সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

জোটে ভোট করলেও নিজ দলের মার্কায় নির্বাচন : ইসি

জোটগতভাবে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান যুক্ত করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও)।

সোমবার (১১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের মুলতবি সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিকেলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সংবাদমাধ্যমকে সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

তিনি জানান, সব আসনে ‘না’ ভোটের বিধান থাকবে না, তবে একক প্রার্থী থাকলে ‘না’ ভোট থাকবে এবং সেই প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
জোট থাকলেও ভোটারকে নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় এবার সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে কমিশনের আরো ক্ষমতা বৃদ্ধি পাবে।

এ ছাড়া ইভিএম ব্যবহারের বিধান আরপিও থেকে বাতিল করা হয়েছে। নির্বাচন কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার শাস্তি স্পষ্ট করে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে ইসিকে জানাতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

২০০৮ সালে নির্বাচনগুলোতে ‘না’ ভোটের বিধান ছিল সব আসনে। পরে নবম সংসদে এটি বাতিল হয়। এবার ‘না’ ভোটের বিধান সব আসনে না থাকলেও একক প্রার্থী থাকলে তাকে ‘না’ ভোটের সঙ্গে লড়াই করতে হবে, যা বিনা প্রতিদ্বন্দ্বিতার সুযোগ বন্ধ করবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “একক প্রার্থী থাকলে তিনি বিনা ভোটে নির্বাচিত হবেন না।

চূড়ান্ত সংস্কার প্রস্তাবটি আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকারের অনুমোদন পেলে এটি সংশোধন অধ্যাদেশের মাধ্যমে জারি হবে এবং প্রয়োজন হলে ঐকমত্য কমিটির সুপারিশ যুক্ত করা হবে।

থানা থেকে পালাল আসামি, ২ কনস্টেবল ক্লোজড

মাদারীপুরের রাজৈর থানা চত্বর থেকে অনিমেষ ওরফে গণি গাইন (৩২) নামের এক মাদক মামলার আসামি পালিয়ে গেছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে আদালতে নেওয়ার জন্য গাড়িতে তোলার সময় পালিয়ে যান তিনি। পরে এ সময় দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার কদমবাড়ী মধ্যপাড়ার ক্ষিতিশ চন্দ্র গাইনের ছেলে অনিমেষসহ মোট চারজনকে রবিবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়।
পরে সোমবার দুপুর ১২টার দিকে পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মাদারীপুর আদালতে পাঠানোর জন্য গাড়িতে তোলার সময় অনিমেষ এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় আহসান হাবিব ও সাদ্দাম হোসেন নামের রাজৈর থানার দুই কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনিমেষ কদমবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অপূর্ব গাইনের ভাই। তার বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে রাজৈর-শিবচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন কাদের জানান, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. নাঈমুল হাছান জানান, এ ঘটনায় রাজৈর থানার দুই কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত র‌্যাব : ডিজি

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হবে বা নির্বাচন কমিশনার যে দায়িত্ব দেবেন সে অনুযায়ী দায়িত্ব পালনে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ, পরিস্থিতি দরকার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার সেটি করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবে র‌্যাব।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কাওরান বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, ‘সামনের নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব আমাদের দেওয়া হবে বা নির্বাচন কমিশনার আমাদের যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
’

তিনি বলেন, ‘আপনারা ৫ আগস্টের পরে এ পর্যন্ত দেখেছেন র‍্যাব কীভাবে কাজ করছে। আমরা দেশে যেকোনো বড় ধরনের ক্রাইম সংঘটিত হলে তাৎক্ষণিক সেখানে যাই এবং কাজ করি। মিটফোর্ডের যে মার্ডারটা হলো তার বেশ কয়েকটা আসামি আমরা গ্রেপ্তার করেছি।’

