সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

১০ দিনে প্রাথমিক নিবন্ধন করেছেন ২৫ হজযাত্রী

আগামী বছর হজে যেতে গত ১০ দিনে (২৭ জুলাই থেকে ৫ আগস্ট) ২৫ হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। প্রাথমিক নিবন্ধিত সবাই সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। বেসরকারি ব্যবস্থাপনা কোনো হজযাত্রী এখনো প্রাথমিক নিবন্ধন করেননি।

বুধবার (৬ আগস্ট) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

আগামী বছর হজে যেতে চার লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। হজ প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ও ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ প্যাকেজ ঘোষণার আগে নিবন্ধনের গতিধীর থাকে। প্যাকেজ ঘোষণা হলে তখন দ্রুত কোটা পূরণ হয়ে যায়। কারণ, এখনো হজযাত্রীরা জানে না এবার হজে যেতে কত টাকা খরচ হবে। তাই অনেকেই দেখেশুনে নিবন্ধন করবেন।

তবে হাবের নেতারা জানিয়েছেন, প্রাথমিক নিবন্ধনে চার লাখ টাকা অনেক বেশি হয়ে গেছে। তাই প্রাথমিক নিবন্ধনে হজযাত্রীদের মধ্যে আগ্রহ নেই। প্রাথমিক নিবন্ধনের টাকা কমানোরও দাবি জানিয়েছেন তারা।

আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি সরকারের রোড ম্যাপ অনুযায়ী, এবার ১২ অক্টোবরের মধ্যে প্যাকেজের পুরো টাকা নিয়ে হজের নিবন্ধন শেষ করতে হবে।

তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার আহ্বান মাহমুদুর রহমানের

বাইরের শক্তির হুমকি মোকাবিলায় তরুণদের জন্যে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

মঙ্গলবার (৫ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মাহমুদুর রহমান বলেছেন, এরপরে যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের প্রতি আমার একটি আহ্বান, বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আমাদের তরুণদের জন্যে কম্পালসারি মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তরুণেরা দেখিয়েছে, তারা বুলেটকে ভয় পায় না। আবু সাঈদ দেখিয়েছে যে বুলেটের সামনে কীভাবে দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা যায়। সেই তরুণ সমাজকে যদি আমরা মিলিটারি ট্রেনিং দিতে পারি, তাহলে আমি মনে করি আল্লাহর রহমতে এমন শক্তি নাই যারা ১৮ কোটি মুসলমানের দেশকে পদানত করতে সক্ষম।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট বিপ্লব এদেশে নিম্ন-মধ্যবিত্ত, চাকরিজীবী-ছাত্রসহ খেটে খাওয়া মানুষের বিপ্লব। শুধু মাত্র ফ্যাসিস্ট এবং ভারতীয় দালাল শ্রেণি ব্যতীত বাংলাদেশের প্রতিটি জনগণ এই বিপ্লবের অংশীদার। এটা যেন আমরা কখনো ভুলে না যাই। আপনারা যদি শহীদদের তালিকাও দেখেন তার মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে বাংলাদেশের সাধারণ কর্মজীবী মানুষ, শ্রমিক, রিকশাচালক। এই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হবে, না হলে একসময় জনগণ ভুলে যায় বিপ্লবের কথা।

তরুণদের আবশ্যকীয় মিলিটারি প্রশিক্ষণের দাবি মাহমুদুর রহমানের

মাহমুদুর রহমান আরও বলেন, এ বিপ্লবের জন্য দুটো থ্রেট আসছে? একটা হলো অভ্যন্তরীণ। সেগুলো আসছে আমাদের সমাজব্যবস্থার মধ্যে কিংবা রাষ্ট্রব্যবস্থার মধ্যে বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনে যে ফ্যাসিবাদের দালাল এবং ভারতীয় আধিপত্যবাদের দালালদের অনুপ্রবেশ ঘটেছে তাদের মধ্য থেকে। এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। কেবল এই বিশ্ববিদ্যালয়ই নয়, বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় কাঠামোতে যে সমস্ত ফ্যাসিবাদের দোসর কিংবা ভারতীয় সাম্রাজ্যবাদের দালালরা আছে তাদেরকে খুঁজে বের করে তাদের চিহ্নিত করা আমাদের সকলের কর্তব্য।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফ্রান্সে ভয়াবহ দাবানল, ১১ হাজার হেক্টর এলাকার গাছপালা পুড়ে ছাই

ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ফ্রান্সে বুধবার রাতভর দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত নয়জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এবং ১১ হাজার হেক্টর এলাকার গাছপালা পুড়ে গেছে। খবর এএফপির।

মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই দাবানলের সূত্রপাত হয়। অডি বিভাগের বেশ কিছু গ্রাম এখনও হুমকির মধ্যে আছে। সেখানে ১,৫০০ দমকলকর্মী দাবানলের আগুন নেভাতে রীতিমতো লড়াই করছেন।

অড বিভাগের সেক্রেটারি জেনারেল লুসি রোয়েশ বলেন, আগুন এমন একটি অঞ্চলে এগিয়ে আসছে যেখানে এটি বিস্তারের সব পরিস্থিতি তৈরি আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যেন আগুনের তীব্রতা বৃদ্ধি না পায়।

তিনি বলেন, সকালের দিকে আকাশপথে সহায়তা পাওয়া যাবে বলে আশা করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। তবে তারা সতর্ক করে বলেছেন যে, এই আগুন নিয়ন্ত্রণে বেশ কয়েক দিন ব্যস্ত থাকতে হবে কারণ এটি একটি দীর্ঘমেয়াদী অভিযান।

দাবানলের আগুনে একজন গুরুতর জখম হয়েছেন এবং আরও একজন সামান্য আহত হয়েছেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে সাতজন দমকল কর্মী জখম হয়েছেন।

ক্যাম্পিং গ্রাউন্ড এবং একটি গ্রাম আংশিকভাবে খালি করা হয়েছে এবং বেশ কয়েকটি স্থানীয় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্রাম্পের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটি ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। আলোচনায় উঠে এসেছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, যুদ্ধ শেষ করার উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র-ইউক্রেন ড্রোন চুক্তির বিষয়।

মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিয়েভসহ অন্যান্য শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সম্পূর্ণভাবে অবগত।

সাম্প্রতিক সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন ট্রাম্প। তিনি আগামী ৮ আগস্টের মধ্যে ইউক্রেনে শান্তি স্থাপনে পুতিনকে সময় দিয়েছেন। না হলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।

ওয়াশিংটনের একটি সূত্র জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ বুধবার মস্কোতে রুশ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন।

নিজের রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ট্রাম্প ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে ১ হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইনের পরিস্থিতি সম্পর্কে জানেন।

তিনি জানান, ইউক্রেন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তাৎক্ষণিক যুদ্ধবিরতিকে সমর্থন করছে এবং বিভিন্ন কাঠামো প্রস্তাব করেছে যুদ্ধ থামানোর জন্য।

জেলেনস্কি বলেন, আমরা রাশিয়াকে আকাশে শান্তি, কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা নয় এবং বিশেষভাবে নাগরিক অবকাঠামো ও জ্বালানি খাতে হামলা না করার প্রস্তাব দিয়েছি। কিন্তু রাশিয়া এগুলোর সবই লঙ্ঘন করেছে এবং সেটা অত্যন্ত নিষ্ঠুরভাবে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়ার তেল কিনে এমন দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে ক্রেমলিন-ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, পুতিন এই আল্টিমেটামের কাছে নতিস্বীকার করবেন না।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেনীয় ড্রোন ক্রয় সংক্রান্ত একটি শক্তিশালী চুক্তি চূড়ান্ত হওয়ার পথে, যার মূল্য প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার।

ইউক্রেন বর্তমানে বিদেশি মিত্রদের কাছ থেকে অর্থায়ন ও বিনিয়োগ চাচ্ছে, যাতে তাদের দেশীয় অস্ত্র শিল্পকে আরও শক্তিশালী করা যায়।

