রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

৫০০ বাংলাদেশি ও রোহিঙ্গাকে ফিরিয়ে দিল মালয়েশিয়া

trolar13পাঁচ শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমকে বহনকারী একটি নৌকাকে উপকূল থেকে তাড়িয়ে দিয়েছে মালয়েশিয়া।

বৃহস্পতিবার  মালয়েশিয়ার একজন মন্ত্রী একথা জানান। বুধবার উত্তরাঞ্চলীয় পেনাং রাজ্যের উপকূলে নৌকাটি দেখা যায়।

এর মাত্র তিনদিন আগে নিকটবর্তী লঙ্কাউই দ্বীপে অবতরণ করেছিল সহস্রাধিক বাংলাদেশি এবং রোহিঙ্গা।

মালয়েশিয়ার উপ স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনাইদি জাফর জানান, মালয়েশিয়ার উপকূল অভিবাসীতে ভরে গেলে তা বহন করার সামর্থ্য দেশটির নেই।

‘আমরা তাদেরকে সঠিক বার্তা পৌঁছে দিয়েছি যে তারা এখানে স্বাগত নয়,’ বলছিলেন জাফর।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে ইন্দোনেশিয়াও প্রায় ৬০০ অভিবাসীকে বহনকারী একটি নৌকা তাড়িয়ে দেয়।

মালাক্কা উপত্যকা  এবং এর আশেপাশের এলাকায় হাজার হাজার অভিবাসী  নৌকায় পরিত্যক্ত অবস্থায় মানবেতন জীবন কাটাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মানব পাচারকারীরা এসব অভিবাসীকে বহনকারী জাহাজ ও নৌকাগুলো ছেড়ে পালিয়ে গেছে।

জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থার হিসেব মতে, মালয়েশিয়ায় দেড় লাখ শরণার্থী ও উদ্বাস্তু রয়েছেন। এদের মধ্যে ৪৫,০০০ জনই মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়।

মন্ত্রী জাফর বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের ওপর আরো চাপ দেয়া দরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সরকারের।

তিনি বলেন, বৌদ্ধ প্রধান মিয়ানমার গণতন্ত্রের কথা বলছে আর তার  নাগরিকদের সাথে ক্রিমিনালের মত আচরণ করছে।

মিয়ানমারের বৌদ্ধি দুর্বৃত্তদের নিপীড়ন থেকে বাঁচতে গত তিন বছরে এক লাখের বেশি রোহিঙ্গা নৌকায় চেপে দেশ ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা।

জাতিসংঘের মতে, রোহিঙ্গা বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়।

সূত্র: টাইম ম্যাগাজিন, এপি

লক্ষ্মীপুরে শ্রমিক গণধর্ষিত, গ্রেফতার ৪

lokkhipur3লক্ষ্মীপুর শহরে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বুধবার বিকেলে ওই নারী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেছেন।

রাতে লক্ষ্মীপুর শহর ও নোয়াখালীর মাইজদি বাজার এলাকায় পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মনা, শাকিল আহমদ, সালাহ উদ্দিন, দীন মোহাম্মদসহ চারজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে ওই নারী শ্রমিক মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর হয়ে ঢাকা যাচ্ছিল। সে ঢাকায় একটি জুতার কারখানায় শ্রমিকের কাজ করত। লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে ওই নারী শ্রমিককে অভিযুক্তরা চাকরির আশ্বাস দিয়ে শহরের বাঞ্চানগর গ্রামের রেহান উদ্দিন ভূইয়ার বাড়িতে আসে। পরে পাঁচজন মিলে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।

স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ক্ষতিগ্রস্ত নারী শ্রমিককে তার বাবার জিম্মায় দেয় পুলিশ।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নারী শ্রমিক সদর থানায় রেহান উদ্দিন ভূইয়া বাড়ির মনা ও শাকিল ভূইয়া, বাঞ্চানগর গ্রামের সালাহ উদ্দিন, একই গ্রামের দীন মোহাম্মদসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন মিয়া জানান, নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছে। বুধবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ আনচেলত্তি

uncelআচরণ বিধি লঙ্ঘন করায় লা লিগায় রিয়াল মাদ্রিদের পরবর্তী দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কোচ কার্লোস আনচেলত্তি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এই নিষেধাজ্ঞা দেয় এ ইতালিয়ান কোচকে।

