বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ওমানের বিপক্ষে বড় জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

এশিয়া কাপের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ওমানের বিপক্ষে পাকিস্তান কত বড় ব্যবধানে জিতবে সেই আলোচনাই চলার কথা। যদিও নিজেদের ব্যাটিংয়ে ঠিক আহামরি প্রদর্শনী দেখাতে পারেনি পাকিস্তান। বিপরীতে বোলিংয়ে সম্ভাবনার ইঙ্গিত দেওয়া লক্ষ্য তাড়ায় নেমে মুখ থুবড়ে পড়ল। ১৬০ রান তাড়া করতে গিয়ে তারা মাত্র ৬৭ রানেই অলআউট। ফলে ৯৩ রানের বড় জয়ে ‍টুর্নামেন্ট শুরু করল সালমান আগার দল।

গতকাল (শুক্রবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওমানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। যেকোনো ফরম্যাটেই এটি দুই দলের প্রথম দেখা। যেখানে পাকিস্তানের শুরুটা ছিল ধীরগতির। দলীয় মাত্র ৪ রানেই ওপেনার সাইম আইয়ুব আউট হয়ে যাওয়ায় ৫ ওভারে কেবল দুটি বাউন্ডারিতে ৩১ রান আসে। তবে এরপরই গতিময় ব্যাটিংয়ে পরের ৫ ওভারে ওঠে ৫০ রান।

১০ ওভারে এক উইকেটে ৮৫ রান তোলা পাকিস্তান খেই হারিয়ে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে তাদের পুঁজিটা দাঁড়ায় ৭ উইকেটে ১৬৭ রান। পাকিস্তানের পক্ষে ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান করেন মোহাম্মদ হারিস। এর আগের ১১ ইনিংসে তিনি ১৫ রানের অঙ্কটাও পেরোতে পারেননি। তারই সুবাদে পাকিস্তান ম্যাচে লড়াইয়ের পুঁজি পেল। সাহিবজাদা ফারহানের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন হারিস। যা ২৯ বলে ২৯ রান করা ফারহানের বিদায়ে ভাঙে।

মাঝে সালমান আগা, নাসান নওয়াজরা দ্রুতই ফিরেছেন। টেলএন্ডারে কেবল ১০ বলে ১৯ রানের ছোটো ক্যামিও আসে মোহাম্মদ নওয়াজের ব্যাটে। পাকিস্তানের সংগ্রহটা আরও বড় না হওয়ায় ভূমিকা রেখেছেন ওমানের অভিষিক্ত বোলার শাহ ফয়সাল ও অভিজ্ঞ স্পিনার আমির কালিম। দুজনেই ৩টি করে উইকেট নিয়েছেন।

লক্ষ্য তাড়ায় নেমে ওমান শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তাই এক মুহূর্তের জন্যও কোনো সম্ভাবনা জাগাতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি। ওমানের প্রথম আট ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল হাম্মাদ মির্জা (২৩ বলে ২৭) ও কালিম (১২ বলে ১৩)। বিপরীতে পাকিস্তানের হয়ে বল করা ৬ জনই উইকেট পেয়েছেন। দুটি করে উইকেট শিকার করেন সাইম আইয়ুব, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম।

ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, নতুন নির্বাচন মার্চে

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট। এছাড়া আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন নির্বাচনের তারিখ হলো ২০২৬ সালের ৫ মার্চ।

গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে ৬ মাস। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়।

গতকাল স্থানীয় সময় রাত ৯টার দিকে শপথ নেন সুশীলা। এরআগে নেপালের জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলাকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয়। এরমাধ্যমে তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেন-জিরা। এরমধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে অনেক শিক্ষার্থী নিহত হন। এরপর ক্ষোভে ফেনে পড়েন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন কেপি শর্মা অলি। এরপর তিনি গা ঢাকা দেন। ওইদিন বিক্ষোভকারীরা সাবেক দুজন প্রধানমন্ত্রীসহ অনেক মন্ত্রীর বাড়িতে হামলা চালান। এরমধ্যে অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে।

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে।

তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। একবার ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশীলা বলেছিলেন, ভারত নেপালকে অনেক সহায়তা করেছে।

