির চৈতি গার্মেন্টসে আগুন লেগেছে। তিনি পৌঁছানোর আগেই ১৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ইসমাইল হোসেন আরো জানান, তার ধারণা বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি।

রাজশাহীতে টেলিফোন এক্সচেঞ্জে অগ্নিসংযোগ

rajshahiচলমান অবরোধ-হরতালের মধ্যে রাজশাহীর বাঘা উপজেলা টেলিফোন এক্সচেঞ্জে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলা টেলিফোন এক্সচেঞ্জের নৈশপ্রহরী সেন্টু ভবনের দ্বিতীয় তলা থেকে শনিবার ভোর সাড়ে চারটার দিকে পোড়া গন্ধ পেয়ে নিচে নেমে আসেন। এ সময় তিনি নিচ তলায় আগুন দেখতে পান। পরে পল্লিবিদ্যুৎ সমিতিতে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনি জানান, আশপাশের লোকজনের সহযোগিতায় এক্সচেঞ্জের নিচ তলার আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। কিন্তু ততক্ষণে এক্সচেঞ্জের ৪৮টি ব্যাটারি, বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও জানালা-দরজাসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। আগুন নেভানোর পর দেখা যায়, টেলিফোন এক্সচেঞ্জের নিচ তলার দক্ষিণ পাশের জানালার কাচ ভাঙা।

ওসি আমিনুল ইসলাম আরো জানান, ধারণা করা হচ্ছে- জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে বাঘা উপজেলার সব টেলিফোন সংযোগ বিকল হয়ে গেছে।