বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

নির্বাচনী বাজেট বরাদ্দে কোনো কার্পণ্য করা হবে না : অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য অর্থের যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলএনজি এলে আমরা হয়তো সারের সরবরাহ বাড়াতে পারব। রংপুরে ৩০টি স্কুল রিনভেন্ট করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।

এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, যে প্রজ্ঞাপন আপনারা দেখেছেন দ্যট ইজ ফাইনাল। এর পরেও কোনো প্রজ্ঞাপন নেই, আগেও নেই। আমি প্রজ্ঞাপন জারি করার লোক। আই এম নট এ ডিসিশন মেকার (আমি কোনো সিদ্ধান্তদাতা নই)।
ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি প্রজ্ঞাপন জারি করেছি।

অপর এক প্রশ্নে তিনি বলেন, আলোচনার দরকার আছে কি নেই, সে বিষয়ে কথা বলার আগেই ওনারা প্রত্যাহার করে নিয়েছেন। এখন ওনাদের দাবি-দাওয়া আছে কি না সেটা বুঝলে পরে আমরা বসব।

বন্দরের স্থবিরতা প্রসঙ্গে তিনি বলেন, পুরোপুরি বন্ধ ছিল না। পণ্য যা বন্দরে ঢুকেছে, সেগুলো এখন জাহাজীকরণ হবে।
ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তবে খুব বেশি একটা ক্ষতি হয়নি।

আন্দোলনকারীদের ইঙ্গিত করে শ্রম উপদেষ্টা বলেন, আপনি নেই বলে কোনো কাজ থেমে থাকবে এটা বাংলাদেশে হবে না, পৃথিবীর কোনো দেশে হয় না।

যে কারণে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে

ইউক্রেনে ন্যাটো সামরিক সহায়তার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র রেজেসো-ইয়াসেনকা বিমানবন্দর রক্ষায় নরওয়ে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে। গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেনীয় শহরগুলোতে আক্রমণ বাড়িয়েছে, প্রতি রাতে রেকর্ড ৪০০-৫০০ মনুষ্যবিহীন বিমান (ইউএভি) পাঠিয়েছে।

নরওয়ে ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় তার অবদান জোরদার করছে, অন্যদিকে মিশনের মূল লক্ষ্য হলো পোলিশ আকাশসীমা এবং ইউক্রেনের সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করা, বিবৃতিতে বলা হয়েছে।

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী টোরে স্যান্ডভিক বলেছেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ অবদান।
আমরা নিশ্চিত করতে সাহায্য করছি যে, ইউক্রেনের প্রতি সমর্থন তার গন্তব্যে পৌঁছাবে এবং ইউক্রেন স্বাধীনতার জন্য তার লড়াই চালিয়ে যেতে পারে।’

রেজেসো-জাসিওনকা বিমানবন্দরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) এরও কম দূরে অবস্থিত এবং ইউক্রেনের সামনের সারিতে যাওয়ার জন্য পশ্চিমা সরঞ্জামের একটি উল্লেখযোগ্য শতাংশ পরিবহন করে। পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ইউক্রেনের জন্য ৯০ শতাংশ সাহায্য রজেসো বিমানবন্দর দিয়ে যাচ্ছে।

এটি কিয়েভে সরকারি সফরে ভ্রমণকারী বিদেশি নেতৃত্বের জন্য একটি প্রধান যাত্রাবিরতির স্থানও।
জানুয়ারিতে, জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ঘোষণা করেছিলেন, বার্লিন পোলিশ বিমানবন্দরকে রক্ষা করার জন্য প্রতিশ্রুত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে।

সূত্র : দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে মৃত্যুদণ্ড : ইরান

ইসরায়েল, আমেরিকা কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। একই সঙ্গে স্টারলিংকের মতো অননুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীকেও শাস্তিযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।

আইনের ভাষায় বলা হয়েছে, “দেশের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শত্রুরাষ্ট্র ও গোষ্ঠী বা তাদের এজেন্টদের হয়ে গোয়েন্দা বা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করলে তা ‘মানবজাতির বিরুদ্ধে অপরাধের’ শামিল। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।
”

এদিকে, কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে জানিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানছি এ কথা বলেছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাজিদ তাখত-রাভানছি বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায়। কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনো তাদের অবস্থান পরিষ্কার করেনি।

ইরানে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল গত ১৩ জুন। ওমানের রাজধানী মাস্কাটে তার দুই দিন পরেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা ছিল। তাখত-রাভানছি বলেন, ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। গোপনে ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।

তিনি আরো বলেন, গবেষণা কর্মসূচির জন্য ইউরেনিয়াম সামগ্রীতে প্রবেশাধিকার পায়নি বলেই ইরানকে নিজের সক্ষমতার ওপর নির্ভর করতে হয়েছে। কোন মাত্রায় থাকবে বা কতটা সক্ষমতা থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু তোমার সমৃদ্ধকরণ কর্মসূচি থাকবে না, শূন্য মাত্রায় থাকবে এবং তুমি একমত না হলে তোমার ওপর বোমা মারব—এগুলো জঙ্গলের আইন।

ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি দেশটির বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যা করেছে। তাদের অভিযোগ ছিল তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

এর জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ১২ দিনের এই সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

দুই ব্রাজিলিয়ানের জাদুতে সিটিকে বিদায় করে কোয়ার্টারে আল হিলাল

বিশ্বসেরা কোচ, তারকায় ঠাসা স্কোয়াড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা—সব কিছু নিয়েই ক্লাব বিশ্বকাপে এসেছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষ ষোলোতেই থেমে গেল তাদের যাত্রা। সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে এক রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পেপ গার্দিওলার দল।

প্রথম দশ মিনিটেই গোল করে এগিয়ে যায় সিটি।
আল হিলালের রক্ষণভাগের গড়বড়ের সুযোগ নিয়ে অধিনায়ক বার্নার্দো সিলভা গোল করেন। তবে বিতর্ক পিছু ছাড়েনি—সেই গোলের আগে রায়ান আইত-নৌরির হাতে বল লেগেছিল বলে অভিযোগ করে সৌদি দলটি।

এরপরও ম্যাচে আধিপত্য ধরে রেখেছিল সিটিজেনরা। তবে গোলরক্ষক বুনোর দুর্দান্ত তিনটি সেভ সিটির ব্যবধান বাড়তে দেয়নি।
প্রথমার্ধে গোলশূন্য থেকে ফিরে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বদলে যায় ম্যাচের চিত্র।

৪৬ মিনিটে হেডে সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস লিওনার্দো। এরপর ৫২ মিনিটে আরেক ব্রাজিলিয়ান ম্যালকম দুর্দান্ত ফিনিশে আল হিলালকে এগিয়ে দেন। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি।
তিন মিনিট পর কর্নার থেকে গোল করে হালান্ড আবার ম্যাচে ফেরান সিটিকে।

শেষ দিকে আকাঞ্জির হেড পোস্টে লেগে ফিরে আসে, আর হালান্ডের প্রচেষ্টা গোললাইন থেকে ক্লিয়ার করেন আলি লাজামি—সেই মুহূর্তগুলো হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ২-২ গোলে শেষ হয় ম্যাচের নির্ধারিত সময়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৪ মিনিটে কুলিবালি হেডে গোল করে হিলালকে এগিয়ে দেন।
কিন্তু আবারও সিটিকে সমতায় ফেরান ফোডেন। তবে দিনটা ছিল লিওনার্দোর। সেটা প্রমাণ হলো অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে। এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিজের দ্বিতীয় গোল করে আল হিলালের জয় নিশ্চিত করেন।

ইরান থেকে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে কারণে ইরানে আটকা পড়া ২৮ বাংলাদেশি দেশে পৌঁছেছেন। পাকিস্তান ও দুবাই হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন তারা।

ফিরে আসাদের মধ্যে একজন গুলশানের বাসিন্দা সালেক আহমেদ। ভ্রমণ ও চিকিৎসার জন্য গত ৬ জুন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ইরানে গিয়েছিলেন তিনি।
১৩ জুন ফেরার কথা ছিল তাদের। কিন্তু ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে গেলে তেহরানে তারা আটকা পড়েন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরান-বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আজ তারা দেশে ফিরেন।

সালেক আহমেদের সঙ্গে দেশে ফেরা অন্যরাও বিভিন্ন প্রয়োজনে ইরানে গিয়েছিলেন।
দেশে ফিরে এসে তুলে ধরেছেন যুদ্ধের ভয়াবহ স্মৃতির কথা। এ সময় তারা ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকার।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, তখন থেকেই এ সংঘাত শুরু হয়।

ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে আজ

ব্যাংক হলিডে উপলক্ষে আজ মঙ্গলবার (১ জুলাই) বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন। বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী বছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুদিন ‘ব্যাংক হলিডে’।

প্রথা অনুযায়ী আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব-নিকাশ শেষ করতে প্রতি বছর এই দুই দিন ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়।
এ কারণে আজ কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম থেকে নগদ উত্তোলন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ অন্যান্য সব ধরনের লেনদেন।

নির্বাচন আগামী বছরের শুরুতেই, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

আগামী বছরের শুরুতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মার্কো রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

