রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

শেষ সিদ্ধান্ত খালেদা জিয়ার না তারেকের?

kazi shirajঢাকা-চট্টগ্রামের তিন সিটি নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপ্রিয় মানুষের মনে এমন একটা আশার সঞ্চার হয়েছে যে, দেশের বর্তমান প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং মাঠের প্রধান বিরোধী দল বিএনপি পারস্পরিক হিংসা-বিদ্বেষ, খিস্তিখেউর ও কাদা ছোড়াছুড়ির নোংরা পথ পরিহার করে গণতান্ত্রিক রাজনীতির নান্দনিক পথটা বেছে নেবে। দেশের যেসব বেসরকারি ব্যবসায়ী নিজেদের মেধা, শ্রম ও নিষ্ঠা দিয়ে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও আমাদের জাতীয় অর্থনীতির চাকাকে সচল রেখে উন্নত বিশ্বকে চমকে দিয়েছেন, তারা আশা করছেন গত তিন মাসের সহিংস রাজনীতির প্রচণ্ড ধাক্কা সামলে ওঠার সুযোগ ও সম্ভাবনার বহুমাত্রিক ‘দুয়ার’ খুলে যাবে। রাজনীতি-সংশ্লিষ্ট সচেতন মানুষ ভাবছেন, দিশাহারা জাতীয় রাজনীতি আবার দিশা খুঁজে পাবে। তিন সিটির নির্বাচন জাতীয় কোনো নির্বাচন নয়, নেহাতই স্থানীয় সরকার নির্বাচন। এর আগে আরও পাঁচটি সিটি নির্বাচন হয়েছে- রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুরে। এটা একেবারেই নিকট অতীতের ঘটনা। আরও কাছের অতীতের ঘটনা ছিল দেশব্যাপী উপজেলা নির্বাচন। আগের ওইসব নির্বাচন তিন সিটি নির্বাচনের মতো দেশ-বিদেশের জনমনকে এতটা আলোড়িত ও এতটা আন্দোলিত করেনি। স্বয়ং জাতিসংঘ মহাসচিব বান কি মুনও এই তিন সিটি নির্বাচন নিয়ে মুখ খুলেছেন। ৩ এপ্রিল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয় থেকে প্রকাশিত এক নোটে বলা হয়, ‘সিটি করপোরেশন নির্বাচন যেন স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য হয় তা নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। মহাসচিব আরও আশা করেন, শিগগিরই রাজনৈতিক দলগুলো দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং স্থিতিশীলতার স্বার্থে নিজেদের মতপার্থক্য মিটিয়ে ফেলার পথ খুঁজে পাবে।’

গত তিন মাস দেশবাসীর সময় কেটেছে অশান্তিতে, অস্বস্তিতে। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে কার্যত ৫ জানুয়ারি থেকেই দেশব্যাপী অবরোধ কর্মসূচি চলতে থাকে। দুই মাস শুক্র ও শনি ছুটির দিন বাদে প্রতি সপ্তাহে পাঁচ দিন করে হরতালও চলে আসছিল। শনিবার রাতে গোপন আস্তানা থেকে ‘ফরমান জারি’ হতো ৭২ ঘণ্টা হরতালের (রবি, সোম ও মঙ্গলবার), মঙ্গলবার রাতে আবার ‘ফরমান’ আসত ৪৮ ঘণ্টা (বুধ ও বৃহস্পতিবার) হরতালের। ২০-দলীয় জোট ঘোষিত লাগাতার এই কর্মসূচির সর্বনাশা ও ভয়ঙ্কর দিক ছিল সহিংসতা ও নাশকতা। সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিতে বহু দল ও বহু মতের সহাবস্থানের একটা সৌন্দর্য আছে। আন্দোলন-মিটিং-মিছিল এমন কি হরতাল-অবরোধ-অসহযোগও অবৈধ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। তবে সব কর্মসূচি অবশ্যই নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ হতে হবে। কিন্তু গত তিন মাসের অবরোধ-হরতাল গণতান্ত্রিক আন্দোলনের সব সীমা লঙ্ঘন করেছে। তাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪০ জনের। পেট্রলবোমা-আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন ৭৯ জন। আইনবহির্ভূত হত্যাকাণ্ড, সংঘর্ষ ও অন্যভাবে মারা গেছেন ৬১ জন। দগ্ধ হয়েছেন প্রায় ৩৫০ জন। আহতের সংখ্যা প্রায় ১৫০০। সড়ক পরিবহনে ৩১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ২১০০ যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলপথ ও ট্রেনে নাশকতা হয়েছে ৮০ স্থানে। দৈনিক গড়ে ২ হাজার ২৭৭ কোটি ৮৬ লাখ টাকা করে অর্থনীতিতে ২ লাখ ৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। কৃষকের ক্ষতি, ভোক্তাসাধারণের ক্ষতি, লেখাপড়ার ক্ষতি তো আছেই। দেড় মাস পর অবরোধ অকার্যকর হয়ে পড়ে অনেকটাই। হরতালও হয়েছে ঢিমেতালে। কিন্তু জীবনযাত্রা স্বাভাবিক ছিল না। মানুষের মধ্যে একটা ভয়ানক আতঙ্ক বিরাজ করছিল।

