রবিবার, অক্টোবর ৪, ২০২৬

বড় ধরনের আইনি বিপাকে পড়তে যাচ্ছেন মালাইকা

বড় ধরনের আইনি বিপাকে পড়তে যাচ্ছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই তার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত।

২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন আদালত। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
ওইদিন হাজির না হলেই মালাইকার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে।

সমন জারির পরও গেল ২৯ এপ্রিল মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার নিজের পর্যবেক্ষণে বলেন, মালাইকা ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।

মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে এক শিল্পপতির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অভিনেতা সাইফ আলী খান, শিল্পপতি বিলাল আমরোহি ও মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখ।
সে ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল মালাইকার।

২০১২ সালের ২২ ফেব্রুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারা রেস্তোরাঁয় কারিনা টাপুর, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা অরোরাসহ অন্য বন্ধুদের সঙ্গে নৈশভোজ সারছিলেন সাইফ। সেখানেই অভিযোগকারী দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ইকবাল শর্মার সঙ্গে ঝামেলা বাধে তার। এর জেরে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

১৩ বছরের পুরোনো সেই মারধরের মামলাই এখন উঠেছে আদালতে। তবে মামলটি নিয়ে এখন পর্যন্ত মালাইকা কোনো মন্তব্য করেননি।

পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক

কাশ্মীর হত্যাকাণ্ডের কারণে পাকিস্তানের বিরুদ্ধে আরও ক্ষোভ বেড়েছে ভারতের। ফলে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। শোকপ্রকাশ করার পরও ভারতীয়দের কাছ থেকে কটাক্ষের শিকার তারা। এছাড়াও বলিউড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পাকিস্তানি তারকাদের ভারতের বিনোদন দুনিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে ভারতেও পাকিস্তানি তারকাদের বড় সংখ্যক ভক্তমহল রয়েছে। তাদের ইনস্টাগ্রামে অনুসারীদের একটা বড় অংশ রয়েছে ভারতীয়। কিন্তু এবার সেটিতে ভাটা পড়ছে; কারণ, পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত।

ভারতীয় গণমাধ্যমের খবর, হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ এবং সানাম সাঈদসহ বেশ কয়েক পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার।
বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এ ঘোষণা প্রকাশ করা হয়েছে।

ভারতীয় কোনো নেটিজেন সেসব পাকিস্তান তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই মেসেজ ভেসে উঠছে- “এই অ্যাকাউন্টটির ভারতে কোনো অস্তিত্ব নেই। কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি।”

পাকিস্তানি তারকাদের মধ্যে বলিউডে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো একাধিক শিল্পীরা।

তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকিস্তানের শিল্পীদের প্রবেশ ভারতে নিষিদ্ধ করা হয়।

অবশেষে যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে খনিজচুক্তি সই

কয়েক মাস ধরে উত্তেজনা চলার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন খনিজচুক্তিতে সই করেছে। ফলে ওয়াশিংটন কিয়েভের মূল্যবান দুর্লভ খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে তার পুনর্গঠনে তহবিল জোগান দেবে। খবর দ্য গার্ডিয়ানের।

চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই চুক্তি যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের প্রতিরক্ষা ও যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে বিনিয়োগ অব্যাহত রাখতে অর্থনৈতিক প্রণোদনা দেবে, বিশেষ করে যখন তিনি রাশিয়ার সঙ্গে একটি শান্তিচুক্তি সম্পাদন করবেন।

