শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সালাহউদ্দিনের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট

salahuddin8বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তার স্ত্রী হাসিনা আহমদ।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ফৌজদারি কার্যবিধির ৪৯১ ধারায় আবেদনটি করেন তিনি।

আবেদনকারীর আইনজীবী মাসুদ রানা বলেন, সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়েছে। কেন তাকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করা হবে না, এ বিষয়ে রুলও চাওয়া হয়েছে। প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের পর হাইকোর্টে আবেদনটি উপস্থাপন করা হতে পারে বলেও জানান তিনি।

বিএনপির দলীয় সূত্র জানায়, সালাহ উদ্দিন আহমদ উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে থাকতেন। বাড়ির মালিক তার দূরসম্পর্কের আত্মীয় বলে জানান হাসিনা আহমদ।

মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ির সামনে ২০-২৫ জন ব্যক্তি সশস্ত্র অবস্থান নেন। এ খবর তৎক্ষণাৎ বাড়ির কর্মচারীরা মালিককে জানান। কিছু সময় পর অস্ত্রধারীরা বাড়ির ফটক ভাঙার চেষ্টা করলে কর্মচারীরা ফটক খুলে দেন। এরপর তাকে নিয়ে যাওয়া হয়। ভয়ে বাড়ির মালিক রাতে আর বাসায় ফেরেননি। সকালে তিনি বাসায় ফিরে জরুরি কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে যান।

এর আগে সালাহ উদ্দিন আহমদের বাসার কেয়ারটেকার ও দুজন গাড়িচালককে গ্রেফতার করে তিন দিন পর আদালতে হাজির করা হয়।

রমজানের আগেই ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন: সিইসি

rokibরমজান মাস শুরুর আগেই ঢাকা মহানগরের দুটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন বিষয়ে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ।

গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ৩

gazipur mapগাজীপুরের শ্রীপুর উপজেলায় ভিটিপাড়া এলাকার রেলক্রসিংয়ে  কমিউটার ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

আহতদের প্রথমে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনউল কাজির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঝালকাঠিতে ভূমি অফিস পুড়িয়েছে দুর্বৃত্তরা

fire31ঝালকাঠি সদর উপজেলা পোনাবালিয়া ইউনিয়ন ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসটি টিনসেডের ছিল।

অজ্ঞাত দুর্বৃত্তরা কেরোশিন ঢেলে ইউনিয়ন ভূমি অফিসে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভায়।

ততখনে ইউনিয়ন ভূমি অফিসে অধিকাংশ পুড়ে যায়। এতে অফিসের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র সম্পূর্ন পুড়ে গেছে।

খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মো. মজিদ আলী ঘটনাস্থল পরির্শদন করেছেন।

ঝালকাঠি সদর থানার ওসি শীল মনি চাকমা জানান, এ ব্যাপারে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মমলার প্রস্তুতি চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

কিউদের বিপক্ষে মাশরাফির খেলা নিয়ে সংশয়!

mashrafi২০১১ সালে ঘরের মাঠের বিশ্বকাপ ইনজুরির কারণে মাঠের বাইরে রেখেছিল নড়াইল এক্সপ্রেস খ্যাত বোলার মাশরাফি বিন মর্তুজাকে। বলা হয়ে থাকে ইনজুরির সঙ্গেই বসবাস মাশরাফির।

তাই তো একটু আঘাত পেলেই সবারই মনে হয় এই বুঝি আবারও খেলার বাইরে চলে যাবেন সবার প্রিয় এই লড়াকু খেলোয়াড়। সবার মনের মধ্যেই এই ভীতিটা খুব ভালোভাবেই কাজ করে।

২০১৫ সালের বিশ্বকাপে সফল অধিনায়ক বললে ভুল হবে না। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিনটিতে জয় এবং মাত্র একটিতে পরাজয়। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন কি না তা নয়ে কিছুটা হলেও দ্বিধায় রয়েছেন মাশরাফি এবং টিম ম্যানেজম্যান্ট।

