শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আবারও আইটেম গানে নুসরাত ‘ঝড়’

পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত মুখ। এবারের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে তাঁর ‘চাঁদ মামা’ গানে তাঁর রসায়ন আলোচনায় ছিল। এবার মুক্তি পেয়েছে কলকাতার সিনেমা ‘রক্তবীজ ২’ সিনেমার আইটেম গান। যেখানে পাওয়া গেছে আবেদনময়ী নুসরাতকে।

শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে ছবির নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সবুজ পোশাকে নুসরাতকে দেখা গেছে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে। চোখ ধাঁধানো সাজ, প্রাণবন্ত নাচ আর গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদনের জন্য নয়, ছবির গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে। আরও বড় চমক, গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী।

আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে ‘রক্তবীজ ২’।
এর আগে ১৪ আগস্ট প্রকাশ হয় ছবির টিজার, যা দেখে ছবির প্রতি কৌতূহল বাড়ে দর্শকের। প্রথম পর্বের মতো এবারও অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি এবং সীমা বিশ্বাস।

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ, ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপে মন্ত্রিসভার সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডকাম্প।

ডানপন্থী কেন্দ্রঘেঁষা নিউ সোশ্যাল কনট্রাক্ট পার্টির এই নেতা শুক্রবার জানান, তিনি অর্থবহ পদক্ষেপে সমঝোতায় পৌঁছাতে পারেননি এবং ইতিমধ্যে আরোপিত নিষেধাজ্ঞা নিয়েও সহকর্মীদের কঠিন আপত্তির মুখে পড়েছিলেন।

তার প্রচেষ্টার মধ্যে ছিল ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গাভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা। কারণ, তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে উসকে দিচ্ছিলেন।

এছাড়া ফেল্ডকাম্প নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশ রপ্তানির তিনটি অনুমতিও বাতিল করেছিলেন। তিনি সতর্ক করে বলেন, গাজার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এবং এর অবাঞ্ছিত ব্যবহারের ঝুঁকি রয়েছে।

তার পদত্যাগের ফলে নেদারল্যান্ডস এখন পররাষ্ট্রমন্ত্রীশূন্য অবস্থায় পড়ল— যে সময় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনায় ব্যস্ত রয়েছে।

তার পদত্যাগের পর ফেল্ডকাম্পের প্রতি সমর্থন জানিয়ে নিউ সোশ্যাল কনট্রাক্ট পার্টির সব মন্ত্রী ও রাষ্ট্রীয় সচিবরাও সংহতি প্রকাশ করে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন।

নভেম্বরে ভারতে খেলবে মেসিরা

ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নভেম্বরে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দলের নেতৃত্বে থাকবেন লিওনেল মেসি।

এএফএ জানিয়েছে, নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে।
এর মধ্যে দুটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় এবং একটি ম্যাচ হবে ভারতের কেরালায়। যদিও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

এছাড়া ২০২৫ সালের বাকি সময়ে আর্জেন্টিনার আরো দুটি প্রীতি উইন্ডো রয়েছে। এর প্রথমটি অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
সেখানে একাধিক ম্যাচ খেলবে স্কালোনির দল। নভেম্বরের উইন্ডোতে ম্যাচগুলো হবে লুয়ান্ডা ও কেরালায়।

কেরালায় ম্যাচ আয়োজনের ঘোষণাটি রাজ্য সরকার ও তাদের বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির জন্য বড় স্বস্তির খবর। এর আগে আর্জেন্টিনা এ বছর ভারতে না আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুরাহিমান মে মাসে জানান, মেসিরা এ বছর কেরালায় নামবেন না। এমনকি সফর বাতিল হলে আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি।

অবশেষে সব জটিলতা কাটিয়ে মেসিদের কেরালা সফর নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পুলিশ

ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হলেও আগের তুলনায় ক্রমেই কঠোর হচ্ছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরোটলারেন্স নীতিতে এগোচ্ছে তারা। এর মধ্যে অবৈধ অস্ত্র, মাদক এবং চাঁদাবাজি বন্ধে পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে বিশেষ বার্তা।
অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ ঘোষণার কথাও ভাবছে সরকারের শীর্ষ মহল। যদিও সংশ্লিষ্টরা বলছেন, প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে এখনো বিস্তর ফারাক। সরকারের উচিত হবে অতি দ্রুত নেপথ্য কারণ বের করে এর সুস্পষ্ট সমাধান করা।

সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেভাবে রয়েছে, আমার মনে হয় নির্বাচন করতে তেমন অসুবিধা হবে না।
অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা পুরস্কারের ঘোষণাও দিয়েছি। আমরা মাঠপর্যায়ে নির্বাচনী কার্যক্রম অনেক আগে থেকেই শুরু করেছি। আমার দায়িত্ব ভোট কেন্দ্র দেখা না, ভোটের প্রস্তুতি গ্রহণ করা। বাইরে থেকে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়া।
’

জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খোদ কমিশনার সাজ্জাত আলী। ছিনতাই, চাঁদাবাজি রোধে সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি। আগাম প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে ফুট প্যাট্রলিং এবং মোটরসাইকেল প্যাট্রলিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সিসিটিভি ক্যামেরা সচল আছে কিনা তা দেখে ব্যবস্থা নেওয়াসহ টানা পার্টি দমনে বিশেষ নির্দেশ দেন কমিশনার।

সূত্র বলছে, রাজধানীসহ দেশের প্রায় সব এলাকাতেই ঘটছে খুনাখুনি, চাঁদাবাজি, রাজনৈতিক হানাহানি এবং সামাজিক বিরোধের মতো ঘটনা।
সীমান্ত দিয়ে এখনো আগের মতোই ঢুকছে ভয়ংকর সব আগ্নেয়াস্ত্র-মাদক। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত এক বছরে (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫) হত্যা মামলা ৩ হাজার ৮৫৭। আগের মামলা বাদ দিয়েও মাসে গড়ে ২৮৮। অথচ চলতি বছরের জানুয়ারি-জুনে গড় ছিল ২৫৬। বাড়ছে খুন। শুধু ঢাকা রেঞ্জেই ৯০৩টি মামলা। রাজধানীতেই ছয় মাসে ২১৭ খুন, এর বেশির ভাগ রাজনৈতিক কারণে। এক বছরে ডাকাতি-দস্যুতা মামলা ২ হাজার ৪৫৭। আগের বছরের চেয়ে ৮৩৮ বেশি। গড়ে মাসে ২০৫। সর্বাধিক মামলা ঢাকা রেঞ্জে ৫৮০, মহানগরে ৪৫২। মহাসড়কে রাতের পর রাত গণডাকাতি। কোথাও র‌্যাব পরিচয়ে বাস থামিয়ে প্রবাসীর মালামাল লুট, কোথাও গ্রামবাসী অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব খোয়াচ্ছে। আতঙ্কে বহু এলাকায় গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছে। এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে অনেক ফারাক। পুলিশের নিজস্ব পরিসংখ্যানই দেখাচ্ছে পরিস্থিতি খারাপের দিকে। যত দিন যাবে, নির্বাচনের আগে অপরাধ আরও বাড়বে। অতীত অভিজ্ঞতাও তাই বলে। নির্বাচন ঘিরে অশনি সংকেত স্পষ্ট। সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ। তিনি আরও বলেন, অপরাধীকে অন্য কোনো পরিচয়ে বিবেচনা করা হলে ভবিষ্যতে এর ভয়াবহ খেসারত দিতে হবে সরকারকে। জুলাই বিপ্লবের পর ভেঙে পড়া পুলিশের মনোবল এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি। এখনো অভিযানে আতঙ্কে ভুগছে পুলিশ সদস্যরা। মাঝেমাঝেই ঘটছে পুলিশের ওপর হামলার ঘটনা। অপরাধীদের ধরতে গেলেই চলছে তদবির-রাজনৈতিক চাপ। বিপরীতে বেপরোয়া হচ্ছে অপরাধীরা। দোকান না দিলে দোকান দখল, হাসপাতাল না দিলে হামলা, মাছের খামারে বিষ দেওয়ার ঘটনাও ঘটছে। চট্টগ্রামের বাঁশখালীর বিশাল মাছ প্রকল্পও চলে গেছে চাঁদাবাজদের কবলে। চাঁদাবাজির প্রতিবাদে ময়মনসিংহে হাসপাতাল মালিকরা ও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ প্রতিবেদককে বলছেন, মাঝেমাঝেই তারা আইন প্রয়োগে বাধার মুখে পড়ছেন। বিভিন্ন সংস্থার সদস্যদের ভূমিকা অনেকটা গ্যালারিতে বসে খেলা দেখার মতোই। জানা গেছে, রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ, ধানমন্ডির ২৫ স্পট ছিনতাইকারীদের দখলে। রাজধানীতে সক্রিয় ছিনতাইকারী অন্তত ৯ শতাধিক। ৫ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ছিনতাইকারীদের হাতে নিহত সাতজন। সর্বশেষ কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন বঙ্গভবন নিরাপত্তার অতিরিক্ত উপ-কমিশনার সুমন রেজা। এর আগেও শাহবাগ, ধানমন্ডি, পুরান ঢাকায় একের পর এক রক্তাক্ত ছিনতাই। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ডাকাতি-ছিনতাইও থামছে না। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডাকাতি মামলা হয়েছে ১,৩৬৩। এর মধ্যে মে মাসেই ২৪৪টি। মহাসড়কে কুমিল্লা, পাবনা, পঞ্চগড়ে গণডাকাতি। ঘরে ঢুকে খুন, রাস্তায় অস্ত্র ঠেকিয়ে লুট। এর বাইরে গত ৯ জুলাই মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদকে খুনের বীভৎস দৃশ্য এখনো ভুলতে পারছেন না অনেকেই। ৮ মে বাড্ডায় ঠিকাদার আনোয়ার হোসেন, পুলিশ প্লাজার সামনে টেলি সুমন হত্যাকাণ্ড এবং ১৫ মে একই এলাকায় বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যার ঘটনাও আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে সেনাবাহিনীর বরখাস্তকৃত মেজর সাদিক দম্পতির ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রশিক্ষণের বিষয়টি ভাবিয়ে তুলেছে সরকারের শীর্ষ মহলকে। যদিও পুলিশ পরিদর্শক বাহারুল আলম দাবি করেছেন, নির্বাচন সামনে রেখে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্নেল ইফতেখার আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের প্রতিটি সদস্য তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দিয়ে কাজ করছে।