খনিজচুক্তিটি মাসের পর মাস ধরে কঠিন আলোচনার বিষয় ছিল এবং স্বাক্ষরের কয়েক ঘণ্টা আগেও তা ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র-ইউক্রেন পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠন করা হবে। ট্রাম্প প্রশাসনের ভাষ্য মতে এই তহবিল যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনকে দেওয়া প্রায় ১৭৫ বিলিয়ন ডলার সহায়তা পুনরুদ্ধারে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই চুক্তি রাশিয়ার প্রতি একটি পরিষ্কার বার্তা যে ট্রাম্প প্রশাসন একটি স্বাধীন, সার্বভৌম এবং সমৃদ্ধ ইউক্রেনকে কেন্দ্র করে একটি শান্তি প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই অংশীদারিকে যুক্তরাষ্ট্রের জনগণ ও ইউক্রেনের জনগণের মধ্যে স্থায়ী শান্তি ও সমৃদ্ধির প্রতিশ্রুতি হিসেবে দেখছেন।

ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একটি তহবিল তৈরি করছি, যা দেশের জন্য বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করবে। তবে এই চুক্তি এখনো ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদিত হয়নি।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেন, এই তহবিলটি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ৫০ শতাংশ করে ভাগ করা হবে এবং উভয়পক্ষের সমান ভোটাধিকার থাকবে।

শ্যামিহাল এই চুক্তিকে প্রকৃতপক্ষে একটি ভালো, সমান ও লাভজনক আন্তর্জাতিক চুক্তি হিসেবে বর্ণনা করেছেন, যা ইউক্রেনের উন্নয়ন এবং পুনর্গঠনে যৌথ বিনিয়োগের মাধ্যমে কার্যকর হবে।

তবে সমালোচকদের মতে, হোয়াইট হাউস ইউক্রেনকে প্রতারণা করার চেষ্টা করছে, যেন ভবিষ্যতে ইউক্রেনের খনিজ সম্পদের আয়ের সঙ্গে সংযুক্ত থাকতে পারে তারা।

মেসির সঙ্গে তুলনা এড়াতে পারছেন না ইয়ামাল

মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বফুটবলে হৈচৈ ফেলে দিয়েছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল। অসাধারণ দক্ষতা, পজিশনিং ও কৌশলে অনেকেই তাকে তুলনা করছেন বার্সার আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে। তবে ইয়ামাল নিজেই সেই তুলনায় বিশ্বাসী নন।

গতকাল ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে মেসির সঙ্গে তুলনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়ামাল বলেন, ‘আমি নিজেকে কারো সঙ্গে তুলনা করি না—আর মেসির সঙ্গে তো নয়-ই।
’ তিনি মেসিকে ‘ইতিহাসের সেরা খেলোয়াড়’ বলে উল্লেখ করেন।

মাত্র ১৭ বছর বয়সেই ইয়ামাল যা অর্জন করেছেন, তা এককথায় অবিশ্বাস্য। ইন্টারের বিপক্ষে ম্যাচটি ছিল বার্সেলোনার হয়ে তার ১০০তম ম্যাচ, যেখানে তিনি দলের হয়ে ২২তম গোলটি করেছেন। পাশাপাশি স্পেনের জার্সিতে ১৯ ম্যাচে তিনি ৪টি গোল করেছেন।
তবে ইয়ামালের কৃতিত্ব এখানেই থেমে নেই—তার নামের পাশে রয়েছে ২৭টি অ্যাসিস্ট।

এই প্রজন্মের সবচেয়ে বড় ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন ১৮ বছর বয়সের পর। অথচ ইয়ামাল তার ১৭তম জন্মদিনের পরদিন ইউরো জিতেছেন। মেসি ১৮ বছর হওয়ার আগে এক গোল করেছিলেন।
কিন্তু ইয়ামাল তার বয়সের তুলনায় অনেক বেশি অর্জন করেছেন।

১৭ বছর বয়সে মেসি ছিলেন কেবল একজন সম্ভাবনাময় তরুণ, তখনো তাকে বিশ্বসেরাদের একজন হিসেবে ধরা হতো না। অথচ সেই একই বয়সে ইয়ামাল ইতিমধ্যেই নিজেকে বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে প্রতিষ্ঠিত করতে শুরু করেছেন। তবে ইয়ামাল মেসির সঙ্গে নিজের কোনো তুলনা টানতে একদমই রাজি নন। ইয়ামাল বলেন, ‘তুলনার কোনো মানে হয় না, বিশেষ করে মেসির সঙ্গে তো নয়।
আমি শুধু ফুটবল উপভোগ করতে চাই এবং নিজের মতো করেই খেলতে চাই।’