বক্স অফিস কাঁপিয়ে প্রমাণ দিলেন ফুরিয়ে যাননি ব্রাড পিট

হলিউডের বেশ কিছু সিনেমা দারুণ ব্যবসা করছে বক্স অফিসে। বিশেষ করে চলতি বছরটা বলা চলে বেশ রমরমা যাচ্ছে ইংরেজি সিনেমার জন্য। অ্যাকশন, ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার, সুপারহিরো ঘরানার ছবিগুলোই বেশি সাফল্য দেখাচ্ছে। সে তালিকায় রয়েছে হলিউড সুপারস্টার ব্রাড পিটের ‘এফ১’ সিনেমাটিও।

ব্র্যাড পিট অভিনীত রেসিং ড্রামা ‘এফ১’ এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৫৪৫ মিলিয়ন ডলার আয় করেছে। এটি অভিনেতাকে তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা উপহার দিয়েছে।

এর আগে এই স্থান দখলে ছিল ২০১৩ সালের ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’। সে ছবির আয় ছিল ৫৪০ মিলিয়ন ডলার।

‘এফ১’ ইতোমধ্যেই অ্যাপলের সবথেকে সফল প্রেক্ষাগৃহভিত্তিক ছবি হয়ে উঠেছে। ছবিটি আয়ের দিক থেকে পেছনে ফেলেছে মার্টিন স্করসেজির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। এই ছবিটি ১৫৮ মিলিয়ন ডলার আয় করেছিল। রিডলি স্কটের ‘নেপোলিয়ন’ আয় করেছিল ২২১ মিলিয়ন ডলার। সে ছবরি চেয়েও এগিয়ে রয়েছে ‘এফ১’।

এদিকে ‘এফ১’ ছবির চেয়ে আয়ে এগিয়ে আছে ‘সুপারম্যান’। ছবিটি বিশ্বব্যাপী ৫৫০ মিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে। এর মধ্যে ৩১৬ মিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে। ২৩৫ মিলিয়ন ডলার আন্তর্জাতিক বাজার থেকে।

এটা ডিসি ফিল্ম ইউনিভার্সের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল ছবি হলেও আন্তর্জাতিক বাজারে ছবিটি প্রত্যাশিতভাবে সফল হয়নি। মূলত, যুক্তরাষ্ট্র-কানাডা মিলেই আয় হয়েছে ছবিটির প্রায় ৬০%। সেখানে সাধারণত বড় বাজেটের ছবিতে আন্তর্জাতিক বাজারের অবদান বেশি থাকে।

চলতি বছরের বক্স অফিসে নতুনদের সঙ্গে পুরনো সিরিজের জৌলুস আর পরিচিত মুখদের উপস্থিতি মিলিয়ে জমে উঠেছে হলিউডের প্রতিযোগিতা। তার ভিড়ে দারুণ সাফল্য পেলেন ব্রাড পিট।

আজ থেকে শুরু টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি

বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি শুরু হচ্ছে আজ বুধবার। টাইগারদের এই প্রস্তুতি শুরু হবে শেরে বাংলায়। আগেভাগেই ক্রিকেটারদের তা জানিয়ে দেওয়া হয়েছে। সে অনুসারে ফিজিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে শুরু হবে মহাদেশীয় টুর্নামেন্টের প্রস্তুতি।

বুধবার ট্রেনার নিক লির অধীনে ফিটনেস অনুশীলন করবেন ক্রিকেটাররা। এই অনুশীলন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।

মূল অনুশীলন শুরু হবে আগামী ১৫ আগস্ট থেকে। এদিন মিরপুরের শেরে বাংলায় শুরু হবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন। পাঁচদিন স্থায়ী হবে এই ক্যাম্প। এরপর টাইগারদের অনুশীলন স্থানান্তর হবে সিলেটে।

২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে আবাসিক ক্যাম্প। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগ পর্যন্ত এই অনুশীলন চলবে লিটন দাসদের।

উল্লেখ্য, ব্যাটিংয়ে টাইগারদের শক্তি-সামর্থ্য ও দক্ষতা বাড়াতে আগামী ৭ আগস্ট দলে যোগ দেবেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ছুটি কাটিয়ে ১০ কিংবা ১১ আগস্ট বাংলাদেশে আসবেন হেড কোচ ফিল সিমন্সসহ অন্যান্য কোচিং স্টাফরা।

