সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ মুহূর্তে হৃদয় ভাঙল বাংলাদেশের

দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষা ফুরানোর সুযোগ পেতে হলে আজ জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু ২০২৭ এশিয়া কাপ খেলার সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারেননি কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

হারার আগে অবশ্য এশিয়ান কাপ বাছাইপর্বের বাঁচা-মরার ম্যাচে অবিশ্বাস্য গল্প লেখার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কেননা একটা সময় যখন বড় হার দেখছিল, ঠিক তখনই শেষ ১৫ মিনিটে দুই গোল করে সমতায় ফিরেছিল।
কিন্তু বাংলাদেশকে কামব্যাকের গল্পটা লিখতে দেননি রাফায়েল মারকিয়েস। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশকে স্তব্ধ করে দেন তিনি। জয়সূচক গোলের মধ্যে দিয়ে হ্যাটট্রিকও পান তিনি।

রাফায়েলের শেষ মুহূর্তের গোলে হংকং চায়নার কাছে ৪-৩ ব্যবধানে হেরে বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে।
তাতে এশিয়া কাপে খেলার স্বপ্ন শেষ হয়। ১৯৮০ সালে প্রথম এবং শেষবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলেছিল। এর পর থেকে শুধুই হতাশার গল্প লিখেছে চলছে বাংলাদেশ।

অথচ, ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে স্বপ্নের মতো শুরু করেছিল বাংলাদেশ।
ম্যাচের ১৩ মিনিটে যে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। গোলটাও ছিল দেখার মতো। বাঁ প্রান্ত থেকে ফ্রি কিকে গোলটি করেন হামজা চৌধুরী। লেস্টার সিটির মিডফিল্ডারের ডান পায়ের বাঁকানো জোরালো শটটি মুহূর্তের মধ্যে হংকংয়ের জাল খুঁজে নেয়। তাতে ক্যারিয়ারের দ্বিতীয় গোলের দেখা পান হামজা।

লিড নিয়ে বিরতিতে যাওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কেননা প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটের খেলা চলছিল। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হংকংয়ের পাওয়া কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশ। ফাহিমের হেড বক্সের মধ্যে ফাঁকায় পেয়ে সহজে জালে জড়াতে ভুল করেননি হংকংয়ের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এভারটন কামারগো। তাতে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি শেষে খেলতে নেমে প্রথমার্ধের দারুণ লড়াইয়ের রেশটা যেন কোথায় হারিয়ে ফেলল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই যে ভুল করে বসলেন বাংলাদেশি ডিফেন্ডার শাকিল আহাদ তপু। ৫০ মিনিটে শাকিল সতীর্থকে ভুল পাস দিলে তা থেকে হংকংকে লিড এনে দেন রাফায়েল মারকিয়েস। ৫৩ মিনিটে আরেকটি গোল পাওয়ার কথা ছিল তাদের। অল্পের জন্য প্রথম গোলদাতা এভারটনের হেডটা বারের ওপর দিয়ে যায়।

তবে সেই আক্ষেপ ৭৫ মিনিটে ঠিকই পূরণ করে হংকং। সফরকারীদের ৩-১ গোলের লিড এনে দেন জোড়া গোলদাতা রাফায়েল। গোল শোধ দিতে পরে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। শেষ ১৫ মিনিটে দুই গোল দিয়ে ৩-৩ সমতাও ফেরে বাংলাদেশ।

৮৪ মিনিটে ব্যবধান কমান শেখ মোরসালিন। তাতে অবশ্য প্রতিপক্ষের গোলরক্ষকের ভুল ছিল। তার হাত থেকে বল ফসকে গেলে গোল দিতে ভুল করেননি মোরসালিন। আর সমতায় ফেরার গোলটি করেন শমিত শোম। যোগ করা সময়ের নবম মিনিটে মোরসালিনের কর্নার থেকে হেডে গোল করেন শমিত। বাংলাদেশের হয়ে তার প্রথম গোল।

শমিতের গোলের পর বুনো উল্লাসে মেতে উঠেছিল বাংলাদেশি খেলোয়াড়রাসহ পুরো গ্যালারি। কিন্তু মুহূর্তের মধ্যে পিনপতন নীরবতা মেনে আসে পুরো স্টেডিয়ামে। ৩-৩ ড্রয়ে যখন মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ তখনই গোল হজম করে বসে। যোগ করা সময়ের ১১ মিনিটে বাংলাদেশের হৃদয় ভেঙে হ্যাটট্রিক তুলে নেন রাফায়েল।

চসিকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হিসাব বিভাগে কর্মরত তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ওই তিন কর্মকর্তা হলেন চসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, হিসাবরক্ষণ কর্মকর্তা (বিল) আশুতোষ দে ও হিসাবরক্ষণ কর্মকর্তা (বাজেট) মাসুদুল ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন ২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি গত ৬ অক্টোবর চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় সরকার বিভাগকে জানাতে হবে।
দুদকের ২০২৪ সালের ১৩ জুনের পত্রের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চসিক সূত্রে জানা গেছে।

ওই চিঠিতে বলা হয়েছে, জাইকার আওতায় সোনালী ব্যাংক লিমিটেডের সিরাজউদ্দৌলা রোড শাখায় পরিচালিত হিসাব (হিসাব নম্বর ০১০১৮৩৬০০০১০৩) থেকে মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুকূলে জমা দেওয়ার জন্য ইস্যুকৃত চেকটি ভাউচার পরিবর্তন করে অন্যভাবে ব্যবহার করা হয়। এতে ৩ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৫২৭ টাকা আত্মসাৎ করা হয়।

এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অগ্রণী ব্যাংক লিমিটেডের বাণিজ্যিক এলাকা করপোরেট শাখা, আগ্রাবাদের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
এ ছাড়া অপরাধ সংঘটনের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে অগ্রণী ব্যাংকের আরও একজন কর্মকর্তা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাব বিভাগের তিন কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে দুদক।

জুলাই বিপ্লবের চেতনা রক্ষা শুরু থেকেই করে আসছি

জুলাই গণ-অভ্যুত্থানের আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেসকো) সাধারণ পরিষদের সভাপতি খন্দকার এম তালহা বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা রক্ষা আমরা শুরু থেকেই করে আসছি। গত বছর ইউনেসকোর সাধারণ সভায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই চেতনা বিশ্ব দরবারে তুলে ধরেছিলাম।

সম্প্রতি ইউনেসকো হেডকোয়ার্টারে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা জানান, গত চার বছরে বাংলাদেশ ইউনেসকোর ছয়টি নির্বাচনে অংশ নিয়েছে, যার মধ্যে তিনটিতে সর্বাধিক ভোটে জয়লাভ করেছে। এই ধারাবাহিক সাফল্যই সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের বিজয় নিশ্চিত করেছে।

তিনি আরো জানান, প্রতিটি সুযোগে বাংলাদেশ গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা, অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি এবং শিক্ষা ও সংস্কৃতিনীতির ইতিবাচক পরিবর্তনকে আন্তর্জাতিক পরিসরে উপস্থাপন করে, যার ফলে ইউনেসকোর অন্যান্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের কাছ থেকে বিশেষ সম্মান পেয়ে থাকে বাংলাদেশ।

রাষ্ট্রদূত এম তালহার মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা, বিদেশে বাংলাদেশি মিশনগুলোর সমন্বিত প্রচেষ্টা, মুসলিম দেশগুলোর সমর্থন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের নৈতিক অবস্থান। এসব কিছুর সমন্বয়েই এসেছে এই ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য। তিনি এই বিজয় উৎসর্গ করেছেন বাংলাদেশের জনগণের প্রতি।

সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে আটক ২২৪ জন

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে গত ২-৯ অক্টোবর পর্যন্ত ২২৪ জনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, এসব অভিযানে চোরাকারবারি, অবৈধ অস্ত্রধারী, থানার অস্ত্র লুটকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ২২৪ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপরাধীদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯টি ককটেল, ১৭ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, দেশি ও বিদেশি মাদকদ্রব্য, প্রাইভেট কার, মোটরসাইকেল ও মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়। আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরো জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

শান্তিরক্ষী প্রয়োজন হলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত ইতালি

গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী এবং বলেছেন, শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন হলে দেশটি গাজায় সেনা পাঠাতে প্রস্তুত।