তিন সিটি নির্বাচনকে উপলক্ষ করে শুধু তিন সিটিতেই নয়, সারা দেশেই আন্দোলনের নামে সহিংসতা-নাশকতা বন্ধ হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রবল প্রতিদ্বন্দ্বী পক্ষসমূহের মধ্যে শুভবুদ্ধির উদয়েরই ‘ফসল’ এই পরিবর্তিত স্বস্তিদায়ক পরিস্থিতি। উদ্ভূত শ্বাসরুদ্ধকর পরিস্থিতির জন্য একক কোনো পক্ষকে দায়ী করা সঠিক হবে না। কেন ২০-দলীয় জোট এমন একটা ‘অস্বাভাবিক’ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছিল তার একটা ব্যাখ্যা তো তাদের আছেই। তবে তিন মাস জনজীবনে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি এবং তা থেকে জনগণকে রক্ষার ব্যর্থতায় উভয় পক্ষের দায় আছে। ২০-দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বলেছেন, পেট্রলবোমা নিক্ষেপ করে ও গাড়িতে আগুন দিয়ে মানুষ মারার সঙ্গে তারা জড়িত নন। অপরদিকে যে ৬১ জন মানুষ বিনাবিচারে নানাভাবে মারা গেলেন সে দায়ও নিচ্ছে না সরকার। তাহলে এসব ঘটল কেন, কীভাবে? কারা করল এসব? বিএনপি চেয়ারপারসন দায় অস্বীকার করলেই মানুষের কাছে তা বিশ্বাসযোগ্য হবে ভাবার কোনো কারণ নেই। পেট্রলবোমা ও আগুন দিয়ে মানুষ মারার বীভৎস তাণ্ডব চলেছে তার ঘোষিত কর্মসূচির ছাতার নিচে থেকেই। বলবেন অন্য কেউ করেছে? হ্যাঁ, করতে পারে। কিন্তু আন্তর্জাতিক মহল থেকে সহিংসতা-নাশকতা বন্ধের পৌনঃপুনিক তাগাদা দেওয়ার পর গত এক মাসে তা কমে আসায় এবং বর্তমানে প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় কেউ এটা বলতেই পারেন যে, বিশেষ করে বিদেশিদের চাপে ২০-দলীয় জোট ধ্বংসাত্দক কার্যকলাপকে প্রশ্রয় দিচ্ছে না বলেই এখন পরিস্থিতি শান্ত। তারা যদি শুরু থেকেই সহিংসতা-নাশকতাকে ‘না’ বলতেন, তাহলে অন্য কারও পক্ষেই এসব অপকর্ম করা সম্ভব ছিল না।

