শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বিধি লঙ্ঘন করলে ছাড় নয় : ইসি সচিব

city electionঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন (ইসি) তাদের ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সচিব মো. সিরাজুল ইসলাম।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোমবার দুপুরে তিনি এ হুঁশিয়ারি দেন।

সিরাজুল ইসলাম বলেন, আপনারা ইতোমধ্যে জেনেছেন, রবিবার ঢাকা উত্তর সিটির সম্ভাব্য এক মেয়র প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছেন। সুতরাং আচরণবিধি লঙ্ঘন করলে কেউ ছাড় পাবে না। অবশ্যই তাদের বিধি অনুসারে সাজা দেওয়া হবে।

তিনি জানান, সম্ভাব্য প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করতে পারেন তার জন্য তিন সিটিতে ৬টি করে মোট ১৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। বিধি লঙ্ঘন করলেই তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

সচিব আরও জানান, নির্বাচন আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের দিন থেকে পূর্ববর্তী ২১ দিন আগে অর্থাৎ ৭ এপ্রিলের পূর্বে প্রচারণা চালানো যাবে না। ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রার্থীরা চূড়ান্ত প্রচারণা চালাবেন। তবে বিনাপ্রতীকে প্রার্থীরা তিনদিন সীমিত আকারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১০ এর অনুচ্ছেদ ৪-এ নির্বাচনী প্রচারণার সময় প্রসঙ্গে বলা হয়েছে, ‘কোনো প্র্রার্থী বা তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২১ দিন পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না।’

বিধি অনুসারে, ভোটগ্রহণ দিন থেকে পূর্ববর্তী ২১ দিন প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তবে সেখানে প্রার্থীর ছবি, দলীয় প্রতীক ও দলের নাম ব্যবহার করতে পারবে না। এমনকি ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হবে।

তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ, যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ১০ এপ্রিল, ভোটগ্রহণ ২৮ এপ্রিল।

ব্লগ কি বুঝি না, ঈমানি দায়িত্বে হত্যা করেছি

blog arrestব্লগ কি বুঝি না, আর তার লেখাও আমরা দেখিনি। হুজুরের পরামর্শ, সে ইসলামবিরোধী। তাকে হত্যা করা ঈমানি দায়িত্ব। আর সেই ঈমানি দায়িত্ব পালন করতে ওয়াশিকুরকে হত্যা করেছি।

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার সঙ্গে জড়িত দুই মাদ্রাসার ছাত্র জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম আটকের পর পুলিশের কাছে এমন তথ্য দিয়েছেন।

ডিএমপি’র তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ব্লগার ওয়াশিকুর রহমান তার দক্ষিণ  বেগুনবাড়ির বাসা থেকে কর্মস্থল মতিঝিল ফারইস্ট ট্রাভেল এজেন্সি অফিসে যাওয়ার জন্য বের হলে তিনজনক তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ও টহলরত তেজগাঁও শিল্পাঞ্চল থানা  পুলিশ ধাওয়া দেয়। এক পর্যায়ে চট্রগ্রামের হাটহাজারি মাদ্রাসার ছাত্র জিকরুল্লাহ ও রাজধানীর মিরপুরের দারুল উলুম মাদ্রাসার ছাত্র আরিফুল ইসলামকে রক্তমাখা চাপাতিসহ আটক করে।
এর পর পরই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে।

উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার আটককৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, ধর্মীয় মতাদর্শের কারণে ওয়াশিকুরকে হত্যা করা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, রোববার (২৯ মার্চ) বিকেলে আটককৃত জিকরুল্লাহ, আরিফ ও পালিয়ে যাওয়া তাহের তিনজন মিলে ওয়াশিকুরের বাসা রেকি করেন। সোমবার সকালে তিনি বাসা থেকে বের হওয়া মাত্র তাকে হত্যা করা হবে বলে পরিকল্পনা করেন।

সে পরিকল্পনার অংশ হিসেবে তারা সোমবার সকালে সেখানে অবস্থান গ্রহণ করে। ওয়াশিকুর রহমান বাসা থেকে বের হয়ে সামনের দিকে এগোনো মাত্রই জিকরুল্লাহ ও তাহের চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ ধাওয়া করলে আরিফ ও জিকরুল্লাহ ধরা পড়েন। তবে তাহের পালিয়ে যান। আরিফের ব্যাগ থেকে চাপাতি পাওয়া যায়।