মেসির সঙ্গে ইয়ামালের মিল খুঁজে পাওয়া যায় একাধিক জায়গায়। দুজনেই উঠে এসেছেন বার্সেলোনার ঐতিহাসিক লা মাসিয়া একাডেমি থেকে এবং খেলেন ডান উইংয়ে, প্রতিপক্ষের রক্ষণভাগে ঝড় তোলার দক্ষতা নিয়েই। সম্প্রতি তাদের একটি ব্যতিক্রমধর্মী সম্পর্কও সামনে এসেছে। ২০০৭ সালে ইউনিসেফের একটি দাতব্য ফটোশুটে মাত্র কয়েক মাসের শিশু ইয়ামালকে কোলে নিয়ে গোসল করাতে সাহায্য করেছিলেন ২০ বছর বয়সী লিওনেল মেসি। সেই ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

স্পেনের মাতারো শহরে ইউনিসেফের একটি র‍্যাফেলের মাধ্যমে ওই ফটোশুটের আয়োজন করা হয়েছিল, যেখানে ইয়ামালের পরিবার বসবাস করতেন। তখন কি কেউ জানত, সেই ছোট্ট শিশু একদিন মেসির উত্তরসূরি হয়ে ফুটবল দুনিয়ায় হৈচৈ ফেলে দেবে?

৬ গোলের রোমাঞ্চে ড্র বার্সা-ইন্টার ম্যাচ

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে বুধবার রাতে জোড়া গোলে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা।

ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। স্বাগতিকদের ১৯টি শটের ৯ টি ছিল লক্ষ্যে, যেখানে সফরকারী ইন্টারের ৭ শটের ৩টি ছিল লক্ষ্যে।

অলিম্পিক লুইস কম্পানি অ্যারেনায় ঘড়ির কাঁটায় ম্যাচের তখন ৩০ সেকেন্ড! দর্শকরা ঠিকমতো আসন গ্রহণ করার আগেই স্বাগতিকদের জালে বল পাঠান ইন্টার মিলানের মার্কাস থুরাম।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটাই দ্রুততম গোল।

বক্সে বার্সেলোনা ডিফেন্ডার জুলস কুন্দের ভুলে বল পান ইন্টারের ডেনজেল ডামফ্রিস। তার বাড়ানো পাসে বার্সেলোনা তিন খেলোয়াড়ের ফাঁক দিয়ে চমৎকার ব্যাক-হিলে বল জালে পাঠান থুরাম।

এরপর বল দখলে রেখে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালায় বার্সেলোনা।
তবে ২১ মিনিটের মাথায় আবারও গোল হজম করে কাতালানরা। কর্নার থেকে পাওয়া বলে ফ্রান্সিসকো আকর্বির হেড কাছ থেকে র্দুদান্ত ওভারহেডে ব্যবধান দ্বিগুণ করনে ডামফ্রিস।

দুই গোলে পিছিয়ে পড়ে আক্রমণ জোরদার করে বার্সেলোনা। ২৪ মিনিটেই হেনরিখ মিখিতারিয়ানকে পেছনে ফেলে দারুণ এক শটে বল জালে পাঠিয়ে স্বাগকিতদের হয়ে ব্যবধান কমান ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল।
এই গোলে কিলিয়ান এমাবাপ্পেকে পেছনে ফেলে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোল করে ইতিহাস গড়লেন ইয়ামাল।

এরপর ৩৮ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে বল তরেসের দিকে বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোর্য়াড রাফিনিয়া। বল জালে পাঠিয়ে বিরতির আগেই স্বাগতিকদের সমতায় ফেরান তরেস।

বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। তবে ম্যাচের ৬৩ মিনিটের মাথায় কর্নার থেকে হেডে দ্বিতীয় গোল করে ইন্টারকে ৩-২ গোলের লিড এনে দেন ডামফ্রিস।

