বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

‘মেগাস্টার’ বিতর্ক, শাকিব ভক্তদের উদ্দেশে যা বললেন জাহিদ হাসান

২৬ বছর ধরে ঢালিউড সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন। দেশে-বিদেশে অসংখ্য ভক্ত। এমনকি ভক্তরা তাকে ভালোবেসে কখনো কিং খান, সুপারস্টার, নবাব— বিভিন্ন খেতাব দিয়েছেন।
ইদানীং দেখা যায়, শাকিব খানের নামের আগে ব্যবহার করা হয় মেগাস্টার শব্দটি। তবে এ তারকার নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তি জানান জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ উপাধি নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

তবে জাহিদ হাসানের এমন মন্তব্যে খেপেছেন শাকিবভক্তরা।
যাদের শাকিবিয়ান হিসেবেও ডাকা হয়। সোশ্যাল মিডিয়ায় জাহিদ হাসানকে নিয়ে কটাক্ষও করতে দেখা যায় অনেককে। চলে ব্যাপক আলোচনা-সমালোচনা। অবশেষে সেই প্রসঙ্গে আবারও কথা বলেছেন জাহিদ হাসান।
জানান, তার বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত জাহিদ হাসানের সিনেমা ‘উৎসব’ সাড়া জাগিয়েছে বক্স অফিসে। ছবিটি মুক্তির চতুর্থ সপ্তাহে এসে শাকিব খানের ‘তাণ্ডব’ ছবিকেও ব্যবসার দিক থেকে ছাড়িয়ে গেছে। উৎসবের সাফল্যে সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে হাজির হন জাহিদ হাসান। যেখানে উঠে আসে শাকিব খানের প্রসঙ্গ।
তখন শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ উপাধি নিয়ে প্রশ্ন তোলেন অভিনেতা জাহিদ হাসান। জাহিদ হাসান বলেন, ‘শাকিবের নামের আগে মেগাস্টার শব্দটা কানে লাগে।’ জাহিদ হাসানের মন্তব্যটি ভালোভাবে নেননি শাকিবভক্তরা। সমালোচনার মুখে সেই প্রসঙ্গে জাহিদ হাসান গণমাধ্যমকে বলেছেন, ‘মেগাস্টার শব্দচয়ন নিয়ে ইতিবাচকভাবে মন্তব্য করলেও তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বোঝাতে পারিনি।’

শাকিবভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি তাদের আবেগকে সম্মান করি। যারা তার ভক্ত-অনুসারী, তারা যে মন খারাপ করেছে, এটি এক ধরনের ইতিবাচক। কিন্তু তারা বিষয়টি বুঝতে পারলে শাকিব খান আরো বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ তারা তো শাকিবকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমি কি বুঝাতে পেরেছি, এটাও যেন ভুলভাবে ব্যাখ্যা না হয়।’

অভিনেতা বলেন, ‘আমি যেভাবে বলতে চাচ্ছিলাম, সেভাবে হয়তো বোঝাতে পারিনি। আমি চিন্তা করছিলাম যে নিজেই যখন একটা মানুষ বড় হয়ে যায়, তার সামনে অন্য কোনো বিশেষণ লাগে না। যেমন- টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা, তাদের নামের আগে কি অন্য কিছু দেওয়ার দরকার আছে?’

জাহিদ হাসান আরো বলেন, ‘তাদের নামের আগে তো কিছু লাগে না। তাদের নামই যথেষ্ট। আমি সেটিই বোঝাতে গিয়ে মানুষ কষ্ট পেয়েছে। আমি বলতে চাই যে আমাদেরই তো মানুষ। কাউকে ছোট করে কেউ বড় হবে, সেটা কখনো কেউ হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাইয়ো না।, পাগল নাকি (হাসতে হাসতে)। আমি নিজেই মানুষটা অনেক ছোট।’

কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। তারকাবহুল এই সিনেমায় জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন— জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

গাজায় শিশুখাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রবেশ সীমিত করেছে ইসরায়েল