গত শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে লিয়ালের ড্র হওয়া ম্যাচটিতে আনচেলত্তির বিরুদ্ধে বিদ্রূপাত্মক আচরণ করার অভিযোগ ওঠে। ম্যাচের রেফারির করা এ অভিযোগে তিনি শৃঙ্খলা আইন ১১৭ ভঙ্গ করেন।

লিগে বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল নিজেদের পরবর্তী দুটি ম্যাচে এসপিওনাল ও গেটাফের বিপক্ষে পাচ্ছে না প্রধান কোচ আনচেলত্তিকে।

এদিকে গতরাতে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে আসর থেকে বিদায় নেয় লা গ্যালাকটিকোরা। দুই লেগে মিলিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে হেরে টানা দ্বিতীয়বারের মত ফাইনাল হাতছাড়া হয় আনচেলত্তির শিষ্যদের।

‘লাদেন নিহত হন নি, ২০০১ সালে তার স্বাভাবিক মৃত্যু হয়’

laden11আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন-লাদেন  ২০১১ সালে পাকিস্তানে নিহত হন নি বরং ২০০১ সালে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাকে একটি অজ্ঞাত কবরে ইসলামি অনুশাসন অনুযায়ী দাফন করা হয়েছে। প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন লেখক, সাংবাদিক এবং উইনকনসিনের মেডিসন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেমস হেনরি ফিটজার। রোববার লন্ডন রিভিউ অব বুকসে প্রকাশিত আমেরিকার খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক ও লেখক সেইমোর হার্শ’এর নিবন্ধ প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

ভেটার্নস ট্রুথ নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট জেমস ফিটজার আরো দাবি করেন, বিন-লাদেনের মৃত্যু সম্পর্কে ‘অর্ধ সত্য’ বলেছেন  হার্শ। এর কারণ তুলে ধরতে গিয়ে তিনি বলেন, সত্যিকার পরিস্থিতি গভীরভাবে গোলমেলে হওয়ায় এটা বিস্ময়কর যে, পুরো ঘটনাবলী বুঝতে পারা হার্শের পক্ষেও সম্ভব হয়ে ওঠে নি।

২০০১ সালে ১৫ ডিসেম্বর বিন-লাদেন আফগানিস্তানে মারা গেছেন এবং তাকে সেখানে একটি অজ্ঞাত কবরে দাফন করা হয়েছে বলে দাবি করেন জেমস হেনরি ফিটজার। ২০০১ সালের ২৬ ডিসেম্বর ফক্স নিউজ ওসামা বিন-লাদেনের মৃত্যু বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে উল্লেখ করে তিনি আরো বলেন, অন লাইনে এটি এখনো পাওয়া যায়।

হার্শ তার নিবন্ধে বলেছেন, সাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন-লাদেনকে হত্যার অভিযানের বিষয়ে ডাহা মিথ্যা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজের ভূমিকাকে বড় করে দেখানো এবং বিন লাদেন বিরোধী অভিযানের কৃতিত্ব নেয়ার জন্য এক্ষেত্রে পাকিস্তানের বিশেষ বাহিনীর ভূমিকার কথা ধামাচাপা দিয়েছেন তিনি।

প্রায় একই রকম মন্তব্য করেছেন ফিটজার। তিনি বলেন, ২০১১ সালে বিন-লাদেনের দ্বিতীয় দফা মৃত্যুর খবর প্রচার করেছে সংবাদ মাধ্যম। মার্কিন সরকার দেশটির জনগণের কাছে মিথ্যা ও বানোয়াট কাহিনী তুলে ধরেছে।

এদিকে, সেইমোর হার্শ লিখেছেন,  অ্যাবোটাবাদের বাড়িতে বহু বছর ধরেই বিন লাদেনকে আটকে রেখেছিল পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই। ২০১০ সালে পাকিস্তানের একজন পদস্থ গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে প্রথম বিন লাদেনের অবস্থান সম্পর্কে জানতে পারে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওয়াশিংটন ওসামা বিন-লাদেনের মস্তকের মূল্য ঘোষণা করেছিল দুই কোটি ৫০ লাখ ডলার। এ অর্থের লোভেই ওসামার অবস্থান সম্পর্কিত তথ্য ফাঁস করে দেন ওই পাকিস্তানি কর্মকর্তা।