তবে মাত্র দুই মিনিটের মাথায় ইন্টার গোলরক্ষক ইয়ান সোমেরের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার নেওয়া শট ক্রসবার থেকে ফেরত এসে সোমেরের পিঠে লেগে বল জালে জড়ায়। এতে ৩-৩ গোলের সমতায় ফেরে বার্সেলোনা।

এরপর ৭৫ মিনিটের মিখিতারিয়ানের শট বার্সার জালে জড়ালেও রেফারি অফসাইডের বাঁশি বাজানোয় আর এগিয়ে যাওয়া হয়নি ইন্টারের।

ম্যাচের ৮৭ মিনিটের মাথায় ইয়ামালের শট ক্রসবারে লাগলে ৩-৩ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার রাতে সান সিরোতে স্বাগতিক ইন্টারের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর ট্রেলারে চমকে দিলেন ডোয়াইন জনসন

অবশেষে প্রকাশ হলো ডোয়াইন জনসনের আসন্ন ছবি ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর ট্রেলার। আর ট্রেলারটি প্রকাশের পরই চমকে গেছেন জনসনের ভক্তরা। পর্দায় জনসনকে যেন চেনাই দায়!

মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে বেনি সাফডির ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর ট্রেলার। আলোচিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ডোয়াইন জনসন।
চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে অনেকখানি বদলেছেন। যার ফলে ট্রেলারে তাঁকে দেখে অবাক ও বিস্মিত হচ্ছে দর্শক।

ছবিটি নির্মিত হয়েছে একসময়ের জনপ্রিয় রেসলার ও মিক্সড মার্শাল আর্ট তারকা মার্ক কেরের জীবন অবলম্বনে। তাঁর ভূমিকায় আছেন ডোয়াইন।
যিনি নিজেও রেসলিং জগতের দাপুটে তারকা ছিলেন। ‘দ্য রক’ নামে তাঁর বিশ্বজোড়া খ্যাতি।

তবে মার্ক কের হওয়ার জন্য ডোয়াইন যেভাবে নিজেকে পরিবর্তন করেছেন তা বেশ চমকপ্রদ। তার মাথায় রেখেছেন কালো চুল, চেহারায় ব্যবহার করেছেন প্রস্থেটিক ও ট্যাটু।

বেনি সাফডির পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি কিংবদন্তি এমএমএ (মিশ্র মার্শাল আর্ট) ফাইটার মার্ক কারকে নিয়ে ২০০২ সালের একটি প্রামাণ্যচিত্র থেকে অনুপ্রাণিত। ছবিতে মার্কের পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা দিকও তুলে ধরা হয়েছে। তিনি একাধিক পদক জিতেছেন। এতে আরো অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, রায়ান বেডার, ব্যাস রাটেন প্রমুখ। চলচ্চিত্রটি ২০২৫ সালের ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিরিয়ায় সংঘাত নিরসন রেখা চায় তুরস্ক-ইসরায়েল

তুরস্ক ও ইসরায়েল তাদের সেনাবাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘর্ষ রোধে সিরিয়ায় একটি সংঘাত নিরসন রেখা স্থাপনের বিষয়ে আলোচনা করেছে বলে দুই পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন। গত সপ্তাহে ইসরায়েলি বিমানবাহিনী সিরিয়ায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে হামা বিমানঘাঁটি এবং তিয়াস বিমানঘাঁটি (যা টি৪ নামেও পরিচিত), যেখানে তুরস্ক শিগগিরই সেনা মোতায়েনের পরিকল্পনা করেছিল।

আঙ্কারা যখন টি৪ ঘাঁটি পরিদর্শন এবং পুনর্গঠনের জন্য প্রাথমিক মূল্যায়ন করার একটি প্রযুক্তিগত দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়েছিল।

তুর্কি বাহিনী যদি সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়, এমনকি ভুল করেও যদি হামলা চালানো হয়, তাহলে একটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়বে ইসরায়েল।

