শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

ম্যারাডোনার ‘হত্যা মামলা’ থেকে সরে দাঁড়ালেন বিচারক

স্বাভাবিকভাবেই নাকি চিকিৎসাজনিত অবহেলায় ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তবে অবহেলাজনিত কারণেই হয়েছে এমন অভিযোগ এনে মামলা করেছেন তার মেয়ে জিয়ান্নিনা ম্যারাডোনা।

তাই ৮ চিকিৎসকের মধ্যে সাতজনের বিরুদ্ধে আদালতে বিচারও চলছে। কিন্তু এই বিচারকাজে এবার নতুন মোড় দেখা গেছে।
বিচারকাজ থেকেই একজন গুরুত্বপূর্ণ বিচারক সরে দাঁড়িয়েছেন। বিচারকের নাম হচ্ছে- হুলিয়েতা মাকিনটাচ। যিনি আর্জেন্টিনায় ‘ঈশ্বরের বিচারক’ বলে পরিচিত।

মাকিনটাচের বিরুদ্ধে অভিযোগ তিনি আইন লঙ্ঘন করেছেন।
‘ডিভাইন জাস্টিস’ নামে এক মিনি সিরিজ প্রকাশ্যে আসার পরেই তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সিরিজটিতে ম্যারাডোনার মৃত্যুর দিনগুলো তুলে ধরা হয়েছে। মিনি সিরিজটি বানাতে কয়েক মাসব্যাপী এই বিচারকাজ ক্যামেরায় ধারণ করেছেন, যা নৈতিকতা ও আইন লঙ্ঘন বলে অনেকে মনে করছেন। সেই সিরিজের ট্রেইলার আদালতে দেখানো হলে বাগবিতণ্ডার এক পর্যায়ে এক কৌঁসুলি প্যাট্রিসিও ফেরারি অভিযোগ করেন, মানিকটাচ বিচারক নন, অভিনেত্রীর মতো আচরণ করছেন।
পরে মানিকটাচ আর কোনো উপায় নেই বলে সরে দাঁড়ান।

বিচারক সরে দাঁড়ানোয় একটা শঙ্কা তৈরি হয়েছে। বিচারপ্রক্রিয়া শেষ পর্যন্ত সুন্দরমতো শেষ হবে কিনা। মস্তিষ্কের অস্ত্রোপচার থেকে সেরে ওঠার মধ্যে গত ২০২০ সালের নভেম্বরে ৬০ বছরে পরপারে চলে যান ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী তারকার পুনর্বাসনের চিকিৎসা একটি অন্ধকারচ্ছন্ন ও অপরিচ্ছন্ন ভাড়া বাসায় করা হয়েছে বলে অভিযোগে তুলে মামলা করেন তার মেয়ে।
সেই মামলার রায়ে যদি অভিযুক্ত চিকিৎসকরা দোষী সাব্যস্ত হন তাহলে ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাভোগ করবেন।

৪০ মিনিট বন্ধ থাকার পর মেট্রো রেল চলাচল শুরু

কারিগরি গোলযোগের কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর মেট্রো রেল চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটের দিকে মেট্রো রেল চলাচল পুনরায় শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ফেসবুক পোস্টে জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটের দিকে মেট্রো রেল আবার চালু হয়েছে।

যাত্রীদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য্যধারণ ও সহযোগিতার জন্য যাত্রী সাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

ইশরাকের ঘটনায় স্বৈরাচারের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করেছে সেটি সেই স্বৈরাচারের পুনরাবৃত্তির ঘটনাই আমরা দেখতে পাচ্ছি।’

আজ বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বিএনপির তিন সংগঠনের আয়োজনে আজ নয়াপল্টনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করে।

দুপুর ২টার কিছু আগে এই সমাবেশ শুরু হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে।
তিনি তার বক্তব্যের শেষ পর্যায়ে স্লোগানটি দেওয়ার আগে দলীয় নেতাকর্মী ও দেশের মানুষকে এটি শুনতে এবং এরপর স্লোগানটি উচ্চারণের আহ্বান জানান।

তিনি বলেন, ‘পলাতক স্বৈরাচারের সময় দেখেছি তারা কিভাবে আদালত ও আদালতের রায়কে অবজ্ঞা করেছে। আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা বাধা তৈরি করেছে তার মধ্যে স্বৈরাচারের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি।
’

তিনি আরো বলেন, ‘যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, আদালতের নির্দেশ যারা অবজ্ঞা করে তাদের কাছ থেকে কতটা সংস্কার আশা করতে পারি?’