বিপ্লব কুমার সরকার বলেন, তাদেরকে হুজুর জানিয়েছেন, ওয়াশিকুর রহমান ধর্মের বিরুদ্ধে ব্লগে লেখালেখি করেন। আর এ কারণে তাকে হত্যা করা ঈমানি দায়িত্ব। আর এ দ্বায়িত্ব পড়ে এদের ওপর। গত শনিবার (২৮ মার্চ) জিকরুল্লাহ চট্রগ্রামের হাটহাজারি মাদ্রাসা থেকে এ কাজের জন্য ঢাকায় এসে যাত্রাবাড়ীর একটি মসজিদে অবস্থান নেন।

রোববার হত্যার মিশন নিয়ে পরিকল্পনার জন্য তারা একসঙ্গে মিলিত হন এবং নিহত ওয়াশিকুরের বাসা রেকি করেন। কারা হত্যার নির্দেশদাতা, তারা কোনো ধর্মীয় উগ্রবাদী সংগঠন কি-না এ বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি ডিসি বিপ্লাব কুমার সরকার।

তবে তিনি বলেন, যেহেতু জিজ্ঞাসাবাদেও এটি একেবারেই প্রাথমিক পর্যায় সেহেতু আরো বিশদভাবে জিজ্ঞাসাবাদ করলে এসব বিষয়ে তথ্য পাওয়া যাবে।

তিনি বলেন, এর শেকড় কোথায় তা আমরা খতিয়ে দেখবো।

এদিকে আটকের পর থানায় গোয়েন্দা বিভাগের একাধিক টিম ও র্যাবের একাধিক টিমও আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা বলেন, সর্বশেষ লেখক-ব্লগার অভিজিৎ, চ্যানেল আইয়ের জনপ্রিয় ইসলামী অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী, লুৎফর রহমান, ব্লগার রাজিবসহ বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা একই ধরনের হওয়াতে আটককৃতদের কাছ থেকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

কর্মকর্তারা বলেন, যেহেতু তারা হাতেনাতে ধরা পড়েছেন, এমনকি যে চাপাতি দিয়ে হত্যা করা হয়েছে সেই রক্তমাখা চাপাতিও উদ্ধার হয়েছে সেহেতু এ মামলাসহ কারা এসব ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটাচ্ছে, সেসব বিষয়েও বিশদ তথ্য পাওয়া যাবে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সাতরাস্তা থেকে পূর্বদিকে ২০০ গজ দূরে মধ্য বেগুনবাড়ির এক গলির রাস্তায় বিসমিল্লাহ মঞ্জিল নামের বাড়ির দ্বিতীয় তলার এক রুমে থাকতেন ওয়াশিকুর রহমান। তার বাসার পাশের ৪/২ নম্বর বাড়ির সামনেই তাকে হত্যা করা হয়েছে।

পুলিশের কর্মকর্তারা বলছেন, খুনিরা আগে থেকে রাস্তার দুই পাশে ওঁৎ পেতে ছিলেন। ওয়াশিকুর বাড়ি থেকে বের হওয়া মাত্রই প্রথমে পেছন থেকে চাপাতি দিয়ে কোপানো শুরু করেন। এরপর তিনি বাঁচার চেষ্টা করলেও চারদিক থেকে মাথা-ঘাড়ে কোপান। ধারালো চাপাতির কোপে ওয়াশিকুর রহমান বাবুর শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

শিল্পাঞ্চল থানার ওসি সালাহ উদ্দীন আহমেদ জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।  নিহতের পরিবারের লোকজন থানায় এলে হত্যা মামলা দায়ের করা হবে।

লগো বন্ধ হচ্ছে যবিপ্রবি!

jobiঅনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হতে পারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ‘সাধারণ শিক্ষার্থীদের’ ছদ্মাবরণে ছাত্রলীগের আন্দোলনের নামে নৈরাজ্যের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সিদ্ধান্ত নির্ভর করছে মঙ্গলবার অনুষ্ঠিতব্য শিক্ষক সমিতির সভার ওপর।