তিন সিটি নির্বাচন সরকারের সিদ্ধান্ত। সব পক্ষের-প্রতিপক্ষের সঙ্গে আলোচনা-সমঝোতার ভিত্তিতে না হলেও বিবদমান পক্ষসমূহের মধ্যে সদ্ভাব সৃষ্টি এবং উভয়ের ভুল ও ব্যর্থতাকে কাটিয়ে সহনীয় ও গ্রহণীয় রাজনৈতিক পথে প্রত্যাবর্তনের একটা সূত্র হিসেবে নিজ থেকেই যদি সিটি নির্বাচনের সিদ্ধান্তটি নিয়ে থাকে শেখ হাসিনার সরকার তাতে অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। এই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে ২০-দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তও প্রশংসনীয় অবশ্যই। দুই নেত্রীর এই দুই সিদ্ধান্তের মধ্যে কোথাও যেন একটা যোগসূত্র আছে বলে মনে হয়। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরও এক মাসে তা সংশ্লিষ্ট থানায় না পৌঁছা, হঠাৎ করে বিএনপি নেত্রীর আদালতে হাজিরা দেওয়ার সিদ্ধান্ত, তার জামিন আবেদনে সরকার পক্ষের আপত্তি না করা, তার জামিন মঞ্জুর এবং তিন মাস পর গুলশান অফিস থেকে তার বাসায় ফিরে যাওয়া আমাদের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে শান্তি ও স্বস্তির শীতল বাতাস প্রবাহের মতোই। এটা এমনি এমনি হয়ে গেছে বলে মনে হয় না। ধারণা করাই যায় যে, এ জন্য আড়ালে-অন্তরালে কিছু কাজ হয়েছে এবং এমন কেউ কাজটি করেছেন উভয় পক্ষের কাছেই যিনি বা যারা সর্বদা সমীহ আদায় করে থাকেন। এটাও মনে করা যায় যে, বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার একটা ‘পূর্ণাঙ্গ ডিজাইন’ নিয়ে কোথাও না কোথাও কাজ হয়েছে, হচ্ছে। তিন সিটি নির্বাচন সেই পূর্ণাঙ্গ ‘ডিজাইনের’ই অংশ হয়তোবা। সাত বছর পর লীগ সরকারের এই নির্বাচন দেওয়া এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা থেকে সরে এসে বিএনপির এই নির্বাচনে অংশগ্রহণ করা তাই অবশ্যই তাৎপর্যপূর্ণ। রাষ্ট্র ও জনগণের কল্যাণে হিংসা ও হানাহানির পথ পরিহার করে একটা নূ্যনতম টলারেবল গণতান্ত্রিক পরিবেশ ও রাষ্ট্রীয় স্থিতি প্রতিষ্ঠার একটি শুভ উদ্যোগের ধারণাটা যদি ঠিক হয়, তাহলে বলতে হবে সিদ্ধান্তটা মূলত দুই নেত্রীর। নেপথ্যে সমঝোতার কোনো সংলাপ যদি হয়ে থাকে দুজনের সঙ্গেই হয়েছে, অন্য কাউকে ইনভলব করা হয়নি। যদি হতো, হঠাৎ করে অতি দ্রুত এভাবে বরফ গলত না। বরফ আরও জমাট বাঁধিয়ে দেওয়ার অপতৎপরতা চালাত স্বার্থবাজ ও অর্বাচীনরা। সংসদীয় রাজনীতির মৌলিক বিষয়াবলিকে অগ্রাহ্য করে প্রতিপক্ষের সব সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার হরণের কুপরামর্শ দলের গণবাহিনী ও কমিউনিস্ট অংশটি দিয়ে থাকতে পারেন বলে সাধারণের মধ্যে একটা ধারণা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বোধহয় কারও বদবুদ্ধি গ্রহণ করেননি। তাই বেগম খালেদা জিয়াকে জেলে ঢোকানো হয়নি। এই সিদ্ধান্তে জাতীয় রাজনীতির চেহারা মুহূর্তেই পাল্টে গেছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

