বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভূমিকম্পে আহত আফগান নারীদের চিকিৎসা পুরুষদের তুলনায় দেরিতে হওয়ার আশঙ্কা

আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের পর আহতদের চিকিৎসা কার্যক্রম চলছে। তবে আশঙ্কা করা হচ্ছে, নারী রোগীরা পুরুষদের তুলনায় দেরিতে চিকিৎসা পাচ্ছেন। বিবিসির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। উদ্ধারকাজে কোনো নারী স্বেচ্ছাসেবী বা কর্মী না থাকায় আহত নারীদের চিকিৎসা কার্যক্রমে বিলম্ব হওয়ার ঝুঁকি আরো বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জালালাবাদের প্রধান হাসপাতালে ইতিমধ্যেই হেলিকপ্টারে করে কিছু নারীকে আনা হয়েছে। তবে হাসপাতালের ভেতরে পুরুষ রোগীর সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা এক স্থানীয় সাংবাদিক। অত্যন্ত রক্ষণশীল এলাকা হওয়ায় কুনারে সাংস্কৃতিক কারণে নারীরা অনেক সময় দেরিতে হাসপাতালে আসেন।

ধারণা করা হচ্ছে, অনেক নারী হয়তো পরিবারসহ ঘরে থেকে গেছেন অথবা দিনের আলো ফোটার পর তাদের হাসপাতালে আনা হবে।
২০২২ সালে পাকতিকা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের পরও হাসপাতালে আহত নারী রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছিল দুই দিন পর। এবারও একই পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে শক্তিশালী ভূমিকম্পে পুরো তছনছ হয়ে গেছে আফগানিস্তানের পূর্বাঞ্চল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলের গ্রামের পর গ্রাম পুরোপুরি গুঁড়িয়ে গেছে।
কেউ কেউ বলেছেন, তাদের গ্রাম এখন প্রায় সমান হয়ে গেছে। কোনো স্থাপনাই আর অক্ষত নেই। ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০০ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে আড়াই হাজারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। ওই ভূমিকম্পের পর রাতেই নানগারহার ও কুনার প্রদেশে অন্তত ১৩টি পরাঘাত অনুভূত হওয়ার কথা বিবিসিকে জানান স্থানীয় একজন বাসিন্দা।

সূত্র : বিবিসি

একাদশে ফিরেই বাংলাদেশকে দারুণ শুরু এনে দিলেন নাসুম

পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও ছিলেন নাসুম আহমেদ। কিন্তু ঘরের মাঠের ম্যাচটিতে ২ উইকেট নিয়েও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ পাননি বাঁহাতি স্পিনার।

দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে শুরুতেই উদযাপনের মধ্যমণি হলেন নাসুম। ফেরার ম্যাচে নিজের প্রথম ওভার করতে এসেই যে জোড়া সাফল্য এনে দিলেন তিনি।
ইনিংসের তৃতীয় ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নিলেন তিনি।

ম্যাক্স ও’ডাউড (৮) আর তেজা নিদামানুরুকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করলেও তাতে অবশ্য সফল হতে পারেননি নাসুম। তার জোড়া আঘাতে শুরুটাও ভালো পায় বাংলাদেশ। পরে উইকেট উদযাপনে যোগ দেন তাসকিন আহমেদও।
ষষ্ঠ ওভারে বিক্রমজিৎ সিংকে (২৪) আউট করেন তিনি। ফিরতি বলেই ক্যাচ দিয়েছিলেন শারিজ আহমেদও। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে মিস করেন তানজিম হাসান সাকিব।

এতে পাওয়ার প্লে শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৪০ রান।
ব্যাটিংয়ে আছেন শারিজ ও স্কট এডওয়ার্ডস। শারিজের ৩ রানের বিপরীতে সমান ৩ রান করেছেন অধিনায়ক এডওয়ার্ডস। অবশ্য দলীয় ১৪ রানে নয়, ৫ রানে উইকেট উদযাপন করতে পারত বাংলাদেশ। প্রথম ওভারে বিক্রমজিৎকে রান আউট করার সুযোগ মিস করেন বোলার শেখ মেহেদী। সতীর্থর বল না ধরেই উইকেট ভেঙ্গে দেন তিনি।

