শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

চট্টগ্রামে ইপিজেডে আগুন

epz ctgচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) আগুন লেগে পুড়ছে পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মালামাল।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা দিকে ইপিজেডের কুরিয়ার সার্ভিস জোনে এই আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা দিকে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের আগুন লাগে। পরে তা পুরো জোনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।

কুড়িগ্রামে সংঘর্ষে তিন পুলিশ আহত, জামায়াতকর্মী গুলিবিদ্ধ

kurigram pসদর উপজেলায় জামায়াত-পুলিশ সংঘর্ষে তিন পুলিশ আহত ও এক জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাতটার দিকে  সদরের পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই নাজমুল, কনস্টেবল আনোয়ার ও মহিমা রঞ্জন। গুলিবিদ্ধ জামায়াতকর্মীর নাম আব্দুল হক।

আটক কর্মীরা হলেন এরশাদুল হক, শহিদুল ইসলাম ও আব্দুল জলিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতাল-অবরোধের সমর্থনে মঙ্গলবার সকালে পাটেশ্বরী বাজার থেকে জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি ভোগডাঙ্গা  স্কুল মাঠের দিকে যাওয়ার সময়  পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়লে জামায়াত-শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় জামায়াতকর্মী আব্দুল হক কপালে গুলিবিদ্ধ হন।

জামায়াতের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা দাবি করেন,  একজন গুলিবিদ্ধসহ তাদের পাঁচজন নেতাকর্মী আহত হন।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল করিম মো. এশতেশাম জানান, জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটাসহ ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমায়েত হয়। এরপর তারা কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী পাকা সড়কে এসে মিছিল করার চেষ্টা করে। এতে বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনায় তিন পুলিশ আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই নাজমুল, কনস্টেবল আনোয়ার ও কনস্টেবল মহিমা রঞ্জন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের তিনজনকে আটক করা হয়েছে।

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে আটক ৩৫

jashorযশোরের সীমান্তপথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় শিশুসহ ৩৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট থেকে তাদের অাটক করা হয়। এদের মধ্যে নারী ১৪ জন, পুরুষ ১৯ জন ও দুই শিশু রয়েছে।

২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, সকালে গোপন খবরের ভিত্তিতে ওই চেকপোস্টে অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালচক্র ৩৫ নারী-পুরুষ ও শিশুকে ফেলে পালিয়ে যায়। তাদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে।

ভারতের বিভিন্ন প্রদেশে তারা বাসা-বাড়ি ও শিল্পকারখানায় শ্রমিকের কাজ করতো বলেও জানিয়েছেন তিনি।

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান, অাটককৃতদের এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি।

শিয়ালের কামড়ে শিক্ষার্থীসহ আহত ৩০

fox cনেত্রকোনা শহরে শিয়ালের কামড়ে শিক্ষার্থীসহ অন্তত ৩০ আহত হয়েছে। তাদের নেত্রকোনা অ‌‌‌াধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার পৌর শহরের নাগড়া ও মুক্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর এলাকাসহ শহরতলীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে দুই-তিনটি শিয়ালের কামড়ে নেত্রকোণার নাগড়া এলাকা ও মুক্তাপাড়ার শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা একটি শিয়ালকে আটকিয়ে মেরে ফেলেছে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নিলোৎপল তালুকদার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত হাসপাতালে ২৪ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

খবর পেয়ে নেত্রকোনা পৌর সভার মেয়র প্রশান্ত কুমার রায় হাসপাতালে অাহত‌‌‌দের দেখতে যান।

বাংলাদেশ-ভারত ম্যাচ: ৫০ কেজি মিষ্টি কিনবেন তসলিমা

toslimaপ্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলছে বাংলাদেশ। এ নিয়ে দেশের সব শ্রেণির মানুষের মধ্যে কাজ করছে অাবেগ ও উত্তেজনা। অাগামী ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টাইগাররা। অার ওই ম্যাচে দেশের অন্যান্যদের মতো জয়ের স্বপ্ন দেখছেন ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রখ্যাত লেখক তসলিমা নাসরিন।

