রবিবার, অক্টোবর ৪, ২০২৬

মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

আজ সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

জানা গেছে, সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে এক হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তা করবেন। হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।
এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩৪টি হজ ফ্লাইট। ফিরতি ফ্লাইটের সংখ্যা যথাক্রমে বিমান ১০৯, সাউদিয়া ৭৯ এবং ফ্লাইনাস ৩৪টি।

এদিকে হজ পালন আরো নির্বিঘ্ন ও সহজ করতে চলতি বছর হজযাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ‘লাব্বাইক’ নামে মোবাইল অ্যাপ চালু হচ্ছে। একই সঙ্গে হজযাত্রীদের জন্য হজ প্রি-পেইড কার্ড চালু ও মোবাইল ফোনে রোমিং সুবিধা দেওয়া হবে।
আজ সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় হজযাত্রীদের এসব সেবা উদ্বোধন করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম কালের কণ্ঠকে বলেন, পবিত্র হজ পালনে বাংলাদেশের হজযাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা নিরসন ও হজের অভিজ্ঞতাকে আরো সহজ করতে ধর্ম মন্ত্রণালয় ‘লাব্বাইক’ অ্যাপ ও প্রিপেইড কার্ড চালু এবং রোমিং সুবিধা দেওয়ার পদক্ষেপ নিয়েছে।
সোমবার বিকেল ৪টায় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা হজযাত্রীদের জন্য এ সেবাগুলো উদ্বোধন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। এবার পাঁচ হাজার ২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ : গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইয়ের পর ৪ ডিজিটের পিন সেট করতে হবে। রেজিস্ট্রেশনের সময় হজযাত্রীর মোবাইল নম্বর, পিআইডি (পিলগ্রিম আইডি) ও জন্ম তারিখ লাগবে। একজন হজযাত্রী তার পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্যকে ইনভাইটেশন পাঠিয়ে অ্যাপে যুক্ত করতে পারবেন। পরিবারের সদস্যের নাম ও মোবাইল নম্বর দিয়ে ইনভাইটেশন পাঠালে ওই সদস্য তার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর তারা হজযাত্রীর তথ্য জানতে পারবেন।

এ ছাড়া গেস্ট (সবার জন্য উন্মুক্ত) ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে। হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ হলে বা বিপদে পড়লে জরুরি মুহূর্তে অ্যাপ থেকে এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করলে সাপোর্ট টিম যাত্রীকে উদ্ধার বা সহায়তা করবেন। অ্যাপের মাধ্যমে নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে। হজযাত্রী ফ্লাইটের বিস্তারিত তথ্য যেমন ফ্লাইট কোড, বোর্ডিং টাইম, ডিপারচার ও অ্যারাইভাল টাইম, লাগেজের ওজনসীমা ইত্যাদি জানতে পারবেন। লোকেশন ট্র্যাকিং যেমন হজযাত্রী গুগল ম্যাপে নিজেদের বা দলের অন্য সদস্যদের অবস্থান নির্ণয় করতে পারবেন। দৈনিক হজ শিডিউল, আবাসন তথ্য যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন বা চেক-আউট তারিখ ইত্যাদি অ্যাপ থেকে জানা যাবে। পরিবারের সদস্যরা তাঁদের হজযাত্রীকে ট্র্যাকিং করতে পারবেন। মিনা-আরাফার তাঁবুর লোকেশন ট্র্যাকিং, হজ প্রিপেইড কার্ডের ব্যালান্স, ডিজিটাল স্বাস্থ্য প্রফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা, বাংলাদেশ মেডিক্যাল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য, গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা, কোরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, হজ ও উমরাহ সহায়িকা; কোরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা, মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ, হজ এজেন্সির তথ্য যেমন এজেন্সির নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ প্রদান ইত্যাদি সেবা অ্যাপে অন্তর্ভুক্ত থাকবে।

