বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

জেতা-হারার ভয়ে ডাকসুটা যেন নষ্ট না হয় : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘দু-একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে, তা সন্তোষজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাশিত সংখ্যায় অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন, ‘ভোট গণনা চলছে, এর পরই ফলাফল। শিক্ষার্থীরাসহ সারা দেশ এই ফলাফলের দিকে তাকিয়ে আছে।
একটা অভ্যুত্থানের ফসল এই ডাকসু। শুধু রাজনৈতিক কামড়াকামড়ি আর জেতা-হারার ভয়ে ডাকসুটা যেন নষ্ট না হয়। যদি এটা হয়, তাহলে যাদের কারণে এটা হবে তারা এর দায় কখনো এড়াতে পারবেন না এবং এই দায়ের বোঝা নিয়ে সামনে চলতেও পারবেন না।’

তিনি আরো বলেন, ‘কেউ যদি ভাবেন, নিজে জিততে না পারলে ডাকসু সফলভাবে শেষ হতে দেব না, তাহলে ডাকসু বানচাল করার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের রাজনীতির কবর রচিত হবে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি পেসার

অবসর ভেঙ্গে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ব্রেন্ডন টেইলর। জিম্বাবুয়ের দলে যখন ফিরলেন তখন উইকেটরক্ষক-ব্যাটারের বয়স ৩৯ বছর। ক্যারিয়ারের গোধূলিলগ্নেও যখন ফেরার সিদ্ধান্ত নিলেন টেইলর ঠিক তখনই আবার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের ডাক দিলেন উসমান শেনওয়ারি।

সেটিও মাত্র ৩১ বছর বয়সে।
বিদায় বলার এখনি সময় বলে জানিয়েছেন ‍শেনওয়ারি। বিদায়ের বিষয়ে পাকিস্তানের বাঁহাতি পেসার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সম্মানের ছিল। তবে সময় এসেছে পরবর্তী প্রজন্মের জন্য পথ তৈরি করে দেওয়া।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে টি-টোয়েন্টি দিয়ে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় শেনওয়ারির। আজ যখন অবসরের ঘোষণা দিলেন ততদিনে তার ক্যারিয়ারের বয়স দাঁড়িয়েছে ১২ বছর। তবে এক যুগের এই ক্যারিয়ারে সব মিলিয়ে ম্যাচ খেলেছেন মাত্র ৩৪টি। মাঠের লড়াইয়ের থেকে পিঠের চোটের সঙ্গেই বেশি লড়তে হয়েছে তাকে।
এতে করে অন্যরা এসে তার জায়গা পূরণ করেছে। ক্যারিয়ারের সর্বশেষ যে ম্যাচটি খেলেছেন তার বয়সও প্রায় ৬ বছর হয়েছে। ২০১৯ সালে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছেন অভিষেক প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন শেনওয়ারি। তিন সংস্করণ মিলিয়ে ৪৮ উইকেট নেওয়া পেসার বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার মাধ্যমে খেলাটির এবং আমার ভক্তদের সঙ্গে যুক্ত থাকব আমি।
যাদের ভালোবাসা এবং সমর্থন আমার কাছে সব কিছু।’

রাশিয়া ভোটে হস্তক্ষেপ করে মলদোভা দখল করতে চাইছে : প্রেসিডেন্ট

মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু মঙ্গলবার ইউরোপীয় আইন প্রণেতাদের উদ্দেশে বলেছেন, এ মাসের গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচনে রাশিয়া দেশটিকে আবারও নিজের প্রভাবের আওতায় টেনে নেওয়ার জন্য ‘সীমাহীন’ হস্তক্ষেপ চালাচ্ছে।

ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া এক ভাষণে মাইয়া সান্দু এদিন বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর মলদোভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। আজ আমরা সীমাহীন এক হাইব্রিড যুদ্ধের মুখোমুখি, যা ইউক্রেনে আক্রমণের আগ পর্যন্ত দেখা যায়নি। ক্রেমলিনের লক্ষ্য স্পষ্ট—ভোটের মাধ্যমেই মলদোভাকে কবজা করা, দেশটিকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা এবং ইউরোপীয় ইউনিয়নে হাইব্রিড আক্রমণের জন্য আমাদের লঞ্চপ্যাডে পরিণত করা।

সান্দু ও তার ইউরোপীয় মিত্ররা বারবার মস্কোর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তারা ২৬ লাখ জনসংখ্যার সাবেক সোভিয়েত এই প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশটি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং ইইউ ও ন্যাটো সদস্য রুমানিয়ার মাঝামাঝি অবস্থিত।

রাশিয়ার কঠোর সমালোচক সান্দু দেশকে ইউরোপীয় ইউনিয়নের পথে নিয়ে গেছেন, বিশেষ করে ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে। ২০২৪ সালের জুনে মলদোভা আনুষ্ঠানিকভাবে ইইউতে যোগদানের আলোচনায় বসে।

