রবিবার, অক্টোবর ৪, ২০২৬

কাশ্মীর ইস্যুতে আদনান সামিকে বয়কটের ডাক

কাশ্মীরে জঙ্গি হামলার জের ধরে উত্তপ্ত ভারত। পাকিস্তানের সঙ্গে বৈরি সম্পর্কে নতুন করে কালো মেঘ ভর করেছে এ হামলার ঘটনায়। মর্মান্তিক এ হামলায় নিহত হয়েছে ২৬ জন নাগরিক। যার ফলে প্রতিবাদে উত্তাল গোটা দেশ।
কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তানের শোবিজ অঙ্গনে নতুন করে বিভেদের দেয়াল উঠতে শুরু করেছে। ভারতে সব ধরনের পাকিস্তানি শিল্পীদের নিষেধের দাবি তোলা হচ্ছে। এরইমধ্যে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির বিরুদ্ধে বয়কটের ডাক দিল নেটিজেনরা। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় পশ্চিমবঙ্গের কলকাতায় মঞ্চ মাতানোর কথা রয়েছে এই গায়কের।
কিন্তু টিকিট বুকিং সাইটে গিয়ে দেখা গেল, এই গায়কের কনসার্টে যেতে নারাজ অনেকেই। নেটিজেনদের দাবি, আদনান সামি পাকিস্তানি বংশোদ্ভূত, তাকে বয়কট করা হোক।

বুক মাই শো থেকেই জানা যাচ্ছে ২৭ এপ্রিল শহরে রয়েছে গায়ক আদনান সামির কনসার্ট। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কনসার্ট হওয়ার কথা।
টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন কনসার্টের তীব্র বিরোধিতা করেছেন। বহু নেটিজেন শোয়ের টিকিট বিক্রির লিঙ্কের নীচে গিয়ে লিখেছেন, ‘বয়কট’ শব্দটা।

একজন লিখেছেন, ‘এই গায়কের শিকড় কি পাকিস্তানে? ভারতের নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু তার আগের বিষয়টা ভুললে হবে না।
তিনি এখন শহরে কনসার্ট করলে আমরা কেন গান শুনতে যাব?’ আর একজন লিখেছেন, ‘অরিজিত্‍ সিং আর শ্রেয়া ঘোষাল কনসার্ট বাতিল করেছেন। সেখানে আদনান সামি এমন কনসার্ট করছেন কী করে?’

গত মঙ্গলবার কাশ্মিরে হামলা ঘিরে তোলপাড় সারা ভারতবর্ষ। পর্যটকদের ওপর চালানো এলোপাথাড়ি গুলিতে ২৮ জনের প্রাণহানি রয়েছে বলে দাবি গণমাধ্যমের। তারপর শোক প্রকাশ করেন সেদেশের বহু সংগীতশিল্পী। তার নিজের নানা বিনোদনভিত্তিক আয়োজন বাতিল করেছেন। এছাড়াও সংগীতশিল্পী অরিজিত সিং-ও এই ঘটনায় শোক প্রকাশ করে তার চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেছেন।

বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূস

প্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে (অন্ত্যেষ্টিক্রিয়া) বিশ্বনেতাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে প্রধান উপদেষ্টা পৌঁছানোর পর ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান। সেখানে পোপের কফিনের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর বিশ্বের ১৩০টির বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন।

গত সোমবার সকালে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান পোপ ফ্রান্সিস। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। এক যুগের বেশি ক্যাথলিক চার্চের প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তাঁর মৃত্যুর ঘোষণা আসার পরপরই প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেন।
সে সময় ড. ইউনূস আর্থনা সম্মেলনে অংশ নিতে কাতার সফর করছিলেন। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তিনি দোহা থেকে ঢাকায় না ফিরে ইতালির উদ্দেশে রওনা দেন। শুক্রবার সকালে কাতার ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন।
বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ এবং তাঁর ‘তিন শূন্য’ তত্ত্ব, যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য এবং কার্বন নিঃসরণ থাকবে না, এর প্রশংসা করতেন। রোমের ভ্যাটিকানে তিনি ২০০৬ সালের শান্তিতে নোবেল বিজয়ীর সঙ্গে যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’ও চালু করেছিলেন। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং পরে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট, গ্র্যান্ড ডিউক এবং গ্র্যান্ড ডাচেস অব লুক্সেমবার্গ, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা, রানি ও প্রধানমন্ত্রী, মোনাকোর প্রিন্স অ্যালবার্ট, নরওয়ের প্রিন্স এবং প্রিন্সেস, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী, লিচেনস্টাইনের প্রিন্স এবং প্রিন্সেস, ডব্লিউএইচওর মহাপরিচালক, আইওসির প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রমুখের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইতালির পুলিশ জানিয়েছে, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ সেন্ট পিটার্স স্কয়ার ও আশপাশের রাস্তায় জমায়েত হয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে আজ সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় ১২টা) লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা।
সোমবার ভোরে তাঁর দেশে পৌঁছানোর কথা রয়েছে।

