শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

পাকিস্তান-ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হবে বোকামি: লেফটেন্যান্ট জেনারেল শরীফ

পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ নিছক বোকামি হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এ ধরনের পথকে অকল্পনীয় এবং অযৌক্তিক বলে বিবেচনা করা উচিত বলেও জানান তিনি।
ভারতের সাথে সাম্প্রতিক অচলাবস্থার পর ব্রিটিশ এক সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল শরীফ তার এ মতামত প্রকাশ করেন।

তিনি বলেন,

পারমাণবিক সংঘাত উভয় দেশের (ভারত ও পাকিস্তান) জন্য ধ্বংস ডেকে আনতে পারে। পাকিস্তান শান্তি চায়। কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তাহলে আমরা প্রস্তুত।

দুই দেশের মধ্যে সংঘাতের কথা তুলে ধরে ভারতের ‘অহংকার’-এর তীব্র নিন্দা জানান পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক। বলেন, একটি বিরোধ বিদ্যমান (ভারতের সাথে), যা ‘যেকোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে’।

দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারমাণবিক সংঘাতের আশঙ্কা সম্পর্কে এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন,

ভারত মিথ্যা বর্ণনার ওপর ভিত্তি করে আগুন নিয়ে খেলছে।

পহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতীয় অভিযোগের জবাবে তিনি জানান, ভারত যদি কোনো পাকিস্তানির বিরুদ্ধে প্রমাণ দিতে পারে, তবে তারা ব্যবস্থা নেবে।

সূত্র: জিও নিউজ

আরও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (২২ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ১৭ মে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ১৮ মে থেকে।

এ নিয়ে চলতি বছর ৩৬ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৪ বার, আর কমেছে মাত্র ১২ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে নিয়োগ আমার সিদ্ধান্ত

ভারতের সাথে সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নেতৃত্বদানকারী সেনাপ্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে বুধবার (২১ মে) জানিয়েছেন নিজেই।

সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, ভারতের সাথে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘর্ষ এবং ভারতের বিরুদ্ধে পরিচালিত অভিযান সফলভাবে বাস্তবায়নে জেনারেল মুনিরের নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ, তাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয়া হয়েছে।

পদোন্নতির পর ফিল্ড মার্শাল মুনিরকে সম্মান জানাতে বুধবার রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) একটি বিশেষ গার্ড অব অনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিনিয়র সাংবাদিকদের সাথে আলাপকালে শেহবাজ বলেন, তিনি এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তার বড় ভাই এবং পিএমএল-এন সভাপতি নওয়াজ শরিফের সঙ্গে পরামর্শ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যুদ্ধ কেবল এক পক্ষের জয় এবং অন্য পক্ষের পরাজয় ঘটায়। তাই এটি স্থায়ী সমাধান হতে পারে না।

কেবলমাত্র স্থায়ী শান্তিই একটি নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে আলোচনার বিষয়ে শেহবাজ শরিফ বলেন, ‘সন্ত্রাসবাদ নিয়ে যখনই আলোচনা হবে, তখন তা উভয় দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মাধ্যমে অনুষ্ঠিত হবে।’

সূত্র: জিও নিউজ

জামিন পেলেও কারাগারেই থাকতে হবে অভিনেত্রীকে

কন্নড় অভিনেত্রী রান্যা রাও জামিন পেয়েছেন। তিনি দুবাই থেকে ভারতে স্বর্ণ পাচারের মামলায় গ্রেফতার হন। তবে জামিন মেলেও মুক্তি মিলছে না অভিনেত্রীর।

অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করে। একইসঙ্গে এই মামলার আরেক অভিযুক্ত কোন্দারু রাজুকেও একই শর্তে জামিন দেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জামিনের আদেশ সত্ত্বেও জেলেই থাকতে হচ্ছে রান্যাকে। কারণ, তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় অভিযোগ রয়েছে। ওই মামলায় এখনও পর্যন্ত তিনি জামিন পাননি। তবে আদালত আর জানিয়েছেন, জামিন পেয়ে জেলের বাইরে এলেও দেশ ছাড়তে পারবেন না কন্নড় অভিনেত্রী।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেফতার হন রান্যা। পরে তার বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লাখ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এই সব টাকা ও সোনার কোনও উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী। পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়েছে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনেছিলেন।

