শনিবার, অক্টোবর ৩, ২০২৬

পাকিস্তানের তিন বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

পাকিস্তানের তিনটি প্রধান বিমানবন্দর— লাহোর, করাচি এবং সিয়ালকোট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক উত্তেজনার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুনভাবে জারি করা নোটিস টু এয়ারমেন (নোটাম) অনুযায়ী, বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে এসব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে এবং তা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লাাহোর, করাচি ও সিয়ালকোটের একাধিক আকাশপথ বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ রাখা হয়েছে।
’
আকাশসীমা সীমিত করার ফলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একাধিক ফ্লাইট প্রভাবিত হয়েছে।

নিষেধাজ্ঞার কারণে ইতিমধ্যে মদিনা থেকে লাহোরগামী একটি ফ্লাইট করাচিতে অবতরণ করতে বাধ্য হয়েছে। অন্যদিকে, মুলতান থেকে লাহোরগামী আরেকটি ফ্লাইটও করাচিতে পাঠানো হয়।

অপর একটি ফ্লাইটের লাহোরে সকাল ৪টা ১৫ মিনিটে অবতরণের কথা ছিল, কিন্তু আকাশসীমা বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনার স্বার্থে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলেছে। এ ছাড়া যাত্রাপথের সর্বশেষ পরিস্থিতি জানতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এক বিবৃতিতে দেশীয় ও আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেছিল যে দেশের সব বিমানবন্দর পুরোপুরি কার্যকর রয়েছে এবং জাতীয় আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য নিরাপদ।

২ সপ্তাহের জন্য ভিসা পরিষেবা বন্ধ রাখছে দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাস

আবুধাবিতে মার্কিন দূতাবাস এবং দুবাইয়ে মার্কিন কনস্যুলেট জেনারেল আগামী ১৫ মে থেকে ২৯ মে ২০২৫ পর্যন্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট ও ফি প্রদানের সেবা সাময়িকভাবে স্থগিত রাখবে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বর্তমানে একটি নতুন ভিসা সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এই প্রক্রিয়া ৩০ মে ২০২৫ থেকে কার্যকর হবে। এই পরিবর্তনের পর আবেদনকারীরা নতুন ঠিকাদারের মাধ্যমে ভিসা সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন তথ্য গ্রহণ, ফি প্রদান, সাক্ষাৎকার নির্ধারণ বা পুনঃনির্ধারণ এবং ডকুমেন্ট ডেলিভারির জন্য রেজিস্ট্রেশনের সুবিধা পাবেন।

গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা:

চলমান অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ১৫ মে থেকে নতুন অ্যাপয়েন্টমেন্ট এবং ফি গ্রহণ করা বন্ধ করবে। ১৫ মে থেকে ২৯ মে পর্যন্ত কেউ নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে বা ফি প্রদান করতে পারবে না। যেসব নন-ইমিগ্রান্ট ও ইমিগ্রান্ট ভিসা সাক্ষাৎকার ১৯ মে’র আগেই নির্ধারিত হয়েছে, সেগুলো এই পরিবর্তনের প্রভাবের বাইরে থাকবে। এ ছাড়া নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারে অংশ নিতে আবেদনকারীদের অনুরোধ জানানো হয়েছে।

যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে নির্ধারিত আছে, তাদের কোনো বাড়তি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত থাকলেই হবে।

এ ছাড়া যারা ফি দিয়েছে কিন্তু সাক্ষাৎকারের সময় নির্ধারণ করেননি তাদের ১৯ মে’র আগেই বর্তমান সিস্টেম (https://ais.usvisa-info.com/) ব্যবহার করে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে অনুরোধ করা হয়েছে।

যারা এখনো আবেদন প্রক্রিয়া শুরু করেননি তাদের যত দ্রুত সম্ভব ফি প্রদান ও অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ১৫ মে’র পর থেকে সিস্টেম নতুন ফি গ্রহণ করবে না।
যাদের ডকুমেন্ট পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে তাদের ২৪ মে’র আগেই অনুমোদিত স্থানে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। কারণ এর পরে এসব স্থান ডকুমেন্ট গ্রহণ করবে না।

জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য:

১৫ মে থেকে ৩০ মে’র মধ্যে জরুরি পরিস্থিতিতে (যেমন পারিবারিক জরুরি অবস্থা, চিকিৎসা সংক্রান্ত ভ্রমণ, জরুরি ব্যবসা বা শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরুর সময়) অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হলে তাদের ইমেইল পাঠোনোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : খালিজ টাইমস

ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের ঘটনা যুক্তরাষ্ট্র ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং দুটি দেশকেই ‘দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি দায়িত্বশীল সমাধানের লক্ষ্যে কাজ করার’ আহ্বান জানাচ্ছেন। খবর বিবিসির।

এদিকে ভারত ও পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধ বন্ধে প্রয়োজনে দুই দেশকে সহায়তা করার প্রস্তাবও দেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে এই সংঘাতকে খুবই ‘ভয়াবহ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি উভয় দেশকে ভালোভাবে চিনি। উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক।
আমি চাই তারা থামুক।’

ট্রাম্প আরো বলেন, ‘তারা পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। আমি আশা করি, তারা এখন থেকে যাবে। আমি এই সংঘাত বন্ধ দেখতে চাই।
আর এতে যদি আমার পক্ষ থেকে কোনো সহায়তা প্রয়োজন হয় তা আমি করতে প্রস্তুত।’

এ ছাড়া যখন লড়াই শুরু হয়েছিল, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের মন্তব্য পুনর্ব্যক্ত করে বলেছিলেন যে তিনি আশা করেন সংঘর্ষ ‘দ্রুত’ শেষ হবে এবং ‘একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে’ কাজ করবেন।

প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ৪৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।

ভারতের এই ‘কাপুরুষোচিত’ হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বিদায় নিয়েও আর্তেতার দাবি—‘আর্সেনালই ছিল সেরা দল

পিএসজির কাছে সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও আর্সেনালই এই প্রতিযোগিতার সেরা দল ছিল বলে দাবি করেছেন দলটির কোচ মিকেল আর্তেতা। প্রথম লেগে ১-০ গোলে পরাজিত হওয়ার পর দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে হারে আর্সেনাল —ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে বিদায় নিতে হয় গানার্সদের।

পার্ক দ্য প্রিন্সেসে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হার মানে আর্সেনাল। শেষ মুহূর্তে বুকায়ো সাকার গোল করে ব্যবধান কমালেও ততক্ষণে ফ্যাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমির গোলে পিএসজি ফাইনালের টিকিট পায়।

ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘আমরা খুব কাছাকাছি ছিলাম, ফলাফল যেটা দেখায় তার চেয়েও কাছাকাছি। আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। ১০০% নিশ্চিত, এই টুর্নামেন্টে আমাদের চেয়ে ভালো দল আমি দেখিনি। কিন্তু ফুটবলে গোলই কথা বলে।
তাদের গোলরক্ষক ও স্ট্রাইকাররা দুটি লেগেই আমাদের চেয়ে ভালো ছিল।’

পিএসজির কাছে হেরে ২০০৬ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছানোর স্বপ্ন ভেঙে যায় আর্সেনালের। ম্যাচের পর ড্রেসিং রুমে অনেক খেলোয়াড়ই কান্নায় ভেঙে পড়েন। আর্তেতা স্বীকার করেন, তিনি ‘খুবই হতাশ ও রাগান্বিত’ কারণ তার দল ম্যাচটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি।

পিএসজির কোচ লুইস এনরিকে আর্তেতার দাবির সাথে দ্বিমত পোষণ করে বলেন, ‘মিকেল (আর্তেতা) আমার ভালো বন্ধু, কিন্তু আমি তার সঙ্গে একমত নই। তারা ভালো খেলেছে, কিন্তু আমরা দুটি লেগেই বেশি গোল করেছি। ফুটবলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ কথা। তারা দুর্দান্ত ছিল, কিন্তু আমরাই ফাইনালের বেশি যোগ্য।’

মালয়েশিয়ায় ১০৭ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ‘টার্গেটেড স্ট্রাইক অপারেশন’ চালিয়ে দেশটির ইমিগ্রেশন বিভাগ ১০৭ অবৈধ অভিবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (৭ মে) মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া টার্গেটেড স্ট্রাইক অভিযানে বিভিন্ন দেশের আরো ৫৫ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, গতকাল কুয়ালালামপুর জালান কুচিং এর একটি কনডোমিনিয়ামের নির্মাণ স্থানে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা এই অভিযানে ২০০ বিদেশি কর্মীকে তল্লাশি ও তাদের কাগজপত্র পরীক্ষা করা হয়।
এর মধ্য থেকে ৬০ জনকে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪১ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান, মিয়ানমার এবং ভারতীয় নাগরিক রয়েছেন।

ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, সপ্তাহব্যাপী গোয়েন্দা তদন্তের পর এই অভিযানে কনডোমিনিয়াম প্রকল্পের মালিক অবৈধ শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। ২৫ থেকে ৫০ বছর বয়সী গ্রেপ্তার অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এদিকে, একই দিনে পেরাক রাজ্যের ইপোহ এলাকার বার্চামের একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ৯২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তার ৯২ জন বিদেশির মধ্যে ৬৬ জন বাংলাদেশি, নেপালি (৯), মিয়ানমার (৪), ইন্দোনেশিয়ান (১২) এবং (১) পাকিস্তানি নাগরিক। গ্রেপ্তার হওয়া সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের ইপোহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

উত্তর কোরিয়ার অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া বৃহস্পতিবার পূর্ব সাগরের (জাপান সাগর) দিকে অন্তত একটি ‘অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এর মাত্র এক সপ্তাহ আগেই উত্তর কোরিয়া নতুন একটি যুদ্ধজাহাজের পরীক্ষা চালিয়েছিল, বিশ্লেষকদের মতে জাহাজটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার উপযোগী।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, ‘পিয়ংইয়ং পূর্ব সাগরে অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’ তারা আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এই উৎক্ষেপণের আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নৌবাহিনীর জাহাজগুলোকে দ্রুত পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেন। তখন দেশটি নতুন একটি যুদ্ধজাহাজে সংযুক্ত অস্ত্রব্যবস্থার পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল।

গত মাসে উত্তর কোরিয়া ৫ হাজার টন ওজনের ‘চোয়ে হিয়ন’ নামের একটি ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ উন্মোচন করে। জাহাজটি স্বল্প-পাল্লার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা যেতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

উল্লে্খ্য, উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধে রয়েছে, কারণ ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধ একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হলেও শান্তিচুক্তি হয়নি। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। গত বছর উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে সংযোগকারী সড়ক ও রেলপথ ধ্বংস করে এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত মাইন পুঁতে সীমান্ত সুরক্ষা জোরদার করে।

সূত্র : এএফপি

আমরা বদলা নেব’ জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে শেহবাজ বলেন, “গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে।”

“আমাদের চেয়ে অনেক বড় সৈন্যবাহিনী থাকা ভারতকে আমাদের ইচ্ছার কাছে হার মানতে বেশি সময় লাগেনি। তাদের গৌরবের প্রতীক, পাঁচটি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস করা হয়েছে। আমাদের প্রতিক্রিয়া ছিল নিষ্পত্তিমূলক। আমরা তাদের মধ্যে যে ক্ষত তৈরি করেছি সেটি সহজে সারবে না।”

ভারতের হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যারমধ্যে সাত বছরের একটি শিশু আছে উল্লেখ করে শেহবাজ বলেন, “আমরা শহীদদের পরিবারের পাশে আছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা ঘোষণা দিচ্ছি, শহীদদের প্রতি ফোটা রক্ত বিবেচনায় নেওয়া হবে।”

শেহবাজ ২৬ জন নিহত হওয়ার তথ্য জানালেও পাকিস্তানের ডিজিএফআইয়ের প্রধান লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সীমান্তে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, “তারা তাদের অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে। আমাদের সেনারা প্রমাণ করেছে কীভাবে বিধ্বংসী জবাব দিতে হয়। আমরা তাদের বীরত্বকে স্যালুট জানাই।”

ভারতের বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকি দিয়ে তিনি বলেন, “এই হামলার জন্য ভারতকে ভুগতে হবে। গতরাতে যেসব রক্ত ঝরেছে তার প্রতিটি ফোটার বদলা নেওয়া হবে। ভারত হলো কাপুরুষ শত্রু। যারা নিরস্ত্র বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু তারা আবার নিজেদের শক্তিশালী মনে করে। কিন্তু গতকাল আমরা প্রমাণ করেছি পাকিস্তান জানে কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। পুরো জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে স্যালুট জানায়।”

এছাড়া ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি। শেহবাজ বলেন, ভারত যাই করুক কাশ্মিরের বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

২০২৬ ফিফা বিশ্বকাপ হবে সর্বকালের সেরা টুর্নামেন্ট: ট্রাম্প

সর্বকালের সেরা টুর্নামেন্ট হবে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ— এমনটাই জানিয়েছেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের পরবর্তী সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের যতগুলো আসর গড়িয়েছে, ২০২৬ সালের আসর আগের সকল রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে বিশ্বাস মার্কিন প্রেসিডেন্টের।