কারনটা অবশ্য ইনজুরি নয়। যদিও ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সময়ই দেখা গেছে মাশরাফিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে। তবে এর পেছনে রয়েছে ইংল্যান্ডের বিপক্ষেই স্লো ওভার রেটিং এর কারণে জরিমানার বিষয়টা।

টানা দুই ম্যাচে যদি স্লো ওভার রেটিং এর কারণে জরিমানা করা হয় তাহলে পরের ম্যাচ নিষিদ্ধ হবেন বাংলাদেশ অধিনায়ক। আর এরকম যদি কিছু ঘটে যায় তাহলে স্বপ্নের কোয়ার্টার ফাইনাল খেলা হবে না মাশরাফির। তাই হয়তো রিস্ক নিতে চাইছেন না বাংলাদেশ ক্রিকেট টিম।
এমনকি মাশরাফি নিজেও। আর সেক্ষেত্রে বিশ্রাম দেয়া হতে পারে তাকে। আর কিউইদের বিপক্ষে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিতে পারেন সহ অধিনায়ক সাকিব আল হাসান।

ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের প্রতিপক্ষ করা হবে সেটা এখনো নিশ্চিত নয়। এজন্য আমাদের শুক্রবারের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে।

কেননা বাংলাদেশ যদি এ গ্রুপ থেকে চতুর্থ হয়ে কোয়ার্টার ফাইনাল খেলে তাহলে তাদের প্রতিপক্ষ হবে ভারত।

সিরিয়া সংঘাতে ৬ শতাধিক স্বাস্থ্যকর্মী নিহত

doctor siriyaসিরিয়ায় গত চার বছরের গৃহযুদ্ধে চিকিৎসকসহ ছয় শতাধিক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯৭ শতাংশই নিহত হয়েছেন সরকারি বাহিনীর হামলায়।

ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস নামে একটি আন্তর্জাতিক সংগঠন বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে সিরিয়ায় গণঅভ্যুত্থান শুরুর পর থেকে তারা ১৮৩টি চিকিৎসা সংক্রান্ত স্থাপনায় ২৩৩টি হামলার ঘটনা রেকর্ড করেছে।

সংগঠনটি জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী ৮৮ শতাংশ হামলার জন্য দায়ী এবং সরকারি বাহিনীর হামলায় ৯৭ শতাংশ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এছাড়া ১৩৯ জনকে সরাসরি নির্যাতন ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংগঠনটি।

চিকিসৎক হত্যা কিংবা হাসপাতাল ধ্বংসের কারণে শত শত কিংবা হাজার হাজার সিরিয়ান ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সংগঠনটির তদন্ত বিভাগের পরিচালক এরিন গাল্লাঘার জানিয়েছেন।

দেশটির সামরিক বাহিনী বিরোধীদের নিয়ন্ত্রিত এলাকার হাসপাতাল তথা চিকিৎসা সুবিধা সংক্রান্ত স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে বলে সিরিয়ার মানবাধিকার কর্মীরা বরাবরই অভিযোগ করছেন। সূত্র: আলজাজিরা।

লক্ষ্মীপুরে যুবদল নেতার লাশ উদ্ধার, গুলিবিদ্ধ ৪

marderলক্ষ্মীপুর সদর উপজেলার  বশিকপুর ইউনিয়ন যুবদল নেতা অপহৃত ইস্রাফিলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের-নোয়াখালী চাটখিলের সীমান্তবর্তী এলাকার দক্ষিণ দিলিয়াই বাজারের পাশ থেকে ইস্রাফিলের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর এলাকার বধুহাজী বাড়ির সামনে দোকানে বসে বুধবার রাতে সাড়ে ১০টায় চা খাচ্ছিল  ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইস্রাফিল, সোহাগ, মনির  আহমদ,কবির হোসেনসহ অনেকে।

এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে বোমা ও এলোপাতাড়ি গুলি করে ইস্রাফিলকে অপহরণ করে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দু-পক্ষের সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সোহাগ, কবির হোসেন, মনির হোসন তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।

