সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেছেন।

তিনি সোমবার (২১ এপ্রিল) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, পৃথিবীর যুদ্ধ-বিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় তারা অনন্য ভূমিকা রাখছেন।

আইজিপি বলেন, বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন। ভবিষ্যতেও তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এ ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ আরও অধিক হারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ প্রেরণে প্রস্তুত রয়েছে।

আইজিপি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে আন্ডার সেক্রেটারি জেনারেলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ব্রুক শণ, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, অতিরিক্ত ডিআইজি (ইউএন অপারেশনস) মো. আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।

রেকর্ড উচ্চতায় সোনা, ট্রাম্প-পাওয়েল দ্বন্দ্বে দুর্বল ডলার

উত্তর আমেরিকায় সোমবার লেনদেন চলাকালে সোনার দাম বেড়ে তিন হাজার ৪২৫ ডলারের কাছাকাছি পৌঁছে নতুন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছয়। মূল্যবান ধাতুটির এই ঊর্ধ্বগতি ঘটেছে এমন সময়, যখন মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ছে, আর ফেডারেল রিজার্ভের (ফেড) স্বাধীনতা হুমকির মুখে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে অপসারণের বিষয়টি বিবেচনা করছেন।

ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মানকে অনুসরণ করা মার্কিন ডলার সূচক নেমে এসেছে ৯৮.০০-এর কাছাকাছি, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।
কারিগরি দৃষ্টিকোণ থেকে, দুর্বল ডলার বিনিয়োগকারীদের জন্য সোনাকে আরো আকর্ষণীয় করে তোলে।

প্রেসিডেন্ট ট্রাম্প জেরোম পাওয়েলের তীব্রভাবে সমালোচনা করে বলেন, তিনি সুদের হার কমাতে ব্যর্থ হয়েছেন, যদিও পণ্যমূল্য ও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি শুক্রবার বলেন, ‘মার্কিন জনগণের স্বার্থে ফেডের সুদের হার কমানো উচিত। এটাই ওর একমাত্র কাজ।
আমি ওর ওপর খুশি নই। আমি চাইলে ওকে খুব দ্রুত সরিয়ে দিতে পারব, এটা বিশ্বাস করো।’

হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেটও শুক্রবার নিশ্চিত করেন, প্রেসিডেন্ট ও তার দল জেরোম পাওয়েলকে অপসারণের উপায় খুঁজছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ও তার দল এই বিষয়টি পর্যালোচনা করে যাচ্ছে।
’

এদিকে উত্তর আমেরিকায় সোমবার লেনদেন চলাকালে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও পাওয়েলকে নীতিগত নমনীয়তা না দেখানোর জন্য সমালোচনা করেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, “অর্থনীতিতে ধীরগতির আশঙ্কা রয়েছে, যদি না এই ‘মি. টু লেট’, যিনি বিশাল এক ব্যর্থতা, এখনই সুদের হার কমান।”

ট্রাম্পের এসব মন্তব্যকে আর্থিক বাজারে ডলারের ভবিষ্যতের জন্য নেতিবাচক হিসেবে দেখা হয়েছে, কারণ এটি ফেডের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করেছে, যা ডলারের নিরাপদ আশ্রয়ের মর্যাদাকে হ্রাস করেছে।

এ ছাড়া ওয়াশিংটন থেকে আসা প্রায় প্রতিদিন পরিবর্তনশীল শুল্কসংক্রান্ত খবরে বিনিয়োগকারীরা রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের অবস্থান নতুন করে ভাবতে বাধ্য হয়েছেন। বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের প্রত্যাশার চেয়ে বেশি কঠোর শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্যই ক্ষতিকর।
এমন উদ্বেগমূলক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা মূল্যবান ধাতুর প্রতি ঝুঁকছে, যার মধ্যে সোনা অন্যতম।

সূত্র : এফএক্সস্ট্রিট

সোনার দামে নতুন রেকর্ড

দেশের বাজারে সোনার দাম বেড়ে নতুন রেকর্ড গড়েছে। এবার প্রতি ভরি ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম বেড়েছে চার হাজার ৮৩৩ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৭২ হাজার ৫৪৫ টাকায়।

আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

পোপ ফ্রান্সিস ছিলেন বিনয়-সহানুভূতির বিশাল প্রতীক : ড. ইউনূস

রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রয়াত পোপকে ‘একজন সত্যিকারের বন্ধু ও আত্মার সঙ্গী’ উল্লেখ করে শ্রদ্ধা জানিয়েছেন।