হজ প্রিপেইড কার্ড : ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, হজ প্রিপেইড কার্ড ইস্যু করতে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। কার্ডের মেয়াদ পাঁচ বছর। এটি ক্যাশের পরিপূরক। তৎক্ষণাৎ কার্ড ইস্যু ও ডেলিভারি হবে। কার্ড ইস্যুতে কোনো চার্জ বা ফি নেই। লেনদেন প্রসেস ফি ৩ শতাংশের স্থলে ১ শতাংশ। হজ-পরবর্তী সময়েও এ কার্ড ব্যবহার করা যাবে। বাংলাদেশি টাকা লোড করে ডলার বা সৌদি রিয়াল পাওয়া যাবে। প্রত্যেক হজযাত্রী এক হাজার ২০০ মার্কিন ডলার সমপরিমাণ প্রায় এক লাখ ৫০ হাজার টাকা কার্ডে লোড করে নিতে পারবেন। সৌদি আরবে মাস্টার কার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে নগদ সৌদি রিয়াল উত্তোলন এবং পিওএস (পয়েন্ট অব সেলস) মেশিনে পেমেন্ট সুবিধা, কার্ডে ব্যালান্স রি-লোড এবং অব্যবহৃত ব্যালান্স রিফান্ড সুবিধা পাওয়া যাবে এ কার্ডের মাধ্যমে।

কার্ড ইস্যু ও ডলার এনডোর্সমেন্টের নিয়ম : ইসলামী ব্যাংকের সব শাখা থেকে এ কার্ড পাওয়া যাবে। এ জন্য মূল পাসপোর্ট বা পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, দুই কপি ছবি, হজ ভিসার কপি, সচল মোবাইল নম্বর লাগবে। তথ্য জানার জন্য দেশ থেকে ১৬২৫৯ এবং ০২-৮৩৩১০৯০ কল সেন্টার, ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করা যাবে। বিদেশ থেকে +৮৮০১৮৪৪২৪২৬৪৬, +৮৮০১৮১৩১৯৭৯১৫ হোয়াটসঅ্যাপ নম্বর এবং +৮৮০৯৬১১০১৬২৫৯ কল সেন্টার নম্বরে যোগাযোগ করতে হবে।

রোমিং সুবিধা : ২০২৫ সালের হজে হজযাত্রীদের জন্য ‘গ্রামীণফোন’, ‘বাংলালিংক’ ও ‘রবি’ বিশেষ ফোন রোমিং প্যাকেজ চালু করেছে। রোমিং প্যাকেজের হজযাত্রীরা সৌদি আরবে মোবাইল সিম কেনা ছাড়াই বাংলাদেশে ব্যবহৃত নিজস্ব মোবাইল সিমের মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে কথা বলতে ও বার্তা পাঠাতে পারবেন। হজ অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হজ রোমিং প্যাকেজগুলো সৌদি মোবাইল অপারেটরগুলোর রেটের তুলনায় সাশ্রয়ী। হজযাত্রীরা প্রচলিত পেমেন্ট গেটওয়ে বা অপারেটরদের মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশি মুদ্রায় সহজেই এক থেকে ৬০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয় ও অ্যাক্টিভেট করতে পারবেন। এ ক্ষেত্রে হজযাত্রীদের জন্য গ্রামীণফোন ছয়টি, রবির তিনটি, বাংলালিংক পাঁচটি স্পেশাল রোমিং প্যাকেজ ঘোষণা করেছে। গ্রামীণফোনের প্যাকেজগুলো কেনার দিন থেকেই সক্রিয় হবে। বাংলালিংকের প্যাকেজ হজযাত্রীরা সৌদি আরব পৌঁছালে সক্রিয় হবে। বাংলালিংকের পোস্টপেইড গ্রাহকরা রোমিং ভয়েস কল সুবিধা পাবেন না। প্যাকেজ মূল্যের চেয়ে কম অথবা বেশি টাকা রিচার্জ করলে প্যাকেজ অ্যাক্টিভেট হবে না বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।

রবিবার (২৭ এপ্রিল) আলজাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ‘টক টু আলজাজিরা’য় ‘মুহাম্মদ ইউনূস : রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে এ সাক্ষাৎকার প্রকাশ করা হয়।

আলজাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, সাবেক সরকারের দুর্নীতি, রোহিঙ্গা সমস্যাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টাকে সঞ্চালক প্রশ্ন করেন— আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন, শেখ হাসিনার শাসনামলে যারা নিহত ও গুম হয়েছেন, তাদের জন্য বিচার নিশ্চিত করবেন। আপনার সরকার কি জাতিসংঘের নেতৃত্বাধীন কোনো তদন্তকে আমন্ত্রণ জানাবে? কিভাবে আপনি এই বিচারপ্রক্রিয়া এগিয়ে নেবেন?

এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত ইতিমধ্যে হয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছেন, যেখানে সব বিবরণ রয়েছে। তাই আমরা খুশি যে আমাদের আলাদাভাবে কিছু করতে হয়নি।

প্রধান উপদেষ্টা বলেন, তারা অনেক সময় ব্যয় করে এটা নথিভুক্ত করেছে এবং তা জনসাধারণের জন্য উন্মুক্ত। সুতরাং বিচার প্রক্রিয়ার জন্য এটি একটি ভালো শুরু।

তিনি বলেন, শুধু জাতিসংঘ নয়, আমাদের নিজেদেরও গবেষণা ও প্রতিবেদন আছে। তারা কতটা ভয়াবহ কাজ করেছে তার প্রমাণসহ সব কিছু রয়েছে।
এখন আমাদের আইনি ব্যবস্থা কার্যকর হয়েছে, যাতে আমরা তাদের বিচার করতে পারি। সম্ভবত এই মাসের শেষ অথবা আগামী মাসের শুরুতে বিচার শুরু হবে।

প্রধান উপদেষ্টা বলেন, যে অপরাধ করেছে এবং মানবতার বিরুদ্ধে অপরাধে যুক্ত হয়েছে, তাদের কেউ রেহাই পাবে না।

সাক্ষাৎকারে আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যেই বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।

নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কি না– এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে–তারা নির্বাচনে যোগ দেবে কি না। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তা ছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কী প্রতিক্রিয়া দেয়, সেটাসহ নানা বিষয় সামনে আসতে পারে।

তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তা নয়। অন্যান্য রাজনৈতিক দল আছে, যারা বলতে পারে যে এ আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

ইরেশ যাকেরের নামে হত্যা মামলা, ক্ষোভে ফুঁসছে শোবিজ অঙ্গন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।‎ গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন। রবিবার (২৭ এপ্রিল) আদলত সূত্রে এ খবর জানা যায়।

এদিকে, অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা। অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন। এর পরও অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলায় হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।

এ মামলার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক তারকাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ‘ইরেশ যাকের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আর তার বিরুদ্ধে কিনা জুলাই হত্যা মামলা!’

পরিচালক শিহাব শাহীনের পোস্টের মন্তব্যের ঘরে জনপ্রিয় অভিনেতা টুটুল চৌধুরী লিখেছেন, ‘যারা মেধাবী তারা আওয়ামী সরকারের সকল সুবিধা গ্রহণ করেছে। যারা মেধাবীতর তারা আওয়ামী সরকারের সকল সুবিধা গ্রহণ করে সরকারের পতনের গন্ধ পেয়ে দ্রুত বিপ্লবী হয়ে গেছে। যারা মেধাবীতম তারা আওয়ামী সরকারের আমলে সুযোগ-সুবিধা গ্রহণ করেছে।
তারপর অন্তর্বর্তীকালীন সরকারের‌ সুবিধা গ্রহণ শুরু করছে কিন্তু এত সুখ অনেক সময় সয় না।’

পরিচালক আশফাক নিপুণ গণমাধ্যমের একটা কার্ড শেয়ার করে লিখেছেন, ‘অগাষ্ট মাসের ১ তারিখ ফার্মগেটে আমার সাথে, আমাদের অনেকের সাথে পুরোটা সময় ইরেশ যাকের এবং তাঁর স্ত্রী দাঁড়িয়েছিলেন ‘জুলাই হত্যাকাণ্ডের’ প্রতিবাদে। উনার এবং আমাদের অনেক সহকর্মী একই সময় বিটিভি ভবনে শোক প্রকাশ করতে গেলেও উনি সেখানে যান নাই। উনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে, হোক কিন্তু উনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর। এরকম গায়েবী মামলায় আসামী করতে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের সত্যিকার আসামীদের পরিত্রাণের পথ যে সুগম করে দেয়ার পায়তাঁরা হচ্ছে।
সেই বিষয়ে সাবধান হন সরকার।’

জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) সোশ্যাল মিডিয়ায় বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘ইরেশ যাকের কে হত্যা মামলার আসামী! মানে এই লিস্ট গুলা বানায় কারা? এরা কি আসলেই চায় জুলাই অপরাধীদের বিচার হোক? কাজে কর্মে তো মনে হয় না।’