ইতিহাদের সামনে ডি ব্রুইনার ভাস্কর্য বসাবে ম্যানসিটি

কেভিন ডি ব্রুইনা ম্যানচেস্টারে এসেছিলেন রেকর্ড গড়ে। ২০১৫ সালে সিটজেনরা ৭৫ মিলিয়ন ইউরোয় তাকে দলে ভেড়ায়, যা সে সময় ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ দামে খেলোয়াড় কেনার রেকর্ড। ব্রিটিশ ফুটবলে সে সময় শুধু অ্যানহেল ডি মারিয়াকেই এর চেয়ে বেশি দামে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এতো দাম দিয়ে সিটিজেনরা কেমন খেলোয়াড় কিনেছে তা নিয়ে সমর্থকদের শঙ্কা ছিল সে সময়। কিন্তু গতকাল ডি ব্রুইনা যখন শেষবারের মতো ইতিহাদ সমর্থকদের হাত নেড়ে মাঠ থেকে বেরিয়ে এলেন, সব শঙ্কার জবাব ততদিনে পেয়ে গেছেন তারা। ম্যানচেস্টার সিটি তো বটেই ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসেই যে জায়গা করে নিয়েছেন এই বেলজিয়ান মিডফিল্ডার।

গতকাল মঙ্গলবার (২০ মে) ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এটিই ঘরের মাঠে এবারের মৌসুমে ম্যানসিটির শেষ ম্যাচ ছিল। এই মৌসুম শেষে ইতিহাদ ছাড়বেন দলটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। সে হিসেবে ঘরের মাঠে এটিই ছিল তার শেষ ম্যাচ।

এদিন ৬৯ মিনিটে ডি ব্রুইনা যখন মাঠ ছাড়েন তখন ইতিহাদের নীল সমুদ্র থেকে মুহুর্মুহু করতালির আওয়াজ ভেসে আসছিল। অধিনায়কও শেষবারের মতো সমর্থকদের করতালির জবাবে হাত নাড়তে নাড়তে মাঠ ছাড়েন। সতীর্থরাও একে একে এগিয়ে এসে তাকে বিদায় জানাতে থাকেন। ডাগআউটে দাঁড়িয়ে সিটিজেনদের কোচ পেপ গার্দিওলাও দলের সেরা তারকার জন্য হাততালি দিচ্ছিলেন। মাঠ ছেড়ে ডাগআউটের দিকে এসে ডি ব্রুইনা জড়িয়ে ধরেন তাকে। স্প্যানিশ কোচের চোখ ততক্ষণে অশ্রুবিন্দুতে চকচক করছে। গার্দিওলা ডি ব্রুইনার বিদায়ের দিনটিকে পরে সংবাদ সম্মেলনে আখ্যা দিয়েছেন কষ্টের দিন হিসেবে।

২০১৫ থেকে ২০২৫; মাঝের এক দশক প্রিমিয়ার লিগে রাজত্ব করেছেন ডি ব্রুইনা। এক দশকের শেষ আট বছরে গার্দিওলার সঙ্গে জুটি বেঁধে ছয়বার প্রিমিয়ার লিগ জিতিয়েছেন ম্যানসিটিকে। এর মধ্যে চারটিই আবার টানা জেতা। অধরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ধরা দিয়েছে। এছাড়া দুটি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ তো আছেই।

এই পুরোটা সময় ম্যানসিটির খেলার ‘নিউক্লিয়াস’ ছিলেন ডি ব্রুইনা। নান্দনিকতা ও কার্যকরিতায় প্রিমিয়ার লিগে তিনি অদ্বিতীয়। এই ১০ বছরে ম্যানসিটির জার্সিতে ৪২১ ম্যাচ খেলে ১০৮ গোল করেছেন, করিয়েছেন আরও ১৭৭ গোল। এর মধ্যে লিগে ২৮৪ ম্যাচে গোল ৭২টি ও অ্যাসিস্ট ১১৯টি।

ডি ব্রুইনাকে বিদায় জানাতে আয়োজনের কমতি রাখেনি ম্যানসিটি। এদিন ইতিহাদের আলো নিভিয়ে পর্দায় দেখানো হয় তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো। এরপর সেই অন্ধকার পথ ধরে সপরিবারে হেঁটে আসেন ডি ব্রুইনা। ডি ব্রুইনাকে অভিবাদন জানাতে মঞ্চের দুই পাশে দাঁড়িয়ে ছিলেন ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা।

তবে আসল চমকটা অন্য জায়গায়। ক্লাবের ইতিহাসের সেরা প্লেমেকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ভাস্কর্য বানানোর ঘোষণা দিয়েছে সিটি কর্তৃপক্ষ। ইতিহাদের বাইরে ডি ব্রুইনার এই ভাস্কর্য শোভা পাবে।