গুলিবিদ্ধ সোহাগকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অপর গুলিবিদ্ধসহ অন্যরা পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে অন্যত্র চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

এদিকে রাতে সদর হাসপাতালে সোহাগকে গ্রেফতার করে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এসময়  পুলিশ সোহাগের ভাই জামাল উদ্দিনকেও আটক করে।

অপর দিকে রাতে অপহৃত বশিকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইস্রাফিলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইস্রাফিলের পরিবার দাবি করেছে, রাতে সন্ত্রাসী ও সাদাপোষাকে পুলিশ ইস্রাফিলকে ধরে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার পর লাশ দক্ষিণ দিলিয়াই ফেলে যায়। ইস্রাফিল বিএনপির রাজনীতি করার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বশিকপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ জানান, ইস্রাফিল ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিল। তাকে বুধবার রাতে বধুহাজী বাড়ির চা দোকানের সামনে থেকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বোমা ও এলোপাতাড়ি গুলি করে তাকে অপহরন করে তুলে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে যায়।
যুবদলের আরো চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, বিপ্লব বাহিনী ও লাদেন বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উভয় গ্রুপের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ সন্ত্রাসী সোহাগ ও তার ভাই জামালকে হাসপাতালে আটক করা হয়েছে। অপর সন্ত্রাসী ইস্রাফিলের লাশ চাটখিলের দিলিয়াই বাজার এলাকায় পাওয়া গেছে।

স্বাধীনতা পদক নিতে অস্বীকৃতি মোজাফ্ফর আহমদের

muzafforস্বাধীনতা পদক নিতে অস্বীকৃতি জানিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফ্ফর আহমদ। গতকাল তার পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাপ-এর যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন একথা জানান।

বিবৃতিতে অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, “সম্প্রতি আমাকে স্বাধীনতা পদক-২০১৫ প্রাপ্তদের তালিকায় মনোনীত করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে নানা কথা ছড়ানো হচ্ছে। পদক দিলে বা নিলেই সম্মানিত হয়- এই দৃষ্টিভঙ্গিতে আমি বিশ্বাসী নই। মানুষ তার কর্মগুণে সম্মানিত হন। নিছক দেশপ্রেম মানবতাবোধে উদ্বুদ্ধ হয়েই আমি রাজনীতিতে এসেছিলাম। কোনো পদক বা পদ-পদবী আমাকে কোনোভাবেই উদ্বুদ্ধ করেনি। নিতান্তই রাজনৈতিক কর্তব্যবোধে শত প্রতিকূল অবস্থা মোকাবিলা করে আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র।”

তিনি বলেন, “সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, জীবন উৎস্বর্গ করেছিলেন, তারা কেউই কোনো প্রাপ্তির আশায় মুক্তিযুদ্ধে অংশ নেননি। আমি সম্মানের সঙ্গে ঘোষিত স্বাধীনতা পদক-২০১৫ গ্রহণ করতে অপারগতা প্রকাশ করছি। আমার স্বাধীনতা পদকপ্রাপ্তির বিষয়ে সকল পক্ষকে ধূম্রজাল সৃষ্টি না করতে বিশেষভাবে অনুরোধ করছি।”

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ২

road accident2নওগাঁ সদর উপজেলার ডাক্তারের মোড়ে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : সদর উপজেলার ইকরতলা গ্রামে ইউনুছ আলীর ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও একই উপজেলা জাফরাবাদ গ্রামের হোসেনের ছেলে আবু বকর (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে ইজিবাইক নিয়ে নওগাঁ শহরের দিকে আসার পথে ডাক্তারের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নওগাঁ সদর মড়েল থানার উপপরিদর্শক উপেন্দ্র নাথ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  মামলার প্রক্রিয়া চলছে।

ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ জুন

fakrul1হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৮ জুন দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ বৃহস্পতিবার আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মির্জা ফখরুল ও গয়েশ্বরকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তাদের আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ৫ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দীপক কুমার দাস বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতাল সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাবেক সম্পাদক হাবীবুর রশিদ হাবীবসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।