অভিনেত্রী বাঁধনও এক দীর্ঘ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যার একটি অংশে তিনি উল্লেখ করেছেন, ‘অভিনেতার বিরুদ্ধে মামলা হওয়ায় হতাশা প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘আজ ইরেশকে হেনস্তার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আগেও দেখেছি যারা সাহস করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে, তাদের কী পরিণতি হয়েছে। তবুও যখন আমরা ভেবেছিলাম একটি ভালো, নিরাপদ দেশ গড়ছি, তখন এই দৃশ্য এখনও গভীরভাবে কষ্টদায়ক ও হতাশাজনক।’

এ হত্যা মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপি, ঢাকা সিটির সাবেক দুই মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার ও আইনজীবীসহ ৪০৮ জনের নামোল্লেখ করা হয়। এ মামলায় অভিনেতা ইরেশ যাকের ১৫৭ নম্বর এজাহারনামীয় আসামি।

মোহাম্মদ সালাহ : লিভারপুলের ‘মিসরীয় রাজা’

লিভারপুলে এক জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছেন মোহাম্মদ সালাহ। ২০২৪-২৫ মৌসুমে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে দলকে এনে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা।

৩২ বছর বয়সী এই মিসরীয় ফরোয়ার্ড চলতি মৌসুমে এ পর্যন্ত ২৮টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৮টি গোল—মোট ৪৬টি গোলে অবদান তার। যা এক মৌসুমে (৩৮ ম্যাচের ফরম্যাটে) প্রিমিয়ার লিগের নতুন রেকর্ড।
লিগ শেষ হতে আরো ৪ ম্যাচ থাকায় অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়েরারের সর্বোচ্চ ৪৭ গোলে অবদানের রেকর্ডও যে ভাঙতে চলেছে, তা বলাই যায়।

১৮৫টি প্রিমিয়ার লিগ গোল করে সালাহ এখন পঞ্চম সর্বোচ্চ গোলদাতা। বিদেশি খেলোয়াড়দের মধ্যে তিনিই এখন সবার ওপরে, ছাড়িয়ে গেছেন সার্জিও আগুয়েরোকে (১৮৪)। শীর্ষ দশে আছেন অ্যাসিস্টের তালিকায়ও।

রবিবার টটেনহ্যামের বিপক্ষে ৫-১ গোলের জয়ে লিভারপুল স্পর্শ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০টি লিগ শিরোপার রেকর্ড। আর সেই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল সালাহর, যিনি শুধু এই মৌসুমেই নন—গত আট বছর ধরে অ্যানফিল্ডের রাজা হয়ে আছেন এই মিসরীয়।

২০১৭ সালে রোমা থেকে ৩৪ মিলিয়ন পাউন্ডে আসা সেই ‘অবহেলিত’ সালাহ আজ লিভারপুলের কিংবদন্তি। চেলসিতে ব্যর্থ হওয়ার পর ফিওরেন্টিনা ও রোমায় নিজেকে প্রমাণ করে অ্যানফিল্ডে আসেন সালাহ।
মজার বিষয়, সে সময় ক্লপের প্রথম পছন্দ না হয়েও ক্লাবের স্কাউটিং টিমের জেদে দলে জায়গা পান সালাহ। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, সেটা প্রথম মৌসুমেই বুঝিয়ে দেন সালাহ। ৪৪ গোল করে দলকে নিয়ে যান চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। এরপর শুরু হয় ট্রফির মিছিল—চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপসহ আরো অনেক অর্জনে সামনে থেকে ছিলেন তিনি।

২০১৯ সালে টাইম ম্যাগাজিন সালাহকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়।
তারা সালাহকে বর্ণনা করে—‘মিসরীয়, মুসলিম ও স্কাউসারদের কাছে একজন আইকনিক চরিত্র।’

ক্রীড়াক্ষেত্র ছাড়াও সমাজ সচেতনতায় ভূমিকা রেখেছেন সালাহ। নারী অধিকারের পক্ষে কথা বলা হোক কিংবা গাজার জন্য মানবিক সহায়তার আবেদন—সালাহ সব সময় ছিলেন সংবেদনশীল ও সাহসী কণ্ঠ।