অপরদিকে বেগম খালেদা জিয়াও সিদ্ধান্ত গ্রহণে অন্য কারও দ্বারা প্রভাবিত হননি বলে মনে হয়। বাইরে একটা ধারণা আছে যে, জামায়াত প্রভাবিত ও নিয়ন্ত্রিত একটি বর্ণচোরা মেকী জাতীয়তাবাদী গ্রুপ বাংলাদেশের সব মুসলিম ভোট ধানের শীষের বাঙ্ েএনে দিয়ে বেগম জিয়া এবং তারেক জিয়ার হাতে রাজত্ব তুলে দেওয়ার খোয়াব দেখিয়ে বিএনপি নেত্রীকে সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করেন। তারেক রহমানের ওপরও এদের প্রভাব নাকি দিগন্তপ্লাবিত। কোনো কারণে বেগম জিয়াকে প্রভাবিত করতে না পারলে এরা নাকি সওয়ার হয় তারেক রহমানের ওপর। তাকে দিয়ে প্রভাবিত করে বেগম খালেদা জিয়াকে। বিএনপির আরেকটি বিপজ্জনক দিক হলো দুই কেন্দ্র- ঢাকা কেন্দ্র এবং বিলাত কেন্দ্র। ঢাকা কেন্দ্র এখন খুবই দুর্বল বলে ভাবা হয়। বিলাত কেন্দ্রই শক্তিশালী, দলের মূল নিয়ন্ত্রক। দলের নবীন-প্রবীণ অনেক নেতাই বেগম খালেদা জিয়া ঢাকায় থাকার পরও নানা উছিলায় বিলাতি হাওয়া গায়ে লাগান তারেক রহমানের আশীর্বাদ নেওয়ার জন্য। গত তিন মাসের আন্দোলন কর্মসূচির ব্যাপারে সরকারি পক্ষ থেকে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ এনে তার বিভিন্ন বক্তৃতা জনগণকে শোনানো হয়েছে। তার বক্তৃতায় যেসব কৌশল অবলম্বনের নির্দেশ শোনা গেছে, তাই অনুসূত হতে দেখা গেছে অবরোধ-হরতালে। এটা ছিল অনেকটাই ১৯৭৪ সালে জাসদের হঠকারী রণকৌশলের মতো। জাসদ ব্যর্থ হয়েছে। হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে নেতাদের উচ্চাভিলাষ ও হঠকারিতার কারণে। এবার ২০-দলীয় জোটের অবরোধ-হরতালে বিএনপির নেতা-কর্মীরা সেভাবে মারা না গেলেও গুম, জেল, জুলুম, মামলা-মোকদ্দমায় লণ্ডভণ্ড হয়ে গেছে দলটি। এই দায় কার? নিশ্চয়ই এ ব্যাপারে তাদের দলের ভিতর আলোচনা হবে। পর্যবেক্ষকরা মনে করেন, ভুল যদি তারেক রহমান করে থাকেন, তার সেই ভুল স্বীকার করা উচিত, সাবধান হওয়া উচিত ভবিষ্যতের জন্য। কেননা, যতই বিতর্ক থাক, তিনিই দলটির পরবর্তী কর্ণধার। তারেক রহমানকে সমালোচনা সহ্য করার গুণ অর্জন করতে হবে। মনে রাখতে হবে স্বার্থবাজ, চাটুকাররাই শুধু বলবে ‘সব ঠিক হায়’। রাজনৈতিক অঙ্গনে জোর প্রচার আছে যে, বিএনপি সিটি নির্বাচনে অংশ নিক তা নাকি তারেক রহমান চাননি। তিনি লাগাতার আন্দোলন অব্যাহত রাখতে চেয়েছেন; কিন্তু বেগম খালেদা জিয়া এবার ছেলেকে ‘নো’ বলতে পেরেছেন।

তিন সিটি নির্বাচনকে উপলক্ষ ধরেই দেশে রাজনৈতিক স্থিতির চিন্তাভাবনা চলছে বলে যেহেতু ধারণাটা বেশ জোরালো, তাই এ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে দুই নেত্রীকেই সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যাতে নিশ্চিত করে সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল নিয়ে কিছু কথা ইতিমধ্যে হয়েছে। উচ্চ আদালত কমিশনের সিদ্ধান্ত বহাল রাখায় কথাবার্তা এখন বন্ধ হয়েছে। আমাদের মনে থাকার কথা যে, অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, হাইকোর্টের চেম্বার জজ আদালতে মহাজোট প্রার্থী হু. মু. এরশাদের প্রার্থিতা বাতিলের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সেই নির্বাচন বর্জন করে, ৩০০ আসন থেকেই প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। উচ্চ আদালতের সে রায়কে সম্মান দেখানো হয়নি। কিন্তু এবার বিএনপি সংযত আচরণ করেছে। উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তারা ঢাকা উত্তর সিটি নির্বাচনে দুর্বল প্রার্থী নিয়েও লড়ছে। বোঝা যাচ্ছে, একটি নির্দিষ্ট লক্ষ্যে বেগম জিয়া দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। ঢাকা দক্ষিণে মির্জা আব্বাসের এখনো (১১.০৩.১৫ পর্যন্ত) জামিন হয়নি। অনেক কাউন্সিলর প্রার্থীর বেলায়ও তাই। তারপরও বিএনপি আছে। সবাই চায় তারা নির্বাচনে থাকুক। সরকারে শেখ হাসিনা একা নন। কুচক্রীরা নানা রকম খেলা খেলতে পারে উত্ত্যক্ত করে বিএনপিকে নির্বাচন থেকে বের করে দেওয়ার। তাদের নেতা-কর্মীদের নতুন করে দাবড়ানো শুরু হতে পারে, নির্বাচনে কারচুপির আয়োজন চলতে পারে। কারারুদ্ধ সিনিয়র নেতাদের জামিন আটকে থাকতে পারে। সব কিছুর মধ্যেও বেগম জিয়াকে স্থির থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তার সামনে এই সিটি নির্বাচন একটি পরীক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও এটা পরীক্ষা। একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ভালো নির্বাচন করে তাকে প্রমাণ করার সুযোগটা নিতে হবে যে, তার সরকারের অধীনে বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে। তাকেই লক্ষ্য রাখতে হবে বিএনপির মাঝপথে নির্বাচন থেকে সরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। হার-জিত যাই হোক, সিটি নির্বাচন যেন সুচারুভাবে সম্পন্ন হয়। মানুষের আশা ও স্বপ্নের মিনার যেন না ভাঙে।

