রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

আ. লীগ সরকারই শিক্ষার উপর গুরুত্ব দেয়

51932_Tofail--1বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, একমাত্র আওয়ামী লীগ সরকারই শিক্ষা ও শিক্ষার্থীদের গুরুত্ব দেয়। এ সরকারের আমলে ঝড়েপড়া শিক্ষার্থীদের সংখ্যা অনেক কমে এসেছে।

ভোলা সরকারি কলেজে আজ শনিবার সকালে পরীক্ষাকক্ষ কাম একাডেমিক ভবনের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন তিনি।

কলেজ অধ্যক্ষ পারভীন আখতারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা, পৌর মেয়র মনিরুজ্জামান প্রমুখ।

তোফায়েল আহমদ বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় বিএনপির নেতৃত্বাধীন জোট কেমন করেছেন আপনারা তা দেখেছেন। বিচার আপনাদের হাতে।

মন্ত্রী বলেন, পয়লা জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। এ সরকারের আমলে ঝড়েপড়া শিক্ষার্থীদের সংখ্যা অনেক কমে এসেছে। একমাত্র আওয়ামী লীগ সরকারই শিক্ষা ও শিক্ষার্থীদের গুরুত্ব দেয়।

বিএনপি আন্দোলনের নামে শিক্ষার্থীদের জীবন নষ্ট করেছে

51933_Amuআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যারা (বিএনপি) আন্দোলনের নামে হরতাল- অবরোধ ডেকে মানুষ হত্যা করেছে জনগন ইতিমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও প্রত্যাখ্যান করবে।

এসময় তিনি আরও বলেন,আন্দোলনের নামে তারা অসংখ্য শিক্ষার্থীদের শিক্ষাজীবন নষ্ট করছে ।

আজ শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ সব কথা বলেন।

বিশদলীয় জোটকে উদ্দিশ্য করে মন্ত্রী আরো বলেন, এরা নিজেদের মুসলিম ও ইসলাম পন্থি দাবি করলেও বিশ্ব ইস্তেমার সময় হরতাল-অবরোধ অব্যাহত রেখেছে। আন্দোলনের নামে তারা মসজিদে ঢুকে জায়নামাজ পুড়িয়েছিল, কোরআন শরিফ রাস্তায় ছুড়ে ফেলেছিল।

বিদ্যালয় কমিটির সভাপতি ঝালকাঠি জেলা প্রশাসক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

সবাইকে মিনিমাম ট্যাক্স দিতে হবে!

51928_Muhitসবার ওপর মিনিমাম ট্যাক্স আরোপ করা হতে পারে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শনিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই) এর এক সেমিনারে তিনি এ কথা জানান।

দেশের মাত্র ১.১ মিলিয়ন মানুষ ট্যাক্স দেয়। এটা খুবই লজ্জাজনক বলেও মন্তব্য করেন।

স্থল সীমানা চুক্তিতে বাংলাদেশ লাভবান সেটি প্রমাণিত

51918_hasina-9ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তিতে বাংলাদেশ লাভবান সেটি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, স্থল সীমানা চুক্তি নিয়ে কোনো সরকার কথা কথা বলেনি। ১৯৯৬ সালে প্রথম আমিই বিষয়টি তুলি। ২০১১ সালে ভারতের স্থল প্রটোকল চুক্তি হয়।

ভারতের কাছ থেকে ফেনীতেও আমরা একটি অংশ পাই। যেটি বিএনপি নেত্রীর সংসদীয় এলাকার সঙ্গে যুক্ত হয়। আজ বাংলাদেশ লাভবান সেটি প্রমাণিত। আমরা অনেক জমি পেয়েছি। আওয়ামী লীগ আবার ক্ষমতায় না এলে এটি হতো না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

শনিবার সকাল ১০টা ২৮ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান।

এর আগে ক্যাম্পাসে পৌঁছে প্রথমেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ইলা মিত্র হল, স‍ুফিয়া কামাল অডিটরিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ হল, ড. ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষনাগারসহ ১০টি স্থাপনা উদ্বোধন করেন।

পরে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বশেমুরকৃবি সিন্ডিকেট সদস্য জাহিদ আহসান রাসেল এমপি, কৃষিবিদ আবদুল মান্নান এমপি ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।

রোববার থেকে ফ্রি ইন্টারনেট!