আগামী ১৯ মার্চের ম্যাচে বাংলাদেশ-ভারতের ম্যাচের দিন ৫০ কেজি মিষ্টি কিনবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। ম্যাচটিতে যেই জিতুক তা উদযাপন করতে চান তিনি। গত ১৪ মার্চ এক টুইটার বার্তায় তসলিমা এই ঘোষণা দেন।

এর অাগে গত ১৪ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়েও প্রতিবেশীদের মিষ্টি বিলিয়ে দিনটি তিনি উদযাপন করেছেন বলে টুইটারে জানিয়েছিলেন।

জাতীয় ক্রিকেট লিগে ‘পাতানো’ ম্যাচে শিরোপা রংপুরের!

walton cচারদিকে যখন টাইগারদের বিজয় কেতন উড়ছে, তখনই ঘরোয়া ক্রিকেটে উঠলো ‘পাতানো’ ম্যাচ খেলার অভিযোগ! তাও আবার যা-তা ম্যাচে নয়, খোদ জাতীয় ক্রিকেট লিগের শিরোপা নির্বাচনী ম্যাচে!
খুলনা বিভাগ ১২০ পয়েন্ট নিয়ে একদিন আগেই খেলা শেষ করে শিরোপা উদযাপনের অপেক্ষায় ছিল। খেলার সমীকরণ ছিল, রংপুর ড্র করলে কিংবা হারলে খুলনা শিরোপা জিততে পারবে। আবার রংপুর যদি জিতে যায় তবে তাদের পয়েন্ট হবে ১২১ এবং তারাই হবে চ্যাম্পিয়ন।
এই সমীকরণকে সামনে রেখে ঢাকা মেট্রোর সঙ্গে চতুর্থ দিনের খেলায় মাঠে নামে নিকটতম প্রতিদ্বন্দ্বী রংপুর। খেলার শেষ ও চতুর্থ দিনে এক ওভার হাতে রেখে ম্যাচ জিতে শিরোপা জয়ের পতাকা ওড়ায় রংপুর।

আপাতদৃষ্টিতে খটকা লাগার কথা নয়। কিন্তু খুলনা জেলা ক্রীড়া সংস্থা আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ম্যাচটি ‘পাতানো’ অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দিয়েছে। অভিযোগের মূল ভিত্তি হিসে‌‌‌বে জমা দেওয়া হয়েছে প্রায় ৩৫ মিনিটের একটি অডিও ক্লিপ। চার-পাঁচজন ব্যক্তির কথোপকথনে মনে হতে পারে তারা ঢাকা মেট্রো ও খুলনা টিম ম্যানেজম্যান্টের অংশ।

কী আছে ওই কথোপকথনে? তৃতীয় দিনের খেলা শেষে সেই কথোপকথনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হল:
ব্যক্তি-১ : সোহেল তো অস্ট্রেলিয়ায়, আমি তার সাথে কথা বলেছি, সে জানতে চেয়েছে ঘটনা ঠিক কি না? আমি বলেছি ঠিক। আমি এও বলেছি যে কোচরা এতে জড়িত নয়, কিছু খেলোয়াড় এর সাথে জড়িত এবং তারাই এ ঘটনা ঘটিয়েছে। সোহেল বলেছে দল চ্যাম্পিয়ন হোক বা না হোক তাতে কিছু আসে যায় না, আমি ঢাকা ফিরে কারা কারা এতে জড়িত তাদের বের করব এবং তারা শাস্তি পাবে।
ব্যক্তি-২: যতোই বলো, মানুষ তো আর তা বুঝবে না, তারা বলবে আমরা এর সাথে জড়িত।