দর্শক-সমর্থকদের বিদায় জানাতে গিয়ে এদিন আবেগতড়িত হয়ে পড়েন ডি ব্রুইনা। তিনি বলেন, ‘আমি সৃষ্টিশীলতার সঙ্গে খেলতে চেয়েছি, আবেগ ঢেলে দিয়ে খেলতে চেয়েছি। আমি ফুটবলকে উপভোগ করতে চেয়েছি এবং আমার মনে হয় সয়াই এটা উপভোগ করেছেন। ক্লাবের ভেতরের ও বাইরের সবাই সবসময় চেষ্টা করেছে আমার থেকে সেরাটা বের করে আনতে এবং আমার সামনে থাকা এই মানুষরাই আমাকে আগের চেয়ে সেরা করে তুলেছে। এই মানুষদের সঙ্গে খেলাটা সম্মানের। আমি জীবনের সেরা বন্ধুদের পেয়েছি।’

ডি ব্রুইনার বিদায়ে বুক ভেঙেছে গুরু গার্দিওলারও, ‘সবাই দেখেছে ম্যানচেস্টার সিটির মানুষজন তার ও তার পরিবারের সঙ্গে সম্পর্কে আবদ্ধ এবং কতটা ভালোবাসে। সে যা কিছু অর্জন করেছে এবং শিরোপাগুলো দারুণ, কিন্তু আপনি যখন ১০ বছর পর এই পরিমাণ সম্মান ও মর্যাদা নিয়ে ছেড়ে যাবেন, এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।

আগামী রোববার (২৫ মে) ক্রাভেন কটেজে ফুলহ্যামের বিপক্ষে লিগ মৌসুমের শেষ ম্যাচ খেলবে ম্যানচেস্টার সিটি। এরপর ১৮ জুন ওয়াদাদ এসির বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপে মিশন শুরু করবে ম্যানসিটি। এই টুর্নামেন্ট অবশ্য ডি ব্রুইনাকে দলে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

৫ জুন থেকে লঞ্চে থাকবে অস্ত্রধারী আনসার: নৌ উপদেষ্টা

ঈদুল আজহায় নৌ পথে নিরাপত্তার জন্য নৌ পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রত্যেক লঞ্চে আগামী ৫ জুন থেকে ৪ জন করে অস্ত্রধারী আনসার থাকবে।
বুধবার (২১ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাতায়াতের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নৌ খাতে প্রচুর লোক যাতায়াত করে দক্ষিণবঙ্গে। গত ঈদের মতো আগামী ঈদেও রেল, বাস, নৌ সব পথে যাতায়াতে সবাই খুশি থাকবে। এবারও তেমন হবে। সেভাবেই সব প্রস্তুতি নেয়া হয়েছে।

কোরবানির পশু আনার সময় যেন চিহ্নিত করা হয়, কোন জায়গা থেকে কোন হাটে যাবে সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়ে উপদেষ্টা বলেন, ঈদের ৩ দিন আগে থেকে পরের ৭ দিন নদীপথে বাল্কহেড চলবে না। রাতে স্পিডবোট চলবে না।

ঈদুল আজহায় নৌ পথে নিরাপত্তার জন্য নৌ পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে জানিয়ে তিনি বলেন, প্রত্যেক লঞ্চে আগামী ৫ জুন থেকে ৪ জন করে অস্ত্রধারী আনসার থাকবে। রৌমারী থেকে চিলমারী রুটে ২টি ফেরি চালু হয়েছে। এটা ট্রায়াল চলছে। আপাতত ট্রায়াল চলছে। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে চলবে। এটা জামালপুরকে কানেক্ট করবে। দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার পথ কমবে। ড্রেজিং করে এই নৌ রুট চালু করা হয়েছে।

এ সময় তিনি বড় লঞ্চগুলোকে পাল্লা দিতে নিষেধ করেছেন। তিনি বলেন, বুড়িগঙ্গা থেকে লঞ্চ বের হওয়া ও প্রবেশের সময় গতি কম রাখতে হবে, যেন ঢেউ সৃষ্টি হয়ে নৌকা বিপদে না পড়ে। ওভারলোড করা যাবে না। যাত্রী ছাদে উঠবে না। আবহাওয়া পূর্বাভাস যেন দেয়া হয়।

আগামী মাসে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে: গভর্নর

বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ২৬ শতাংশ সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ টিকে থাকতে পারবে না। এজেন্ট ব্যাংকের শাখা থেকে অর্ধেক সুদে ঋণ পাচ্ছেন গ্রাহক, কাজেই ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকতে না পেরে চড়া সুদের ক্ষুদ্র ঋণ বাজার থেকে ছিটকে পড়বে।

রিজার্ভ প্রসঙ্গে তিনি বলেন, আগামী মাসে রিজার্ভ হবে ২৭-৩০ বিলিয়ন ডলার। এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। যার জন্য সময়ের প্রয়োজন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০ হাজার ৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

অবসরে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ গোলরক্ষক

গ্লাভস জোড়া খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান ক্লাব কোমোর স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা। মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন ৪২ বছর বয়সি এই স্প্যানিশ গোলরক্ষক।

