সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আমিরাতে বাংলাদেশি ২ প্রতিষ্ঠানে এইচএসসিতে সাফল্য

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসির ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফল প্রকাশিত হয়।

জানা যায়, আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ৯৭ দশমিক ৭৩ শতাংশ ও আমিরাতের রাস আল খাইমাস্থ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা হতে অংশগ্রহনকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ জন।
এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৭ জন। কৃতকার্য হয়েছে ৪৩ জন পরীক্ষার্থী।

অন্যদিকে, রাস আল খাইমাস্থ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা থেকে পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১৭ জন পরীক্ষার্থী পাস করেছেন।

ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় প্রস্তুতিমূলক কার্যক্রমে গতি আনতে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত ছুটির দিনেও এবং অফিস সময় শেষে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সব কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকেই সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় ইসি। সে লক্ষ্যে সব কার্যক্রম এগিয়ে নিচ্ছে সংস্থাটি।

আগামী শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখা আগামী ১৮ অক্টোবর (শনিবার) খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন, ততক্ষণ ব্যাংকগুলোকে ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে।

এ ছাড়া, সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ইএমই কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সৈয়দপুর সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন নূরুল আবসার প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও কর্নেল কমান্ড্যান্ট অব দি কোর অব ইএমই মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম এনডিসি, এএফডবিইউসি, পিএসসি।

এসময় সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওয়ারেছ খান, এসইউপি, পিএসসি উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব স্তরের সামরিক ব্যক্তিবর্গ এবং নবীন সৈনিকদের অভিভাবকরা উপস্থিত থেকে মনোমুগ্ধকর প্যারেড উপভোগ করেন।

ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ চলতি বছরের গত ৯ ফেব্রুয়ারি থেকে গতকাল ১৬ অক্টোবর পর্যন্ত ৩৬ সপ্তাহব্যাপী সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এ প্রশিক্ষণকালে রিক্রুট নম্বর ২৮৬৯২ রিক্রুট (টিএভি) মো. তানভীর আহমেদ সার্বিকভাবে শ্রেষ্ঠ রিক্রুট এবং রিক্রুট নম্বর ২৮৬৩৬ রিক্রুট এএফএম (এসি) মো. আকাশ সার্বিকভাবে দ্বিতীয় রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন।

এই রিক্রুট ব্যাচে সর্বমোট ৩৪৭ জন রিক্রুট নবীন সৈনিক হিসেবে শপথ গ্রহণ করেন।
নবীন সৈনিকদের মধ্যে ২৯ জন মহিলা এবং ৩১৮ জন পুরুষ রয়েছেন। ইএমই কোরের নবীন সৈনিকদের বিভিন্ন কারিগরী, সাধারণ এবং অন্যান্য পেশা বরাদ্দ করা হয়েছে।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফিরছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি

বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) থেকে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে।

১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে বসুন্ধরা স্ট্রাইকার্সের নেতৃত্ব দেবেন শেজাদ আকবর সোবহান। এর আগে বিপিএলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফটে সর্বকনিষ্ঠ ডেলিগেট হিসেবে ক্রিকেটার বাছাই করে রেকর্ড গড়েছিলেন তিনি।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আগামীকাল সন্ধ্যা ৬টায় টিম আর্কিটেক্টসের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা স্ট্রাইকার্স।
এরপর ২৪ অক্টোবর একই সময়ে মার্কেন্টাইল ব্যাংকের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা।

অপর ম্যাচে ৩১ অক্টোবর আইনজীবীদের দল বিএলসিসির বিপক্ষে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বসুন্ধরা স্ট্রাইকার্স। গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে ৭ নভেম্বর একই সময়ে গ্রামীণফোনের মুখোমুখি হবেন শেজাদরা।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে।

আর্জেন্টিনা-মরক্কো ফাইনাল কবে কোথায়

সেমিফাইনাল মঞ্চে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর প্রথমবারের মতো অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালে উঠেছে মরক্কো। তারা ফ্রান্সকে ৫-৪ পেনাল্টিতে হারিয়েছে। অন্যদিকে, কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০০৭ সালের পর প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা।

মরক্কো ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার ভোর ৫টায় সান্তিয়াগোতে।

ম্যাচের ৩২ মিনিটে ফ্রান্সের আত্মঘাতী গোলে মরক্কো এগিয়ে যায়। ৫৯ মিনিটে লুকাস মিচেল সমতা ফেরান। নিয়মিত সময়ে ১-১ হওয়ায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের শেষের দিকে মরক্কোর কোচ পেনাল্টি শুটআউটের জন্য তৃতীয় গোলরক্ষক এল মেসবাহীকে নামান।
এবং সেই সিদ্ধান্ত কার্যকর হয়—সে সাডেন ডেথে ফ্রান্সের দজিলিয়ান এনগেসাঁর পেনাল্টি ঠেকান।