সিন্ধু নদীতে পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে : বিলাওয়াল ভুট্টো

চরম উত্তেজনার মধ্যে ভারতীয় সরকার পাকিস্তানকে এক ফোঁটাও সিন্ধু নদীর পানি না দেওয়ার হুংকার দিয়েছেন। কাশ্মীর হামলার জেরে সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। ভারতের এমন কর্মকাণ্ড ও পানিচুক্তি থেকে একতরফা সরে যাওয়ার পর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ভারতের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে।

শুক্রবার সুক্কুরে এক বড় জনসভায় পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ‘সিন্ধু নদী আমাদের এবং সেটা আমাদেরই থাকবে।
’ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বিলাওয়াল ভুট্টো বলেছেন, ‘সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে।’ পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ভারতের উদ্দেশে বার্তা দিয়েছেন, পাকিস্তান মহান সিন্ধু সভ্যতার বৈধ উত্তরসূরি হিসেবে এই নদীর ওপর তার দাবি কখনোই ত্যাগ করবে না।

পেহেলগাম হামলার পর ভারতের একতরফা সিন্ধু পানিচুক্তি থেকে সরে যাওয়ার প্রতিক্রিয়ায় ভুট্টো পরিবারের এই উত্তরসূরি বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হয়তো এই সভ্যতার উত্তরাধিকার নিয়ে গর্ব করতে পারেন, কিন্তু প্রকৃত অভিভাবকরা রয়েছেন পাকিস্তানের মাটিতে।’

তিনি আরো জানান, বিতর্কিত ছয়টি নতুন খাল নির্মাণের বিষয়ে এখন কেন্দ্রীয় সরকার সব প্রদেশের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় রাজি হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই নদীতে হয় পানি বইবে, নয়তো ভারতীয়দের রক্ত।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিন্ধু সভ্যতার উত্তরাধিকার দাবির জবাবে বিলাওয়াল বলেন, ‘তিনি (মোদি) বলেছেন তারা হাজার হাজার বছরের পুরনো এক সভ্যতার উত্তরসূরি, কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব।’ তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় কেউই মোদির কোনো চেষ্টা সহ্য করবে না।

বিলাওয়াল বলেন, ভারত সরকার পাকিস্তানের পানির দিকে নজর দিয়েছে এবং এই পরিস্থিতিতে চারটি প্রদেশ ঐক্যবদ্ধ, যাতে সবাই মিলে তাদের পানি রক্ষা করতে পারে। আমরা দুনিয়াকে জানিয়ে দেব যে, সিন্ধুর ওপর ডাকাতি বরদাস্ত করা হবে না।’

পাকিস্তানের সবচেয়ে কমবয়সী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বিলাওয়াল বলেন, পাকিস্তান এবং এর জনগণ ভারতের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে, কারণ পাকিস্তানিরাও সন্ত্রাসবাদের শিকার। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভারত এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিচ্ছে নিজেদের ব্যর্থতা ঢাকতে। কোনো প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগের ওপর ভিত্তি করে ভারত সেই চুক্তি বাতিল করছে।

পিপিপি চেয়ারম্যান তার সমর্থকদের আহ্বান জানান, তারা যেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, তাদের নদী রক্ষার জন্য দৃঢ় সংগ্রামের প্রস্তুতি নেয়। তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও আশ্বস্ত করে জানান, যদিও পিপিপি ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মধ্যে রাজনৈতিক পার্থক্য আছে, তবুও ভারতকে মোকাবেলায় তারা কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

কপিরাইট মামলায় এ আর রহমান, ২ কোটি দেওয়ার নির্দেশ হাইকোর্টের

দুই বছর আগে মুক্তি পাওয়া দক্ষিণী সিনেমা ‘পন্নিইন সেলভান ২’-এর ‘বীরা রাজা বীরা’ গানটি অন্য এক গান থেকে চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠে। সেই গান ঘিরে কপিরাইট মামলায় জড়িয়েছে এ আর রহমানের নাম।

‘বীরা রাজা বীরা’ গানটি নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও তার ভাই জাহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ থেকে চুরি করেছেন এ আর রহমান, এমনই অভিযোগ ফৈয়াজুদ্দিনের পুত্র ভারতীয় শাস্ত্রী সঙ্গীত শিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগারের।

এবার এ আর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাস টকিজকে ২ কোটি রুপি দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট।

বিচারপতি প্রতিভা এম সিংয়ের মনে হয়েছে, ‘বীরা রাজা বীরা’ গানটি ‘শিবা স্তুতি’র হুবহু নকল না হলেও শুনতে একই রকম লাগে।

