বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

শৈশবে ফুল বিক্রি করে পেট চালাতেন, এখন কোটি টাকার মালিক ধানুশ!

প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী অভিনেতা ধানুশের ‘ইডলি কড়াই’ সিনেমা। সম্প্রতি সিনেমাটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ছোটবেলার করুণ গল্পের কথা শোনালেন অভিনেতা। জানালেন, ছোটবেলায় ফুল বিক্রি করে খাবার টাকা জোগাড় করতে হতো ধানুশকে।

ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে চাইতেন ধানুশ।
কিন্তু প্রতিদিন ইডলি কেনার সক্ষমতা তার পরিবারের ছিল না।

ধানুশ বলেন, ‘ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে ইচ্ছা করত। কিন্তু কেনার পয়সা ছিল না। সেই টাকা জোগাড় করতে ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম।
তার পরে ২ ঘণ্টা ধরে আমি, বোন আর অন্য ভাই-বোনরা মিলে পাড়ার সবার বাড়ি থেকে ফুল জোগাড় করে বিক্রি করতাম। যে যত পরিমাণ ফুল জোগাড় করতে পারত, সেই অনুযায়ী লাভের ভাগ পেত।’

সেই সময় ইডলি খেয়ে যে আনন্দ পেতেন, তা এখন আর পান না, বলে জানান এই অভিনেতা। সেই পুরনো স্মৃতির কথা ভেবেই ধানুশ নিজের ছবির নাম রাখলেন ‘ইডলি কড়াই’।
শৈশবে অর্থাভাব থাকলেও এখন এই অভিনেতা কোটি টাকার মালিক। এখন চাইলেই ইডলি কিনে খেতে পারেন কিন্তু সেই স্বাদ আর পান না।

অভিনেতা বললেন, ‘ওই টাকায় চার থেকে পাঁচটা ইডলি পেতাম। নিজের পরিশ্রমের টাকায় কেনা খাবারের ওই স্বাদের কোনো তুলনা হয় না। এখন রেস্তোরাঁর খাবারে সেই তৃপ্তি পাই না।

যদিও পরিচালক কস্তুরী রাজার ছেলে ধানুশের ছোটবেলা কেটেছে অর্থাভাবে, এই কথা মানতে নারাজ নেটাগরিকেরা। সমাজমাধ্যমে অভিনেতার এই ভিডিও পোস্ট হতে দেখে একজন লেখেন, ‘ধানুশ ছোটবেলায় গরিব ছিলেন, মানে কস্তুরী রাজা পরিবার বা ছেলেকে টাকা দিতেন না, তাই তো?’ আবার একজন লেখেন, ‘ধানুশ একজন পরিচালকের ছেলে। ওদের টাকা ছিল না? পুরো মিথ্যা কথা।’

উল্লেখ্য, ধানুশের চিত্রনাট্য ও পরিচালনায় ‘ইডলি কড়াই’ সিনেমাতে অভিনয় করেছেন ধানুশ নিজেই, প্রযোজনাও করেছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন নিত্যা মেনন, অরুণ বিজয়, শালিনী পান্ডে, সত্যরাজ, আর. পার্থিবান, পি. সামুথিরকানি এবং রাজকিরণ প্রমুখ। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।

বিশ্ব অ্যাথলেটিকসে ৪৪ জনের মধ্যে ৪২তম রনি

প্রথমবার বিশ্ব অ্যাথলেটিকসে খেলার সুযোগ পান নাজিমুল হোসেন রনি। কিন্তু হতাশ করেছেন বাংলাদেশি অ্যাথলেট। ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে নিজের হিটে নবম হয়েছেন তিনি।

জাপানের টোকিওর সেই হিটে ৯ জনই অংশ নেন।
৫২.৪৭ সেকেন্ড নিয়ে সবার শেষে হিট শেষ করেন রনি। সবমিলিয়ে ৪৪ জনের মধ্যে ৪২তম হন এই হার্ডলার। এতে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয় তার।

