শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ফেনীতে পেট্রোলবোমায় দগ্ধ মুক্তিযোদ্ধার মৃত্যু

feni mapফেনীর দাগনভূঞায় মাছ বহনকারী ট্রাকে দুর্বৃত্তদের পেট্রোলবোমা হামলায় দগ্ধ মুক্তিযোদ্ধা ও ট্রাকচালক মো. ইউসুফ খান (৬৭) মারা গেছেন।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

ইউসূফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ইউসুফের শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। এ ছাড়া আগুনে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়।

আবাসিক চিকিৎসক আরও জানান, দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ এ পর্যন্ত ১৬ জন বার্ন ইউনিটে মারা গেছেন। চিকিৎসাধীন আছেন আরও ২৬ জন।

কুমিল্লার বুড়িচং থেকে একটি ট্রাক মাছ নিয়ে দাগনভূঞার মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছলে শুক্রবার ভোরে দুর্বৃত্তরা কয়েকটি পেট্রোলবোমা ছোড়ে। এ সময় পাঁচজন দগ্ধ হন।

দগ্ধদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসে আগুন

bus juজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

রোববার ভোররাত পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্ক করা বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

পরিবহন অফিসের ক্যান্টিন কর্মচারি শামসুল জানান, আগুন দেখতে পেয়ে দৌঁড়ে গিয়ে আনসারসহ আমরা কয়েকজন আগুন নিয়ন্ত্রণ করি। কিন্তু লোকজন কম থাকায় ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। এসময় তিনি কাউকে দেখেননি বলেও জানান।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, বাসে বাহির থেকে কেউ আগুন দিয়েছে নাকি ভেতর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যপারে আমরা নিশ্চিত নই।

যারা ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করে পরিবহনের দায়িত্বপ্রাপ্ত (অতিরিক্ত) শিক্ষক সহযোগী অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়ি রাখার জন্য আলাদা একটি স্থান নির্ধারণ করা দরকার। যাতে এমন ঘটনা না ঘটে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, আগুন দেয়ার ঘটনায়  মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

আম্পায়ারদের কারণে ভারত জিতেছে:শেখ হাসিনা

hasina uবিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের ক্ষোভ এখনো মিলিয়ে যায়নি। বাংলাদেশের ভক্ত-সমর্থকদের মধ্যে এখনো চাপা ক্ষোভ বিরাজ করছে।

সমর্থকরা মনে করছেন, আম্পায়াররা বিতর্কিত সিদ্ধান্ত না দিলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। সেটা মনে করেন বাংলাদেশ থেকে নির্বাচিত আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামালও। এবার এই বিতর্কে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার তিনি মেলবোর্নে বাংলাদেশ ক্রিকেট দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে ফোন করে জানিয়েছেন যে বাংলাদেশ দলকে হারানো হয়েছে। আম্পায়াররা যদি বিতর্কিত সিদ্ধান্ত না দিত তাহলে ভারত বাংলাদেশকে হারাতে পারত না। তিনি খেলোয়াড়দের সান্ত্বনা দিয়ে বলেন, ‘একদিন আমরাও বিশ্বকাপ জিতব।

প্রধানমন্ত্রীর এই কথাগুলো হুবহু তুলে ধরা হয়েছে ভারতের জনপ্রিয় অনলাইন পত্রিকা টাইমস অব ইন্ডিয়া। তারা সেখানে খবর প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে।

টাইমস অব ইন্ডিয়া শিরোনামে লিখেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিসি সভাপতির মন্তব্যকে সমর্থন করেছেন। জানিয়েছেন, ভারত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জিতেছে আম্পায়ারদের কারণে। আম্পায়াররা ভুল সিদ্ধান্ত না দিলে কোয়ার্টার ফাইনালে ভারত বাংলাদেশকে হারাতে পারত না।

সুখী দেশের তালিকায় আফগানিস্তানেরও নিচে বাংলাদেশ!

bus fire bolakaসুখী দেশের তালিকায় একেবারে তলানিতে বাংলাদেশ। নিচের দিকে থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয়। যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান ও বোমাতঙ্কের দেশ পাকিস্তানের মানুষও বাংলাদেশের মানুষের চেয়ে বেশি সুখী!