প্রফেসর ইউনূস পোপ ফ্রান্সিসের সঙ্গে ‘গভীর এক সম্পর্ক’ ভাগ করে নিয়েছিলেন বলে তার দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে।

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকারের পতনের পর ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন।

বিবৃতিতে তার দপ্তর বলেছে, ‘পোপ ফ্রান্সিস আমাদের সময়ের নৈতিক স্পষ্টতা, বিনয় ও সহানুভূতির এক বিশাল প্রতীক ছিলেন।’

কিভাবে তারা সমাজে ন্যায়বিচার ও প্রকৃতির প্রতি যত্নবান হওয়ার মতো অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করেছিলেন সে কথাও স্মরণ করা হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, ‘ন্যায়বিচার, শান্তি ও প্রত্যেক মানুষের মর্যাদার প্রতি তার (পোপ ফ্রান্সিস) আজীবন নিবেদন ক্যাথলিক বিশ্বের গণ্ডি ছাড়িয়ে আরো বহু দূর পর্যন্ত পৌঁছেছে।’

এতে আরো বলা হয়, ‘ভ্রাতৃত্ব ও সেবার মূল্যবোধে ভিত্তি করে তার নেতৃত্ব দরিদ্রদের উন্নয়নে, দুর্বলদের রক্ষায় এবং একটি মানবিক ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে বিশ্বব্যাপী প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছে।

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’-এ যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।

আজাদ মজুমদার বলেন, ‘সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বলে জানা গেছে।

দেশের ইতিহাসে এ প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন।

এই চার ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট’-এ কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

এই সামিট একটি প্ল্যাটফরম হিসেবে কাজ করবে যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে।

আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়েন্দাপ্রধানের

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধান, যাকে বরখাস্ত করার চেষ্টা করছে সরকার, তিনি সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তার প্রতি ব্যক্তিগত আনুগত্য চাওয়ার এবং সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নজরদারির নির্দেশ দেওয়ার অভিযোগ তুলেছেন।

সর্বোচ্চ আদালতে দেওয়া এক শপথপত্রে এসব অভিযোগ তোলেন রোনেন বার, যাকে গত মাসে সরকার বরখাস্তের ঘোষণা দেওয়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের সূচনা হয়। এই আইনগত ও রাজনৈতিক সংঘাত নেতানিয়াহু বনাম রোনেন বারের লড়াইয়ে পরিণত হয়েছে।

গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে বরখাস্তের নজিরবিহীন এই উদ্যোগের বিরোধিতা করেছেন অ্যাটর্নি জেনারেল ও বিরোধী দল, যারা এটিকে কর্তৃত্ববাদী মনোভাবের ইঙ্গিত হিসেবে দেখছেন।
৮ এপ্রিল দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট সরকার ও অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছতে বলেন এবং ইহুদি ধর্মীয় উৎসব পাসওভারের ছুটির পর পর্যন্ত সময় দেন। এই ছুটি সদ্য শেষ হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, রোনেন বার শিগগিরই পদত্যাগ করতে পারেন। আদালতে সোমবার দাখিল করা শপথপত্রে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন, যার মধ্যে রয়েছে তার প্রতি ব্যক্তিগত আনুগত্য চাওয়া।

শপথপত্রে রোনেন বার লিখেছেন, ‘এটি স্পষ্ট ছিল, কোনো সাংবিধানিক সংকটের ক্ষেত্রে, আমাকে সুপ্রিম কোর্টের নয়, নেতানিয়াহুর আদেশ পালন করতে হবে।’

তিনি আরো জানান, নেতানিয়াহু তাকে ‘একাধিকবার’ বলেছেন, তিনি চান শিন বেট সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, ‘বিশেষ করে যারা এই বিক্ষোভের অর্থায়নে জড়িত, তাদের ওপর নজর দিতে’।

তিনি আরো নিশ্চিত করেন, সংবাদমাধ্যমে যেসব খবর এসেছে, তা সত্য—নেতানিয়াহু তার চলমান দুর্নীতির মামলায় সাক্ষ্যদান বিলম্বিত করার জন্য শিন বেটের প্রধানের সহায়তা চেয়েছিলেন।

এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী ও তার সহযোগীদের সেই অভিযোগও প্রত্যাখ্যান করেন, যেখানে বলা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ব্যাপারে শিন বেট সময়মতো নেতানিয়াহু ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে সতর্ক করেনি।

৮ এপ্রিলের শুনানির পর সুপ্রিম কোর্ট আদেশ দেন, রোনেন বার ‘পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার দায়িত্ব পালন চালিয়ে যাবেন’। আদালত আরো উল্লেখ করেন, ‘পদের জন্য প্রার্থীদের সাক্ষাৎকার নিতে কোনো বাধা নেই, তবে কোনো নিয়োগ ঘোষণা করা যাবে না।’