সূত্র: এএফপি

সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে প্রোটিয়াদের উড়িয়ে দিলো ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার চলমান সফরেই ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে (৩৪২ রান) জয়ের রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। যদিও তার আগেই স্বাগতিকরা দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে ২-১ ব্যবধানে। প্রোটিয়ারা এরপর টি-টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশরা কেবল সেই শোধ–ই তোলেনি, দুটি পূর্ণ সদস্য দেশের লড়াইয়ে সর্বোচ্চ ৩০৪ রানের পুঁজিও গড়েছে।
এর আগে আইসিসির দুটি পূর্ণ সদস্য দেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৯৭ রান করেছিল ভারত (প্রতিপক্ষ বাংলাদেশ)। গতকাল (শুক্রবার) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেই রেকর্ড ভাঙলো ইংলিশরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা সবমিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। এর আগে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ এবং নেপাল ৩১৪ রান করেছিল মঙ্গোলিয়ার বিপক্ষে। এর আগে ফরম্যাটটিতে ইংল্যান্ডের সর্বোচ্চ রান ছিল ২৬৭।

এদিকে, ৩০৫ রানের লক্ষ্য দেওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে ১৫৮ রানে গুটিয়ে নিজেদের ইতিহাসে ফরম্যাটটিতে সর্বোচ্চ ১৪৬ রানের ব্যবধানে জিতল ইংল্যান্ড। রেকর্ডময় ম্যাচটিতে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ১৪১ রানের ইনিংস খেলেছেন ওপেনার ফিল সল্ট। এ ছাড়া বাটলার-ব্রুকদের ঝড়ে ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩০৪ রান। লক্ষ্য তাড়ায় আর্চার-কারানদের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি প্রোটিয়ারা। ছোট কয়েকটি ক্যামিও ইনিংসের পর ১৬.১ ওভারেই তারা ১৫৮ রানে অলআউট হয়ে যায়।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই রীতিমতো ঝড় তুলেছে ইংলিশ ব্যাটাররা। সল্ট ও জস বাটলার মিলে ওপেনিং জুটিতেই ৭.৫ ওভারে ১২৬ রান করেন। ইংল্যান্ড নিজেদের স্কোরবোর্ডে একশ রান তোলে মাত্র ৫.৫ ওভারে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম। বর্ন ফরচুইনের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তাণ্ডব চালিয়েছেন বাটলার। ৩০ বলে তিনি ৮টি চার ও ৭ ছক্কায় ৮৩ রান করেন। এর আগে ফিফটি পূর্ণ করেন মাত্র ১৮ বলে, যা ইংলিশ ব্যাটারদের মধ্যে তৃতীয় দ্রুততম। এর আগে মঈন আলি ১৬ ও লিয়াম লিভিংস্টোনের ১৭ বলে ফিফটি করার রেকর্ড রয়েছে।

বাটলারের বিদায়েও গতি কমেনি ইংল্যান্ডের স্কোরবোর্ডে। তাদের বিপক্ষে প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বনিম্ন ১০.২০ গড়ে রান দিয়েছেন কেনা মাফাখা। বোঝাই যাচ্ছে– কতটা ঝড় বয়ে গেছে তাদের ওপর। দ্বিতীয় উইকেট জুটিতে সল্ট ও জ্যাকব বেথেল মিলে আরও ৯৫ রান যোগ করেছেন। এরপর সল্ট-হ্যারি ব্রুকের জুটিতেও আসে ৮৩ রান। মাঝে বেথেল আউট হয়েছেন ১৪ বলে দুটি করে চার-ছক্কায় ২৬ রান করে। অপরাজিত ছিলেন অপর দুই ব্যাটার। ২১ বলে ৫ চার ও এক ছক্কায় ৪১ রান করেন ব্রুক।

ইংলিশদের পক্ষে সল্টের সর্বোচ্চ ১৪১ রান কেবল এই ম্যাচেরই নয়, টি-টোয়েন্টিতে তাদের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও। এর আগে তিনি দ্রুততম ইংলিশ ব্যাটার হিসেবে ৩৯ বলে ম্যাজিক ফিগার (১০০) পূর্ণ করেন। টি-টোয়েন্টিতে এটি সল্টের চতুর্থ সেঞ্চুরি। যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ডানহাতি এই ওপেনার ৬০ বলের পুরো ইনিংসটি সাজান ১৫ চার ও ৮ ছক্কায়। বিপরীতে প্রোটিয়াদের পক্ষে ২টি উইকেটই নিয়েছেন ফরচুইন।