51929_88বাংলাদেশে চালু হচ্ছে ফ্রি ইন্টারনেট সেবা। রোববার(১০ মে’২০১৫) থেকে দেশের গ্রাহকগণ এই সুবিধা ভোগ করতে পারেবন।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রবি আজিয়াটা এবং ফেসবুকের উদ্যোগে এই সেবা চালু হচ্ছে।

ইন্টারনেট ডট ওআরজির (internet.org) প্রকল্পের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টাল এবং কিছু সংবাদপত্রসহ কিছু সরকারি ওয়েবসাইট বিনামূল্যে লগইন সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে সরকারের সব সেবা সাইট এর আওতায় আসবে।

রোববার সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়া ফেসবুক ও রবির কর্মকর্তাগণ উপস্থিত থাকেবন।

সমুদ্রপথে মানব পাচার বাড়ায় উদ্বিগ্ন জাতিসংঘ

51921_Ledথাইল্যান্ডের জঙ্গলে একের পর এক অবৈধ অভিবাসীদের গণকবর পাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ও মিয়ানমার থেকে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ মানব পাচার বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একটি প্রতিবেদনে মানব পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরার পর জাতিসংঘ সদরদপ্তরে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, বঙ্গোপসাগর দিয়ে ঝুঁকিপূর্ণ মানবপাচারের ঘটনা আগের বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ ঘটেছে।

থাইল্যান্ডের সংখ্যলা প্রদেশে গত সপ্তাহে গণকবর থেকে উদ্ধার করা হয় ২৬টি মৃতদেহ।

শুক্রবার রয়টার্স একই প্রদেশের একটি পার্বত্য এলাকায় জীবিত অবস্থায় শতাধিক অভিবাসীর সন্ধান পাওয়ার কথা জানিয়েছে, যারা মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

থাই জঙ্গলের ওই শিবিরগুলো এবং পাদাং বেসারের চারপাশের কৃষি এলাকাগুলো মানবপাচারের আখড়া বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএনএইচসিআর।

শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআর এর মুখপাত্র অ্যাড্রিয়ান এডওয়ার্ডস জানান, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় ২৫ হাজারের মতো বাংলাদেশি এবং রোহিঙ্গা মানব পাচারের শিকার হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।

ডুজারিক বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনিয়মিত সমুদ্রপথে বাংলাদেশ ও মিয়ানমার থেকে মালয়েশিয়া পৌঁছানোর আশায় ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করছেন হাজারো মানুষ।

অবৈধপথে থাইল্যান্ড ও মালয়েশিয়া পৌঁছানো ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইউএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ এসব যাত্রায় এ বছরের প্রথম তিন মাসে ৩০০ ব্যক্তি মারা গেছেন।

২০১৪ সালের অক্টোবর থেকে মারা গেছেন মোট ৬২০ জন। এদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে ক্ষুধা-তৃষ্ণা আর নির্যা‌তনে। অনেকে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হওয়ার কথাও বলেছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংখ্যলা প্রদেশে গণকবরে পাওয়া মৃতদেহগুলো বাংলাদেশ ও মিয়ানমারের অভিবাসীদের।

ইউএনএইচসিআ আশা করছে, মানবপাচারের সঙ্গে জড়িতদের সনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

মানব পাচার ঠেকাতে সংস্থাটি এ অঞ্চলের দেশগুলোকে আরও নিবিড়ভাবে একসঙ্গে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি নিষিদ্ধ এ বাণিজ্যের বিরুদ্ধে অভিযান চালানোর ওপর জোর দিয়েছে।

