রবিবার, অক্টোবর ৪, ২০২৬

দেশে পৌঁছেছেন খালেদা জিয়া

চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) আজ মঙ্গলবার সকাল সাড়ে পৌনে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

এর আগে লন্ডনের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে পাশে বসিয়ে গাড়ি চালিয়ে হিথরো বিমানবন্দরে যান।
একই গাড়িতে দাদির পেছনে বসা ছিলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সেখানে আগে থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর প্রস্তুত রয়েছে বিএনপির নেতাকর্মীরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ উঠবেন খালেদা জিয়া।
এ কারণে তার বাসভবন ‘ফিরোজা’ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফিরোজার নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় দেখা যায়, ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচলে আটকে দেওয়া হয়েছে। শুধু হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে।
কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মহা গোপনীয় কনক্লেভ, ভ্যাটিকানে পৌঁছেছেন ১৩৩ কার্ডিনাল

এক দিন পরই শুরু হচ্ছে মহা গোপনীয় কনক্লেভ, যা বাইরের দুনিয়া থেকে থাকবে পুরোপুরি বিচ্ছিন্ন। এদিন এক শ চল্লিশ কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এরই মধ্যে বিশ্বব্যাপী রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নির্বাচনের লক্ষ্যে ইতালির রাজধানী রোমে সমবেত হয়েছেন ১৩৩ জন কার্ডিনাল।

সোমবার ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার থেকে শুরু হবে বহু প্রতীক্ষিত পোপ নির্বাচন প্রক্রিয়া, যা ‘কনক্লেভ’ নামে পরিচিত।
চিমনি দিয়ে বের হওয়া সাদা ধোঁয়ায় দুনিয়া নতুন পোপ পাওয়ার আনুষ্ঠানিক খবর জানবে। ততক্ষণ ১৩৩ কার্ডিনালকে থাকতে হবে নির্দিষ্ট ঘেরাটোপে। তাদের জন্য থাকবে নির্ধারিত আচরণবিধি আর খাবার।

গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে প্রয়াত হন পোপ ফ্রান্সিস।
তার উত্তরসূরি নির্ধারণের এই প্রক্রিয়ায় অংশ নিতে বিশ্বের ৭০টি দেশ থেকে যাওয়া ৮০ বছরের কম বয়সী এই কার্ডিনালরা ইতিমধ্যেই ভ্যাটিকানে পৌঁছেছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে দুজন কার্ডিনাল নির্বাচন প্রক্রিয়া থেকে বিরত থাকছেন।

বুধবার থেকে কার্ডিনালরা ভ্যাটিকানের ঐতিহাসিক সিস্টাইন চ্যাপেলে ভোটদান শুরু করবেন। প্রথম দিন একবার এবং পরবর্তী দিনগুলোতে প্রতিদিন চারবার করে ভোট হবে।
যতক্ষণ না নতুন পোপ নির্বাচিত হন, এই ভোট চলবে ধারাবাহিকভাবে। নির্বাচন চলাকালে কার্ডিনালরা থাকবেন সান্তা মার্তা নামের অতিথিশালায়। তারা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন।

কনক্লেভের গোপনীয়তা নিয়ে নানান মিথ আছে। তবে সাধারণভাবে সবাই যেটা জানে, তা হলো— কার্ডিনালদের সঙ্গে বাইরের যোগাযোগ পুরোপুরি বন্ধ থাকে।
কেবল এক উপায়েই তারা খবর পাঠাতে পারেন, সেটা হচ্ছে ধোঁয়া। কালো ধোঁয়া মানে আবার ভোট হবে, পোপ নির্বাচিত হতে হলে উপস্থিত কার্ডিনালদের দুই-তৃতীয়াংশের বেশি ভোট লাগে। সেটা হয়ে গেলে আসবে সাদা ধোঁয়া। ভক্তরা প্রস্তুত হবে নতুন পোপকে বরণ করে নিতে।