লক্ষ্য তাড়ায় নেমে ঝোড়ো শুরু পেলেও দলীয় ৫০ রানের পর আর উইকেটের মিছিল থামাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মার্করামের ব্যাটেই এসেছে ব্যক্তিগত সর্বোচ্চ ৪১ রান (২০ বলে ২ চার ও ৪ ছক্কা)। এ ছাড়া ফরচুইন ১৬ বলে ৩২, ডোনোভান পেরেইরা ১১ বলে ২৩, ত্রিস্টান স্টাবস ২৫ বলে ২৩ ও রায়ান রিকেলটন ১০ বলে ২০ করেছেন। বিপরীতে ইংলিশদের পক্ষে আর্চার সর্বোচ্চ ৩ উইকেট এবং স্যাম কারান, লিয়াম ডসন ও উইল জ্যাকস শিকার করেন ২টি করে উইকেট।

বিরল দৃশ্যের অবতারণা, কাবার ঠিক ওপরে এলো চাঁদ

সৌদি আরবের মক্কার পবিত্র কাবা শরীফের ঠিক ওপরে দেখা গেছে চাঁদ। যেটিকে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য হিসেবে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে মক্কায় ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ কাবার ঠিক ওপরে চলে আসে।

সৌদির জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে বলেছেন, এ দৃশ্য প্রমাণ করে যে চাঁদসহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ের জন্য করা গণনা কতটা নিখুঁত। এর ফলে সারা বিশ্বের মুসলিমরা নামাজের দিক অর্থাৎ কিবলা আরও সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন।

পবিত্র কাবা শরীফে উপস্থিত হাজার হাজার মুসল্লির জন্য এটি ছিল এক বিরল ও সুন্দর অভিজ্ঞতা। অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এটি একটি ব্যবহারিক পরীক্ষার মতো ছিল। তারা এর মাধ্যমে গাণিতিক মডেলের ভবিষ্যদ্বাণীর সঙ্গে সরাসরি পর্যবেক্ষণের তুলনা করে দেখেছেন এবং বিভিন্ন কোণ ও উচ্চতা বিশ্লেষণ করে তাদের গণনা কতটা সঠিক, তা যাচাই করার সুযোগ পেয়েছেন।

আবু জাহরা আরও জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষিমণ্ডল বা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাবে। তখন এটি এক এক করে কিছু নক্ষত্রকে কিছু সময়ের জন্য ঢেকে দেবে। এই চমৎকার দৃশ্যটি সৌদি আরবসহ আরব বিশ্বের অনেক জায়গা থেকে দেখা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

ঐতিহাসিকভাবে, সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থান দেখে নামাজের সময় ও কিবলা নির্ধারণের মতো বিষয়গুলো মুসলিম জ্যোতির্বিদ্যায় সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। আজও এই ধরনের মহাজাগতিক ঘটনাগুলো আধ্যাত্মিক তাৎপর্যের পাশাপাশি বৈজ্ঞানিক আগ্রহও তৈরি করে।

সূত্র: আনাদোলু

নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

সব জল্পনার অবসান ঘটিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সুশীলা কার্কি। তিনি দেশটির সাবেক প্রধান বিচারপতি ছিলেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ স্থানীয় সময় রাত ৯টায় তিনি শপথ নেবেন। জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয়।

একটি সূত্র জানিয়েছে, সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন। তার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে। তার সরকারের মন্ত্রিসভার আকার ছোট হবে এবং আজ রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। এ বৈঠক থেকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেন-জিরা। এরমধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে অনেক শিক্ষার্থী নিহত হন। এরপর ক্ষোভে ফেনে পড়েন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন কেপি শর্মা অলি। এরপর তিনি গা ঢাকা দেন। ওইদিন বিক্ষোভকারীরা সাবেক দুজন প্রধানমন্ত্রীসহ অনেক মন্ত্রীর বাড়িতে হামলা চালান। এরমধ্যে অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে।

কেপি শর্মার পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী কে হবেন এ নিয়ে আন্দোলনকারীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। বেশিরভাগ মানুষ সুশীলা কার্কির নাম প্রস্তাব করলেও একটি পক্ষ কুলমান গিসিং নামে এক প্রকৌশলীকে প্রধানমন্ত্রী বানানোর দাবি জানান। কুলমান গিসিং নেপালের বিদ্যুৎ সমস্যা দূর করতে অগ্রণী ভূমিকা রেখেছেন। তবে সব শঙ্কা দূর করে এখন সুশীলা কার্কিই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন।

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে।

তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। একবার ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশীলা বলেছিলেন, ভারত নেপালকে অনেক সহায়তা করেছে।

সূত্র: এনডিটিভি

ট্রেনে চেপে ইউক্রেনে আকস্মিক সফরে প্রিন্স হ্যারি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে আহত ইউক্রেনীয় সেনাদের সমর্থন জানাতে শুক্রবার আকস্মিক ইউক্রেন সফর করেছেন প্রিন্স হ্যারি।