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সুখ দিবস (২০ মার্চ) উপলক্ষে জনমত জরিপকারী ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্যালাপের প্রকাশিত সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। ওই জরিপে বাংলাদেশের স্কোর ৫৪। আর পাকিস্তান ও আফগানিস্তানের স্কোর যথাক্রমে ৫৭ ও ৫৫।

জরিপের স্কোর অনুযায়ী লাতিন আমেরিকার জনগণই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী। ইতিবাচক অভিজ্ঞতার সূচকে ১৪৩টি দেশ ও অঞ্চলের মধ্যে সর্বোচ্চ স্কোর করা ১০টি দেশই লাতিন আমেরিকার! সর্বোচ্চ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে প্যারাগুয়ে (৮৯)।

এই জরিপে বাংলাদেশের স্কোর তৃতীয় সর্বনিম্ন। সবচেয়ে কম স্কোর করেছে উত্তর আফ্রিকার দেশ সুদান (৪৭)। সুদানের ঠিক ওপরে স্থান পেয়েছে ‘আরব বসন্তের’ সূতিকাগার হিসেবে পরিচিত দেশ তিউনিশিয়া। দেশটির স্কোর ৫২। তার ওপরেই বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অবস্থান তুরস্ক (৫৪) ও সার্বিয়ার (৫৪)।

সুখী দেশের তালিকায় শীর্ষ অন্য দেশগুলো হলো- কলম্বিয়া (৮৪), ইকুয়েডর(৮৪), গুয়েতমালা  (৮৪), হন্ডুরাস (৮২), পানামা (৮২), ভেনেজুয়েলা (৮১), কোস্টারিকা (৮১), এল সালভেদর (৮১)
দক্ষিণ এশিয়ার প্রতিবেশি দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা (৭৬), ভারত (৭০), মিয়ানমার ৬৮ ও নেপালের (৫৫) স্কোর করে বাংলাদেশের চেয়ে এগিয়ে। জরিপে যুক্তরাষ্ট্রের ৭৯, যুক্তরাজ্যের ৭৫, চীনের ৭৫, জাপানের ৬৬ ও রাশিয়ার স্কোর ৬৫ দেখানো হয়েছে।

গ্যালাপ গত বছর ১৪৩টি দেশ ও অঞ্চলের প্রতিটি থেকে ১৫ বছরের বেশি বয়সী এক হাজারের মতো ব্যক্তিকে নিয়ে এই জরিপ পরিচালনা করে। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের কাউকে সরাসরি ও কাউকে টেলিফোনে পাঁচটি প্রশ্ন করা হয়ে। সেই প্রশ্নের বিপরীতে উত্তরের ভিত্তিতে বিভিন্ন দেশের স্কোর নির্ধারণ করা হয়।

তথ্যসূত্র : গ্যালাপের ওয়েবসাইট।

পশ্চিমবঙ্গে সন্ন্যাসিনীকে ধর্ষণ: বাংলাদেশ যোগের ইঙ্গিত তৃণমূল সাংসদের

obrayenভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটে সন্ন্যাসিনীকে ধর্ষণের  ঘটনার সঙ্গে বাংলাদেশের যোগ থাকতে পারে বলে ইঙ্গিত করলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন৷

তার কথায়, ‘রানাঘাটের সঙ্গে বাংলাদেশ সীমান্তের সহজ সংযোগ আছে৷’ তার মানে কি অপরাধীরা বাংলাদেশে পালিয়ে গিয়েছে? না কি তারা বাংলাদেশ থেকে এসেছিল? ডেরেকের জবাব, ‘আমি এর বেশি কিছু বলব না৷ সিবিআই তদন্ত করছে৷ তারা এবার বলবে৷ শুধু একটা তথ্য, রানাঘাট থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ট্রেন চলে৷’