তেলবাহী ইসরায়েলি জাহাজে হুতির ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি বিমান হামলায় প্রধানমন্ত্রী ও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার কয়েক দিনের মধ্যে লোহিত সাগরে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করল ইয়েমেনের হুতি আন্দোলন।

ইরান সমর্থিত গোষ্ঠীটি সোমবার জানায়, তারা লাইবেরিয়ান পতাকাবাহী স্কারলেট রে নামের একটি জাহাজে সরাসরি আঘাত হেনেছে। অন্যদিকে জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে। তবে ওই অঞ্চলের নৌ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) হুতির দাবিকে খণ্ডন করে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি রবিবার লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

ইউকেএমটিও আরো বলেছে, জাহাজের ক্রুরা তাদের জাহাজের কাছাকাছি পানিতে একটি অজ্ঞাত বস্তু পড়ার ও প্রবল বিস্ফোরণের আওয়াজ শুনেছেন। তবে সবাই অক্ষত ছিলেন এবং জাহাজটি পুনরায় যাত্রা শুরু করেছে।

লোহিত সাগরে হুতির ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি। জুলাই মাসে তারা দুটি তেলবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছিল।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও গাজায় ইসরায়েলের গণহত্যার বিরোধিতার অংশ হিসেবে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

এর আগে শনিবার হুতি ঘোষণা করে, প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবি ও অন্য শীর্ষ কর্মকর্তারা বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তাদের জানাজা সোমবার অনুষ্ঠিত হয়। হুতি নেতা আবদেল-মালিক আল-হুতি তাদেরকে পুরো ইয়েমেনের শহীদ হিসেবে অভিহিত করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক লোকদের ওপর বর্বরতার অভিযোগ এনেছেন।
তিনি বলেন, মন্ত্রী ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করার এই অপরাধ ইসরায়েলি শত্রুর অপরাধের তালিকায় যুক্ত হলো।

এদিকে হুতি যোদ্ধারা জাতিসংঘের অফিসে অভিযান চালিয়ে অন্তত ১১ জন কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করলে রবিবার উত্তেজনা আরো বেড়ে যায়। জাতিসংঘ অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং তাদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। হুতির হাতে আরো ২৩ জন জাতিসংঘ কর্মী আটক রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ২০২১ সাল থেকে আটক রাখা হয়েছে।

চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ও হুতির মধ্যে যুদ্ধবিরতি ঘটায় ওমান, যার ফলে ওয়াশিংটন ইয়েমেনে তাদের নিয়মিত বিমান হামলা বন্ধ করে।
তবে হুতির প্রধান আলোচক মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, এই চুক্তিতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা অন্তর্ভুক্ত না।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের ভূখণ্ড ও জাহাজে হামলার জন্য হুতি কঠোর মাশুল দেবে।

ইয়েমেনের উত্তরাঞ্চলে অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুতি ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা লোহিত সাগর হয়ে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছে।

গুজব-গুঞ্জন নিয়ে বলার কিছু নেই : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বৈঠকের বিষয়ে আমার জানা নেই, পত্রিকায় দেখলাম। তবে গুজব-গুঞ্জন নিয়ে বলার কিছু নেই।’

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান মাঝেমধ্যেই দেখা করেন।
রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু আছে।’

অনেকে ভাবছে কেয়ারটেকার সরকার হবে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, ‘আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই।’

তিনি বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
এটা প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সে রকম নির্দেশনা দেওয়া হয়েছে। উনারা সব পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে, আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে।

নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে, এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই।