হামাস যুদ্ধবিরতি মানলেও গাজা দখল করব : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলেও আমরা গাজা দখল করব।’ বৃহস্পতিবার স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে তিনি এ কথা বলেন। খবর মিডল ইস্ট মনিটরের।

নেতানিয়াহু বলেন, ‘আমরা গাজার যুদ্ধ শেষের কাছাকাছি।
হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলেও আমরা গাজার নিয়ন্ত্রণ চালিয়ে যাব।’

তিনি বলেন, ‘যুদ্ধ আজই শেষ হতে পারে যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়। অবরুদ্ধ গাজায় এই যুদ্ধের মূল লক্ষ্য হলো সব বন্দিকে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করা, যা স্থায়ী শান্তি নিশ্চিত করতে অপরিহার্য।’

নেতানিয়াহু দাবি করেন, আমার লক্ষ্য গাজা দখল করা নয়, বরং গাজা ও ইসরায়েলকে একটি ভিন্ন ভবিষ্যৎ দেওয়া এবং আমি বিশ্বাস করি আমরা তা অর্জনের কাছাকাছি।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সিটিতে সামরিক নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে নির্মূল করার তার লক্ষ্যকে সম্পূর্ণ সমর্থন করছেন।’

‘ইকতেদার ১৪০৪’ সফলভাবে সম্পন্ন করেছে ইরানের নৌবাহিনী

ইরানের নৌবাহিনী সফলভাবে সর্বশেষ সামরিক মহড়া ‘ইকতেদার ১৪০৪’ সম্পন্ন করেছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ভারত মহাসাগরের উত্তরাংশে ও ওমান সাগরে এই মহড়া অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ ক্রুজ এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়। খবর মেহের নিউজের।

মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার ‘জেনেভেহ’ ও ডেস্ট্রয়ার ‘সাবালান’ থেকে একযোগে ‘নাসির’, ‘গাদির’ ও ‘কাদের’ নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ ও জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে।

‘কাদের’ একটি মাঝারি পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা সমুদ্র বা উপকূল থেকে নিক্ষেপ করা যায়। এটি উচ্চ ধ্বংসক্ষমতা ও নির্ভুল নিশানার জন্য পরিচিত।
অন্যদিকে, ‘গাদির’ হলো একটি দীর্ঘ পাল্লার, রাডার-এড়িয়ে চলতে সক্ষম জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা শত্রুপক্ষের জাহাজে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্র-ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। এই মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্পের উপদেষ্টা থেকে সমালোচক হওয়া বোল্টনের বাড়িতে অভিযানে এফবিআই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমানে তার অন্যতম কট্টর সমালোচক জন বোল্টনের বাড়িতে শুক্রবার অভিযান চালিয়েছে ফেডারাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

ওয়াশিংটনের উপশহর বেথেসডায় বোল্টনের বাড়িতে ভোরে এফবিআই এজেন্টদের প্রবেশ করতে দেখা গেছে বলে এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন। বাড়ির বাইরে পুলিশ গাড়ি দাঁড়িয়ে ছিল, ফ্ল্যাশলাইট জ্বলছিল, আর রাস্তায় সাংবাদিক ও কৌতূহলী লোকজন ভিড় করেছিলেন।

ট্রাম্পকে এফবিআইয়ের এ অভিযানের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি তার ভক্ত নই, কিন্তু অভিযানের ব্যাপারে আগে কিছু জানতাম না।
সকালে টেলিভিশনে দেখেছি।’

