শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বিজয় দিবস উপলক্ষে হরতাল প্রত্যাহার হয়েছে: মঈন খান

moyen khanমহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে হরতাল প্রত্যাহার করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০দল।

বুধবার সকালে বাংলাদেশস্থ সিঙ্গাপুর দূতাবাসে আধুনিক সিঙ্গাপুরের জনক ও দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক বইতে স্বাক্ষরের পর  সাংবাদিকদের একথা জানান মঈন খান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ

টানা অবরোধের মধ্যে গত প্রায় দুই মাস ধরে নিয়মিতই রোববার-বৃহস্পতিবার হরতাল পালন করে আসছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। ২৬ মার্চ সামনে রেখে অবশেষে তাতে বিরতি দিয়ে বুধবার হরতাল দেয়নি বিএনপি জোট।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান বলেন, “এখনো মনোনয়ন জমা দেয়ার চারদিন বাকি আছে। এরমধ্যে জানা যাবে বিএনপি এই নির্বাচনে যাবে কি যাবে না।”

স্বাধীনতা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন কিনা সে ব্যাপারে তিনি জানেন না বলে সাংবাদিকদের জানান।

অতীতে স্বাধীনতাবিরোধীদের স্বাধীনতা পদক দেওয়া হয়েছে

hasina5অতীতে অনেক স্বাধীনতাবিরোধীদের হাতেই স্বাধীনতা পদক তুলে দেওয়া’ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, অতীতে অনেক স্বাধীনতাবিরোধীকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। এমন অনেক লোককে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে যারা দেশের স্বাধীনতা চায়নি, হানাদারদের দোসর ছিল। এমন সময়ও আমাদের দেশে কেটেছে।

বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। এবার সাতজন বিশিষ্ট নাগরিককে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। ন্যাপ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মোজাফফর আহমেদ স্বাধীনতা পদক গ্রহণ করেননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি তখন জানুয়ারি থেকে আবারও জ্বালাও-পোড়াও আর জঙ্গিবাদী রাজনীতি শুরু হয়েছে। বাংলার আকাশে পোড়া-লাশের গন্ধ। ২০১৩ সালেও এরা জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।

শেখ হাসিনা বলেন, রাজনীতিতে কেউ ভুল করলে তার খেসারত জনগণ দিবে কেন? খেসারত দিবে সেই রাজনৈতিক দল। এখন যা চলছে সেটা অত্যন্ত নিন্দাজনক। আমরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছি। ধীরে ধীরে আমরা পরিস্থিতি মোকাবেলা করতে পারব।

শুক্র ও শনিবার ঢাকা-চট্টগ্রামে ব্যাংক খোলা থাকবে

bankঢাকা ও চট্টগ্রাম মহানগরের তফসিলি ব্যাংকের সব শাখা শুক্র ও শনিবার খোলা থাকবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়

এতে জানানো হয়, ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার ট্রেজারি চালান বা পে-অর্ডার বা কোনো তফসিলি ব্যাংকের রসিদ সংগ্রহের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এসব এলাকার ব্যাংকগুলো খোলা থাকবে।

ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

পর্ন ব্যবসায় এবার মাইক্রোসফট-ও

microsoft pএবার পর্নকেও ব্যবসার মানচিত্র থেকে বাইরে রাখতে নারাজ মাইক্রোসফট। খুব শিগগিরই পর্ন ডোমেইন কিনতে চলেছে তথ্যপ্রযুক্তি দুনিয়ার অন্যতম বৃহত্ সংস্থা মাইক্রোসফট। সংস্থা সূত্রে জানা গিয়েছে, সার্চিংয়ে সুবিধের জন্য .porn ও .adult ডোমেইন কিনছে তারা।

তাদের পর্ন সাইটের ডোমেইনে .com বা .org রাখতে চাইছে না মাইক্রোসফট। কারণ এই দু’টি ডোমেইনের প্রচুর ওয়েবসাইট বাজারে রয়েছে। তাই বাকি পর্ন ওয়েবের ভিড়ে যাতে নিজেদের পৃথক সত্ত্বা বজায় রাখতে পারে, সে জন্যই .porn ও .adult কেনার পথে হাঁটল মাইক্রোসফট। ইতোমধ্যেই Microsoft.porn-এর পাশাপাশি Office.porn ও Office.adult কিনে ফেলেছে তারা।