ভোটাভুটির পর প্রতিদিন সকালে ও বিকেলে ব্যালটগুলো পোড়ানো হয়। পোপ নির্বাচিত না হলে ব্যালটে রাসায়নিক মিশিয়ে পোড়ানো হয়, যাতে সিস্টাইন চ্যাপেলের ছাদ দিয়ে কালো ধোঁয়া দেখা যায়। তবে যদি ধোঁয়ার রং হয় সাদা, তবে গোটা বিশ্বের জন্য তা হবে একটি ঐতিহাসিক মুহূর্ত—কারণ তখনই জানা যাবে, রোমান ক্যাথলিকরা তাদের নতুন পোপ পেয়ে গেছেন।

সূত্র : বিবিসি, রয়টার্স

খালেদা জিয়ার বাসভবনের নিরাপত্তায় সেনাবাহিনী

লন্ডনে দীর্ঘ ৪ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ উঠবেন খালেদা জিয়া।

এরই মধ্যে তার বাসভবন ‘ফিরোজা’ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফিরোজার নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। মঙ্গলবার (৬ মে) সকালে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

এ সময় দেখা যায়, ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচলে আটকে দেওয়া হয়েছে। শুধু হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে।
কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে লন্ডনের গ্রিনিচ সময় সোমবার (৫ মে) বিকেল ৪টা ১০মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া। যাত্রাপথে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি। সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

মেট গালায় শাহরুখের অভিষেক, স্টাইল আর ফ্যাশনে ছড়ালেন মুগ্ধতা

তখন সে দেশে মাঝরাত। নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ রাজার মতো এন্ট্রি নিলেন বলিউড বাদশা। ব্ল্যাক স্যুট, লং কোট, হাতে একটা লাঠি এবং গলায় স্টেটমেন্ট নেক পিসেস। ৫৯ বছর বয়সী এই অভিনেতার দিক থেকে তখন চোখ সরানো অসম্ভব।
ইতিহাস গড়ে প্রথমবারের মতো মেট গালায় হাজির হলেন বলিউড বাদশা শাহরুখ খান।

মেট গালায় এই প্রথম কোন ভারতীয় পুরুষ অভিনেতা অংশ নিলেন। সেই অর্থে ইতিহাস গড়লেন কিং খান। এবারের গালায় থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’।
আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’ লকেট আর একগুচ্ছ জুয়েলড চেইন। হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে লাঠি।
বলতে গেলে শাহরুখের স্টাইল আর গ্ল্যামারে আলোকিত হয়ে উঠেছিল পুরো গালা।

মেট গালায় ছবি তোলার সময় একটু মজা করে নিজের পোশাক প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘এটা একটু র‍্যাপারদের মতো।’ সেই সঙ্গে কিং খান জানালেন, ফ্যাশন দুনিয়া তার পরিচিত জায়গা নয়। তিনি জানান, তিনদিনের এই নিউ ইয়র্ক সফরে একদিন কাটিয়েছেন ‘সাক্স ও বার্গডর্ফ গুডম্যান’-এ, নিখুঁত একটি জিন্স খুঁজে। কারণ, তিনি জিন্স আর টি-শার্টের লোক।
এমনকি কৈশোরে তার প্রথম কেনা পোশাকও ছিল পাঁচ পকেটের একটি ডেনিম।

মেট গালায় ইতিহাস গড়লেও ইতিহাস নিয়ে মাথা ঘামাচ্ছেন না শাহরুখ। বাদশা বলেন, ‘আমি ইতিহাস নিয়ে কিছু বলব না, তবে সত্যিই খুব নার্ভাস এবং উত্তেজিত। সাব্যসাচী আমাকে রাজি করিয়েছেন এখানে আসার জন্য। আমি খুব একটা রেড কার্পেটে যাই না, একটু লাজুক প্রকৃতির মানুষ তো।’

শাহরুখের পাশাপাশি এদিন আরও কয়েকজন ভারতীয় তারকা অংশ নেন মেট গালায়। যার মধ্যে রয়েছেন কিয়ারা আদভানি ও গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এছাড়াও, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও রেড কার্পেটে হাঁটেন এদিন।

