সাংবাদিক মিজানুরকে নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তি কেন নয়
প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের ওপর পুলিশের নির্যাতন অবৈধ ঘোষণা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবেনা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই পুলিশ সদস্যদের বেতন থেকে সাংবাদিক মিজানকে কেন যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করেন।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি), বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পটুয়াখালীর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাহেব আলী পাঠান, বাউফল থানার অফিসার ইনচার্জ নরেশ চন্দ্র কর্মকার, অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হালিম খান ও শফিকুল ইসলামকে আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক।
গত মঙ্গলবার রাতে জেলার বাউফল উপজেলার কালাইয়ার ল্যাংরা মুন্সির পোল এলাকায় হাতাহাতির ঘটনায় কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. হালিম খান বাদী হয়ে সাংবাদিক মিজানুরের বিরুদ্ধে তাঁকে মারধর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করেন। ওই দিন রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থানায় নিয়ে নির্যাতনের পরদিন আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠায় পুলিশ।
সরকারকে আবারো আলোচনার পথে আসার আহ্বান বি. চৌধুরীর
আবারো সরকারকে সংলাপ ও আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন সব কিছু ধ্বংস করে দিয়েছে। এই নির্বাচন বলে দিয়েছে এদেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের ক্যালেন্ডার ছিঁড়ে গেছে। কবে এখানে গণতন্ত্র ফিরবে সেটা আমার জানা নেই।
তিনি অভিযোগ করে বলেন, সরকার ও নির্বাচন কমিশন মিলে এটা করেছে।
বি চৌধুরী বলেন, এই সরকার নির্বাচনের আগে বলেছিল এটা সংবিধান ও নিয়ম রক্ষার নির্বাচন। আগামীতে সকলের অংশগ্রহণে আরেকটি নির্বাচন হবে।বিরোধী দলও সেটাকে মেনে নিল। অথচ তারা নির্বাচনের পর সুর পাল্টিয়ে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার ব্যবস্থা করলো।
বাংলাদেশে কোনো যুদ্ধের পরিস্থিতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, কেন আলোচনা হবে না। সন্তু লারমার সঙ্গে যদি শান্তি আলোচনা করা যায় তবে খালেদা জিয়ার সঙ্গে কেন নয়? এটা গণতন্ত্রের কোন গ্রামার?
তিনি বলেন, সমাধানের দুটি পথ ।একটি আলোচনা অপরটি হলো যুদ্ধ। যদি আলোচনা না করেন তবে কি যুদ্ধ করতে চান? সেটা ভালো হবে না।
মধ্যবর্তী নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতিকে প্রধান করে আরেকটি নির্বাচন করা যেতে পারে। যেহেতু ৫ জানুয়ারি নির্বাচনের সংসদ সদস্যরা অবৈধ তাই এই নির্বাচন কালীন সরকারে তাদেরকে আনা যাবে না। এর আগের সংসদ সদস্যদের আনা যেতে পারে।
এসময় তিনি ৫ জানুয়ারির সংসদকে লেজেগোবোরে উল্লেখ করে বলেন, এই সংসদকে বিরোধী দলের ভাইস চেয়ারম্যান বিরোধী দলীয় নেত্রী আবার সেই দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত।সেই দলের চেয়ারম্যান মাঝে মাঝে সরকারের বিরুদ্ধে চেতে যান। আবার স্ত্রী প্রশাংসা করেন। এটা কোন ধরণের তামাশা?
আন্দোলন অব্যহত রাখার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, যে আন্দোলন হয়েছে তা আমি পছন্দ করি না। আমি আগেও বলেছিলাম যেন আন্দোলন জনগণের বিরুদ্ধে অত্যাচার না হয়। তবে এই সরকারকে হটাতে আন্দোলন চালিয়ে যেতে হবে, কোনোভাবে পিছিয়ে গেলে চলবে না।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার বলেন, হিটলার, হালাকু এবং হাসিনার সঙ্গে অনেকটা মিল আছে। সবার নামের প্রথম অক্ষর এইচ। খুবই বিপজ্জনক।
তিনি বলেন, পরিষ্কার ভাষায় বলতে চাই শেখ হাসিনা গৃহযুদ্ধ চাচ্ছেন। তার পিতৃহত্যার প্রতিশোধ নেবেন। তাতে যা কিছু করা দরকার সব করবেন। পরে তিনি বিদায় নেবেন।
তিনি বলেন, ঠাকুর মার ঝুলি গল্পে যেমন প্রতিদিন একটি করে হাতি ঘোড়া হরিয়ে যেত। ঠিক তেমনি আজ প্রতিদিন একটি করে নেতা হারিয়ে যাচ্ছে। এটা কে হারিয়ে দিচ্ছেন তা সবাই জানেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ।
হাজি সেলিমের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ খোকনের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থী হাজি সেলিমের বিরুদ্ধে প্রচার-প্রচারণা ও অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন।
মঙ্গলবার দুপুর ১২টায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন খোকন।
ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন বলেন, ‘আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি। নির্বাচনের সময়সীমা যেটা প্রচারণার রয়েছে, সেই সময়সীমার আগে যদি কেউ প্রচারণা করে কিংবা অস্ত্রশস্ত্র নিয়ে ভয়-ভীতি ও সন্ত্রাসের সৃষ্টি করে, একজন প্রার্থী হিসেবে অভিযোগ দাখিল করার অধিকার আমার রয়েছে। সেই অধিকারের পরিপ্রেক্ষিতে আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আমি আশা করছি, নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
সাঈদ খোকন আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার সম্পূর্ণরূপে আস্থা আছে। যদি কেউ অস্ত্রশস্ত্র নিয়ে গুন্ডামি করে, ডাকাতি করে কোনো কিছু করার চেষ্টা করে, আমার এই কমিশনের প্রতি একশ ভাগ আস্থা আছে, তারা অবশ্যই ব্যবস্থা নেবে।’