বলা হচ্ছে এসব ঘাঁটিতে তুর্কি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফলে ইসরায়েলি বিমানগুলোও এই অঞ্চলে অভিযান চালাতে বাধা পাবে। তুরস্ক হিসার-ধরনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনেরও পরিকল্পনা করেছে সিরিয়ায়। জানা গেছে, তুর্কি সামরিক বাহিনী বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করার জন্য স্বল্প, মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্ষমতাসহ ঘাঁটির ভেতরে এবং আশপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের লক্ষ্য স্থির করেছে।

একটি সূত্র দাবি করেছে, মনে হচ্ছে ওয়াশিংটন ইসরায়েল ও তুরস্কের উত্তেজনা কমাতে চায়।
একই পশ্চিমা সূত্র অনুসারে, নেতানিয়াহু বিশ্বাস করেন যে বিমান হামলার পর তুরস্কের সঙ্গে একটি সংঘাতমুক্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে অগ্রগতি হয়েছে এবং আলোচনা চলছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার রয়টার্সকে বলেন, তুরস্ক সিরিয়ায় ইসরায়েলের সঙ্গে সংঘাত চায় না। সূত্রটি আরো জানিয়েছে, জনসাধারণের হুমকি সত্ত্বেও ইসরায়েল সম্ভবত হামা এবং পালমিরায় তুর্কি সামরিক ঘাঁটিগুলোকে সংঘাত নিরসন ব্যবস্থার অংশ হিসেবে গ্রহণ করবে।

ডিসেম্বরে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদের সরকারের পতন এবং সিরিয়ায় একটি প্রভাবশালী আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্কের উত্থান ইসরায়েলকে শঙ্কিত করেছে, যারা এখন আঙ্কারাকে ইরানের চেয়ে সম্ভাব্যভাবে বড় হুমকি হিসেবে দেখে।

ডিসেম্বর থেকে আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর আঙ্কারা ও দামেস্ক একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে। প্রস্তাবিত চুক্তির অধীনে তুরস্ক সিরিয়ার নতুন সরকারকে বিমান কভার এবং সামরিক সুরক্ষা প্রদান করবে, যার বর্তমানে কার্যকর সেনাবাহিনীর অভাব রয়েছে।

তুরস্ক ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান আরো তীব্র করতে চায়, যা এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত।

তবে সিরিয়া সম্পর্কে ইসরায়েলিদের প্রধান উদ্বেগ হচ্ছে দেশটিতে ইসরায়েলের বিমান অভিযানের স্বাধীনতা। কারণ সিরিয়ায় যদি তুর্কি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা স্থাপন করা হয়, তাহলে সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি জেট বিমান অভিযান পরিচালনা করতে অস্বীকৃতি জানাতে পারে।

রাস্তায় গাড়ি রেখেই পালাচ্ছে ইসরায়েলিরা

দখলদার ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে। এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান। দাবানলের কারণে রাস্তায় চলা গাড়ি আটকে পড়ে। এ কারণে আগুন থেকে বাঁচতে ইসরায়েলিরা গাড়ি রেখে দৌড়ে পালাচ্ছে।
খবর টাইমস অব ইসরায়েলের।

বুধবার সন্ধ্যায় অন্ধকার নামার পর সুমিলিক ফ্রিডম্যান সতর্ক করে বলেন, সামনে রয়েছে দীর্ঘ ও সংকটপূর্ণ সময়, কারণ ফায়ার সার্ভিস কর্মীরা জেরুজালেম শহরের উপকণ্ঠে ছড়িয়ে পড়া আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন—যার ধীর হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

জেরুজালেম পাহাড়ি অঞ্চলে এই আগুন বুধবার সকালে শুরু হয়। ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, অন্তত পাঁচটি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে।
তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

