মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

হতাহতদের মধ্যে কোন হাসপাতালে কতজন, জানাল আইএসপিআর

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২ জন, ঢাকা সিএমএইচে ১১ জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ২ জন ও উত্তরা আধুনিক হসপিটালে ১ জনসহ মোট ১৮ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

এতে আরো জানানো হয়, বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭ জন, ঢাকা সিএমএইচে ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জনসহ মোট ১৬৪ জন চিকিৎসাধীন রয়েছে।

নিহতদের অধিকাংশই শিক্ষার্থী : প্রেস উইং

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী।

তবে আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল আজ বিকেলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন মারা গেছে।

প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক আহত হয়েছে। এদের মধ্যে ৮৩ জন রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

এ ঘটনায় ঘটনায় আগামীকাল মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানিয়েছে, দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন মারা গেছে। এর মধ্যে বার্ন ইনিস্টিটিউটে দুজন মারা গেছে।

আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

স্বাগতিক জিম্বাবুয়েকে ছিটকে ফেলে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা লিগ পর্ব শেষে ৪ পয়েন্ট অর্জন করে। সমান ৪ পয়েন্ট নিয়ে আগেই ফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। অন্যদিকে, এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে না পারায় ছিটকে পড়েছে জিম্বাবুয়ে।

রোববার (২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৪৪ রান। দলের পক্ষে ব্রায়ান বেনেট সর্বোচ্চ ৬১ রান করেন ৪৩ বলে। রায়ান বার্ল অপরাজিত থাকেন ৩৬ রান নিয়ে। তবে পাওয়ার প্লে ও শুরুর ১০ ওভারে ধীরগতির ব্যাটিং দলের ওপর চাপ বাড়িয়ে তোলে। প্রথম ১০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩ উইকেটে মাত্র ৫৫ রান—যা এই সিরিজে এখন পর্যন্ত সর্বনিম্ন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনার রুবিন হারম্যান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন ৩৬ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে। অধিনায়ক রসি ফন ডার ডুসেন ৪১ বলে ৫২ রান করে দলকে জয় এনে দেন। শেষ পর্যন্ত ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

এই জয়ের ফলে লিগ পর্বের আরেক ম্যাচ বাকি থাকলেও ফাইনালের দুই দল আগেই নির্ধারিত হয়ে গেছে। বাকি থাকা দুই ম্যাচ—নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড বনাম জিম্বাবুয়ে—হবে শুধুই নিয়মরক্ষার।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে, যেখানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড শিরোপার জন্য মুখোমুখি হবে।

মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর আমন্ত্রণে মোদীর রাষ্ট্রীয় সফর

মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৫ থেকে ২৬ জুলাই মালদ্বীপে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন।

মালদ্বীপের রাষ্ট্রপতি কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকীর সঙ্গে মিলে যাওয়ায় তা বিশেষ তাৎপর্য বহন করছে। এ সফরের মাধ্যমে ভারত-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক রূপ লাভ করবে বলে আশা করা হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি মুইজ্জুর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়—অর্থনৈতিক উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, সমুদ্র নিরাপত্তা ও পর্যটন—নিয়ে আলোচনা হবে।

সফরের অংশ হিসেবে দুই দেশের যৌথ উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের কর্মসূচিও রয়েছে, যা পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফর ভারত-মালদ্বীপ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার-পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে পৃথক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে নিরাপত্তা বাহিনী ১৭ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। রবিবার দেশটির আন্তঃ-বাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) ও গোয়েন্দা সূত্র এই তথ্য জানিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, ১৬ থেকে ২০ জুলাইয়ের মধ্যে কেপির মালাকান্ড জেলায় পরিচালিত একটি যৌথ গোয়েন্দা-ভিত্তিক অভিযানে ভারত-সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরো ৮ জনকে আটক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশ, লেভিস, কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং জেলা প্রশাসন অংশগ্রহণ করে। তাদের লক্ষ্য ছিল ভারতীয় প্রক্সি গোষ্ঠী ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের অবস্থান।

আইএসপিআরের বিবৃতিতে আরো বলা হয়, চার দিনব্যাপী অভিযানের সময় বাহিনী সন্ত্রাসীদের অবস্থান ঘিরে ফেলে ও তীব্র গুলিবিনিময়ে লিপ্ত হয়। এতে ভারত-সমর্থিত খাওয়ারিজ দলের ৯ সদস্য নিহত হয় এবং ৮ জন আটক হয়।
এছাড়া, সন্ত্রাসীদের ব্যবহৃত দুটি আস্তানা ধ্বংস করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এদিকে, বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আরো ৮ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।

