মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ইংল্যান্ডে ইহুদি উপাসনালয়ে হামলা, নিহত অন্তত ২

ইংল্যান্ডের ম্যানচেস্টারে বৃহস্পতিবার একটি ইহুদি উপাসনালয়ের বাইরে গাড়ি তুলে দেওয়া ও ছুরিকাঘাতের ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এক্সে জানিয়েছে, ‘অপরাধী বলে ধারণা করা এক ব্যক্তিকে জিএমপির সশস্ত্র পুলিশ সদস্যরা গুলি করেছেন। ওই ব্যক্তিও নিহত হন বলে ধারণা করা হচ্ছে।’ তবে তার দেহে সন্দেহজনক বস্তু থাকার কারণে মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল উপস্থিত ছিল।

আহত তিনজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ম্যানচেস্টারের এই হামলার পর দেশজুড়ে ইহুদি উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ডেনমার্কে ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি যুক্তরাজ্যে ফিরে আসার প্রস্তুতিকালে বলেন, ‘আমরা ইতোমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করছি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেব।

স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশন উপাসনালয়ে ঘটনাটি ঘটার পর ‘বড় ধরনের ঘটনা’ ঘোষণা করে জিএমপি। পুলিশ জানায়, ‘প্যারামেডিকস ঘটনাস্থলে পৌঁছেছে এবং সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছে। বর্তমানে চারজন আহত হয়েছে, যাদের মধ্যে কেউ গাড়ির ধাক্কায়, কেউ ছুরিকাঘাতে।’

ঘটনাটি ইহুদিদের পবিত্র দিবস ‘ইয়ম কিপুরে’ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার দ্বিতীয় বার্ষিকীর ঠিক আগেই ঘটল।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘এই হামলা ইয়ম কিপুরে ঘটায় তা আরো ভয়াবহ। আমি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জরুরি সেবা ও প্রথম সাড়া দানকারীদের ধন্যবাদ জানাই।’

ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম বিবিসিকে বলেন, শহরটি একটি ‘গুরুতর ঘটনার’ মুখোমুখি। তবে তিনি যোগ করেন, ‘তাৎক্ষণিক বিপদ কেটে গেছে এবং জিএমপি দ্রুত পদক্ষেপ নিয়েছে। সাধারণ মানুষ ও নিরাপত্তাকর্মীরাও অসাধারণ সহায়তা দিয়েছেন।

সকাল ৯টা ৩৪ মিনিটে পুলিশে খবর আসে যে একজন নিরাপত্তাকর্মীকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে, এর পরই সশস্ত্র কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন।

বার্নহাম সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা না করার আহ্বান জানান। তিনি বলেন, ইহুদি সম্প্রদায় ‘এই খবরে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে।’

উত্তর-পশ্চিম অ্যাম্বুল্যান্স সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে টিম পাঠিয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত বিশ্বকে এগিয়ে আসতে হবে : রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় রূপান্তরমূলক পরিবর্তন আনতে উন্নত বিশ্বকে বাড়তি অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘কার্যকর ও দীর্ঘমেয়াদি জলবায়ু অভিযোজন নিশ্চিত করতে খণ্ডকালীন ও সীমিত প্রকল্প থেকে সরে এসে কৃষি, পানি, জীববৈচিত্র্য ও উপকূলীয় ব্যবস্থাপনাসহ সব খাতে সমন্বিত ও পদ্ধতিগত পরিকল্পনা গ্রহণ জরুরি। এ জন্য জলবায়ুবান্ধব প্রযুক্তি প্রকৃতিনির্ভর সমাধান এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো অত্যাবশ্যক। বাংলাদেশ প্রমাণ করেছে চরম ঝুঁকির মধ্যেও অভিযোজন সম্ভব।

গতকাল বুধবার ব্যাঙ্ককে অনুষ্ঠিত ‘রেজিলিয়েন্স ফর অল : ক্যাটালাইজিং ট্রান্সফরমেশনাল অ্যাডাপ্টেশন’ শীর্ষক নবম এশিয়া-প্যাসিফিক ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।