শামির মেডিক্যাল সেন্টারের জরুরি চিকিৎসা বিভাগের পরিচালক ডা. গাল পাচিস ওয়াইনেটের সঙ্গে কথা বলার সময় বলেন, ভর্তি হওয়া ব্যক্তিদের কেউই গুরুতর আহত নন এবং আহতদের বেশির ভাগই লত্রুন এলাকা থেকে এসেছেন।

তিনি বলেন, আমাদের কাছে পাঠানো একজন রোগী বলেছিলেন যে তারা শেষ মুহূর্তে তাদের গাড়ি থেকে পালিয়ে এসেছিলেন। ওখানে বাতাস খুব গরম ছিল এবং পুরো গাড়িতে আগুন লাগার ঠিক আগেই তারা পালিয়ে যেতে সক্ষম হন।

বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস বিভাগ জানায়, তারা মাঠে ১৬৩টি ফায়ার সার্ভিস ইউনিট এবং ১২টি ফায়ার সার্ভিস বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুন ছড়িয়েছে লত্রুন, নেভে শালোম, এশতাওল ফরেস্টসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে। এছাড়া মেভো হোরোন, বার্মা রোড হয়ে বেইত মেইর, মেসিলাত সিয়োন এবং শাআর হাগাইয়ের একটি পেট্রল পাম্পের কাছেও আগুন ছড়িয়ে পড়েছে।

একই সময়ে দেশজুড়ে আরো অনেক স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অতিরিক্ত ফায়ার সার্ভিস ইউনিট। এ পর্যন্ত ডজনখানেক মানুষ আহত হয়েছে, তবে কারো অবস্থাই গুরুতর নয়।

জিউশ ন্যাশনাল ফান্ডের হিসাব অনুযায়ী, প্রায় ১১ হাজার ৭০০ ডুনাম (২,৯০০ একর) এলাকা পুড়ে গেছে। কানাডা পার্ক যা লত্রুনের কাছে অবস্থিত, তা প্রায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জেরুজালেম ফায়ার সার্ভিস বাহিনীর কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, জেরুজালেম পাহাড়ের আগুন ‘এই দেশের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল হতে পারে’ এবং এখনো এটি নিয়ন্ত্রণের ধারে-কাছেও আমরা পৌঁছায়নি।

তিনি জানান, আগুন সকাল সাড়ে ৯টার দিকে মেসিলাত সিয়োন এলাকায় শুরু হয়, যা বেইত শেমেশের কাছে অবস্থিত এবং তা প্রথমে প্রবল বাতাসে পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে, এরপর দিক পরিবর্তন করে পূর্বমুখী হয়।

তিনি বলেন, আমাদের কার্যক্রম অনেক দীর্ঘ সময় ধরে চলবে। আমরা এখনো আগুন নিয়ন্ত্রণ থেকে অনেক দূরে। তিনি সতর্ক করে বলেন, আগুন আরো খারাপ হতে পারে, কারণ বাতাসের গতি ৯০-১০০ কিমি প্রতি ঘণ্টা (৫৬-৬২ মাইল প্রতি ঘণ্টা) পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুনের প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়। ফ্রিডম্যান সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই, এবং আমরা এখনো এ বিষয়টি নিয়ে কাজ করছি না।

এদিকে দাবানল পরিস্থিতি খারাপ হওয়ায় গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার সহায়তা চেয়েছে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে গ্রিস ও ইতালির অগ্নিনির্বাপক বিমান ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দখলদার ইসরায়েলের সেনাপ্রধান তার সেনাদের আগুনে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার নির্দেশ দিয়েছেন।

বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

বাংলাদেশের সব সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহের কথা জানিয়েছে চীন। এ বিষয়ে বাংলাদেশের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ আগ্রহের কথা জানায় দেশটি।

বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন। এ সময় তিনি এ আগ্রহের কথা জানান।

চীনের রাষ্ট্রদূতকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন এবং ব্যাবসায়িক সহযোগী। বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে চীন সরকার এক হাজার শয্যার একটি হাসপাতাল উপহারের বিষয়টি জনমনে আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি চীন বাংলাদেশ যৌথ ড্রোন শো দেশের লাখ লাখ মানুষ প্রত্যক্ষ করেছে, যা দুই দেশের পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ।

বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, চীনের সহযোগিতায় দেশের সব সিটি করপোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী সরকার।
জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, সিটি করপোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চীন আগ্রহী। একে একে সব সিটি করপোরেশনেই যেনো বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেদিকে লক্ষ্য রেখে প্রকল্প হাতে নিবে চীন।

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। ক্রিকেট, ফুটবল ছাড়া অন্যান্য ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশের উন্নতি এবং আন্তর্জাতিক অর্জন সম্ভব, সেজন্য চীনের সহযোগিতায় স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে জোর দেন।
এছাড়া কোচ-খেলোয়াড়দের অলিম্পিক মান উপযোগী প্রশিক্ষণ ব্যবস্থার ওপর জোর দেন উপদেষ্টা।

ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনায় উচ্ছ্বাস প্রকাশ করে চীনের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সম্পর্কোন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশে দল পাঠাবে চীন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য চীনে আমন্ত্রণ জানাতে চান রাষ্ট্রদূত। বাংলাদেশের যে কোনো পর্যায়ের খেলোয়াড় কিংবা কোচদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।

ইসরায়েলে ‘জাতীয় জরুরি অবস্থা’, জেরুজালেমের কাছে সেনা মোতায়েন

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যাতে জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণ বাহিনীকে সহায়তা করা যায়। তিনি পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলেও আখ্যায়িত করেছেন।

দেশটির উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, এই দাবানলে শত শত বেসামরিক নাগরিক বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সতর্কতা স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।

এ ছাড়া পুলিশ জানিয়েছে, জেরুজালেম-তেল আবিব প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই পথঘেঁষা এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে, যেখানে এক সপ্তাহ আগেও ভয়াবহ আগুন লেগেছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে কাটজ বলেন, ‘আমরা একটি জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি এবং প্রাণ বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে উপলব্ধ সব বাহিনীকে সক্রিয় করতে হবে।’

ঘটনাস্থল থেকে এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, আগুন লাত্রুন ও বেইত শেমেশের মাঝামাঝি প্রধান সড়কের পাশের বনাঞ্চলে দাউদাউ করে জ্বলছে এবং আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে।

বড় ধোঁয়ার কুণ্ডলিতে আতঙ্কিত হয়ে অনেক চালক রাস্তায় গাড়ি ফেলে পালিয়ে যান, আর আহতদের সেখান থেকেই উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়।
জেরুজালেমের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত কয়েকটি এলাকা খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণকর্মীদের লড়াইয়ের দৃশ্য সম্প্রচার করেছে তারা।

এমডিএ জানিয়েছে, আগুনের কাছে থাকা সম্প্রদায়ের পাশে জরুরি অ্যাম্বুল্যান্স মোতায়েন করা হয়েছে এবং তারা চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। যানজটে আটকে পড়াদের সহায়তায় একটি মোটরসাইকেল মেডিক্যাল ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে।

পুলিশ বলেছে, প্রচণ্ড তাপমাত্রা ও দমকা বাতাসের কারণে বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, ফলে অন্তত পাঁচটি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইসরায়েলের ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এই সময়টা প্রতিবছরই ওই এলাকায় দাবানলের ঝুঁকি বেশি থাকে। এক ভিডিও বার্তায় তিনি জানান, আক্রান্ত এলাকায় সহায়তা পাঠানো ও আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ চলছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, দাবানল মোকাবেলায় বুলগেরিয়া, সাইপ্রাস, গ্রিস ও ইতালির সহায়তা চাওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া পরিস্থিতির কারণে জাতীয় অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা মন্ত্রী মিরি রেগেভ জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় জেরুজালেমে পরিকল্পিত স্বাধীনতা দিবসের প্রধান অনুষ্ঠান বাতিল করা হয়েছে।