রনি হিটে প্রথম হওয়া নাইজেরিয়ান এজেকিয়েল নাথনিয়েল সময় নিয়েছেন ৪৮.৩৭ সেকেন্ড।
অথচ, জাতীয় অ্যাথলেটিকসে আরো কম সময়ে সেরা হয়েছিলেন রনি। গত ফেব্রুয়ারিতে ৫০.৮৪ সেকেন্ড সময় নিয়ে ৩২ বছরে পুরনো রেকর্ড ভেঙেছিলেন তিনি।

সর্বশেষ সামার অ্যাথলেটিকসেও কম সময়ে সোনা জেতেন রনি। গত মাসে ৪০০ মিটার হার্ডলসে ৫২.৩০ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।
কিন্তু বিশ্বমঞ্চে নিজের সেরা টাইমিংয়ের ধারেকাছেও যেতে পারলেন না ২৬ বছর বয়সী হার্ডলার।

নিলামে ৩৫৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাস আয় ও রপ্তানি খাতকে পুনরুজ্জীবিত করতে ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ নিলামে ডলার ক্রয়ের জন্য প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছিল।

২০২৫-২৬ অর্থবছরের এ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংক মোট ১,৭৪৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কিনে বাজারে হস্তক্ষেপ করছে।

তিনি আরো বলেন, স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক একই ধরনের নিলামের মাধ্যমে ব্যাংকগুলোকে ডলার বিক্রিও করবে।

তিনি যোগ করেন, ‘প্রয়োজন মনে হলে স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে আমরা যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ বিবেচনা করতে পারি।’

টসের সময় হাত মেলাতে মানা করায় ম্যাচ রেফারির অপসারণ চায় পাকিস্তান

জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হাত মেলান একে অপরের। সৌজন্যতার প্রকাশ পায় তাতে। কিন্তু গতকাল পাকিস্তানকে হারিয়ে সেই সৌজন্যতা দেখায়নি ভারত।

এশিয়া কাপের ম্যাচটি শেষ হতেই দ্রুত মাঠে ছাড়েন দুই অপরাজিত ব্যাটার শিবম দুবে ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
ড্রেসিংরুমে থাকা অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফরাও পরে মাঠে নামেননি। ভারতের এমন কর্মকাণ্ড হতাশ পাকিস্তান। সূর্যকুমার-হার্দিক পান্ডিয়ারা হাত না মেলানোয় তাদের ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ, শোয়েব আখতারসহ অনেকে।

টসের সময়ও দুই দলের অধিনায়ককে হ্যান্ডশেক করতে দেখা যায়নি।
সূর্যকুমার ও সালমান আলী আগার হাত না মেলানোর পেছনে ম্যাচ রেফারির দায় দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি পাকিস্তানের অধিনায়ক সালমানকে জানান, টসের সময় কোনো রকম হাত মেলানো হবে না। আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খানের কাছে নাকি এমন অভিযোগ করেই চিঠি পাঠিয়েছে পিসিবি।

টসের সময় পাইক্রফট হাত মেলাতে মানা করায় ম্যাচ রেফারির দায়িত্ব থেকে তাকে সরানোর দাবি জানিয়েছে পিসিবি।
আইসিসির কাছে নাকি ইতিমধ্যে অভিযোগও করেছে পাকিস্তান। জিম্বাবুয়ের রেফারি বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ এনে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন মহসিন নাকভি।

এসিসি ও পিসিবির সভাপতি নাকভি এক্সে করা পোস্টে লিখেছেন, ‘আইসিসির কোড অব কন্ডাক্ট এবং এমসিসির স্পিরিট অব ক্রিকেট লঙ্ঘন করায় আইসিসির কাছে ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ করেছে পিসিবি। এশিয়া কাপ থেকে অবিলম্বে ম্যাচ রেফারিকে অপসারণের দাবি জানানো হয়েছে।’ পরে আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘দেশের সম্মান ও মর্যাদার চেয়ে আমার কাছে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়।

কক্সবাজারের নতুন ডিসি আ. মান্নান

জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নানকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আ. মান্নানকে কক্সবাজার জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, অপর আদেশে কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব : ডিএমপি কমিশনার