স্পেনের ২০১০ বিশ্বকাপ দলের স্কোয়াডে ছিলেন পেপে রেইনা। এছাড়াও স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারেও জিতেছেন নানান শিরোপা। অবশেষে ২৬ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন পেপে।

বার্সেলোনার একাডেমী থেকে উঠে আসা রেইনা খেলেছেন লিভারপুল, ভিয়ারিয়াল, বায়ার্ন মিউনিখ, নাপোলির মতো ক্লাবে। ২০২৪ সালে কোমোতে যোগ দেন তিনি। তবে ৪২ বছর বয়সি এই গোলরক্ষককে বেশিরভাগ সময় বেঞ্চেই কাটাতে হয়েছে। অবশেষে অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেললেন।

অবসরের কথা জানিয়ে রেইনা বলেন, ‘খুবই চমৎকার একটি ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে, যেটা সবকিছুতে পরিপূর্ণ একটি অধ্যায়। যা কিছু অভিজ্ঞতা লাভ করেছি তার জন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। এমন ক্যারিয়ার আমি আশা করিনি, তবে আমার মনে হয়েছে, সময় এসেছে এবং অনুভব করছি, এখানেই ক্যারিয়ারের ইতি টানার।’

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম-বৈষম্য থাকবে না: লুৎফে সিদ্দিকী

মালয়েশিয়া কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, কোনো অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না।

বুধবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশি কর্মী পাঠাতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

লুৎফে সিদ্দিকী বলেন, ‘প্রথম ধাপে গত বছর শ্রমবাজারটি বন্ধ হওয়ার কারণে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারাদের প্রায় আট হাজার কর্মী যাবেন। তাদের সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেলের মাধ্যমে দ্রুত পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকায় মালয়েশিয়া সরকার সীমিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী। তাই আজকের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধন করার আলোচনা হবে।’

শ্রমবাজার ইস্যুতে কোনো শর্ত মালয়েশিয়া দেয়নি জানিয়ে লুৎফে সিদ্দিকী বলেন, ‘মালয়েশিয়া সরকার অতীতে যারা সিন্ডিকেট করেছে তাদের মামলা প্রত্যাহারসহ কোনো শর্ত দেয়নি। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করছে। মালয়েশিয়া সরকার খুবই আন্তরিকভাবে দেখছে কর্মী নেয়ার বিষয়টি। দুই পক্ষই স্বচ্ছতা বজায় রাখতে চায়।’

বৈঠকে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ড. ম. শাহরিন বিন উমর। বৈঠকে দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

প্লে-অফে সাকিব-মিরাজদের ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা

পিএসএলের এবারের আসর বাংলাদেশিদের নজরে ছিল রিশাদ হোসেনের জন্য। লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে আসর মাতাচ্ছিলেন রিশাদ। কিন্তু পাক-ভারত সংঘাতে পিএসএল বন্ধ হয়ে গেলে দেশে ফেরার পর আর পিএসএলে ফেরা হয়নি রিশাদের। এই মুহূর্তে তিনি বাংলাদেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলছেন। তবে লাহোরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চুকেবুকে যায়নি। বিরতির পর নতুন করে শুরু হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলছেন সাকিব আল হাসান। এছাড়া প্লে-অফ পর্বে লাহোরের হয়ে খেলতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকেও।

শেষের রাগিণী শোনা যাচ্ছে পিএসএলে। এরই মধ্যে লিগ পর্বের খেলা শেষ। এখন অপেক্ষা প্লে-অফ পর্বের। চার দলের প্লে-অফে প্রথমে শীর্ষ দুই দল লড়বে প্রথম কোয়ালিফায়ারে। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে হবে এলিমিনেটর। এলিমিনেটরে জয় পাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে।

এরই মধ্যে নিশ্চিত হয়েছে প্লে-অফের চার দল। প্লে-অফের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজই (বুধবার)। কোয়েটা গ্লাডিয়েটর্সের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে। পরাজিত দলকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার্সে।

তার আগে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) এলিমিনেটর খেলতে মাঠে নামবে সাকিব-মিরাজের লাহোর কালান্দার্স। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের করাচি কিংস। এই ম্যাচে যারা জয় পাবে তারা খেলবে প্রথম কোয়ালিফায়ার্সে পরাজিত দলের বিপক্ষে। ম্যাচটি আগামী শুক্রবার (২৩ মে) মাঠে গড়াবে। প্লে-অফের সবক’টি ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

করাচির বিপক্ষে লাহোরের ম্যাচটা বাংলাদেশিদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারতো, যদি না লিটন দাস ইনজুরিতে না পড়তেন। করাচির হয়েই খেলার কথা ছিল টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়কের।