ইসরায়েল গাজায় শিশুখাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রবেশ সীমিত করেছে বলে জানা গেছে। বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ আবারও যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করছে। তারা গাজায় যাওয়ার পথে এক মার্কিন চিকিৎসকের কাছ থেকে শিশুখাদ্যের কৌটা জব্দ করেছে।

এই অভিযোগ এমন সময়ে উঠেছে, যখন ত্রাণ সংস্থা ও চিকিৎসা পেশাজীবীরা অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় অপুষ্টিজনিত কারণে শিশু মৃত্যুর হার বাড়ার কথা জানাচ্ছেন।

গত জুনের শেষ দিকে, এক মার্কিন চিকিৎসক মানবিক সহায়তা মিশনের উদ্দেশ্যে গাজায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি সঙ্গে করে গুঁড়া শিশুখাদ্য, গজ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী এনেছিলেন। কিন্তু জর্ডান থেকে দখলকৃত পশ্চিম তীরে প্রবেশের জন্য ব্যবহৃত অ্যালেনবি ব্রিজ সীমান্তে পৌঁছানোর পর, ইসরায়েলি বাহিনী সেই শিশুখাদ্য জব্দ করে — এ তথ্য ফরাসি দৈনিক লে মনডে-এর প্রতিবেদনে প্রকাশ পায়।

‘শিশুখাদ্যের কৌটা জব্দ করা হয়েছে,’ বলেন ফিলিস্তিনি-জার্মান সার্জন ডায়ানা নাজ্জাল, যিনি এই মানবিক কাফেলার সমন্বয়কারী ছিলেন।
তিনি লে মনডেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘এটা যদি যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধা ব্যবহারের প্রমাণ না হয়, তাহলে আর কী হতে পারে? গাজায় চলমান গণহত্যায় এটি একেবারে স্পষ্ট।’

স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, গাজায় এখনো শিশুদের জন্য বিশেষ ধরনের দুধ যেমন- অপরিপক্ব বা ল্যাকটোজ সহ্য করতে না পারা শিশুদের জন্য নির্ধারিত দুধ মারাত্মকভাবে সংকটাপন্ন। সর্বব্যাপী অপুষ্টির কারণে অনেক মায়ের পক্ষে স্তন্যদান করাও সম্ভব হচ্ছে না।

তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, ১৯ মে থেকে (যেদিন পুরো অবরোধ সামান্য শিথিল করা হয়) এখন পর্যন্ত তারা এক হাজার মেট্রিক টনের বেশি শিশুখাদ্য সরবরাহের ব্যবস্থা করেছে।
তবে চিকিৎসকেরা সতর্ক করছেন যে, এসব সরবরাহ এখনো চাহিদার তুলনায় অপ্রতুল।

সালমানের বিগ বসে এবার প্রতিযোগী ‘এআই প্রযুক্তির’ পুতুল

সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের ১৯তম সিজনের জন্য দর্শকরা মুখিয়ে আছেন। আয়োজকরাও তাদের মন ভরাতে খামতি রাখছেন না। ওই জায়গা থেকে বিশেষ চমক হিসেবে এবারের বিগ বসে রাখা হচ্ছে এআই পুতুল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে তৈরি প্রথম রোবট পুতুল হাবুবু বিগ বসে অংশ নেবে। ইতিমধ্যে পুতুলটি সামাজিক মাধ্যমে আলোচনার তুঙ্গে। এবার এর রোবটিক অবতারকে দেখা যাবে শোয়ে।

জানা যাচ্ছে, সালমানের অনুষ্ঠান ‘বিগ বস ১৯’-এ জায়গা করে নেবে এই প্রযুক্তি।
হ্যাঁ, এটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি একটি বিশেষ পুতুল। নাম তার ‘হাবুবু’! এই পুতলই নাকি এবারের ‘বিগ বস’-এর প্রথম প্রতিযোগী! ‘হাবুবু’ আরবে খুবই জনপ্রিয়। এই প্রথম ‘বিগ বস’-এর ইতিহাসে প্রতিযোগী হিসেবে জায়গা করে নেবে কোনো রোবট।