প্রাণনাশের হুমকি পেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি

ভারতের তারকা পেসার মোহাম্মদ শামিকে ইমেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। চলতি আইপিএল মৌসুমের মাঝেই রোববার (৪ মে) এই হুমকি পান তিনি। ঘটনার পর উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেছেন শামির ভাই মোহাম্মদ হাসিব।

ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হাসিব অভিযোগে উল্লেখ করেন, ‘রাজপুত সিনদার’ নামের একজন ব্যক্তি শামিকে প্রাণে মারার হুমকি দিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছেন।

এফআইআরটি ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ২০২৩-এর ৩০৮ (৪) ধারা এবং তথ্য প্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় নথিভুক্ত করা হয়েছে।

বর্তমানে আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন শামি। দলের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন এই তারকা পেসার।

এছাড়া, ভারতের হয়ে গেলো চ্যাম্পিয়নস ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।
সেখানে পাঁচ ম্যাচে ৯ উইকেটের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে এক ম্যাচে নিয়েছেন ৫টি উইকেট।

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস

বিশ্বজুড়ে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এর কারবারে নিয়ন্ত্রণহীনতা নিয়ে সাহসিকতার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন করে ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার অর্জন করেছে বার্তা সংস্থা রয়টার্স। গত সোমবার (স্থানীয় সময়) ২০২৪ সালের সেরা সাংবাদিকতাকে স্বীকৃতি জানিয়ে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবেও খ্যাত। ১৯১৭ সাল থেকে সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুলিৎজার পুরস্কার ঘোষণা করে।

গতকাল সোমবার এবারের পুলিৎজার বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। গত বছরের ১৩ জুলাই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার খবর প্রচার করে ব্রেকিং নিউজ শাখায় পুলিৎজার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।

গর্ভপাত নিয়ে কঠোর আইন থাকা অঙ্গরাজ্যগুলোয় জরুরি প্রয়োজনের সময় চিকিৎসকদের বিলম্বের জেরে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে প্রোরিপাবলিকা।

বিশ্লেষণমূলক প্রতিবেদন শাখায় এ বছর পুলিৎজার পেয়েছেন নিউ ইয়র্ক টাইমসের আজম আহমেদ ও ক্রিস্টিনা গোল্ডবাম এবং প্রদায়ক ম্যাথিউ আইকিনস। স্থানীয় সংবাদ শাখায় পুরস্কার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস ও বাল্টিমোর ব্যানার।

আফ্রিকার দেশ সুদানের সংঘাত নিয়ে সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক প্রতিবেদন শাখায় পুলিৎজার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। আর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে জাতীয় সংবাদ শাখায় সাংবাদিকতার জন্য পুলিৎজার গেছে ওয়াল স্ট্রিট জার্নালের ঝুলিতে।

ফিচার লিখে পুলিৎজার পেয়েছেন মার্কিন সাময়িকী এসকোয়ারের প্রদায়ক মার্ক ওয়ারেন। ফিলিস্তিনের গাজার মোসাব আবু তোহা ধারাভাষ্যে এ পুরস্কার পেয়েছেন। তিনি নিউইয়র্কার পত্রিকার প্রদায়ক। আর সমালোচনামূলক লেখায় পুরস্কার পেয়েছেন ব্লুমবার্গ সিটিল্যাবের প্রদায়ক আলেকজান্দ্রা লানজে।

সম্পাদকীয় শাখায় পুলিৎজার পেয়েছে হিউস্টন ক্রোনিকল।
চিত্রায়িত প্রতিবেদন ও ধারাভাষ্য শাখায় পুরস্কার জিতে নিয়েছে ওয়াশিংটন পোস্ট। আলোকচিত্রের ব্রেকিং নিউজ শাখার পুরস্কার গেছে নিউ ইয়র্ক টাইমসের ঝুলিতে। ফিচার আলোকচিত্রে এ পুরস্কার পেয়েছে নিউইয়র্কার। প্রতিষ্ঠানটি অডিও প্রতিবেদন শাখায়ও পুলিৎজার পেয়েছে।