তিনি বলেন, ‘পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার জরুরি। ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।’

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দেশের সব সিটি মেয়রকে অপসারণ করা হয়। এমন অবস্থায় গেল ২৭ মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল।
এরপর ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

একই দিন ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে লিগ্যাল নোটিশ দেন দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ ও ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।

কিন্তু সরকার তাকে শপথ না পড়ানোর কারণে তার সমর্থকরা রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। পরে গত ১৪ মে বিএনপির এই নেতাকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়।
২২ মে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়তে কোনো বাধা নেই।

ঈদুল আজহা ৭ জুন

দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়।

গতকাল মঙ্গলবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

সে হিসাবে ১০ জিলহজ আগামী ৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।

ঈদুল আজহা বেশি পরিচিত কোরবানির ঈদ নামে। পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা এই ঈদ উদযাপন করে থাকেন।

আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, কারো পদত্যাগ চাইনি : সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম। আমরা তার পদত্যাগ চাইনি। কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। নিরপেক্ষ সরকার, গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার লক্ষ্য হোক সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই মহাসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। অত্যন্ত সুকৌশলে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন ও তাদের লুটপাটের কথা ভুলতে বসেছি। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২০০ বছরে যা লুটপাট করেছে তারচেয়ে বেশি সম্পদ লুট করেছে আওয়ামী লীগ। তারা ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। ৪ লাখ কোটি টাকা খেলাপি ঋণ। বিদ্যুৎ ও ব্যাংক খাতে লুটপাট চালিয়েছে। ব্যাংক থেকে যত টাকা লুট করেছে তা দিয়ে ৩৬ টা পদ্মাসেতু বানানো যেত। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ ও শেখ হাসিনা। আওয়ামী লীগ কখনও গণতন্ত্রে বিশ্বাস করেনি। তারা গণতন্ত্র হত্যাকারী।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, তারা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছি। আসলে যারা আমাদেরকে অন্তরায় মনে করে তারা এসব বলে।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

কানে যাননি, তবে সুইডেনে ঝলক দেখালেন দীপিকা

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল কান চলচ্চিত্র উৎসব। এবার কানের লাল গালিচায় দেখা মেলেনি দীপিকার। সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী। সন্তান নিয়েই তার দিনকাল।
তবে কানে না গেলেও সুইডেনের এক অনুষ্ঠানে হাজির হয়ে আলো ছড়ালেন ভারতের শীর্ষ এ অভিনেত্রী।

সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর পর আলোচনায় আসেন দীপিকা। সন্দীপ সমালোচনা করেন অভিনেত্রীর। তবে এসব পাত্তা না দিয়ে হাজার মাইল দূরের দেশ সুইডেনে ঝলক দেখালেন দীপিকা পাডুকোন।
স্টকহোমের গ্লোবাল আইকন কার্টিয়ার আয়োজিত একটি গ্ল্যামারাস পার্টিতে যোগ দেন দীপিকা। সেখানে কার্টিয়ারের সবচেয়ে দামি গয়নার সংগ্রহ ‘এন ইকুইলিবার’ উন্মোচন করেন এই গ্লোবাল স্টার। আন্তর্জাতিক অনেক তারকার মধ্যেও স্পটলাইট কেড়ে নেন দীপিকা। আশি স্টুডিওর একটি লাল রঙের পোশাকে গায়ে দীপিকা আধুনিকতা ও কালজয়ী সৌন্দর্যের মধ্যে ভারসাম্য রেখেছিলেন।

এবছর কান চলচ্চিত্র উৎসবে দেখা না গেলেও দীপিকার এই ঝলমলে উপস্থিতি যেন সেই শূন্যতা পুরোপুরি পুষিয়ে দিল। শালিনা নাথানীর স্টাইলিংয়ে দীপিকা সেই আয়োজনকে রীতিমতো নিজের র‍্যাম্পে পরিণত করেন। তিনি ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করে লেখেন, ‘স্টকহোম থেকে হ্যালো’।