রানাঘাট থেকে গেদে সীমান্তের দূরত্ব ৪৩ কিলোমিটার৷ রানাঘাট থেকে ভোর ৪.৪২ এবং ৫.৩০ নাগাদ গেদে সীমান্তগামী দু’টি ট্রেন আছে৷ যে সময় রানাঘাটের ঘটনা মুখ্যমন্ত্রীর গোচরে আসে, ততক্ষণে সেই দু’টি ট্রেনই রানাঘাট ছেড়ে চলে যাওয়ার কথা৷ ডেরেকের ইঙ্গিত সম্ভবত সে দিকেই৷ ডেরেক ভৌগোলিক নৈকট্যের কথা বলা ছাড়া এ নিয়ে আর কোনও কথা বলতে না চাইলেও পুলিশ ও গোয়েন্দারা গোড়া থেকেই ইঙ্গিত করছিলেন দুষ্কৃতীরা ট্রেনে চড়ে চলে গিয়ে থাকতে পারে৷

এর মধ্যে এ দিন দিল্লিতে রটে যায়, ধর্ষিতা সন্ন্যাসিনীকে রাজধানী দিল্লিতে নেয়া হয়েছে৷ কিন্তু সে খবরের সত্যতা যাচাই করা যায়নি৷ দিল্লির জেসাস অ্যান্ড মেরি কর্তৃপক্ষও এ নিয়ে কিছু বলেনি৷ এ দিন রাতেই জেসাস অ্যান্ড মেরির আন্তর্জাতিক প্রধান সিস্টার মোনিকা রোম ফিরে যান৷

সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, ‘আমাদের মুখ লুকনোর জায়গা নেই৷ ওই সন্ন্যাসিনীকে পশ্চিমবঙ্গ ছাড়তে হল৷ তিনি কোথায় গেলেন, জানি না৷’ দলীয় বৈঠকে যোগ দিতে সূর্যকান্ত দিল্লি এসেছেন৷

বাংলাদেশ-রানাঘাটের সংযোগ নিয়ে ডেরেকের ইঙ্গিত উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘রানাঘাট থেকে সীমান্ত যথেষ্ট দূরে৷ আর ওই যোগ তো অনেক আগে থেকেই আছে৷ কই, এতদিন তো কোনও ঘটনা ঘটেনি?’ তার মতে, ‘কেন্দ্র ও রাজ্যের উস্কানিতেই এই ধরনের ঘটনা ঘটছে৷ রাজ্যে এখন আইন বলে কিছু নেই৷ বেআইনই এখন আইন৷ তাই এ রকম ঘটনা ঘটছে৷

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

marder gunnরাজধানীর শাহজাহানপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তার নাম মোবারক উল্লাহ মন্টি (২৭)।

রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। মন্টি সম্প্রতি ফকিরাপুলে এক তরুণীর সাত টুকরা লাশ উদ্ধারের ঘটনায় করা মামলার আসামি বলে র‌্যাবের দাবি।
র‌্যাব-৩-এর কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, সহযোগীদের নিয়ে মন্টি কমলাপুরের টিটিপাড়ায় অবস্থান নিয়েছে বলে খবর পেয়ে ভোররাতের দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।
একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে মন্টিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ভোররাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের দাবি।

র’র এজেন্ট পাক সেনাবাহিনীর মেজর!

koyshikভারতের রাজস্থানের গঙ্গানগরে ১৯৫২ সালের ১১ এপ্রিল জন্ম হয় রবীন্দ্র কৌশিকের। প্রথম জীবনে থিয়েটার অভিনেতা হিসেবে বিপুল জনপ্রিয়তা লাভ করেন তিনি।