এদিকে, সোমবার বিশ্ববিদ্যালয় এক দিনের জন্য বন্ধ রয়েছে। এ দিন কোনো ক্লাস-পরীক্ষা বা মিছিল-মিটিং হয়নি।
যবিপ্রবি’র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত এক প্রকার পাকা হয়েই আছে। উপাচার্য সোমবার সন্ধ্যার ফ্লাইটে ঢাকা থেকে ফিরছেন। মঙ্গলবার যবিপ্রবি শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা ডাকা হয়েছে। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর উপাচার্য তার সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

জানতে চাইলে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রেখে ক্লাস-পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম চালানোর জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকলে, বিশেষ করে শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগলে, কীভাবে প্রতিষ্ঠান খোলা রাখব?”

যবিপ্রবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল বলেন, “বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল ছুটি ঘোষণার সম্ভাবনাই বেশি। প্রায় সবাই এ ব্যাপারে একমত। উপাচার্য ঢাকা থেকে ফিরে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।”

গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হতে পারে বলেও ধারণা দেন তিনি।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে রোববার বেশ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জরুরি সাধারণ সভা ডেকেছে।

শিক্ষক সমিতির সভাপতি ড. আনিসুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় চালু থাকবে, নাকি বন্ধ হবে, তা নির্ধারণ করবেন উপাচার্য। শিক্ষকদের নিরাপত্তার বিষয়টি তিনি গুরুত্বসহকারে দেখবেন। তাই শিক্ষক সমিতির সভার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে।”
তিনি বলেন, “বিরাজমান পরিস্থিতিতে শিক্ষকরা অপমানিত বোধ করছেন। এটি স্বস্তিদায়ক কোনো পরিবেশ না। এ পরিস্থিতিতে অ্যাকাডেমিক কার্যক্রম কীভাবে চালিয়ে নেওয়া সম্ভব? এখনও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের মূল গেটে তালা মারা। আমরা পেছনের গেট দিয়ে ঢুকে প্রয়োজনীয় কাজকর্ম সারছি।”

এদিকে, সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। আন্দোলনের মুখে উপাচার্য তার বিশেষ ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ে এ দিন ছুটি ঘোষণা করেছেন বলে দাবি ছাত্রলীগ যবিপ্রবি শাখার সহ-সভাপতি ও চলমান আন্দোলনের নেতা শেখ শাকিল আহমেদের।

তবে শিক্ষক সমিতির সভাপতি ড. আনিসুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা পিকনিকে গেছে। এ ছাড়া পাওনা ছুটিও রয়েছে। তাই উপাচার্য এক দিনের জন্য বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছেন। এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই।”

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এ দিন ক্যাম্পাসে কোনো মিছিল-মিটিং হয়নি।

ছাত্রলীগ নেতা শেখ শাকিল আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয় খোলা না থাকায় মিছিল-মিটিং হয়নি। মঙ্গলবার ফের কর্মসূচি পালন করা হবে।”

কথিত দুর্নীতিবাজ উপাচার্যের অপসারণ, ছাত্ররাজনীতি করার সুযোগ, বৈষম্য দূরীকরণ, টেন্ডার-বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবিতে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ছদ্মাবরণে সরকারি দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ শনিবার থেকে রাজনীতিমুক্ত যবিপ্রবি ক্যাম্পাসে মিছিল-মিটিং শুরু করে।

অভিযোগ রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা এ আন্দোলনের সঙ্গে একাত্ম না হলেও ছাত্রলীগের কতিপয় নেতা জোর করে ছাত্র-ছাত্রীদের মিছিল-সমাবেশে আনছেন। ক্লাস ও পরীক্ষাকক্ষ থেকে গায়ের জোরে বের করে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। ফলে বিপুল সংখ্যক ছাত্রীসহ অনেক ছাত্র ইতোমধ্যে ক্যাম্পাস ছেড়েছেন।

উপাচার্য ড. আবদুস সাত্তার অভিযোগ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ যবিপ্রবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক জামিনে মুক্তি পেয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো যোগ নেই। বিশেষ করে হত্যা মামলার আসামি ও ছাত্রলীগ যবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক শামিম তথাকথিত এ আন্দোলনে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিচ্ছে। তিনবার ফেল করা ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার হওয়া ছেলেটি লেখাপড়া নয়, কোচিং বাণিজ্যে লিপ্ত। আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বাইরে থেকেও ইন্ধন যোগানো হচ্ছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে উপাচার্য বলেন, “ক্যাম্পাসে মোতায়েন পুলিশের সামনে কীভাবে শিক্ষকরা নাজেহাল হন?”