ইভেন্টে তিনি পরেছিলেন আশি স্টুডিও-এর ‘ফল ২০২৩’-এর কালেকশন থেকে এক গাঢ় লাল পোশাক। তার পোশাকে ছিল ভাস্কর্যের বিবরণ সহ একটি মেঝে ছুঁয়ে যাওয়া পোশাক এবং নীচে একটি স্ট্র্যাপলেস গাউন।
দ্বৈত স্তরের গ্ল্যামারে পোশাকটি ছিল মোহময় ও ভারসাম্যপূর্ণ। পুরো লুকের কেন্দ্রবিন্দুতে ছিল কার্টিয়ারের নতুন কালেকশনের প্যাভোসেল নেকলেস, যেখানে জড়ানো ছিল ৫৮.০৮ ক্যারেটের একটি বিশাল নীলকান্তমনি পাথর। পাথরটি ওপেনওয়ার্ক ডিজাইনে সাজানো যা ময়ূরের পালকের অনুপ্রেরণায় তৈরি।

এছাড়াও হালকা হীরার কানের দুল পরেছিলেন অভিনেত্রী। মেকআপ ছিল নিখুঁত ও মসৃণ। সাইড পার্ট করে পিছনে টানা চুল, ঝলমলে চোখ আর চকচকে বাদামী ঠোঁট। এই গ্ল্যাম লুক দীপিকার স্টাইলকে আরও আকর্ষনীয় করে তুলেছিল।

এদিকে, দীপিকার নতুন ছবিগুলো প্রকাশ হতেই প্রশংসায় ভাসায় ভক্তরা। কারো মতে, দীপিকা ‘কুইন’, কারো মতে দীপিকা হাজির হলে সবাই ফিকে হয়ে যায়। কেউ বলছেন, দীপিকাই আসল গ্ল্যামার কুইন।

সম্প্রতি প্রভাসের আসন্ন সিনেমা ‘স্পিরিট’ থেকে দীপিকার বাদ পড়া নিয়ে তৈরি হয় বিতর্ক। পরিচালক সন্দীপের কথায়, ‘অপেশাদার’ আচরণ করেছেন দীপিকা। নানা ধরনের খবর প্রকাশ করে গণমাধ্যমগুলো। যদিও দীপিকা নিজে এ বিষয়ে কিছু বলেননি। তাঁর এক ঘনিষ্ঠ হিন্দুস্তান টাইমসকে জানায়, অভিনেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ‘অতিরঞ্জিত’। দীপিকা কিছুদিন আগেই মা হয়েছে। তাঁর দাবিগুলো নিজের তারকাখ্যাতি ও মাতৃত্বের বাস্তবতার সঙ্গে মানানসই। তিনি কন্যা দুয়ার জন্য সময় বের করার চেষ্টা করছিলেন, পাশাপাশি কাজের প্রতিশ্রুতিও রক্ষা করতে চেয়েছেন। শেষ পর্যন্ত দীপিকার বদলে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে।

রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সালকে ‘স্ট্যান্ড রিলিজ’

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। তাকে দ্রুত ঢাকায় ফিরতে বলা হয়েছে। এ ছাড়া সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) নিয়াজ মোর্শেদকে।

গতকাল মঙ্গলবার (২৭ মে) মস্কো মিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মো. নিয়াজ মোর্শেদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মস্কোর বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদ সরকারের রীতি-নীতি ভঙ্গ করে ফেসবুক একটি পোস্ট করেছেন।

এছাড়া ফয়সাল আহমেদের বিরুদ্ধে একজন নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানিরও অভিযোগ করেছেন।

পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতির মধ্য দিয়ে যুদ্ধের তীব্রতা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ার করে বলেছেন, ‘পুতিন আগুন নিয়ে খেলছেন’।

নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভ্লাদিমির পুতিন বুঝতে পারছেন না, যদি আমি না থাকতাম রাশিয়ায় অনেক খারাপ কিছু ঘটত—আমি বলছি, সত্যিই ভয়ঙ্কর কিছু। তিনি এখন আগুন নিয়ে খেলছেন।
’

পুতিনের সঙ্গে একসময় ঘনিষ্ঠ সম্পর্কের দাবি করা ট্রাম্প এই মন্তব্যে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে ইউক্রেনে ব্যাপক আকাশ হামলা চালানোর পর এক পোস্টে (রবিবার) তিনি বলেছিলেন, ‘পুতিন একেবারে পাগল হয়ে গেছেন’।