গোয়েন্দা সূত্র জানায়, শনিবার রাতে বেলুচিস্তানের পাহরোড় এলাকায় পরিচালিত একটি সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী ৪ জন সন্ত্রাসীকে হত্যা করে।

অন্যদিকে, ১৯ ও ২০ জুলাই মধ্যরাতে বেলুচিস্তানের কালাত জেলায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত আরেকটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে আরো ৪ জন সন্ত্রাসী নিহত হয় বলে বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনী।

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু ২০০ ছাড়িয়েছে

পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় ২০২ জন প্রাণ হারিয়েছেন। চলতি বছরের জুন মাসের শেষে শুরু হওয়া বর্ষা মৌসুমে মারা যাওয়াদের মধ্যে ৯৬ জন শিশু রয়েছে। গত শনিবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঞ্জাব প্রদেশের ১২৩ জন।
খাইবার পাখতুনখাওয়ায় ৪০ জন, সিন্ধু প্রদেশে ২১ জন, বেলুচিস্তানে ১৬ জন এবং ইসলামাবাদ ও আজাদ-কাশ্মীর অঞ্চলে একজন করে মারা গেছে।

এদের বেশির ভাগই প্রাণ হারিয়েছে বাড়ি বা ভূমিধসের কারণে। এর মধ্যে অন্তত ১১৮ জন নিহত হয়েছে বাড়িধসে এবং ৩০ জন আকস্মিক বন্যায়। অন্যরা ডুবে যাওয়া, বজ্রপাত, বিদ্যুৎস্পৃষ্ট এবং ভূমিধসের কারণে মারা গেছে।
প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ১৮২ জন শিশুসহ ৫৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

রাওয়ালপিন্ডিতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও বাজার ভেসে গেছে। ধামিয়াল, হাতিচক ও মর্গাহ এলাকা পুরো তলিয়ে গেছে। টেঞ্চ ভাটা ও ফৌজি কলোনিতে পানির স্তর বিপজ্জনক সীমা অতিক্রম করেছে।

কিছু এলাকায় পানি ছাদ পর্যন্ত পৌঁছে যাওয়ায় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ফয়সালাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, গত দুদিনে ১১ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে সেখানে। দুর্বল অবকাঠামোগুলো ধসে পড়ার কারণেই বেশির ভাগ প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত অনেক পরিবার জানিয়েছে, তাদের বাড়িঘর মেরামতের সামর্থ্য নেই।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধার ও মেরামত কাজ চলছে।
ঝিলাম, পিণ্ড দাদন খান, কাল্লার কাহার ও পার্শ্ববর্তী এলাকায় বন্ধ রাস্তাগুলো চালু করতে কাজ চলছে। রাওয়ালপিন্ডির কারোলি ধোক ব্রিজ এলাকায় বৃষ্টিতে রাস্তাধসের কারণে তৈরি ফাটল মেরামত করা হয়েছে। সেখানে যান চলাচল পুনরায় শুরু হয়েছে।

গাজায় ক্ষুধায় একদিনে ১৮ জনের মৃত্যু, নিহত বেড়ে ৫৮,৮৯৫

ইসরায়েলি অবরোধের কারণে গাজায় পর্যাপ্ত ত্রান সহায়তা পৌঁছাতে পারছে না। এ কারণে গত ২৪ ঘণ্টায় গাজায় ক্ষুধা, পানিশূন্যতা ও অপুষ্টিজনিত কারণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মৃতদের মধ্যে একটি চার বছর বয়সী শিশু কন্যা রয়েছে, যার নাম রাজান আবু জাহের। সে চরম অপুষ্টি ও ক্ষুধার কারণে রবিবার প্রাণ হারায় বলে নিশ্চিত করেছেন দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের চিকিৎসকরা।

এছাড়া রবিবার গাজাজুড়ে অন্তত ১১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যাদের অনেকেই খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।

ইসরায়েলি বাহিনী খান ইউনুস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালায়, এতে এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

মিডল ইস্ট আই-এর খবরে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৮৯৫ জনে, আহত হয়েছেন আরো ১ লাখ ৪০ হাজার ৯৮০ জন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