২১ বছর বয়সে অংশ নেন লৌখনোতে আয়োজিত জাতীয় ড্রামা মিটে। এখান থেকেই গোটা জীবনটা অন্য দিকে মোড় নেয় রবীন্দ্র কৌশিকের। এই নাট্য সম্মেলনেই তিনি চোখে পড়ে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র-এর কর্মকর্তাদের। তার অভিনয় ক্ষমতা দেখে গুপ্তচর হিসেবে রবীন্দ্র কৌশিককে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নেয় র। র-এর ছদ্মবেশী এজেন্ট হিসেবে নিয়োজিত হন কৌশিক। দিল্লি দু-বছরের প্রশিক্ষণের পর ২৩ বছর বয়সে পাকিস্তানে পা রাখেন তিনি।

নতুন নাম হয় নবি আহমেদ শাকির। ছদ্মনাম ও ছদ্মপরিচয়ে শুরু হয় নতুন জীবন। করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এলএলবি পাশ করেন তিনি। যোগ দেন পাকিস্তানি সেনা বাহিনীতে। দক্ষতা ও কার্যক্ষমতার গুণে সহজেই উঠে সেনা বাহিনীর উপরের স্তরে। রাজস্থানের নাট্য অভিনেতা রবীন্দ্র কৌশিক হয়ে ওঠেন পাক সেনাবাহিনীর মেজর নবি আহমেদ শাকির। বিয়েও করেন আমানত নামে একটি স্থানীয় মেয়েকে। পাশাপাশি নিঃশব্দে চলতে থাকে ‘র’-এর কাজ।

১৯৭৯ থেকে ১৯৮৩-র মধ্যে ভারতের জন্য গুরুত্বপূর্ণ এমন অনেক পাক সরকার ও সেনা বাহিনীর গোপন খবর দেশে পাঠান তিনি। ‘র’ তার নাম দেয় ‘ব্ল্যাক টাইগার’। বেশ কয়েক বার তার পাঠানো খবরের জেরেই পাক সেনার হামলার পরিকল্পনা বানচাল করে দিয়েছে ভারত। কিন্তু ১৯৮৩-র শেষের দিকে নেমে আসে বিপর্যয়। ইনায়েত মাসিহা নামে একজনকে কৌশিকের সঙ্গে দেখা করতে পাকিস্তানে পাঠায় ‘র’। কিন্তু ধরা পড়ে যায় সে। মাসিহাকে জেরা করেই রবীন্দ্র কৌশিকের আসল পরিচয় জানতে পারে পাক সেনা।
১৯৮৩-র সেপ্টেম্বরে গ্রেপ্তার হন কৌশিক। শিয়ালকোটের জেলে দু-বছর ধরে চলতে থাকে অকথ্য অত্যাচার। ৮৫ সালে তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। পরে অবশ্য তা খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে পাক সুপ্রিম কোর্ট। শিয়ালকোট ছাড়াও কোট লাখপত এবং মিনারওয়ালি জেলে ১৬ বছর কাটান তিনি। অত্যাচার ও অনাহারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কৌশিক। অ্যাজমা, টিবি ও হার্টের অসুখে আক্রান্ত হয়ে পড়েন তিনি। মুলতানের জেলে ২০০১-এর ২১ নভেম্বর মৃত্যু হয় তার।

শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ

rape22যশোরের বেনাপোলে একটি প্রি-ক্যাডেট স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ওই ছাত্রীর বাড়ি ওই স্কুলের পাশেই। দুপুর দুইটার দিকে স্কুল ছুটি হলে ছাত্রীটি বাড়ি যায়। সে সময় তার মা বাড়ি ছিলেন না। এই সুযোগে সাদ্দাম হোসেন পড়া দেখানোর নাম করে তাদের বাড়িতে যায়। তারপর তাকে একা পেয়ে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে বাড়ির পাশের লোকজন এগিয়ে এলে সাদ্দাম হোসেন পালিয়ে যায়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেছেন। ধর্ষক শিক্ষক সাদ্দাম হোসেনকে আটকের জন্য অভিযান চলছে।