আগামী বছরের জুনে প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে হতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। তিন দেশ মিলিয়ে অনুষ্ঠিত ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। আসরের বাকি ২৬টি ম্যাচ হবে মেক্সিকো ও কানাডায়। নিজ দেশ আয়োজক হবার সুবাদে তাই উচ্ছ্বসিত ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সরকার এই ইভেন্টটি নিরাপদ এবং সফলভাবে সম্পন্ন করার জন্য কাজ করবে। এই টুর্নামেন্টটি দেখতে আমেরিকা ভ্রমণকারীরা তাদের সফরের প্রতিটি অংশে একটি নির্বিঘ্ন অভিজ্ঞতা লাভ করবে। এটি খুবই বিশেষ কিছু হতে চলেছে। একইসাথে আমরা নিশ্চিত করব যে, ২০২৬ বিশ্বকাপ বিশ্বের সর্বকালের সেরা ফুটবল টুর্নামেন্ট হবে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স বলেন, এই অসাধারণ ইভেন্টটি দেখতে সকলকে স্বাগত। আমি জানি আমাদের দেশে প্রায় ১০০টি দেশ থেকে দর্শক আসবে। আমরা চাই তারা কোন দ্বিধাদ্বন্দ ছাড়াই আসুক। নিজ দলকে সমর্থন করুক, উদযাপন করুক। নিরাপত্তার কোন ত্রুটি থাকবে না এই ইভেন্টে।

আগামী বছরের ১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গ্রুপ পর্বের লড়াই শেষে ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে শেষ ৩২ এর ম্যাচ। ৪ থেকে ৭ জুলাই হবে শেষ ষোলোর লড়াই। কোয়ার্টার ফাইনাল ৯ থেকে ১১ জুলাই। কোয়ার্টার ফাইনাল হবে লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টনে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই কাজ করে যাবে টাস্ক ফোর্স।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপ। দুটি ইভেন্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপিতে যোগ করবে প্রায় ৫০ বিলিয়ন ডলার। শুধু তাই নয় প্রায় ৩ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে এই দুই আসর।

আর্সেনালকে উড়িয়ে ফাইনালে ইন্টারের সঙ্গী পিএসজি

আগের রাতেই ইতালিতে ধ্রুপদি লড়াইয়ে মেতেছিল বার্সেলোনা ও ইন্টার মিলান। আর্সেনাল-পিএসজির দ্বিতীয় সেমিফাইনাল যে সেই লড়াইয়ের দ্বারেকাছে থাকবে না সেই আলোচনা চলছিল। ঠিক তেমন কিছু না হলেও, একেবারে ম্যাড়মেড়ে কিছু হয়নি প্যারিসে। রোমাঞ্চের নগরে রাতটা গেছে স্বাগতিক পিএসজির দখলে। প্রথম লেগেই এগিয়ে থাকার পর আজ (বুধবার) তারা আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে। আর তাতেই দ্বিতীয় বারের মতো নিশ্চিত করেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

পার্ক দ্য প্রিন্সেসে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে আতিথ্য দিতে নামে ফরাসি জায়ান্টরা। যেখানে তাদের গোলশূন্য ড্র-ই যথেষ্ট ছিল। কারণ আর্সেনালের মাঠ এমিরেটসে প্রথম লেগে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল পিএসজি। প্যারিসিয়ানরা এগ্রিগেটে সেই ব্যবধান বাড়ায় ২৭ মিনিটে। এরপর আরও এক গোল করে দ্বিতীয়ার্ধে, আর্সেনালের পক্ষে বুকায়ো সাকা এক গোলে কেবল ব্যবধানই কমিয়েছেন।

আর্সেনাল শেষ এবং একমাত্র ইউসিএল ফাইনাল খেলেছিল ফ্রান্সের ভূমিতে। যেখানে তাদের স্বপ্নভঙ্গ করেছিল বার্সেলোনা। এরপর আর গানারদের ইউরোপের এই সর্বোচ্চ আসরের চূড়ান্ত মঞ্চে ওঠা হয়নি। বিপরীতে নেইমার-এমবাপেরা কেবল ২০২০ সালে ইতিহাস গড়ে পিএসজিকে তুলেছিলেন ইউসিএল ফাইনালে। বায়ার্ন মিউনিখের কাছে হতাশায় নিমজ্জিত হওয়া দলটি পথ খুঁজে পায়নি মেসির আগমনেও। ফরাসিদের সামনে এবার সেই আক্ষেপ ঘোচানোর পালা।