ট্রাম্পের পুতিনবিরোধী মন্তব্যের মধ্যেই, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে রুশ বাহিনী চারটি গ্রাম দখল করে নিয়েছে।

সুমি গভর্নর ওলেহ গ্রিহোরোভ এক ফেসবুক পোস্টে জানান, নোভেনকে, বাসিভকা, ভেসেলিভকা ও ঝুরাভকা গ্রামগুলো রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।
যদিও এসব গ্রাম থেকে আগেই স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সুমি অঞ্চলের কাছাকাছি বিলোভোদি গ্রামও দখল করেছে, যা আরও এক ধাপ অগ্রগতির ইঙ্গিত দেয়।

সুমি ইউক্রেন-রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী ছোট ছোট দলে মোটরসাইকেল নিয়ে হামলা চালানোর পাশাপাশি ড্রোনের সহযোগিতা নিচ্ছে।

গত বছর ইউক্রেন বাহিনী সুমি অঞ্চলকে ব্যবহার করেই রাশিয়ার কুরস্ক অঞ্চলে অভিযান চালিয়েছিল, যদিও এ বছরের এপ্রিল নাগাদ বেশিরভাগ এলাকা পুনরুদ্ধার করে রুশ বাহিনী।

রাশিয়ার সামরিক তৎপরতা এখন মূলত পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে দেখা গেলেও, সুমি এবং উত্তর-পূর্ব খারকিভ ও দক্ষিণ-পূর্ব জাপোরিঝঝিয়াতে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও আশঙ্কা করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক বিবৃতিতে সোমবার জেলেনস্কি বলেন, ‘নতুন হামলার প্রস্তুতির অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে। রাশিয়া এই যুদ্ধকে চালিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।’

এদিকে রাশিয়া বলছে, ট্রাম্পের সঙ্গে গত সপ্তাহে দুই ঘণ্টার ফোনালাপের পর তারা একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে কাজ করতে আগ্রহী।

কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা এবং যুক্তরাষ্ট্র মিলে রাশিয়াকে অবিলম্বে অন্তত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে ক্রেমলিন জানিয়েছে, তারা এখনও এই শান্তিচুক্তির খসড়া প্রক্রিয়াধীন রেখেছে এবং এটি বাস্তবায়নে কতদিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না।

গিল নন, পন্তই অধিনায়ক হওয়ার প্রকৃত যোগ্য : শেবাগ

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) শুবমান গিলকে ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করার পর থেকে ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি মতামত দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।

শেবাগ বলেছেন, যশপ্রীত বুমরাহর পর শুবমান গিল অধিনায়কত্বের জন্য দ্বিতীয় সেরা বিকল্প নন। তার মতে, বুমরাহকে যখন ওয়ার্কলোড এবং ইনজুরির চাপের কারণে অধিনায়কত্ব দেওয়া হয়নি, তখন ঋশভ পন্তই ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার যোগ্য ছিলেন।

ক্রিকবাজে কথা বলার সময় শেবাগ স্বীকার করেন যে, বুমরাহকে অধিনায়ক না করাটা সঠিক সিদ্ধান্ত ছিল। তবে সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি যিনি বলেছিলেন গিল হলেন দ্বিতীয় সেরা অপশন—তাতে তিনি একমত নন। শেবাগের মতে, গিল নন, বরং ঋষভ পন্ত ছিলেন ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার প্রকৃত যোগ্য ব্যক্তি, আর গিল তৃতীয় সেরা বিকল্প।

শেবাগ বলেন, ‘একটি সিরিজের জন্য বুমরাহ ঠিক আছেন।
কিন্তু দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে প্রশ্ন ওঠে—ভারত যদি বছরে ১০টি টেস্ট খেলে, বুমরাহ কি সবগুলো খেলতে পারবেন? সেই কারণে ওর ওপর অতিরিক্ত চাপ দেওয়া ঠিক হবে না। তাই আমি মনে করি বুমরাহকে অধিনায়ক না করাটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু তিওয়ারি বললেন সেক্ষেত্রে গিল দ্বিতীয় সেরা অপশন, কিন্তু আমি বলি সেটা পন্ত, গিল হল তৃতীয়।’