‘হাবুবু’ শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রোবট পুতুল নয়।
এর সাজপোশাক ও ডিজাইনের জন্য আরবে নাকি সে খুবই জনপ্রিয়। মানুষের সঙ্গে নাকি এর বহু মিল। মানুষের আবেগ নকল করার ক্ষমতাও এটির রয়েছে। সাতটি ভাষায় কথা বলতে পারে ‘হাবুবু’। তার মধ্যে রয়েছে হিন্দিও।
বাড়ির নানা কাজ করতে সক্ষম এই রোবট ওরফে পুতুল। উজ্জ্বল চোখ, আরবের পোশাক ও বিশেষ অভিব্যক্তির জন্যও এই রোবট খুবই জনপ্রিয়।

‘হাবুবু’ ছাড়া কোন কোন সেলিব্রিটিকে দেখা যাবে এবারের বিগ বসে, তা নিয়ে কৌতূহল রয়েছে দর্শকদের। কিন্তু বিগ বস কর্তৃপক্ষ অতিথিদের তালিকা প্রকাশ না করায় সহসা কৌতূহল নিবৃত্ত হওয়ার সুযোগ নেই। তবে তারা জানিয়েছে, সালমানের প্রাক্তন লুলিয়া ভান্তুর, অভিনেতা গৌরব খান্না এবং ইউটিউবার লক্ষ্য চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবিতে নিহত ৪, নিখোঁজ ৩৮

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উপকূলে ৬৫ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখনো ৩৮ জন নিখোঁজ রয়েছেন। রাতভর চলা উদ্ধার কার্যক্রমে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ডুবে যাওয়া ফেরিটির নাম ‘কেএমপি তুনু প্রাতামা জায়া’। এটি বুধবার দিনের শেষভাগে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ছেড়ে বালির গিলিমানুক বন্দরে যাচ্ছিল।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রা শুরুর প্রায় আধাঘণ্টা পর ফেরিটি সাগরে ডুবে যায়।

উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, ফেরিটিতে ৫৩ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। এ ছাড়া ১৪টি ট্রাকসহ মোট ২২টি যানবাহন ছিল ফেরিটিতে।

স্থানীয় পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা এএফপিকে জানান, এ পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তাদের অনেকেই দীর্ঘক্ষণ সাগরে ভেসে অচেতন হয়ে পড়েছিলেন।

রাতভর উদ্ধার অভিযানে অংশ নেয় ৯টি উদ্ধারকারী নৌকা। তবে ৬ ফুটের বেশি উচ্চতার ঢেউ ও ঘন অন্ধকারে উদ্ধারকর্মীদের হিমশিম খেতে হয়েছে বলে জানানো হয়। নিখোঁজদের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে : ডিএমপি

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে মিডিয়ায় প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। ওই সন্ত্রাসী হামলা এবং এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক বলে জানিয়েছে ডিএমপি।

বুধবার (২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলি আর্টিজানে হামলার ঘটনার নবম বর্ষপূর্তিতে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে।
প্রকৃতপক্ষে তিনি তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জসমূহ ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। অনেকে বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই ঘটনায় নিহত দেশি-বিদেশি সবার আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, হলি আর্টিজানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে এ রকম ঘটনার পূনরাবৃত্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশ্বাস করে বর্ণিত বিষয়ে অহেতুক ভুল-বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

বড় দল হিসেবে বিএনপির স্যাক্রিফাইসটাও বেশি : তারেক রহমান

দেশ ও গণতন্ত্রের স্বার্থে দেশের বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির স্যাক্রিফাইসটাও বেশি বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দল বড় হলে সমস্যাও বেশি, দায়িত্ব অনেক, স্যাক্রিফাইসটাও বেশি। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি রাজপথে নেমেছে, এই ঐতিহ্যকে সামনে রেখেই দলকে আরো সুসংগঠিত করা হচ্ছে।’

বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। দল হিসেবে আমাদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে হবে। আমাদের নেতাকর্মীদের বলছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকেই পাশে রাখুন।’

তিনি আরো বলেন, ‘দেশের গণতান্ত্রিক ভিত্তি যদি শক্ত করতে হয়, তবে বিএনপিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ভিন্নমতকে সহনশীলতা ও সম্মান দেখিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোই হবে দলের পথ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে। তার পরও অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনেও অনেক ছাড় দিয়েছে বিএনপি। অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়েছে বিএনপি।
যেন সবাই নির্বাচনের দিকে এগিয়ে যায়।’