কাজী সিরাজ: সাংবাদিক, কলামিস্ট
ই-মেইল :  kazi.shiraz@yahoo.com

বাংলাদেশ প্রতিদিনের সৌজন্যে

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

road acciঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার পোস্টকমরি চরপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাচজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যাত্রীবাহী বাস থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম আশরাফুল। পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে নয়জন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, নওগাঁ থেকে ঢাকাগামী ডিপজল এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস থেমে থাকা আলু বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবিরের জানান, লাশ পুলিশের হেফাজতে আছে। শনাক্ত করার চেষ্টা চলছে। বাসের চালক পলাতক আছেন।

কামারুজ্জামান ফাঁসির মঞ্চেও হাসলেন

fashi25মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।

ফাঁসি কার্যকরের সময় তিনি ফাঁসির মঞ্চে হেঁটে যান এবং ফাঁসি দেয়ার কয়েক মিনিট আগে জল্লাদ এর সাথে হেসে হেসে কথা বলেন বলে কারাগার সূত্রে জানা গেছে।

কারাসূত্রে আরো জানা যায়, এর আগে শেষ খাবার হিসেবে মুরগির মাংস ও ইলিশ মাছ দিয়ে সাদাভাত খেয়েছেন কামারুজ্জামান।

তার আগে গোসল করেন। এরপর কেন্দ্রীয় কারাগারের পেশ ইমাম মো. মনিরুল ইসলাম কনডেম সেলে গিয়ে তাকে তওবা পড়ান।

এর আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয় তার।

রাত সাড়ে ১০ টায় কার্যকর করা হয় ফাঁসি।

শেরপুরে কামারুজ্জামানের দাফন সম্পন্ন

kamruzzzএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার ভোর পাঁচটা ২০ মিনিটে শেরপুর সদর উপজেলার কুমরি বাজিতখিলা এতিমখানার পাশে কামারুজ্জামানের মরদেহ দাফন করা হয়।

ভোর সাড়ে ৪ টায় কামারুজ্জামানের লাশ শেরপুরের বাজিতখিলায় পৌঁছায়। এ সময় আইনশৃংখলা রক্ষাকারীর বাহিনীর সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক এবং কামারুজ্জামানের আত্মীয়স্বজনসহ মোট ১৪টি গাড়ি  ঢাকা থেকে শেরপুর জেলা শহর হয়ে বাজিতখিলা বাজারে পৌঁছে।

পরে সেখানে মিডিয়াকর্মীদের থামিয়ে দিয়ে লাশের গাড়ি চলে যায় এক কিলোমিটার দূরে মুদিপাড়া বাজিতখিলা এতিমখানার সামনে। কোনো মিডিয়াকর্মীদের ওই গ্রামে ঢুকতে দেয়া হয়নি।
কামারুজ্জামানের পারিবারিক সূত্রে জানা গেছে, কামারুজ্জামানের ভাই কফিলউদ্দিন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন।
ভোর  ৪ টা ৫০ মিনিটে মাদরাসা প্রাঙ্গনে ফজরের আযানের আগেই কেবলমাত্র কামারুজ্জামানের আত্মীয়স্বজনদের উপস্থিতিতেই নামাজে জানাজা পড়ানো হয়। জানাজার নামাজ পড়ান কামারুজ্জামানের ভাগ্নি  জামাই এবং ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ। জানাজায় তিন কাতারে প্রায় ৫০ জন আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এরপর  ভোর ৫ টায় ওই এতিমখানার সামনে পূর্ব নির্ধারিত স্থানে তার লাশ দাফন করা হয়।জামায়াত নেতার নসিয়ত অনুযায়ীই কুমরিবাজিতখিলা গ্রামে তাকে দাফন করা হয়। সেখানে কামারুজ্জামান একটি এতিমখানা, মাদ্রাসা ও মসজিদ করেছেন। পাশেই রয়েছে ঈদগাহ।