গণকবর আবিষ্কারের পর ঘটনার তদন্তে নেমেছে থাই পুলিশ। মানব পাচার কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন সংখ্যলা প্রদেশের এক মেয়র। এছাড়া থাই পুলিশের অর্ধশতাধিক কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল থাইল্যান্ডে অবৈধভাবে যারা লোক পাঠিয়েছেন, তাদের খুঁজে বের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বরেছেন।

এরপরই আইনশৃঙ্খলা বাহিনী মানবপাচারকারীদের বিরুদ্ধে মাঠে নামে। বাংলাদেশ থেকে সমুদ্রপথে মানবপাচারের নিরাপদ রুট হিসাবে চিহ্নিত টেকনাফে শুক্রবার সকালে এক অভিযানের সময় গোলাগুলিতে তিন পাচারকারী নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মানব পাচারে জড়িত অভিযোগে ওইদিন রাতে কক্সবাজারে রেজাউল হক নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

নিউজ পোর্টাল চালু করল ই-ক্যাব

ecabসদস্যসহ ই-বাণিজ্যের খবরা-খবর নিয়ে অনলাইন নিউজ পোর্টাল চালু করলো ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। পোর্টালটির ঠিকানা news.e-cab.net।  দেশ ও বিদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির নানা রকম খবর, ই-কমার্স ইণ্ডাস্ট্রি নিয়ে আইসিটি ব্যক্তিত্বদের চিন্তা-ভাবনা এবং বিভিন্ন সফল ব্যক্তিত্বের সাক্ষাতকার থাকবে এ নিউজ সাইটে।

ই-ক্যাব এর ধানমণ্ডি কার্যালয়ে মঙ্গলবার সংগঠনটির উপদেষ্টা সদস্য এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গ্যানাইজেশন(অ্যাসোসিও)এর প্রাক্তন চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ. কাফি এবং তথ্যপ্রযুক্তিবিদ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রাক্তন প্রেসিডেন্ট মোস্তাফা জব্বার পোর্টালটির উদ্বোধন করেন।  অনুষ্ঠানে তারা ই-ক্যাব এর কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং অন্যান্য সদস্যদের সাথে কিভাবে ই-ক্যাব নিউজকে একটি নির্ভরযোগ্য খবরের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা যায় সে ব্যাপারে মত বিনিময় করেন এবং দিক-নির্দেশনা প্রদান করেন।

মোস্তাফা জব্বার বলেন, “ই-ক্যাব ইতিমধ্যেই বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ হাতে নিয়েছে। এ জন্যে অনেক তরুণ ও নতুন উদ্যোক্তা উপকৃত হচ্ছে এবং ই-ক্যাবে যোগ দিচ্ছে। অনলাইনে এ সংগঠনটির কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। তাদের কার্যক্রম আমি নিজে প্রায়ই লক্ষ্য করি। এছাড়া ই-ক্যাব এর ব্লগ একটি প্রশংসনীয় উদ্যোগ। ঠিক এভাবে ই-ক্যাব নিউজও একটি ভাল কাজ। তবে আমি আশা করব যে এখানে গুণগত মান রক্ষা করে চলা হবে। ই-কমার্সের বিদেশী খবরের পাশাপাশি দেশি ই-কমার্সের খবরও দিতে হবে। এছাড়া সফল উদ্যোক্তাদের সাক্ষাৎকার ও নিয়মিত প্রকাশ করতে হবে।”