ব্যক্তি-৩: পকেট থেকে কিছু পয়সা খরচ করো, ভিডিওগ্রাফার লাগাও ম্যাচটা শুট করো একদম প্রথম ওভার থেকে। প্রয়োজনে দুটি ক্যামেরা লাগাও। আমি কী করবো জানো? একদম সকালে মাঠে গিয়ে ম্যাচ রেফারিকে বলবো কী ঘটেছে এবং তাকে বলবো আমি আমার খেলোয়াড়দের হ্যান্ডেল করতে পারছি না। যদি ম্যাচ রেফা‌‌‌রি দুই অধিনায়ককে ডেকে বলে যে আমার কাছে ম্যাচ পাতানোর অভিযোগ রয়েছে এবং যখনই সন্দেহজনক কিছু ঘটবে তখনই ম্যাচ বন্ধ হয়ে যাবে। এটি করতে পারি যেন তারা ভয় পায় এবং অন্যায় কিছু করাতে না পারে।

ব্যক্তি-২: না না আমরা ম্যাচ রেফারিকে অবহিত করতে পারি। তিনি ম্যাচ পর্যবেক্ষণ করবেন এবং অধিনায়কদের বলবেন অন্যায় কিছু ঘটলে তা তিনি বিসিবিকে জানাবেন এবং বিসিবি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।

ব্যক্তি-৩: ঠিক আছে আমি এটি অবশ্যই করবো।

ব্যক্তি-২: শরিফুল্লাহ প্রথম ইনিংসে ব্যাট করেনি, আমরা দেখেছি আম্প্যায়াররা বেলস ড্রপ করেছে। অর্থাৎ ঢাকা মেট্রো প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে। শরিফুল্লাহ তো আহত হয়নি তাহলে কেন ব্যাট করল না? ড্রেসিং রুমে এটি নিয়ে তুলকালাম হয়েছে।

ব্যক্তি-৩: বোর্ড কিন্তু শৃঙ্খলার ব্যাপারে অনেক কঠোর। সাকিব পর্যন্ত পার পায়নি।

ব্যক্তি-১: শরিফুল্লাহর ব্যাট না করাটা খুব সন্দেহের কারণ ও আশ্চর্যজনকও বটে।

ব্যক্তি-২: আমি তো ড্রেসিংরুমেই ছিলাম ফিজিও ও অধিনায়ককে জিজ্ঞাসা করেছি কেন সে ব্যাট করলো না? ফিজিওকে বলেছি আহত হলে সোজা ঢাকায় পাঠিয়ে দিতে। আহত খেলোয়াড় ড্রেসিং রুমে থাকার কোনও প্রয়োজন নেই।

ব্যক্তি-৩: এখন পথ একটি। টিম মিটিংয়ে সবাইকে বলো ম্যাচ ড্র করতে হবে। আর ড্র করলে সবকিছু স্বাভাবিক থাকবে। জিতলে ভালো হয় তবে তা হবে খুব কঠিন।

শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি: প্রধানমন্ত্রী

hasina23সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যত। তাদের মধ্যেই আছে আগামী দিনের নেতা। এজন্য তাদের যোগ্য হিসেবে গড়ে তুলতে সরকার যাবতীয় ব্যবস্থা নিয়েছে তার সরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবসের সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের গড়ে তোলার জন্য তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন শিশুদের সব বই বিনামূল্যে দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিন ১ জানুয়ারিতেই শিশুদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।’ শিশুরা যাতে আধুনিক প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জন করতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া শিশুদের জন্য ডিজিটালাইজ মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা হচ্ছে।

শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের প্রতি আমার অনুরোধ প্রতিবন্ধী শিশুদের কাছে টেনে নিতে হবে তোমাদের। তাদেরকে ভালোবাসতে হবে। সবাইকে মন দিয়ে পড়াশোনা করতে হবে।’

ভবিষ্যত প্রজন্ম যাতে সুস্থ ও স্বাভাবিক হিসেবে জন্ম নেয় তার জন্য সরকার মানুষের মৌলিক অধিকার পূরণ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে কোনও দারিদ্র্যতা থাকবে না। সরকার মানুষের জন্য বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মত মৌলিক অধিকার পূরণ করে দিচ্ছে।’