পুলিশকে অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনাসভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ যেকোনো সংগঠনের অপতৎপরতা রোধে সবাইকে সজাগ থাকতে হবে এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অপরাধ পর্যালোচনাসভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিএমপির আধুনিকায়নের কাজ চলছে।
এর অংশ হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভিডিও প্রসিকিউশন পদ্ধতি চালু করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ছিনতাইয়ের স্পটসমূহ চিহ্নিত করে টহল কার্যক্রম জোরদার করতে হবে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে এদের সহায়তাকারী ও অর্থায়নকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন—ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলাসংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। এ সময় ডিএমপি কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

মাসিক অপরাধ সভায় আগস্ট মাসে ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনাসভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিল্লুর রহমানসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের স্বার্থ যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছাকাছি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করতে দৃঢ়প্রতিজ্ঞ।’ এ সময় শুল্ক ইস্যুতে তিনি বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ কাছাকাছি।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সঙ্গে বৈঠককালে তিনি এসব বলেন।

গত ৩১ জুলাই বাংলাদেশের রপ্তানিপণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করে যুক্তরাষ্ট্র।
এ কারণে ব্রেন্ডেন লিঞ্চকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে ইউনূস এ পদক্ষেপকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন।

দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের সফরে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকায় এসেছে।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়ে আলোচনা করে।
এ সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, সয়াবিনসহ কৃষিপণ্য আমদানি বাড়ানোর আগ্রহের কথাও জানায়। এ ছাড়া আলোচনায় উঠে আসে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি, যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, সিভিল এয়ারক্রাফট কেনা, মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম ও রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়গুলো।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, এতে আরো শুল্কছাড়ের সুযোগ তৈরি হবে এবং দুই দেশের মধ্যে টেকসই ও পারস্পরিক উপকারী বাণিজ্য অংশীদারি গড়ে উঠবে।
তিনি চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির খসড়ায় দ্রুত স্বাক্ষরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমাদের স্বার্থ যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছাকাছি। এ কারণে আলোচনার প্রক্রিয়া আরো সহজ ও সম্ভাবনাময়।’

প্রধান উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১১ দফা শ্রম কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কাজ করছে। এতে শ্রম মানদণ্ড ও ন্যায্য চর্চা রক্ষায় সরকারের অঙ্গীকার স্পষ্ট।
ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য, শিক্ষাসহ গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং স্বল্প সুদে ঋণ বৃদ্ধির প্রত্যাশা করছে।

ড. ইউনূস বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের দ্বার যেন আরো প্রশস্ত হয়।’ একই সঙ্গে তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন যে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিবেশ উন্নত করবে অন্তর্বর্তী সরকার।

যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ বাংলাদেশি পক্ষের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই দেশের অংশীদারি আরো দৃঢ় হওয়ার বিষয়টিকেও স্বাগত জানান। তিনি স্মরণ করিয়ে দেন, গত ফেব্রুয়ারিতেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি একতরফাভাবে কমানোর প্রস্তাব দিয়েছিলেন। লিঞ্চ বলেন, এত আগে থেকে শুরু হওয়া এই উদ্যোগ আলোচনাকে সহজ করেছে এবং ইতিবাচক ফল দিয়েছে।

লিঞ্চ প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘আপনারা শক্তিশালী আলোচক দল পাঠিয়েছিলেন। তারা কঠোর পরিশ্রম করেছে এবং কার্যকর ভূমিকা রেখেছে।’ তিনি শুল্কসংক্রান্ত চুক্তি ও আমদানি প্রতিশ্রুতির সময়মতো বাস্তবায়নের গুরুত্বও উল্লেখ করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং ইউএসটিআর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি।

ব্রিটিশ ডিফেন্স কলেজে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি ভর্তি

গাজা যুদ্ধের প্রেক্ষাপটে লন্ডনের একটি মর্যাদাপূর্ণ সরকারি প্রতিরক্ষা ইনস্টিটিউটে ইসরায়েলি নাগরিকদের ভর্তি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে।

দ্য টাইমস ও টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত দ্য রয়াল কলেজ অব ডিফেন্স স্টাডিজ আগামী বছর থেকে ইসরায়েলি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করবে।