এলাকায় নজিরবিহীন কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।মূল সড়ক থেকে কুমরিবাজিতখিলা গ্রামের দিকে যাওয়া যায় এমন প্রতিটি প্রবেশ পথে তল্লাশি চালানো। এলাকার বাইরের কোনো লোককে ঢুকতে দেয়া হয়নি। গাড়ি বা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মিডিয়াকর্মীরা ছিলেন নিষিদ্ধ।

শনিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মিত স্থায়ী ফাঁসির মঞ্চে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর রাতেই তার লাশ র‍্যাব-পুলিশের পাহারায় অ্যাম্বুলেন্সে করে শেরপুরে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১২০ জনকে হত্যা ও ধর্ষণের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে গত বছরের ৩ নভেম্বর সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। এরপর ৬ এপ্রিল পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন আপিল বিভাগ। ৮ এপ্রিল পুনর্বিবেচনার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই দিনই রায়ের অনুলিপি কারাগারে পাঠানো হয়। ওই দিনই কারা কর্তৃপক্ষ তাকে রায় পড়ে শোনায়। এরপর তার কাছে জানতে চাওয়া হয়, তিনি প্রাণভিক্ষার আবেদন করবেন কি না। কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন জানাননি।

ফাঁসিতে বিলম্ব অপরাধীকে বাঁচিয়ে রাখারই উপায়

suronjitযুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড এখনো কার্যকর না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত।

এ ঘটনাকে অপরাধীকে বাঁচিয়ে রাখার একটি উপায় হিসেবেও দেখছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত।

মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা কামারুজ্জামানের করা আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ার পাঁচ দিনের মাথায় শুক্রবার তার দণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হলেও পরে তা হয়নি।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের দণ্ড কবে/কখন কার্যকর করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি সরকার ও কারা কর্তৃপক্ষ।

এ নিয়ে অসন্তোষ জানিয়ে শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আমি মনে করি, এটা অপরাধীকে বাঁচিয়ে রাখারই একটি উপায় আর কি।

দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে রায় কার্যকর করে পাপমোচন করা হোক।

কামারুজ্জামানের প্রাণভিক্ষা নিয়ে অযথাই সময় নষ্ট’ করা হয়েছে বলেও মনে করেন সুরঞ্জিত।

তিনি বলেন, তেতাল্লিশ বছরেও যারা ক্ষমা চায়নি তাদের কাছে ক্ষমা চাওয়ার প্রত্যাশা করা বাতুলতা মাত্র।

৪৩ বছরে যাদের ক্ষমা চাওয়ার রিজনেবল টাইম হয় নাই, তারা তিন দিনে কী ক্ষমা ভিক্ষা করবে? যার ৪৩ বছরে সময় হয় না, তার ৪৩ মিনিটে হবে না, এমনকি ৪৩ হাজার বছরেও হবে না।

সাক্ষাৎ শেষে বের হলেন কামারুজ্জামানের স্বজনরা

kamruzzamanএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে কারাগার থেকে বের হয়েছেন তার পরিবারের সদস্যরা। শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে তারা বের হন।

এর আগে বেলা ৪টা ৬ মিনিটে দুইটি সাদা মাইক্রোবাসে করে কারা ফটকে উপস্থিত হন তারা। সাক্ষাতের জন্য তারা এক ঘণ্টা পর্যন্ত সময় পাবেন। ধরে নেয়া হচ্ছে এটিই পরিবারের সঙ্গে কামারুজ্জামানের শেষ সাক্ষাৎ।

শনিবার দুপুরে কামারুজ্জামানের ছেলেকে কারা কর্তৃপক্ষ টেলিফোন করে। তখন বলা হয়, বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে পরিবার সদস্যদের কারাগারে পৌঁছার কথা বলা হয়েছে।