সূত্র : ইউএমবি, নিউ ইয়র্ক টাইমস

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরো সহজ করবে : ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরো সহজ করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়ার দেশে ফেরা দেশ ও জাতির জন্য অনেকটা খুশির খবর। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরো সহায়ক হবে।

মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফখরুল।

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল ১০টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ারর সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরছেন। প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা।

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে উড়িয়ে শুরু বাংলাদেশের

নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশি বোলারদের দাপটে ১৪৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ৭ উইকেট ও ২২.৪ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ।

সিলেটে টস জিতে ব্যাট করতে নামা সফরকারীরা ৫ রানেই প্রথম উইকেট হারানোর পর ৭ ওভারেই হারান টপ চার ব্যাটসম্যানকে।
তাদের কেউই রানের খাতা খুলতে পারেননি। খালেদ আহমেদ শরিফুল ইসলাম মিলে ৪ উইকেট শিকার করেন। পেসাররা টপ অর্ডার ধসিয়ে দেওয়ার পর বাকি কাজটা করেন তানভীর ইসলাম। এ পর্যায়ে ৮৫ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ডকে ১৪৭ রান পর্যন্ত নিয়ে যান রাইউস মারিউ (৫১ বলে ৪২) ও ডিন ফক্সক্রপট (৬৪ বলে ৭২)।
তাদের ইনিংসে ভর করে ৩৪.৩ ওভারে অলআউট হওয়ার আগে করেন নিউজিল্যান্ড তুলে ১৪৭ রান।

শরিফুল দুটি ও খালেদ তিনটি উইকেট নেন। তিন উইকেট পান তানভীরও। এবাদতের শিকার দুই উইকেট।

১৪৮ রান তাড়া করতে নেমে চার ওভারে ৩০ রান তোলার পর ওপেনার নাঈম শেখের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ২০ বলে ৩ চারে ১৮ রান করে তিনি আউট হন। ১২ বলের ছয়টিতেই বাউন্ডারি হাঁকানো পারভেজ হোসেনও থেমে যান ২৪ রানে। রান তাড়াটা বাংলাদেশের জন্য আর তেমন কঠিন হতে দেয়নি এনামুল হকের সঙ্গে মাহিদুল ইসলামের জুটিতে। ৫৫ রানের এই জুটিতে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ।
ভালো শুরুর পরও এনামুল অবশ্য ক্যাচ দিয়ে আউট হয়ে যান ৪৫ বলে ৩৮ রান করে। তবে ৬১ বলে ৪২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মাহিদুল।

১৪৮ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু করেও প্রথম ধাক্কা খায় বাংলাদেশ চতুর্থ ওভারে, যখন ওপেনার নাঈম শেখ ২০ বলে ৩ চারসহ ১৮ রান করে আউট হন। এরপর ঝোড়ো ব্যাটিংয়ে পারভেজ হোসেন ১২ বলে ২৪ রান করে থেমে যান।

তবে রান তাড়াটা সহজ করে দেয় এনামুল হক ও মাহিদুল ইসলামের দায়িত্বশীল জুটি। দুজনের ৫৫ রানের জুটিতে বাংলাদেশ পৌঁছে যায় জয়ের একেবারে কাছাকাছি। ৪৫ বলে ৩৮ রান করে এনামুল ক্যাচ তুলে দিয়ে ফিরে গেলেও মাহিদুল ছিলেন শেষ পর্যন্ত। ৬১ বলে ৪২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

পোপের অভিষেক ঘিরে উত্তেজনা বাড়তে পারে চীন-তাইওয়ান সম্পর্কের

আগামী সপ্তাহে ভ্যাটিকানে ১৩৫ জন কার্ডিনাল একত্রিত হবেন গোপন বৈঠকে, যেখানে প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচিত হবেন। বিশ্বজুড়ে মানুষ ভাবছে, কে হবেন পরবর্তী পোপ? কিন্তু তাইওয়ানে আলোচনার মূল বিষয় হচ্ছে—‘আমরা কাকে পাঠাচ্ছি অভিষেক অনুষ্ঠানে?’