মার্কো রুবিও সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
তারা অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। এর মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রে উত্তরণের রূপরেখা, আসন্ন সাধারণ নির্বাচন ও রোহিঙ্গাদের জন্য সহায়তা। খবর বাসস ও ইউএনবির।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুই নেতার মধ্যে ১৫ মিনিট কথা হয়েছে। এই আলোচনা ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক। এর মাধ্যমে দুই দেশের চমৎকার সম্পর্কের প্রতিফলন ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় তারা ফোনালাপ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিট্যান্সের শীর্ষ উৎস। এ পরিপ্রেক্ষিতে উভয় নেতা শিগগিরই শুল্ক বিষয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটাবে। দুই নেতা ভূরাজনৈতিক ইস্যুতেও মতবিনিময় করেন, যার মধ্যে ছিল স্থিতিশীল ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্ব এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক।

গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, আগামী বছরের শুরুতেই নির্বাচন হবে এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারে সহায়ক হবে। নির্বাচন কমিশন নিরলস পরিশ্রম করছে দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠিত করতে, যা পূর্ববর্তী সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল। আমাদের তরুণরা এবার জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে আমন্ত্রণ জানান, যাতে তিনি দেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয় প্রত্যক্ষ করতে পারেন। তিনি বলেন, এমন সফর আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অধ্যাপক ইউনূস জানান, সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশের অনুরোধে পারস্পরিক শুল্ক ব্যবস্থা ৯০ দিনের জন্য স্থগিত রাখতে সম্মত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

রোহিঙ্গাদের জন্য ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করায় ওয়াশিংটনের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র এই মানবিক সহায়তায় সবচেয়ে বড় দাতা হিসেবে কাজ করছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে প্রত্যাবাসনের সম্ভাবনা এখন আগের যে কোনো সময়ের চেয়ে উজ্জ্বল এবং বাংলাদেশ এ লক্ষ্যে কাজ করছে।

ফোনালাপের খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে : মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, দুই নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ফোনালাপের খবর দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে।

শোবিজে বৈষম্যের শিকার হওয়া নিয়ে বিস্ফোরক ‘পঞ্চায়েত’ অভিনেত্রী

শোবিজ অঙ্গনে সবার সঙ্গে সমান আচরণ করা হয় না বলে এক ইঙ্গিতবহ পোস্ট করেছিলেন ‘পঞ্চায়েত’ অভিনেত্রী সানভিকা। সে বিষয় নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী।

শোবিজে বৈষম্যের শিকার হওয়া নিয়ে চলতি মাসের শুরুর দিকে ইনস্টাগ্রামে একটি ক্রিপটিক নোটে সানভিকা ‘ইনসাইডার বা খুব শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থেকে’ হওয়ার কথা বলেছিলেন।

এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি এখনও একই মত পোষণ করছি, তবে আমি এ বিষয়ে বেশি কথা বলতে চাই না।
তবে, আপনি যদি একটি শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তবে এটি সহজ হয়ে যায়। সবারই নিজস্ব লড়াই আছে… অভিনেতা হিসাবে আপনার জীবনের প্রতিটি পর্যায়ে বিভিন্ন ধরণের লড়াই থাকবে।

সম্মানের জন্য নিজেকে প্রমাণ করার বিষয়ে সানভিকা আরো বলেছিলেন, এটি যেখান থেকে এসেছিল তা হলো কমপক্ষে আপনাকে সম্মান এবং কিছুটা সমানভাবে আচরণ করার মতো মৌলিক জিনিসগুলোর জন্য লড়াই করতে হবে না, যা অন্যদের ডিফল্টরূপে দেওয়া হয়। আমি যদি নিজেকে অন্য ব্যক্তির সাথে তুলনা করি তবে তাকে স্বাভাবিকভাবেই সম্মান দেওয়া হয়।
আমাকে প্রমাণ করতে হবে এবং এর জন্য লড়াই করতে হবে, তারপরে আমাকে সেই জিনিসটি দেওয়া হবে।

তিনি লেখেন, ‘কখনও কখনও আমার ইচ্ছা হয় যে আমি একজন ইনসাইডার বা খুব শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এমন হলে জিনিসগুলো আরও সহজ হতো (সম্ভবত, আমি জানি না)। সম্মান পাওয়া এবং সমান হিসাবে ট্রিট হওয়ার জন্য লড়াই করতে হয়। শক্তিশালী ব্যাকগ্রাউন্ডের হলে লড়াইটা কম হতো।
’

সানভিকাকে ‘পঞ্চায়েত ২’ ছাড়াও ‘লাখনলীলা ভার্গব’ ও ‘হাজামত’ ওয়েব সিরিজে দেখা গেছে। পঞ্চায়েতের চতুর্থ সিজন উন্মুক্ত হয়েছে কিছুদিন আগে। এই সিজনে নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা অভিনয় করেছেন।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় গ্রেপ্তার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