এদিকে নেতানিয়াহুর কার্যালয় এক লাইনের সংক্ষিপ্ত বিবৃতিতে রোনেন বারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘রোনেন বার আজ সুপ্রিম কোর্টে একটি মিথ্যা হলফনামা জমা দিয়েছেন, যা ব্যাপকভাবে খণ্ডন করা হবে যথাসময়ে।’

ফের সিগন্যাল চ্যাটে তথ্য ফাঁস, বিপাকে পেন্টাগন

যুক্তরাষ্ট্রে ফের সংবেদনশীল ও গোপন তথ্য ফাঁস হলো সিগন্যাল চ্যাটে। ইয়েমেনের ইরান-ঘনিষ্ঠ হুতির ওপর মার্চের আক্রমণের গোপন তথ্য সিগন্যাল চ্যাটের একটি গ্রুপে জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানাচ্ছে, সেই গ্রুপে ছিলেন হেগসেথের স্ত্রী, ভাই ও আইনজীবী।

সাম্প্রতিককালে দ্বিতীয়বার সিগন্যালের মতো চ্যাট গ্রুপে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে ফের খবর ফাঁস হয়ে যাওয়া নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে পেন্টাগনের সুরক্ষা দপ্তরে।
গত মাসেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ভুল করে এক সাংবাদিককে সিগন্যালের একটি গ্রুপে যুক্ত করেন। সেখানে ইয়েমেনের হুতির ওপর হামলার পরিকল্পনা বিস্তারে লেখেন হেগসেথ।

দ্বিতীয়বার তথ্য ফাঁস

হেগসেথের স্ত্রী জেনিফার ফক্স নিউজের সাবেক সাংবাদিক। পদমর্যাদা বলে একাধিক বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে তার ওঠাবসা।
তার সেই ছবি পেন্টাগন মারফত প্রকাশিত হয়। মার্চে হেগসেথের সঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাতের সময়েও জেনিফারকে তাদের সঙ্গে দেখা যায়। অন্যদিকে হেগসেথের ভাই পেন্টাগনের হোমল্যান্ড সুরক্ষা দপ্তরে কর্মরত।

এর আগে ট্রাম্প প্রশাসনকে তথ্য ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে তৎপর হতে দেখা গেছে।
পেন্টাগনে হেগসেথও বিষয়টিকে একই রকম গুরুত্ব দিয়েছেন।

বিনা প্রমাণে পেন্টাগনের মুখপত্র শন পারনেল বলেছেন, ‘গণমাধ্যম অত্যুৎসাহে অসন্তুষ্ট সাবেক কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে খবর তৈরি করছেন।’

পারনেল তার এক্স হ্যান্ডলে লেখেন, ‘ট্রাম্পের এজেন্ডার পক্ষে যারা নিরন্তর কাজ করছেন, ট্রাম্পবিরোধী গণমাধ্যম ক্রমাগত তাদের ধ্বংস করার চেষ্টা করছে। বিশ্বব্যাপী যুদ্ধে আমরা অনেক সাফল্য পেয়েছি। এখান থেকে আমরা পিছু হটব না।
’

এ ছাড়া হোয়াইট হাউসের মুখপত্র অ্যানা কেলি বলেন, ‘যারা এ তথ্য ফাঁসের সঙ্গে যুক্ত তারা আজ চাকরিচ্যুত। তাদের ভঙ্গুর ইগোর কারণে এবং প্রেসিডেন্টের কাজে বিঘ্ন ঘটানোর জন্য তারা এখনো ভুল তথ্য ছড়াচ্ছেন।’

হেগসেথের কঠিন সময়
এদিকে এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। হেগসেথ তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেছেন ডেমোক্র্যাট সিনেটররা। সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ‘আমরা প্রতিদিন দেখছি পিটও হেগসেথ কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। কিন্তু ট্রাম্পের দুর্বলতার কারণে তার চাকরি যাচ্ছে না। তার অবিলম্বে চাকরি যাওয়া উচিত।’

সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ইরাকে যুদ্ধ করেছেন। ২০০৪ সালের যুদ্ধে আহত হয়েছিলেন। তার দাবি, ‘হেগসেথের পদত্যাগ করা উচিত।’

২৫ রানে পিছিয়ে দিন শেষ বাংলাদেশের

জিম্বাবুয়ে লিড পাওয়ায় দ্বিতীয় ইনিংস শুরু করতে নামার আগেই বাংলাদেশি ব্যাটাদের ঘাড়ে পড়েছে রানের চাপ। ৮২ রানের লিড শোধ দিয়ে আবার প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্যও দিতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