তিনি বলেন, ‘আমাদের ইউরোপীয় পথ শুধু মূল্যবোধের বিষয় নয়, বরং টিকে থাকার প্রশ্ন। আর আমরা যেহেতু এই পথে যথেষ্ট অগ্রগতি করেছি, রাশিয়া তাই আমাদের বিরুদ্ধে হাইব্রিড আক্রমণের সমগ্র অস্ত্রাগার উন্মুক্ত করেছে। যুদ্ধক্ষেত্র হলো আমাদের নির্বাচন।’

মলদোভান এই নেতা রাশিয়ার নানা কৌশলের কথা বিস্তারিত তুলে ধরেন—অবৈধ ক্রিপ্টোকারেন্সি অর্থায়ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে শুরু করে সরাসরি ভোট কেনা পর্যন্ত।

তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষায় মলদোভা একা নয়। ইউরোপীয় ইউনিয়ন আমাদের আর্থিক, কারিগরি ও রাজনৈতিকভাবে পাশে দাঁড়িয়েছে, আমরা এর জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’

ইইউ আসন্ন নির্বাচনের আগে মলদোভার প্রতি সমর্থন জানাতে জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ডের নেতারা গত মাসে প্রতীকী গুরুত্ববহ এক যৌথ সফরে গিয়েছিলেন।

ডাকসুতে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট : নির্বাচন কমিশন

বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গড়ে ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা।

তিনি জানান, শহীদুল্লাহ হলে ৭৫ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৭৯ শতাংশ এবং অমর একুশে হলে ৭২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এ ছাড়া বিভিন্ন হলে ভোটগ্রহণের হার ছিল সন্তোষজনক।

কবি জসীমউদদীন হলে মোট ১ হাজার ৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৬৪টি ভোট, যা ৮২ শতাংশ। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২১২টি ভোট, যা প্রায় ৬৯ শতাংশ। সূর্যসেন হলে মোট ১ হাজার ৫০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২৭৪টি ভোট, শতাংশে ৮৫। একইভাবে শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৩৫০টি ভোট, যা ৮৫ শতাংশ।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সার্বিকভাবে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে গণনা কার্যক্রম।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন আর ১৩টি ছাত্র হলে ভোটার রয়েছেন ২০ হাজার ৯১৫ জন।

এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী রয়েছেন ৬২ জন। এ ছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

ডিএমপির যুগ্ম কমিশনারসহ ৬ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার ২ জন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৪ জনকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে তাদের বদলি করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বদলির এ তথ্য জানায়।

যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এবং যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামানকে যুগ্ম পুলিশ কমিশনার (আইসিটি) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাস আলীকে ট্রাফিক-রমনা জোন ও সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে ট্রাফিক-সবুজবাগ জোনে বদলি করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল হান্নান খানকে পেট্রোল-ধানমণ্ডি জোন ও পেট্রোল-ধানমণ্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসিবুর রহমান বাবুকে ট্রাফিক-কোতোয়ালি হিসেবে বদলি করা হয়েছে।

সিঙ্গাপুরকে উড়িয়ে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশের। শুধু বাকি ছিল বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচ। আজ সেই ম্যাচে ১২ মিনিটের ঝড়ে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছেন আল আমিন-মোরসালিনরা। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।

এতে করে সান্ত্বনার জয়ে দেশে ফিরবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপ খেলা বাংলাদেশ এর আগে হেরেছে ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনামের কাছে। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতি শেষেও দুই দলের কাছে ধরা দিচ্ছিল না ‘সোনার হরিণ’ খ্যাত গোল।

অবশেষে যখন গোলের দেখা পাওয়া গেল ততক্ষণে ম্যাচের সময় দাঁড়ায় ৭০ মিনিটে। ‘ডেডলকটাও’ দেখার মতো ভাঙলেন ফাহমিদুল। প্রায় ২৫ গজ থেকে দূরপাল্লার এক জোরালো শটে। তার শট ঠেকাতে বাঁদিকে ঝাঁপ দিলেও বলের নাগাল আর পাননি সিঙ্গাপুরের গোলরক্ষক।
সেই গোলের উদযাপন শেষ হতে না হতেই বাংলাদেশকে দ্বিতীয় লিড এনে দেন আল আমিন। ডান প্রান্তের বক্স থেকে দূরের পোস্টে বলকে জালে জড়িয়ে দেন তিনি।

৮ মিনিট পর বাংলাদেশকে ‍তৃতীয় গোল এনে দেন মহসিন আহমেদ। আর সিঙ্গাপুরের জালে শেষ পেরেক মারেন মোরসালিন। অন্যদিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন নাদিম রাহিম।
এর আগে অবশ্য সিঙ্গাপুরের বেশ কটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