মার্চ থেকে জুন মাসের মধ্যে ইউএনআরডব্লিউএ-এর স্বাস্থ্যকেন্দ্রগুলো পাঁচ বছরের নিচের শিশুদের ওপর প্রায় ৭৪,০০০টি স্বাস্থ্য পরীক্ষা চালায়, যার মধ্যে ৫,৫০০টি শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে বলে শনাক্ত হয় এবং ৮০০টি শিশু সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক অফিস জানিয়েছে, গাজার পরিবারগুলো ‘বিপর্যয়কর ক্ষুধা মোকাবিলা করছে, যেখানে শিশুরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং কেউ কেউ সাহায্য পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করছে।

ইসরায়েলের গণমাধ্যম নিষেধাজ্ঞার নিন্দা করে ইউএনআরডব্লিউএ বলেছে, ৬৫০ দিন ধরে গাজা একটি “ভয়াবহ দৃশ্যের সরাসরি সম্প্রচারে” পরিণত হয়েছে, যেখানে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ।

রবিবার ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে দেইর আল-বালাহর বেশ কয়েকটি এলাকায় বাসিন্দাদের উৎখাতের নির্দেশনা জারি করেছে।

একই দিনে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদ এবং মরক্কোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক বাতিলের দাবি জানিয়েছে তারা।

এক্সট্রা আর্টিস্ট থেকে নায়িকা, ‘সাইয়ারা’তে আলোচনায়

মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছে নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার। গত শুক্রবার মুক্তি পাওয়া এ ছবি রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে দেখা যাচ্ছে ইতিবাচক প্রতিক্রিয়া।

অভিষেক ছবিতেই বাজিমাত করেছেন ছবিটির নায়িকা অনীত পাড্ডা।
বি টাউনে অনীত অনেকটা অচেনা একটা নাম। একেবারে নতুন না হলেও মূলধারার সিনেমায় এটাই তার বড় সুযোগ। বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে অভিনেত্রীর ছবি।

২০০২ সালের অক্টোবরে অমৃতসরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন অনীত পাড্ডা।
টিনএজ বয়সে বিজ্ঞাপনের মধ্য দিয়ে মডেলিং শুরু করেন। ধীরে ধীরে ফটোশুট ও আরো কিছু অফার আসতে থাকে। মডেলিংয়ের পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালয় ও মেরি কলেজ থেকে স্নাতক পড়াশোনা চালিয়ে যান।

২০২২ সালে কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ ছবিতে এক্সস্ট্রা আর্টিস্ট হিসেবে কাজের সুযোগ পান অনীত।
এরপর ২০২৩ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’-তে দেখা যায় তাঁকে, যেখানে তিনি পূজা ভাট, রাইমা সেন ও জোয়া হুসেনের সঙ্গে অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি গানেও রয়েছে তার আগ্রহ। গেল বছর মুক্তি পায় তার গাওয়া প্রথম গান ‘মাসুম’। ওই বছরই একটি টিভি সিরিজেও তাকে দেখা যায় পার্শ্বচরিত্রে।

‘সাইয়ারা’ ছবির জন্য এর পরিচালক নতুন মুখ খুঁজছিলেন।
বহু অডিশনের ভিড়ে অনীতের পারফরম্যান্স এতটাই চোখে পড়ে যে মোহিত ও যশ রাজ ফিল্মসের শীর্ষ কর্তারা তাকে প্রধান চরিত্রে সুযোগ দেন। এ ছবি দিয়েই এক্সট্রা আর্টিস্ট থেকে প্রধান নায়িকা হিসেবে বলিউডে অভিষেক ঘটে অনীতের।

১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ২৩ লাখ ডলার

রেমিট্যান্সের পালে হাওয়া যেন লেগেই আছে। যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। চলতি মাসের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

রবিবার (২০ জুলাই) রেমিট্যান্সের প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
সেখান থেকেই এ তথ্য জানা যায়।

জুলাই মাসের ১৯ দিনে, প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৮ কোটি ১ লাখ ২১ হাজার ৫৭৯ ডলার। আগের মাস জুনে প্রতিদিন এসেছে ৯ কোটি ৪০ লাখ ৪১ হাজার ৬৬৬ ডলার। আর আগের বছরের জুলাই মাসে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৩৩৩ ডলার।

এ হিসাবে চলতি জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স আগের মাস জুনের চেয়ে কিছু কমলেও আগের বছরের জুলাইয়ের চেয়ে বেড়েছে। এতে রেমিট্যান্সের অব্যাহত ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার। রাষ্ট্রমালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮০ লাখ ১০ হাজার ডলার।