সৈয়দ রিজওয়ানা হাসান উল্লেখ করেন, ‘সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ গত কয়েক দশকে শুধু জীবন রক্ষা করেনি বরং ভূমি, পানি, জীববৈচিত্র্য ও উপকূলীয় ব্যবস্থাপনাও সুরক্ষিত করেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা, যার আটটি ক্ষেত্রে ১১৩টি কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে এবং আনুমানিক ব্যয় ২৩০ বিলিয়ন মার্কিন ডলার, এসবই বাংলাদেশের অভিযোজন সক্ষমতার মাইলফলক। এ ছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড বিশ্বের প্রথম দেশীয় অভিযোজন তহবিল হিসেবে জলবায়ু প্রকল্পে সহায়তা দিয়ে যাচ্ছে।

দুর্যোগ প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় ৭৮ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন, যার অর্ধেক নারী। স্থাপন করা হয়েছে ৪ হাজার ২৯১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ৫২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ উদ্ধারে নৌযান এবং উপকূলীয় অঞ্চলে কমিউনিটি রেডিওর মাধ্যমে আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু করা হয়েছে।’

সৈয়দা হাসান বলেন, ‘খাদ্য নিরাপত্তার জন্য বাংলাদেশ খরা, লবণাক্ততা ও জলমগ্ন সহনশীল ধান প্রজাতি উদ্ভাবন করেছে এবং ভাসমান কৃষি জনপ্রিয় করেছে।
বরেন্দ্র অঞ্চল ও হাওরাঞ্চলে প্রকৃতিনির্ভর অভিযোজন প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং টাঙ্গুয়ার হাওরের সহ-ব্যবস্থাপনা জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় জনগোষ্ঠীর স্থিতিশীলতা বাড়িয়েছে। উপকূলীয় বাঁধ ও মিঠাপানির ব্যবস্থাপনা লবণাক্ততা মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখছে।’

উপদেষ্টা জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশের অভিযোজন সাফল্যের মূল চালিকাশক্তি হলো শক্তিশালী নীতি ও শাসনব্যবস্থা, জনগণভিত্তিক নেতৃত্ব এবং উদ্ভাবনী অর্থায়ন। সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ এ ক্ষেত্রে আইনগত ভিত্তি দিয়েছে, আর তৃণমূল পর্যায়ের উদ্ভাবন ও স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক মানুষকেন্দ্রিক অভিযোজনের উদাহরণ স্থাপন করেছে। পাশাপাশি ক্লাইমেট ফিসকাল ফ্রেমওয়ার্ক ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডসহ জিইএফ, জিসিএফ, এলডিসিএফ ও অ্যাডাপ্টেশন ফান্ডের মতো আন্তর্জাতিক উৎস অভিযোজন কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এ গোলটেবিল বৈঠকে জাপানের গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক উপমন্ত্রী ডোই কেনতারো, ব্রিটিশ হাইকমিশন দিল্লির ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ডিপার্টমেন্টের প্রধান জন ওয়ারবার্টন, ইউএনইপি এশিয়া-প্যাসিফিক অফিসের আঞ্চলিক পরিচালক দেচেন সেরিং, ফিলিপাইনের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগের সহকারী সচিব নোরালেন উয় এবং এডিবি থাইল্যান্ড রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর আনুজ মেহতা বক্তৃতা করেন।

গাজামুখী ফ্লোটিলার কোনো নৌযান অবরোধ ভাঙতে পারেনি, দাবি ইসরায়েলের

ফিলিস্তিনপন্থী কর্মী ও মানবিক সহায়তাবাহী গাজামুখী কোনো নৌযানই ইসরায়েলের আরোপিত অবরোধ অতিক্রম করতে সক্ষম হয়নি বলে বৃহস্পতিবার দাবি করেছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘হামাস-সুমুদ প্ররোচনামূলক কোনো নৌযান সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসংগত নৌ অবরোধ ভাঙার প্রচেষ্টায় সফল হয়নি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই প্ররোচনার সর্বশেষ একটি নৌযান দূরত্বে অবস্থান করছে। সেটি এগিয়ে এলে তারও সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার প্রচেষ্টা প্রতিহত করা হবে।

ইসরায়েলি বাহিনী বুধবার ৪০টিরও বেশি বেসামরিক নৌযানের বহর আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

ফ্লোটিলার প্রথম বহরটি গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরো নৌযান যুক্ত হয়।
এ ছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও কয়েকটি নৌযান ত্রাণ নিয়ে ফ্লোটিলায় যোগ দেয়।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ গাজার মানুষের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। বহরে প্রায় ৪৪ দেশের ৫০০ মানুষ রয়েছে—যাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা।

আইপিএল নিলামে অন্তত ৩ দলের বিশেষ নজরে থাকবেন নিশাঙ্কা

শ্রীলঙ্কার টপ-অর্ডার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার আইপিএল নিলামে সম্ভাব্য হট পিক হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন। টেস্টে অভিষেকেই শতক করা নিশাঙ্কা ওয়ানডেতে ২৭০০-এর বেশি রান এবং টি-টোয়েন্টিতে ২২০০-এর বেশি রান করেছেন। সম্প্রতি এশিয়া কাপে ভারতের বিপক্ষে তার ১০৭ রানের ইনিংস এই ওপেনারের ফর্মকে আরো উজ্জ্বল করেছে।

যদিও তার আন্তর্জাতিক পারফরম্যান্স প্রশংসনীয়, কিন্তু এখন পর্যন্ত আইপিএলে খেলেননি নিশাঙ্কা।
২০২৫ সালের নিলামে তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি, তবে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি। তবে সাম্প্রতিক ফর্ম এবং ধারাবাহিকতা এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে।

বিশেষভাবে মুম্বাই ইন্ডিয়ানস নিশাঙ্কাকে দলে নেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে। রোহিত শর্মা ও রায়ান রিকেলটন থাকলেও নিশাঙ্কা ব্যাকআপ ওপেনার ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দলের শক্তি বাড়াতে পারেন।

এদিকে চেন্নাই সুপার কিংসের ২০২৫ সালের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বিদেশি ওপেনাররা প্রত্যাশা অনুযায়ী অবদান রাখতে পারেননি। ডেভন কনওয়ে ৬ ম্যাচে মাত্র ১৫৬ রান, আর রাচিন রবীন্দ্র ৮ ম্যাচে গড় ২৭.২৮ রান করেছেন। এই পরিস্থিতিতে দলটি ২০২৬ নিলামে নির্ভরযোগ্য ওপেনার খুঁজতে পারে, যেখানে নিশাঙ্কা হতে পারেন সেই ব্যাটসম্যান।

কলকাতা নাইট রাইডার্স ও গত আসরে কুইন্টন ডি কক ও রহমানুল্লাহ গুরবাজের দুর্বল ওপেনিং পারফরম্যান্সের কারণে পরিবর্তনের কথা ভাবতে পারে। ডি কক ৮ ম্যাচে ১৫২ রান, আর গুরবাজ ৫ ইনিংসে ৭৪ রান করেছেন। এই প্রেক্ষাপটে নিশাঙ্কা কলকাতার ওপেনিংয়ে শক্তিশালী বিকল্প হতে পারেন।

পিএসজির লেভেলের নয় বার্সেলোনা, হারের পর স্বীকার করলেন ফ্লিক

চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে দুর্দান্ত এক লড়াইয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। বুধবার রাতে মন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফেরান তরেসের গোলে এগিয়ে গিয়েছিল কাতালানরা। তবে ম্যাচের বাকি সময়ে মাঠ দখল করে নেন ফরাসি জায়ান্টরা।

পিএসজির হয়ে সমতা ফেরান ১৯ বছর বয়সী সেনি মায়ুলু।
শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় গঞ্জালো রামোস করেন জয়সূচক গোল। এতে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা।

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক স্বীকার করেন, প্রতিপক্ষ ছিল অনেক ভালো। তিনি বলেন, ‘আজ আমরা পিএসজির লেভেলে ছিলাম না।
আমি আমার দলকে বিশ্বাস করি, কিন্তু আমরা আমাদের সেরা খেলাটা দেখাতে পারিনি। পিএসজি জয়ের যোগ্য।’

