রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

সিরাজগঞ্জে নৌকাডুবিতে আরো দুই লাশ উদ্ধার

sirajganj mapশনিবার সন্ধ্যায় ঝড়ের সময় সিরাজগঞ্জের কাজীপুরে নৌকাডুবির ঘটনায় আরো দুটি লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে।এ নিয়ে লাশের সংখ্যা দাড়ালো তিন এ। উদ্ধারকৃত লাশের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়ার গাবতলী উপজেলার রানীরহাট গ্রামের মোজাফফর হোসেনের ছেলে, মাছ ব্যবসায়ী মাসুদ আহমেদ (৩২)।

ঝড়ের পরদিন রোববার কাজীপুরের খাসরাজবাড়ী ইউনিয়নের পীরগাছা গ্রামের মোজাম্মেল হকের লাশ উদ্ধার করা হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে স্থানীয় নাটুয়ার পাড়া থেকে খাসরাজবাড়ী ইউনিয়নের পীরগাছাগামী হাট ফেরত যাত্রীবাহি নৌকা ডুবির ঘটনা ঘটে। রোববার একজনের লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে মেঘাই এলাকায় যমুনা নদী থেকে একজনের লাশ উদ্ধার হয়েছে।

বিকালে উদ্ধারকৃত লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া একই দিন খাসরাজবাড়ী এলাকায় যমুনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। তার পরিচয় এখনও জানা যায়নি।

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন হৃদয় খান

redoy৬ এপ্রিল বিকেলে তালাকনামায় স্বাক্ষরের মাধ্যমে নিজেদের ৮ মাসের সংসার জীবনের ইতি টানেন হৃদয় খান এবং সুজানা।

বিষয়টি নিয়ে হৃদয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে ফেসবুকে নিজের ফ্যানপেজে একটি ভিডিও পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি শ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন হৃদয় খান।

৪৫ সেকেন্ডের এই ভিডিওতে হৃদয়কে অনেক বিমর্ষ দেখায়। পাঠকদের জন্য হৃদয়ের কথাগুলো এখানে হুবহু তুলে ধরা হল-

হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটা কথা আমি বলতে চাই। আপনারা সবাই জানেন আমি প্রচণ্ড পরিমানে ভালোবেসে সুজানাকে বিয়ে করেছি গত বছর পহেলা আগস্টে।

কিন্তু আজ থেকে, আজ ৬ এপ্রিল থেকে আমাদের আর সংসার করা হচ্ছে না এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর কারনে আসলে সংসারটা আর হচ্ছে না। আমারা দুজনেই মিউচুয়ালি সেপারেশনে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ।

বাংলাদেশ সিরিজে ছিটকে পড়লেন মাকসুদ

বাংলাদেশ সফরে আসার আগেই দুঃসংবাদ পেল পাকিস্তান। চোটের কারণে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে ছিটকে পড়েছেন ব্যাটসম্যান শোয়েব মাকসুদ।

মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। মাকসুদের বদলে ওয়ানডে দলে এসেছেন অলরাউন্ডার সাদ নাসিম।  

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে পাকিস্তান দল। এদিন সকালে জিম ও ফিটনেস সেশনের সময়ই মাকসুদের বাঁ-হাতের পুরনো ব্যথা নতুন করে জেগে ওঠে। মেডিকেল পরীক্ষায় তার বাঁ-হাতের হাড়ে চির ধরা পড়ে।

মাকসুদের বদলে ওয়ানডে দলে আসা সাদ টি-টোয়েন্টি দলেও ছিলেন। এ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি তার। এবার ওয়ানডের স্বপ্ন পূরণ হতে পারে ২৪ বছর বয়সি এই অলরাউন্ডারের।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সফরে টাইগারদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচও খেলবে পাকিস্তান।

সিরিয়ায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চায় জাতিসংঘ

filistiniiফিলিস্তিনি শরণার্থীদের জীবন রক্ষার্থে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য ইয়ারমুকের প্রবেশপথ খুলে দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷ পরিষদের বর্তমান প্রধান দিনা কাওয়ার এ আহ্বান জানান৷
 
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এ মাসে চেয়ারম্যানের দায়িত্বে আছেন জাতিসংঘে জর্ডানের রাষ্ট্রদূত দিনা কাওয়ার৷

 

সোমবার তিনি এক সংবাদ সম্মেলনে সিরিয়ার ইয়ারমুকের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ গত ১ এপ্রিল ইয়ারমুক শরণার্থী শিবিরের বেশ বড় একটা অংশ দখল করে নেয় ইসলামিক স্টেট (আইএস)৷ অনেক মানুষ শিবির ছেড়ে যেতে বাধ্য হয়৷ শিবিরে আটকে পড়া এবং শিবির ছেড়ে যাওয়া প্রতিটি মানুষের জীবন নিয়েই উদ্বিগ্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷ দিনা কাওয়ার জানান, ফিলিস্তিনি শরণার্থীদের ওই শিবিরে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী পাঠানো দরকার৷ ত্রাণ পাঠাতে বিলম্ব হলে সেখানে মানবিক বিপর্যয় আরো ভয়াবহ রূপ নিতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন৷