মরক্কোর মূল গোলরক্ষক ইয়ানিস বেনচাউচ নিয়মিত সময়ে আহত হওয়ায় ৬৪ মিনিটে ইব্রাহিম গোমিসকে নামানো হয়। অতিরিক্ত সময়ে গোমিসের স্থলে মাঠে নামেন এল মেসবাহী।

কলম্বিয়ার বিপক্ষে ১-০ জয় তুলে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
ম্যাচের ৭২ মিনিটে ইন্টার মিয়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি, বদলি হিসেবে নামার পর জিয়ানলুকা প্রেস্তিয়ানির বুদ্ধিদীপ্ত পাস থেকে গোল করেন। এই জয় আর্জেন্টিনার তরুণ আলবিসেলেস্তেরার জন্য ২০০৭ সালের পর প্রথমবারের ফাইনাল।

জনগণের প্রত্যাশা পূরণের পুরোপুরি যোগ্যতা উপদেষ্টাদের নেই : রাশেদ খান

জনগণের প্রত্যাশা পূরণের পুরোপুরি যোগ্যতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আগামী ৪ মাসে তাদের কাছে বেশি প্রত্যাশাও নেই বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কাছে যেসব প্রত্যাশা ছিল সেগুলোও জানিয়েছেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের যেসব প্রত্যাশা ছিল সেগুলো তুলে ধরে বলেন, গণ-অভ্যুত্থানের সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অফিস-আদালতে দুর্নীতিবিরোধী কঠোর অভিযান চালাবে। দুর্নীতিবাজ আমলাদের ধরে ধরে জেলা ঢোকাবে এবং ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ডামি রাজনীতিবিদ, এমপি মন্ত্রীদের কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাবে। তারা অবৈধ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা নেবে। কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে প্রোটেকশন ও করা হয়েছে পুনর্বাসন।

তিনি আরো বলেন, সমাজ থেকে অনাচার ও অবিচার রোধে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। শহর হাটবাজার, গ্রামগঞ্জে মাদক সেবনকারী ও বিক্রিকারী, চোর-ডাকাত, চাঁদাবাজ, মাস্তান, কিশোর গ্যাং, নারী নিপীড়ক, ধর্ষক ও জবরদখলদারদের ধরতে বিশেষ অভিযান চালাবে। কিন্তু এসবের কোনোকিছু হয়নি।

সরকার নিজের স্বচ্ছতা নিশ্চিতে ও জনগণকে উৎসাহ প্রদানে প্রতি ৩ মাসে বা ৬ মাসে উপদেষ্টা ও আমলাদের সম্পদের হিসাব ওয়েবসাইট বা জনসম্মুখে প্রকাশ করবে এবং ব্যবসায়ী ও রাজনীতিকদের সম্পদের হিসাব দানে বাধিত করবে।
প্রদত্ত হিসাব থেকে দুদক কর্তৃক প্রাপ্ত হিসাবের হেরফের হলে কঠিন শাস্তির মুখোমুখি হবে। কিন্তু কথার ফুলঝুরি ছাড়া কিছুই দৃশ্যমান নয় বলে মন্তব্য রাশেদ খানের।

তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসা খাতের দুর্দশা রয়ে গেছে সেই আগের মতোই। অথচ এই দুটো খাতের দিকে মনোযোগ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে অগুরুত্বপূর্ণ কাজ নিয়ে বেশ লাফালাফি হয়েছে বটে।

রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় মোটামুটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের বাকি ৪ মাসে তাই খুব বেশি প্রত্যাশা করি না। জনগণের প্রত্যাশা পূরণের পুরোপুরি যোগ্যতা উপদেষ্টাদের নেই। যতোটুকু করেছে, এতেই সন্তুষ্ট থাকতে হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, গণ-অভ্যুত্থান পরেও রাষ্ট্রের আমূল পরিবর্তন না হওয়া ভবিষ্যৎ গণ-অভ্যুত্থানের সুযোগ রেখে দেয়। আবারো গড়ার বদলে ভাঙার সুযোগ রেখে দেওয়ার দায় অন্তর্বর্তীকালীন সরকার কখনো এড়াতে পারবে না। তাই ইতিহাসের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে…।

মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

যাত্রীদের চলাচলের সুবিধায় আগামী রবিবার থেকে রাজধানীর মতিঝিল এবং উত্তরা-উত্তর প্রান্ত থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ডিএমটিসিএল-এর প্রতিশ্রুতি অনুযায়ী ক্রমাগতভাবে যাত্রীসেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে এবং সম্মানিত যাত্রীসাধারণের সুবিধার্থে আগামী রবিবার (১৯ অক্টোবর) হতে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন ও মতিঝিল মেট্রো রেল স্টেশন উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা বর্ধিত সময়ে মেট্রো ট্রেন চলাচল করবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন অভিমুখে প্রথম মেট্রোরেল ছেড়ে যাবে ৬টা ৩০ মিনিটে।
যা আগে ছেড়ে যেত সকাল ৭টা ১০ মিনিটে। এখন উত্তরা-উত্তর স্টেশন থেকে সবশেষ মেট্রো রেল ছেড়ে আসে রাত ৯টায়। নতুন সূচিতে ছাড়বে রাত সাড়ে ৯টায়।

