সোমবার, অক্টোবর ৫, ২০২৬

চৈত্রসংক্রান্তিতে ছুটি ঘোষণায় সরকারকে পার্বত্য উপদেষ্টার অভিনন্দন

চৈত্রসংক্রান্তি উপলক্ষে পার্বত্য অঞ্চলে ছুটি ঘোষণা করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে বিসিএস ফরেন সার্ভিস একাডেমি অডিটরিয়ামে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিনন্দন জানান তিনি।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সুপ্রদীপ চাকমা বলেন, ‘চৈত্রসংক্রান্তিতে এপ্রিল মাসের ১৩ তারিখ আমরা পাহাড়িরা ছুটি পেয়েছি।
এই উৎসব উদযাপনের জন্য পার্বত্য অঞ্চলের মানুষের জন্য ছুটি ঘোষণা করায় বর্তমান সরকারকে পার্বত্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বিজু উৎসব চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান আনন্দ-উৎসব। পার্বত্য এলাকার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সর্বত্র বিজু মেলা চলছে। গিলা খেলা, বলি খেলা ও বিভিন্ন ধরনের আনন্দদায়ক খেলা চলছে সেখানে।
’

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজু উপলক্ষে বিভিন্ন প্রকার সাহায্য-সহযোগিতা দেওয়ার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা তিন জেলায় ৬০০ মেট্রিক টন চাল ও ৪৫০ মেট্রিক টন গম ইতোমধ্যে দিয়েছি।’

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিজু উৎসব সম্পর্কে বলেন, বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন ভোরের আলো ফোটার আগেই ছেলে-মেয়েরা ফুল সংগ্রহের জন্য বেরিয়ে পড়ে।
সংগ্রহ করা ফুলের এক ভাগ দিয়ে বুদ্ধকে পূজা করা হয় আর অন্য ভাগ জলে ভাসিয়ে দেওয়া হয়। বাকি ফুলগুলো দিয়ে ঘরবাড়ি সাজানো হয়।

সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী স্প্যানিশ কম্পানি ইন্ডিটেক্স

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনের বহুজাতিক কম্পানি ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া ম্যাসেইরাস।

বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বৈশ্বিক বাণিজ্যের ক্রমবর্ধমান প্রেক্ষাপট, বাংলাদেশ ও স্পেনের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের সম্প্রসারণ এবং বাংলাদেশের অভ্যন্তরে ইন্ডিটেক্সের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইন্ডিটেক্স বিশ্বের সবচেয়ে বড় পোশাক তৈরিকারী প্রতিষ্ঠান, যেটি জারা, বেরশকা এবং ম্যাসিমো দত্তিসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের স্বত্বাধিকারী।

ইন্ডিটেক্সের সিইও বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে এটিকে ‘অত্যন্ত অনুপ্রেরণামূলক’ বলে বর্ণনা করেন।

মাসেইরাস ইন্ডিটেক্সের সোর্সিং হাব হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘ইন্ডিটেক্সের সঙ্গে অংশীদারি আরো গভীর করতে প্রতিষ্ঠানটির অভিপ্রায় আছে। আমাদের মধ্যে খুব দৃঢ় সম্পর্ক রয়েছে। আমরা সম্পর্ক জোরদার করতে চাইছি, সোর্সিংয়ের জন্য বাংলাদেশ খুবই ব্যবসাবান্ধব।
’

বৈশ্বিক বাণিজ্যের জটিলতা এবং বাংলাদেশের মতো দেশগুলোতে এর প্রভাবের কথা উল্লেখ করে ইন্ডিটেক্সের সিইও পরামর্শ দেন যে উদীয়মান বৈশ্বিক বাণিজ্য গতিশীলতা পুঁজি করার জন্য বাংলাদেশ ‘ভালো অবস্থানে’ রয়েছে। তিনি বর্তমান বিশ্ব বাণিজ্য পরিবেশকে প্রভাবিত করার ‘চলমান অংশগুলো’ স্বীকার করেন।

বাংলাদেশের বেশ কয়েকটি কারখানা পরিদর্শন শেষে মেসেইরাস দেশের অভ্যন্তরে উৎপাদিত বৈচিত্র্যময় পণ্যের প্রশংসা করেন।

তিনি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সঙ্গে সদ্য সই হওয়া একটি চুক্তির মাধ্যমে বাংলাদেশের কারখানাগুলোর কমপক্ষে ৫০ জন নারী শ্রমিকের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষায় অর্থায়নের প্রতিশ্রুতি ঘোষণা করেন।