এসময় ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজনের কথা জানিয়ে বলেন, “একজন প্রার্থী হিসেবে ব্যক্তিগত নিরাপত্তা চাওয়ার অধিকার আমার রয়েছে, সেটা অবশ্যই চাইব।’
বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে
গোয়ালন্দে আগুনে পুড়ল ২৬ বসতঘর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উজানচর ইউনিয়নে অগ্নিকান্ডে ২৬টি বসতঘর পুড়ে গেছে। সোমবার রাতে উজানচর ইউনিয়নের বকেরটিলা গ্রামে এ ঘটনা ঘটে।পেরুতে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ৩৭
পেরুতে বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন।
সোমবার হুয়ারমে শহরের উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দুটি বাস এবং একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী আনিবাল ভেলাসকুয়েজ। স্থানীয় এক রেডিও’র খবরে সোমবারের ওই দুর্ঘটনায় ৭০ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।
তাদের মধ্যে ৬জনের অবস্থা গুরুতর। তাদেরকে হেলিকপ্টারে করে রাজধানী লিমার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পেরুর হাইওয়ে পুলিশের প্রধান অরফিলেস ব্রেভো জানিয়েছেন, সোমবার পান আমেরিকান হাইওয়ের মুর্গা সেরানো লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একই লাইনের অন্য দুটি বাস এবং একটি ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর মুর্গা লাইনের বাসটি দু’ভাগ হয়ে যায়।
এ দুর্ঘটনার পর প্রাথমিক খবরে ২২ জন মারা গেছে বলে জানানো হয়েছিল। তবে উদ্ধার তৎপরতা শুরু হওয়ার পর নিহতের সংখ্যা বেড়ে ৩৭এ দাঁড়িয়েছে বলে পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়।
এবার অস্ট্রেলিয়া যাচ্ছেন জয়া আহসান
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা দেখতে অস্ট্রেলিয়া যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। এরই মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। টিকিটও বুকিং দেয়া হয়েছে। এখন শুধু ভিসার অপেক্ষা।
বর্তমানে শুটিংয়ের জন্য কলকাতায় অবস্থান করছেন জয়া। জয়া বলেন, পরিবারের সঙ্গে খেলা দেখতে আমার ভাই লন্ডন থেকে বাংলাদেশে চলে এসেছে। আমার বোনও প্রতিটি মুহূর্তে আমাকে মিস করছে।
বাংলাদেশ জিতলে আমার খুব ভালো লাগত। তবে এটাও ঠিক যে, নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছে বাংলাদেশ দল।
এদিকে মডেল ও অভিনেত্রী জয়া আহসান বলছেন, বিশ্বকাপে এখনও তার প্রিয় দল ধোনির ভারত!
দিল্লির যে মেয়েকে বিয়ে করবেন শহীদ কাপুর
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শহীদ কাপুর। পর্দার খবর নয় এটা, সত্যি সত্যি সাতপাকে বাঁধা পড়বেন তিনি। পাত্রী দিল্লির মেয়ে মিরা রাজপুত। চলতি বছরের ডিসেম্বরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
শোনা যাচ্ছে, এ বছরের ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন মিরার অনামিকায় আংটি পরিয়ে দিয়েছেন শহীদ। তবে দু’জনই খবরটি সত্যতা স্বীকার না করে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন।
লেডি শ্রীরাম কলেজে ইংরেজি বিষয়ে অনার্স তৃতীয় বর্ষে পড়ছেন মিরা। তার স্কুলজীবন কেটেছে বসন্ত ভ্যালি স্কুলে। রাধা সোয়ামি সতসং বিয়াস নামের একটি ধর্মীয় সংগঠনের মাধ্যমে শহীদ ও মিরার পরিচয়।
শহীদ ও তার বাবা পঙ্কজ কাপুর সংগঠনটির একনিষ্ঠ অনুসারী। কয়েকদিন আগে মধ্যপ্রদেশের ছাতারপুরে মিরাদের বাড়িতে তার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন পঙ্কজ কাপুর।
বেশ কিছুদিন আগে শহীদ জানান, চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত নন এমন মেয়েকে বিয়ে করতে চান তিনি। এতে জীবনকে অন্য দৃষ্টিকোণ দেখার ক্ষেত্রে সহায়ক হবে বলে মন্তব্য করেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা।
সংলাপের বিষয়ে সরকার এখন ভাবছে না
সংলাপের বিষয়ে সরকার এখন ভাবছে না বলে মন্তব্য করেছেন আ’গের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নিজ কুষ্টিয়ার নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, রক্তের দাগ যাদের হাতে, তাদের সাথে সংলাপে বসার আগ্রহ নেই সরকারের। এই মুহুর্তে সরকার এটি ভাবছে না।
সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজের বিষয়ে হানিফ বলেন, কোন ব্যক্তি যদি নিখোঁজ হয় তাকে খুঁজে বের করা সকলের দায়িত্ব। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবার, তার সাথে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব তথ্য প্রমাণ দিয়ে সরকারকে সহায়তা করা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজে বের করার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।
সরকার দেশের স্বার্থে সংলাপের মাধ্যমে বর্তমান সংকটের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এগিয়ে আসবে বলে আশা করে বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু’র এমন দাবি সর্ম্পকে মাহবুব বলেন, কে কি আশা করে, সেটা নিয়ে কিছু বলার নেই।
এসময় কুষ্টিয়া জেলা আ’লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিল।