আব্দুল্লাহ এইচ কাফি বলেন, “বাংলাদেশে ই-কমার্সের বিস্তারে ই-ক্যাব এর সদস্য প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এতে কোন সন্দেহ নেই। তাদের বেশিরভাগই বয়সে তরুণ। এজন্যে তাদের বিভিন্ন বিষয়ে জানতে হবে এবং শিখতে হবে। আশা করা যায়, ই-ক্যাব নিউজ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ই-কমার্স নিয়ে যারা কাজ করছেন তাদের এখন থেকেই চিন্তা করা উচিত দেশের বাইরে যে একটি বিশাল বাজার রয়েছে সে বাজারটাকে কিভাবে কাজে লাগান যায়। আর উদ্যোক্তাদের জন্যে কিভাবে বিশ্বমানের প্রশিক্ষণের আয়োজন করা যায় সে বিষয়টি নিয়েও আমাদের ভাবতে হবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ই-ক্যাব এর প্রেসিডেন্ট রাজিব আহমেদ, ই-ক্যাব এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ তমাল, ই-ক্যাব এর অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক, ই-ক্যাব ডিরেক্টর(গভর্ণমেন্ট অ্যাফেয়ার্স) রেজওয়ানুল হক জামী, ই-ক্যাব ডিরেক্টর(কমিউনিকেশনস)আসিফ আহনাফ এবং ই-ক্যাব এর নির্বাহী পরিচালক ফেরদৌস হাসান সোহাগ এবং ই-ক্যাব এর সদস্যবৃন্দ এবং বাংলাদেশের প্রথম ই-কমার্স সাইট মুন্সিজি ডট কম এর প্রতিষ্ঠাতা মোঃ গিয়াস উদ্দীন।

কার্গো ডুবির ৯৬ ঘণ্টায়ও উদ্ধার তৎপরতা নেই

ship sinkসুন্দরবনের ভোলা নদীতে চরে আটকে  ডুবে যাওয়া জাবালে নুর নামের কার্গো ডুবে যাওয়ার ৯৬ ঘণ্টা পার হলেও দৃশ্যমান কোনো উদ্ধার তৎপরতা নেই।

গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শরণখোলা রেঞ্জের মরা ভোলা এলাকার ভোলা নদীর চরে আটকে জাহাজটি তলা ফেটে ডুবে যায়। জাহাজটি সার বোঝাই করে মংলা থেকে ঢাকায় যাচ্ছিল। এতে পরিবেশের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগীয় কর্মকর্তা মো. আমির হুসাইন চৌধুরী  বৃহস্পতিবার বিকালে  মোবাইল ফোনে  নতুন বার্তা ডটকমকে জানান, বন বিভাগের ডুবে যাওয়া কার্গো উদ্ধারের মতো কোনো সরঞ্জামাদি নেই। এটি উদ্ধার করবে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষ। বন বিভাগ কার্গোটি ডুবির ঘটনার দিন থেকে নৌ পরিবহন কর্তৃপক্ষকে বিষটি দ্রুত ব্যবস্থা নিতে তাগিত দিয়ে আসছে।

তিনি বলেন, “কার্গোটিতে থাকা এমওপি সার জমাটবেঁধে যাওয়ায় কাটিং ড্রেজার দিয়ে এগুলো অপসারণ করতে হবে । এজন্য বৃহস্পতিবার বিকালে কাটিং ড্রেজারের কর্যক্রম শুরু করেছে বন বিভাগ।”

খুলনা নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো: আবুল বাশার সুন্দরবনের ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে নতুন বার্তা ডটকমকে জানান, কার্গো উদ্ধারের বিষয়টি সম্পূর্ন মালিক পক্ষের বিষয়। মালিক পক্ষ পে করার শর্তে  বিআইডব্লিউটিএ-কে উদ্ধার করতে বললেই কেবল তারা উদ্ধার করবে। অথবা মালিকপক্ষের উদ্ধারের সামার্থ না থাকলে, সেক্ষেত্রে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ উদ্ধার করবে।

নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের এ কর্মকর্তা জানান, কার্গোটি উদ্ধারের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে তিনি একাধিকবার কথা বলেছেন। মালিকপক্ষ নিজেরা ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার করবেন বলে তাকে জানিয়েছেন।

চারদিন একটি নৌ রুটে ডুবন্ত কার্গো থাকলে পলি পড়ে নৌরুটটি বন্ধ হবার আশংকা আছে কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভোলা নদীর এ পয়েন্টে  আপাতত এই ধরণের আশংকা নেই।”