বিএনপির গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রের চর্চা আমরা শুধু রাষ্ট্রে নয়, দলের মধ্যেও বজায় রাখতে চাই। গণতন্ত্রে বিশ্বাস বলেই আমরা ভিন্নমতকে গুরুত্ব দিই, শুনি এবং সমাধানের চেষ্টা করি।’

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একজনের অপকর্মের দায় যেন পুরো দলকে না বহন করতে হয়। দলের সুনাম নষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ও তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করাই হবে দলের মূল দায়িত্ব।’

খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করে তারেক রহমান মানুষের ভোটাধিকার নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

নতুন দল গঠনের হুমকি ইলন মাস্কের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কর বিল সিনেটে পাস হলে নতুন রাজনৈতিক দল গঠন করবেন বলে হুমকি দিয়েছেন ইলন মাস্ক। সোমবার (৩০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ তিনি জানান, ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ পাসের পরদিনই তার ‘আমেরিকান পার্টি’ গঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘যেসব কংগ্রেস সদস্য সরকারের খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আর পরে ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তাদের উচিত লজ্জায় মাথা নিচু করে থাকা। আর আমি যদি এই পৃথিবীতে আমার শেষ কাজ হিসেবেও কিছু করি, তাহলেও নিশ্চিত করব যে তারা যেন আগামী বছর প্রাথমিক বাছাইয়ে হেরে যান।
’

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে মাস্ক ডেমোক্র্যাট-রিপাবলিকানদের একদলীয় শাসন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দেশটিতে এমন একটা নতুন রাজনৈতিক দল দরকার, যেখানে সাধারণ মানুষের সত্যিকারের কণ্ঠস্বর শোনা যাবে। তিনি বলেছেন, কংগ্রেসের যেসব সদস্য বিতর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রাথমিক বাছাই পর্বে যেসব প্রার্থী দাঁড়াতে চান, তাদের তিনি সমর্থন দেবেন।

মার্কিন এই ধনকুবের শুরু থেকেই ট্রাম্পের কর বিলের সমালোচনা করে আসছেন।
এর মাধ্যমেই একসময়ের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিরোধের বিষয়টি সামনে আসে। তিনি বলেছেন, ‘এ বিল যদি পাস হয় তাহলে ডেমোক্র্যাটদের সঙ্গে রিপাবলিকানদের কোনো পার্থক্য থাকবে না।’ মাস্কের দাবি, রিপাবলিকানদের এই বিল যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা আরো বাড়িয়ে ঋণের ‘দাসত্ব’ তৈরি করবে। এই বিল পাস হলে বৈদ্যুতিক গাড়ির জন্য বরাদ্দ সরকারি ভর্তুকি ও করছাড় বাতিল হতে পারে, যা মাস্কের টেসলা দীর্ঘদিন ধরে পেয়ে আসছিল।

বাহরাইনে বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আবদুর রহমান আল খলিফার সঙ্গে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন তারা দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকের শুরুতে শেখ নাসের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সহযোগিতা আরো গভীর ও বিস্তৃত হওয়া উচিত, বিশেষ করে নিরাপত্তা, অভিবাসন ও মানবসম্পদ খাতে।
’

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। দুই দেশের মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ ও কনস্যুলার সেবার উন্নয়নে এই বৈঠক নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা বাংলাদেশের রাষ্ট্রদূতের।

করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, শনাক্ত ২৭

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ২৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৫ দশমিক শূন্য দুই এক শতাংশ।

চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৬০৯ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ।

‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা হবে না। আজ বুধবার ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে জারি করা পরিপত্রটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর মাধ্যমে গত ২৫ জুন পরিপত্র জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের ‘নতুন বাংলাদেশ দিবস’ বিষয়ক পরিপত্রটি বাতিল করা হলো।

নতুন পরিপত্রে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে।
এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৫ জুন জারি করা পরিপত্রটি বাতিল করা হলো।

এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে পরিপত্রে।