নির্বাচনের আগে লুণ্ঠিত অস্ত্রের যতটুকু বাকি আছে তা উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা ঘণ্টায় আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি, কিভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব, কিভাবে অপরাধ দমন করব, সাধারণ মানুষ একটু স্বস্তিতে যাতে চলাফেরা করতে পারে।
তারা যাতে ছিনতাইকারী, চাঁদাবাজি ও দস্যুতার সম্মুখীন না হয়, কোনো অপহরণের ঘটনা যেন না ঘটে, সেজন্য অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

র‍্যাব বিলুপ্তির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে পুলিশের এ অতিরিক্ত আইজি বলেন, ‘এটি (র‌্যাব) বিলুপ্তি হবে কি হবে না, কি হবে এ নিয়ে আসলে এই মুহূর্তে আমরা কোনো চিন্তাভাবনা করছি না। এটা সরকার দেখবে।’

মোদি-জেলেনস্কির ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জানিয়েছেন, তিনি ইউক্রেন যুদ্ধের ‘দ্রুত ও শান্তিপূর্ণ’ সমাপ্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর তিনি এ কথা জানান।

এই আলোচনাটি এসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে শুক্রবার আলাস্কায় হতে যাওয়া একটি সম্মেলনের প্রেক্ষাপটে, যেখানে তিন বছর ধরে চলা যুদ্ধের সমাধানের চেষ্টা করা হবে।

এ ছাড়া গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেন মোদি।
সেখানেও তিনি সংঘাতের ‘শান্তিপূর্ণ সমাধান’ চাইছেন।

মস্কোর সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, যা ওয়াশিংটন ও অন্যান্য পশ্চিমা মিত্রদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারির আগ্রহের মধ্যেও টিকে আছে। এই সমন্বয় কৌশলের ফলে নয়াদিল্লি রাশিয়ার ইউক্রেন যুদ্ধের নিন্দা এড়িয়ে চলেছে এবং নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব করেছে।

জেলেনস্কির সঙ্গে আলাপের পর মোদি বলেন, ‘আমি ভারতের অবিচল অবস্থান ব্যক্ত করেছি, সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজন।
’

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরো লিখেছেন, ‘এই বিষয়ে সর্বাত্মক অবদান রাখার পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুত করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরু করার পর থেকে লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং কোটি কোটি মানুষ ঘরছাড়া হয়েছে। এই বছর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা আলোচনা ফলপ্রসূ হয়নি এবং আলাস্কায় সম্মেলন যুদ্ধের সমাধান কতটা এগিয়ে আনবে তা এখনো অজানা।

পুতিন এই পর্যায়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করার সম্ভাবনাও খারিজ করে দিয়েছেন।
তবে ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, এমন একটি বৈঠক চুক্তির জন্য অপরিহার্য।

ধূমপানের জন্য স্টেশনে নামা যুবকের দ্রুতগতির ট্রেনে ঝাঁপ

অস্ট্রিয়ায় এক ব্যক্তিকে যাত্রাবিরতির পর স্টেশনে রেখে একটি দ্রুতগামী একটি ট্রেন যাত্রা শুরু করলে তিনি ট্রেনটিতে ঝাঁপিয়ে পড়েন। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২৪ বছর বয়সী আলজেরিয়ার নাগরিক ওই ব্যক্তি ভিয়েনার পশ্চিমে ৬৪ কিলোমিটার দূরে সেন্ট পোয়েলটেন স্টেশনে ধূমপানের জন্য ট্রেনের নির্ধারিত বিরতির সময়ে নেমে গিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পর তার বুঝে ওঠার আগেই ট্রেনটি ধীরে ধীরে স্টেশন ছাড়তে শুরু করে।
ট্রেনের সঙ্গে যাত্রা করতে তিনি দুই বগির মাঝখানের ফাঁকা জায়গায় ওঠার সিদ্ধান্ত নেন ও চলন্ত ট্রেনে ঝাঁপ দেন।

এরপর তিনি ট্রেনের জানালায় ধাক্কা দিয়ে অন্যান্য যাত্রীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। পরবর্তীতে জরুরি যাত্রাবিরতি দিয়ে তাকে ট্রেনে ওঠার সুযোগ দেওয়া হয়।