শেবাগ আরো বলেন, বিরাট কোহলির পরে যিনি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের টেস্ট ক্রিকেটে আগ্রহী করে তুলেছেন, তিনি হলেন ঋষভ পন্ত।
অস্ট্রেলিয়ায় গাব্বা টেস্টে তার জয়সূচক ইনিংসের কথা উল্লেখ করে শেবাগ বলেন, ‘বিরাট কোহলির পর যদি কেউ দর্শকদের টেস্ট দেখতে বাধ্য করে থাকে, সেটা পন্ত। দুর্ঘটনার কারণে ওর ফর্মে ছেদ পড়েছে, তাই এখন সহ-অধিনায়ক করা হয়েছে। যদি ও আবার নিজের ছন্দে ফিরে আসে, তাহলে ভবিষ্যতে অধিনায়কত্বের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’

ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারও বলেছেন, শুবমন গিলকে অধিনায়ক করার পেছনে ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে পন্তকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা হয়েছে।
তিনি বলেন, ‘ও (পন্থ) সহ-অধিনায়ক। গত চার-পাঁচ বছরে টেস্ট ক্রিকেটে আমাদের অন্যতম সেরা ব্যাটার। উইকেটকিপার হিসেবে ও সবসময় ম্যাচে যুক্ত থাকে, ওর অভিজ্ঞতা অমূল্য। তাই শুবমনকে সাপোর্ট করার জন্য ওকে সহ-অধিনায়ক করা হয়েছে। পন্ত দারুণ খেলোয়াড় এবং ভবিষ্যতের জন্য আমরা ওর দিকেও নজর রাখছি।’

বাংলাদেশিসহ ৯০ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল ইতালি

ভূমধ্যসাগর পাড়ি ও নানা উপায়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে নিরাপদ দেশের ৯০ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। গত সোমবার (২৬ মে) একটি এক্স পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

তবে এ তালিকায় কোন দেশের কতজন নাগরিক রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পিয়ান্তেদোসি। এছাড়া আলবেনিয়া থেকে আরো ৩০ জনকে ফেরত পাঠানোর বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

তবে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ইতালির মিলান থেকে বৈধ কাগজপত্র না থাকায় রাসেল আহমেদ নামে এক বাংলাদেশি যুবককে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে পাঠানো হয়। তার বাড়ি মাদারীপুরের মেয়ারচরে। এছাড়াও দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মিলান ও আনকোনা থেকে আরো দুই বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া নন-সিজনাল ভিসায় ইতালিতে এসে মালিক না পেয়ে দেশটিতে থাকার আশ্রয় চাওয়া শাহাদাত হোসেন নামে এক যুবককে ‘জোরপূর্বক’ জেনোভা শহর থেকে বাংলাদেশে পাঠানোর খবর পাওয়া গেছে।

এ বিষয়ে শাহাদাত বলেন, “আমি গত বছর নন-সিজনাল ভিসা নিয়ে ইতালিতে আসি। পরে মালিক না পেয়ে দেশটিতে থাকার জন্য অ্যাসাইলাম (আশ্রয় আবেদন) আবেদন করি। এতে একদিন পুলিশ ফোন করে থানায় যেতে বললে তারা আমাকে আটক করে আদালতে নিয়ে যায়।”

অবৈধ অভিবাসন বন্ধ ও দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে বেশ কয়েকটি পদক্ষেপ নেয় মেলোনি সরকার।
এর ধারাবাহিকতায় সম্প্রতি ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ইতালির তালিকাভুক্ত নিরাপদ দেশের নাগরিকদের বেশ কয়েকটি ধাপে আলবেনিয়ায় পাঠায় ইতালি সরকার।

সেখান থেকে পর্যায়ক্রমে আইন মেনে ৩০ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে সক্ষম হয় প্রশাসন। এছাড়া ইতালির নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনাসহ বেশ কয়েকটি কারণে বিগত দিনে আরো ৯০ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠায় তারা।

অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে অর্থের ব্যবহার নিয়ে সমালোচনা করেছেন দেশটির আরেক শক্তিশালী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি। এছাড়া অভিবাসীদের ইচ্ছের বিরুদ্ধে নিজ দেশে ফেরত পাঠানোর এই পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনা করে ইইউর বেশকিছু মানবাধিকার সংগঠন।