মাসেইরাস আরো জানান, ইন্ডিটেক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতির জন্য একটি ইন্ডিটেক্স চেয়ার প্রতিষ্ঠা করেছে।

প্রধান উপদেষ্টা কম্পানির সামাজিক দায়বদ্ধতার প্রচেষ্টার প্রশংসা করেন। ড. ইউনূস স্পেনে কাটানো সময় এবং স্পেনের সাবেক রানি সোফিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন।

তিনি বাংলাদেশের পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবা সুবিধায় বিনিয়োগ বাড়াতে ইন্ডিটেক্সের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত কম্পানির কর্মকর্তারা জানান, ইন্ডিটেক্স শিগগিরই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার শিপিং কার্গো পরিবহন শুরু করবে।

দ্বিগুন বাড়ল জংলির শো

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে এম রাহিমের ‘জংলি’। সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ছবিটি প্রথম দিন থেকেই সিনেপ্লেক্সের সবগুলো শো হাউসফুল দিচ্ছিল। তবে দর্শকদের কাছে তুমুল চাহিদা থাকলেও চেইন এই মাল্টিপ্লেক্সের সবগুলো শাখায় শো কম থাকায় সিনেমাটি দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনা ঘটছিল।

‘জংলি’ টিম থেকে বারবার শো বাড়ানোর দাবিও তোলা হয়।
তবে শো না বাড়ায় এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক লেখালেখিও করেন। অবশ্য মাঝে দু-একটি শো বাড়িয়েও আবার কমিয়ে আনা হয়। ছবিটি মুক্তির এক সপ্তাহ পেরোতেই এবার জানা গেল, সিনেপ্লেক্সের শাখাগুলোতে ‘জংলি’র শো বেড়েছে দ্বিগুণ। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

তিনি বলেন, “আমাদের ‘জংলি’ গল্পের সিনেমা। এই এক সপ্তাহে সেটা দর্শকদের মুখ থেকেই প্রমাণিত হয়েছে। দর্শক পরিবার নিয়ে হলে এসে ‘জংলি’ দেখছেন। একজন দর্শকও ছবিটির কোনো খারাপ রিভিউ দেননি।
এটাই আমাদের জন্য বড় প্রাপ্তির। এমন একটা গল্পের সিনেমার শো কমিয়ে রাখা হয়েছিল এত দিন, সিনেপ্লেক্সের সবগুলো শাখায় আমাদের মাত্র সাতটি শো ছিল। অথচ সবগুলো শোর টিকিট অগ্রিম বিক্রি হয়ে যাচ্ছিল। তার পরও শো বাড়ানো হচ্ছিল না। অবশেষে দর্শকদের ভালো লাগা আর চাহিদার কারণে এক সপ্তাহের মাথায় এসে ‘জংলি’র শো দ্বিগুণ করা হয়েছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে জানা যায়, ঈদের দিন ‘জংলি’র সাতটি শো ছিল। দ্বিতীয় দিন তা বেড়ে হয় ৯টি। চতুর্থ দিনে সেটা কমিয়ে হয়েছিল মাত্র ছয়টি। অষ্টম দিনে এসে শো হয় আটটি। নবম দিনে এসে সিনেমাটির শো দেওয়া হয়েছে ১৪টি, যা মুক্তির দিনের সংখ্যার দ্বিগুণ।

ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭২ জন গ্রেপ্তার : প্রেস সচিব

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে গত সোমবার সারা দেশে বিক্ষোভ চলাকালে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির সময় সহিংসতা, দোকানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।

তিনি বলেন, এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের পরিপন্থী। এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দুটি মামলা দায়ের হয়েছে। আরো তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলার প্রস্তুতি চলছে।

এদিকে পুলিশ সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে- খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন। এসব ঘটনা সংক্রান্তে এখন পর্যন্ত মোট ৯টি মামলা রুজু হয়েছে।

ধসে পড়ল নাইটক্লাবের ছাদ, নিহত ৯৮

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮ জনের। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। বুধবার ভোরে উদ্ধার অভিযানের প্রধান এই তথ্য জানিয়েছেন।