কলেজের ওয়েবসাইট অনুযায়ী, যুক্তরাজ্যের ডিফেন্স একাডেমির অংশ এই স্নাতকোত্তর কলেজ ‘সশস্ত্র বাহিনী ও সিভিল সার্ভিসের মধ্যে কৌশলগত চিন্তাবিদ ও নেতাদের’ প্রশিক্ষণ প্রদান করে, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কোর্সে অংশগ্রহণের অনুমতি রয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জুনে পার্লামেন্টকে নিশ্চিত করেছিলেন, কলেজটি ‘যুদ্ধবহির্ভূত একাডেমিক কোর্স’ ইসরায়েলের সেনাবাহিনীর ‘পাঁচজনেরও কম’ সদস্যদের জন্য সরবরাহ করছে।

মন্ত্রণালয় তৎক্ষণাৎ এ বিষয়ে এএফপির অনুরোধে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ ও ‘যুদ্ধরত মিত্রের প্রতি অবিশ্বাস’ হিসেবে সমালোচনা করেছেন, যিনি নিজেও ওই কলেজে অধ্যয়ন করেছেন।

ইসরায়েলের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা বারাম ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লেখা একটি চিঠিতে বলেছেন, ‘সত্যি বলতে, ইসরায়েলের বহিষ্কার ব্রিটিশ নিরাপত্তার স্ব-বিনাশের কাজ ছাড়া কিছু নয়।

এদিকে ব্রিটেন গাজায় ব্যবহৃত অস্ত্রের জন্য ইসরায়েলে অস্ত্র রপ্তানির কিছু লাইসেন্স স্থগিত করেছে। তবে ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমানগুলোর যন্ত্রাংশের মতো যুক্তরাজ্যে উৎপাদিত কিছু জিনিসকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত একটি বড় অস্ত্র মেলায় ইসরায়েলি কর্মকর্তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। কারণ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সরকার ও হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের মধ্যে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছেন।

তবু ৫১টি ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেয়, যার মধ্যে প্রধান অস্ত্র নির্মাতা এলবিটও রয়েছে। এর জন্য প্রদর্শনীর বাইরে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করে। লন্ডন গাজায় ইসরায়েলের প্রায় দুই বছরের সামরিক অভিযান আরো তীব্র করার সাম্প্রতিক চেষ্টাকে ‘ভুল’ হিসেবে সমালোচনা করেছে।

ইসলামি দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের

ইসরায়েলকে মোকাবিলায় ইসলামি দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, গাজা ও কাতারে ইসরায়েলের হামলার জবাবে ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামরিক জোট গঠন করতে হবে।

কাতারের রাজধানী দোহায় আসন্ন আরব-ইসলামিক সম্মেলনের আগে তার এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাবে একটি ইসলামি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তার মতে, গাজা ও কাতারে ইসরায়েলের হামলা যৌথভাবে মোকাবিলা করা জরুরি।

সুদানি বলেন, গত মঙ্গলবার দোহার ওপর ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন, যা “আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন” এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।

তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “মুসলিম দেশগুলো নিজেদের রক্ষার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না—এমন কোনো কারণ নেই”। এ সময় তিনি আরব ও ইসলামি দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমন্বিত অংশীদারিত্ব গড়ে তুলতে আহ্বান জানান।

মূলত তার এই মন্তব্য এসেছে দোহায় জরুরি আরব-ইসলামিক সম্মেলনের প্রস্তুতির মধ্যে। ওই সম্মেলনে কাতারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টি আলোচিত হবে। প্রায় এক দশক আগে মিসর এ উদ্যোগের প্রস্তাব দিয়েছিল।

ইরাকের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসলামি বিশ্বের হাতে ইসরায়েলকে ঠেকানোর জন্য “অসংখ্য উপায়” আছে। তিনি সতর্ক করে দেন, ইসরায়েলের “আগ্রাসন কাতারে থেমে থাকবে না”। এ সময় তিনি গাজায় প্রায় দুই বছর ধরে চলা পরিকল্পিত হত্যাযজ্ঞের দিকেও ইঙ্গিত করেন।