উল্লেখ্য, এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতিমূলক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, বাকি দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পুরো গাজা দখলে নেতানিয়াহুর পরিকল্পনায় হস্তক্ষেপ না করার ইঙ্গিত ট্রাম্পের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুরো গাজা দখল করে নেওয়ার পরিকল্পনায় হস্তক্ষেপ করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

পুরো গাজা দখলের বিষয়ে নেতানিয়াহুর পরিকল্পনার বিষয়ে মঙ্গলবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি গাজার মানুষের খাবারের ব্যবস্থা করার দিকে মননিবেশ করছেন। তিনি বলেন, ‘বাকি বিষয় সম্পর্কে আমি সত্যিই কিছু বলতে পারছি না।
এটা ইসরায়েলের ওপর নির্ভর করছে।’

গাজায় জোর করে বাস্তুচ্যুতির আদেশ দিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে উপত্যকাটি ছোট ছোট এলাকায় বিভক্ত হয়ে পড়েছে। গাজার ৮৬ শতাংশ ভূখণ্ড এখন সামরিক নিয়ন্ত্রিত এলাকায় পরিণত হয়েছে।
বাকি অংশে সামরিক অভিযান আরো বাড়ালে নিপীড়িত ফিলিস্তিনিদের জীবন আরো বিপদের মুখে পড়তে পারে।

এদিকে মঙ্গলবার জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মিরোস্লাভ জেনকা বলেন, গাজা সম্পূর্ণরূপে দখল করায় ‘বিপর্যয়কর পরিণতির ঝুঁকি’ রয়েছে। তিনি বলেন, ‘এই বিষয়ে আন্তর্জাতিক আইন স্পষ্ট। গাজা ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তাকে অবশ্যই থাকতে হবে।
’

ইসরায়েলকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে সে সহায়তা কয়েকগুণ বেড়েছে। যুক্তরাষ্ট্রের অটুট সমর্থন পেয়ে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে গাজার নির্বিচার বোমা হামলা চালিয়ে সিংহভাগ অঞ্চল মাটিতে মিশিয়ে দিয়েছে। এই সময়ে ইসরায়েলের হাতে নিহত হয়েছেন ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি।
দেড় লাখের বেশি মানুষ আহত হয়েছেন এই সময়ে। হতাহতদের বেশিরভাগই নারী-শিশু।

গাজা দখল নিয়ে নেতানিয়াহু ও আইডিএফ প্রধানের মধ্যে তীব্র বিরোধ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর চিফ অব স্টাফ আইয়াল জামিরের মধ্যে গাজা পুরোপুরি দখলের প্রস্তাব নিয়ে তীব্র মতবিরোধ হয়েছে। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জামির এই সিদ্ধান্তকে সেনাবাহিনীর জন্য একটি ‘ফাঁদ’ হিসেবে অভিহিত করেছেন।

বিতর্ক আরো জোরালো হয় যখন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু (যিনি কোনো সরকারিভাবে দায়িত্বে নেই) এক্স-এ একটি পোস্টে জামিরকে আক্রমণ করে বলেন, ‘তিনি যেন মধ্য আমেরিকার কোনো কলার প্রজাতন্ত্রে ৭০-এর দশকে সংঘটিত সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন।’ জবাবে জেনারেল জামির প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বলেন, ‘এটা কেমন দেখায়? আপনি কেন আমাকে আক্রমণ করছেন? যুদ্ধ চলাকালে কেন আমার বিরুদ্ধে কথা বলছেন?’ কান পাবলিক ব্রডকাস্টার এর সূত্র দিয়ে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

 

নেতানিয়াহু জবাবে বলেন, ‘প্রতিবার যখন আপনার পরিকল্পনা মেনে নেওয়া না হয়, মিডিয়ায় পদত্যাগের হুমকি দেন— এটা মেনে নেওয়া যায় না। আমার ছেলে ৩৩ বছর বয়সী, সে প্রাপ্তবয়স্ক।’ জেনারেল জামির বৈঠকে বলেন, গাজা পুরোপুরি দখল করলে অন্তত ২০ জন জীবিত জিম্মি আরো বিপদের মুখে পড়বেন এবং সেনাবাহিনীর সক্ষমতা মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হবে।