জরুরি অপারেশন সেন্টারের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেছেন, ‘প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৯৮ জনে পৌঁছেছে।
এই সংখ্যা আরো বাড়তে পারে।’ ঘটনার পরে উদ্ধারকারীরা জীবিতদের খুঁজে বের করার জন্য ছুটে যান। ৩৭০ জনেরও বেশি উদ্ধারকর্মী জীবিতদের উদ্ধারের জন্য কাজ করছেন। কয়েক ডজন অ্যাম্বুলেন্স আহতদের হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৪৪ মিনিটে দুর্ঘটনা যখন ঘটে তখন ক্লাবে ৫০০ থেকে ১ হাজার জন লোক ছিল। ক্লাবটিতে ৭০০ জন বসার এবং প্রায় ১ হাজার জন দাঁড়িয়ে থাকার ক্ষমতা রয়েছে। নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি।

একটি ভিডিওতে দেখা গেছে একটি ব্যান্ড গান পরিবেশন করছে।
এ সময় স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এর কয়েক মুহূর্ত পরই পুরো ছাদটি ধসে পড়ে।

দেশটির রাষ্ট্রপতি লুইস আবিনাদারের মতে, মৃতদের মধ্যে মন্টে ক্রিস্টি পৌরসভার গভর্নর নেলসি ক্রুজও ছিলেন। মৃতের সংখ্যা ১৫ জন থেকে শুরু হয়েছিল এবং এরপর তা বাড়তে থাকে।
সন্ধ্যা নাগাদ ৭৯ জনে পৌঁছায় এবং আজ সকালে ৯৮ জনে দাঁড়িয়েছে।

ক্লাবের ছাদের একসময় একটি বড় গর্ত দেখা গেছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। একটি ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। কর্তৃপক্ষ ডোমিনিকানদের রক্তদানের জন্য আহ্বান জানিয়েছে।

জরুরি অপারেশন সেন্টারের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেছেন, ‘যতক্ষণ জীবনের আশা থাকবে, ততক্ষণ পর্যন্ত সকল কর্তৃপক্ষ এই লোকদের উদ্ধারের জন্য কাজ করবে।’ রাষ্ট্রপতি আবিনাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

সূত্র : এএফপি

ইসরায়েলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনের সাংবাদিক

খান ইউনিসে বসবাসকারী সাংবাদিকদের একটি তাঁবুতে ইসরায়েলি হামলার পর জীবন্ত দগ্ধ হয়ে ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। এ ঘটনায় গাজাবাসী শোক প্রকাশ করেছে।

দুই সন্তানের জনক মনসুর ইসরায়েলি হামলায় নিহত তিনজনের মধ্যে একজন। যাদের মধ্যে সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি এবং নাগরিক ইউসুফ আল-খাজিন্দারও ছিলেন।
তাঁবুতে থাকা আরো বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। যাদের মধ্যে হাসান ইসলায়েহ, আহমেদ আল-আগা, মোহাম্মদ ফায়েক, আবদুল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি, মাহমুদ আওয়াদ, মাজেদ কুদাইহ এবং আলী ইসলায়হ রয়েছেন। তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জীবন্এত পুড়ে যাওয়ার একটি ভিডিও ব্যাপকভাবে শেয়ার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে স্থানীয় প্যালেস্টাইন টুডে সংবাদ সংস্থার সংবাদদাতাকে গত সোমবার আগুনে পুড়ে যেতে দেখা যায়। তার সহকর্মীরা তাকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে। প্রথমে মনসুরকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তবে ফিলিস্তিনি সংবাদ ওয়েবসাইট আরব৪৮ অনুসারে, গতকাল মঙ্গলবার ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা মনসুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সরকারি বার্তা সংস্থা ওয়াফাও জানিয়েছে, মানসুর গতকাল মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিডল ইস্ট আইয়ের সংবাদদাতা আহমেদ আজিজ হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি জানিয়েছেন, ‘তাঁবুতে থাকা মানুষ আহমেদ মনসুরকে আগুন থেকে উদ্ধার করার জন্য মরিয়া চেষ্টা করেছিলেন, কিন্তু পারছিলেন না। কারণ তাঁবুতে থাকা স্পঞ্জ, কাঠ এবং নাইলন দ্রুত আগুন ধরে যায়।’

শাত নামে তার একজন সহকর্মী জানান, হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ।
তাঁবুতে থাকা সকল সাংবাদিকদের ঘুম ভেঙে যায়। তারা ভীত ও বিভ্রান্ত হয়ে তাঁবু ছেড়ে বেরিয়ে আসেন। শাত মোবাইল হাতে তুলে ধরেন—অভ্যস্তভাবে ভিডিও ধারণের জন্য প্রস্তুত হন।