শুক্রবার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এক্স-এ আন্তোনিও তাজানি বলেন, ‘শান্তি নিকটে।’ তিনি আরো বলেন, ‘ইতালি সর্বদা মার্কিন পরিকল্পনাকে সমর্থন করে আসছে। যুদ্ধবিরতি সুসংহত করতে, নতুন মানবিক সহায়তা প্রদান করতে এবং গাজার পুনর্গঠনে অংশগ্রহণ করতে ইতালি ভূমিকা পালন করতে প্রস্তুত।
ফিলিস্তিনকে পুনরায় একত্রিত করার জন্য যদি একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী তৈরি করা হয়, তবে আমরা সেনা পাঠাতেও প্রস্তুত।’

যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে দুই পক্স হামাস ও ইসরায়েল সম্মত হয়েছে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

গতকাল রাতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ঘোষণা দেন, তার ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল।
তিনি বলেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস—উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নের ব্যাপারে সম্মত হয়েছে।’

এরপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও আজ বৃহস্পতিবার ঘোষণা করেছে, চলতি সপ্তাহে মিসরে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় তারা একটি চুক্তিতে পৌঁছেছে। এ চুক্তিতে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটানোর কথা বলা হয়েছে।

তবে ট্রাম্পের এ ঘোষণার পরও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা নগরীর পশ্চিমাঞ্চলে হামলা করেছে বলে জানিয়েছেন আল-জাজিরার স্থানীয় সাংবাদিকেরা।
বিমান থেকে ফেলা গোলা আল-শাতি শরণার্থীশিবিরের অন্তত একটি বাড়িতে আঘাত হানে।

এদিকে ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের সতর্ক করে বলেছে, তারা যেন গাজা উপত্যকার উত্তর অংশে ফিরে না যায়। গাজার উত্তরের এলাকা এখনো একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র। এক্সে প্রকাশিত এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদরিয়ি বলেন, ‘আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) এখনো গাজা সিটিকে ঘিরে রেখেছে, যেখানে ফিরে যাওয়া অত্যন্ত বিপজ্জনক।’

তিনি আরো বলেন, ‘নিজেদের নিরাপত্তার জন্য গাজার উত্তরাঞ্চলে ফিরে যাবেন না বা এমন এলাকায় যাবেন না, যেখানে আইডিএফ বাহিনী অবস্থান করছে বা অভিযান চালাচ্ছে।
সেটা গাজা উপত্যকার দক্ষিণ ও পূর্ব অংশসহ যেকোনো স্থানে। শুধু সরকারি নির্দেশনা জারি হওয়ার পরই সেখানে যাওয়া নিরাপদ হবে।’

সূত্র : রযটার্স

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করল স্পেন

ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে স্পেন। বুধবার স্পেনের পার্লামেন্ট সরকার ঘোষিত একটি ডিক্রি পাস করার মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করে। খবর আনাদোলু সংবাদ সংস্থার।

খবরে বলা হয়, নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকরের এই সিদ্ধান্তটি গত মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ঘোষিত বৃহত্তর নিষেধাজ্ঞা প্যাকেজের অংশ।
বামপন্থী দল পোদেমোস ও অন্যান্য বাম ও আঞ্চলিক দলের সমর্থনে এই প্রস্তাবটি অল্প ব্যবধানে পাস হয়।

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের অন্যতম কঠোর সমালোচক হিসেবে পরিচিত স্পেন জানিয়েছে, এই ডিক্রির মাধ্যমে ইসরায়েলে বা ইসরায়েল থেকে সব ধরনের প্রতিরক্ষা সামগ্রী ও দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তির রপ্তানি ও আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, সম্ভাব্য সামরিক ব্যবহারের উপযোগী জ্বালানি বা সরঞ্জাম বহনকারী জাহাজ ও বিমানকে স্পেনের বন্দর ও আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

পোদেমোস দলের নেতা আয়োনে বেলারা শেষ মুহূর্ত পর্যন্ত তার দলের অবস্থান গোপন রাখেন।
ভোটের আগে তিনি বলেন, সরকারকে আরো এগিয়ে যেতে হবে— বিদ্যমান চুক্তিগুলো বাতিল করতে হবে এবং ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে।