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি গত এক বছরে মাঝেমধ্যে বেশ অবনতি হয়েছে, আবার ভালো হয়েছে। একটা গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বা বিপ্লব-পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এসব অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মাঝেমধ্যে অবনতি ঘটে, সেটা যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক—এটা অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এ রকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, ইনশাআল্লাহ আবার ভালো হবে।’

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০

আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য জানান। আহত হয়েছে আরো অন্তত ২ হাজার ৫০০ জন।

রিখটার স্কেলে ৬.০ মাত্রার এই ভূমিকম্পটি রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের দুর্গম উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে আঘাত হানে।

কাবুলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে উদ্ধারকাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই দুর্যোগ এমন এক সময়ে ঘটল, যখন আফগানিস্তান দীর্ঘদিন ধরেই মানবিক সংকটে রয়েছে—আন্তর্জাতিক সহায়তা হ্রাস এবং প্রতিবেশী দেশগুলো থেকে নাগরিকদের ফেরত পাঠানোর চাপ এর মধ্যে অন্যতম।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ, যেখানে মৃতের সংখ্যা বাড়ছে বলে জানান মুজাহিদ। তবে পার্শ্ববর্তী নানগারহার প্রদেশে ১২ জন নিহত এবং ২৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদের উদ্ধারে হেলিকপ্টারে করে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সেনা সদস্য এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে আহতদের অ্যাম্বুল্যান্সে তুলে নিচ্ছেন, কেউ কেউ নিজ হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বাঁচার আশায় নিখোঁজদের খুঁজে চলেছেন। এই ভূমিকম্প আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা।

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার ডা. মুরাদ হাসানসহ দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় এ পরোয়ানা জারি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালে পানসিয়ানা নামে একটি ইউটিউব চ্যানেলে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এ ধরনের মন্তব্য করায় ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। ডা. মুরাদ হাসান ছাড়াও টক শোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার এটিএম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে জামালপুর জেলা ট্রাক ও ট্যাংক-লরি মালিক সমিতির সহসভাপতি এবং সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান বলেন, ‘গত ২৪ মে সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন ১০ হাজার কোটি টাকার মানহানি মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন।
তবে তারা আদালতে হাজির না হওয়ায় সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

চীন সফরের আগে ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন লাইন পরিদর্শন করেছেন বলে সোমবার জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এই পরিদর্শনের পর তিনি বেইজিংয়ের বৃহৎ সামরিক কুচকাওয়াজে যোগ দিতে চীনে যাবেন।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম রবিবার একটি অস্ত্র কারখানা ঘুরে দেখেন ও বলেন, ‘দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পেয়েছে’। এ সময় তিনি ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে ‘তিনটি নতুন দীর্ঘমেয়াদি পরিকল্পনা’ অনুমোদন করেন।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ও হাজার হাজার সেনা পাঠিয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়ার ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মিত্র চীন। কিমের এই কারখানা পরিদর্শন বেইজিং সফরের আগে হলো, যেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন নেতার সঙ্গে চীনা রাজধানীর সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন।

ক্যুংনাম বিশ্ববিদ্যালয়ের ফার ইস্টার্ন স্টাডিজ ইনস্টিটিউটের অধ্যাপক লিম উল-চুল এএফপিকে বলেন, ‘ক্ষেপণাস্ত্র উৎপাদনে অগ্রগতির কথা জোর দিয়ে তুলে ধরে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ শক্তি প্রদর্শন করতে চাইছে এবং তাদের পাঁচ বছরের ক্ষেপণাস্ত্র উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে সঠিক পথে রয়েছে তা সংকেত দিচ্ছে।

বেইজিংয়ের অনুষ্ঠানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি স্মরণে আয়োজন করা হচ্ছে এবং এটি উত্তর কোরিয়ার নেতার প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক সমাবেশ হিসেবে ধরা হচ্ছে।

নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কার

২৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর করেও জিততে পারলো না জিম্বাবুয়ে। বরং, পাথুম নিশাঙ্কারস দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৫ উইকেটে জয় তুলে নিলো শ্রীলঙ্কা। সে সঙ্গে ২ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো লঙ্কানরা।

জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের বিশাল চ্যালেঞ্জ তাড়া করতে নেমে ৪৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। আবার মিডল অর্ডারে অধিনায়ক চারিথ আশালঙ্কা যোগ্য সহযোগিতা করেন নিশাঙ্কাকে। দুই ম্যাচের সিরিজ শ্রীলঙ্কা জিতে নিলো ২-০ ব্যবধানে।

২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কা ও নুয়ানিদু ফার্নান্দো ৪৮ রানের জুটি গড়ে শুরু করেছিলেন। ১৪ রান করে নুয়ানিন্দু ফার্নান্দো আউট হয়ে যান। এরপর কুশল মেন্ডিস ৫ রান করে আউট হন। সাদিরা সামারাবিক্রমা এবং পাথুম নিশঙ্কা মিলে ৭৮ রানের জুটি গড়েন। ৪৬ বলে ৩১ রানে আউট হন সামারাবিক্রমা।

এরপর ৯০ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা এবং চারিথ আশালঙ্কা। দলীয় ২৩৬ রানের মাথায় আউট হন পাথুম নিশাঙ্কা। ১৩৬ বলে তিনি ১২২ রান করে আউট হন নিশাঙ্কা। ১৬টি বাউন্ডারিতে তিনি এই ইনিংস সাজান, যেখানে কোনো ছক্কার মার ছিল না।

৬১ বলে ৭১ রান করে আউট হন চারিথ আশালঙ্কা। ১৯ রানে অপরাজিত ছিলেন জানিথ লিয়ানাগে। ৫ রানে অপরাজিত ছিলেন কামিন্দু মেন্ডিস। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাবা ও ব্রাড ইভান্স ২টি করে উইকেট নেন। ১ উইকেট নেন আরনেস্ট মাসুকু।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান করে জিম্বাবুয়ে। বেন কারান করেন সর্বোচ্চ ৭৯ রান। ৫৯ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। ৩৬ রান করেন ক্লাইভ মাদান্দে।

বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামাস এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েল জানিয়েছে, গাজার রাজধানী গাজা সিটিতে বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ এক্স-এ পোস্ট দিয়ে সেনাবাহিনী (আইডিএফ) ও দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেটকে “ত্রুটিহীন অভিযানের” জন্য অভিনন্দন জানিয়েছেন।

তবে হামাস এখনও তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। ফিলিস্তিনি এই স্বাধীনতাকাসী সংগঠনটি এর আগে জানায়, আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় বহু সাধারণ নাগরিক নিহত ও আহত হয়েছেন।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায় ওই হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। গত শনিবারের এ হামলা এমন এক সময় হলো যখন গাজা সিটিতে বড় ধরনের স্থল অভিযানের আগে টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।

রোববার প্রতিরক্ষামন্ত্রী কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় চলমান অভিযানের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদার আরও অনেক “অপরাধী সহযোগীকেও” টার্গেট করা হবে। এটি মূলত সম্প্রতি অনুমোদিত গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনারই অংশ।

আইডিএফ ও শিন বেট এক যৌথ বিবৃতিতে জানায়, শিন বেট ও সেনাবাহিনীর গোয়েন্দা শাখার আগাম তথ্যের ভিত্তিতেই এ অভিযান সম্ভব হয়েছে, যাতে আবু উবাইদার অবস্থান শনাক্ত করা যায়।

আবু উবাইদা ছিলেন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের অল্প কয়েকজন শীর্ষ নেতার একজন, যারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামলার আগের দিক থেকেই এখনো সক্রিয় ছিলেন।

শনিবারের হামলায় ছয়তলা একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একসঙ্গে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার লক্ষ্য ছিল একটি ফ্ল্যাট। এটি মূলত দাঁতের চিকিৎসকের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর লাখ লাখ ডলার সমমূল্যের টাকা উড়তে দেখা যায়। এর একটি বড় অংশ স্থানীয়রা নিয়ে গেলেও পরে হামাস তা উদ্ধার করে।