ইউক্রেনীয় রেলওয়ে জানিয়েছে, হ্যারি শুক্রবার ভোরে ট্রেনে রাজধানী কিয়েভে পৌঁছন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফরমে তাকে স্বাগত জানানো হচ্ছে।

পোস্টে বলা হয়, ‘স্যাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনে সৃষ্ট ধ্বংসযজ্ঞ নিজ চোখে দেখতে ট্রেনে করে কিয়েভে পৌঁছেছেন।

হ্যারির সফরের সময়ই কিয়েভে পৌঁছান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার, যিনি গত সপ্তাহে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

ইনভিক্টাস গেমস ফাউন্ডেশনের একটি দলের সঙ্গে ইউক্রেনে ছিলেন হ্যারি। এই ফাউন্ডেশন যুদ্ধাহত সেনাদের সহায়তা করে।

ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে হ্যারি বলেন, ‘আমরা যুদ্ধ থামাতে না পারলেও পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা করতে সর্বোচ্চ চেষ্টা করতে পারি।

প্রতিবেদনে বলা হয়, হ্যারির ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেনকো ও প্রায় ২০০ ইউক্রেনীয় প্রবীণ সেনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

আগামী সোমবার ৪১ বছরে পা দেবেন প্রিন্স হ্যারি। এর আগে এ সপ্তাহের শুরুর দিকে তিনি প্রায় দুই বছর পর প্রথমবারের মতো ব্রিটেনে গিয়ে তার বাবা রাজা চার্লস তৃতীয়র সঙ্গে সাক্ষাৎ করেন।

যদিও ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ছেড়ে স্ত্রী মেগানকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় চলে যাওয়ার পর থেকেই বাকিংহাম প্যালেসের বাকি পরিবারের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছে তার।

দেশের ভবিষ্যৎ গঠনে প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত : সিইসি

দেশের ভবিষ্যৎ গঠনে প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রতীক হিসেবে তিনি কয়েকজন নিবন্ধিত প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন।

সিইসি বলেন, ‘যেখানেই তারা (প্রবাসী বাংলাদেশি) থাকুক না কেন, সব নাগরিক যখন অংশগ্রহণ করতে পারে, তখনই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক হয়।

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার আরো সহজলভ্য করার আহ্বান পুনর্ব্যক্ত করেন সিইসি। তিনি জোর দিয়ে বলেন, প্রবাসীরা যেভাবে রেমিট্যান্স, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, সেভাবেই তাঁদের দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সিইসি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

নতুন এই কর্মসূচির আওতায় এখন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন ও টরন্টোর কনস্যুলেট জেনারেল অফিসে ভোটার নিবন্ধনসহ এনআইডি সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আয়ুব।

কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও নিশ্চিত করার সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে জাতীয় উন্নয়নে প্রবাসীদের অবদান যেমন গুরুত্ব পাবে, তেমনি তাঁদের কণ্ঠস্বরও দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিফলিত হবে।

পাকিস্তান ম্যাচের আগে অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে বাবার উচ্ছ্বাস

এশিয়া কাপ ২০২৫-এ দারুণ সূচনা করেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১৬ বলে ঝোড়ো ৩০ রান করে তিনি নজর কেড়েছেন। আসন্ন ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে অভিষেকের বাবা রাজকুমার শর্মা ছেলের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অভিষেক ৩টি ছক্কা ও ২টি চার মেরে তার ইনিংস সাজান।
এর আগে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করেছিলেন। তার ধারাবাহিক ব্যাটিংই ভারতীয় টি-টোয়েন্টি দলে তাকে ‘আনড্রপেবল’ করে তুলেছে।

রাজকুমার শর্মা ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেন, ‘ভারত প্রথম ম্যাচে ভালো খেলেছে। আমি চাই তারা ট্রফি জিতুক।
ভারত দারুণ ফর্মে আছে, আমার বিশ্বাস এবারও তারা এশিয়া কাপ জিতবে।’

তিনি আরো যোগ করেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বজুড়ে সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি। আমি খুশি যে বিসিসিআই অভিষেককে সুযোগ দিয়েছে। আমি চাই, সে সেরাটা দিক।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতাতে সাহায্য করুক এবং তারপর এশিয়া কাপও জিতুক।’