তিনি এই ডিক্রিকে ‘ভুয়া নিষেধাজ্ঞা’ বলেও উল্লেখ করেন। তিনি অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও সরকার ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বজায় রেখেছে এবং ‘ইসরায়েলগামী মার্কিন সামরিক সরঞ্জাম বহনকারী চারটি জাহাজকে’ স্পেনের বন্দরে ভিড়তে দিয়েছে।

মঙ্গলবার সংসদীয় বিতর্কে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো এই নিষেধাজ্ঞাকে ‘একটি দৃঢ় পদক্ষেপ এবং আন্তর্জাতিক অঙ্গনে পথপ্রদর্শক উদ্যোগ’ হিসেবে অভিহিত করেন।

প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোব্লেস বলেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ, যা শুরু হয়েছিল গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর।
তিনি বলেন, স্পেন সেদিনই ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করে দেয়।

এই নিষেধাজ্ঞা ইসরায়েলি দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি থেকে আমদানিও নিষিদ্ধ করে।

‘৭২ বছর বয়সে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে দুঃখের বিষয়’

৭২ বছরের বেশি বয়সে এসে সেফ এক্সিটের কথা ভাবতে হলে সেটি দুঃখের বিষয় হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। তার পোস্টটি শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মন্তব্যে তোলপাড় চলছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে।
পর্দার আড়ালে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে কানাঘুষা চলছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

এর পরিপ্রেক্ষিতে ‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই, ও সেফ এক্সিট’ শিরোনামে আজ বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

ফেসবুক পোস্টের শেষের অংশে ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে কথা বলেন তিনি।
ফাওজুল কবির খান বলেন, ‘বিষয়টি উত্থাপনকারী, প্রাক্তন উপদেষ্টা ও বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলাম আমার অত্যন্ত স্নেহভাজন ও জুলাই আন্দোলনের অগ্রসেনা হিসাবে শ্রদ্ধার পাত্র। তাই তার বক্তব্যের ওপর আমার মন্তব্য করা শোভন নয়। তাছাড়া আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করি না।’

তিনি আরো বলেন, ‘নিজে পদে থেকে অন্যায় সুবিধা গ্রহণ করিনি।
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কাউকে ব্যবসা বা চাকরি দিই নাই। নিজের সীমিত সামর্থ্যের সবটুকু ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছি। শিক্ষকতার সূত্রে, ইতিপূর্বে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার নিশ্চিত সুযোগ গ্রহণ করিনি। তাই আজ ৭২ বছরেরও বেশি বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় তা হবে গভীর দুঃখের বিষয়।’

ওই পোস্টে তিনি গতকাল হেলমেট ছাড়া চালকের মোটরসাইকেলে চড়ার ব্যাখ্যাও দিয়েছেন।

ফেসবুক পোস্টে ফাওজুল কবির খান লিখেছেন, ‘সরাইলের পথে যানজটে সাত-আট কিলোমিটার রাস্তায় এক ঘণ্টা আটকে থাকার পর তিনি প্রথমে হেঁটে ও পরে মোটরসাইকেলে রওনা হন।’ তিনি বলেন, ‘মোটরসাইকেল খুঁজতে গিয়ে দেখা যায় চালক কিংবা যাত্রী কারোই হেলমেট নেই। আট-দশটা মটোরবাইক খুঁজে একটিমাত্র হেলমেট পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি ও অপেক্ষার পরও চালকের জন্য হেলমেট না পেয়ে সবার পরামর্শে একমাত্র হেলমেটটি নিজে পরে রওনা দিই।’

তিনি জানান, হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি পুলিশকে পরামর্শ এবং বিআরটিএ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। যানজটের কারণ হিসেবে তিনি সরাইল চৌরাস্তার নির্মাণকাজের পাশাপাশি চালকদের শৃঙ্খলার অভাব ও হাইওয়ে পুলিশের ব্যবস্থাপনার ঘাটতিকে দায়ী করেন।

ভেন্যু ও সূচিতে পরিবর্তন, মেসিদের মাঠে খেলবে আর্জেন্টিনা

নিরাপত্তা ও লজিস্টিকস জটিলতার কারণে বদলে গেছে আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচের সময় ও ভেন্যু। যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর বিপক্ষে সোমবার খেলতে নামার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়নদের। তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ফ্লোরিডার পোর্ট লডারডিলের চেইস স্টেডিয়ামে।