যদিও সংস্থার তরফে এখনই আনুষ্ঠানিক ভাবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

আজ সেই ভয়াল ২৫শে মার্চ

march25তখনও কেউ জানে না কী ভয়ঙ্কর, নৃশংস ও বিভীষিকাময় রাত আসছে বাঙালির জীবনে। ব্যস্ত শহর ঢাকা প্রস্তুতি নিচ্ছে ঘুমের। ঘরে ঘরে অনেকে তখন ঘুমিয়েও পড়েছে। হঠাৎ যেন নরকের সব কটি দরজা খুলে গেল। রাত সাড়ে ১১টায় ক্যান্টনমেন্ট থেকে জিপ, ট্রাক বোঝাই করে নরঘাতক কাপুরুষ পাকিস্তানের সৈন্য ট্যাংকসহ আধুনিক সমরাস্ত্র নিয়ে ছড়িয়ে পড়লো শহরজুড়ে। আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠলো আধুনিক রাইফেল, মেশিনগান ও মর্টার। মুহুর্মুহু গুলিবর্ষণের মাধ্যমে পাক জল্লাদ বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো বর্বরোচিত নিধনযজ্ঞ আর ধ্বংসের উন্মত্ত তাণ্ডব। হতচকিত বাঙালি কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়লো মৃত্যুর কোলে। মানুষের কান্না ও আর্তচিত্কারে ভারি হয়ে ওঠে শহরের আকাশ। মধ্যরাতে ঢাকা পরিণত হলো লাশের শহরে। ঢাকা শহরের রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নীলক্ষেতসহ বিভিন্ন স্থানে নির্বিচারে তারা বাঙালি নিধন শুরু করে। ঢাকাসহ দেশের অনেক স্থানে মাত্র এক রাতেই হানাদাররা নৃশংসভাবে হত্যা করেছিল অর্ধ লক্ষাধিক বাঙালিকে। নিরস্ত্র, ঘুমন্ত মানুষকে বর্বরোচিতভাবে হত্যার ঘটনায় স্তম্ভিত হলো বিশ্ববিবেক।

আজ সেই ভয়াল ও বীভৎস ২৫শে মার্চ। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। একাত্তরের অগ্নিঝরা এই দিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি। এ রাতে বর্বর পাকবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ এর নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা।

শুধু নিষ্ঠুর ও বীভৎস হত্যাকাণ্ডই নয়, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকা গণমাধ্যমও সেদিন রেহাই পায়নি জল্লাদ ইয়াহিয়ার পরিকল্পনা থেকে। পাক হানাদাররা সেই রাতে অগ্নিসংযোগ, মর্টার সেল ছুঁড়ে একে একে দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, জাতীয় প্রেসক্লাব ধ্বংসস্তূপে পরিণত করে। এ হামলায় জীবন দিতে হয় বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীকেও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও জান্তার কালো থাবা থেকে রক্ষা পাননি। ড. গোবিন্দচন্দ্র দেব, ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য. ড. মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের নয় শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তাদের এই সশস্ত্র অভিযানের উদ্দেশ্য ছিল একটাই। আর তা হলো বাঙালির মুক্তির আকাঙ্ক্ষাকে অঙ্কুরেই ধ্বংস করা।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করতে থাকে। তারা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর না করে গোপনে গোপনে সামরিক প্রস্তুতি নিতে থাকে। মুক্তিকামী বাঙালি তখন স্বাধীনতার চেতনায় উদ্বেলিত। আলোচনার নামে শাসকগোষ্ঠীর সময়ক্ষেপণকে বাঙালিরা সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে। ক্ষোভে ফেটে পড়ে বাংলার মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার একটি দিক-নির্দেশনামূলক রূপরেখা পেশ করেন। যা ছিল প্রকৃতপক্ষে বাঙালির মুক্তি সংগ্রামের মূলমন্ত্র।

এদিকে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে পশ্চিম পাকিস্তান থেকে জাহাজ বোঝাই করে সৈন্য ও গোলাবারুদ তৎকালীন পূর্ব পাকিস্তানে আনা হয়। বিষয়টি বাঙালিদের অজানা ছিল না। ক্ষোভে ফুঁসে ওঠে তারা। শুরু হয় বঙ্গবন্ধুর নির্দেশে অসহযোগ আন্দোলন।