অন্যদিকে, রহমানের যুক্তি, ‘শিবা স্তুতি’ একটি সাবেকি কম্পোজিশন। তাতে মিশে আছে ধ্রুপদ।

তার এও দাবি, ‘বীরা রাজা বীরা’ তাদের মৌলিক কম্পোজিশন।
তাতে রয়েছে পাশ্চাত্য সঙ্গীতের মিশেল। ২২৭টি স্তর আছে গানের।

বিশ্ব মেধাসম্পদ দিবস আজ, সর্বোত্তম ব্যবহারে প্রধান উপদেষ্টার আহবান

বিশ্ব মেধাসম্পদ দিবস আজ শনিবার (২৬ এপ্রিল)। এ উপলক্ষে এক বাণীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্বত্ব সংরক্ষণে সবাইকে উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়োজনে দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন এ প্রত্যাশা করি।

প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
এ বছরের প্রতিপাদ্য- ‘আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি’ যা বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, সংগীত এক সর্বজনীন ভাষা, যা হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হয় এবং আমাদের ঐতিহ্য ও বৈচিত্র্যময় শিল্পধারাকে প্রতিফলিত করে। লোকগান থেকে শুরু করে আধুনিক গানের মূর্ছনায় আমাদের শিল্পীরা প্রতিনিয়ত বিশ্বকে মুগ্ধ করে চলেছেন।

ড. ইউনূস আরো বলেন, সংগীত শিল্পের সৃজনশীলতা, উদ্ভাবন এবং অর্থনৈতিক অগ্রগতির মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তুলতে মেধাসম্পদ আইন ও নীতির যথাযথ প্রয়োগ প্রয়োজন।
এতে শিল্প ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে।

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসময় তিনি বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

বিশ্ব মেধাসম্পদ দিবস আজ, সর্বোত্তম ব্যবহারে প্রধান উপদেষ্টার আহবান

বিশ্ব মেধাসম্পদ দিবস আজ শনিবার (২৬ এপ্রিল)। এ উপলক্ষে এক বাণীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্বত্ব সংরক্ষণে সবাইকে উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়োজনে দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন এ প্রত্যাশা করি।

প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
এ বছরের প্রতিপাদ্য- ‘আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি’ যা বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, সংগীত এক সর্বজনীন ভাষা, যা হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হয় এবং আমাদের ঐতিহ্য ও বৈচিত্র্যময় শিল্পধারাকে প্রতিফলিত করে। লোকগান থেকে শুরু করে আধুনিক গানের মূর্ছনায় আমাদের শিল্পীরা প্রতিনিয়ত বিশ্বকে মুগ্ধ করে চলেছেন।

ড. ইউনূস আরো বলেন, সংগীত শিল্পের সৃজনশীলতা, উদ্ভাবন এবং অর্থনৈতিক অগ্রগতির মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তুলতে মেধাসম্পদ আইন ও নীতির যথাযথ প্রয়োগ প্রয়োজন।
এতে শিল্প ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে।

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসময় তিনি বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

রাষ্ট্র সংস্কারের উদ্যোগ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল” :অধ্যাপক আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা মূলত বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া ও সংগ্রামেরই ফলাফল।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক রীয়াজ বলেন, “আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই সুযোগ আমাদের জন্য তৈরি করে গেছেন বীর শহীদরা। তাদের কাছে আমরা ঋণী। এ সুযোগ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের প্রয়োজন ও তাগিদ এসেছে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষের কাছ থেকে। এই প্রক্রিয়া কোনো একক রাজনৈতিক দলের নয়— এটি পুরো জাতির।

“আমরা চাই, এমন একটি বাংলাদেশ তৈরি করতে, যেখানে কেউ নিপীড়নের শিকার হবে না, কেউ যেন বিচারবহির্ভূত ব্যবস্থার মুখে না পড়ে। আমাদের লক্ষ্য— সকলের অংশগ্রহণে একটি জাতীয় সনদে উপনীত হওয়া,”— বলেন আলী রীয়াজ।

সভায় তিনি জামায়াতে ইসলামীকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “আপনাদের আন্তরিকতা প্রমাণ করে, এটি একটি সমন্বিত প্রয়াস। রাষ্ট্র সংস্কার এখন আর কেবল সরকারের দায়িত্ব নয়, এটি জাতির ঐকান্তিক আকাঙ্ক্ষা।”

বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জাতীয় ঐকমত্য কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

জামায়াতে ইসলামীর পক্ষে অংশ নেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান মিলন ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

পিএসএল খেলতে আজ পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আজ (২৬ এপ্রিল) দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। চলতি আসরে নিলাম থেকে তাকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট স্কোয়াডে থাকায় পিএসএলের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল, প্রথম টেস্ট শেষে তিনি পিএসএলে যোগ দেবেন। সে অনুযায়ী দ্বিতীয় টেস্ট স্কোয়াডে রাখা হয়নি তাকে।