বোল্টনকে ‘লো-লাইফ’ আখ্যা দিয়ে ট্রাম্প আরো বলেন, ‘সে খুব শান্ত স্বভাবের, শুধু টেলিভিশনে ট্রাম্প সম্পর্কে খারাপ কিছু বলতে পারলেই মুখ খোলে।’

এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক্সে লিখেছেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়… এফবিআই এজেন্টরা মিশনে।’

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বোল্টনের কাছে বা তার মাধ্যমে গোপন নথি ফাঁস হয়েছে কি না, তা তদন্তের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়।
তবে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, অভিযানের সময় বোল্টন বাড়িতে ছিলেন না এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি।

৭৬ বছর বয়সী বোল্টন ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে তিনি ট্রাম্পের তীব্র সমালোচনামূলক বই দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড প্রকাশ করেন, যা নিয়ে ট্রাম্প প্রশাসন অসন্তুষ্ট ছিল। বইটি নিয়ে গোপন তথ্য ফাঁসের অভিযোগে আইনি বাধা দেওয়ার চেষ্টা হলেও ২০২১ সালে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর তা বন্ধ হয়ে যায়।

এর পর থেকেই বোল্টন টেলিভিশন ও পত্রপত্রিকায় ট্রাম্পবিরোধী সমালোচনায় সরব রয়েছেন। ইরানবিরোধী অবস্থানের কারণে তিনি দেশটির পক্ষ থেকে মৃত্যুর হুমকিও পেয়েছেন।

ট্রাম্প বোল্টনসহ আরো কয়েকজন সমালোচকের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করার সাত মাস পর এফবিআই এ অভিযান পরিচালনা করল।

সম্প্রতি এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তাকে লক্ষ্যবস্তু করবেন কি না, এমন প্রশ্নে বোল্টন বলেন, ‘সে ইতিমধ্যেই আমার ও আরো কয়েকজনের নিরাপত্তা তুলে নিয়ে আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। আমার মনে হয়, এটি প্রতিশোধপরায়ণ প্রেসিডেন্সি।
’

গত জুলাইয়ে এফবিআই ট্রাম্পের আরো দুই সমালোচক, সাবেক এফবিআই প্রধান জেমস কোমি ও সাবেক সিআইএ প্রধান জন ব্রেনানের বিরুদ্ধেও ফৌজদারি তদন্ত শুরু করে।

নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছেই : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে দলের নেতাকর্মী ও জনগণকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের প্রধান দাবি।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীও পালন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের মানুষ আজও পরিবর্তনের অপেক্ষায়। ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আন্দোলনের ময়দানে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক বিশ্বাস ও সংগঠনের দৃঢ়তা ছাড়া গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদরা যে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন এখনো পূর্ণ হয়নি।
আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই নিরবচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘ভবিষ্যতে পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু যদি আমরা ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকতে পারি, গণতন্ত্রের জয় নিশ্চিত। ভোট দেওয়া হবে ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য। ধানের শীষের বিজয়ের জন্য কাজ করুন।
’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বেনাপোল দিয়ে ৩১৫ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি

চার মাস বন্ধের পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে ভারত থেকে আসা ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজী মুছা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, গত মঙ্গলবার থেকে ভারতের পেট্রাপোল বন্দরে ৯টি ট্রাকভর্তি ৩১৫ মেট্রিক টন মোটা চাল আমদানির জন্য অপেক্ষা করছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করলে বেনাপোল কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দিয়ে চাল ছাড়ের প্রক্রিয়া শুরু হয়।

তিনি আরো জানান, বর্তমানে আরও ৮৫টি ট্রাক চাল আমদানির অপেক্ষায় ভারতের বন্দরে দাঁড়িয়ে আছে। তবে সরকারিভাবে এখনো আমদানিকৃত মোট চালের তালিকা প্রকাশ করা হয়নি। চলতি বছরের সর্বশেষ ভারতীয় চাল বেনাপোল বন্দর দিয়ে ১৫ এপ্রিল আমদানি করা হয়েছিল।

বেনাপোল স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, ‘চার মাসের বিরতির পর বেনাপোল বন্দরে চাল আমদানি আবার শুরু হয়েছে।
বন্ধ থাকার প্রথম দিনে ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল এসেছে এবং আরো অনেক ট্রাক আমদানির অপেক্ষায় রয়েছে।’

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, আমদানি হওয়া চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত সনদ প্রদান করা হবে, যাতে দ্রুত ছাড়করণ সম্ভব হয়।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ২০২৫ এবং সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। প্রায় তিন বছর পর আবারও তাকে দেখা যাবে লাল-সবুজের জার্সিতে।

জাতীয় দলের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস। দলে আছেন অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। ব্যাটিং বিভাগে থাকছেন তরুণ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান ও তৌহিদ হৃদয়।

বাংলাদেশ দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপের জন্য)

সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, হাসান মাহমুদ।