অস্ট্রিয়ান ট্যাবলয়েড হোয়েটে জানিয়েছে, তিনি ট্রেনের কন্ডাক্টরের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

সুইজারল্যান্ডের জুরিখ থেকে ভিয়েনায় যাত্রা করা ট্রেনটি পরবর্তীতে সাত মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছয় বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে অস্ট্রিয়ার রেলওয়ের একজন মুখপাত্র। তিনি বলেন, ‘এটি দায়িত্বজ্ঞানহীন একটি কাজ। এ ধরনের ঘটনায় সাধারণত শেষ পর্যন্ত মৃত্যুও ঘটতে পারে।’

প্রতিবেদনটিতে আরো বলা হয়, ট্রেনে ঝাঁপ দেওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে জানুয়ারিতে জার্মানিতে একই রকম একটি ঘটনা ঘটেছিল, যেখানে একজন ভাড়ার টাকা না দেওয়া যাত্রী একটি দ্রুতগামী ট্রেনের বাইরের দিকে ঝুলে ছিলেন। হাঙ্গেরির নাগরিক ওই ব্যক্তি পুলিশকে জানান, ধূমপানের বিরতিতে তিনি তার লাগেজ ট্রেনে রেখে গিয়েছিলেন, এ কারণে ট্রেন থেকে নামতে চাননি।

সূত্র : বিবিসি

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে : ডিএমপি কমিশনার

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ডিএমপির জুলাই-২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনাসভায় সভাপতির বক্তব্যে পুলিশ কর্মকর্তাদের তিনি এই আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘দীর্ঘদিন পর দেশে সুন্দর একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ওই নির্বাচনে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন।
পুরো পুলিশ বাহিনীর মান-মর্যাদা পুনরুদ্ধারে সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগর এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েন থাকবে।’

তিনি বলেন, ‘মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীতে অপরাধের ঘটনা বাড়ছে। এই প্রবণতা নিয়ন্ত্রণে কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
’

তিনি আরো বলেন, ‘জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ডিএমপির সব সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া অপরাধ সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে এবং সাধারণ জনগণের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। পুলিশ সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও বোঝাপড়া বাড়াতে হবে।
’

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (সিআইএমএস) তথ্য নিয়মিত আপডেট রাখতে হবে। সিআইএমএসের তথ্যের সঠিক ও সময়োপযোগী ব্যবস্থাপনা তদন্ত প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও দক্ষ করবে।

তিনি আরো বলেন, ওয়ারেন্ট তামিল ও চার্জশিট দাখিলের ক্ষেত্রে নির্ধারিত সময়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে আরো সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন, যাতে মামলার তদন্ত প্রক্রিয়া দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জুলাইয়ের সার্বিক অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন।
মাসিক অপরাধ সভায় জুলাই মাসে ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলিফিশের কারণে ফ্রান্সে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ

ফ্রান্সে উত্তরাঞ্চলে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সোমবার সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। কারণ জেলিফিশের একটি ঝাঁক পাম্পগুলোতে আটকে গিয়েছে, যা চুল্লিগুলো ঠাণ্ডা করতে ব্যবহৃত হয়। দেশটির বিদ্যুৎ কম্পানি ইডিএফ এ তথ্য জানিয়েছে।

ইডিএফ তাদের ওয়েবসাইটে বলেছে, চারটি ইউনিটের স্বয়ংক্রিয় শাটডাউনের ‘কোনো প্রভাব স্থাপনার নিরাপত্তাকর্মীদের নিরাপত্তা বা পরিবেশের ওপর পড়েনি’।

গ্রাভলিনস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপারেটর বলেছেন, ‘এই শাটডাউনগুলো পাম্পিং স্টেশনের ফিল্টার ড্রামে জেলিফিশের ব্যাপক ও অপ্রত্যাশিত উপস্থিতির ফলাফল।’

ঘটনার পর প্লান্টটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। কারণ এর অন্য দুই ইউনিট ইতিমধ্যে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল।