তবে সালাহর সবচেয়ে বড় শক্তি ফুটবল মাঠেই। বয়স বাড়লেও তিনি এখনো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এবং লিভারপুলের ইতিহাসে, তিনি ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের কাতারে।

লাল দুর্গে শিরোপা উৎসব, আগুয়েরোকে টপকে শীর্ষে সালাহ

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে অ্যানফিল্ডে গত রাতে ৫-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। এই জয়ের মাধ্যমে তারা ২০তম লিগ শিরোপা অর্জন করে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডে ভাগ বসাল।

শিরোপা জয়ের ম্যাচে একটি করে গোল করেন লুইস দিয়াজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, কোডি গাকপো ও মোহাম্মদ সালাহ। টটেনহ্যামের ডেসটিনি উদোগির আত্মঘাতী গোল ৫-১ বানিয়ে দেয় লিভারপুলের স্কোরলাইন।

লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যা ডাইক ম্যাচের পর স্কাই স্পোর্টসকে বলেন, ‘এটা পৃথিবীর সেরা ক্লাব। এই শিরোপা আমাদের প্রাপ্য ছিল। আমরা আগামী কয়েক সপ্তাহ উপভোগ করব এবং এই মুহূর্তটি স্মরণ করব। আমি তাদের (ভক্তদের) জন্য এবং সারা বিশ্বের লিভারপুল সমর্থকদের জন্য, আর আমাদের জন্যও এটি জিততে মরিয়া ছিলাম।
’

স্লট স্কাই স্পোর্টসকে বলেন নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রথম মৌসুম এটি, আর তাতেই চ্যাম্পিয়ন লিভারপুল। ‘এটা স্পষ্ট ছিল যে এই ম্যাচটি হারতে পারি না। বাসে সবাই বলছিল– কোনোভাবেই আমরা এই ম্যাচ হারবো না। তারা সবসময় জয়ের উপায় বের করে ফেলে।
শুধু খেলোয়াড়রা নয়, বরং যারা এখানে দাঁড়িয়ে আছেন– স্পোর্টস ডিরেক্টর, আমার স্টাফ– তাদেরও বড়সড় একটা হাততালি প্রাপ্য।’

গত বছর ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর দায়িত্ব নেন ডাচ কোচ স্লট।
ম্যাচ শেষে স্লট ক্লপকে সম্মান জানিয়ে তার নামে গ্যালারির দিকে তাকিয়ে গান গেয়েছেন, যেভাবে ক্লপ এক বছর আগে স্লটের জন্য একইটা করেছিলেন। শিরোপা জয়ের পর ক্লপকে স্মরণ করে স্লট বলেন, ‘এই জয় শুধু খেলোয়াড়দের নয়, সবাইকে উৎসর্গ করছি যারা এই যাত্রায় পাশে ছিল। ক্লপের প্রতি সম্মান জানাতে আমি তার নাম ধরে গেয়েছি, যেমন তিনি এক বছর আগে গেয়েছিলেন।
’

‘আসুন ভুলে যাই এটা ৩৫ বছরে মাত্র দ্বিতীয় শিরোপা, এটা বরং পাঁচ বছরে দ্বিতীয়টা।’

লিভারপুল সর্বশেষ ২০২০ সালে প্রিমিয়ার লিগ জিতেছিল কভিড মহামারির সময়। সেটিও ৩০ বছর পর। এবার জিতল পাঁচ বছরের ব্যবধানে।

এদিকে সালাহ তার ১৮৫তম প্রিমিয়ার লিগ গোল করে ইতিহাস গড়েছেন। তিনি এখন প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বিদেশি খেলোয়াড়। পেছনে ফেলেছেন আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোকে। ১৮৪ গোল নিয়ে এত দিন পর্যন্ত সবার ওপরে ছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে ইতিহাস গড়া আগুয়েরো। গত রাতে সালাহ ১ গোল করে তাকে ছাড়িয়ে গেলেন। ১৭৫ গোল করে সালাহ ও আগুয়েরোর পর এই তালিকার ৩ নম্বরে আছেন থিয়েরি অঁরি।

বিদেশিদের মধ্যে সর্বোচ্চ গোল করা সালাহ সম্মিলিত তালিকায় আছেন ৫ নম্বরে। ১৮৭ গোল নিয়ে অ্যান্ডি কোল, ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালেন শিয়ারার (২৬০)।