হামলা থেকে বেঁচে যাওয়া সাংবাদিক আবেদ শাত বলেন, ভোর ৩টার দিকে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সাংবাদিকরা যেখানে অবস্থান করছিলেন, সেই তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। শাত বলেন, ‘সাংবাদিকদের জন্য তাঁবুটি সকলের কাছে পরিচিত ছিল। এটা থেকে নিশ্চিত হওয়া যেতে পারে, সাংবাদিকদের ওপর ইচ্ছা করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।’

যুদ্ধ শুরুর পর থেকেই সাংবাদিকরা হাসপাতাল চত্বরে আশ্রয় নিচ্ছেন, যেখানে অপেক্ষাকৃত ভালো ইন্টারনেট, বিদ্যুৎ ও নিরাপত্তা থাকে। আবেদ শাত বলেন, আমরা এখানেই থাকি, এখানেই ঘুমাই, এখানেই কাজ করি। পরিবারকে এতটা দেখি না, যতটা একে-অপরকে দেখি। আমাদের বন্ধন এখন শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা তার চেয়েও গভীর।

হামলা চালানো হয় টিভি চ্যানেল ‘প্যালেস্টাইন টুডে’-র সাংবাদিকদের তাঁবুতে। দূর থেকে শাত ছবি তুলছিলেন, কিন্তু জ্বলন্ত তাঁবুর কাছাকাছি গিয়েই তিনি দেখেন, তার এক সহকর্মী আগুনের মধ্যে পুড়ছেন। ক্যামেরা নামিয়ে রেখে ছুটে যান তাকে বাঁচাতে। শাত বলেন, আগুন ভয়াবহ ছিল। আমি তার পা ধরে টান দিতে চেষ্টা করি, কিন্তু প্যান্ট ছিঁড়ে যায়। এরপর অন্যভাবে চেষ্টা করি, কিন্তু কিছুতেই পারছিলাম না। শেষমেশ আমাকে সরে যেতে হয়। এরপর কিছু মানুষ পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে। শাত বলেন, আমি হঠাৎ দুর্বল হয়ে পড়ি, তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েল ২১১ জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে। ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের একটি প্রতিবেদন অনুসারে, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ সাংবাদিকদের জন্য ‘সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি।’

ইসরায়েলি সেনাবাহিনী এক্স-এ (সাবেক টুইটার) দাবি করেছে, তারা এই হামলা চালিয়েছে হাসান আবদেল ফাত্তাহ মুহাম্মদ ইসলাইহকে লক্ষ্য করে। ইসরায়েলের অভিযোগ, তিনি হামাসের সদস্য, সাংবাদিকের ছদ্মবেশে ছিলেন। কিন্তু সেই দাবি প্রমাণে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সাংবাদিক ইসলাইহর সোশ্যাল মিডিয়ায় বিপুল অনুসারী রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলের ওপর চালানো হামলার সময় তিনি ঘটনাস্থল থেকে রিপোর্ট করেছিলেন, যার জেরে ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে বারবার হুমকি দিয়েছ ঘুমন্ত সাংবাদিকদের তাঁবুতে বোমা হামলা চালিয়ে একজনকে ধরার সিদ্ধান্তের পেছনে যুক্তির ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি বাহিনী।

সূত্র : মিডিল ইষ্ট আই, আলজাজিরা, আরব নিউজ

বার্য়ানের মাঠে ইন্টারের জয়

চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালের প্রথম লেগে বার্য়ান মিউনিখের মাঠ থেকে ২-১ গোলে জিতেছে ইন্টার মিলান।

মঙ্গলবার রাতে আলিয়েঞ্জে অ্যারেনায় প্রথমার্ধে ১-০ গোলের লিড নেয় ইনজাগির ইন্টার মিলান। গোল করেন দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে ওই গোল শোধ করে দেয় একের পর এক আক্রমণ তুলে ইন্টার মিলানকে কোণঠাসা করা স্বাগতিক বার্য়ান।
গোলটি করেন মৌসুম শেষে বার্য়ান ছাড়তে যাওয়া টমাস মুলার।

খানিক বাদেই পুনরায় লিডে ফেরে লিগ টেবিলে শীর্ষে থাকা ইন্টার মিলান। ৮৫ মিনিটে গোলটি করেন ফ্রাত্তেসি।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে ইন্টার মিলান।
রক্ষণে অটুট দলটি ১৭ এপ্রিল ঘরের মাঠে বাভারিয়ানদের আটকে রাখতে পারলেই চলে যাবে শেষ চারে।

ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। আগামী ১৫ ও ১৬ এপ্রিল ট্রাম্প প্রশাসনের এই দুই কর্মকর্তা ঢাকায় পৌঁছবেন বলে কূটনৈ‌তিক সূত্রে জানা গেছে।

ঢাকা সফরকালে তারা বাংলাদেশ সরকারের সংস্কার ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এই সফরে তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মিয়ানমারের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের।

সূত্র জানায়, আগামী ১৫-১৮ এ‌প্রিল ঢাকা সফর করার কথা র‌য়ে‌ছে মা‌র্কিন কর্মকর্তা‌দের। তাদের ম‌ধ্যে ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিকের। পর‌দিন ১৬ এপ্রিল ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্বএশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ। ওই সম‌য়ে মিয়ানমারে নিযুক্ত মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসবেন।

সফরকালে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ে তার বৈঠক করার কথা রয়েছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটিই হতে যাচ্ছে দেশটির উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর।

সরে দাঁড়ালেন বিশাল দাদলানি

সদ্যই শেষ হলো ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৫’। এরমধ্য দিয়ে পর পর ‘ইন্ডিয়ান আইডল’-এর ছয়টি সিজনে বিচারকের দায়িত্ব পালন করেছেন সুরকার বিশাল দাদলানি। এবার বিচারকের ভূমিকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী সিজনে আর দেখা মিলবে না তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা নিজেই জানিয়েছেন এই সুরকার। শোয়ের অন্য দুই বিচারক শ্রেয়া ঘোষাল ও বাদশার সঙ্গে একটি ভিডিও পোস্ট করে বিশাল লিখেছেন, ‘ইন্ডিয়ান আইডলকে বিদায় জানাচ্ছি। এখানেই আমি আমার যাত্রা শেষ করছি। টানা ৬ সিজন বিচারক ছিলাম।
এই শো থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, বিশেষত আমার সহকর্মী, শোয়ের প্রতিযোগী, অন্য বিচারক, যন্ত্রশিল্পীদের থেকে, তা কোনওদিন ভোলার নয়। এই শোয়ের মঞ্চকে আমি খুব মিস করব। এটা আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছিল। শ্রেয়া, বাদশা, আদি, আরাধনা, চিত্রা, আনন্দজি, সোনাল, প্রতিভা, সাহিলসহ শোয়ের সঙ্গে জড়িত প্রত্যেককে অনেক ধন্যবাদ।
সময় এসে গেছে আমার আবার মঞ্চে দর্শকের দরবারে ফিরে যাওয়ার।’

শো ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘গত ৬ সিজন ধরে প্রত্যেক বছর এই রিয়েলিটি শো চলাকালীন ৬ মাস করে মুম্বাইতে আটকে থাকতে হয়েছে। কোনো শো করার সুযোগ পাইনি। এমনকী নতুন সুর নিয়ে কাজের অবকাশও হয়নি। ইন্ডিয়ান আইডল ছেড়ে এবার আমার নিজস্ব কাজে মন দিতে চাই।
সুর ও কনসার্টের জগতে ফিরতে চাই।’

হজযাত্রীদের টিকা গ্রহণে সঙ্গে নিতে হবে যেসব স্বাস্থ্য রিপোর্ট

হজযাত্রীদের টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। নির্ধারিত মেডিক্যাল সেন্টারে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সঙ্গে আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের আলোকে গতকাল সোমবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচিত মেডিক্যাল সেন্টারে ২০২৫ সালের সকল হজযাত্রীকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত সাতটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট (৩ মাসের মধ্যে সম্পন্ন) সঙ্গে নিতে হবে।
রিপোর্টগুলোর মধ্যে রয়েছে- ইউরিন আর/এম/ই; আরবিএস; এক্সরে চেস্ট পি/এ ভিউ; ইসিজি; সেরাম ক্রিয়েটিনিন, সিবিসি উইথ ইএসআর, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতি জরুরি।

এ ছাড়াও ২০২৫ সালের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ওই তালিকায় ঢাকা জেলার সিভিল সার্জন অফিস ব্যতীত সকল জেলার সিভিল সার্জন অফিস থেকে টিকা গ্রহণ করা যাবে।
এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল; স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল; শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল; কুর্মিটোলা জেনারেল হাসপাতাল; সম্মিলিত সামরিক হাসপাতাল; সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া; মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল; কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ; বাংলাদেশ সচিবালয় ক্লিনিক; শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর; শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুর; চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও এই টিকা নেওয়া যাবে।

যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।