সেই লক্ষ্য নিয়ে সিলেটে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় খাতায় ১৩ রান যোগ হতেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম।
প্রথম ইনিংসে ১২ রান করা সাদমান দ্বিতীয় ইনিংসে করেছেন ৪ রান। ব্লেসিং মুজারাবানির করা অফ স্ট্যাম্পের বল খোঁজা মারতে গিয়ে স্লিপে দাঁড়ানো শন উইলিয়ামসকে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার।

ওপেনিং সঙ্গী ফিরলেও দিন শেষে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। জয়ের কপালটা অবশ্য ভালো।
কেননা দুইবার ক্যাচ তুলে দিয়েও বেঁচে গেছেন তিনি। ব্যক্তিগত ৬ রানের সময় নিয়াশা মায়াভোকে সহজ ক্যাচ দিলেও তা তালুবন্দি করতে তো পারেননি উইকেটরক্ষক, উল্টো চার পেয়েছেন জয়।

পরেরবারও জীবন পাওয়ার সঙ্গে চার পেয়েছেন জয়। এবার ব্যাকওয়ার্ড পয়েন্টের তার ক্যাচ ছেড়েছেন বেন কারান।
ক্যাচটা অবশ্য কঠিন ছিল জিম্বাবুয়ের ওপেনারে জন্য। কেননা জয়ের কাট শটে গতি এবং হাই হওয়ায় কারানের হাত স্পর্শ করলেও দ্রুত বাউন্ডিরেতে চলে যায়। দুইবার জীবন পেয়ে পরে ২৮ রানে অপরাজিত আছেন ২৪ বয়সী ব্যাটার।

আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরুর সময় জয়কে সঙ্গ দেবেন মমিনুল হক। প্রথম ইনিংসে ফিফটি করা মমিনুল আজ ১৫ রান করে অপরাজিত আছেন।
দিন শেষে দুজনের জুটি দাঁড়িয়েছে ৪৪ রানের। ১ উইকেটে ৫৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করায় জিম্বাবুয়ের থেকে এখনো ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের ১৯১ রানের বিপরীতে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করেছে ২৭৩ রান। প্রতিপক্ষের হয়ে জোড়া ফিফটি করেছেন ব্রায়ান বেনেট ও শন উইলিয়ামস। ওপেনার বেনেটের ৫৭ রানের বিপরীতে দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন উইলিয়ামস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২০২২ সালের পর ঘরে মাঠে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ১১তম বারের মতো এই কীর্তি গড়লেন বাংলাদেশি অলরাউন্ডার।

যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে ফের রুশ হামলা, শান্তিচুক্তি নিয়ে সংশয়

খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির অবসানের পর ইউক্রেনে সোমবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী। মস্কো ও কিয়েভ—উভয়ই নতুন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিচুক্তির আশায় সংশয় সৃষ্টি হয়েছে। কয়েক ঘণ্টা আগেই তিনি আশা প্রকাশ করেছিলেন, চলতি সপ্তাহেই দুই পক্ষের মধ্যে একটি ‘চুক্তি’ হতে পারে।

রুশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, “যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাশিয়ার সশস্ত্র বাহিনী ‘বিশেষ সামরিক অভিযান’ অব্যাহত রেখেছে।”

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে দুই পক্ষই পরে অভিযোগ করে, তারা হাজার হাজারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের শিকার হয়েছে।

স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ১২টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেন জানায়, রাশিয়া দিনিপ্রোপেট্রোভস্ক, মাইকোলাইভ ও খেরসন অঞ্চলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
দিনিপ্রোপেট্রোভস্কের গভর্নর সারগেই লিসাক জানান, রাশিয়া ওই অঞ্চলে ‘ড্রোন হামলা’ চালিয়েছে। এতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং একটি খাবারের প্রতিষ্ঠানে আগুন ধরে যায়, তবে কেউ হতাহত হয়নি।

এ ছাড়া ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, স্থানীয় সময় সোমবার মধ্যরাত ২টা থেকে শুরু হওয়া হামলায় তারা রাশিয়ার ৪২টি ড্রোন ভূপাতিত করেছে।