গাজায় জরুরি সহায়তায় আইসিজের শুনানি শুরু আজ

গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলকে কী করা দরকার, তা নিয়ে আজ সোমবার থেকে ৪০টি দেশের শুনানি শুরু করবে জাতিসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। খবর আরব নিউজের।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটি) যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও আগ্রাসনের অপরাধের জন্য দায়ীদের বিচারের শেষ অবলম্বন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যদিকে আইসিজে দুই বা ততোধিক দেশের মধ্যে বিরোধ মোকাবেলা করে, আইসিসি ব্যক্তিদের অপরাধমূলকভাবে দায়ী করার চেষ্টা করে।

গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজেকে ইসরায়েলের আইনি বাধ্যবাধকতা বিবেচনা করতে বলেছিল, যখন দেশটি গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের প্রধান সরবরাহকারী সংস্থাকে কার্যকরভাবে নিষিদ্ধ করেছিল। ইসরায়েলের নিকটতম মিত্র যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে।

এক মাস আগেও ইসরায়েল আবার গাজা এবং তার ২০ লাখেরও বেশি লোকের জন্য সব ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছে। ইসরায়েল গাজায় সাহায্যের ঘাটতি নিয়ে বিতর্ক করেছে এবং বলেছে যে হামাস এটি নিজের ব্যবহারের জন্য দখল করছে।
তাই সহায়তা বন্ধ করার অধিকার তাদের রয়েছে।

ইসরায়েল ও গাজায় ১৮ মাসের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত সর্বশেষ বিচারিক কার্যক্রমে হেগভিত্তিক আদালতকে একটি উপদেষ্টা মতামত দিতে বলা হয়েছে, যা বাধ্যতামূলক নয়, কিন্তু আইনত চূড়ান্ত উত্তর। এতে বেশ কয়েক মাস সময় লাগবে বলে আশা করা হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আইসিজে জাতিসংঘের একটি অঙ্গ এবং সদস্য দেশগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করে।
সাধারণ পরিষদসহ জাতিসংঘের কিছু সংস্থা আদালতের ১৫ জন বিচারকের কাছ থেকে পরামর্শমূলক মতামত চাইতে পারে।

এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশ ও র‌্যাবের ২৬৮ সদস্য

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ ও র‌্যাবের ২৬৮ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া হবে। গত বছর আইজিপি ব্যাজ পেয়েছিলেন ৪৮৮ কর্মকর্তা ও সদস্য।

আসন্ন পুলিশ সপ্তাহের মধ্যে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম এ ব্যাজ পরিয়ে দেবেন।

রবিবার (২৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২৬৮ জনকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ প্রদান করা হলো।

দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে : পার্থ

দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত।

রবিবার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।
’

দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিজেপি চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।’

সিরিজের ফল নয়, ম্যাচে মনোযোগ জিম্বাবুয়ের

সিলেটের রোমাঞ্চকর জয়ে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে। স্বাভাবিকভাবেই তাই দুই টেস্টের সিরিজ জয়ের স্বপ্ন দেখতে পারে। কিন্তু তা নয়, মাটিতেই পা রাখছে তারা। সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা জানানোর সময় ক্রেইগ আরভিন জানিয়েছেন, সিরিজের ফল নয়, ম্যাচে মনোযোগ তাদের।

আগামীকাল চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। শেষ টেস্ট নিয়ে আরভিন বলেছেন, ‘আমাদের বোঝা জরুরি যে, কোন প্রক্রিয়াগুলো আমাদের প্রথম টেস্ট জয় এনে দিয়েছে। ১-০ ব্যবধানে এগিয়ে আছি বলে নিজেদের ওপর বাড়তি চাপ নেওয়া উচিত হবে না বা সিরিজ জয়ের প্রত্যাশায় অস্থির হওয়া ঠিক হবে না।’

শেষ টেস্টে ধাপে ধাপে এগোতে চান বলে জানিয়েছেন আরভিন।
জিম্বাবুয়ের অধিনায়ক বলেছেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত পুরো ব্যাপারটিকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া এবং নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটুট থাকা। যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে এটা ধরে রাখতে পারলেই নিজেদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগে থেকেই ভাবনা করা যাবে না।’