আমরা চাইনা আর কাউকে পুড়িয়ে মারা হোক

hasina23প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাইনা কোনো নিরীহ মানুষ, কোনো শিশু, কোনো অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মারা হোক। আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা চাই সকলের নিশ্চিত সুন্দর জীবন।

মঙ্গলবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মদিন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট আমরা শুধু জাতির পিতাকে হারাইনি, হারিয়েছি মুক্তিযুদ্ধে ইতিহাসকে, হারিয়েছি মুক্তিযুদ্ধের আদর্শকে।

তিনি শিশুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজকের শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে দেশকে গড়ে তুলতে হবে। তার চিন্ত-চেতনাকে বাস্তবায়ন করতে হবে। সেই আলোকে দেশের জন্য কাজ করতে হবে।

শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগে শিক্ষা ব্যবস্থায় অবকাঠামোগত কোনো উন্নয়ন ছিলোনা। এখন আমাদের সময়ে সকল স্কুলগুলো ছাত্রছাত্রীরা টিফিন পায়, যেখানে ভালো ভবন নেই সেখানে ভবনের ব্যবস্থা করে দিয়েছি, মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করে দিয়েছি, যেখানো কোনো স্কুল নেই সেখানে আমার স্কুল করে দিয়েছি। একমাত্র আমরা শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি।

প্রতিবন্ধীদের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের আশেপাশে যেসকল প্রতিবন্ধী শিশু আছে। তাদেরকে কখনো অবহেলা করবে না, কষ্ট দিবে না। সবসময় তাদের মনের কষ্ট ভুলিয়ে দিয়ে তোমরা তাদের পাশ থাকবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে কোনো দরিদ্র থাকবেনা। মানুষের নূন্যতম যে চাহিদা গুলো দরকার যেমন-খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। যাতে করে আগামী দিনে শিশুরা সুস্থ সবল হবে। আমার একটাই চাওয়া বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব।

খেলাধুলার প্রতি শিশুদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি আমাদের শিশুদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। এজন্য আমরা স্কুলে স্কুলে প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করেছি। এর মাধ্যমে প্রমাণ করতে হবে সুযোগ পেলে আমরাও পারি।

তিনি আরো বলেন, মহান অর্জনের  মহান ত্যাগের দরকার। তাই তোমরা বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হয়ে ত্যাগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই আশাই করি তোমাদের কাছে।

আবার বিয়ে করছেন জেনি!

jeni17মেরিল সাবানের একটি বিজ্ঞাপন দিয়ে শোবিজে পরিচিতি পেয়েছিলেন জেনি। এরপর ছোটপর্দার নিয়মিত অভিনেত্রী বনে যান তিনি। তার সুনাম এনে দেয়া মেরিলের বিজ্ঞাপনটির নির্মাতা ছিলেন অমিতাভ রেজা। একপর্যায়ে অমিতাভ রেজার সঙ্গে ঘর বাঁধেন জেনি।

তবে তাদের সংসার করা হয়নি বেশি দিন। সেই সম্পর্ক ভাঙতে হয়েছে। এরপর শুধু কাজ নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। মাঝে সম্পর্কে জড়িয়ে গেছেন এমন খবর চাউর হলেও এর সত্যতা মেলেনি।

জেনি ক্যারিয়ারের শুরু থেকেই তার কাজ দিয়ে ছিলেন আলোচনায়। কিছুদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের এক উচ্চপদস্থ কর্মকর্তার সাথে তার সম্পর্ক রয়েছে এমনটাই শোনা গিয়েছিল।

মজার বিষয় হলো এই সম্পর্কেরও কোন সত্যতা মেলেনি। নতুন খবর হলো জেনি এবার সিদ্ধান্ত নিয়েছেন নতুন করে ঘর বাঁধার। এ ব্যাপারে জেনি বলেন, `আমি হয়তো আবার বিয়ে করবো। আমার পরিবার আছে।

তারা সিদ্ধান্ত নেবেন এ ব্যপারে। পরিবারের পছন্দকেই প্রাধান্য দেব। তবে আবার বিয়ে করার অগ্রগতি কতদূর বা পাত্রটি কে এই ব্যাপারে কিছু জানাননি জেনি।