গতকাল শুক্রবার ফাঁসি কখন হচ্ছে- এ নিয়ে দিনব্যাপী তোলপাড় চলে। তিনি প্রাণভিক্ষা করবেন না, একথা জানিয়ে দেয়ার পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

প্রাণভিক্ষার আবেদন বিষয়ে সিদ্ধান্ত জানতে গতকাল সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে সাক্ষাৎ করেন ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভীর মোহাম্মদ আজিম। দুই ম্যাজিস্ট্রেটকে কামারুজ্জামান বলেন, তিনি প্রাণভিক্ষা চাইবেন না। কিন্তু দণ্ড কার্যকর করার জন্য তিনি আরো কিছু সময় চান। নিয়ম অনুসারে তিনি সাত দিন সময় পাবেন বলে দাবি করেন।

এর আগেই খবর বেরিয়েছিল কামারুজ্জামান কারা কর্তৃপক্ষের কাছে দু’টি আবেদন জানিয়েছেন। এক. তাকে যেন শুক্রবার দিন ফাঁসি দেয়া হয়।দুই. ফাঁসির পর তাকে যেন গোসল এবং কাপন পরানো ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ আর্জি পেশ করার কারণ হলো- ইসলামের দৃষ্টিতে যারা শহীদ হন তাদের পরিহিত পোশাকেই দাফন করা হয়।

আজ শনিবার সকাল থেকেই মিরপুর ১১ নম্বরের কালশীর সাংবাদিক কলোনির ভেতর কামারুজ্জামানের বাসায় নিরবতা লক্ষ করা গেছে।

উল্লেখ্য, কামারুজ্জামানের বাসায় রাতের বেলায় কোনো পুরুষ সদস্য থাকেন না। তার স্ত্রী ও মেয়েরা থাকেন। দিনের বেলায় কামারুজ্জামানের ছেলেরা বাসায় আসেন।

এদিকে কয়েকদিন আগে থেকেই মুহাম্মদ কামারুজ্জামানের দাফনের প্রস্তুতি শুরু করে শেরপুরের গ্রামে তার স্বজনরা।

শেরপুর সদরের কুমরি বাজিতখিলা এতিমখানা সংলগ্ন পৈতৃক জমিতে তাকে দাফন করা হবে। বুধবার বিকালে ট্রাকে করে মাটি ফেলে কামারুজ্জামান প্রতিষ্ঠিত এতিমখানা, মসজিদ ও কুমরি দাখিল মাদ্রাসার কাছে বাজিতখিলা গাজীরখামার রাস্তার পাশের জমিটি উঁচু করা হয়।  এতিমখানার ফাঁকা জায়গায় কবরের জন্য ইট ও বালু এনেও রাখা হয়েছে।

কামারুজ্জামানের বড় ভাই কফিল উদ্দিন সাংবাদিকদের বলেছেন, তার ভাইয়ের শেষ ইচ্ছা এবং পরিবারের সদস্যদের সিদ্ধান্তেই এতিমখানার পাশের পৈতৃক জমিতে কবর দেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে কামারুজ্জামানের লাশ হস্তান্তর, জানাজার নামাজ ও কবর দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ইতোমধ্যে আবেদন করা হয়েছে।”

এর আগে শেরপুরের মাটিতে কামারুজ্জামানকে কবর দিতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়। ৬ এপ্রিল দেওয়া রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন।

৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত

rafayel bimanফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান কিনতে চূড়ান্ত চুক্তি করেছে ভারত। শুক্রবার ফ্রান্স সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে মোদি জানান ‘ জটিল অপারেশনগুলিতে ভারতের যুদ্ধবিমান প্রয়োজন সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমি প্রেসিডেন্টকে অনুরোধ করেছি দ্রুত আমাদের ৩৬টি রাফায়েল জেট সরবারহ করতে।’

যুদ্ধ বিমানের ক্ষেত্রে ফ্রান্স সবসময়ই ভারতের বিশ্বস্ত সরবারহক বলেও মন্তব্য করেন মোদি

প্রধানমন্ত্রী আশা করছেন এই সংক্রান্ত শর্তাবলী নিয়ে দু’দেশের সরকারি কর্মকর্তারা দ্রুত সমঝোতায় পৌঁছবেন।

এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার শনিবার জানিয়েছেন আগামি দুই বছরের মধ্যে রাফায়েল বিমানগুলি ভারতের বিমানবাহিনীতে যুক্ত হবে।