শিক্ষক সমিতির সভাপতি ড. আনিসুর রহমানও দাবি করেন, তথাকথিত আন্দোলনের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কেউ নেই। কয়েকটা ছেলে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে ফেলেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ব্যাপারে শিক্ষামন্ত্রীসহ সরকারের শীর্ষ পর্যায়ে কথা হয়েছে বলে স্বীকার করেন উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার।

তিনি বলেন, “সাধারণ শিক্ষার্থীরা ফলাফল ভালো করছে। তাদের অনেকে ইতোমধ্যে বিভিন্ন দেশে গেছে উচ্চতর শিক্ষা নিতে। সাধারণ শিক্ষার্থীরা চায়, দ্রুত শিক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বের হতে। কিন্তু স্বার্থান্বেষীদের কারণে যদি বিশ্ববিদ্যালয় দীর্ঘমেয়াদে ছুটি ঘোষণা করতে হয়, তাহলে ক্ষতির মুখে পড়বে মেধাবী শিক্ষার্থীরা।

সাদিয়া এবার ক্রাইম রোডে…

sadiya afrinএবার চলচ্চিত্রে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন আলোচিত নায়িকা সাদিয়া আফরিন। ক্রাইম রোড নামের একটি ছবিতে সম্পূর্ণ নতুন চরিত্রে দেখা যাবে তাকে।

২৫ মার্চ থেকে দিনাজপুরে এই ছবির শুটিং শুরু হয়েছে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। সায়মন তারেক পরিচালিত ছবিতে অভিনয় করছেন সাদিয়া আফরিন, শাহ রিয়াজ, বিপাশা, শরীফ, জেমি ও আনিসুর রহমান সহ অনেকে।

বর্তমান সময়ের প্রেক্ষপটে মানুষ কেন অপরাধ করেন আর কোন কোন সামাজিক কারণে অপরাধে জড়িয়ে পড়েন তা নিয়েই তৈরী হয়েছে গল্পটি। অপরাধের উৎস, কারণ ও অপরাধ দমনের প্রক্রিয়া নিয়েই এই কাহিনী।

ক্রিকেট বিশ্বকে অস্ট্রেলিয়ার তারুণ্যের সতর্কবার্তা

final5একে একে বিদায় নিচ্ছেন অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, শেন ওয়ার্ন, রিকি পন্টিংরা। অস্ট্রেলিয়া হারায় গ্রেট ক্রিকেটারদের একটি প্রজন্ম। ক্রিকেটে অস্ট্রেলিয়ার ভবিষ্যত ভেবে, তখন ক্রিকেট বিশ্বে অনেকেই হা-হুতাশ করতেন। আবার অস্ট্রেলিয়ার আধিপত্যের শৃঙ্খল ভাঙছে ভেবে মনে মনে আনন্দ অনুভব করতেন।

চলছে ২০১৫ সাল। ক্রিকেটের ২২ গজে অস্ট্রেলিয়ার দুর্দাশার চিত্রটা হয়তো সবাই এই বর্তমান সময়েই দেখবেন আশা করেছিলেন। কিন্তু এই সময়টা ক্রিকেট বিশ্বের সামনে উপস্থিত করেছে নতুন অস্ট্রেলিয়াকে। যে অস্ট্রেলিয়ার চালিকাশক্তি, অস্ত্র সবই কিছু তরুণ প্রাণ। অগ্রজদের মতোই অপ্রতিরোধ্য রুপে হাজির হচ্ছে তারা ক্রিকেট বিশ্বে। মেলবোর্নে রোববার এসব তরুণদের ব্যাটিং-বোলিং দ্যুতিতে ভর করেই পঞ্চমবার বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা পেল অস্ট্রেলিয়া।