ইডিএফ জানিয়েছে, তিনটি উৎপাদন ইউনিট স্থানীয় সময় রবিবার রাতের শেষ দিকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, এরপর সোমবার সকালেই চতুর্থটি বন্ধ হয়।

তারা আরো বলেছে, ‘প্লান্টের দলগুলো সক্রিয় রয়েছে এবং নিরাপদে উৎপাদন ইউনিটগুলো পুনরায় চালু করার জন্য বর্তমানে প্রয়োজনীয় সমস্যা নির্ণয় ও হস্তক্ষেপ করছে।’

গ্রাভলিনস পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর ছয়টি চুল্লি রয়েছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ৯০০ মেগাওয়াট। বিদ্যুৎকেন্দ্রটি ২০৪০ সালের মধ্যে এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পরবর্তী প্রজন্মের চুল্লি চালু করার পরিকল্পনা করেছে।

উড্ডয়নের ২১ মিনিট পরই শাহজালালে বিমানের জরুরি অবতরণ

কেবিনে অধিক তাপমাত্রার কারণে উড্ডয়নের ২১ মিনিট পরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬১৫ ফ্লাইট।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি। কিন্তু ২১ মিনিট পরই দুপুর ২টা ৫৫ মিনিটে আবার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমান সূত্রে জানা গেছে, বিজি ৬১৫ ফ্লাইটটি উড্ডয়নের পর কেবিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়।
এরপর বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। পরবর্তী ফ্লাইটে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হবে।’

এর আগে, রবিবার (১০ আগস্ট) যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা বিছিয়ে সংবর্ধনা দিয়েছে দেশটির সরকার।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনারও দেওয়া হয়।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আগামীকাল মঙ্গলবার দেশটির পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে আরো সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানাবে ঢাকা।

এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন।

পরদিন বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম)। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন। একই সময় প্রধান উপদেষ্টা ইউকেএমের চ্যান্সেলর এবং নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেন।

দিল্লি-ওয়াশিংটন রুটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বন্ধ ঘোষণা

ভারতের দিল্লি ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সেবা ১ সেপ্টেম্বর থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বিমান চলাচল স্থগিত রাখার বিষয়টি জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বেশ কয়েকটি বিমানের সংস্কারের কাজ চলার কারণে এসব ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমানগুলোর মধ্যে বিশেষ করে বোয়িং ৭৮৭-৭ ড্রিমলাইনার বিমানটি এখন আকাশে উড়বে না।
এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ থাকায় দীর্ঘ যাত্রাপথের বিমান পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে। সব দিক বিবেচনা করেই আপাতত দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

যে সব যাত্রী ইতিমধ্যেই ১ সেপ্টেম্বরের পর দিল্লি ও ওয়াশিংটনের এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট কেটেছেন তাদের সঙ্গে যোগাযোগ করছে সংস্থাটি। বিকল্প পথে দিল্লি থেকে ওয়াশিংটন বা ওয়াশিংটন থেকে দিল্লি আসার ব্যবস্থা করা হয়েছে।
তবে যে সব যাত্রী সেই বিকল্পে রাজি নন, তাদের টিকিটের টাকা সম্পূর্ণ ফেরত দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। দিল্লি থেকে সরাসরি ওয়াশিংটনের বিমান না থাকলেও নিউইয়র্ক, নেওয়ার্ক, শিকাগো ও সান ফ্রান্সিসকো হয়ে ওয়াশিংটন পৌঁছতে পারবেন যাত্রীরা।

উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনে গ্যাটউইকের উদ্দেশে রওনা হয়েছিল বিমান সংস্থাটির এআই ১৭১ ফ্লাইট। রানওয়ে ছাড়ার ৩২ সেকেন্ডের মধ্যে সেটি বিধ্বস্ত হয়ে ২৬০ জনের মৃত্যু হয়।
আহমেদাবাদে দুর্ঘটনার শিকার বিমানটি বোয়িংয়ের ৭৮৭ মডেলের ছিল। দুর্ঘটনার পর পরই এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব বিমানে পরীক্ষা শুরু করেছিল কর্তৃপক্ষ।