 

তিনি বলেন, ‘আপনি গাজায় একটি ফাঁদ তৈরি করছেন।

’ চ্যানেল ১২–এর বরাত দিয়ে জানানো হয়, জামির আরো বলেন, ‘পুরো দখল জিম্মিদের জীবন হুমকিতে ফেলবে এবং বাহিনীর স্থিতিশীলতা ক্ষুণ্ণ করবে।’

জামিরের প্রস্তাব ছিল, গাজা শহর ও অন্যান্য জনবহুল এলাকাকে ঘিরে রেখে সেখান থেকে সামরিক অভিযান চালানো হোক— একটি ধাপে ধাপে অগ্রসর হওয়ার কৌশল।

নেতানিয়াহু জামিরকে বলেন, পুরো গাজা দখলের পরিকল্পনা মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করতে। জামির জানান, তিনি তা ইতিমধ্যেই করেছেন।

তখন নেতানিয়াহু বলেন, ‘সংশোধন করুন এবং আবার উপস্থাপন করুন।’ বৈঠক শেষে নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আইডিএফ নিরাপত্তা মন্ত্রিসভার যেকোনো সিদ্ধান্ত কার্যকর করতে প্রস্তুত।’ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই পরিকল্পনা অনুমোদনের কথা রয়েছে।

বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী গাজার প্রায় ৭৫ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন পরিকল্পনায় পুরো গাজা দখলের কথা বলা হচ্ছে।

ফলে পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে যাবে গাজা। এতে গাজার মিলিয়ন মানুষের জন্য কী পরিণতি হবে এবং মানবিক সংস্থাগুলোর কাজ কতটা ব্যাহত হবে— তা এখনো অনিশ্চিত।

সূত্র : টাইমস অব ইসরায়েল।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় পেছাল

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) ধার্য করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ৩০ জুলাই রিভিউ আবেদনের শুনানি শেষ হয় এবং আদেশের জন্য বুধবার দিন ধার্য করা হয়েছিল। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট আহসানুল করিম।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক উপস্থিত ছিলেন।

গত ২৭ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। এর আগে গত ৯ জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবীর এ আবেদন করেন।
পরে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে অন্তর্ভুক্ত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা আবেদন করেন।

২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করে একটি রায় দেন, যা ২০১৬ সালের ১০ নভেম্বর প্রকাশিত হয়। সেই রায়ে জেলা জজদের সরকারের সচিবদের সমমর্যাদায় ১৬ নম্বরে উন্নীত করা হয় এবং অতিরিক্ত জেলা জজদের ১৭ নম্বরে রাখা হয়। এই পদমর্যাদাক্রম কেবল রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে ব্যবহারের কথা বলা হয়।

উল্লেখ্য, ১৯৮৬ সালে তৈরি এবং ২০০০ সালে সংশোধিত ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’-এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন হাইকোর্টে রিট করেছিল। ২০১০ সালে হাইকোর্ট সেই ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বাতিল করে আট দফা নির্দেশনা দেন।

গাজা দখলের গুঞ্জনের মধ্যে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধে নতুন কৌশল নির্ধারণে মঙ্গলবার জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, নেতানিয়াহু গাজার পুরো ভূখণ্ড সামরিকভাবে দখলের পক্ষে মত দিয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজার উত্তরে জাতিসংঘের ত্রাণ সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
দক্ষিণ গাজার রাফাহর কাছে মরাগ স্কয়ারে ত্রাণ নিতে আসা আরো ২০ জন গুলিতে আহত হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরো ৮ জন মারা গেছেন। সর্বশেষ ইসরায়েলি হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, তিন ঘণ্টাব্যাপী ‘সীমিত নিরাপত্তা আলোচনায়’ সামরিক প্রধান আইয়াল জামির গাজায় অভিযান চালিয়ে যাওয়ার বিভিন্ন পথ তুলে ধরেন।
এর আগে এক ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারও এই বৈঠকে উপস্থিত ছিলেন। দেশটির ক্যাবিনেট বৃহস্পতিবার বিকেল ৬টায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে।