যদিও ম্যাচের শুরুতে পায়ে বলই রাখতে পারছিল না স্বাগতিক পিএসজি। উল্টো গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে বারবার পরীক্ষায় ফেলছিল আর্সেনাল ফুটবলাররা। বিশেষত সপ্তম মিনিটে মার্টিন ওডেগার্ডের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট লাফিয়ে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন পিএসজির এই ইতালিয়ান গোলরক্ষক। দোন্নারুমা ম্যাচের প্রথম ১০ মিনিটেই এভাবে ডেকলান রাইস-গ্যাব্রিয়েল মার্টিনেল্লিদের একের পর এক আক্রমণ ভেস্তে দেন।

পুরো প্রথমার্ধেই বল দখলে বেশ পিছিয়ে ছিল পিএসজি। তাদের শটও ছিল কম, তবে ৫ শটের মধ্যে ৩টাই তারা লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে মিকেল আর্তেতার শিষ্যরা ১০টি শট নিয়ে লক্ষ্যে রাখতে সক্ষম হয় মাত্র দুটি। এর মাঝেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ফরাসি চ্যাম্পিয়নদের সামনে। ১৭ মিনিটে খিচা কাভারৎস্খেলিয়া জোরালো শট নেন বাঁ প্রান্ত থেকে। ডেভিড ডি রায়া নাগাল পাননি সেটি, তবে বল গিয়ে আঘাত করে সেকেন্ড বারে।

২৭তম মিনিটে ম্যাচে লিড নেয় পিএসজি। ফ্রি-কিক থেকে উড়ে আসা বল আরেক সতীর্থের মধ্যস্থতায় পেয়ে যান ফ্যাবিয়ান রুইজ। প্রথমে বলটি বুক দিয়ে নামিয়ে এনে স্প্যানিশ ফরোয়ার্ড বক্সের মাথা থেকে বাম পায়ে জোরালো শট নেন। দুরন্ত গতির সেই বল ঠেকাতে লাফিয়েও নাগাল পাননি আর্সেনাল গোলরক্ষক ডি রায়া। ম্যাচে ১-০ এবং এগ্রিগেটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লুইস এনরিকের দল। বিরতির আগে বাকি সময়ে বুকায়ো সাকা, মিকেল মেরিনো ও রাইসরা সমতায় ফেরার মরিয়ার চেষ্টা চালায়। তবে প্রতিবারই তাদের হতাশা উপহার দেয় পিএসজি ডিফেন্ডার নুনো মেন্দেস ও আশরাফ হাকিমিরা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর মিশনে নামে পিএসজি, যদিও তাদের আক্রমণ ঠিক কার্যকরী ছিল না। অন্যদিকে, সফরকারী আর্সেনালের শরীরি ভাষা ছিল ক্লান্ত ও অগোছালো। ৬৪ মিনিটে সমতায় ফেরার কাছাকাছিই ছিল গানাররা। কিন্তু বুকায়ো সাকার বাঁকানো শট আঙুলের ছোঁয়ায় বাইরে পাঠিয়ে দেন দোন্নারুমা। মিনিট তিনেক পর পেনাল্টি পায় পিএসজি। হাকিমির গোলের লক্ষ্যে নেওয়া শট হাতে লাগে আর্সেনাল ডিফেন্ডার লুইস-স্কেলির হাতে। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে স্পটকিকে ভিতিনহার দুর্বল শট নিয়ন্ত্রণে নিতে কোনোই বেগ পেতে হয়নি ডি রায়াকে।

পিএসজির সেই স্তব্ধ হয়ে যাওয়া মুহূর্ত অবশ্য বেশিক্ষণ পোড়ায়নি। আর্সেনাল ডিফেন্ডারদের ভুলে ৭৬ মিনিটে তাদের বক্সেই বল পেয়ে যান হাকিমি। নিকট দূরত্ব থেকে এই মরক্কান ডিফেন্ডারের শট জাল খুঁজে নেয়। এগ্রিগেটে ৩-০ ব্যবধানে পিছিয়ে ম্যাচে তখনই হেরে বসেছিল আর্সেনাল। তবে মিনিট চারেক বাদে মার্কিনিয়োসের অনিয়ন্ত্রিত দৌড়ে তাকে বিট করে বল নিয়ে যান লিয়েন্দ্রো ট্রোসার্ড। তার বাড়ানো বল প্রায় আটকে ফেলেছিলেন দোন্নারুমা, তবে হাত ফসকে গেলে পেয়ে যান পাশেই থাকা সাকা। বলকে জালে ঠেলে দিয়ে এই ইংলিশ তারকা ব্যবধান কমান। ৮০ মিনিটে আরেকটি বড় সুযোগ আসে সাকার সামনে, তবে ফাঁকা বার পেয়েও তিনি বল শূন্যে তুলে দেন।