কাতার আগামী ১৫–১৬ সেপ্টেম্বর জরুরি আরব-ইসলামিক সম্মেলনের আয়োজন করবে। দোহার যে আবাসিক এলাকায় ইসরায়েল হামলা চালায়, সেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।

ওই হামলায় প্রাণহানি ছাড়াও নতুন করে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৬৪ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রাফিনহা, লোপেজ, লেভানদোভস্কির জোড়া গোলে বার্সেলোনার বড় জয়

আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে পুনরায় মাঠে ফিরেছে লা লিগা। চতুর্থ ম্যাচ ডে-তে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। পুরোটা সময় দাপুটে পারফরম্যান্স করে বড় জয় তুলে নিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। ফারমিন লোপেজ, রাফিনহা আর রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে ৬-০ গোলে জিতেছে বার্সেলোনা। এর মাঝে পাঁচটি গোলই দ্বিতীয়ার্ধে করেছে তারা।

৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচে বার্সেলোনার দাপটের চিত্র স্পষ্ট অন্যান্য পরিসংখ্যানেও। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে ভ্যালেন্সিয়া গোলে শট নিতে পারে মাত্র দুটি, যার একটি ছিল লক্ষ্যে।

শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচে জয়ের পর আন্তর্জাতিক ফুটবল বিরতির আগে রায়ো ভায়োকানোর সঙ্গে ড্র করেছিল বার্সেলোনা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন দুই নম্বরে আছে কাতালান ক্লাবটি। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে খেলেছে বার্সেলোনা। প্রাথমিকভাবে ম্যাচটি ন্যু ক্যাম্পে খেলার কথা থাকলেও দুই বছর ধরে সংস্কার চলমান থাকা স্টেডিয়ামটি যথাসময়ে প্রস্তুত না হওয়ায় কাতালান দলটিকে পরিকল্পনা বদলাতে হয়। চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিনে ইয়ামালকে এই ম্যাচে পায়নি বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। দলটি প্রথম বড় সুযোগ পায় দশম মিনিটে। গোলরক্ষককে একা পেয়ে যান ফেরান তরেস। কিন্তু তার চিপ শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। পঞ্চদশ মিনিটে লোপেজের শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক। ২৯তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

এ সময় সতীর্থের ক্রসে প্রথম স্পর্শে পা ছুঁয়ে দারুণ পাস দেন তরেস। বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লোপেজ। আক্রমণ চালিয়ে গেলেও প্রথমার্ধে আর জালের দেখা পায়নি বার্সেলোনা। প্রথমার্ধে গোলের জন্য মোট ১১টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। এই সময়ে ভ্যালেন্সিয়া গোলে কোনো শটই নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ হারান তরেস। ৫৩ থেকে ৫৬, এই চার মিনিটের মধ্যে আরও দুই গোল করে জয়ের পথে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা রাফিনহা। রাশফোর্ডের ক্রস বক্সে পেয়ে কাছ থেকে স্লাইডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

একটু পর নিজের দ্বিতীয় গোল পান লোপেজ। মার্ক কাসাদোর পাস ধরে একটু এগিয়ে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ২২ বছর বয়সী ফুটবলার। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-০ করেন রাফিনহা। সতীর্থের ক্রস বক্সে ভ্যালেন্সিয়ার এক ডিফেন্ডারের হাতে লাগার পর জোরাল হাফ ভলিতে জালে পাঠান তিনি।

এরপরই রাশফোর্ড ও তরেসকে তুলে দানি ওলমো ও লেভানদোভস্কিকে নামান বার্সেলোনা কোচ। এই দুই বদলির নৈপুণ্যে ১০ মিনিট পর পঞ্চম গোলের দেখা পায় বার্সেলোনা। ক্লাবটির হয়ে দেড়শতম ম্যাচ খেলতে নেমে দ্রুতই স্কোরশিটে নাম তোলেন লেভানদোভস্কি। ওলমোর পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন পোলিশ তারকা, বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়।

হ্যাটট্রিকের সুযোগ একাধিকবার পেলেও কাজে লাগাতে পারেননি রাফিনহা। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভানদোভস্কি। মার্ক বের্নালের পাস বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ৩৭ বছর বয়সী স্ট্রাইকার।