হার্শ আরো লিখেছেন, মার্কিন সেনা অভিযানের বহু আগে থেকে বিন লাদেনের সঙ্গে আল-কায়েদা চক্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে এ যোগাযোগ বিছিন্ন করে দেয়া হয়েছিল বলেও জানান হার্শ।

এ ছাড়া, বিন-লাদেন বিরোধী অভিযান চালানোর সময় মার্কিন নৌ কমান্ডো সিল’এর সদস্যদের সঙ্গে কোনো গুলি বিনিময়ের ঘটনা ঘটেনি বলেও হার্শ জানিয়েছেন। তিনি বলেছেন, কেবলমাত্র ‘অসহায়, দুর্বল এবং নিরস্ত্র’ বিন-লাদেনকে হত্যার জন্যেই একতরফা গুলি চালানো হয়েছে। এ ছাড়া, বিন-লাদেনের লাশ সাগরে ফেলে দেয়া হয় নি বরং তাকে আফগানিস্তান কবর দেয়া হয়েছে। হার্শ বলেন, আমেরিকার কথিত সন্ত্রাস বিরোধী অভিযানে মিথ্যা তথ্য দেয়া একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

রিয়ালকে হারিয়ে ১২ বছর পর ফাইনালে জুভেন্টাস

real14২০০৩ সাল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জয় পায়। দ্বিতীয় লেগে জুভেন্টাস ৩-১ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৪-৩) রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ওঠে।

এরপর শুরু হয়েছে জুভেন্টাসের ফাইনালে ওঠার অপেক্ষার পালা। সেই অপেক্ষার পালা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। মাঝে কেটে গেছে ১২টি বছর। ফাইনালে ওঠা হয়নি তাদের। অবশেষে অপেক্ষার পালা ফুরিয়েছে। সেই রিয়াল মাদ্রিকেই হারিয়ে এক যুগ পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হয়েছে তুরিনের ওল্ড লেডিদের।

৬ জুন বার্লিনে ইউরোপের সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে তারা। ফাইনালে ওঠার আনন্দে যারপরনাই রঙিন এখন সাদা-কালো শিবির। আর বেদনার নীলে নীলাভ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ১৯৯০ সালের পর থেকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা কেউ অক্ষুণ্ন রাখতে পারেনি। রাখতে পারল না লস ব্লাঙ্কোসরাও।

প্রথম লেগে ২-১ গোলে জয় পায় জুভেন্টাস। সে কারণে ফাইনালে এক পা দিয়ে রেখেই ফিরতি লেগে রিয়ালের মাঠে খেলতে আসে তারা। সহজ সমীকরণ সামনে। কোনোভাবে ড্র করলেই ফাইনালে ওঠার পথ খোলা। আলভারো মোরাতার গোলে সেই পথ বেয়েই এক যুগ পর ফাইনালে পৌঁছেছে জুভারা।

ঘরের মাঠে প্রথমার্ধে রিয়াল দারুণ খেলে। ২১ মিনিটে হামেজ রদ্রিগেজকে জর্জিও কিয়েলিনি ডি বক্সের মধ্যে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ১-০ গোলে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। যা ছিল চ্যাম্পিয়নস লিগে তার ৭৭তম গোল। এই গোলের সুবাদে লিওনেল মেসির সঙ্গে এখন যৌথভাবে তিনি চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।

১-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় কার্লো আনচেলোত্তির দল। বিশ্রামে যাওয়ার আগ পর্যন্ত ফাইনালে এল ক্লাসিকোর স্বপ্ন দেখতে শুরু করেছিলেন মাঠে উপস্থিত ৫০ হাজার রিয়াল সমর্থক।

বিরতির পর আলভারো মোরাতা গোল করে ম্যাচে সমতা ফেরান। পাশাপাশি এল ক্লাসিকো ফাইনালের স্বপ্নেও জল ঢেলে দেন। এরপর বাদবাকি সময়ে রিয়াল যেমন গোলের দেখা পায়নি, তেমনি পায়নি জুভেন্টাসও। কিন্তু প্রথম লেগে পিছিয়ে থাকায় ১-১ গোলের ড্রই রিয়ালকে ছিটকে দেয় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল থেকে।

২০০৩ সালে জুভেন্টাস ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি তাদের। টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় এসি মিলানের কাছে ৩-২ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। রিয়ালকে হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে সাদা-কালো জুভেন্টাস। এবার স্প্যানিশ জায়ান্ট বার্সাকে হারিয়ে ১৯ বছর পর শিরোপা জয়ের উল্লাসে রঙিন হতে পারবে কি তারা?