ওই স্কুলের প্রধান শিক্ষক ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর থেকে সাদ্দাম হোসেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে বরখাস্ত করাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মেয়র পদে মান্নাকে সমর্থন নাগরিক ঐক্যের

mannaa24মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাগরিক ঐক্য। শনিবার রাতে সংগঠনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি এবং তার পরিবার। মান্না রাষ্ট্রদ্রোহিতার একটি মামলায় কারাগারে আটক রয়েছেন।

সংগঠনের ওই সভায় ডিসিসি উত্তরের নির্বাচনে মান্নার প্রার্থী হওয়ার ঘোষণাকে সমর্থন করে বলা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে। নির্বাচনে টাকার ছড়াছড়ি এবং পেশিশক্তির ব্যবহার বন্ধের দাবি জানানো হয়। এ ছাড়া সকল প্রার্থীর জন্য সমতল মাঠ নিশ্চিত করার দাবিও জানানো হয়।

মাহমুদুর রহমান নাগরিক ঐক্যের আহ্বায়ক। তার অনুপস্থিতিতেই নাগরিক ঐক্য এই সিদ্ধান্ত নিয়েছে। তবে মান্নার পরিবার জানিয়েছে, অসুস্থ থাকায় মান্নার সঙ্গে এ বিষয়ে তাদের কথা হয়নি। গত শুক্রবার মান্নার স্ত্রী ও কন্যা কারাগারে তার সঙ্গে দেখা করেন।

জানতে চাইলে মাহমুদুর রহমান মান্নার মেয়ে নিলম মান্না বলেন, “আমরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে খুবই চিন্তিত। চিকিৎসক এনজিওগ্রাম এবং এমআরআই করার পরামর্শ দিয়েছেন। কিন্তু এই দুটি পরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। হার্টে ব্লকসহ বেশ কিছু শারীরিক সমস্যা থাকলেও তাকে সাধারণ বন্দীদের সঙ্গে মানবেতরভাবে রাখা হচ্ছে।” নিলম তার বাবার সুচিকিৎসা এবং কারাগারে ডিভিশন দাবি করেন।

নাগরিক ঐক্যের সভায়ও গুরুতর অসুস্থ অবস্থায় মান্নাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটি অবিলম্বে তার মুক্তি দাবি করেছে। ওই সভায় এ লক্ষ্যে আইনগত প্রচেষ্টার পাশাপাশি আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও মান্নার ফোনালাপ বিকৃতভাবে প্রচার করে ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

মাগুরায় দগ্ধ একজনের মৃত্যু, ৮ জন বার্ন ইউনিটে

pettrol bomaজেলার সদর উপজেলার মঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে শনিবার রাতে ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ নয়জন দগ্ধ হন। পরে রওশন আলী (৪০) নামের একজন মারা যান। তার বাড়ি মাগুরা সদর উপজেলার মালিকগ্রামে।

দগ্ধ অন্য ব্যক্তিরা হলেন মালিকগ্রামের নাজমুল হোসেন (২৫), ইলিয়াস হোসেন (৩৫), মো. মতিন (৩০), ফারুক আহমেদ (৪০), শাকিল হোসেন (৩০), আরব আলী (২৫), ইয়াদুল ইসলাম (৩৮) ও ট্রাকের চালক কামারখালীর ইমরান আলী (৫০)। দগ্ধ ব্যক্তিদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রওশন আলী মারা যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাগুরা সদর থেকে বালু বোঝাই ট্রাকটি শালিখা উপজেলার ভাটইখালি গ্রামে যায়। সেখানে বালু নামিয়ে শহরে ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে দুটি পেট্রলবোমা ছোড়ে। এতে মুহূর্তেই ট্রাকে আগুন ধরে যায়। চালকসহ নয়জন দগ্ধ হন। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান।

মাগুরা সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনসালট্যান্ট চিত্তরঞ্জন বিশ্বাস বলেন, পেট্রলবোমায় দগ্ধ ব্যক্তিদের শরীরের ৮০-৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা ওই ট্রাকে পেট্রলবোমা ছোড়ে।