সার্বক্ষণিক নজরদারিতে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়

du logoঢাকা বিশ্ববিদ্যালয়ের সুবিশাল ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে গুরুত্বপূর্ণ স্থানগুলো ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভেতরে ৫টি ক্যামেরা বসানো হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে গুরুত্বপূর্ণ সব স্থানেই বসানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ের বিতর্কিত কিছু ঘটনায় অবশেষে টনক নড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ড এর মধ্যে অন্যতম। বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে পুলিশের সামনেই খুন করা হয় তাকে। এ ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠন ঢাবি প্রশাসনকে দায়ী করে তাদের পদত্যাগ চায়।

এর আগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিতর্কিত ফোনালাপ ফাঁস হয়, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ে ‘লাশ’ চান বলে গণমাধ্যমে আসে। এতে শঙ্কিত হয়ে ওঠে শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়াও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল ও লাগাতার অবরোধ কর্মসূচিতে ককটেল-হাতবোমা বিস্ফোরণ ছিল ক্যাম্পাসের নিত্যনৈমিত্তিক ব্যাপার।

এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ স্থানগুলো ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ উদ্যোগ কার্যকর হলে ঢাবি ক্যাম্পাসে কেউ অপরাধমূলক কার্মকাণ্ড করতে সাহস পাবে না। কিংবা করলেও অপরাধ দমন ও শনাক্ত করা সহজ হবে। এমন প্রযুক্তি উন্নতবিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহার করা হচ্ছে।

ঢাবি ক্যাম্পাস চারদিক থেকে উন্মুক্ত। ফলে সব শ্রেণী-পেশার মানুষের অবাধ যাতায়াত ক্যাম্পাসে। অপহরণকারী, ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, মাদকাসক্তরা এ সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে। ফলে নিয়মিতই ঘটছে অপ্রীতিকর ঘটনা। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, বেড়াতে আসা মানুষজন এমনকি শিক্ষকরা ও এ ধরনের ঘটনার শিকার হয়েছেন অনেকবারই।

সর্বশেষ ক্যাম্পাসের ভেতর পুলিশের সামনে কীভাবে খুনিরা ঠাণ্ড মাথায় অভিজিৎকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিবাদের ঝড় উঠে সব মহলে। প্রশ্নবিদ্ধ হয় ঢাবির নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ ওঠে পুলিশের দায়িত্বশীলতা নিয়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাকেও দায়ী করা হয়।

এসবেরই পরিপ্রেক্ষিতে ঢাবি ও ডিএমপি কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো যেমন: টিএসসি, শহীদমিনার, শাহবাগ, কলাভবন, কার্জন হল ও আবাসিক হলগুলোকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়।

এ লক্ষ্যে চলতি মাসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের অভ্যন্তরে ৫টি ক্যামেরা বসানো হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান ও ভবনগুলোতে ক্যামেরা বসানো হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসব ক্যামেরার ব্যয়বহুল হওয়াতে বিশ্ববিদ্যালয় ও ডিএমপি কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে লাগানো হবে। ডিএমপি গুরুত্বপূর্ণ স্থানগুলোর খরচ বহন করবে। আর বিভিন্ন ভবন ও হল স্ব স্ব উদ্যোগে লাগাবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, আমরা ক্যম্পাসে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সেজন্যেই যেকোন নাশকতা এড়াতে গোটা ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করার চিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এক্ষেত্রে আর্থিক সমস্যাটা প্রধান বিষয় হয়ে দাঁড়াবে। তবে আমরা ডিএমপির সাথে কথা বলেছি। তারা এ ক্ষেত্রে যতটুকু সহায়তা করে তার বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাকিটা বহন করবে।

উল্লেখ্য, গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছিলেন, অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ডিএমপির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সিসি ক্যামেরা বসানো হবে। আশা করা যায় এতে করে ওইসব এলাকায় অপরাধ দমন ও শনাক্ত করা সহজ হবে।