ইসরায়েলি চ্যানেল ১২ জানায়, নেতানিয়াহু গাজার পুরো দখল নিতে রাজি আছেন। এটি ২০০৫ সালের সেই সিদ্ধান্তকে উল্টে দেবে, যখন ইসরায়েল গাজা থেকে সেনা ও নাগরিকদের প্রত্যাহার করেছিল।
ডানপন্থী রাজনীতিকদের মতে, সেই সিদ্ধান্তই হামাসকে গাজায় ক্ষমতায় এনেছিল। তবে নেতানিয়াহু দীর্ঘমেয়াদি দখল চান, নাকি স্বল্পমেয়াদে হামাসকে ধ্বংস ও জিম্মিদের মুক্ত করতে চান— তা এখনো স্পষ্ট নয়। চ্যানেল ১২–এর প্রতিবেদনে নেতানিয়াহুর দপ্তর মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

সামরিক প্রশিক্ষণ শিবিরে নতুন নিয়োগপ্রাপ্ত সেনাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমাদের এখনো শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন, জিম্মিদের মুক্তি এবং গাজা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি না হয়, তা নিশ্চিত করতে হবে। আমরা এই লক্ষ্যগুলো থেকে সরে আসছি না।
’

জাতিসংঘ নেতানিয়াহুর সম্ভাব্য পূর্ণ সামরিক দখলের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেচেন, এ ধরনের উদ্যোগ সত্যি হলে তা হবে ‘গভীর দুশ্চিন্তার বিষয়।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এখন চেষ্টা করছি মানুষকে খাবার পৌঁছে দিতে। এর বাইরে যা হচ্ছে, সেটা ইসরায়েলের বিষয়।’

হামাস সম্প্রতি এক ভিডিও প্রকাশ করে, যেখানে ২০২৩ সালে অপহৃত ইসরায়েলি জিম্মি এবিয়াতার ডেভিডকে কঙ্কালসার অবস্থায় একটি টানেলে দেখানো হয়। ভিডিওটি ইসরায়েলে শোক এবং বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে।

ফিলিস্তিনি এক কর্মকর্তা জানান, গাজার পূর্ণ দখলের প্রস্তাব আসলে হামাসের ওপর চাপ তৈরির কৌশলও হতে পারে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই প্রস্তাব গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এই তথাকথিত ফাঁস বা পরিকল্পনা সত্যি হোক বা চাপের কৌশল— যাই হোক, আন্তর্জাতিক সমাজকে এখনই হস্তক্ষেপ করতে হবে।’

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী জোট সরকার গাজা ও পশ্চিম তীরের দখল চায় এবং ফিলিস্তিনিদের স্থানত্যাগে উৎসাহ দেয়। আন্তর্জাতিক বিচার আদালত ২০২৪ সালে রায় দেয় যে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখল বেআইনি এবং তা দ্রুত বন্ধ হওয়া উচিত।

যুদ্ধের কারণে গাজার দুই মিলিয়ন অধিবাসীর প্রায় সবাই গৃহহীন হয়েছেন। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, গাজায় ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষ’ সৃষ্টি হয়েছে। গাজার কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ক্ষুধায় প্রাণ গেছে ১৮৮ জন ফিলিস্তিনির, যার মধ্যে ৯৪ জন শিশু। গতকাল মঙ্গলবার ইসরায়েলি ট্যাংকগুলো গাজার কেন্দ্রীয় অংশে ঢুকে পড়ে। যদিও এটি বড় ধরনের স্থল অভিযান কি না— তা স্পষ্ট নয়।
গাজার এক কাঠ ব্যবসায়ী আবু জেহাদ বলেন, ‘যদি ট্যাংক ঢুকে পড়ে, আমরা যাব কোথায়? সমুদ্রে? এটি পুরো জনগণের জন্য মৃত্যু পরোয়ানা হয়ে দাঁড়াবে।’

সূত্র : রয়টার্স