সিলেট টেস্টের জয় জিম্বাবুয়েকে আত্মবিশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন আরভিন।
তিনি বলেছেন, ‘সিলেটে জয় আমাদের মধ্যে অবশ্যই একটা ভালো আবহ, পরিবেশ এবং আত্মবিশ্বাস তৈরি করেছে। এই মুহূর্তে দলের ভেতর একটা দারুণ অনুভূতি কাজ করছে।’

ইরানে বিস্ফোরণে নিহত বেড়ে ২৮, পুরোপুরি নেভেনি আগুন

ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে শনিবার ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৮ জনে। এ ছাড়া আহত হয়েছে আরো এক হাজারের বেশি মানুষ। বিস্ফোরণের ২৪ ঘণ্টারও বেশি সময় পর রবিবারও সেখানে আগুন জ্বলছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। ঘটনার পর হরমুজগান প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলের শহীদ রাজাই বন্দরে শনিবার বিস্ফোরণটি হয়, যা হরমুজ প্রণালির কাছে অবস্থিত। এ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। রেড ক্রিসেন্ট প্রধান পিরহোসেইন কুলিভান্দ রবিবার সরকারের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে জানিয়েছেন, ২৮ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারে রবিবার ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
ঘটনাস্থল থেকে রাষ্ট্রীয় টিভির একজন সংবাদদাতা রবিবার বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো সম্পূর্ণ নেভানো যায়নি।’

এ ছাড়া তাসনিম বার্তা সংস্থার রবিবার প্রকাশিত ছবিতে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন আকাশে একটি হেলিকপ্টার পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। তাদের আরো কিছু ছবিতে দেখা যায়, দগ্ধ ও উল্টে যাওয়া কার্গো কনটেইনারের মধ্যে অগ্নিনির্বাপণকর্মীরা কাজ করছেন এবং একটি মরদেহ সরিয়ে নিচ্ছেন। ঘটনাস্থলে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই এলাকার ফুটেজ শুধু ইরানি সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে।

দম বন্ধ করা ধোঁয়া ও বায়ুদূষণ এলাকায় ছড়িয়ে পড়ায় রবিবার বন্দরের প্রায় ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের সব স্কুল ও অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে কর্তৃপক্ষ জরুরি সহায়তায় মনোযোগ দিতে পারে। রাষ্ট্রীয় টিভি এ তথ্য জানিয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রবিবার বিস্ফোরণস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরের বিস্ফোরণের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।’

এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় বাসিন্দাদের ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ ঘরের বাইরে না যাওয়ার এবং সুরক্ষামূলক মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।
অন্যদিকে কুলিভান্দ জানিয়েছেন, আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য রাজধানী তেহরানে স্থানান্তর করা হয়েছে, যা ঘটনাস্থল থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি উত্তরে অবস্থিত।

এদিকে রাশিয়ার দূতাবাস জানিয়েছে, মস্কো ইরাননের অনুরোধে ‘কয়েকটি বিমান ও বিশেষজ্ঞ দল’ পাঠাচ্ছে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য।

নিউইয়র্ক টাইমস ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত এক ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরিত পদার্থ ছিল সোডিয়াম পারক্লোরেট, যা কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরির একটি মূল উপাদান। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, ‘এ এলাকায় সামরিক জ্বালানি বা সামরিক উদ্দেশ্যে আমদানি কিংবা রপ্তানির কোনো কার্গো ছিল না।’

বন্দরের কাস্টমস অফিস রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণ সম্ভবত বিপজ্জনক ও রাসায়নিক পদার্থ সংরক্ষণাগারে আগুন লাগার পর ঘটেছে। কয়েকটি কনটেইনার বিস্ফোরিত হয়েছে বলে একজন আঞ্চলিক জরুরি কর্মকর্তা জানিয়েছেন।

বিস্ফোরণটি এমন সময় ঘটল, যখন ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় মিলিত হচ্ছিল, যেখানে উভয় পক্ষই অগ্রগতির কথা জানিয়েছে। যদিও ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিস্ফোরণকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছে, তবে এটি এমন এক সময় ঘটল, যখন ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে ইরান। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২০২০ সালে ইসরায়েল শহীদ রাজাই বন্দরে একটি সাইবার হামলা চালিয়েছিল।