শেষ ১০ মিনিটেও আক্রমণ-পাল্টা আক্রমণ জারি ছিল। তবে ঠিক প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হতে পারল না কেউই। তবে ঠিকই দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানের জয়ে মিউনিখের টিকিট নিশ্চিত করেছে এনরিকের পিএসজি। ২০২০ সালের পর নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার তারা ইউসিএলের ফাইনালে উঠল। যেখানে তাদের অপেক্ষায় আছে ইন্টার মিলান, লড়াই হবে ১ জুন।

ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, সবাইকে ঘরে থাকার নির্দেশ

ভারতের পাঞ্জাবের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট প্রটোকল গ্রহণ করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর অম্রিতসার বিভাগীয় প্রশাসন সেখানে ব্ল্যকআউট শুরু করে।

বার্তাসংস্থা এএনআই মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানিয়েছে, সর্বোচ্চ সতর্কতা নিয়ে অম্রিতসার বিভাগীয় প্রশাসন আবারও ব্ল্যাকআউট শুরু করেছে। তারা সবাইকে ঘরে থাকতে বলেছে। সঙ্গে আতঙ্কিত না হতে, বাড়ির বাইরে জড়ো না হতে এবং ঘরের সব লাইট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে।

এনএনআইয়ের একই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, ব্ল্যাকআউট করা হচ্ছে পূর্বসতর্কতার অংশ হিসেবে।

সেখানে পাকিস্তানের বিমানবাহিনী বা সেনারা হামলা চালিয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, অম্রিতসারে বিস্ফোরণের শব্দ শোনার তথ্য পাওয়া গেছে।

এরমধ্যে ফেসবুকে অম্রিতসারের অনেক মানুষকে উদ্বিগ্ন হয়ে পোস্ট দিতে দেখা গেছে। পি এন শর্মা নামে একজন লিখেছেন, “আত্তারি সীমান্ত এলাকায় বিকট শব্দ শোনা গেছে।” আমারবীর সিং নামে একজন লিখেছেন, “এগুলো কোনো সনিক শব্দ ছিল না। ছিল বড় ধরনের বিস্ফোরণ। বাড়ি কেঁপে ওঠার পর আমি জেগে উঠি।”

এরআগে আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে শেহবাজ বলেন, “গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে।”
“আমাদের চেয়ে অনেক বড় সৈন্যবাহিনী থাকা ভারতকে আমাদের ইচ্ছার কাছে হার মানতে বেশি সময় লাগেনি। তাদের গৌরবের প্রতীক, পাঁচটি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস করা হয়েছে। আমাদের প্রতিক্রিয়া ছিল নিষ্পত্তিমূলক। আমরা তাদের মধ্যে যে ক্ষত তৈরি করেছি সেটি সহজে সারবে না।”

ভারতের হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যারমধ্যে সাত বছরের একটি শিশু আছে উল্লেখ করে শেহবাজ বলেন, “আমরা শহীদদের পরিবারের পাশে আছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা ঘোষণা দিচ্ছি, শহীদদের প্রতি ফোটা রক্ত বিবেচনায় নেওয়া হবে।”
শেহবাজ ২৬ জন নিহত হওয়ার তথ্য জানালেও পাকিস্তানের ডিজিএফআইয়ের প্রধান লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সীমান্তে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, “তারা তাদের অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে। আমাদের সেনারা প্রমাণ করেছে কীভাবে বিধ্বংসী জবাব দিতে হয়। আমরা তাদের বীরত্বকে স্যালুট জানাই।”
ভারতের বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকি দিয়ে তিনি বলেন, “এই হামলার জন্য ভারতকে ভুগতে হবে। গতরাতে যেসব রক্ত ঝরেছে তার প্রতিটি ফোটার বদলা নেওয়া হবে। ভারত হলো কাপুরুষ শত্রু। যারা নিরস্ত্র বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু তারা আবার নিজেদের শক্তিশালী মনে করে। কিন্তু গতকাল আমরা প্রমাণ করেছি পাকিস্তান জানে কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। পুরো জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে স্যালুট জানায়।”

এছাড়া ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি। শেহবাজ বলেন, ভারত যাই করুক কাশ্মিরের বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।