২৫ মার্চ রাত সোয়া ১টার দিকে এক দল সৈন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বাড়ির দিকে এগিয়ে যায়। তারা গুলি ছুঁড়তে ছুঁড়তে বাড়ির ভেতরে প্রবেশ করে। তখন বঙ্গবন্ধু বীরের মতো দোতলার ঝুল বারান্দায় এসে দাঁড়ান। রাত ১টা ২৫ মিনিটের দিকে এ বাড়ির টেলিফোনের লাইন কেটে দেওয়া হয়। এ সময় বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে নস্যাতের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায় হায়েনার দল। অবশ্য গ্রেফতার হওয়ার আগেই ২৫ মার্চ মধ্যরাতের পর অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু তৎকালীন ইপিয়ারের ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। আর এই ওয়্যারলেস বার্তা চট্টগ্রাম ইপিআর সদর দপ্তরে পৌঁছে। চট্টগ্রাম উপকূলে নোঙ্গর করা একটি বিদেশি জাহাজও এ বার্তা গ্রহণ করে। তখন চট্টগ্রামে অবস্থানরত আওয়ামী লীগের তৎকালীন শ্রম বিষয়ক সম্পাদক জহুর আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সেই রাতেই সাইক্লোস্টাইল করে শহরবাসীর মধ্যে বিলির ব্যবস্থা করেন। বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণার ভিত্তিতেই ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয়।

২৫ মার্চের সূর্য পশ্চিমে অস্ত গেছে। তখন ঘড়ির কাঁটায় ৫টা ৪৪ মিনিট। এ সময় ঢাকা প্রেসিডেন্ট ভবন থেকে জেনারেল ইয়াহিয়া খান সোজা চলে গেলেন এয়ারপোর্টে। এর আগেই বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সিরিজ বৈঠক ব্যর্থ হয়ে যায়। তড়িঘড়ি করে পাক প্রেসিডেন্ট বিমানে করে পাড়ি দিলেন করাচিতে। ঢাকা থেকে পালানোর আগে জেনারেল ইয়াহিয়া শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে পাক সেনাবাহিনীকে বাঙালি হত্যার নীলনকশা বাস্তবায়নের নির্দেশ দিয়ে গেলেন। এর কয়েক ঘণ্টা না যেতেই পাক হানাদার বাহিনী ছড়িয়ে পড়ে ঢাকা শহরে। রাত ১০টা ৩৫ মিনিটে গোলন্দাজ, সাঁজোয়া ও পদাতিক এই তিন বাহিনী থেকে বাছাইকৃত এক দল পাক সেনা ইন্টারকন্টিনেন্টাল হোটেল (বর্তমানে রূপসী বাংলা) ঘিরে ফেলে। রিসেপশনে কালো বোর্ডে চক পেনসিল দিয়ে এক পাক ক্যাপ্টেন লিখে দেয়, বাইরে বের হলেই গুলি। তখন ওই হোটেলে অবস্থান করছিলেন দেশি-বিদেশি অনেক সাংবাদিক। বাইরে ট্যাংকের শব্দ শুনে তারা সবাই হোটেলের ১২ তলায় উঠলেন। মেশিনগানের গুলি শুনে তারা থমকে গেলেন। সবাই হতবাক হয়ে যায় পাক বাহিনীর এই বর্বরোচিত হামলায়। এই রাত একদিকে যেমন বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম মুহূর্তটি প্রত্যক্ষ করেছিল, তেমনি এ রাতেই সূচিত হয়েছিল জঘন্যতম গণহত্যার, নয় মাসে স্বাধীনতার জন্য মূল্য দিতে হয়েছিল ৩০ লাখ মানুষকে। পাক হানাদার বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল তাদের এ দেশীয় দোসর ঘাতক দালাল, রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা। স্বাধীনতার জন্য সম্ভ্রম হারাতে হয়েছিল অসংখ্য মা-বোনকে।