ইয়ারমুক শরণার্থী শিবিরের ১৮ হাজার মানুষের জন্য ফিলিস্তিনও উদ্বিগ্ন৷ শরণার্থীদের সহায়তা করতে সিরিয়া সরকারের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে৷ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্যালেস্টাইন লিবারেশন অরগ্যানাইজেশন (পিএলও)-র কর্মকর্তা আহমেদ মাজদালানি৷ বার্তা সংস্থা এএফপিকে মাজদালানি জানান, প্রতিনিধি দল এ সফরে সিরিয়া সরকারের সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের কাছে ত্রাণ পৌঁছানো এবং তাদের বের করে আনার জন্য ইয়ারমুকের করিডোর ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা করবে৷ আইএস-কে কীভাবে প্রতিহত করা যায় সে বিষয়ে সিরিয়ায় অবস্থানরত বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন আহমেদ মাজদালানি৷- ডিডব্লিউ

হাইতিতে বন্যায় হাজার হাজার বাড়িঘর ধ্বংস, নিহত ৬

haitiহাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের অংশবিশেষে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছে। ধ্বংস হয়েছে আট হাজার বাড়িঘর। কর্তৃপক্ষ সোমবার এ কথা জানায়।

রাজধানীর ডেলমাস জেলায় বন্যার পানিতে ভেসে গেছে তিন ও সাত বছর বয়সী দুটি শিশু। এছাড়া দেয়াল ধসে মারা গেছে ২৪ বছর বয়সী এক নারী।

উপকূলীয় পশ্চিমাঞ্চলীয় ক্যারিফোর জেলায় মারা গেছে আরো তিন লোক।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্যতম দরিদ্র দেশ হাইতির নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের হওয়ায় বৃষ্টিস্নাত হলেই বন্যা দেখা দেয়। এছাড়া গত পাঁচ বছর আগের ভয়াবহ ভূমিকম্পের পর অনেককেই এখনও নিম্নমানের জীবনযাপন করতে হচ্ছে। ওই ভূমিকম্পে দুই লাখেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

রাজধানী অঞ্চলের সিভিল প্রটেকশান বিভাগের প্রধান নাদিয়া লোচার্ড বলেন, সর্বশেষ এ বৃষ্টিতে আট হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সিটে সোলেইল বস্তি ও তাবারে শহরতলীতেই বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।

খুনের আসামীর ফাঁসি কার্যকর

fashi25গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। সোমবার রাত ১২টা ১মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।

ফাঁসি কার্যকর হওয়া ওই আসামী হলেন আজিজুল হক বাচ্চু (৩৫)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পিটুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, নাটোরের বড়ইগ্রাম থানার জলমন্দ গ্রামের নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে বাচ্চু মনোহারির ব্যবসা করতেন।

বাচ্চু বাড়ির মালিকের এক বোনকে বিয়ের প্রস্তাব দিলে তা নাকচ হয়ে যায়। পরে নুরুল ইসলামের বোনের বিয়ে হয়ে যায়। বাচ্চু পরে নুরুলের বড় মেয়ে চাঁদনীকে বিয়ের প্রস্তাব দেয়।

নুরুল ওই প্রস্তাবও নাকচ করে দিলে ক্ষিপ্ত হয়ে ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের এক সন্ধ্যায় বাচ্চু নুরুলের ঘরে ঢুকে তার দুই মেয়ে পাখি খাতুন ওরফে চাঁদনী (১৩) ও দেড় বছরের সুমাইয়া খাতুনকে ছুরিকাঘাত করে হত্যা করে।

জেল সুপার মো. মিজানুর রহমান আরও জানান, মামলার শুনানি শেষে নাটোরের দায়রা জজ আদালত একই বছরের ২৮ নভেম্বর তার মৃত্যুদণ্ডাদেশ দেন। ২০১১ সালের ১০ জানুয়ারি হাইকোর্ট বিভাগ এবং ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি সুপ্রীম কোর্টের আপিল বিভাগও তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন।

পরে প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন বাচ্চু। ৪ মার্চ ওই আবেদনও নামঞ্জুর হলে সোমবার রাতে আদালতের নির্দেশ অনুযায়ী ফাঁসিতে ঝুলিয়ে বাচ্চুর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।

ফাঁসি কার্যকরের সময় গাজীপুরের সিভিল সার্জন ডা. আলী হায়দার খান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

২০১২ সালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের উদ্বোধনের পর এটা দ্বিতীয় ফাঁস কার্যকরের ঘটনা।

বিশ্ব স্বাস্থ্য দিবসে জেনে নিন বাইরের খাবার থেকে সংক্রম রোখার ৫টি উপায়

food7আমরা সকলেই ভালোবাসি বেরাতে। কাজের চাপ থেকে ছুটি নিয়ে ঘুরে আসলে সুস্থ থাকে শরীর। ফুরফুরে থাকে মন। কিন্তু ঘুরতে গিয়ে অনেকেই আমরা খাওয়া দাওয়ার সমস্যায় পড়ি। পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাবে তাই ছুটি থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়াটাও খুবই স্বাভাবিক। আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে রইল এমনই কিছু টিপস যেগুলো মাথায় রাখলে বাইরের খাবার নিয়ে সমস্যায় পড়বেন না কখনই।