সাবেক ভাইস-প্রেসিডেন্ট এবং একনিষ্ঠ ক্যাথলিক চেন চিয়েন-জেন সম্প্রতি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় তাইওয়ানের প্রতিনিধিত্ব করে ভ্যাটিকান সিটি থেকে ফিরেছেন। তবে তিনি চান না আবারও একই সফর করতে হোক। বরং তিনি চাইছেন, এবার প্রেসিডেন্ট লাই চিং-তে-ই এই দায়িত্ব নিন।

তবে কেন লাই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেননি, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে অনেকেই বলছেন, এর পেছনে রয়েছে বেইজিংয়ের চাপ। ভ্যাটিকান এখনো মাত্র ১২টি দেশের একটি যারা তাইওয়ানকে স্বীকৃতি দেয় এবং ইউরোপে এটি একমাত্র দেশ। অতীতে তাইওয়ানের প্রেসিডেন্টরা পোপ জন পল দ্বিতীয় এবং পোপ ফ্রান্সিসের প্রথম অভিষেকে অংশ নিয়েছিলেন।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাইওয়ানের কূটনৈতিক অবস্থান আরও জটিল হয়ে উঠেছে।

চীনের কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে তাদের একটি প্রদেশ হিসেবে দাবি করে এবং প্রয়োজনে সামরিকভাবে একীভূত করার হুমকি দিয়েছে। এক্ষেত্রে, চীন তাদের কূটনৈতিক প্রভাব ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানকে একঘরে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং অনেক দেশকে তাইওয়ানের বদলে চীনকে স্বীকৃতি দিতে রাজি করিয়েছে। অনেকে মনে করেন, এই চাপই ভ্যাটিকানের উপরেও পড়েছে।

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পরে তাইওয়ান দ্রুত শোকবার্তা পাঠায় এবং জানায়, প্রেসিডেন্ট লাই-এর নেতৃত্বে প্রতিনিধি পাঠানোই তাদের ‘প্রধান উদ্দেশ্য’। তবে ‘বর্তমান পরিস্থিতিতে সর্বোত্তম বিকল্প’ হিসেবে।কিছুক্ষণের মধ্যেই চেন চিয়েন-জেনকে প্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয়।

অনুমান করা হচ্ছে, ভ্যাটিকান হয়তো চীনের চাপের মুখে লাই-এর অংশগ্রহণ প্রত্যাখ্যান করেছে বা নিরুৎসাহিত করেছে। যদিও তাইপে, বেইজিং এবং ভ্যাটিকান কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

চীনও পোপের মৃত্যুতে দেরিতে শোকবার্তা পাঠিয়েছে। একটি সাংবাদিক সম্মেলনে যেখানে তারা আবারও তাইওয়ানকে “অবিচ্ছেদ্য অংশ” বলে দাবি করে। চীন পোপের শেষকৃত্যে কোনো প্রতিনিধি পাঠায়নি, যা অনেকের মতে তাইওয়ানের উপস্থিতি ঠেকাতে ব্যর্থ হওয়ার কারণেই।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষক মিশেল শ্যাম্বন বলেন, আমরা জানতাম চীন চাইবে না তাইওয়ান আসুক, এবং ভ্যাটিকানও তাদের রাজি করাতে পারবে না, আবার তাইওয়ানকেও ফিরিয়ে দিতে পারবে না, কারণ তারা এখনো কূটনৈতিক মিত্র এবং তাইওয়ানে ক্যাথলিক জনগোষ্ঠী রয়েছে।

এই ধরনের অনুষ্ঠানে তাইওয়ানের অংশগ্রহণ শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রকে সম্মান জানানো নয়; এটি একটি বিরল সুযোগ যেখানে তারা অন্যান্য দেশের নেতাদের সঙ্গে মেলামেশা করতে পারে। চেন জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনসহ জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন।