ভারতের হয়ে এখন পর্যন্ত ১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অভিষেক। করেছেন ৫৬৫ রান, স্ট্রাইক রেট প্রায় ১৯৪। যা আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা। বিশেষ করে স্পিনারদের বিপক্ষে মারকাটারি ব্যাটিংই তার বড় শক্তি।

এশিয়া কাপ ২০২৫ অভিষেক শর্মার ক্যারিয়ারের প্রথম বড় টুর্নামেন্ট। এখান থেকেই তিনি ২০২৬ সালে ভারতে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের জায়গা নিশ্চিত করতে চান।

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী কমান্ডারসহ নিহত ১০

ভারতের নিরাপত্তা বাহিনী বন্দুকযুদ্ধে এক শীর্ষ মাওবাদী কমান্ডার ও আরো ৯ গেরিলাকে হত্যা করেছে বলে শুক্রবার এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। দীর্ঘদিন ধরে চলা সংঘাত দমন করতে ভারত সরকার ব্যাপক অভিযান চালাচ্ছে।

ভারত এখন নকশালপন্থী বিদ্রোহ দমনে সর্বাত্মক লড়াই চালাচ্ছে। প্রায় ছয় দশক আগে হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি গ্রাম থেকে মাওবাদী-প্রভাবিত এ বিদ্রোহের সূচনা হয়।
১৯৬৭ সালে কয়েকজন কৃষক তাদের জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করলে এর সূত্রপাত হয়। এরপর থেকে এ সংঘাতে ১২ হাজারেরও বেশি বিদ্রোহী, সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সর্বশেষ সংঘর্ষটি বৃহস্পতিবার রাতে উড়িষ্যা ও ছত্তিশগড় রাজ্যের সীমান্তবর্তী জঙ্গলে ঘটে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা। তিনি বলেন, ‘নিহতদের মধ্যে আছেন মদেম বালকৃষ্ণ, যিনি উড়িষ্যায় মাওবাদী সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলেন এবং যিনি একাধিক নামে পরিচিত।

বালকৃষ্ণকে খুঁজে দিতে এক লাখ ১৪ হাজার ডলারের পুরস্কার নির্ধারণ করা হয়েছিল।

আগামী বছরের মার্চের মধ্যে মাওবাদী বিদ্রোহ সম্পূর্ণ দমন করার ঘোষণা দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সর্বশেষ এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘বাকি নকশালিরাও সময় থাকতেই আত্মসমর্পণ করুক।’

বিংশ শতাব্দীর প্রথম দশকের মাঝামাঝি সময়ে বিদ্রোহীরা প্রায় এক-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করত, তখন তাদের যোদ্ধার সংখ্যা ছিল আনুমানিক ১৫ থেকে ২০ হাজার।

সরকারি তথ্যমতে, গত বছর থেকে শুরু হওয়া সেনা অভিযানে শুধু ‘লাল করিডর’ জুড়ে ৪০০-র বেশি বিদ্রোহী নিহত হয়েছে।

এ বছরের মে মাসে সংগঠনের প্রধান নাম্বালা কেশব রাও ওরফে বসভারাজুকে ২৬ জন গেরিলাসহ হত্যা করা হয়।

সংঘাতে সরকারি বাহিনীও বহুবার ভয়াবহ হামলার শিকার হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে সড়কে পুঁতে রাখা বোমায় অন্তত ৯ জন ভারতীয় সেনা নিহত হন।

বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে : বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ ও চীনের যৌথ সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতা তুলে ধরা হচ্ছে। আইডিয়া শেয়ার ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ট্রেড ও ইনভেস্টমেন্টের নতুন সংযোগ তৈরি হবে।

বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ‘আমাদের দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে। উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমরা আরো এগিয়ে যেতে পারব।’

চীন ও জাপানের তুলনায় বাংলাদেশের অগ্রগতির প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘তৈরি পোশাক খাতে বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। তবে সামগ্রিকভাবে আমরা এখনো পিছিয়ে আছি।

সড়ক অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন জরুরি উল্লেখ করে শেখ বশির উদ্দিন বলেন, ‘প্রতিবছর সড়ক দুর্ঘটনায় যে সংখ্যক প্রাণহানি ঘটে তা অত্যন্ত ভয়াবহ। তাই অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতা কামনা করেছি।’

এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকল ট্যারিফ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আগামী রবিবার এ বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। ট্যারিফ কাঠামো কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।

চীনা দূতাবাস আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি এবং চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের দেশি-বিদেশি কম্পানি, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা ও প্রযুক্তিবিদরা এতে অংশ নিয়েছেন।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।