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাঙামাটিতে সাতজনের মৃত্যু, আহত ২০

rangamatiডায়রিয়ার মতো অজ্ঞাতনামা রোগে আক্রান্ত হয়ে রাঙামাটির সাজেক থানাধীন শিয়ালদাহ ও চাইল্যাতলী এলাকায় সাতজন উপজাতীয় এলাকাবাসী নিহত হয়েছেন।

বুধবার বিকেল থেকে ভোররাত পর্যন্ত মধ্যে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২০/২৫ জন এলাকাবাসী গুরুতর অবস্থায় রয়েছেন নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা ও শিয়ালদাহ এলাকার হেডম্যান জিপ্পুতাং ত্রিপুরা।

নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে, তারা হলেন- ভাতরাই ত্রিপুরা (৩৫), বদরাত্রী ত্রিপুরা (৪৫), ভীরবাবু ত্রিপুরা (৫০), লক্ষী ত্রিপুরা (৩০) ও দির্বরা ত্রিপুরা (২৮), বিদ্যামোহন ত্রিপুরা (৮৫) কুসুমতি ত্রিপুরা (৫২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৌসুমী বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই গত বুধবার সারাদিনই সাজেকের দুর্গম শিয়ালদাহ ও চাইল্যাতলী এলাকায় বসবাসরত পাহাড়ি সম্প্রদায়ের বেশ কয়েকজন বাসিন্দা ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হয়। এই ঘটনায় সারাদিনে অন্তত সাতজন নিহত হওয়ার পাশাপাশি প্রায় ২০/২৫ জন এলাকাবাসী গুরুতর অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী শোয়েব ত্রিপুরা ও জেলী লুসাই।

শিয়ালদাহ এলাকার হেডম্যান জিপ্পুতাং ত্রিপুরা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পাতলা পায়খানার মতো মলত্যাগের মাধ্যমে রোগের উপসর্গ শুরু হওয়ার পর একদিনের মাথায় ওই রোগী গুরুতর অবস্থা ধারণ করছে। এই ঘটনায় বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত অন্তত সাতজন মৃত্যুবরণ করেছে। আরো ২৫ জন গুরুতর অবস্থায় রয়েছেন।

বাঘাইছড়ি উপজেলার পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি থেকে একটি মেডিকেল টিমও রওয়ানা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, মৌসুমী বৃষ্টি হওয়ার পরপরই সেখানে প্রচণ্ড গরম পড়তে থাকে ওই এলাকাটিতে। এই ঘটনায় এলাকায় বসবাসরতরা ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হয়েছে, যার ফলে সেখানে এ ঘটনা ঘটে।

সালাহউদ্দিনকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ

salauddin14ইন্টারপোলের ঢাকা ইউনিট ভারতের মেঘালয়ে পলাতক সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করার জন্য দেশটিতে তাদের ইউনিটের কাছে রেড নোটিশ পাঠিয়েছে।

বিএনপির এই যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এরই মধ্যে মামলা হয়েছে। বাংলাদেশেও তার বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি ফৌজদারি মামলা। যাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

ইন্টারপোলের ঢাকা ইউনিট গত মঙ্গলবার সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করার জন্য বার্তাটি পাঠায়। বার্তাটি মেঘালয়ে পৌঁছালে সেই মোতাবেক ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)কে জানানো হয়।

মেঘালয়ের পুলিশ প্রধান রাজিব মেহতাকে উদ্ধৃত করে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ ভারতের মেঘালয় থেকে তার স্বামী ফোন করেছেন, এমন খবর সাংবাদিকদের জানানোর পরপরই ঢাকায় ইন্টারপোলের ইউনিট তাদের ভারতীয় ইউনিটের কাছে গ্রেপ্তারের ওই নির্দেশনা পাঠায়।

এর আগে সোমবার সকালে মেঘালয় পুলিশ সালাউদ্দিনকে ‘সন্দেহজনক গতিবিধি’র জন্য আটক করে। এসময় তার কাছে নিজের পরিচয় নিশ্চিত করার মতো কোনও ডকুমেন্টই ছিলো না।

ভারতে প্রবেশের কোনও অনুমতি সাথে না থাকায় মেঘালয় পুলিশ তাকে ফরেনারস অ্যাক্টে আটক দেখাচ্ছে।