যৌথ বিবৃতিতে বলা হয়, আবু উবাইদা ছিলেন “হামাস সন্ত্রাসী সংগঠনের জনসম্মুখের মুখপাত্র” যিনি নিয়মিত হামাসের প্রচারণা চালাতেন।

গত কয়েক বছরে তিনি হামাসের সামরিক শাখার হয়ে ইসরায়েলবিরোধী বহু বক্তব্য দিয়েছেন। সবসময় মুখে ফিলিস্তিনি কাপড়ে ঢাকা আবু উবাইদা হামাস সমর্থকদের কাছে মধ্যপ্রাচ্যজুড়ে এক প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।

ধারণা করা হয়, বয়স প্রায় ৪০ বছরের কাছাকাছি এই নেতা গত শুক্রবার দেওয়া এক ভাষণে শেষবারের মতো বক্তব্য রেখেছিলেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি বন্দিদের পরিণতি হবে হামাস যোদ্ধাদের মতোই।

এসময় গাজা সিটিতে ইসরায়েলের পরিকল্পিত আগ্রাসনের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

মেসি-সুয়ারেজদের হারিয়ে লিগস কাপ জিতল সিয়াটল

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে গড়া তারকাখচিত ইন্টার মায়ামি আবারও শিরোপা হাতছাড়া করল। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩–০ গোলে হেরে যায় হ্যাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।

লুমেন ফিল্ডে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই প্রভাব বিস্তার করে সাউন্ডার্স। ২৬ মিনিটে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন ওসাজে ডি রোসারিও।
এরপর ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স রোলডান। আর শেষ মুহূর্তে রথরকের গোল নিশ্চিত করে সাউন্ডার্সের দাপুটে জয়।

২০২৩ সালে লিগস কাপ জেতানো মেসি গোলের একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন। সুয়ারেজের দুর্দান্ত পাস থেকে ৪৯তম মিনিটে একবার গোলের কাছাকাছি পৌঁছান আর্জেন্টাইন তারকা, কিন্তু তার শট রুখে দেয় সাউন্ডার্স ডিফেন্স।
ফলে লিগস কাপে টানা ৩৪ ম্যাচে ৩৪তম গোলের সুযোগ হাতছাড়া করেন তিনি।

অন্যদিকে, সাউন্ডার্সও কয়েকটি সুযোগ নষ্ট করে। ৩৯তম মিনিটে জেসুস ফেরেইরার শট পোস্টে লেগে ফিরে আসে, আর ৭২তম মিনিটে রথরকের শট বাঁচিয়ে দেন মায়ামির গোলকিপার।

ম্যাচে তিক্ততার ঘটনাও ঘটে।
শেষ দিকে রথরকের গোলের পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাক্কাধাক্কি, ঘুষাঘুষি, এমনকি সুয়ারেজকে সাউন্ডার্সের এক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, সুয়ারেজ সাউন্ডার্সের এক স্টাফকে থুতু নিক্ষেপ করছেন।

২০২৩ সালের লিগস কাপ জয়ের পর থেকে টানা ব্যর্থতায় ডুবে আছে মেসির মায়ামি। গত দুই বছরে তারা হেরেছে ইউএস ওপেন কাপের ফাইনাল, এমএলএস কাপের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে, আর কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে হোঁচট খেয়েছে কোয়ার্টার ফাইনালে।

এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়ল সাউন্ডার্স। উত্তর আমেরিকায় সম্ভাব্য সব শিরোপা জেতা প্রথম দল হিসেবে নাম লেখাল তারা। অন্যদিকে ২০২৩ সালে মেসির প্রথম মৌসুমে লিগস কাপ জয়ের পর থেকে আর কোনো ট্রফি জিততে পারেনি ইন্টার মায়ামি।