২১ হাজার দর্শক ধারণক্ষম এই স্টেডিয়ামই মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির ঘরের মাঠ।
ফলে ক্লাব ফুটবলে নিজের ঘরের মাঠেই জাতীয় দলের জার্সি গায়ে নামার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

শিকাগোতে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন নিয়ে চলমান বিক্ষোভ ও নিরাপত্তা উদ্বেগের কারণেই ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েকদিন ধরে শহরজুড়ে উত্তেজনা বাড়ায় বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনকে নিরাপদ মনে করেছেন তারা।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো অবস্থান করছে ১৫৫ নম্বরে।
এই ম্যাচের আগে শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডারই হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

এবার কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তবিরোধ থামাতে থাই প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। ট্রাম্প চিঠিতে জানিয়েছেন, তিনি থাইল্যান্ড ও প্রতিবেশী কম্বোডিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনার সমাধান দেখতে চান। আজ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।

এর আগে থাই প্রধানমন্ত্রী এমন ইঙ্গিত দিয়েছিলেন যে, নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের সীমান্তবিরোধ সমাধানে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার ভবিষ্যৎ আলোচনায় আর কোনো ভূমিকা থাকবে না।

গত জুলাই মাসে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘাতে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং প্রায় ৩ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন। ফলে গোটা অঞ্চলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

পাঁচ দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
যা আংশিকভাবে ট্রাম্পের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল। তবে এরপর থেকেই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। পরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। সীমান্ত সংঘাতের অবসান ঘটানোর জন্য তার উদ্ভাবনী কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসাও করেন।

অনুতিন সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি ট্রাম্প আমাকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয় দেশকে সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘আমি তাকে আমাদের অবস্থান জানিয়ে উত্তর দেব… আর যদি কম্বোডিয়া আলোচনার জন্য প্রস্তুতি নেয়, তবে থাইল্যান্ডও সেই প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত।’

অনুতিন বলেন, ‘যদি কম্বোডিয়া সীমান্ত এলাকা থেকে ভারী অস্ত্র সরিয়ে নেয়, ল্যান্ডমাইন অপসারণ করে, সীমান্তে সক্রিয় ইন্টারনেট স্ক্যামারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং থাইল্যান্ডের দাবি করা সীমান্তবর্তী এলাকা থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেয়, তাহলে থাইল্যান্ড আলোচনায় বসতে প্রস্তুত।’ অন্যদিকে, কম্বোডিয়া জানিয়েছে তাদের নাগরিকরা কয়েক দশক ধরে ওই বিতর্কিত সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাস করে আসছে।

বুধবার যখন সাংবাদিকরা অনুতিনকে জিজ্ঞেস করেন, কম্বোডিয়া যদি ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে, তবে কি নমপেন বিশেষ সুবিধাজনক অবস্থানে থাকবে? তখন তিনি বলেন, ‘আমি কেবল থাইল্যান্ডের স্বার্থ, থাই জনগণের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব নিয়েই ভাবি।
যদি কেউ পুরস্কার জিতে, সেটা তাদের জন্য ভালো কিন্তু থাইল্যান্ড কী করবে বা কী সিদ্ধান্ত নেবে, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

সূত্র : এএফপি

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন এরদোয়ান

ইসরায়েল ও হামাসের মধ্যে গাজার যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি হওয়ায় বৃহস্পতিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। একই সঙ্গে তিনি যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

এরদোয়ান তার এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘হামাস-ইসরায়েল আলোচনার ফলস্বরূপ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মি. ট্রাম্পকে ধন্যবাদ জানাই, যিনি ইসরায়েল সরকারকে যুদ্ধবিরতির পথে আনতে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করেছেন।

আলোচনায় ঘনিষ্ঠভাবে যুক্ত তুরস্ক মিসরের রিসোর্ট শহর শার্ম আল-শেখে অনুষ্ঠিত আলোচনায় একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। তারা এই চুক্তির কঠোর বাস্তবায়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানান এরদোয়ান।

মিসরে বৃহস্পতিবার স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তির আওতায় গাজায় অবশিষ্ট বন্দিদের মুক্তি দেওয়া হবে, যা দুই বছরের বিধ্বংসী যুদ্ধের অবসানের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।