রাজিব মেহতা অপর একটি সংবাদমাধ্যমকে বলেন, ইন্টারপোলের ঢাকা অফিস ভারতের কাছে একটি রেড কর্নার নোটিশ পাঠায় যাতে সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়।

সিবিআই’কে এই নোটিশের বিষয়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ মেঘালয়ের শিলং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে এখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ বলে জানিয়েছেন। তবে কিছু পরীক্ষা-নীরিক্ষা চলছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই জানা যাবে তাকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে।

অন্যদিকে মেঘালয় সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন, সালাহউদ্দিন আহমেদের আসল পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে তাদের কাছে জানা নেই। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ছাড়া পেলে তাকে আদালতে হাজির করানো হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা এম খারকারাং।

`রাজনৈতিক সাহায্য ছাড়াই রাম মন্দির গড়ব’

rammundirরাম মন্দির নির্মাণ নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। তারা বলেছেন, সুপ্রিম কোর্টের রায় পক্ষে গেলে তারা কোনোরকম রাজনৈতিক সাহায্য ছাড়াই অযোধ্যায় রামের জন্মস্থানে মন্দির নির্মান করবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সম্প্রতি বলেছেন, রাজ্যসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই রাম মন্দির নিয়ে এনডিএ সরকার কোনো আইন করতে পারবে না। রাজনাথের এই বক্তব্যে কার্যত অসন্তোষ প্রকাশ করেই মন্দির নির্মানে রাজনৈতিক সাহায্য গ্রহণের বিষয়টি খারিজ করলেন ধর্মীয় নেতা।

মঙ্গলবার রামলীলা ময়দানে আয়োজিত হিন্দু ধর্ম সংসদে বক্তব্য রাখতে গিয়ে দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বরূপানন্দ বলেন, রাম মন্দির তৈরি করা নিয়ে কথাবার্তা বন্ধ করা উচিত। তিনি বলেন, ‘আমরা আপনার (রাজনাথ) কাছে করজোড়ে অনুরোধ করছি, রাম মন্দির নিয়ে কোনও কথা বলবেন না। আমরাই ওই জায়গায় রাম মন্দির গড়ব’।

শঙ্করাচার্য আরও বলেছেন, রাজনীতির জগতের একাংশ রাজনৈতিক ফায়দার জন্যই মুঘল সম্রাট বাবরের নাম জড়িয়ে দিয়েছেন। কিন্তু ওই জায়গার সঙ্গে বাবরের সম্পর্ক না থাকার কথা আদালত স্বীকার করে নিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। তার আরও দাবি, যা কিছু পাওয়া গিয়েছে তাতে প্রমাণ হয় যে ওই জায়গা ছিল হিন্দুদের উপাসনার স্থান।

শঙ্করাচার্য আরও বলেছেন, ‘ওই জায়গা রামের জন্মস্থান এবং সুপ্রিম কোর্ট এ বিষয়টি স্বীকার করে রায় দিলে আমরাই কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই আমরা মন্দির গড়ব’। এবিষয়ে হিন্দু ধর্ম সংসদেও একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়াও গো-হত্যা নিষিদ্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের রামায়ন, মহাভারত পঠনপাঠনের ব্যবস্থা করা এবং মদ নিষিদ্ধ করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন হিন্দু সংস্থা ও সংগঠনের সমাবেশ এই হিন্দু ধর্ম সংসদ। ভূমিকম্পে নেপালে ভেঙে পড়া মন্দিরগুলি নতুন করে গড়তে সাহায্যদানেরও কথা বলা হয়েছে এই সমাবেশে। শঙ্করাচার্যর অভিযোগ, হিন্দু ধর্ম সম্পর্কে রাজনৈতিক নেতাদের জ্ঞানের অভাব রয়েছে। জাপান সফরে গিয়ে সেদেশের সম্রাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গীতা উপহার দেওয়ার প্রসঙ্গ উত্থাপণ করে বলেন, এর পরিবর্তে সারা দেশের শিশুদের মধ্যে যাতে এই গ্রন্থের শিক্ষা ছড়িয়ে দেওয়া যায়, তার ব্যবস্থা করা উচিত ছিল।

পল্লবীর জোড়া খুনের নেপথ্যে

switeরাজধানীর পল্লবীতে জোড়া খুনের নেপথ্যে চাঁদা ও ব্যবসায়িক দ্বন্দ্বের জের রয়েছে বলে ধারণা পুলিশ ও পরিবারের।