সিটি নির্বাচনের আগে সাঁড়াশি অভিযানের পরিকল্পনা ডিএমপির

ovijanঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে পুলিশ সপ্তাহব্যাপী ‘বিশেষ নিরাপত্তা অভিযানের’ পরিকল্পনা করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‘ব্লক রেইড’ নামে এ অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অংশ নেবেন।

ডিএমপি গতকাল থেকে এ অভিযান শুরু করতে চাইলেও পুলিশ জানিয়েছে এ জন্য তারা এখনও প্রস্তুত নয়।

সম্প্রতি ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত একটি নোটিস অপরাধ বিভাগসহ সকল উপকমিশনারের কাছে পাঠানো হয়। এতে চার বাহিনী থেকে ২০ জন করে ৮০ সদস্যের একটি দল তৈরির কথা বলা হয়েছে। আটটি দলে ভাগ করে ‘অপরাধপ্রবণ’ আট এলাকায় ৩১ মার্চ পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনার কথা বলা হয়েছে। নোটিসে উল্লেখিত এলাকা হচ্ছে- রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারি, তেজগাঁও, গুলশান, মিরপুর এবং উত্তরা।

ডিএমপির নোটিসটি বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর এম. ফজলে রাব্বি, র‌্যাব-১, ২, ৩, ৪ ও ১০ এর কমান্ডিং অফিসার এবং ডিএমপির অতিরিক্ত উপকমিশনারদের (অপরাধ) বিশেষ এই অভিযানের নেতৃত্বে রাখা হয়েছে। ডিএমপির যুগ্ম-কমিশনার মীর রিয়াজুল আলমকে (অপরাধ) অভিযান সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক কর্মকর্তা গতকাল বলেন, আন্দোলনের নামে বিএনপি, জামায়াত ও শিবিরকর্মীরা সহিংসতা, অগ্নিসংযোগ এবং বোমা হামলা চালাচ্ছে। তারা অপরাধী, মাদকাসক্ত এবং ছিনতাইকারীদের এসব নাশকতামূলক কাজের জন্য বিরাট অংকের টাকা দিচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, এমন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং আর্থিক পৃষ্ঠপোষকতাকারীদের আটক করতে ডিএমপি ঢাকায় অভিযান করবে। পুলিশের উপকমিশনারদের ‘সংগৃহীত তথ্যের ভিত্তিতে’ অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গোপন অভিযানের পরিবর্তে প্রকাশ্য অভিযান পরিচালনার জন্য ডিএমপি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। যাতে মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখতে পারে।

অভিযান সফল করতে যৌথ বাহিনী খ্যাতিমান ব্যক্তি, জনপ্র‌‌‌তিনিধি, কমিউনিটি পুলিশ এবং বিট পুলিশ সদস্যের সহযোগিতা নিতে পারবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকার নির্বাচনের আগে ‘নিশ্চিদ্র নিরাপত্তা’ নিশ্চিত করতে চায়। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ কাউকে নষ্ট করতে দেওয়া হবে না এবং নির্বাচনের সময় কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ মার্চ।

ভারতে উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়া জুড়ে

section66Aউচ্ছাস, আনন্দ, ব্যঙ্গ, কটাক্ষ এবং সবার উপর, স্বস্তি৷

ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(এ) ধারাকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করার পরমুহূর্ত থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে যে সব প্রতিক্রিয়ার ঢেউ উঠল তার মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ার মতো ছিল স্বস্তি এবং সুপ্রিম কোর্টকে ধন্যবাদ৷ এটাই হয়তো স্বাভাবিক প্রতিক্রিয়া৷ তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(এ) ধারায় ‘আপত্তিজনক’ বক্তব্যের সংজ্ঞা এতটাই অস্পষ্ট, যে সব মন্তব্য সাধারণ ভাবে সম্পূর্ণ আইনত সিদ্ধ, তা-ই ‘বেআইনি’ হয়ে উঠতে পারে শুধুমাত্র ইন্টারনেটে বলা হয়েছে বলে৷ এবং তার প্রমাণও মিলেছে গত ৭ বছরে৷ সোশ্যাল মিডিয়ায় শহরজোড়া বন্ধে বিরক্তি প্রকাশ থেকে রাজনীতিকদের নিয়ে ইয়ার্কি, তুচ্ছাতিতুচ্ছ ঘটনা হয়ে উঠেছে গ্রেফতারির কারণ৷ আর তাই এই ধারার এমন পরাজয়ের দিনে স্বস্তি প্রকাশ করতে সেই সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা

সুপ্রিম কোর্টের রায় আসার কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যায় প্রতিক্রিয়া৷ প্রত্যাশিত ভাবেই প্রথম মুখ খোলেন দীর্ঘ দিন ধরে যারা প্রকাশ্যে এই রায়ের বিরুদ্ধাচরণ করে এসেছেন তারাই৷ ৬৬(এ) ধারার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল পিপলস ইউনিয়ন অফ সিভিল লিবার্টিজ৷ তাদের আইনজীবী করুণা নন্দী ফেসবুকে লেখেন, ‘তিন বছর পর সাফল্য এলো৷ বিশ্বাস হচ্ছে না! ধন্যবাদ ভারতের সংবিধান, এখনও আমাদের সম্মান রক্ষা করে চলার জন্য৷’ বিচারপতি সন্তোষ হেগড়ে আবার অভিনন্দন জানিয়েছেন রায়দানকারী বিচারপতি রোহিন্টন নরিম্যানকে৷ ২০০৯ সালে দিল্লি হাইকোর্টে ৩৭৭ ধারাকে বেআইনি ঘোষণা করা হেগড়ের টুইট, ‘নরিম্যানকে বলেছিলাম, বিচারক হলে ভারতে বাক স্বাধীনতা যেন নিশ্চিত করেন৷ তিনি কথা রেখেছেন!’

ঝড় বয়েছে রসিকতারও৷ অধিকাংশ ক্ষেত্রেই নিশানা হয়েছেন যে সব রাজনীতিক ৬৬(এ) ধারার অপব্যবহার ঘটিয়েছেন তারাই৷ টুইটার ব্যবহারকারী সিদ্ধার্থ সিং যেমন নানা ‘আপত্তিজনক’ মন্তব্য লিখে পরীক্ষা করে দেখেছেন কেউ ধরে কি না! তার টুইট, ‘বাল ঠাকরের শেষ যাত্রায় কী ভয়ানক জ্যাম হয়েছিল! আজম খানের মোষগুলো নেহাতই গবেট৷ সিবালকে দেখতে পিটার পেটিগ্রিউয়ের (হ্যারি পটার সিরিজের অন্যতম খলনায়ক) মতো৷’ পাশে হ্যাশট্যাগ, ‘৬৬এ টেস্টিং’৷ আর এক সোশ্যাল সাইট রেডিট-এও ছিল উৎসবের মেজাজ৷ এক ইউজার লেখেন, ‘সুপ্রিম কোর্ট জিন্দাবাদ! এবার কি আমরা নিশ্চিন্তে আজম খানকে গালাগালি করতে পারি?’

মাউথশাট ডট কমের সিইও ফয়সল ফারুকি এই রায়ে উচ্ছ্বসিত৷ তার কথায়, ‘আজকের রায় দেশকে ডিজিট্যাল ট্রান্সফরমেশনে সাহায্য করবে৷ দেশকে পুরোপুরি ডিজিট্যাল বানানোর জন্য সবেমাত্র উদ্যোগ শুরু হয়েছে৷ এর ফলে অপ্রয়োজনীয় গ্রেফতার, কণ্ঠরোধ হবে৷ তা সত্যিই স্বস্তির৷ ভারত মুক্ত, ভারত নির্ভিক৷’ আরও নানা ওয়েবসাইট সংস্থা সুপ্রিম কোর্টের এই রায়ে উল্লসিত৷

আর সবার শেষে, বাক স্বাধীনতার জয় বলে এই রায়কে স্বাগত জানিয়েছে টুইটারের ভারত শাখাও৷