ফিক্সিং নিয়ে যা বললেন বিসিবি সভাপতি বুলবুল

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে তার আগে আলোচনায় ফিক্সিং ইস্যু। সাম্প্রতিক দিনগুলোতে দেশের ক্রিকেটের আলোচিত বিষয় এই ফিক্সিং। বিপিএলের সবশেষ আসরের ফিক্সিং সন্দেহ নিয়ে এখনো তদন্ত চলমান।

গুঞ্জন রয়েছে, বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজন ক্রিকেটারকে এনসিএল টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া নাও হতে পারে। একইসঙ্গে এনসিএলকে ফিক্সিং থেকে মুক্ত রাখতে সবাইকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গতকাল (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই ম্যাচগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকবেন, প্লিজ আপনারা খেলাটাকে রক্ষা করবেন (ফিক্সিং থেকে)। এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। বিভিন্ন জায়গা থেকে ফিক্সিংয়ের অফার আসে, সেই জায়গা থেকে কিভাবে আমরা খেলাটাকে ফিক্সিং-মুক্ত রাখতে পারি। এবার এটাকে এতটাই ক্লিন রাখব যে, কেউ যেন বলতে না পারে কোনো সন্দেহ আছে।’

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল বর্তমানে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। একই সময়ে ঘরোয়া ক্রিকেটে চলবে প্রতিযোগিতামুলক টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো ক্রিকেটার আছে বলে মনে করেন বিসিবি সভাপতি।

বুলবুল বলেন, ‘ভালো খবর হচ্ছে যে, আমাদের মেইন দল দুবাইতে থাকলেও এই লিগ হচ্ছে। এর মানে হলো আমাদের অনেক ভালো ক্রিকেটার আছে, যে কারণে এরকম একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হচ্ছে। এটার কৃতিত্ব গেম ডেভেলেপমেন্ট কমিটির। তারা সুন্দর মাঠ করে দিচ্ছে, উইকেট আউট ফিল্ড করছে।’

ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হোক : উপদেষ্টা আসিফ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৯মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রত্যাশার কথা জানান।

পোস্টে তিনি লেখেন- ‘সফলভাবে সম্পন্ন হোক ডাকসু নির্বাচন। ত্যাগী, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব পাক ঢাকা বিশ্ববিদ্যালয়।

এদিকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোটকেন্দ্র, বুথ ও নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৩৮তম ডাকসু নির্বাচনে ৮টি ভোটকেন্দ্রে থাকবে ৮ শতাধিক বুথ। মোট ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার রয়েছেন।
এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান ছাত্রদলের ভিপি প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে সব ভোটারকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণ শুরুর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন আবিদুল। সেখানে এই বার্তা দেন তিনি।

আবিদুল বলেন, ‘আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘আমি নিজের ভোটাধিকার প্রয়োগ করব উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আমি এখনো ভেতরে ঢুকিনি। হয়তো পরিদর্শনের পরবর্তী সময় জানাতে পারব সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে।’

ছাত্রদলের এই প্রার্থী আরো বলেন, ‘ঢাবির সব শিক্ষার্থীদের আহ্বান করছি, একটি দীর্ঘ সময় পর গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।
ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্বকে বেছে নেবে, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা।’

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এ বয়ান ফেলে দিতে হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের এ পুরোনো বয়ান এখন ফেলে দিতে হবে। এ দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা গতিশীল বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নগণ্য।’ গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফবিসিসিআই এর ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, ‘বাংলাদেশের কথা যখন আমরা বলি, তখন খুব সহজেই আমরা আত্মতুষ্টির ট্র্যাপের মধ্যে ঢুকে যাই।
আগেও গিয়েছি, এখনো যাচ্ছি। কিন্তু আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি তার গতি খুব কম। আমাদের অর্থনীতির গতি নেই, ব্যবসা-বাণিজ্যে গতি নেই। আমাদের দারিদ্র্যের হার এখন উল্টো পথে, সদ্য দেশের বেকারত্ব বেড়ে গেছে, সেটা এখন মহামারি আকারে পৌঁছে গেছে।
প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার বেড়ে গেছে। আমাদের এগিয়ে যাওয়ার সঙ্গে এগুলো সাংঘর্ষিক, অসংগতিপূর্ণ।’

তিনি বলেন, ‘আমরা বিগত ১৫ বছরে কর্তৃত্ববাদ শাসনে ভয়াবহ গোষ্ঠীতন্ত্র দেখেছি। তবে এ গোষ্ঠীতন্ত্র দমন করতে গিয়ে বর্তমান সরকার বেসরকারি ব্যবসায়ীদের কাঠগড়ায় তুলছে, সেটা ঠিক হচ্ছে না।
আমাদের একটি নতুন প্রবৃদ্ধির চালক দরকার। যা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, অর্থনীতির চাকাকে শক্তিশালী করবে। সেটা পোশাকের বাহিরে কৃষি, ওষুধ, আইটি, চামড়া বা অন্য কোনো খাত থেকে আবিষ্কার করতে হবে।’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।