বুধবার দুপুরে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডেসকো) উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলামের স্ত্রী সুইটি আক্তার (২৫) ও তার মামা আমিনুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ছেলে সাদ (৫) মারাত্মকভাবে আহত হয়। পল্লবীর ২০ নম্বর সড়কের ৯ নম্বর ‘ক্রিস্টাল ডি আমিন’ নামে একটি বাড়ির ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।

সুইটির স্বামী জাহিদুল বলেন, গত মার্চ মাসের শেষের দিকে মুন্না নামের এক সন্ত্রাসী ফোন দিয়ে জিসানের নামের একজনের সঙ্গে কথা বলার জন্য ফোন ধরিয়ে দেয়। এরপর জিসান নামের ব্যক্তি তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। তা না হলে হত্যা করার হুমকি দেয়।

এ ঘটনায় পল্লবী থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ কোনো গুরুত্ব দেয়নি এবং পরবর্তীতে যোগাযোগও করেনি বলে তার অভিযোগ।

চাঁদাবাজির বিষয়টি ছাড়া ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেও এই খুনের ঘটনা ঘটতে পারে বলেও তিনি অনুমান করেন।

তিনি জানান, ব্যবসায়িক কারণে শাহীন নামে এক ব্যক্তির সঙ্গে স্ত্রী সুইটির দ্বন্দ্ব ছিল।

তিনি বলেন, চাকরির পাশাপাশি জাহিদুল ‘ইন্ডিপেনডেন্ট পাওয়ার’ নামে বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহকারী একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন সুইটি আক্তার। শাহীন ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। কয়েকদিন আগে কোম্পানি আলাদা হয়ে যায়। এনিয়ে শাহীনের সঙ্গে স্ত্রী সুইটির কথা কাটাকাটি হয়।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার নিসারুল আরিফ বলেন, ‘২৫ থেকে ৩২ বছর বয়সী দুই যুবকের এলোপাতারি কোপে সুইটি ও তার মামাশ্বশুর আমিনুল ঘটনাস্থলে মারা গেছেন। তাদের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমিনুলের শরীরে বেশি আঘাতের চিহ্ন দেখা গেছে।’

ঘটনাস্থল থেকে ছুরির বাট এবং বাট ছাড়া ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার সময়ে বাসায় থাকা সুইটির ছেলে সাদ বাথরুমে ছিল। তার বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে।

খুনের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘জাহিদুল চাকরির পাশাপাশি ব্যবসা করতেন। বেশ কয়েকদিন আগে তার কাছে চাঁদা চেয়ে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। চাঁদা ও ব্যবসায়িক দ্বন্দ্ব দুটোকেই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।’

জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল খালেক এবং নিহত সুইটির ব্যবসায়িক অংশীদার শাহীনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

র‌্যাব-৪ এর অধিনায়ক সাহাবুদ্দিন বলেন, ‘খুনের ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। আধা ঘণ্টার মধ্যে খুনের ঘটনা ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়েছে হত্যাকারীরা। প্রাথমিক পর্যায়ে খুনের কারণ সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে না।’

বিশ্বকাপ হোক ৪০ ওভারের

cric14নতুন বিশ্বকাপের রূপরেখা তৈরি করেছেন মার্টিন ক্রো৷ যা ক্রিকেট দুনিয়াকেই বদলে দিতে পারে৷ লেখাটি প্রকাশিত হয়েছে ক্রিকইনফোতে৷

কোনো সন্দেহ নেই, গত বিশ্বকাপে তথাকথিত ছোট টিমগুলোর মরণপণ লড়াই সবার নজর কেড়েছে৷ একটা কারণ পরের বিশ্বকাপ ১০ টিমের হওয়ার সম্ভাবনা৷ যা আমার কাছে একেবারেই অর্থহীন মনে হয়৷ দশ টিমের বিশ্বকাপ মানে তা শুধু ক্রিকেটের বিগ থ্রি -রই কোষাগার বাড়াবে৷ আমাদের এমন একটা বিশ্বকাপের নকশা ভাবা উচিত , যা ক্রিকেটকে অন্য একটা উচ্চতায় পৌঁছে দেবে৷ আমার মত হল, বিশ্বের সেরা ১৮টা টিমের পুল তৈরি করে প্রতি চার বছর অন্তর সেরাদের নিয়ে একটা টুর্নামেন্ট৷