পুতিনের ঘোষিত এই ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ছিল একটি আকস্মিক উদ্যোগ, যার পেছনে ‘মানবিক কারণ’ ছিল বলে তিনি দাবি করেন।
যদিও উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে, তারা সহিংসতার মাত্রা কিছুটা কমে এসেছিল বলেও স্বীকার করে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রবিবার জানান, আকাশ থেকে হামলা বন্ধ থাকলেও রাশিয়া যুদ্ধক্ষেত্রে শত শত হামলা চালিয়েছে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে এবং কিয়েভ শত শত ড্রোন ও গোলা নিক্ষেপ করেছে, যা বেসামরিক হতাহতের কারণ হয়েছে। তবে তারা স্বীকার করে, যুদ্ধবিরতির সময় ইউক্রেনের হামলার মাত্রা ‘অনেকটা কমে গিয়েছিল’।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রবিবার রয়টার্সের সাংবাদিকরা তুলনামূলকভাবে কম বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়া দেখেননি বলে জানিয়েছেন।

এদিকে পুতিন যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্পের বক্তব্যের এক দিন পর, যেখানে তিনি বলেন, দুই পক্ষ শান্তিচুক্তির পথে না এগোলে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামানোর চেষ্টায় পিছিয়ে যাবে। ট্রাম্প রবিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে লেখেন, ‘আশা করি রাশিয়া ও ইউক্রেন এই সপ্তাহে একটি চুক্তি করবে।’

ইতিপূর্বে ট্রাম্প একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, যা ইউক্রেন গ্রহণ করলেও রাশিয়া প্রত্যাখ্যান করে।

ট্রাম্পের মন্তব্য নিয়ে সোমবার প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো ‘আশা করে’ যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ‘ফলপ্রসূ’ হবে, তবে আলোচনা কখন শুরু হতে পারে, সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

অন্যদিকে জেলেনস্কি বারবার ৩০ দিনের পূর্ণ ও শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে এলেও গত মাসে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর পুতিন তা প্রত্যাখ্যান করেন। জেলেনস্কি রবিবার ফের প্রস্তাব দেন, অন্তত ৩০ দিনের জন্য বেসামরিক স্থাপনায় ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হোক।

বেইজিংও সোমবার জানায়, তারা ‘যেকোনো যুদ্ধবিরতির প্রচেষ্টাকে স্বাগত জানায়’। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘যুদ্ধবিরতির পথের দিকে এগিয়ে যাওয়া—এমন যেকোনো প্রচেষ্টাকেই চীন স্বাগত জানায়। আমরা আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষই সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে এগিয়ে যাবে।’

গত সপ্তাহে ইউক্রেন চীনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তার অভিযোগ তোলে এবং দাবি করে, অন্তত ১৫৫ জন চীনা নাগরিক রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করছে। বেইজিং এ অভিযোগ অস্বীকার করে এবং চীনা নাগরিকদের সশস্ত্র সংঘাতে না জড়ানোর আহ্বান জানায়।

সম্মানীর ১ লাখ ২০ হাজার টাকা ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা

নার্সিং পরীক্ষার কোনো কিছু না করেও এক লাখ ২০ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তবে সম্মানীর সেই অর্থ গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছেন তিনি।

সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলোর সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা নিজেই এ তথ্য জানান।

এর আগে অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা জারি করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো জিনিস চাপিয়ে দিলেই হয় না। আমি করেছি, নুরজাহান (স্বাস্থ্য উপদেষ্টা) আপা যদি মনে করেন তিনি করবেন।’

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘বেসরকারি ক্ষেত্রগুলোতে দেখা যায় কোনো বোর্ড সভা হলে সেখানে সম্মানিত বোর্ড মেম্বর যারা আসেন, তাদের সর্বোচ্চ ৫ হাজার টাকা সম্মানী দেওয়া হয়। বাইরে থেকে যারা আসবেন তারা সম্মানী পাবেন।
আর অন্যান্য ক্ষেত্রে দুপুরের দিকে সভা হলে খাবার দেওয়া হয়, কিন্তু কোনো সম্মানী দেওয়া হয় না।’

তিনি বলেন, ‘নিয়মানুযায়ী নার্সদের পরীক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত; যারা খাতা দেখেন তারা সম্মানী পাবেন। কিন্তু দেখা গেল নার্সিংয়ের ভাগ হিসেবে আমার কাছেও চলে এলো এক লাখ ২০ হাজার টাকার মতো। আমি এই টাকাটা ফেরত দিলাম।
বললাম, আমি তো এ টাকা নিতে পারি না, আমি তো পরীক্ষার সঙ্গে জড়িত না। এটা হবে কেন?’

নুরজাহান বেগম জানান, বিভিন্ন সভার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ থাকে। উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তবে কে সম্মানী গ্রহণ করবেন আর কে করবেন না—এ বিষয়ে কাউকে জোর করার দরকার নেই বলে জানান তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান উপদেষ্টা।