আইনের চোখে সবাই সমান। যেই হোন না কেন অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে। ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক পল ইনসের ক্ষেত্রেও তাই ব্যতিক্রম কিছু হয়নি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অবশ্য পরে পলকে ছেড়ে দিয়েছে চেশায়ার পুলিশ। তবে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আগামী ১৮ জুলাই চেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হওয়ার জন্যই ৫৭ বছর বয়সী সাবেক খেলোয়াড়কে জামিন দেওয়া হয়েছে। গত শনিবার পলকে গ্রেপ্তার করে চেশায়ার পুলিশ।
নেস্টনের চেস্টার হাই রোডে একটি ব্ল্যাক রেঞ্জ রোভার দূর্ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়।

চেশায়ার পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘নেস্টনের চেস্টার হাই রোডে সংঘর্ষের ঘটনার পর কর্মকর্তাদের ডাকা হয়েছিল। কেন্দ্রীয় রিজার্ভেসন ব্যারিয়ারে একটি কালো রেঞ্জ রোভার ধাক্কা খেয়েছিল। ঘটনাস্থলে গিয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
’

১৯৮৬ সালে ওয়েস্ট হাম দিয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় পলের। পরে এই মিডফিল্ডার খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও লিভারপুলের মতো ক্লাবে। আর জাতীয় দলে অভিষেক হয় ১৯৯২ সালে। অভিষেকের এক বছর পরেই ১৯৯৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে ইংল্যান্ডের অধিনায়ক হন তিনি। ২০০০ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সময় তার নামের পাশে ম্যাচ সংখ্যা দাঁড়ায় ৫৩ ম্যাচ।
১৯৯৬ ইউরো ও ১৯৯৮ বিশ্বকাপে খেলা মিডফিল্ডারের নামের পাশে গোল দুটি।

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ২০০৬ সালে কোচিং পেশায় যুক্ত হন পল। ম্যাকলসফিল্ড টাউনের হয়ে ডাগআউটের ক্যারিয়ার শুরু করেন তিনি। সর্বশেষ রিডিংকে কোচিং করিয়েছেন ব্ল্যাকবার্ন রোভার্স ও ব্ল্যাকপুলের সাবেক কোচ।

সিরিয়া-লেবাননের সঙ্গে শান্তিচুক্তিতে ‘আগ্রহী’ ইসরায়েল

কয়েক দশকের যুদ্ধ ও বৈরিতাপূর্ণ সম্পর্কের পর সোমবার ইসরায়েল জানিয়েছে, তারা প্রতিবেশী দেশ সিরিয়া ও লেবাননের সঙ্গে শান্তিচুক্তি করতে আগ্রহী।

সিরিয়াতে দীর্ঘ সময়ের শাসক বাশার আল আসাদের সরকার পতন ও লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর কার্যক্রম দুর্বল হওয়ার প্রেক্ষাপটে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সাংবাদিকদের বলেন, তার সরকার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিবদ্ধ হতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কের সঙ্গে ২০২০ সালে শান্তি ও সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্দেশ্যে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তিকে ইসরায়েল আরো সম্প্রসারণে আগ্রহী বলেও গিদিওন জানান।

জেরুজালেমে অস্ট্রিয়ান পররাষ্ট্রমন্ত্রী বিয়াটে মেইনল রাইজিনজারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের অপরিহার্য ও নিরাপত্তা স্বার্থ নিশ্চিত করে প্রতিবেশী দেশ সিরিয়া ও লেবাননকে শান্তি ও সম্পর্ক স্বাভাবিকীকরণের এই চুক্তিতে যুক্ত করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে উত্তেজনা চলছে। মালভূমিটি তারা ১৯৬৭ সালে দখল করে নিয়েছিল। কিন্তু ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, কোনো চুক্তি হলেও মালভূমি ইসরায়েলের অংশ হিসেবেই থাকবে।

ডিসেম্বরে আসাদ সরকারের উৎখাতের পর ইসরায়েল গোলানের জাতিসংঘ নিয়ন্ত্রিত অঞ্চলে তাদের সেনা মোতায়েন করে এবং সিরিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালায়।

এদিকে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর লেবাননে হিজবুল্লাহর প্রভাব হ্রাস পেয়েছে। তবে নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল হামলা চালিয়েছে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে লেবানন বা সিরিয়ার কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত সপ্তাহে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকায় হামলা বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারের ওপর চাপ বৃদ্ধি হওয়ায় শান্তির জন্য সর্বশেষ প্রচেষ্টা শুরু হয়েছে।
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি একটি নতুন মধ্যপ্রাচ্যের পথ তৈরি করতে পারে বলে রবিবার জানান এই অঞ্চলের একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক বলেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে যা ঘটেছে তা আমাদের সবার জন্য বলার সুযোগ যে সময় শেষ, আসুন একটি নতুন যাত্রা শুরু করি।’

টম তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে আরো বলেন, ‘মধ্যপ্রাচ্য একটি নতুন আলোচনার জন্য প্রস্তুত, মানুষ একই পুরনো গল্পে ক্লান্ত।’