সরাসরি ৩৬ টি বিমান কেনার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে এই চুক্তিটি নিয়ে যে অচলাবস্থা ছিল শেষ পর্যন্ত ভারত সেই বরফ গলাতে পেরেছে।

‘৩ মাসের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে সরকার’

amaz uddinআসন্ন সিটি করপোরেশন নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তাহলে আগামী ৩ মাসের মধ্যেই সরকার জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.সি. অধ্যাপক ড.এমাজউদ্দীন আহমেদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে আমার দেশ পরিবার আয়োজিত ‘আমার দেশ পড়তে চাই , মাহমুদুর রহমানের মুক্তি চাই আমার দেশ বন্ধ ও মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ২ বছর উপলক্ষে’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন্তব্য করেন।”

এমাজউদ্দীন আহমেদ বলেন, ২৮ এপ্রিল সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় ও জনগণ তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করতে পারে এবং সেই নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করতে পারে তাহলে ৩ মাসের মধ্যে সরকার জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে।”

শত নাগরিক কমিটির আহ্বায়ক এমাজউদ্দীন আহমেদ বলেন, “যারা জোর করে ক্ষমতায় থাকে তার সব সময় দুর্বল থাকে। কারণ তাদের পায়ের নিচে মাটি থাকে না। আর পায়ের নিচে মাটি না থাকলে সে কখনো দাঁড়াতে পারে না। তারা ক্ষমতাকে পুঁজি করে ক্ষমতায় থাকতে চায় কিন্তু তাদের এই ব্যর্থ স্বপ্ন এক সময় বিলীন হয়ে যায়।”

প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, “স্বৈরশাসক আর স্বাধীন গণমাধ্যম কখনো এক সাথে চলতে পারে না, তারা সব সময় গণমাধ্যমের বাক স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা করে ।”

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সর্ম্পকে এমাজউদ্দীন বলেন, “ তিনি একজন দেশ প্রেমিক, বাংলাদেশের মস্ত বড় সম্পদ।, উন্নত জীবনের জন্য যেটা প্রথম প্রয়োজন তা হলো সত্য প্রকাশ করা আর এসব গুণ তার মধ্যে ছিল ।

বর্তমান সরকারের আমলে হামলা মামলা গুম নিত্য দিনের কাজে পরিণত হয়েছে মন্তব্য করে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহব্বায়ক রুহুল আমিন গাজী বলেন, “ঘরে থাকলে গুম অথবা ক্রসফায়ার বাহিরে থাকলে নির্যাতন গ্রেফতার যে সরকারের কাজ সেই সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন করা ছাড়া অন্য কোন পথ নেই।”

আলোচনায় অংশ নিয়ে, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, আজকে যারা সরকারের সাথে আঁতাত করে বিভিন্ন মিডিয়ার মালিক হয়েছেন , তাদেরও মাহমুদুর রহমানের মুক্তির জন্য আন্দোলন করা উচিৎ। অন্যথায় সরকার পরির্বতন হলে তাদের ও মাহমুদুর রহমানের মতো পরিণতি ভোগ করতে হবে।”

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ূয়া, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ, কবি ও লেখক ফরহাদ মজাহার প্রমুখ।

আয় কমেছে মার্কিন প্রেসিডেন্টের

obama21২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে কমেছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার বাৎসরিক আয়।

শুক্রবার (১০ এপ্রিল) হোয়াইট হাউজ ওবামা দম্পতির ২০১৪ সালের আয়ের হিসাব প্রকাশ করেছে। এ তথ্য বিশ্লেষণেই আয় কমার বিষয়টি বেরিয়ে আসে।

তথ্য অনুযায়ী, ২০১৪ সালে বারাক ও মিশেল ওবামার বাৎসরিক আয় ছিল চার লাখ ৭৭ হাজার ৩শ’ ৮৩ ডলার। যা ২০১৩ সালের তুলনায় ২৫ হাজার ৮শ’ ডলার কম।

২০১৩ সালে ওবামা দম্পতির আয় ছিল পাঁচ লাখ তিন হাজার ১শ’ ৮৩ ডলার। এর আগের বছর অর্থাৎ ২০১২ সালে তাদের আয় ছিল ছয় লাখ ৬২ হাজার ৭৬ ডলার।

জয়পুরহাটে আ. লীগ কর্মীদের বাড়িতে জামায়াতের হামলা