‘অবসর’ পেলেন না অর্থমন্ত্রী

muhit28বয়স তো কম হয়নি_ ৮১। কঠিন বাংলায় বলা যায়_ অশীতিপর। এই বয়সে বার্ধক্যজনিত অবসাদ, বিষণ্নতা খুবই স্বাভাবিক। এ সময় ক্লান্তিও যেন ক্ষমা করতে চায় না। বলছি সদা হাস্যমুখ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কথা। অর্থমন্ত্রীর গুরুদায়িত্ব এখন তার কাছে অনেকটা গুরুভার হয়ে দাঁড়িয়েছে। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। ‘অব্যাহতি’ নয়, তিনি ‘অবসর’ শব্দটি প্রয়োগ করেছিলেন। মুহিতের মতো প্রজ্ঞাবান, অভিভাবকতুল্য মন্ত্রী কে আছেন আর মন্ত্রিসভায়? সঙ্গত কারণেই প্রধানমন্ত্রী তাকে পরিষ্কার জানিয়ে দিলেন_ অব্যাহতি বা অবসর নয়, বর্তমান গুরুদায়িত্বই তাকে পালন করতে হবে। প্রয়োজনে কিছুদিন ছুটি নিতে তাকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অগত্যা তার পরামর্শই শিরোধার্য।
প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে বেশ কয়েক দিন ছুটি কাটিয়েছেন অর্থমন্ত্রী। ছুটির অবসরে হেয়ার রোডে সরকারি বাসভবনে বসে আত্মজীবনীমূলক গ্রন্থ লেখার কাজ অনেকটা গুছিয়ে নিয়েছেন। ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে নিজের প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে অবশ্য জরুরি ফাইল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও দিয়েছেন।
এর আগেও একাধিকবার মন্ত্রিসভায় না থাকার ইচ্ছে ব্যক্ত করেছিলেন আবুল মাল আবদুল মুহিত। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে সচিবালয়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেছিলেন, মন্ত্রী হিসেবে তিনি আর দায়িত্ব পালন করতে চাইছেন না। এমন ইচ্ছার কথা শুনলেও প্রধানমন্ত্রী তা কখনও আমলে নেননি।
স্বচ্ছ ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর আস্থাভাজন আবুল মাল আবদুল মুহিতকে মন্ত্রিসভায় তার সহকর্মীরা খুব পছন্দ করেন। স্পষ্ট কথা বলায় তার জুড়ি নেই। তার এই অকপট সারল্যে মাঝেমধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে সমালোচনার মুখেও পড়েছেন অর্থমন্ত্রী। যেমন :সোনালী ব্যাংকে হলমার্ক কেলেঙ্কারির পর ‘চার হাজার কোটি টাকা তেমন কিছুই নয়’_ তার এ বক্তব্য সরকারকেও কিছুটা অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল।গত সংসদ নির্বাচনের আগে রাজনীতি ছাড়ার ইচ্ছের কথা বলেছিলেন সিলেট-১ আসনের এমপি মুহিত। তাকে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে হয়েছে। তিনি বিজয়ীও হয়েছেন। আবারও অর্থমন্ত্রীর কঠিন দায়িত্ব তারই ওপর অর্পণ করা হয়েছে।
আগামী বাজেট অধিবেশনের পর আবুল মাল আবদুল মুহিত দায়িত্ব পালনে আর রাজি নাও হতে পারেন। তিনি অপারগতা প্রকাশ করলে অর্থমন্ত্রী হিসেবে নতুন মুখ দেখা যেতে পারে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতারা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন অর্থমন্ত্রীর কথা ভেবে রেখেছেন। সে ক্ষেত্রে অনেক নামের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানের নামটিই সবার আগে রয়েছে বলে জানা গেছে।

শিলাবৃষ্টি হতে পারে

shilaঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২/১ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে একথা জানানো হয়েছে।
অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, খুলনা, পটুয়াখালী, রাঙামাটি, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে; যা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে; যা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে; যা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় মঙ্গলবারের সবোর্চ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার ঢাকায় সূর্যাস্ত ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় ৫টা ৫৭ মিনিটে।

রেললাইন পার হতে গিয়ে কাটা পড়লেন যুবক

train13লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে রুটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম বাবুল হোসেন (৩০)। উপজেলার গড্ডিমারী ইউনিয়নের আলী আকবরের ছেলে তিনি।
বড়খাতা রেলওয়ে স্টেশনের মাস্টার আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার রাত ১টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বড়খাতা রেল স্টেশনে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বাবুল। তার বাম হাতটি দ্বিখণ্ডিত হয়ে গেছে।
নিহতের বড়ভাই আবুল হোসেন বলছেন, রেললাইন পার হতে গিয়েই এ কাটা পড়েছেন বাবুল।
তবে লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’