এদিকে জাহাজের মধ্যে জমাটবাঁধা সার আত্মসাত করার জন্য স্থানীয় একটি চক্র তৎপর হয়ে উঠেছে বলে গুজব উঠেছে।

ডুবে যাওয়া কার্গোটি দ্রুত উদ্ধার করা না গেলে চ্যানেলটিতে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ার আশংকা করছেন চ্যানেল ব্যবহারকারীরা। এজন্য তারা দ্রুত কার্গোটি উদ্ধারের দাবী জানিয়েছেন।

ডুবে যাওয়া কার্গোতে থাকা রাসায়নিক সার যাতে নদীর পানিতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য একটি পাম্প মেশিন ভাড়া করে এনেছে স্থানীয় প্রশাসন ও বনবিভাগ। তবে তারা কাজ শুরু করতে পারেনি।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল নতুন বার্তা ডটকমকে বলেন, “ডুবে যাওয়া কার্গোর সার অপসারণের জন্য একটি পাম্প মেশিন ভাড়ায় আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে তারা ঘটনাস্থলে পৌছলেও পাইপ স্বল্পতার কারণে কাজ শুরু করতে পারেনি। এ ধরনের কার্গো উত্তোলনের সরঞ্জামাদি আমাদের কাছে নেই। এটি উদ্ধার করতে বিআইডব্লিউটিএ’র সাহায্য চাওয়া হয়েছে। দ্রুত এটি অপসারণ করা না গেলে চ্যানেলটিতে পলি পড়ে ভরাট হয়ে যাওয়া আশংকা করেছেন তিনিও।

সুন্দরবনে জেলেকে নিয়ে গেলে কুমির

sundorban7পূর্ব সুন্দরবনে মাছ ধরতে যাওয়া রফিকুল (৩৫) নামের এক জেলেকে কুমিরে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোররাত ৫ টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের শ্যালা নদীর বেড়িরখালে চরগড়া জাল পেতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) মো. সুলতান মাহমুদ জানান, নিখোঁজ জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের মজিবর ঘরামীর ছেলে। তাকে উদ্ধারে বনবিভাগ ও পরিবারের লোকজন সকাল থেকে ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছে।
তিনি আরও জানান, কুমিরের আক্রমনের শিকার রফিকুল ঘরামী ও আবদুল্লাহ (১৭) নামের দুই জেলে শ্যালা নদীর বেড়িরখালে মাছ ধরছিল। এসময় হঠাৎ একটি কুমির রফিকুলকে ধরে নদীতে টেনে নিয়ে যায়। পরে তার সঙ্গীর কাছ থেকে জানতে পেরে স্থানীয়রা পরিবারের লোকজনকে খরব দেন।

ভাস্কর নভেরা আহমেদের মৃত্যুতে ঢাবি ভিসির শোক

noveraবাংলাদেশের আধুনিক ভাস্কর্যের অন্যতম পথিকৃৎ ও বিস্ময়কর প্রতিভা নভেরা আহমেদের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক শোকবাণীতে ভিসি বলেন, একুশে পদকপ্রাপ্ত কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার এবং বাংলাদেশের ভাস্কর্য শিল্পের কিংবদন্তি এক ভাস্কর ছিলেন নভেরা আহমেদ।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তার স্মৃতি জড়িয়ে আছে। তিনি ১৯৫৬ সালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে ভাস্কর হামিদুর রহমানের সঙ্গে প্রাথমিক নকশা প্রণয়নের কাজে আত্মনিয়োগ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের শিল্পাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।

প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ভিসি ।

উল্লেখ্য, নভেরা আহমেদ বার্ধক্যজনিত কারণে গত ৫ মে ২০১৫ মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। নভেরার জন্ম ১৯৩০ সালে। পৈতৃক নিবাস চট্টগ্রামের আসকারদীঘির উত্তর পাড়ে। নভেরার প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী হয়েছিল তৎকালীন কেন্দ্রীয় গণগ্রন্থাগারে যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার।