মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি, সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা একটি ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি। দেশের অবস্থা আর নাই বলি, আপনারা সবই জানেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই।’

সিইসি বলেন, ‘আগামী নির্বাচন ভালো না হওয়ার কোনো অপশন আমাদের নেই।
এটা শুধু নির্বাচন কমিশনের (ইসি) জন্য নয়, গোটা জাতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা একা এই নির্বাচন আয়োজন করতে পারব না। এটি জাতীয় নির্বাচন, তাই জাতীয়ভাবেই করতে হবে।
সবাইকে সঙ্গে নিয়েই এগোতে হবে।’

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের প্রত্যেকটি লেখা, প্রতিটি সংবাদ নির্বাচন ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হলেন মতামত গঠনের কারিগর—আমরা সেই সুযোগটি কাজে লাগাতে চাই।’

তিনি আরো জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই কমিশন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
ভোটার তালিকা হালনাগাদে প্রায় ২১ লাখ মৃত ভোটার বাদ এবং ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে।

সিইসি বলেন, ‘আগে মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু এবার তারা দলে দলে ভোটার হয়েছেন। ভোটার তালিকা হালনাগাদের সময় মহিলাদের মধ্যে ভোটার হওয়ার আগ্রহ বেড়েছে, যা আমাদের জন্য ইতিবাচক সংকেত।’

প্রবাসী ভোটার ও দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগের কথাও জানান সিইসি।

বিসিবি নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি সত্যি নয়—তামিম

নানা নাটকীয়তা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। এ জন্য চলছে ভোট গণনার প্রক্রিয়া।

তবে ভোটগ্রহণের সময়ই গুঞ্জন ওঠে নির্বাচন থেকে নাম প্রত্যাহারের পরেও ভোট দিয়েছেন তামিম ইকবাল।
এমন উড়ো খবরে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিষয়টি পরিষ্কার করতে তাই সামাজিক মাধ্যম ফেসবুকে দিয়েছেন পোস্ট। পোস্টে জানিয়েছেন, বিসিবির নির্বাচনে ভোট দেননি তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিম লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি।
তা মোটেও সত্যি নয়। আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নিইনি বা ভোট দিইনি।’

এর আগে নির্বাচনে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ এনে গত ১ অক্টোবর নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম।
তার সঙ্গে সেদিন আরো বেশি কিছু প্রার্থী নাম সরিয়ে নেন। পরে আরো অনেকেই নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি, সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা একটি ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি। দেশের অবস্থা আর নাই বলি, আপনারা সবই জানেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই।’

সিইসি বলেন, ‘আগামী নির্বাচন ভালো না হওয়ার কোনো অপশন আমাদের নেই।
এটা শুধু নির্বাচন কমিশনের (ইসি) জন্য নয়, গোটা জাতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা একা এই নির্বাচন আয়োজন করতে পারব না। এটি জাতীয় নির্বাচন, তাই জাতীয়ভাবেই করতে হবে।
সবাইকে সঙ্গে নিয়েই এগোতে হবে।’

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের প্রত্যেকটি লেখা, প্রতিটি সংবাদ নির্বাচন ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হলেন মতামত গঠনের কারিগর—আমরা সেই সুযোগটি কাজে লাগাতে চাই।’

তিনি আরো জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই কমিশন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
ভোটার তালিকা হালনাগাদে প্রায় ২১ লাখ মৃত ভোটার বাদ এবং ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে।

সিইসি বলেন, ‘আগে মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু এবার তারা দলে দলে ভোটার হয়েছেন। ভোটার তালিকা হালনাগাদের সময় মহিলাদের মধ্যে ভোটার হওয়ার আগ্রহ বেড়েছে, যা আমাদের জন্য ইতিবাচক সংকেত।’

প্রবাসী ভোটার ও দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগের কথাও জানান সিইসি।

বিগ ব্যাশে পন্টিংয়ের অধীনে খেলতে মুখিয়ে আছেন রিশাদ

সর্বশেষ বিগ ব্যাশে সুযোগ পেলেও অনাপত্তিপত্র না পাওয়ায় খেলতে যাওয়া হয়নি রিশাদ হোসেনের। তাতে হয়তো আফসোসে পুড়েছেন তিনি। সেই আফসোস আরো বেড়ে যায় যখন দেখলেন তাকে নেওয়া হোবার্ট হারিকেনসেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।

এবার সেই আক্ষেপ ঘুচাতে মুখিয়ে আছেন রিশাদ।
বিগ ব্যাশে খেলতে যাওয়ার তর সইছে না বলে জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। বিশেষ করে রিকি পন্টিংয়ের অধীনে খেলার। জুম ক্রিকেট তাসমানিয়ার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন লেগ স্পিনার।

রিশাদের শৈশবের প্রিয় ক্রিকেটার পন্টিং হারিকেনসের হেড অব স্ট্র্যাটেজি হিসেবে কাজ করবেন।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ককে নিয়ে রিশাদ বলেছেন, ‘বেড়ে ওঠার সময়ে আমার পছন্দের ক্রিকেটার ছিলেন পন্টিং। তার খেলা দেখতে খুব ভালো লাগত। এখন তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। তার কোচিংয়ে খেলতে উন্মুখ আমি।

বিগ ব্যাশে খেলতে ইতিমধ্যে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন রিশাদ। আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দলের হয়ে তাকে কি করতে হবে সেই লক্ষ্যর কথাও জানিয়েছেন রিশাদ। আফগানিস্তানকে ধবলধোলাই করার সিরিজে ৩ ম্যাচে ৫ উইকটে নেওয়া স্পিনার বলেছেন, ‘লেগ স্পিনার হিসেবে আমার কাজ পাওয়ারপ্লে শেষে উইকেট নেওয়া। আশা করি, হোবার্টের হয়েও কাজটা করতে পারব। বিশ্বের বিভিন্ন লিগে খেলার মাধ্যমে আমার অভিজ্ঞতা বাড়বে।
সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলে বোলিংয়েও উন্নতি হবে।’

নুসরাত ফারিয়ার নামে প্রতারণা!

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রতারণার শিকার। তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইল তৈরি করা হয়েছে; যে আইডি থেকে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে।

আজ সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেছেন নুসরাত ফারিয়া। তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, ‘কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে।
এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

শুধু তাই নয়, ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশে পরামর্শ দিয়েছেন নায়িকা। আরো উল্লেখ করেছেন, ‘ভুয়া প্রোফাইলটির পোস্টে প্রতিক্রিয়া দেবেন না, কারো কথায় টাকা পাঠাবেন না; অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন।

তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ থাকার খবরটি নতুন কিছু নয়; মাঝে মাঝেই এমনটা শোনা যায়। ফারিয়া নিজেও এবার এমন বিড়ম্বনার শিকার। তাই নায়িকা তার এই পোস্টে সবাইকে সচেতন ও নিরাপদ থাকার আহ্বান জানালেন।

এর আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং বরেণ্য চিত্রনায়ক আলমগীরও একই ধরনের ভুয়া আইডির বিড়ম্বনায় পড়েছিলেন।
আলমগীরের বিষয়ে তার মেয়ে আঁখি আলমগীর সতর্ক করেছিলেন, আর প্রভা নিজেই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ সোমবার তিনি দেশে ফেরেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান তুরস্কের বিমানবাহিনীর কমান্ডারের আমন্ত্রণে ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর তুরস্ক সফর করেন।
সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান তুরস্কের বিমানবাহিনীর কমান্ডার, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
এ ছাড়া এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমানবাহিনী প্রধান এ সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে গত ১ অক্টোবর ঢাকা ত্যাগ করেছিলেন।

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদে রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনে বর্ণিত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

তবে চিঠিতে বেশকিছু শর্ত দেওয়া হয়।
শর্তগুলো হলো—অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে যাচাইকৃত বেতনস্কেল অনুসরণ করতে হবে; প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে; এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) ৪ হাজার পদ সৃজনের প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে প্রেরণের পূর্বে ৪ হাজার কনস্টেবল পদ বিলুপ্তিকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে, পদসমূহ সৃজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন গ্রহণ করতে হবে।

সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো মোট ৪ হাজার এএসআই পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ এবং বাকি ২ হাজার পদে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

ডিএমপির ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) মো. ফজলুল করিমকে তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগের (সংসদ ভবন-নিরাপত্তা) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

হাসিনার ফেরত প্রসঙ্গে বিক্রম মিশ্রি—এটি একটি আইনি প্রক্রিয়া

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, এটি একটি আইনি প্রক্রিয়া।

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ‘ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ডিকাব) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ—এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, ‘এটি একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া। এর জন্য দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ এবং পরামর্শ প্রয়োজন।
আমরা এই বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করছি।’

ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনর্বহাল করার চেষ্টা করছে কি না—জানতে চাইলে বিক্রম মিশ্রি বলেন, ‘আমরা শুধু বাংলাদেশে আগামী নির্বাচনের পক্ষে, যাতে বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকারের কাছে তাদের আকাঙ্ক্ষা প্রতিফলনের সুযোগ পায়।’

মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) বি. শ্যাম, ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারত সরকারের আমন্ত্রণে ডিকাবের ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে ভারত সফর করছে।

১ মাস না পেরোতেই নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ, বিপাকে ম্যাখোঁ

দায়িত্বে নিযুক্ত হওয়ার মাত্র এক মাসও না কাটতেই সোমবার পদত্যাগ করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী। যা দেশটিকে আরো গভীর রাজনৈতিক সংকটে ফেলেছে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর জন্য নতুন ও গভীর সংকট সৃষ্টি করেছে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ‘সেবাস্তিয়ান লেকোর্নু তার সরকারের পদত্যাগপত্র প্রেসিডেন্টকে জমা দিয়েছেন এবং প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন।’

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু মাত্র ২৭ দিন দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন, যা আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রিত্ব।
তিনি রবিবার রাতে নতুন মন্ত্রিসভা ঘোষণা করার মাত্র ১৪ ঘণ্টা পরেই পদত্যাগ করেন। তার সোমবার বিকেলে প্রথম মন্ত্রিসভা বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই পদত্যাগপত্র জমা দেন।

তার এই পদত্যাগ ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকটকে আরো জটিল করেছে, যা গত এক বছরের বেশি সময় ধরে চলছে। ২০২৪ সালের গ্রীষ্মে মাখোঁ সংসদ ভেঙে নির্বাচন দিয়েছিলেন, কিন্তু ফলাফল হয়েছিল ঝুলন্ত পার্লামেন্ট।

নিজের পদত্যাগ প্রসঙ্গে লেকোর্নু বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শর্তগুলো পূরণ হয়নি।’ তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর ‘দলীয় লোভ-লালসাই’ তাকে পদত্যাগে বাধ্য করেছে।

লেকোর্নুর পদত্যাগকে অনেকেই ডানপন্থি রিপাবলিকানদের (এলআর) প্রতিক্রিয়ার ফল বলে মনে করছেন। রবিবার রাতে ঘোষিত মন্ত্রিসভা নিয়ে ক্ষুব্ধ হয়ে তারা সরকারের ভবিষ্যতে নিজেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।

সংবাদ ছড়িয়ে পড়তেই প্যারিস স্টক মার্কেটে ধস নামে। ব্লু-চিপ সূচক সিএসি ৪০ স্থানীয় সময় সকাল ৮টার দিকে ২ শতাংশের বেশি কমে যায়।

ফ্রান্সের এই অস্থিতিশীলতা ইউরোপজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। জার্মান সরকারের এক মুখপাত্র বলেন, ‘একটি স্থিতিশীল ফ্রান্স ইউরোপের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

মাখোঁ এরপর কী করবেন, তা এখনো পরিষ্কার নয়।
তিনি এ পর্যন্ত নতুন করে আগাম সংসদ নির্বাচন দিতে অস্বীকার করেছেন এবং নিজের মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার আগে পদত্যাগের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন।

২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ফরাসি রাজনীতির ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে। মারিন লে পেনের নেতৃত্বে ফরাসি অতি-ডানপন্থিরা এবার ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় সুযোগ দেখছে।

লে পেনের নেতৃত্বাধীন ন্যাশনাল র‌্যালির (আরএন) প্রধান জর্ডান বারদেলা বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সংসদ নির্বাচন হবে।’
তিনি যোগ করেন, ‘আরএন অবশ্যই সরকার গঠনের জন্য প্রস্তুত থাকবে।’