ফ্লিক জানান, দ্বিতীয়ার্ধে ক্লান্তির কারণে খেলোয়াড়রা তাল মেলাতে পারেনি। রক্ষণভাগের দুর্বলতা ও সংগঠনের ঘাটতি থেকে শেষ মুহূর্তে হারের শিকার হতে হয়েছে।

তিনি আরো বলেন, ‘১-১ অবস্থায় ম্যাচ শেষ করার জন্য আরো বুদ্ধিমত্তার প্রয়োজন ছিল। আমরা সেটা করতে পারিনি। আমাদের আরো সংগঠিত হতে হবে এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে।’

তবে এরিক গার্সিয়ার পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন বার্সা কোচ। ‘এরিক দারুণ খেলেছে।
এই ধরনের পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’

আগামী ম্যাচে বার্সেলোনা ঘরের মাঠে মুখোমুখি হবে গ্রিসের অলিম্পিয়াকোসের। অন্যদিকে পিএসজি যাবে জার্মানিতে, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী বায়ার লেভারকুসেন।

দল পেয়েছেন সাকিব-তাসকিন-মুস্তাফিজ

সংযুক্ত আরব আমিরাতে বসছে আইএলটি–টোয়েন্টি লিগের নতুন আসর। ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটারকে দেখা যাবে এবারের আসরে।

বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারে দলে নিয়েছে ভারতীয় ধনকুবের ও এশিয়া মহাদেশের শীর্ষ ধনী মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিতে ক্যারিয়ারের আরেকটি অধ্যায় খুলতে চলেছেন তিনি।
আইপিএলের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও গ্লোবাল টি–টোয়েন্টি কানাডাসহ বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

অন্যদিকে, বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ মাঠে নামবেন শারজাহ ওয়ারিয়র্সের জার্সি গায়ে। সম্প্রতি এশিয়া কাপে দারুণ বোলিং করা তাসকিনকে দলে নিতে ৮০ হাজার ডলার খরচ করতে হয়েছে দলটিকে।

তৃতীয় বাংলাদেশি হিসেবে তারকা পেসার মুস্তাফিজুর রহমানও থাকছেন এবারের আসরে।
তাকে দেখা যাবে দুবাই ক্যাপিটালসের হয়ে। বিসিবি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগ পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের।

২০২৫ সালের জানুয়ারিতে শুরু হবে এবারের আসর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই, আবুধাবি ও শারজাহর মাঠে।

আমি আর জাহ্নবী মেঝেতে ঘুমিয়ে ছিলাম : বরুণ ধাওয়ান

জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। শশাঙ্ক খৈতান নির্মিত এ সিনেমা ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী-বরুণ।

পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দিয়েছেন জাহ্নবী-বরুণ।
এ আলাপচারিতায় তারা জানান, ‘বাওয়াল’ সিনেমার শুটিং করতে গিয়ে মেঝেতে ঘুমিয়েছেন তারা।

স্মৃতিচারণ করে বরুণ বলেন, “আমরা প্যারিসে যাচ্ছিলাম। কারণ ‘বাওয়াল’ সিনেমার শুটিং দেশটির নরম্যান্ডিতে হচ্ছিল। আমরা একটি লাউঞ্জে ছিলাম; যেখানে সোফায় ঘুমানোর মতো জায়গা ছিল না।
তাই বাধ্য হয়ে আমরা মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলাম। যারা সোফায় ঘুমাচ্ছিলেন, কিছুক্ষণ পর তারা উঠে যান, আর তখন আমি মেঝে থেকে উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ি। কিন্তু জাহ্নবী তখনো মেঝেতে ঘুমাচ্ছিল।”

জাহ্নবীকে না ডাকার কারণ ব্যাখ্যা করে বরুণ ধাওয়ান জানান, জাহ্নবী জেগে উঠে দেখেন বরুণ সোফায় ঘুমাচ্ছে, তখন তিনি বেশ অবাক হয়েছিলেন।
এ বিষয়ে বরুণ বলেন, “আমি যদি জাহ্নবীকে জাগাতাম, তাহলে সে বলত, ‘আমার ঘুম কেন ভাঙালে?”

আরেকটি গোপন তথ্য ফাঁস করে বরুণ বলেন, “বিমানে জাহ্নবী আমাকে ওষুধ খাইয়েছিল।” এ কথা শুনে জাহ্নবী বলেন, “এটা ঠিক না।” তখন ‘বাদলাপুর’ অভিনেতা বরুণ বলেন, “আমি অসুস্থ ছিলাম। আর জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল।”

দেম্বেলে-দুয়েকে ছাড়াই পিএসজির বার্সা জয়

ইউরোপে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনাও তরুণদের নিয়ে দল গুছিয়েছে। বুধবার রাতে তাই ইউরোপের ‘চ্যাম্পিয়নস লিগ ক্লাসিকো’ খ্যাত ম্যাচে বিশেষ নজর ছিল ফুটবল ভক্তদের।

ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে, তরুণ তারকা দিজিরে দুয়ে, জর্জিয়ান উইঙ্গার খাভিচা কাভারাস্খেইয়া ও অধিনায়ক মার্কিনিওসের মতো চার তারকাকে ছাড়াই বার্সার অস্থায়ী মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে খেলতে নেমেছিল ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি।
তবে লিগ পর্বের এই ম্যাচে বড় নাম ছাড়াই বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে লে প্যারিসিয়ানরা।

ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়ে পিএসজি। ১৪ মিনিটের মাথায় বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের বারানো বল নিয়ে গোলরক্ষককে কাটান ফেররান তরেস। তবে ফাঁকা পোস্টে করা তরেসের শট গোললাইন থেকে ফেরান পিএসজির সেন্টার ব্যাক ইল্লা জাবারনি।

তবে ১৯ মিনিটের মাথায় মার্কাস রাশফোর্ডের বাড়ানো বলে গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন সেই তরেসই।

এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। পিএসজি হঠাৎই ছড়ি ঘোরাতে শুরু করে স্বাগতিকদের উপর। ফল পেতেই খুব একটা দেরি হয়নি তাদের।
ম্যাচের ৩৮ মিনিটে বাঁ দিক থেকে বার্সার রক্ষণভাগের তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে নুনো মেন্দেসের বাড়ানো বল পেয়ে যান সেনি মায়ুলু। নিখুঁত ফিনিশিংয়ে পিএসজিকে এগিয়ে দেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এরপর দীর্ঘ সময় চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি কোন দলই। বার্সা গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়ায় পিএসজির সামনে। অন্যদিকে পিএসজির রক্ষণভাগ পার করে গোলরক্ষকের পরীক্ষা নেওয়ার সুযোগই পায়নি স্প্যানিশ জায়ান্টরা।

তবে শেষ পর্যন্ত দুর্দান্ত পিএসজিকে আটকে রাখতে পারেননি হানসি ফ্লিক। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আশরাফ হাকিমির বাড়ানো বলে গোল করে দলের ২-১ ব্যবধানে জয় এনে দেন বদলি হিসেবে মাঠে নামা পর্তুগিজ ফরোয়ার্ড গঞ্জালো রামোস।

এ নিয়ে বার্সার ঘরের মাঠে টানা ৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল পিএসজি। এর আগের দুইটি ম্যাচেই প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে জিতেছিল ফরাসি জায়ান্টরা।

এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে পিএসজি। অপর দিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান ১৬তম।

গাজায় প্রতিদিন ১০০ ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল

ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় প্রতিদিন গড়ে ১০০ ফিলিস্তিনিকে হত্যা করছে। এ ছাড়া অনেকে অনাহার ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন বলে বুধবার জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)। আনাদোলু সংবাদ সংস্থার খবরে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ কমিশনার ফিলিপ লাজারিনি বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান অথবা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এর খাদ্য বিতরণ কেন্দ্রে গুলি চালানো হচ্ছে।
এসব কারণে গড়ে প্রতিদিন ১০০ জনকে হত্যা করা হচ্ছে। পাশাপাশি, অনেকে অনাহার বা চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যুবরণ করছেন।

অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৬ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। লাগাতার বোমাবর্ষণে পুরো অঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

এ বছরের ২৭ মে ইসরায়েল, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামে পৃথক একটি ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করে। এর পর থেকে খাদ্য সংগ্রহের সময় বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় প্রায় ২ হাজার ৬০০ মানুষ নিহত এবং আরো ১৯ হাজার আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর হাতে আটকা পড়েছে ফ্লোটিলার ১৩ জাহাজ

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজায় প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। তবে বিদেশি কর্মী ও সাহায্যবাহী ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন ফ্লোটিলা আয়োজকরা।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওতে দেখা যায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রী এবং সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে উসরায়েলি সেনারা।
সেনারা তাকে ঘিরে রেখেছে এবং তিনি জাহাজের ডেকের ওপর বসে আছেন। রয়টার্স ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘হামাস-সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ থামিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তরিত করা হচ্ছে। গ্রেটা এবং তার বন্ধুদের সুস্থ এবং নিরাপদ রাখা হয়েছে।
’ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর গাজায় চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য পাঠানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ৪০টিরও বেশি বেসামরিক নৌকায় প্রায় ৫০০ জন সংসদ সদস্য, আইনজীবী এবং কর্মী নিয়ে রওনা হয়েছে।

ফ্লোটিলার পক্ষ থেকে টেলিগ্রামে কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে বিভিন্ন নৌকার যাত্রীরা তাদের পাসপোর্ট হাতে নিয়ে দাবি করেছেন যে তাদের জোর করে আটক করা হয়েছে এবং ইসরায়েলে নিয়ে আসা হয়েছে।
তারা মানবিক উদ্দেশ্যে গাজায় যাচ্ছিলেন। গাজার অবরোধের বিরুদ্ধে একটি প্রধান প্রতিরোধের প্রতীক হিসেবে এই ফ্লোটিলা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। তুরস্ক, স্পেন এবং ইতালিসহ অনেক দেশ নৌকা অথবা ড্রোন পাঠিয়েছিল, যাতে তাদের নাগরিকরা সাহায্য পায়। যদিও ইসরায়েল তাদের বারবার ফিরে যেতে সতর্ক করেছিল।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই আক্রমণকে সন্ত্রাসী কার্যকলাপ বলে অভিহিত করেছে এবং এটি নির্দোষ মানুষদের জীবনকে বিপন্ন করেছে বলে মন্তব্য করেছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বুধবার ইসরায়েলের পুরো কূটনৈতিক মিশনকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। এর আগে ফ্লোটিলায় দুই কলম্বিয়ান নাগরিককে আটক করা হয়। ইসরায়েল কলম্বিয়ায় গত বছর থেকে কোনো রাষ্ট্রদূত রাখেনি।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম বৃহস্পতিবার ইসরায়েলের ফ্লোটিলা আটকের নিন্দা জানিয়ে বলেছেন, ‘ইসরায়েলি বাহিনী আটজন মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে।’ আনওয়ার এক বিবৃতিতে বলেছেন, ‘একটি মানবিক মিশনকে আটকে রেখে ইসরায়েল শুধু ফিলিস্তিন জনগণের অধিকার নয়, বরং পৃথিবীর বিবেককেও তাচ্ছিল্য করেছে।’

ইসরায়েলের ফ্লোটিলা আটকের ঘটনায় ইতালি ও কলম্বিয়ায় বিক্ষোভ শুরু হয়েছে। আন্তর্জাতিক সাহায্য ফ্লোটিলার প্রতি সংহতি জানাতে ইতালীয় শ্রমিক ইউনিয়ন শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ইসরায়েল নৌবাহিনী পূর্বে ফ্লোটিলাকে সতর্ক করেছিল যে তারা একটি সক্রিয় যুদ্ধ অঞ্চল অভিমুখে যাত্রা করছে এবং বৈধ অবরোধের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে। নিরাপদভাবে গাজায় সাহায্য সরবরাহ করার জন্য শান্তিপূর্ণ চ্যানেল ব্যবহারের প্রস্তাব করেছিল।

সূত্র : রয়টার্স