পিএসএলে নাহিদের দল পেশোয়ার জালমি তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামীকাল (২৭ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। এই ম্যাচেই একাদশে দেখা যেতে পারে তরুণ এই পেসারকে। পেশোয়ারের স্কোয়াডে আছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরও।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পেশোয়ার জিতেছে দুটি এবং হেরেছে তিনটি। বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে দলটি।

অন্যদিকে, পিএসএলের শুরু থেকেই অংশ নেওয়া বাংলাদেশের রিশাদ হোসেন আট ম্যাচে আট উইকেট নিয়েছেন। তবে ইনজুরির কারণে মাঠে নামার আগেই দেশে ফিরে যান লিটন দাস।

মঙ্গলবার শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল)। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সরকারি সূত্রে জানা গেছে, এবছর মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫ হাজার ২০০ জন, আর বাকি ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

প্রথম ফ্লাইট রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। হজ ব্যবস্থাপনায় থাকবেন সরকারি ১১২ জন গাইড এবং বেসরকারি ১ হাজার ৭৪৩ জন গাইড। এছাড়া ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সহযোগিতায় দায়িত্ব পালন করবেন।

হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এবং নাস এয়ার- এই তিনটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। ৩১ মে হজের শেষ ফ্লাইট সৌদি আরব যাবে, আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, চলবে ১০ জুলাই পর্যন্ত।

যাত্রা ও প্রত্যাবর্তনে বিমান বাংলাদেশ পরিচালনা করবে ১১৮টি যাত্রাবাহী ও ১০৯টি ফিরতি ফ্লাইট। সাউদিয়া পরিচালনা করবে যথাক্রমে ৮০ ও ৭৯টি এবং নাস এয়ারলাইন্স ৩৪টি করে যাত্রাবাহী ও ফিরতি ফ্লাইট পরিচালনা করবে।

ভারতের হামলা হলে ‘সর্বাত্মক যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালায়, তবে তা দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ ডেকে আনতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, “যদি কোনো আক্রমণ বা এ ধরনের কিছু ঘটে, তবে অবশ্যই একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হবে।”

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এই মন্তব্য এল। হামলার দায় স্বীকার করেছে একটি স্বল্পপরিচিত গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। ভারত হামলার পেছনে পাকিস্তানি সংযোগের অভিযোগ তুললেও তা অস্বীকার করেছেন আসিফ।

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এই হামলার নিন্দা জানিয়েছে আমাদের সরকার। আমরা নিজেরাও দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের শিকার। তবে এমন কিছু গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে, যাদের নাম আগে শোনা যায়নি। এটি একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত, যার লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে সংকট তৈরি করা।”

আসিফ দাবি করেন, ভারতের প্রতিক্রিয়া পূর্বানুমেয় এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “আমরা আগেই বুঝতে পেরেছিলাম, এই হামলাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে চাপ সৃষ্টির চেষ্টা হবে।”

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে পাকিস্তানের দিকে আঙুল তোলার বিষয়ে তিনি বলেন, “বড় শক্তিগুলোর জন্য এটা সুবিধাজনক— দক্ষিণ এশিয়ায় যা-ই ঘটুক না কেন, পাকিস্তানকে দোষারোপ করা হয়।”

‘লস্কর-ই-তৈয়বা’র সম্পৃক্ততার প্রশ্নে আসিফ সাফ জানিয়ে দেন, এই গোষ্ঠী এখন কার্যত বিলুপ্ত। তাঁর ভাষায়, “যখন মূল সংগঠন নেই, তখন শাখা সংগঠন থাকার প্রশ্নই আসে না।”

২০১৯ সালের পুলওয়ামা হামলা ও বালাকোটে ভারতের বিমান হামলার প্রসঙ্গ টেনে আসিফ বলেন, সেসময়ও পাকিস্তানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ পরিচালনা করা হয়েছিল। তিনি বলেন, “আগেও এমন হয়েছে। ভারতের অনেক পদক্ষেপ ছিল পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের বৈধতা তৈরির অংশ।”

যুদ্ধের আশঙ্কা থাকলেও, খাজা আসিফ শেষ পর্যন্ত সংলাপের পথে হাঁটার আহ্বান জানান। “এই সংকট আলোচনার মাধ্যমে মেটানো উচিত। সংঘাত নয়, শান্তিপূর্ণ সমাধানই একমাত্র পথ,”— বলেন তিনি।

তবে তিনি সতর্ক করে বলেন, ভারত যদি আক্রমণ চালায়, পাকিস্তানও ‘সমানভাবে জবাব’ দিতে প্রস্তুত রয়েছে।