এ ছাড়া মতিঝিল থেকে উত্তরা-উত্তর অভিমুখে দিনের প্রথম মেট্রো রেল ছেড়ে যায় সকাল সাড়ে ৭টায়।
নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা অভিমুখে মেট্রো রেল চলবে সকাল সোয়া ৭টা থেকে। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে সর্বশেষ মেট্রোরেল ছেড়ে যেত রাত সাড়ে ৯টায়। এখন রাত ১০টা ১০ মিনিটে তা ছেড়ে যাবে।

এদিকে শুক্রবারে মেট্রো রেল চলাচলের সময়সূচি অপরিবর্তিত রয়েছে।
উত্তরা থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়ে বিকেল ৩টায়। সবশেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়ে বিকেল ৩টা ২০ মিনিটে। সবশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে।

রাকসু নির্বাচন : আগে থেকেই স্বাক্ষর করা দেড় শ ব্যালট পাওয়া গেল!

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমি ভবনের ১৫০ নম্বর কক্ষে আগে থেকে স্বাক্ষর করা দেড় শ ব্যালট পাওয়া গেছে। এ ঘটনায় কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির এ অভিযোগ করেন।

তিনি বলেন, নিয়ম হচ্ছে ভোটার এলে তাকে একটিমাত্র ব্যালট পেপার ছিঁড়ে দিতে হবে।
কিন্তু ভোটার আসার আগেই শতাধিক ব্যালট পেপার স্বাক্ষর করে রাখা হয়; যা অন্যায় ও অনিয়ম।

ছাত্রদল সমর্থিত এজেন্টদের অভিযোগ, স্বাক্ষর করা এই ব্যালট টেবিলের নিচে রাখা ছিল। জাল ভোট দেওয়ার জন্য এটা করা হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, বাইরে লম্বা লাইন।
ভোট দ্রুত করতে আগে থেকেই এই ব্যালটগুলো স্বাক্ষর করা হয়েছিল। তবে এ ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় হয়েছে।

দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ফলাফল গণনা শুরু হবে।
১৭টি কেন্দ্রের ভোট ১৭ ঘণ্টার মধ্যে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, এবারের রাকসু নির্বাচনে ২৮ হাজার ৯০১ ভোটার। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

ট্রাম্পের বিশ্বকাপ ম্যাচ সরানোর হুমকির জবাবে ফিফার প্রতিক্রিয়া

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য নির্ধারিত ১৬টি শহর ‘সম্পূর্ণ প্রস্তুত থাকবে’ বলে আশা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা ইস্যুতে কিছু শহর থেকে ম্যাচ সরানোর সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন।

এক বিবৃতিতে ফিফার মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি আমাদের সব (১৬টি) আয়োজক শহর সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত থাকবে এবং সব শর্ত পূরণ করবে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বজুড়ে ফিফার সব ইভেন্টে নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
তবে নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের, এবং জনস্বার্থে কী করা উচিত, সেটি তারাই নির্ধারণ করবে।’

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রয়োজনে যুক্তরাষ্ট্রের শহরগুলো থেকে ম্যাচ সরিয়ে নিতে সম্মতি দেবেন।

গত সেপ্টেম্বরেও ট্রাম্প ডেমোক্র্যাটদের পরিচালিত শহরগুলোতে কঠোর পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যদি কোনো শহর খারাপভাবে কাজ করে বা নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক না থাকে, আমি ফিফা প্রধান জিয়ান্নিকে বলব ম্যাচ অন্য কোথাও সরিয়ে নিতে।
তিনি সেটি খুব সহজেই করবেন।’

ট্রাম্প আরো ইঙ্গিত দেন, প্রয়োজনে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কিছু ইভেন্টও সরিয়ে নেওয়া হতে পারে।

২০২৬ বিশ্বকাপে বোস্টন সাতটি, সান ফ্রান্সিসকো ও সিয়াটল ছয়টি করে এবং লস অ্যাঞ্জেলেস আটটি ম্যাচ আয়োজন করবে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আসরটি আয়োজন করছে।
তবে টুর্নামেন্টের মূল অংশ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে। ৪৮ দল নিয়ে এই প্রতিযোগিতা চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত।

উল্লেখ্য, চলতি বছর ট্রাম্প নিজেকে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।