১. সবসময় চেষ্টা করুন টাটকা তৈরি খাবার খেতে। ফ্রজেন মাংস, চিজ, বাফের খাবার বা মেয়োনিজে থাকে প্রচুর ব্যাকটেরিয়া। এই ধরণের খাবার এড়িয়ে চললে অসুস্থ হয়ে পড়ার সম্ভবনা কমে।

২. খাওয়ার জন্য রেস্টুরেন্ট বাছার সময় চেষ্টা করুন চালু রেস্টুরেন্ট বাছতে। যেখানে ভিড় বেশি হবে সেই দোকানে বাসি খাবার দেওয়াও কোনো অবকাশই থাকবে না। চাহিদা মেটাতে সবসময়ই টাটকা খাবারই পাওয়ায় যাবে।

৩. যেখানে সেখানে জল খাওয়া থেকে বিরত থাকুন। পানিবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি থাকে। সবসময় সঙ্গে মিনারেল ওয়াটারের বোতল রাখার চেষ্টা করুন। তবে জল কেনার সময় দেখে নিন সিল ঠিকঠাক আছে কিনা। সব প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার সুরক্ষিত হয় না।

৪. রাস্তায় কাটা ফল একেবারেই খাবেন না। কাটা ফল থেকে ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা খুব বেশি থাকে। তার থেকে টাটকা গোটা ফল কিনে খোসা ছাড়িয়ে খান।

৫. সবথেকে জরুরি খাওয়ার আগে হাত পরিষ্কার করা। অপরিষ্কার হাত থেকে টাটকা খাবারেও সংক্রমিত হতে পারে জীবানু। খাওয়ার আগে তাই অ্যান্টিসেপটিক সাবান, পরিষ্কার জল দিয়ে হাত ধুয়ে নিন। সবসময় সঙ্গে রাখুন হ্যান্ড স্যানিটাইজার।

সব প্রস্তুত, আদালতের আদেশ পেলেই ফাঁসি

assadujzamমানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী জেনারেল মুহম্মাদ কামারুজ্জামানের রায় কার্যকর প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রায় কার্যকরের জন্য জেল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। আদালতের নির্দেশনা পেলেই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রায় কার্যকর করা হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, রায় কার্যকরের বিষয়ে যেকোনো নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

আজ রায় কার্যকর হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখন সময়ের ব্যাপার, আদালত নির্দেশনা দিলেই রায় কার্যকর করা হবে।

এদিকে গতকাল সোমবার সকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর রায় কার্যকর করার জন্য সকল প্রস্তুতি নেয় কারাকর্তৃপক্ষ।

সন্ধ্যায় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যরা।

কিন্তু কারা কর্তৃপক্ষ পরে জানায়, আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না। মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত আদালতের আদেশ পাননি কর্তৃপক্ষ।

অপহরণের ছয়দিন পর নাটোরে কলেজছাত্রী উদ্ধার, আটক ১

nator map2নাটোরের বড়াইগ্রাম থেকে অপহরণের ছয় দিন পর এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত ছাত্রী বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা অনার্স কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম জানান, গত বুধবার রাতে জোয়াড়ী গ্রামের নিজ বাড়ি থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃত ছাত্রীর ভাই অশোক কুমার বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামির নামে মামলা করেন।

এরপর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজা এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফজল হোসেন নামে একজনকে আটক করা হয়। আটক ফজল হোসেন একই থানার পাথুরিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

‘পূর্ণাঙ্গ রায় ছাড়া ফাঁসি দণ্ড কার্যকর করা উচিত হবে না’

mahbubbnpএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনে যে যুক্তিতর্ক উপস্থাপন করেছি তা খণ্ডন না করে এবং পূর্ণাঙ্গ রায় ছাড়া ফাঁসি দণ্ড কার্যকর করা উচিত হবে না।

মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এ তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “রিভিউ আবেদনের শুনানিতে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি। তা খণ্ডনের বিষয়টি জানতে হবে। আর এ জন্য পূর্ণাঙ্গ রায় ছাড়া দণ্ড কার্যকর উচিত হবে না।”

রায় পুনর্বিবেচনা খারিজের সংক্ষিপ্ত আদেশে জামায়াতের অপর সহকারী সেক্রেটারি  জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, ওদের পক্ষে সব সম্ভব। ২০১৩ সালের ৯ই মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুাল-২। এরপর তিনি আপিল করলে গত বছরের ৩ নভেম্বর সংক্ষিপ্ত আকারে রায় দেন আপিল বিভাগ। রায়ে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। আপিল বিভাগের রায় অনুসারে গত ৫ই মার্চ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন আসামিপক্ষ। রোববার এ আবেদনের শুনানি শেষে সোমবারের চূড়ান্ত রায়ে তা খারিজ করে দেয় আপিল বিভাগ।