কীরকম হবে সেটা ? প্রথমত, আট ঘন্টার পরিবর্তে ওয়ান ডে হবে ছ’ঘন্টার, কারণ ওয়ান ডে হবে ৪০ ওভারের৷ প্রথমে প্রি কাপ টুর্নামেন্ট, এখন যেটা কোয়ালিফাইং টুর্নামেন্ট, সেটা হবে৷ তাতে পাপুয়া নিউ গিনি, যুক্তরাষ্ট্র, কানাডা, নামিবিয়া, বারমুডা, নেপালের মতো টিমগুলো অংশ নেবে৷ এরা নিজেদের মধ্যে দু’বার করে খেলবে৷ সেরা দুটো টিম যাবে ওয়ার্ল্ড সিরিজ লিগে৷ এই লিগ হবে দশ সপ্তাহের৷ দুটি গ্রুপে মোট ১৮টি টিমকে ভাগ করা হবে৷ প্রতি গ্রুপে থাকবে ন’টা করে দল৷ মোট ৩৬ দিনে ৭২টা ম্যাচ হবে৷ যেমন র্যা ঙ্কিং অনুযায়ী দুটো গ্রুপ বা কনফারেন্স হতে পারে এইরকম৷

গ্রুপ এ: অস্ট্রেলিয়া(১), দক্ষিণ আফ্রিকা (৩ ), নিউ জিল্যান্ড (৫), পাকিস্তান (৭), বাংলাদেশ (৯), আয়ার্ল্যান্ড (১১), সংযুক্ত আরব আমিরশাহি (১৩ ), নেদারল্যান্ডস (১৫ ) এবং যে কোনো একটি অ্যাসোসিয়েট সদস্য দেশ৷

গ্রুপ বি: ভারত (২), শ্রীলঙ্কা (৪), ইংল্যান্ড (৬), ওয়েস্ট ইন্ডিজ (৮), জিম্বাবুয়ে (১০), আফগানিস্তান (১২), স্কটল্যান্ড (১৪ ), কেনিয়া (১৬) এবং যেকোনো একটি অ্যাসোসিয়েট সদস্য দেশ৷

৩৬ দিনের লিগ শেষ হওয়ার পর একটা ছোট বিরতি থাকবে৷ ২০১৯-এর বিশ্বকাপটা হবে ইংল্যান্ডে৷ তাই ওখানেই হোক ফাইনাল পর্যায়৷ এই গ্রুপের প্রথম চারটে টিম অন্য গ্রুপের প্রথম চারটি টিমের সঙ্গে খেলবে৷ অর্থাৎ প্রত্যেকে খেলবে চারটি ম্যাচ৷ সেখানে ঠিক হবে চার সেমিফাইনালিস্ট৷ প্রাথমিক লিগের পয়েন্ট ক্যারি করা যাবে মূল পর্যায়ে৷ সেমিফাইনাল হবে এক বনাম চার এবং দুই বনাম তিনের৷ যেটা হবে তিন ম্যাচের, আট দিন সময়ের মধ্যে৷ তারপর গ্র্যান্ড ফাইনাল হবে লর্ডসে৷ সেটাও হবে বেস্ট অব থ্রি৷ গোটা ব্যাপারটা দশ সপ্তাহে শেষ করা সম্ভব, যা অবশ্যই গোটা বিশ্বের নজর কাড়বে৷

আবার বলছি , সব ম্যাচ হবে ৪০ ওভারের৷ ইনিংস শেষ করতে হবে ১৬০ মিনিটে৷ ৩০ মিনিট বিরতি৷ একটাই বল ব্যবহার হবে৷ দু’জন বোলার দশ ওভার বল করতে পারবে৷ ফিল্ড রেস্ট্রিকশন বলতে প্রথম ১০ ওভারে দু’জন রিংয়ের বাইরে থাকবে৷ বাকি ৩০ ওভারে পাঁচ জন বাইরে থাকতে পারবে৷ এখন ক্রিকেট পুরোপুরি ব্যাটসম্যানদের খেলা হয়ে গিয়েছে৷ সেটা অন্তত এই নিয়মে বদলে ফেলা যাবে৷ স্কোর আর রোজ ৩০০ হবে না , সেটা ২৫০ থেকে ২৭৫ রানে এসে দাঁড়াবে৷ আমরা একটা প্রকৃত বিশ্ব চ্যাম্পিয়ন এই ফর্ম্যাট থেকে পেতে পারি৷