ক্রিকেট বিশ্ব শুনল অস্ট্রেলিয়ার তরুণ প্রজন্মের গর্জন। ক্রিকেট দুনিয়াকে এটা তাদের সতর্কবার্তাও বলা যেতে পারে। তারা আসছে আগামী সময়টা নিয়ন্ত্রণ করতে।

স্টিভেন স্মিথ, ম্যাক্সওয়েল, মিচেল স্টার্করা যেই প্রজন্মের প্রতিনিধি। ক্লার্ক, হ্যাডিন, ওয়াটসন, জনসনরা এই মিছিলের শামিল নন। এদের বেশিরভাগই ২০ থেকে ২৫ বছর বয়সী। যেমনটা স্টার্ক (২৫), হ্যাজেলউড (২৪), ফকনার (২৪), প্যাট কামিন্স (২১), জেমস প্যাটিনসন  (২৪) সমবয়সী। প্যাটিনসন বিশ্বকাপে ছিলেন না। মেলবোর্নের ফাইনালে ম্যাচের প্রথম ওভারেই সুরটা অস্ট্রেলিয়াকে পাইয়ে দিয়েছেন স্টার্ক। বাঁহাতি এই দুর্দান্ত পেসার বোল্ড করেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। স্টার্ক বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন ২২ উইকেট নিয়ে।

অ্যালান বোর্ডারের নেতৃত্বে ১৯৮৭ সালে বিশ্বকাপ জিতে শুরু অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্ব শাসন। স্টিভ ওয়াহ, পন্টিংরা পরবর্তীতে এনে দিয়েছেন আরও তিনটি বিশ্বকাপ। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সাল টানা তিনটি বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। ২০১৫ সালে নিজেদের মাটিতে সুযোগটাও হাতছাড়া করেনি মাইকেল ক্লার্কের দল। অধিনায়ক ক্লার্কও যোগ দিলেন পন্টিংদের মতো বিশ্ব জয়ীর কাতারে।

আর পঞ্চম বিশ্বকাপটা অস্ট্রেলিয়া জিতল এক সারি তরুণের কাঁধে চড়ে। ভবিষ্যতের ক্রিকেট শাসনের ইঙ্গিতটা দিয়ে গেলেন স্মিথ-স্টার্করা এই বিশ্বকাপেই। আর গিলক্রিস্ট-পন্টিংদের জায়গাটা পূরণ করলেন তারা।

বিএনপি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে

hasina5বিএনপি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলে মনে করছে সরকার। যার ফলে বিএনপি আন্দোলনেও ব্যর্থ হয়েছে। দলটি এখন পুরোপুরি সিদ্ধান্তহীনতায় ভুগছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রীসহ সরকারের বশে কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এ অভিমত দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সিটি নির্বাচনে আসবে কি আসবে না, হরতাল দেবে না কি অবরোধ দেবে এগুলো নিয়ে পুরোপুরি সিদ্ধান্তহীনতা ভুগছে।

কিশোরগঞ্জে পুড়ল তুলা কারখানা

fire31কিশোরগঞ্জ জেলা শহরে আগুন লেগে পুড়ে গেছে তুলা তৈরির একটি কারখানা।
সোমবার সকাল ১০টার দিকে শহরের গাইটাল এলাকায় ‘জাকের তুলা রিপেয়ারিং’ নামের কারখানাটিতে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন দ্রুত কারখানা সংলগ্ন গুদামে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারণ করে। এতে গুদামে মজুদ করে রাখা বিপুল পরিমাণ তুলা ও ঝুট পুড়ে যায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক প্রাণনাথ সাহা জানান, সকাল ১০টার দিক আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুড়ে যাওয়া কারখানার মালিক আনিছ মিয়া জানান, আগুনে তুলা তৈরির তিনটি মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি এবং গুদামে থাকা বিপুল পরিমাণ উৎপাদিত তুলা ও তুলা তৈরির কাঁচামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

২০১৯ বিশ্বকাপের বাছাই খেলতে হবে বাংলাদেশকে!

bdc10সবাই যখন সামনে এগিয়ে যাচ্ছে, তখন উল্টো পথে আইসিসি। ১৪ দলের বিশ্বকাপ থেকে ৪ দল কমিয়ে আনা হবে। আয়োজন করা হবে ১০ দলের বিশ্বকাপ। এর পেছনে তাদের অদ্ভূত যুক্তি, ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতেই না কি এ সিদ্ধান্ত! ২০১৯ বিশ্বকাপ যে ১০ দলের হচ্ছে, এটা এখন মোটামুটি নিশ্চিত।

আইসিসি যে পথে হাঁটছে, তাতে টেস্ট খেলুড়ে দেশ হয়েও আগামী বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে উৎরাতে হবে বাছাই পর্বের গণ্ডি। ২০১৯ সালের বিশ্বকাপের জন্য যে ফরম্যাট তৈরী করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ডছাড়া র‌্যাংকিংয়ে শীর্ষ ৭টি দলই সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি দুটি দল নির্ধারণ করা হবে বাছাই পর্ব থেকে।

সে হিসেবে বাছাই পর্ব খেলতে হবে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ এবং জিম্বাবুয়েকেও। কারণ, র‌্যাংকিংয়ে এই দুটি দলই রয়েছে ৯ এবং ১০ নম্বরে। তবে, এই হিসাব প্রযোজ্য হবে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে যদি বাংলাদেশ এবং জিম্বাবুয়ে শীর্ষ আট নম্বরে চলে আসতে পারে, তাহলে হয়তো বাছাই পর্ব খেলতে হবে না।

শীর্ষ আটে আসলেও কিন্তু সম্ভাবনা থাকে না। কারণ, র‌্যাংকিংয়ে ইংল্যান্ড যদি পেছনে চলে যায় তবুও তারা সরাসরি বিশ্বকাপ খেলবে। সে ক্ষেত্রে শীর্ষ আটে তো আসতেই হবে, সঙ্গে শীর্ষ ‘সাত’ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।

২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব। এই পর্বেই বাংলাদেশকে (শীর্ষ আট-এ না থাকতে পারলে) খেলতে হবে আইসিসির সহযোগি দেশগুলোর সঙ্গে। সে ক্ষেত্রে কোনভাবে হোঁচট খেলেই কেল্লাফতে। সে ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ খেলাই পড়ে যাবে হুমকির মুখে।

টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে হয়তো সহযোগি দেশগুলোর চেয়ে শক্তিশালি। প্রতিযোগিতা উৎরে তারা হয়তো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। কিন্তু আয়ারল্যান্ড, আফগানিস্তানের মতো উদীয়মান ক্রিকেটশক্তিগুলো যদি বিশ্বকাপ খেলতে না পারে, তবে সে সব দেশে যে ক্রিকেট ক্রমেই পিছিয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।

নরসিংদীতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

marder gunnনরসিংদীর শিবপুরে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ওই ইউপি সদস্যের নাম আরিফুল হোসেন পাঠান (৪৫)। তিনি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর গ্রামে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড়ইতলার একটি দোকানে বসে ছিলেন আরিফুল। এ সময় একাধিক মোটরসাইকেল যোগে ৬/৭ জন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পালিয়ে যায়। এ সময় আরিফের মাথায় গুলি লাগে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী দুপুর ১টায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।

টাঙ্গাইলে ট্রাকচাপায় দুই ছাত্রী নিহত

road accident2টাঙ্গাইলে মালবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছে মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থী। এরা দুজন এবারের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিচ্ছিল।
নিহত দুই শিক্ষার্থীর পরিচয়- গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া গ্রামের আব্দুল্লাহর মেয়ে মর্জিনা আক্তার (১৬) ও একই গ্রামের ইলিয়াসের মেয়ে এলিজা আক্তার (১৬)।
সোমবার দুপুর একটার দিকে বঙ্গবন্ধু সেতু- টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে একটি মালবাহী ট্রাক পেছন থেকে চাপা দিলে ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরো দুই দাখিল পরীক্ষার্থী আহত হয়েছে। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, গোহালীয়াবাড়ি কেন্দ্রে দাখিল পরীক্ষা দিয়ে পাঁচজন মাদ্রাসা ছাত্রী একটি ব্যাটাচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। জোকারচর এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মর্জিনা ও এলিজার মৃত্যু হয়। হতাহতরা সবাই গোরিলাবাড়ি মাদ্রাসার ছাত্রী।