ভ্যাটিকানের দৃষ্টিতে তাইওয়ান একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সঙ্গী, যদিও বিশ্বের মোট ক্যাথলিক জনসংখ্যার মাত্র ০.০২% সেখানে বাস করে। চেন বলেন, এটি একটি “ব্রিজিং চার্চ”—হিসেবে কাজ করে। এক দশক আগেও অনেক চীনা যাজক ও সন্ন্যাসিনী চুপিচুপি তাইওয়ানে গিয়ে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতেন।

পোপ ফ্রান্সিস চীনা ভাষাভাষী ক্যাথলিকদের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার অন্ত্যেষ্টিক্রিয়ার বক্তব্যে একমাত্র এশীয় ভাষা হিসেবে ম্যান্দারিন ভাষায় প্রার্থনা অন্তর্ভুক্ত ছিল। চীনে প্রায় ১.২ কোটি ক্যাথলিক রয়েছে এবং তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে ফ্রান্সিস বেইজিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা করেছিলেন।

তাইওয়ানের ন্যাশনাল চেংচি বিশ্ববিদ্যালয়ের ভ্যাটিকান-বিষয়ক বিশেষজ্ঞ থমাস তু বলেন, আমরা জানি না নতুন পোপ ফ্রান্সিসের মতো চীনকে ভালোবাসবেন কিনা, তবে ভ্যাটিকান সেই উত্তরাধিকারের ধারাবাহিকতা বজায় রাখতে চায়।

মিশেল শ্যাম্বন বলেন, ফ্রান্সিস সফলভাবে দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রেখেছেন, চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করলেও তাইওয়ানকে অবজ্ঞা করেননি। ভ্যাটিকান, পৃথিবীর কোনো ক্যাথলিক গোষ্ঠীকেই পরিত্যাগ করতে চায় না; তাইওয়ানকেও নয়। তারা বেইজিংয়ের চাপ সত্ত্বেও কৌশলে ভারসাম্য রক্ষা করেছে।

তাইওয়ানের সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি কে হবে তাদের প্রতিনিধি, তবে শ্যাম্বনের ধারণা, ভ্যাটিকান হয়তো চায় আবারও চেন চিয়েন-জেন যাক।

সূত্র : দ্য গার্ডিয়ান।

ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ১৯

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডের উত্তরে আজ সোমবার ভোরে দুটি ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে গাজা সিটি থেকে এএফপি এই খবর জানিয়েছে।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘গাজা সিটির উত্তর-পশ্চিমে তিনটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলার পর আমাদের টিম ১৫ জন শহীদ ও ১০ জন আহতকে খুঁজে পেয়েছে।’

তিনি এএফপিকে বলেন, গাজা সিটির উত্তরে বেইত লাহিয়ায় একটি বাড়িতে হামলায় অপর চারজন নিহত ও চারজন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

১৮ মার্চ ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও বোমা হামলা তীব্র এবং স্থল অভিযান বৃদ্ধি করেছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসকে চূড়ান্তভাবে পরাস্ত ও অঞ্চলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সামরিক অভিযান জোরদার করছে ইসরায়েল। এর অংশ হিসেবে হাজারো রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে জানানো হয়, গাজায় অভিযানের মাত্রা বাড়াতে সম্প্রতি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে।

আইডিএফ প্রধান ইয়াল জামির বলেন, ‘এই সপ্তাহেই নতুন অভিযানের জন্য রিজার্ভ সেনাদের খসড়া আদেশ পাঠানো হয়েছে। জিম্মি উদ্ধার ও হামাস ধ্বংসে আমাদের চাপ বাড়ছে।’

হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষে পরিকল্পনা বাস্তবায়নে যেতে পারে নেতানিয়াহুর সরকার।
এদিকে, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দিয়েছে তেল আবিব।

গাজার আয়তন ৩৬৫ বর্গকিলোমিটার হলেও, বর্তমানে এর অর্ধেকেরও বেশি—প্রায় ১৮৫ বর্গকিলোমিটার ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিশ্লেষকদের মতে, সম্পূর্ণ দখলের লক্ষ্যেই ইসরায়েলের নতুন সামরিক তৎপরতা।